কাল থেকে যে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা

ডেস্ক নিউজঃ হাম রোগ প্রতিরোধে আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাম টিকার কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে হামের টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ১৮ জেলার ৩০ উপজেলাকে আমরা এ কর্মসূচির আওতায় আনছি। কারণ সেসব এলাকায় সংক্রমণ বেশি।’

যে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা
বরগুনার পৌরসভা-সদর, ময়মনসিংহের সদর-ত্রিশাল-তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ি, বরিশালের মেহেন্দিগঞ্জ-বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যোশরের পৌরসভা-সদর, নাটোরের পৌরসভা-সদর, মুন্সীগঞ্জের পৌরসভা-সদর-লৌহজং-শ্রীনগর, মাদারীপুরের পৌরসভা-সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলসিটি, শরীয়তপুরের জাজিরা, পাবনার পৌরসভা-সদর-ঈশ্বরদী-আটঘরিয়া-বেড়া, চাঁদপুরের পৌরসভা-সদর-হাইমচর, কক্সবাজারের মহেশখালী-রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা-সদর-শিবগঞ্জ-ভোলাহাট, নেত্রকোনার আটপাড়া।




মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

ডেস্ক নিউজঃ মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বাংলাদেশে পৌঁছেছে অয়েল ট্যাংকার জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছে। জাহাজটি রাতেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে বলে জানিয়েছে জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।

এর আগে শুক্রবার দুপুর ২টায় ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ বার্থিং করে। ওই জাহাজেরও স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং।

প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘শান গ্যাং ফা জিয়ান’ এরই মধ্যে কুতুবদিয়া এসেছে। এটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। জাহাজটি মালয়েশিয়া থেকে এসেছে। এটি রাতেই বহির্নোঙরে আসবে। শনিবার জাহাজটি বার্থিং করার কথা রয়েছে।




পাইলট উদ্ধারে অভিযান: ব্যাপক হামলার মুখে মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রু’কে খুঁজতে তল্লাশি চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ক্রু’কে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করেছে।

যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ বলছে, শুক্রবার নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে ইরানি বাহিনীর হামলার মুখে পড়েছে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার।

সিবিএস নিউজ জানিয়েছে, উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের একটি ‘এ-১০ ওয়ারথগ’ যুদ্ধবিমান আক্রান্ত হয়। সেই সময় যুদ্ধবিমানের পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়।

পাশাপাশি ইরানে অভিযানে থাকা মার্কিন দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা কয়েকজন ক্রু আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভূপাতিত করার দাবি করা দ্বিতীয় বিমান এবং সিবিএসের উল্লিখিত বিমান (হামলার মুখে পড়া যুদ্ধবিমান) একই কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল ইরানি বাহিনী তাদের আকাশে ‘এফ-১৫ই’ মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে। ওই যুদ্ধবিমানের একজন পাইলটকে উদ্ধার করা হলেও আরেকজন এখন পর্যন্ত নিখোঁজ। তার সন্ধানেই মার্কিন বাহিনী বিপজ্জনক উদ্ধার অভিযান শুরু করেছে।

এদিকে মার্কিন ওই নিখোঁজ পাইলটকে পেতে ইরানি বাহিনীও তল্লাশি ও অভিযান চালাচ্ছে। তাকে পেতে ইরান মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করেছে।




কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজঃ রাজধানীর কেরানিগঞ্জের কদমতলী এলাকার গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের জোন কমান্ডার (ঢাকা দক্ষিণ) ফয়সালুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এক নারীসহ আরও তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এছাড়াও নাঈম নামে এক কিশোর শ্রমিকসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন স্বজনরা।

কেরানিগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচা বউ বাজার এলাকার ওই কারখানায় শনিবার বেলা পৌনে একটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ব্যাপক প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের জোন কমান্ডার (ঢাকা দক্ষিণ) ফয়সালুর রহমান বলেন, টিনশেড কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরবর্তীতে পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে সাতটি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কারখানাটিতে গ্যাস লাইটার তৈরি করা হচ্ছিল। এর আগেও এই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে খবর দিলে কেরানিগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

অগ্নিকাণ্ডের সূত্রপাতের পরপরই ফ্যাক্টরির ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা প্রকম্পিত হয়। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কারখানায় প্রায় দুই শতাধিক শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস কর্মীদের সাথে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে সহায়তা করেন। তবে কী কারণে এ আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারখানাটিতে পর্যাপ্ত পরিমাণে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস।




আজিমপুর গণপূর্তে টেন্ডার নিয়ে অভিযোগের ঝড়, সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি ঠিকাদারদের

এসএম বদরুল আলমঃ রাজধানীর আজিমপুর গণপূর্ত বিভাগকে ঘিরে নতুন করে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ঠিকাদারদের দাবি, এখানে এখন একটি শক্তিশালী সিন্ডিকেট পুরো টেন্ডার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। এই সিন্ডিকেটের মূল ব্যক্তি হিসেবে তারা নাম বলছেন বহিরাগত বদিউল আলম সুইটের। তিনি নিজেকে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী হিসেবে পরিচয় দেন এবং তার প্রভাব খাটিয়ে টেন্ডার বাণিজ্যে সক্রিয় ভূমিকা রাখছেন বলে অভিযোগ রয়েছে।

ঠিকাদারদের ভাষ্য অনুযায়ী, নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে সুইট একটি প্রভাবশালী চক্র তৈরি করেছেন। এই চক্রের মাধ্যমে কোটি টাকার কাজ ভাগ-বাটোয়ারা করা হয়, যেখানে স্বচ্ছতা বা সরকারি নিয়মকানুন মানা হচ্ছে না। অভিযোগ রয়েছে, কোনো ঠিকাদার কাজ পেতে চাইলে তাকে আগে থেকেই মোটা অঙ্কের টাকা দিতে হয়। বিশেষ করে এলটিএম পদ্ধতিতে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে প্রাক্কলিত মূল্যের প্রায় ১০ শতাংশ পর্যন্ত অগ্রিম কমিশন দাবি করা হয়। এই টাকা না দিলে টেন্ডার বাতিল করে দেওয়ার ভয় দেখানো হয় বলেও অভিযোগ উঠেছে।

এছাড়া টেন্ডার বণ্টনের ক্ষেত্রে ‘লটারি’ নামের একটি প্রক্রিয়া দেখানো হলেও বাস্তবে তা আগেই ঠিক করা থাকে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। সুইট ও তার সহযোগীরা নিজেদের পছন্দের কিছু ঠিকাদারের তালিকা তৈরি করেন এবং পরে সেই তালিকা অনুযায়ী কাজ ভাগ করে দেন। ফলে সাধারণ ঠিকাদাররা কোনোভাবেই ন্যায্য প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না।

অভিযোগ আরও গুরুতর হয়েছে যখন বলা হয়েছে, সুইটের অনুমতি ছাড়া কেউ টেন্ডার জমা দিতেই পারে না। তার ‘সবুজ সংকেত’ ছাড়া কোনো কাজের সুযোগ নেই। কেউ এই নিয়ম না মানলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়—কখনো কাজের সাইটে বাধা দেওয়া হয়, কখনো প্রশাসনিক জটিলতায় ফেলে দেওয়া হয়, আবার কখনো সরাসরি ভয়ভীতি দেখানো হয়।

একজন ভুক্তভোগী ঠিকাদার লিখিত অভিযোগে জানিয়েছেন, তার লাইসেন্স ব্যবহার করে সুইট ঠিকাদার সমিতির নেতা হয়েছেন এবং সেই ক্ষমতা ব্যবহার করে তার কাছ থেকে জোর করে ২৫ শতাংশ পর্যন্ত টাকা আদায় করেছেন। এই ধরনের চাঁদাবাজির ঘটনা একাধিকবার ঘটেছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে কেউ যদি এসব অনিয়মের বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করেন, তাহলে তাকে ‘ব্ল্যাকলিস্টে’ ফেলার হুমকি দেওয়া হয়। অডিট, নিয়মভঙ্গ বা প্রশাসনিক ঝামেলার ভয় দেখিয়ে তাদের চুপ করিয়ে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। ফলে অনেকেই ভয়ে প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না।

একাধিক ঠিকাদারের মতে, বর্তমানে আজিমপুর গণপূর্ত বিভাগে এক ধরনের দ্বৈত ক্ষমতা চলছে। অফিসের ভেতরে নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকলেও, বাইরে বদিউল আলম সুইটের প্রভাবই বেশি কার্যকর। এই দুইয়ের চাপে সাধারণ ঠিকাদাররা কার্যত অসহায় হয়ে পড়েছেন। তাদের কথায়, নিয়ম মেনে চললে কাজ পাওয়া যায় না, আর সিন্ডিকেটের বাইরে থাকলে টিকে থাকাই কঠিন।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ঠিকাদাররা বিষয়টি উচ্চপর্যায়ে জানিয়েছে এবং একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছেন। তারা চাইছেন, বদিউল আলম সুইটের বিরুদ্ধে আনা অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। ইতোমধ্যে অভিযোগের কপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সব মিলিয়ে, অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে তা শুধু একটি অফিসের সমস্যা নয়—বরং পুরো সরকারি টেন্ডার ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বড় প্রশ্ন তুলে দেয়। এখন সবার নজর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে—তারা এই অভিযোগগুলো কতটা গুরুত্ব দিয়ে দেখবে এবং কার্যকর ব্যবস্থা নেয় কি না।




ঢাকা মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এসএম বদরুল আলমঃ ঢাকা মিরপুর প্রেসক্লাবে ঈদ পরবর্তী এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর, যেখানে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পাঞ্জেরীর সম্পাদক ও মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা তালুকদার রুমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক ও মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা খান সেলিম রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি তালুকদার রুমী তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, যা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে সাংবাদিকদের কাজ করতে হবে এবং কোনো ধরনের ভয় বা চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। তিনি আরও বলেন, মিরপুর প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের একটি পরিবার। এই পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বজায় রাখতে হবে। তিনি তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য
বিশেষ অতিথি খান সেলিম রহমান তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি মিরপুর প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান সহকর্মীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে এবং পেশাগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্য
সভাপতি এস এম বদরুল আলম তার বক্তব্যে বলেন, মিরপুর প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, সংগঠনের প্রতিটি সদস্যের অংশগ্রহণেই প্রেসক্লাব আরও শক্তিশালী হয়ে উঠবে। তিনি সকল সদস্যকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বিভেদ নয়—ঐক্যই আমাদের মূল শক্তি। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদকের বক্তব্য
সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন তার বক্তব্যে বলেন, এই পুনর্মিলনী শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের পারস্পরিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি বলেন, প্রেসক্লাবের প্রতিটি কার্যক্রমে সদস্যদের সক্রিয় অংশগ্রহণই সংগঠনের প্রাণ। তিনি সকলকে একসাথে থেকে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

যুগ্ম সাধারণ সম্পাদকের বক্তব্য
যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সায়মন তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণ, কর্মশালা এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের গড়ে তুলতে সিনিয়রদের ভূমিকা অপরিসীম। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, মিরপুর প্রেসক্লাবকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মিরপুর প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম পলাশ, সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহসভাপতি খাইরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সায়মন, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক সুমন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার আলম, অর্থ সম্পাদক জিএস জয় ও সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন নিপু, দপ্তর সম্পাদক এমএ গাফফার, প্রচার সম্পাদক দুলাল হোসেন, মানবাধিকার সম্পাদক রিয়াজ উদ্দিন তালুকদার, কার্যনির্বাহী সদস্য মোঃ আখতারুজ্জামান, রশিদি মাহবুব, আলী হোসেন, জাহাঙ্গীর তুষার, ফিরোজ আল মামুন, আপ্যায়ন সম্পাদক এম এ মালেকসহ অসংখ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।




দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত আছে

ডেস্ক নিউজঃ দেশে বর্তমানে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে। ফলে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ২ লাখ ৫৫ হাজার ১৮ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে।

সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি জানান, মজুত করা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল- ১ লাখ ২২ হাজার ৬৬০ মেট্রিক টন, যা মোট ব্যবহারের প্রায় ৬৩ শতাংশ। পর্যাপ্ত ডিজেল মজুত থাকায় কৃষি, পরিবহন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

এছাড়া, অকটেনের মজুত রয়েছে ৯ হাজার ২১ মেট্রিক টন, যা ব্যক্তিগত যানবাহন ও উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের চাহিদা পূরণে যথেষ্ট। পেট্রোলের মজুত ১২ হাজার ১৯৪ মেট্রিক টন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেট ফুয়েলের মজুত রয়েছে ৪১ হাজার ৮৭৬ মেট্রিক টন, ফার্নেস অয়েল ৫৮ হাজার ৭৩৬ মেট্রিক টন, কেরোসিন ৯ হাজার ৩৭৮ মেট্রিক টন এবং মেরিন ফুয়েল ১ হাজার ১৫৩ মেট্রিক টন।

যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, বর্তমান মজুত দেশের জ্বালানি চাহিদা পূরণে পর্যাপ্ত।




প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদল।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।এ সময় পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।




সাউন্ড কেলেঙ্কারি নয়, বহুমাত্রিক দুর্নীতি! টেন্ডার ‘ম্যানেজ’ করে একের পর এক কাজ বাগিয়ে নিচ্ছে একই প্রতিষ্ঠান

এসএম বদরুল আলমঃ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম দিনেই ঘটে যাওয়া সাউন্ড সিস্টেম বিপর্যয় এখন আর কোনো বিচ্ছিন্ন ‘যান্ত্রিক ত্রুটি’ নয়—এটি ক্রমেই উন্মোচিত হচ্ছে একটি সুসংগঠিত, বহুমাত্রিক আর্থিক কেলেঙ্কারির অংশ হিসেবে।

এর সঙ্গে এবার যুক্ত হলো আরও বিস্ফোরক তথ্য—একই ঠিকাদার প্রতিষ্ঠান আমানত এন্টারপ্রাইজ এবং সংশ্লিষ্ট প্রকৌশলী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বিভিন্ন মেগা প্রকল্পে একই কৌশলে কাজ বাগিয়ে নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

সংসদ কেলেঙ্কারি থেকে মুগদা হাসপাতাল—একই চক্র !

সংসদের সাউন্ড সিস্টেম বিপর্যয়ের পেছনে যে আমানত এন্টারপ্রাইজের নাম উঠে এসেছে, সেই একই প্রতিষ্ঠান মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পেও বিতর্কিতভাবে দুটি বড় কাজ দখল করে— ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম — প্রায় ৮ কোটি টাকা, এয়ার কুলিং সিস্টেম — প্রায় ১৬ কোটি টাকা। মোট ২৪ কোটি টাকার এই দুই প্রকল্প ই/এম-৬ ডিভিশনের অধীনে দেওয়া হলেও অভিযোগ রয়েছে— টেন্ডার হওয়ার সঙ্গে সঙ্গেই ‘উচ্চ পর্যায়ের আঁতাতে’ কাজ বাগিয়ে নেয় আমানত এন্টারপ্রাইজ।

দুই বছর পেরিয়ে গেলেও কাজ শুরুই হয়নি !

প্রশ্ন উঠছে— কাজ শুরু না করেই কেন টেন্ডার দেওয়া হলো ? কার স্বার্থে এই দীর্ঘসূত্রতা ? সরকারি অর্থ কি পরিকল্পিতভাবে আটকে রেখে অন্যত্র ব্যবহার করা হচ্ছে ?

“টেন্ডার ক্যাপাসিটি নেই, তবুও সব কাজ একাই !”

অনুসন্ধানে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য— ই/এম ডিভিশন-৪ এর অধীনে প্রায় ৩০ কোটি টাকার একটি ইলেকট্রিক্যাল কাজও একইভাবে ‘ম্যানেজ’ করে নেয় এই প্রতিষ্ঠান অথচ অভিযোগ— প্রতিষ্ঠানটির প্রকৃত টেন্ডার ক্যাপাসিটি নেই, তবুও এককভাবে বিভিন্ন ডিভিশনে কাজ পাচ্ছে, এতে স্পষ্ট প্রশ্ন— এটি কি শুধুই প্রশাসনিক ব্যর্থতা, নাকি পরিকল্পিতভাবে ‘একক আধিপত্য’ প্রতিষ্ঠার খেলা?

হঠাৎ বদলি—চাপের মুখে ‘ড্যামেজ কন্ট্রোল’?

এই ঘটনার মধ্যেই সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ অফিস আদেশ— স্মারক নং:- ২৫.৩৬.০০০০.২১১.১২.১০৩.১৭-৪৫২, তারিখ: ০১ এপ্রিল ২০২৬, কার্যালয়: প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, সেগুনবাগিচা, ঢাকা।

প্রজ্ঞাপনের মূল বিষয় : জনস্বার্থে দুই নির্বাহী প্রকৌশলীকে তাৎক্ষণিক বদলি— মোঃ আনোয়ার হোসেন → ই/এম বিভাগ-৭ থেকে বিভাগ-১২, রিসালাত বারি → বিভাগ-১২ থেকে বিভাগ-৭, সময় বেঁধে দেওয়া হয়েছে: ২ এপ্রিলের মধ্যে যোগদান না করলে ৫ এপ্রিল থেকে “তাৎক্ষণিক অবমুক্ত” বলে গণ্য করা হবে।

প্রশ্ন উঠছে—এই বদলি কি ‘শাস্তি’, নাকি ‘আড়াল’?

বিশেষজ্ঞদের মতে—বড় কেলেঙ্কারি ফাঁস হলে অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং এতে তদন্তের গতিপথ ভিন্নদিকে ঘুরে যায়। বিশেষ করে যখন— একই কর্মকর্তার বিরুদ্ধে আগে থেকেই দুর্নীতির অভিযোগ থাকে
এবং একই ঠিকাদার বারবার বড় প্রকল্প পায় তখন এই ধরনের বদলি আদেশকে অনেকেই দেখছেন “ড্যামেজ কন্ট্রোল অপারেশন” হিসেবে।

সংসদ কেলেঙ্কারি—শুধু শুরু? সংসদের সাউন্ড সিস্টেমে—

নিম্নমানের কেবল জোড়া দেওয়া তার, পরীক্ষাবিহীন ইনস্টলেশন, অতিরিক্ত দামে যন্ত্রাংশ কেনা এবং তার সঙ্গে— একই ঠিকাদারের একাধিক প্রকল্প দখল, কাজ না করেই কোটি টাকা আটকে রাখা এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম। সব মিলিয়ে এটি এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়— বরং একটি গভীরভাবে প্রোথিত দুর্নীতির নেটওয়ার্কের ইঙ্গিত।

“মিডিয়া ম্যানেজ” থেকে “প্রকল্প দখল”—সব এক সুতোয় গাঁথা ?

আগেই অভিযোগ উঠেছে—প্রায় ২ কোটি টাকা খরচ করে মিডিয়া ম্যানেজ করা হয়েছে, অনেক অনলাইন পোর্টাল থেকে সংবাদ গায়েব। এখন দেখা যাচ্ছে—একই সময়েই প্রকল্প বণ্টন, টেন্ডার নিয়ন্ত্রণ এবং কাজ আটকে রাখা—সবই চলছে সমান্তরালে

শেষ কথা: রাষ্ট্রের অর্থ, কার হাতে ?

জাতীয় সংসদ থেকে হাসপাতাল—রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলো যদি একই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে প্রশ্ন একটাই—রাষ্ট্রের অর্থ কি উন্নয়নে ব্যয় হচ্ছে, নাকি পরিকল্পিতভাবে লুট হচ্ছে?

আমাদের দাবি : সংসদ ও মুগদা প্রকল্পসহ সংশ্লিষ্ট সব কাজের স্বাধীন ফরেনসিক অডিট, আমানত এন্টারপ্রাইজের সব প্রকল্প তাৎক্ষণিক তদন্তের আওতায় আনা, টেন্ডার প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তাদের সম্পদের হিসাব যাচাই এবং বদলি নয়—দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

এই কেলেঙ্কারি এখন শুধু একটি প্রকল্পের নয়—এটি রাষ্ট্রীয় সুশাসনের পরীক্ষার প্রশ্ন।
এখন দেখার—সত্য প্রকাশ পায়, নাকি আবারও কোটি টাকার অনিয়ম চাপা পড়ে যায়।




ইলিয়াস আলীর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে

ডেস্ক নিউজঃ সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গুম নিয়ে চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রাষ্ট্রীয় অন্যান্য গোয়েন্দা সংস্থা। জিজ্ঞাসাবাদে ইলিয়াস আলী গুম নিয়ে প্রশ্ন করা হলে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে দায় চাপাচ্ছেন অন্যদের উপর। তবে তিনি বিএনপি নেতাকে গুম, নেপথ্য, কারা জড়িত এসব বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন তদন্ত সংশ্লিষ্টদের। ডিবি তার দেয়া তথ্য যাচাই বাছাই করছে।

শেখ মামুন খালেদ গোয়েন্দাদের জানিয়েছেন, গুম করার সংকেত আগেই দেয়া হয়েছিল। ইলিয়াস আলী টিপাইমুখ বাঁধ এবং পার্শ্ববর্তী একটি দেশের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এই বাঁধ ও চুক্তি ওই দেশটির জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইলিয়াস আলী এর বিরুদ্ধে গিয়ে আন্দোলনও করেছিলেন। এরপরই সরকারের রোষানলে পড়েন। তাই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে ইলিয়াস আলীকে সরিয়ে দেয়া হয়। শেখ হাসিনা তৎকালীন ডিজিএফআই প্রধান ও র‌্যাব’র মহাপরিচালকে গুমের মিশন বাস্তবায়ন করার নির্দেশনা দেন। গুমের পুরো প্রক্রিয়া রেকি ও বাস্তবায়ন করে র‌্যাব-১। আর র‌্যাবকে সহযোগিতা করে ডিজিএফআইয়ের কিছু কর্মকর্তা। সবচেয়ে বড় ভূমিকা ও ইলিয়াস আলী গুম মিশনের নেতৃত্ব দেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

শেখ হাসিনা ঘটনার আগে পরে জিয়াউলের সঙ্গে একাধিকবার কথা বলেন। সব প্রস্তুতি শেষ হওয়ার পর ২০১২ সালের ১৭ই এপ্রিল ইলিয়াস আলী ও তার ব্যক্তিগত গাড়িচালককে বনানী থেকে গুম করে নেয়া হয় র‌্যাব-১ সদর দপ্তরে। সেখানে ইলিয়াসকে রেখে জিজ্ঞাসাবাদ করে মারধর করা হয়। গোয়েন্দাদের সূত্র জানিয়েছে, তুলে নেয়ার পর ১৭ থেকে ২০শে এপ্রিলের কোনো এক রাতে ইলিয়াস আলীকে হত্যা করে ধলেশ্বরী নদীতে লাশ ফেলে দেয়া হতে পারে।

অন্যদিকে গুম হওয়া স্বামীর সন্ধান চেয়ে ২১শে এপ্রিল ইলিয়াসপত্নী সন্তানদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। পরে শেখ হাসিনা জিয়াউল আহসানকে ফোন দিলে ইলিয়াস আলীকে চূড়ান্ত গুম করার ইঙ্গিত দেন ওই কর্মকর্তা।

এদিকে সরকারের নির্দেশনায় ইলিয়াস আলীকে গুম করা নিয়ে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ফের সাতদিনের রিমান্ড চান তদন্ত সংশ্লিষ্টরা। আদালত আবার তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে মামুন খালেদ জানান, ইলিয়াস আলীকে গুম করার জন্য কাজ করে ডিজিএফআই ও র‌্যাব’র একটি বিশেষ টিম। তাদের আগে থেকেই ব্রিফ করে তৈরি করা হয়েছিল। সার্বিকভাবে দিকনির্দেশনা মামুন খালেদ নিজেই দিয়েছিলেন।

ইতিমধ্যে আলোচিত এই গুম নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর গুমের সঙ্গে জড়িত র‌্যাব ও ডিজিএফআইয়ের সকল সদস্যকে নজরদারিতে রাখা হয়েছে। তাদের অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও তাদের কেউ কেউ দেশত্যাগ করেছেন। কেউ আগেই গা-ঢাকা দিয়েছেন। কেউ অবসরে গেছেন। অনেকেই এখনো চাকরিতে বহাল তবিয়তে আছেন। মামুন খালেদ জানিয়েছেন, ইলিয়াস আলী গুম মিশনে ডিজিএফআইতে কর্মরত দু’জন মেজর প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন। আর ইলিয়াস গুমের বিষয়ে অন্যান্য গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষপদধারীরা অবগত ছিলেন।

গুমের স্বীকার বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী বেঁচে আছেন নাকি তাকে মারা হয়েছে এমন প্রশ্ন চৌদ্দ বছর ধরে ঘুরপাক খাচ্ছে তার কর্মী, সমর্থক ও পরিবারের সদস্যদের মধ্যে। কিন্তু সেই প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারেনি। রাষ্ট্রীয়ভাবে এ নিয়ে কিছু বলা হয়নি। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তো উত্তর মিলেনি বরং ওই সময় ইলিয়াস আলী গুম নিয়ে কোনো তদন্তই হয়নি বলে দাবি করেছেন তার পরিবার ও বিএনপি। একটি পক্ষ আগেই ধারণা করেছিলেন ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে। আর আরেকটি পক্ষ মনে করতেন ইলিয়াস বেঁচে আছেন এবং তিনি ফিরবেন। কিন্তু গণ-অভ্যুত্থানের পর ডিজিএফআই নিয়ন্ত্রণাধীন আয়নাঘর খ্যাত বন্দিশালা থেকে গুমের শিকার অনেকেই মুক্তি পান। তখনো ইলিয়াস আলী ফিরেননি। এরপর থেকে তার ফিরে আসার আশা একেবারেই ক্ষীণ হয়ে আসে। সর্বশেষ জাতীয় সংসদে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাও এ নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমার স্বামী ইলিয়াস আলী কোথায়?

তদন্ত সূত্র জানায়, ঘটনার রাতে সন্ধ্যার পর থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী তৎকালীন শেরাটন হোটেলে (বর্তমান ইন্টারকন্টিনেন্টাল হোটেল) বসে মিটিং করছিলেন। রাত ১১টার দিকে তিনি নেতাকর্মীর কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন। তখন থেকেই তাকে অনুসরণ করছিল জিয়াউল আহসানের গুম স্কোয়াডের এক সদস্য। তিনি একটু পর পর ইলিয়াস আলীর গাড়ির অবস্থান জিয়াকে জানিয়ে দেন। মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ শুরু করে জিয়ার টিম। মহাখালী থেকে বনানীর ২ নম্বর সড়কে যাওয়ার পর গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসারসহ ইলিয়াস আলীকে অপহরণ করে এই টিমের সদস্যরা। তারপর সেখান থেকে নেয়া হয় র‌্যাব-১ সদর দপ্তরে।