১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ঢাকা-পাবনা রুটের দুই আন্তনগর ট্রেন

পাবনা প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানী ঢাকার সঙ্গে পাবনার সরাসরি রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে। আগামী ১৯ নভেম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে নতুন দুটি আন্তনগর ট্রেনের উদ্বোধন করা হবে। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল আটটা থেকে ট্রেন দুটির অনলাইন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় বৃহস্পতিবার থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। পরবর্তী সময়ে প্রচলিত নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

তবে ১৯ নভেম্বর বিকেল সাড়ে চারটায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনটির টিকিট অনলাইনে পাওয়া যাবে না। ওই ট্রেনের টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। উদ্বোধনী দিনে ট্রেনটি পথে শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে।

আগামী ২০ নভেম্বর থেকে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে। সময়সূচি অনুযায়ী, ওই দিন বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন ২১ নভেম্বর সকাল আটটায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।

নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি উভয় পথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে।

এদিকে, ট্রেন দুটির উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে বৃহস্পতিবার সকালে পাবনা জেলা পরিষদের রশীদ হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। সঞ্চালনা করেন আবুল বাসার খান জুয়েল।

সভায় জেলার বিশিষ্ট ব্যক্তিরা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বহুল প্রতীক্ষিত এই রেলসেবা চালু হলে পাবনাবাসীর যাতায়াত সহজ ও আরামদায়ক হবে। পাশাপাশি জেলার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। ট্রেন দুটির চলাচল নির্বিঘ্ন রাখতে সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।




সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

শিক্ষা ডেস্কঃ সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাউশির উপ-পরিচালক শাহ মুহাম্মদ মামুন মোরশেদ জারি করা নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বিএড কোর্সে (২০২৭ শিক্ষাবর্ষে) ভর্তির জন্য প্রধান শিক্ষকদের তার বিদ্যালয়ে কর্মরত বি.এড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের তালিকা সুপারিশসহ আগামী ১৭ নভেম্বরের মধ্যে গুগল লিংক এ তথ্য প্রেরণ করবেন।

নির্দেশনায় বলা হয়, ভর্তির আবেদনের যোগ্যতা হবে– জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদি স্নাতক (পাস) স্নাতক (সম্মান) অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর। এ ছাড়া গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ পেতে হবে।




রহস্য-রোমাঞ্চে জয়া-শ্রাবন্তীর নতুন যাত্রা

বিনোদন ডেস্কঃ প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

খুন, রহস্য আর সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে কলকাতার পরিচালক অর্জুন দত্তের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’ সিনেমায় একসাথে দেখা যাবে দুই বাংলার এ জনপ্রিয় নায়িকাদের।

প্রতিশোধ, বিশ্বাসভঙ্গ আর সম্পর্কের নানা টানাপোড়েন ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প। পাহাড়ি পরিবেশে একটি আনন্দ আয়োজনের মধ্যে হঠাৎ পৌঁছে যায় অস্বস্তিকর এক বার্তা।

এরপরই ঘনীভূত হতে থাকে রহস্য। একাধিক চরিত্রের মধ্যে কে খুনি, কেনই বা ঘটেছে খুন- এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতেই এগোবে কাহিনি।

‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘বিবি পায়রা’র মতো সিনেমা নির্মাণ করেছেন অর্জুন দত্ত। তার নির্মিত ‘ডিপ ফ্রিজ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে।

আগের সিনেমাগুলোতে সম্পর্কের নানা দিক গুরুত্ব পেলেও এবার থ্রিলারধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছেন এই পরিচালক।

নতুন সিনেমার প্রসঙ্গে অর্জুন দত্ত বলেন, ‘আমার সব সিনেমায় সম্পর্কের নানা দিক উঠে এসেছে। তবে প্রতিটি সিনেমাই আলাদা। পরিচালক হিসেবে সব ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। থ্রিলার নির্মাণের ইচ্ছা অনেক দিনের। অবশেষে সেই সুযোগ হলো।’

সিনেমাটিতে জয়া ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় ও অভীপ্সা চট্টোপাধ্যায়। আরও রয়েছেন লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য ও মনোজ ওঝাসহ অনেকে।

এত বড় তারকাবহর নিয়ে এবারই প্রথম সিনেমা নির্মাণ করছেন অর্জুন। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। এ ধরনের সিনেমায় গল্পের বাঁধন খুব জরুরি। তা না হলে পুরো বিষয়টিই নষ্ট হয়ে যেতে পারে।’

সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে ভারতের উত্তরবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।




গ্রিসে রাজকীয় বিয়ে সারলেন অনিরুদ্ধ-কাব্য, প্রকাশ্যে প্রথম ছবি

বিনোদন ডেস্কঃ দক্ষিণী সংগীতজগতের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ১১ নভেম্বর গ্রিসে জমকালো ও তারকাখচিত আয়োজনে বিয়ে করেছেন এই জুটি। বিয়ের পর নবদম্পতির প্রথম ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনিরুদ্ধ নিজেই ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন। ছবির সঙ্গে আবেগঘন বার্তায় লিখেছেন, ‘আমার জীবনে একবারই আসা, আর সারা জীবনের জন্য পাওয়া—১১.১১।’

বিয়ের অনুষ্ঠানে অনিরুদ্ধের পোশাকে ছিল ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া। হাতির দাঁতের মতো অফ-হোয়াইট রঙের পোশাকে সেজেছিলেন তিনি। পরেছিলেন একই রঙের কুর্তা ও ভেষ্ঠি। সঙ্গে ছিল সূক্ষ্ম কারুকাজে সাজানো লম্বা জ্যাকেট। অন্যদিকে, কাব্য বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। পোশাকজুড়ে ছিল সূক্ষ্ম কারুকাজ ও সিকুইনের কাজ। একই রঙের ব্লাউজের সঙ্গে গলায় নজরকাড়া চোকার এবং কানে মানানসই দুল পরেছিলেন তিনি। দুজনের প্যাস্টেল রঙের সাজে নবদম্পতিকে বেশ মানিয়েছিল।

গ্রিসের বিয়েতে তারকাদের উপস্থিতি

অনিরুদ্ধ ও কাব্যের বিয়ের আনুষ্ঠানিকতা ঘিরে গ্রিসে ১০ ও ১১ নভেম্বর দুই দিন ধরে চলে নানা আয়োজন। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাজনীতি ও বিনোদনজগতের একাধিক পরিচিত মুখ গ্রিসে পাড়ি জমান।

বিয়ের আগে সুপারস্টার রজনীকান্তকে পরিবারের সদস্যদের সঙ্গে বিমানবন্দরে দেখা যায়। পরিবারের সদস্যদের নিয়ে গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। একইভাবে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকেও পরিবারের সদস্যদের সঙ্গে বিমানবন্দরে দেখা যায়। উচ্চপর্যায়ের অতিথিদের গ্রিসযাত্রার বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

২১ নভেম্বর চেন্নাইয়ে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা

গ্রিসে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও উৎসবের রেশ থাকছে আরও কিছুদিন। আগামী ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ে নবদম্পতির পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয়ের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকে সংবর্ধনার তারিখের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কাব্যের বাবা সান টিভি নেটওয়ার্কের কর্ণধার কালানিধি মারান এবং মা কাবেরী মারান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করে তাকে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। সেই সাক্ষাতের পরই মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত পোস্টে ২১ নভেম্বরের আয়োজনের বিষয়টি সামনে আসে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সংবর্ধনায় ভারতের রাজনীতি ও বিনোদনজগতের বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। আমন্ত্রিত অতিথিদের সম্ভাব্য তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। এ ছাড়া একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং চলচ্চিত্রজগতের শীর্ষস্থানীয় তারকাদেরও আমন্ত্রণ জানানোর খবর পাওয়া গেছে।

রাজনৈতিক অতিথিদের মধ্যে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নামও সম্ভাব্য আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দক্ষিণী চলচ্চিত্রজগতের তারকাদের উপস্থিতিও এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে পারে। সম্ভাব্য অতিথিদের মধ্যে রয়েছেন রজনীকান্ত, এ আর রহমান, কমল হাসান, ধানুশ ও অজিত কুমার। অজিতের সঙ্গে তার স্ত্রী শালিনী অজিত কুমারও অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে খবর।

এ ছাড়া আল্লু অর্জুন ও তার স্ত্রী স্নেহা আল্লু রেড্ডি, শিবকার্তিকেয়ন ও তার স্ত্রী আর্থি, পরিচালক নেলসন দিলীপকুমার, অভিনেত্রী আন্দ্রেয়া জেরেমিয়া, অভিনেতা প্রসন্ন এবং সুরজ ভেঞ্জারামুডুর নামও সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছে।

কাব্য মারানের সঙ্গে ক্রিকেটজগতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় সংবর্ধনায় ক্রিকেটারদের উপস্থিতিও প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত ক্রিকেটারদের দেখা যেতে পারে অনুষ্ঠানে। সম্ভাব্য অতিথিদের মধ্যে রয়েছেন অভিষেক শর্মা ও ঈশান কিষানসহ আরও অনেকে।

‘হোয়াই দিস কোলাভেরি ডি’ থেকে জনপ্রিয়তার শিখরে অনিরুদ্ধ

অনিরুদ্ধ রবিচন্দর ভারতীয় সংগীতজগতের অন্যতম পরিচিত ও জনপ্রিয় সুরকার। ধানুশ অভিনীত ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গানটির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। গানটি মুক্তির পর শুধু দক্ষিণ ভারতেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় উঠে আসেন এই সংগীত পরিচালক।

এরপর একের পর এক বড় বাজেটের চলচ্চিত্রে সংগীত পরিচালনা করে নিজের অবস্থান আরও শক্ত করেন অনিরুদ্ধ। শাহরুখ খান, পবন কল্যাণ ও বিজয়ের মতো জনপ্রিয় অভিনেতাদের চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তার সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’।

অন্যদিকে কাব্য মারান ভারতের ক্রিকেট ও গণমাধ্যম ব্যবসার জগতের পরিচিত মুখ। তিনি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সান টিভি নেটওয়ার্কের পরিচালক। যুক্তরাজ্যের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করার পর ২০১৯ সালে সান টিভি নেটওয়ার্কে নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন তিনি। পরবর্তী সময়ে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালে তার বাবা কালানিধি মারান দলটি অধিগ্রহণ করেছিলেন।

২০২৫ সাল থেকেই বিয়ের গুঞ্জন

অনিরুদ্ধ ও কাব্যের সম্পর্ক নিয়ে আলোচনা অবশ্য নতুন নয়। ২০২৫ সাল থেকেই তাদের বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়াতে শুরু করে। গত বছরের জুনে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন অনিরুদ্ধ নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে তিনি মজার ছলে লিখেছিলেন, ‘বিয়ে নাকি? হা হা! শান্ত হন সবাই। দয়া করে এসব গুজব ছড়ানো বন্ধ করুন।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে প্রকাশিত একটি পোস্ট থেকে তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। সেখানে দাবি করা হয়েছিল, অনিরুদ্ধ ও কাব্য এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন এবং বিয়ের বিষয়টিও বিবেচনা করছেন। যদিও সে সময় এই খবরের সত্যতা স্বীকার করেননি অনিরুদ্ধ।

তবে ২০২৬ সালের জুনে অনিরুদ্ধের চাচা ও অভিনেতা ওয়াই জি মহেন্দ্রর একটি মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়। কেপিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অনিরুদ্ধের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে অনেকটাই নিশ্চিত হওয়ার ইঙ্গিত দেন।

মহেন্দ্র বলেন, অনিরুদ্ধ অত্যন্ত কোমল স্বভাবের মানুষ। তার আশা, অনিরুদ্ধের বিয়ের পথে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াচ্ছে না। এ সময় তিনি অনিরুদ্ধকে আগাম অভিনন্দনও জানান। তার ভাষায়, আমি এই সুযোগে তাকে অভিনন্দন জানাতে চাই। সে খুব বড় একটি বিয়ের আয়োজনে যাচ্ছে। আমাকে যা জানানো হয়েছে, তাতে বিষয়টি নিশ্চিত। তাদের বিয়ে হচ্ছে।

অবশেষে গ্রিসে বিয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই জল্পনার অবসান ঘটল। অনিরুদ্ধ ও কাব্যের বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাদের শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এখন সবার নজর ২১ নভেম্বর চেন্নাইয়ের বিবাহোত্তর সংবর্ধনার দিকে। রাজনৈতিক নেতা, চলচ্চিত্র তারকা, সংগীতশিল্পী ও ক্রিকেটারদের সম্ভাব্য উপস্থিতিতে সেই আয়োজন যে দক্ষিণ ভারতের অন্যতম আলোচিত তারকাসমাবেশে পরিণত হতে চলেছে, তা বলাই যায়।




‘চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে’

বিনোদন ডেস্কঃ আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন এবারের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সামিরা খান মাহি। শুরু হয়েছে মিস ইউনিভার্সের অফিশিয়াল ফ্যান ভোটিং। আর এই প্রতিযোগিতায় বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সামাজিক মাধ্যমে এক পোস্টে এই আহ্বান জানান মাহি।

সেই পোস্টে ভক্ত ও দেশবাসীর উদ্দেশে মাহি লেখেন, ‘চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে! মিস ইউনিভার্সের ফ্যান ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে! আসুন, আমরা সবাই একসঙ্গে বাংলাদেশের পাশে দাঁড়াই এবং আমাদের পূর্ণ সমর্থন জানাই।’

ভোট দেওয়ার নিয়ম

পোস্টে ভক্তদের জন্য ভোট দেওয়ার সহজ প্রক্রিয়াও তুলে ধরেছেন মাহি:

১. App Store অথবা Google Play Store থেকে MU FAN অ্যাপটি ডাউনলোড করতে হবে।

২. অ্যাপটি ওপেন করে Vote অপশনে যেতে হবে।

৩. Miss Universe Bangladesh নির্বাচন করে বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে।

গত ৭ নভেম্বর রাতে রাজধানীতে এক জমকালো আয়োজনে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী ও তার কাছের বন্ধু তানজিয়া জামান মিথিলা। এই খেতাব অর্জনের সুবাদে ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের সেরা সুন্দরীদের সঙ্গে লড়বেন মাহি।

উল্লেখ্য, ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেও বিশ্বমঞ্চে কেউ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি। তবে দেশবাসীর কাছে মাহির প্রতি প্রত্যাশার পারদ অনেকটাই দেখা যাচ্ছে।




যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ট্রোলিং, সিদ্ধার্থের প্রতিক্রিয়া জানালেন কিয়ারা

বিনোদন ডেস্কঃ বিয়ের পর অভিনেতা যশের সঙ্গে ‘টক্সিক’ ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণের মুখে পড়েছিলেন কিয়ারা আদভানি। বিশেষ করে বিবাহিত ও সন্তানের মা হওয়ার পর এমন দৃশ্যে অভিনয় করায় কিয়ারাকে নিয়ে শুরু হয় নানা ধরনের কটাক্ষ। এবার সেই বিতর্ক এবং স্বামী সিদ্ধার্থ মালহোত্রার প্রতিক্রিয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

সম্প্রতি করণ জোহরের উপস্থাপনায় ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে হাজির হয়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন কিয়ারা। সেখানে ‘টক্সিক’ ছবির মুক্তি, দর্শকদের প্রতিক্রিয়া এবং অনলাইন ট্রোলিংয়ের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

কিয়ারা জানান, ছবিটির মুক্তির পর প্রথম সপ্তাহান্ত তার জন্য ছিল ভীষণ হতাশার। পুরো দল ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা করেছিল। শুরুতে ভালো সাড়া পাওয়া গেলেও পরবর্তী সময়ে দর্শকদের প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসেনি। বিষয়টি তাঁকে মানসিকভাবে আঘাত করেছিল।

অভিনেত্রীর ভাষায়, ছবিটির প্রথম সপ্তাহান্ত তার জন্য হৃদয়বিদারক ছিল। চরিত্রটির জন্য নিজের স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেরিয়ে নতুনভাবে নিজেকে উপস্থাপন করেছিলেন তিনি। তাই প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় হতাশ হয়েছিলেন। তবে ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসাও পেয়েছেন অনেকের কাছ থেকে। কিয়ারার মতে, এই চরিত্র তাঁর অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে থাকবে।

তবে ছবির ব্যবসায়িক সাফল্যের চেয়েও বেশি আলোচনা তৈরি করেছিল যশের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য। বিশেষ করে ‘তাবাহি’ গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই তাঁর ব্যক্তিগত জীবন টেনে এনে প্রশ্ন তুলেছিলেন, বিবাহিত এবং সন্তানের মা হয়েও কেন এমন দৃশ্যে অভিনয় করেছেন তিনি।

এমনকি এই বিতর্কে জড়িয়ে পড়ে সিদ্ধার্থ মালহোত্রার নামও। অনেকের ধারণা ছিল, স্ত্রীর এমন দৃশ্য নিয়ে নিশ্চয়ই আপত্তি রয়েছে তার। তবে কিয়ারা জানালেন সম্পূর্ণ ভিন্ন কথা। তাঁর স্বামী বিষয়টি নিয়ে কখনোই বিরূপ প্রতিক্রিয়া দেখাননি। এমনকি তাঁদের মধ্যে এ নিয়ে আলাদা করে কোনো আলোচনাও হয়নি।

কিয়ারা বলেন, সিদ্ধার্থ বিষয়টি নিয়ে একেবারেই মাথা ঘামাননি। এটি তাঁকে কোনোভাবেই বিচলিত করেনি। বরং পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে নারী অভিনেত্রীদের যেভাবে প্রশ্নের মুখে পড়তে হয়, তা দীর্ঘদিনের একটি বৈষম্যেরই প্রতিফলন।

আলোচনায় করণ জোহরও বিষয়টি তুলে ধরেন। তাঁর বক্তব্য, পুরুষ অভিনেতারা পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলে সাধারণত তাদের এমন ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয় না। অথচ নারী অভিনেত্রীদের ক্ষেত্রে বিষয়টি নিয়ে শুরু হয় নানা প্রশ্ন ও বিচার-বিশ্লেষণ।

কিয়ারা মনে করেন, এই দ্বিচারিতার বিরুদ্ধে অনেকেই ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিনয় নিয়ে ওঠা প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি। ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বহু গুণী অভিনেত্রীকেও বছরের পর বছর এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে যশ ও কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন তারা সুতারিয়া, নয়নতারা ও হুমা কুরেশি। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহের পাশাপাশি কিয়ারার অন্তরঙ্গ দৃশ্য ও তা নিয়ে তৈরি হওয়া বিতর্কও আলোচনায় রয়েছে।




জমাদিউস সানি শুরু, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

ইসলামিক ডেস্কঃ বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৬ হিজরি সনের ষষ্ঠ মাস গণনা শুরু হচ্ছে। হিজরি বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে নতুন মাস গণনা শুরু হলো।

হিজরি বর্ষপঞ্জির নিয়মানুযায়ী, জমাদিউস সানি বছরের ষষ্ঠ মাস। এর পরপরই আসবে সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস অতিক্রান্ত হওয়ার পর নবম মাস হিসেবে শুরু হবে পবিত্র রমজান।

চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী প্রতিটি হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সেই হিসেবে জমাদিউস সানির শুরু থেকে রমজান মাস শুরু হতে আনুমানিক ৮৯ থেকে ৯০ দিন সময় লাগতে পারে।

সম্প্রতি গালফ নিউজ-এর এক প্রতিবেদনে জানানো হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান আগের বছরের চেয়ে প্রায় ১০-১১ দিন আগে শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হতে পারে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে সেই রাতেই প্রথম তারাবি এবং পরদিন থেকে রোজা শুরু হবে। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপরই নির্ভর করবে। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।




সেমিফাইনালের আগে বাংলাদেশ শিবিরে বড় দুঃসংবাদ

খেলাধুলা ডেস্কঃ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দুর্দান্ত ফর্মের আভাস দিয়েছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের প্রাণবন্ত পারফরম্যান্স দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে। তবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে সব ইতিবাচক খবরের মাঝেই এলো বড় দুঃসংবাদ। তা হলো চোটে পড়ে সাফ থেকে ছিটকে গেলেন সাদ উদ্দিন।

গতকাল বুধবার ম্যাচের ৮১ মিনিটের সময় ব্যথা পেয়ে মাঠ ছাড়েন সাদ। ব্যথা এতটাই গুরুতর ছিল যে স্ট্রেচারে করে তাকে বাইরে আনা হয়েছিল। পরবর্তী সময়ে অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেওয়া হয়। রিপোর্টে তার গোড়ালির টেন্ডনে চিড় পাওয়া গেছে। এজন্য সার্জারি লাগবে কিনা সেটি এখনও নিশ্চিত হতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তবে চলতি সাফে সাদের পক্ষে আর খেলা সম্ভব নয় বলে জানিয়েছে দলীয় সূত্র।

আসিয়ান কাপেও ভালো পারফর্ম করেছিলেন সাদ। সাফের দুই ম্যাচেই একাদশে ছিলেন তিনি। যথেষ্ট ভালো রক্ষণ সামলেছেন। ফর্মে থাকা এই তারকা ফুটবলারের ইনজুরি কোচ থমাস ডুলির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গতকাল ম্যাচের পর তিনি সাংবাদিকদের অনানুষ্ঠানিকভাবে বলছিলেন, সাদের বিষয়টি গুরুতর, তাকে আর হয়তো এই টুর্নামেন্টে পাওয়া যাবে না।

আজ (বৃহস্পতিবার) সকালে অনুশীলন করছে বাংলাদেশ দ। গতকাল যারা ম্যাচ খেলেননি, তারা এই অনুশীলনে নেমেছেন। তপু ও বিশ্বনাথ ঘোষ ইনজুরির জন্য অনুশীলন করতে পারেননি কিছু দিন। তারাও আজ সকালে অনেকটাই পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। আর গতকাল ম্যাচ খেলা ফুটবলাররা আজ রিকভারি সেশনে থাকবেন হোটেলে।




অ্যাশেজ প্রস্তুতিতে ক্যারিবিয়ান সফর থেকে টেস্ট বাদ দিল ইংল্যান্ড

খেলাধুলা ডেস্কঃ আগামী বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ টেস্টের প্রস্তুতি জোরদার করতে ওয়েস্ট ইন্ডিজ সফরের একমাত্র টেস্ট ম্যাচটি বাতিল করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আইসিসির ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুযায়ী, আগামী বছরের এপ্রিল ও মে মাসে ক্যারিবিয়ান সফরে একটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ড নারী দলের।

তবে বুধবার ইসিবির প্রকাশিত নতুন পরিকল্পনা অনুযায়ী, সফরটি এখন কেবল সাদা বলের ক্রিকেটেই সীমাবদ্ধ থাকবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) শিগগিরই এই ছয় ম্যাচের চূড়ান্ত সূচি ও ভেন্যু ঘোষণা করবে।

ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে কাপের প্রথম রাউন্ড শেষ হওয়ার পরই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়াল দেবেন ইংলিশ ক্রিকেটাররা।

অ্যাশেজ ঘিরে বিশেষ লাল বলের পরিকল্পনা

২০২৭ সালের জুনে হেডিংলিতে মাল্টি-ফরম্যাট অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই সিরিজের জন্য বড় ধরনের প্রস্তুতির ছক কষেছে ইসিবি।

জানুয়ারিতে ভারতের বেঙ্গালুরুতে ১০ দিনের একটি বিশেষ লাল বলের অনুশীলন ক্যাম্প করবে দলটি। এরপর ইংলিশ কন্ডিশনে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে একটি তিন দিনের ম্যাচ এবং নিজেদের মধ্যে তিনটি লাল বলের ‘বেস্ট ভার্সেস বেস্ট’ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

মাল্টি-ফরম্যাট অ্যাশেজে প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়ের জন্য ২ পয়েন্ট থাকলেও, একমাত্র টেস্ট জিতলে পাওয়া যায় ৪ পয়েন্ট। তাই টেস্ট ম্যাচটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ইংল্যান্ডের প্রধান কোচ শার্লট এডওয়ার্ডস।

আগের অ্যাশেজে মেলবোর্ন টেস্টে ইনিংস ও ১২২ রানে হেরেছিল ইংল্যান্ড। এডওয়ার্ডসের অধীনেই লর্ডসের ঐতিহাসিক প্রথম নারী টেস্টে ভারতের কাছে ২৭০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় স্বাগতিকরা।

ঘরোয়া ক্রিকেটে লাল বলের ম্যাচ খেলার সুযোগ কম থাকায় আন্তর্জাতিক টেস্ট বাতিল করেই নিজেদের কন্ডিশনে এই বিশেষ প্রস্তুতির পথ বেছে নিয়েছে ইসিবি।

ইসিবি এক বিবৃতিতে জানায়, “ইংলিশ ঘরোয়া মৌসুম শুরু হয়ে যাওয়ার পর এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফর অনুষ্ঠিত হবে। ঘরের মাঠে এই নিবিড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়নের স্বার্থেই ক্যারিবিয়ান সফরের সূচিতে পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছিল। আমাদের অনুরোধে সাড়া দিয়ে সহযোগিতাপূর্ণ মনোভাব দেখানোর জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রতি আমরা কৃতজ্ঞ।”

নেপথ্যে আর্থিক সংকট নাকি পারফরম্যান্স? 

আর্থিক টানাপোড়েনের কারণে এমনিতেই কঠিন সময় পার করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। পরিচালন ব্যয় মেটাতে না পেরে গত সেপ্টেম্বরেই ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বেতন কমানোর পাশাপাশি ছেলেদের সুপার ফিফটি ও মেয়েদের টি-টোয়েন্টি ব্লেজ টুর্নামেন্ট স্থগিত করেছিল সিডব্লিউআই।

গত মাসে ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন জানিয়েছিলেন, অ্যাশেজের প্রস্তুতির স্বার্থে প্রয়োজনে ক্যারিবিয়ান সফরের টেস্ট ম্যাচটি আয়োজনে অর্থ সহায়তা দিতেও প্রস্তুত তার বোর্ড।

তবে জানা গেছে, আর্থিক কোনো কারণে নয়, বরং ঘরের মাঠে অল্প সময়ের মধ্যে বেশি সংখ্যক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লাল বলের ম্যাচ খেলার কৌশলগত সিদ্ধান্ত থেকেই এই সূচি বদলানো হয়েছে।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, “ইংলিশ কন্ডিশনে সেরাদের বিপক্ষে সেরাদের লড়াই দলকে দারুণ সুযোগ করে দেবে। এর মাধ্যমে আমরা দলের গভীরতা যাচাই করতে পারব এবং আরও বেশি খেলোয়াড়কে লম্বা সময় ধরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার সুযোগ দিতে পারব। অ্যাশেজ টেস্টের চ্যালেঞ্জ নিতে এটি শার্লট এডওয়ার্ডস ও তার দলকে যথাযথ প্রস্তুতি এনে দেবে।”




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

খেলাধুলা ডেস্কঃ অনুর্ধ্ব–১৯ এশিয়া কাপে আজ (বৃহস্পতিবার) দুটি সেমিফাইনাল। আজ বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে। উয়েফা নেশন্স লিগে ইতালি-ফ্রান্স ও ইংল্যান্ড-ক্রোয়েশিয়া মুখোমুখি হবে। এছাড়াও ম্যাচ আছে স্পেন ও বেলজিয়ামের পৃথক ম্যাচ।

রাওয়ালপিন্ডি টেস্ট : ৪র্থ দিন
পাকিস্তান–শ্রীলঙ্কা
সকাল ১০–৩০ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাড

অ–১৯ এশিয়া কাপ ক্রিকেট
বাংলাদেশ–পাকিস্তান
বেলা ১১টা, সনি স্পোর্টস ১

ভারত–আফগানিস্তান
বেলা ১১টা, সনি স্পোর্টস ৫

উয়েফা নেশন্স লিগ
আর্মেনিয়া–সাইপ্রাস
রাত ১১টা, সনি স্পোর্টস ১

তুরস্ক–বেলজিয়াম
রাত ১১টা, সনি স্পোর্টস ২

ইংল্যান্ড–ক্রোয়েশিয়া
রাত ১–৪৫ মি., সনি স্পোর্টস ১

ইতালি–ফ্রান্স
রাত ১–৪৫ মি., সনি স্পোর্টস ২

চেক প্রজাতন্ত্র–স্পেন
রাত ১–৪৫ মি., সনি স্পোর্টস ৫