৪ ঘণ্টায় ২৮ বার ভূমিকম্পে কেঁপেছে গোটা যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক ভূমিকম্প অনুভূত হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মাত্র চার ঘণ্টার মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় অন্তত ২৮টি মৃদু মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রজুড়ে ১.৫ বা তার বেশি মাত্রার মোট ১০৮টি ভূমিকম্প হয়েছে। গত সাত দিনে এই সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১টিতে, আর গত ৩০ দিনে প্রায় ৩ হাজার ৭০৭টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

সাম্প্রতিক ভূমিকম্পগুলোর বেশিরভাগই তুলনামূলকভাবে কম মাত্রার ছিল। সর্বশেষ রেকর্ড অনুযায়ী, নেভাদার লাভলকে ১.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার গভীরতা ছিল প্রায় ৪ কিলোমিটার। এর আগে টেক্সাসের ভ্যান হর্নে ১.৯ এবং ক্যালিফোর্নিয়া, সোলেদাদে ২.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এ ছাড়া হাওয়াইয়ের আগ্নেয়গিরি এলাকায়, আলাস্কার সোলডোটনা ও হ্যাপি ভ্যালি, নিউ মেক্সিকোর লাভিং এবং টেক্সাসের কয়েকটি অঞ্চলেও স্বল্প মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে লুইজিয়ানার কুশাট্টায়, যার মাত্রা ছিল ৪.৯। আর চলতি মাসে সবচেয়ে বড় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে আলাস্কার উনালাস্কায়, যার মাত্রা ছিল ৬.১।

অন্যদিকে চলতি বছরে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে আলাস্কার স্যান্ড পয়েন্ট এলাকায়, যার মাত্রা ছিল ৭.৩। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছোট মাত্রার ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে। বিশেষ করে আলাস্কা, ক্যালিফোর্নিয়া ও হাওয়াই ভূকম্পনপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এসব ভূমিকম্প বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয় না।




সরকার সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

আগামীকাল ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে। সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবে।’

৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি।’

তিনি বলেন, বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়। বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। নারীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। শহীদ জিয়ার শাসনামলে ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে ‘নারী বিষয়ক দফতর’ প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৮ সালে গঠন করা হয় ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ যা পরবর্তীতে বেগম খালেদা জিয়ার শাসনামলে ১৯৯৪ সালে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এ রূপান্তরিত হয়েছিল।

তারেক রহমান বলেন, নারীর আর্থসামাজিক ক্ষমতায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে এটি ছিল একটি বৈপ্লবিক সিদ্ধান্ত। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো নির্বাচনি প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ করা।

সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

তিনি বলেন, আমাদের বিদ্যমান সমাজে সমতা হোক অঙ্গীকার, মর্যাদা হোক বাস্তবতা, আর ক্ষমতায়ন হোক উন্নয়নের ভিত্তি।

প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।




‘ইরানের সাধারণ মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে, তাদের পাশে আছি’

বিনোদন ডেস্কঃ ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত এবং মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আবারও মানবতার পক্ষে সরব হলেন বিশ্বখ্যাত ফিলিস্তিনি-ডাচ সুপারমডেল বেলা হাদিদ।

সম্প্রতি ইরানে ইসরায়েলি হামলায় সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয় ধ্বংসের ঘটনায় দেড় শতাধিক শিশুর প্রাণহানির খবর বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলেছে। এমন ভয়াবহ মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে বেলা হাদিদ সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি সাধারণ নাগরিকদের সুরক্ষা ও শান্তির দাবি জানিয়েছেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে বেলা হাদিদ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একটি গ্রাফিক শেয়ার করে লেখেন, আমার হৃদয় এখন ইরানের সাধারণ মানুষের জন্য কাঁদছে। সরকার বা সামরিক বাহিনীর সিদ্ধান্তের বলি হওয়া প্রতিটি নিরপরাধ নাগরিকের পাশে আমি আছি। তিনি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বিশ্বের যেখানেই হোক না কেন—নিরাপত্তা, মর্যাদা এবং শান্তি কখনোই আলোচনার বিষয় হতে পারে না। তার মতে, ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষ সব সময়ই ‘ক্ল্যাটারাল ড্যামেজ’ বা অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির শিকার হয়। ব্যবস্থার যাঁতাকলে পিষ্ট হওয়া এই মানুষদের ভবিষ্যৎ তাদের নিজেদের হাতে থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।

গত কয়েক দিনের টানা বোমাবর্ষণে ইরানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করেছে। বিশেষ করে জনবহুল এলাকা এবং অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এই প্রেক্ষাপটে বেলা হাদিদ কেবল উদ্বেগ প্রকাশ করেই ক্ষান্ত হননি, বরং আর্তমানবতার সেবায় নিয়োজিত রেড ক্রস, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ‘সেভ দ্য চিলড্রেন’-এর মতো সংস্থাগুলোকে সহায়তার জন্য ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মনে করিয়ে দেন যে, সংবাদপত্রের শিরোনামের আড়ালে রয়েছে একেকটি বাস্তব পরিবার, তাদের আতঙ্ক এবং রক্তমাংসের জীবন।

উল্লেখ্য, বেলা হাদিদ বরাবরই মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং মানবিক সংকটে উচ্চকণ্ঠ। নিজের ফিলিস্তিনি শিকড়ের টান থেকে এর আগেও তিনি গাজা যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন। এবারের ইরান সংকটেও তিনি ভূ-রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের জীবন বাঁচানোর ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে যে যুদ্ধের বিস্তার কখনোই নিরপরাধদের রক্ষা করে না। তাই এই মুহূর্তে সংযম, জবাবদিহি এবং বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো মানুষের প্রতি সংহতি প্রকাশই তার মূল লক্ষ্য।

সূত্র: ডন




২০০ টাকায় মিলবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট

ক্রীড়া ডেস্কঃ দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর মিরপুরে ১১, ১৩ ও ১৫ মাঠে গড়াবে তিন ম্যাচের সিরিজ।

আসন্ন এই সিরিজের টিকিটির মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকার টিকিটে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শক। টিকিট কেনার একমাত্র মাধ্যম ওয়েবসাইট।

সবচেয়ে কম দামের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ২০০ টাকা। এরপর রয়েছে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারি, এই দুটি গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থের (শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিট মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।

আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও আন্তর্জাতিক গ্যালারি সাউথের (করপোরেট ব্লক) টিকিট মূল্য ১,০০০ টাকা। আন্তর্জাতিক লাউঞ্জ সাউথে (করপোরেট ব্লক) বসে খেলা দেখতে দর্শকের গুনতে হবে ১,২০০ টাকা।

সবচেয়ে বেশি মূল্যের টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে। এই গ্যালারিতে বসে খেলা দেখতে খরচ করতে হবে ২ হাজার টাকা। আগ্রহীরা (www.gobcbticket.com.bd) ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারবেন।




তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য

ডেস্ক নিউজঃ বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেলের একটি উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে ভয়াবহ অনিয়মের তথ্য উন্মোচিত হয়েছে। সংস্থাটির এক অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে জানা গেছে, গুরুতর যান্ত্রিক ঝুঁকি থাকা সত্ত্বেও এই উড়োজাহাজটি দিয়েই গত ২৫ ডিসেম্বর ভিভিআইপি ফ্লাইটে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমান প্রধানমন্ত্রী) তারেক রহমানকে বহন করা হয়েছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মো. মনসুরুল আলমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদনটি জমা দিয়েছে। কমিটির সদস্য সচিব ব্যবস্থাপক, অর্থ (ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন এবং সদস্য ছিলেন উপমহাব্যবস্থাপক, প্রশিক্ষণ (এয়ারক্রাফট/অ্যারো) মো. জুবিয়ারুল ইসলাম।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৯ ও ১৭ ডিসেম্বর উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে একাধিক অনিয়ম করা হয়েছে। বিশেষ করে ১০ ডিসেম্বরের রক্ষণাবেক্ষণ কাজ মাত্র আড়াই ঘণ্টার মধ্যে শেষ করা হয়, যা বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের জন্য নির্ধারিত সময়ের তুলনায় অস্বাভাবিক কম। এ ছাড়া উড়োজাহাজটির ত্রুটি নির্ণয় বা কার্যকারিতা পরীক্ষার সঠিক কোনো রেকর্ডও তদন্ত কমিটির কাছে পাওয়া যায়নি।

তদন্তে দেখা গেছে, ১৫ দিনের ব্যবধানে একই যান্ত্রিক ত্রুটি তিনবার দেখা দিলেও সেটিকে গুরুত্ব দেওয়া হয়নি। গত ২১ ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী বিজি-২০২ ফ্লাইটটি যখন মাঝ আকাশে ছিল, তখন আবারও এর ভিএফএসজি বিকল হয়ে যায়। কমিটির মতে, এ ধরনের ত্রুটির কারণে উড়োজাহাজটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড বা গিয়ারবক্সের অপূরণীয় ক্ষতির আশঙ্কা ছিল। প্রকৌশল বিভাগের এমন উদাসীনতার পরেও ত্রুটিপূর্ণ বিমানটি ভিভিআইপি ফ্লাইটে ব্যবহার করা হয়েছে।

রক্ষণাবেক্ষণ ও মেরামতের এই চরম অব্যবস্থাপনার কারণে প্রায় ২৬ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বারবার যন্ত্রাংশ প্রতিস্থাপন, এক বিমান থেকে যন্ত্রাংশ খুলে অন্যটিতে লাগানো এবং জরুরি ভিত্তিতে যন্ত্রাংশ পরিবহনের পেছনে এই বিপুল অর্থ ব্যয় হয়েছে। তদন্ত কমিটি এই আর্থিক ক্ষতির দায় নির্ধারণের পাশাপাশি পুরো প্রক্রিয়াকে একটি বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে।

প্রতিবেদনে বিমানের দুই প্রকৌশলী হীরালাল এবং মো. সাইফুজ্জামান খানের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

কমিটি জানিয়েছে, উড়োজাহাজটিতে কম ফুয়েল প্রেসারের সতর্কবার্তা পাওয়ার পরও তারা যথাযথ যাচাই-বাছাই ছাড়াই সেটিকে উড্ডয়নের ছাড়পত্র দিয়েছিলেন। তাদের এই ভুল সিদ্ধান্তের কারণে জানমালের বড় ঝুঁকি তৈরি হয়েছিল।

বিমানের সংশ্লিষ্ট বিভাগ প্রতিবেদন জমার বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি।




‘ইরানি হামলার’ বিষয়ে জরুরি বৈঠকে বসছে আরব লীগ

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি ইরান কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে, আরব দেশ গুলোতে ইরানের হামলার প্রেক্ষিতে এক জরুরি বৈঠক ডেকেছেন সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি। এই বৈঠকের অনুরোধ জানিয়েছে কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর।

ফরাসি গণমাধ্যম এএফপিকে তিনি জানান, বেশ কয়েকটি আরব দেশে ‘ইরানি হামলার’ বিষয়ে আলোচনা করতে আগামী রবিবার সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা একটি জরুরি বৈঠকে বসবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে প্রতিবেশীদের ওপর হামলা বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছিল আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। এসময় এই হামলাকে ইরানের কৌশলগত ভুল বলেও বর্ণনা করেন তিনি।

উল্লেখ্য-২২ সদস্যের আরব লীগ আঞ্চলিক সহযোগিতা উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করে। তবে সংস্থাটিকে ব্যাপকভাবে অকার্যকর হিসেবে দেখা হয় এবং বিভিন্ন সংঘাত সমাধানে দীর্ঘদিন ধরেই এটি হিমশিম খাচ্ছে।

সূত্র : আল-জাজিরা।




বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই-মানামা

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

শনিবারও সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বার্তা সংস্থা এএফপির সংবাদদাতারা এ তথ্য জানিয়েছেন।

দুবাইয়ে দু’টি এবং মানামায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মানামায় বিস্ফোরণের সময় সতর্ক সংকেত (সাইরেন) বেজে ওঠে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, দেশের নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সূত্র: আরব নিউজ, ডন নিউজ




এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

নিজস্ব প্রতিবেদকঃ অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স নিশ্চিত করতে এই স্মার্টফোনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। আজকের সবসময় কানেক্টেড ব্যবহারকারীদের জন্য; বিশেষ করে, আসন্ন ঈদুল ফিতরের আনন্দঘন সময়কে আরও প্রাণবন্ত করে তুলতে এই ফোনটি নিয়ে আসা হলো। শক্তিশালী ব্যাটারি সিস্টেম ও বুদ্ধিমান পারফরম্যান্স অপটিমাইজেশনের সমন্বয়ে তৈরি এ৬এস প্রো এমনভাবে নির্মিত, যা ব্যস্ত দৈনন্দিন জীবনধারার সাথে তালমিলিয়ে চলা নিশ্চিত করে।
অপো এ৬এস প্রোর কেন্দ্রে রয়েছে বিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী পাওয়ার এবং নির্ভরযোগ্য দৈনন্দিন ব্যবহারের নিশ্চয়তা দেয়। এই শক্তিশালী ব্যাটারির সাথে যুক্ত হয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ, যা ব্যবহারকারীদের দ্রুত চার্জ করে আবার কাজে ফিরে যেতে সহায়তা করে। পাশাপাশি, ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন নিয়মিত ব্যবহারের পরও পাঁচ বছরের বেশি সময় পর্যন্ত ব্যাটারির স্বাস্থ্য স্থিতিশীল থাকে, ফলে দীর্ঘমেয়াদে ব্যবহারকারীরা নির্ভরযোগ্য পারফরম্যান্স পান।
শুধু শক্তিশালী ব্যাটারি নয়, অপো এ৬এস প্রো একটি পূর্ণাঙ্গ স্মার্টফোন অভিজ্ঞতা প্রদান করে। এতে রয়েছে ১২০ হার্জ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, যা মসৃণ ও উজ্জ্বল ভিজ্যুয়াল নিশ্চিত করে। একইসাথে, রয়েছে আইপি৬৯কে রেটিংযুক্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স সক্ষমতা, যা ডিভাইসটিকে আরও টেকসই করে তোলে। পারফরম্যান্সকে আরও শক্তিশালী করতে এতে যুক্ত হয়েছে এআই লিঙ্কবুস্ট ৩.০, সুপারকুল ভিসি কুলিং সিস্টেম, ডুয়াল স্টেরিও স্পিকার, কালারওএস ১৬, এবং দীর্ঘমেয়াদি ফ্লুয়েন্সি অপটিমাইজেশন; যা সময়ের সাথে সাথে স্থিতিশীল ও দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করে।
স্মার্টফোনটিতে আরও রয়েছে অপো’র এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা বুদ্ধিমান ফ্রেমিংয়ের মাধ্যমে সহজেই বড় গ্রুপ সেলফি ধারণ করতে সহায়তা করে; ফলে, সামাজিক মুহূর্ত, পারিবারিক জমায়েত ও দৈনন্দিন ফটোগ্রাফি আরও সহজ ও আনন্দময় হয়ে ওঠে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬এস প্রো আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যেখানে আমরা ব্যবহারকারীদের দৈনন্দিন স্মার্টফোন অভিজ্ঞতা আরও উন্নত করতে অর্থবহ উদ্ভাবন নিয়ে আসি। শক্তিশালী ব্যাটারি সিস্টেম, দ্রুত চার্জিং সুবিধা এবং টেকসই ডিজাইনের মাধ্যমে এই ডিভাইসটি ব্যবহারকারীদের ব্যস্ত দিনের প্রতিটি মুহূর্তে নির্ভরযোগ্য সঙ্গী হতে তৈরি করা হয়েছে।”
৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। লুমিনা ফরেস্ট ও এক্লিপ্স ব্লু এই দুটি আকর্ষণীয় রঙের এই ডিভাইসটির মূল্য মাত্র ৩৯,৯৯০ টাকা। ডিভাইসটি অপো ব্র্যান্ড শপ, অনুমোদিত রিটেইল আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
এই ঈদে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দময় করতে অপো এ৬এস প্রো ক্রেতারা টপপের মাধ্যমে ০% সুদে কিস্তি সুবিধা, একটি এলিট ব্যাকপ্যাক ফ্রি গিফট, ৯০ দিনের ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্ল্যান উপভোগ করতে পারবেন। পাশাপাশি, ক্রেতারা ফ্লিপার থেকে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এবং মাই অপো অ্যাপের মাধ্যমে ৪,০০০ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাবেন।
ক্রেতাদের জন্য আরও রয়েছে আকর্ষণীয় প্রোমোশনাল ক্যাম্পেইন, যেখানে তারা জিতে নিতে পারেন একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার, লাখ টাকা ড্রিম ট্রিপ, অপো ওয়াচ এক্স২, অপো প্যাড ৩ এবং অপো প্যাড এসই।
এছাড়াও, সহজ-এর সহযোগিতায় অপো এ৬এস প্রো ক্রেতাদের জন্য বিশেষ ভ্রমণ সুবিধা রয়েছে। এই উদ্যোগের আওতায় ২৫০ জন ভাগ্যবান ক্রেতা ১,০০০ টাকার বাস টিকিট ভাউচার কোড পাবেন, যা সহজ প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। পাশাপাশি, সকল ক্রেতা দেশীয় ও আন্তর্জাতিক বিমান টিকিটে সর্বোচ্চ ৬% ভাউচার সুবিধা উপভোগ করতে পারবেন, যা তাদের ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলবে।
বিস্তারিত তথ্যের জন্য অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh বা ওয়েবসাইট https://www.oppo.com/bd/ ভিজিট করুন।



৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল

ডেস্ক নিউজঃ ইরান- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের কারণে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে, ৩-৫ মার্চ পর্যন্ত রুটগুলোতে ফ্লাইট বন্ধ ছিল। ৮ মার্চ পর্যন্ত তা বর্ধিত করা হয়েছে।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে- সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। তবে সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বিপর্যয় সৃষ্টি হয়।

পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধপরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথের উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।




ঈদ যাত্রায় ট্রেনের পঞ্চম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। 

ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ। পাওয়া যাচ্ছে ১৭ মার্চের ট্রেনের আসনের টিকিট।

শনিবার (৭ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে টিকিট।

আজ সকালে পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।