তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা

ডেস্ক নিউজঃ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক সহনশীলতা বৃদ্ধি এবং বিভেদ সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন।

বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




সামিত সোমের ছবি দিয়ে মাতৃভাষা দিবসে বার্তা দিলো ফিফা

ক্রীড়া ডেস্কঃ আজ ২১ ফেব্রুয়ারি। সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের এই দিনে প্রাণ দিয়েছেন সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ নাম না জানা অনেকে। ক্রীড়াঙ্গন–ও মহান শহীদ ও মাতৃভাষা দিবস বিশেষভাবে পালন করছে। ফিফা বিশ্বকাপের ফেসবুক পেজ থেকে মাতৃভাষা দিবসের বার্তা দেওয়া হয়েছে।

কানাডিয়ান প্রবাসী বাংলাদেশের তারকা ফুটবলার সামিত সোমের ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছে– ‘ভিন্ন ভাষায় একই আবেগ।’ পাশে ফুটবল ও ভালোবাসার ইমোজি দেওয়া হয়েছে।

আর সামিতের ছবিতেও বাংলা ভাষায় লেখা হয়– ‘ফুটবলই আমাদের ভাষা।’ অর্থাৎ, বাংলা ভাষার মাধ্যমে ফুটবলেরও নিজস্ব ভাষা আছে সেটাই স্মরণ করিয়ে দিলো ফিফা। অবশ্য ফিফার ওই পোস্ট দেওয়া হয়েছে প্রাইভেসি ‘কাস্টম’ করে, কেবল বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা সম্ভবত পোস্টটি দেখতে পারবেন।

মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে নিজেদের ফেসবুক পেজে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) লিখেছে, ‘তারুণ্যের নব চেতনায় একুশ রবে সকলের অনুপ্রেরণায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

এছাড়া বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শহীদদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। যাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাতৃভাষার অধিকার, তাদের স্মৃতি চিরদিন বাঙালির হৃদয়ে অম্লান হয়ে থাকবে। শহীদদের রক্তে রাঙানো একুশ আমাদের গৌরব, আমাদের পরিচয়।’




আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড

আন্তর্জাতিক ডেস্কঃ আরব অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির হার সাম্প্রতিক দশকগুলোতে আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৪ সালকে এ অঞ্চলের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে উল্লেখ করেছে ওয়ার্ল্ড মেটোরোলজিকাল অরগানাইজেশন (ডব্লিউএমও)। সংস্থাটির প্রকাশিত স্টেট অব দ্য ক্লাইমেট ইন দ্য আরব রিজিয়ন ২০২৪ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র।

ডব্লিউএমও জানায়, ২০২৪ সালে আরব অঞ্চলের গড় তাপমাত্রা ছিল ১৯৯১ থেকে ২০২০ সময়কালের গড়ের চেয়ে ১ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। উত্তর আফ্রিকা ও নিকটপ্রাচ্যে তাপপ্রবাহের সময়কাল ও তীব্রতা বেড়েছে। কয়েকটি দেশে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনটি ডব্লিউএমও, ইউনাইটেড ন্যাশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া, লিগ অব আরব স্টেটস যৌথভাবে প্রস্তুত করেছে। এতে বলা হয়েছে, বিশ্বের ১৫টি সবচেয়ে পানি স্বল্প দেশের অবস্থান আরব অঞ্চলে। ফলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এখানে আরও গভীর।

ডব্লিউএমওর মহাসচিব সেলেস্টে সাউলো বলেন, তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ হারে বাড়ছে। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ মানবস্বাস্থ্য, পরিবেশ, অর্থনীতির ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। খরা ঘনঘন ও তীব্র হচ্ছে। আবার কিছু দেশে আকস্মিক ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে।

২০২৪ সালে চরম আবহাওয়া প্রায় ৩৮ লাখ মানুষকে প্রভাবিত করেছে এবং ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ১৯৮০ থেকে ১৯৯৯ সময়কালের তুলনায় ২০০০ থেকে ২০১৯ সময়ে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ৮৩ শতাংশ বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরব অঞ্চলের প্রায় ৬০ শতাংশ দেশে বহুমাত্রিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা রয়েছে, যা বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। তবে জীবন ও জীবিকা রক্ষায় এসব ব্যবস্থায় আরও বিনিয়োগ প্রয়োজন বলে মনে করছে ডব্লিউএমও।

পানি সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ লবণাক্ত পানি বিশুদ্ধকরণ, বর্জ্যপানি পুনর্ব্যবহার, বাঁধ নির্মাণ, উন্নত সেচব্যবস্থা সম্প্রসারণে জোর দিচ্ছে।

ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের জলবায়ু পূর্বাভাস সংযুক্ত করে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, উচ্চ নিঃসরণ পরিস্থিতি অব্যাহত থাকলে শতাব্দীর শেষে আরব অঞ্চলে গড় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উপকূলীয় শহরগুলোর জন্য হুমকি হয়ে উঠছে। বৃষ্টিপাত কমে যাওয়ায় খাদ্য উৎপাদন ও পানি নিরাপত্তাও ঝুঁকিতে পড়ছে।

ডব্লিউএমও বলছে, প্রতিবেদনটি নীতিনির্ধারকদের জন্য তাৎপর্যপূর্ণ দিকনির্দেশনা দেবে এবং জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে সহায়তা করবে।

সোর্সঃ ডব্লিউএমও




শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ প্রথমবারের মতো ঢাকায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল ১০টার দিকে কার্যালয়ে যান প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

এর আগে প্রধানমন্ত্রীকে কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন স্বাগত জানান।




স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, এই সপ্তাহেই ঘোষণা

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে পরবর্তী স্পিকার হিসেবে বিএনপির দুই শীর্ষ নেতার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এই পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৬ তারিখের মধ্যেই স্পিকারের নাম চূড়ান্তভাবে ঘোষণা হতে পারে। দলীয় ও সংসদীয় পর্যবেক্ষকদের মতে, জয়নুল আবেদীনের দীর্ঘ আইনি অভিজ্ঞতা ও সাংবিধানিক বিষয়ে গভীর জ্ঞান তাকে এই পদের দৌড়ে এগিয়ে রাখছে। তিনি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংসদীয় অভিজ্ঞতা ও আইনি দক্ষতার সমন্বয়ে তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য মনে করা হচ্ছে।

অন্যদিকে, নরসিংদী-২ আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য ড. আবদুল মঈন খানের নামও সমান গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য মন্ত্রিসভায় স্থান পেলেও প্রবীণ এই নেতা এখনো সরকারের বাইরে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা এবং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার তাকে স্পিকার পদের জন্য অন্যতম দাবিদার করে তুলেছে।

জাতীয় সংসদের স্পিকার পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক দায়িত্ব। সংসদ অধিবেশন পরিচালনা, কার্যপ্রণালী বিধি প্রয়োগ এবং সংসদীয় শৃঙ্খলা বজায় রাখতে এই পদে অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদ পরিচালনায় আইনি ব্যাখ্যা ও বিতর্ক ব্যবস্থাপনায় দক্ষতার বিষয়টিই চূড়ান্ত নির্বাচনে প্রধান বিবেচ্য হতে পারে।

রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে বর্তমানে ভিন্নমুখী আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন, অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবে জয়নুল আবেদীন সংসদ পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন। আবার অনেকের মতে, প্রবীণ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে ড. আবদুল মঈন খান স্পিকার পদে ভালো করবেন। তবে সব কিছুই নির্ভর করছে দলীয় কৌশল ও সংসদীয় সমীকরণের ওপর।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংসদ সদস্যদের ভোটে স্পিকার নির্বাচিত হবেন। সাধারণত বিদায়ী স্পিকারের সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচনের বিধান থাকলেও এবার সেই প্রক্রিয়ায় কিছুটা ব্যতিক্রম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক মহলের দৃষ্টি এখন আগামী ২৬ ফেব্রুয়ারির দিকে, যেদিন নির্ধারিত হবে ত্রয়োদশ সংসদের অভিভাবক কে হচ্ছেন।




দেশের চার বিভাগে ২ দিন বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া ডেস্কঃ দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বিষবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায় শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে রাতের তাপমাত্রা কমতে পারে।




রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ডেস্ক নিউজঃ পবিত্র রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে গ্যাসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানের প্রথম দিন থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সারা দেশের সিএনজি স্টেশন বন্ধ থাকবে। গ্যাসের নিম্নচাপজনিত সমস্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ অগ্রাধিকার দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সড়কপথে বাড়তি যাত্রীচাপ ও জ্বালানির চাহিদা বিবেচনায় এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এছাড়া ২৬ মার্চ থেকে আগের সময়সূচি পুনর্বহাল হবে। সে অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

ডেস্ক নিউজঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান।

এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ নেতারা।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা।




একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা

ডেস্ক নিউজঃ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতিকে সম্মান জানান। এ সময় শহীদ মিনারের বিউগলে করুণ সুর বেজে ওঠে।

এর আগে রাত ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিপরিষদের সদস্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।




একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক নিউজঃ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার রাত ১২টা ৬ মিনিটে তিনি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এরপর ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে বেদিতে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মন্ডলীগণ।

এর আগে, রাত ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।