আর সক্রিয় থাকবে না প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ

ডেস্ক নিউজঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ আর সক্রিয় থাকবে না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) চিফ অ্যাডভাইজার (জিওবি) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ মাস সময়কাল জুড়ে সকলের সহায়তা আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন ও সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান  ও সমৃদ্ধ করেছে।




প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজঃ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাৎগুলোতে প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে তাদের সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা।

সাক্ষাৎকারে প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে আরও দ্রুত অগ্রগতি করবে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথ কাজের প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।




আজ সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথের পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী।

নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগ থেকেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে।

সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয়তলায় ২০১ নম্বর কক্ষটি প্রস্তুত করা হয়েছে নতুন প্রধানমন্ত্রীর জন্য। আর ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন প্রধানমন্ত্রীর ব্যবহৃত প্রসাধনসামগ্রীর বর্ণনা অনুযায়ী প্রসাধনীরও ব্যবস্থা করা হয়েছে।

প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে। আজ বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান।

সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকেল ৩টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক করবেন। বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এজন্য সচিবালয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, নির্বাচনের গেজেটের পরই তুমুল ব্যস্ততা মন্ত্রিপরিষদ বিভাগে। নতুন ভবনের ছয়টি লিফটের সবকটিই ছিল ব্যস্ত। কর্মকর্তারা এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে উঠছেন, নামছেন। সবার হাতেই ফাইল। রেওয়াজ ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয়েছে মন্ত্রিসভার শপথ। আর সেই শপথ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।




রমজানের চাঁদ দেখা কমিটির সভা বুধবার

ডেস্ক নিউজঃ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে বুধবার সন্ধ্যা ৬টায়।  বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া সরাসরি জানাতে নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার থেকে রোজা শুরু হবে। মুসলিম সম্প্রদায় সিয়াম সাধনার মাধ্যমে পবিত্র রমজান মাস পালন করেন।




আশুলিয়ার মরিচকাটা কলতাসূতী এলাকায় রাস্তা ও মসজিদ উদ্বোধন।

মোঃ বশির উদ্দিনঃ আশুলিয়ার মরিচকাটা কলতাসূতী এলাকায় রাস্তা ও মসজিদ উদ্বোধন। ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া ১নং শিমুলিয়া ইউনিয়নের মরিচকাটা কলতাসূতী এলাকায় নবনির্মিত রাস্তা ও মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. শরিফ হোসেন ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. মান্নান। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ওসমান গনি সাগর, ভারারিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. আদিল এবং শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন।
স্থানীয় যুবসমাজের পক্ষ থেকে মো. আসাদুল ইসলাম মুকুল ও মো. বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি ও মুসল্লিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্থানীয়রা বলেন, একটি এলাকার উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্মিত এ রাস্তা স্থানীয়দের চলাচল সহজ করবে এবং মসজিদটি এলাকাবাসীর ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।
উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এলাকাবাসী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।



বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজঃ দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বিকাল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করেন।

এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভূমিধস জয় পায় বিএনপি। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে।

আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফল ঘোষণা করা হয়নি। আর একজন প্রার্থীর মৃত্যুজনিতকারণে একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।




যথা সময়ে উপস্থিত হতে না পারায় ১১ দলীয় জোটের সঙ্গে শপথ নিলেন ইশরাক

ডেস্ক নিউজঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন।

জানা গেছে, ইশরাক হোসেন যথা সময়ে সংসদ ভবনে উপস্থিত না হতে পারায় তিনি ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন। তবে তিনি সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেননি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর জাতীয় সংসদ ভবনে ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আবদুল মান্নানকে ২৩ হাজার ১৫৩ ভোটে পরাজিত করেন।




শপথ নিলেন জামায়াতে ইসলামীর নির্বাচিত সদস্যরা

ডেস্ক নিউজঃ বিএনপির নবনির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুর ১২টা ২৩ মিনিটে জামায়াতের নবনির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। আর দুপুর ১২টা ২৭ মিনিটে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়। জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের পৃথকভাবে এই দুই শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন।

এর আগে, আজ সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের নবনির্বাচিতরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।




পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড. খলিলুর রহমান

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ড. খলিলুর রহমান ১৯৭৯ সালে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং তার কর্মজীবনের শুরুতে দক্ষিণ এশিয়া বিভাগ এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার সকালে প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান সিইসি। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্যসহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন।

উল্লেখ্য, আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।




স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ মির্জা ফখরুল ইসলাম আলামগীর। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মির্জা ফখরুল অষ্টম জাতীয় সংসদে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান সিইসি। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্যসহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন।

উল্লেখ্য, আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।