সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু

নিজস্ব প্রতিবেদকঃ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির পূর্ণাঙ্গ উন্মোচনের আগেই বাংলাদেশের ক্রেতাদের জন্য মোবাইল ইমেজিংয়ের ভবিষ্যৎ অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে অপো। অপো বাংলাদেশ আজ তাদের বহুল প্রতীক্ষিত রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার ঘোষণা করেছে, যা ক্রেতাদের অফিসিয়াল লঞ্চের আগেই রেনো সিরিজের নতুন উদ্ভাবন লুফে নেওয়ার সুযোগ দিচ্ছে।
স্মার্টফোন ফটোগ্রাফি এবং নান্দনিক ডিজাইনের জন্য সুপরিচিত অপো রেনো সিরিজ বরাবরই সৃজনশীলতার সীমানাকে অতিক্রম করে গেছে। রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে অপো আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে, যেখানে ইন্টেলিজেন্ট ইমেজিং, উন্নত পোর্ট্রেট আর্ট এবং শক্তিশালী ভিডিও পারফরম্যান্সকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও ডিভাইসের স্পেসিফিকেশন ও ডিজাইন এখনো গোপন রাখা হয়েছে; তবে, এই ফোনের সৃজনশীল সক্ষমতার চারটি প্রধান ইমেজিং উদ্ভাবন সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছে অপো।
এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা কেবল মুখ নয়, বরং একটি ফ্রেমের মধ্যে আপনার চারপাশ এবং প্রতিটি মুহূর্তের গল্প নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। এর বিস্তৃত ফিল্ড অব ভিউ এবং হাই রেজ্যুলেশন কোনো আপস ছাড়াই আরও বেশি মানুষ এবং দৃশ্যকে ফ্রেমের ভেতর জায়গা দিতে সক্ষম। গ্রুপ সেলফি থেকে শুরু করে ভ্রমণের রোমাঞ্চকর মুহূর্ত, সবই এখন হবে আরও জীবন্ত।
এর সাথে রয়েছে ৩.৫এক্স টেলিফটো ভাইব পোর্ট্রেট, যা সাধারণ পোর্ট্রেটকেও শৈল্পিক রূপ দেয়। উন্নত ডেপথ এবং সিনেম্যাটিক ফ্রেমিংয়ের মাধ্যমে এটি এমন সব পোর্ট্রেট ক্যাপচার করে যা দেখতে প্রফেশনাল এবং বেশ নান্দনিক। ফলে ব্যবহারকারীরা যেকোনো সাধারণ মুহূর্তকে অনায়াসে একটি গল্পের মতো করে ফ্রেমবন্দি করতে সক্ষম হবেন।
ফটোগ্রাফিকে আরও নিখুঁত করতে যোগ করা হয়েছে এআই পোর্ট্রেট গ্লো। এটি অপোর একটি ইন্টেলিজেন্ট বিউটি অ্যান্ড লাইটিং অ্যালগরিদম যা স্কিন টোন এবং পারিপার্শ্বিক আলোর মধ্যে ভারসাম্য বজায় রাখে। কৃত্রিমতা ছাড়াই প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা এর মূল লক্ষ্য। ফলে দিনের প্রখর আলো হোক বা স্বল্প আলো, প্রতিটি পোর্ট্রেট দেখাবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
ভিডিও নির্মাতাদের জন্য রেনো১৫ সিরিজ ফাইভজি নিয়ে এসেছে ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও। এটি হাই রেজ্যুলেশনের এইচডিআর ভিজ্যুয়ালের সাথে উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সমন্বয়। ফলে ভিডিও করার সময় ফোন নড়াচড়া করলে অথবা, প্রতিকূল আলোতে ভিডিও করলেও ফুটেজ হবে একদম স্পষ্ট ও ঝকঝকে। ট্রাভেল ভ্লগ থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্তগুলো এখন থেকে সিনেমার মতো নিখুঁতভাবে ধারণ করা সম্ভব।
অফিসিয়াল লঞ্চের আগে এই সীমিত সময়ের প্রি-অর্ডারে থাকছে বিশেষ সব উপহার। যারা অপো রেনো১৫ সিরিজ ফাইভজি প্রি-অর্ডার করবেন, তারা নিশ্চিত উপহার হিসেবে পাবেন এক জোড়া টিডব্লিউএস ইয়ারবাডস। পাশাপাশি থাকছে ২,০০০ টাকা পর্যন্ত গোজায়ান ট্রাভেল কুপন।
ডিভাইসটি কেনা সহজ করতে অপো ১৪টি নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা দিচ্ছে। এছাড়া, টপপে’র মাধ্যমে মাসিক মাত্র ২,৮১৫ টাকায় ৯ মাসের কিস্তি সুবিধাও রয়েছে এতে।
ক্রেতাদের মানসিক প্রশান্তি নিশ্চিত করতে প্রি-অর্ডারের সাথে থাকছে ১,২৯৯ টাকা মূল্যের ১ বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন প্ল্যান এবং ৭৯৯ টাকা মূল্যের অতিরিক্ত ১ বছরের ওয়ারেন্টি সুবিধা, যা নির্ভরযোগ্যতার প্রতি অপোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এছাড়াও প্রি-অর্ডারের ক্রেতারা অপোর ‘নিউ ইয়ার মেগা লটারি অফারে’ অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রি-অর্ডারের অভিজ্ঞতা আরও প্রাণবন্ত করতে এই লটারিতে থাকছে অপো এনকো বাডস৩ প্রো, একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার, একটি মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, অপো ওয়াচ এক্স২ এবং রুম হিটারের মতো আকর্ষণীয় সব পুরস্কার।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে আমরা এমন একটি ডিভাইস নিয়ে আসছি যা নান্দনিক উদ্ভাবন এবং ইমেজিং উৎকর্ষের প্রতি অপোর নিরন্তর প্রচেষ্টাকে প্রতিফলিত করে। এই প্রি-অর্ডার আমাদের ব্যবহারকারীদের শুরুতেই এই যাত্রার অংশ হওয়ার সুযোগ করে দিচ্ছে; আগামীতে যা আসছে তার সাথে এখনই তাদের আস্থাশীল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার সুযোগ করে দিচ্ছে।”
দেশজুড়ে অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার এখন সীমিত সময়ের জন্য উন্মুক্ত। খুব শীঘ্রই একটি অফিসিয়াল আয়োজনের মধ্য দিয়ে এর ডিজাইন, পারফরম্যান্স এবং অন্যান্য উদ্ভাবনগুলো বিস্তারিতভাবে প্রকাশ করা হবে। যারা আগামীর প্রযুক্তি আজই পেতে চান, তাদের জন্য রেনো১৫ সিরিজ ফাইভজি হতে পারে সেরা পছন্দ।



ভান্ডারিয়ায় অটো গাড়ি চোর চক্র গ্রেফতার, চোরাই অটো উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃ ভান্ডারিয়ায় ব্যাটারি চালিত অটো গাড়ি চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া অটো গাড়ি (কেটে ফেলা অবস্থায়) ও ব্যাটারি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিঃ ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা সাইফুল আলম শিকদার (৩৮), পিতা- ফারুক শিকদার, মাতা- সাহেরা বেগমের ব্যাটারি চালিত অটো গাড়িটি চুরি হয়। বিষয়টি তিনি গতকাল রাতে ভান্ডারিয়া থানায় অবগত করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।
অভিযানে প্রথমে অটো চুরির সাথে সরাসরি জড়িত মোঃ রায়হান জোমাদ্দার (২২)-কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভান্ডারিয়া থানাধীন মহিলা কলেজ এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ব্যাটারিসহ চুরি করা অটো গাড়ি উদ্ধার করা হয়, যা পরবর্তীতে কেটে ফেলা হয়েছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১) মোঃ রায়হান জোমাদ্দার (২২), পিতা- মোঃ সালাম জোমাদ্দার, সাং- বড় কানুয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর। (অটো ড্রাইভার ও চোর)
২) সুমন সিকদার (৪৫), পিতা- মৃত সোহরাফ সিকদার, সাং- নিজ ভান্ডারিয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর।
৩) মোঃ নুরুল ইসলাম (৫৫), পিতা- মৃত সুলতান খা, সাং- নিজ ভান্ডারিয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর।
৪) মোঃ বক্কার হোসেন (৩২), পিতা- মোঃ শহিদ জোড়ামানিক, সাং- কল্যাণপুর, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া; এ/পি- নিজ ভান্ডারিয়া, ৩নং ওয়ার্ড। (ভাঙারির দোকানদার)
৫) মোঃ শিপন ইসলাম (৩২), পিতা- মৃত আমজাদ সরদার, সাং- কল্যাণপুর, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া; এ/পি- নিজ ভান্ডারিয়া, ৫নং ওয়ার্ড। (ভাঙারির দোকানদার)
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।



পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা অভিযান চালিয়ে  হারিয়ে যাওয়া ২২ টি মোবাইল ফোন সেট, বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার করেছে। সোমবার (১২ জানুয়ারি)  বেলা ১২টার দিকে উদ্ধারকৃত মোবাইল ফোন সেট ও বিকাশ প্রতারণার অর্থ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো: জিয়াউর রহমান  এর তদারকীতে জেলার আইসিটি এন্ড মিডিয়া শাখার তৎপরতায় এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।

পিরোজপুর জেলার বিভিন্ন থানার হারানো মোবাইল, বিকাশ প্রতারণা জিডিসমুহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা হতে ২২ টি হারানো বিভিন্ন ব্রান্ডের এনড্রয়েড মোবাইল ফোন সেট ও বিকাশ প্রতারনার ১৮ হাজার  টাকা উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা তাদের মোবাইল, প্রতারণার টাকা ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন,  পুলিশের আইসিটি এন্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার এ এরকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যহত থাকবে। জেলা পুলিশ ইতোপূর্বেও এরকম উদ্ধারজনিত কাজ করে সবসময় জনগনের পাশে অবস্থান করছে।




দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজঃ রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন। ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক এ সম্মেলনটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শুরু হওয়া সম্মেলনটি চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বাংলাদেশসহ সার্কভুক্ত দেশের ইউজিসি ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষক, কূটনীতিকরা উপস্থিত আছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

ইউজিসি জানায়, দেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় উন্নীত করা এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তিন দিনব্যাপী এই সম্মেলনে মোট আটটি সেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনে ‘দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, সুশাসন ও গুণগতমান এবং অন্তর্ভুক্তি’ এবং ‘গবেষণা, উদ্ভাবন, স্থায়িত্ব এবং সামাজিক সম্পৃক্ততা’ শীর্ষক দুটি সেশন থাকবে।

দ্বিতীয় দিনের আলোচনায় গুরুত্ব পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বয়, ডিজিটাল রূপান্তর এবং স্মার্ট লার্নিং ইকোসিস্টেম, ‘গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান বৃদ্ধি এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’, ‘উচ্চশিক্ষার ভবিষ্যৎ পথরেখা: সহযোগিতা, সহমর্মিতা এবং নেটওয়ার্কিং’, ‘উচ্চশিক্ষা রূপান্তরে অংশীজনদের সংলাপ: সুশীল সমাজের কণ্ঠস্বর’ এবং ‘উপাচার্যদের সঙ্গে সংলাপ: হিট প্রকল্পের প্রেক্ষাপট’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের শেষ দিনে ‘উচ্চশিক্ষায় জেন্ডার ইস্যু’ নিয়ে আলোচনা শেষে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ বা ঢাকা ঘোষণার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটবে বলে জানায় ইউজিসি।




নওগাঁ এলজিইডিতে টেন্ডার নিয়ে ভয় ও চাপের অভিযোগ, কেন্দ্রবিন্দুতে প্রকৌশলী মনিরুজ্জামান

এসএম বদরুল আলমঃ নওগাঁ জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে টেন্ডার পরিচালনা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। একাধিক ঠিকাদার সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ওই কর্মকর্তা নওগাঁ এলজিইডিতে যোগদানের পর থেকেই টেন্ডার সংক্রান্ত প্রায় সব সিদ্ধান্ত নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন।

ঠিকাদারদের অভিযোগ, নিয়ম মেনে কাজ করা হলেও নানা অজুহাতে তাদের ফাইল আটকে রাখা হয়, বিল ছাড় দিতে অযথা দেরি করা হয় এবং কাজের মান নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন তুলে মানসিক ও আর্থিক চাপে ফেলা হয়। অনেক ক্ষেত্রে এসব চাপের মাধ্যমে তাদের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী ঠিকাদারদের দাবি, টেন্ডার পাওয়ার পর কিংবা কাজ চলমান অবস্থায় ৫ শতাংশ থেকে শুরু করে কখনো কখনো ২৫ শতাংশ পর্যন্ত অঘোষিত কমিশন দিতে বাধ্য করা হয়। কেউ কমিশনের পরিমাণ নিয়ে আপত্তি তুললে তার কাজ বাতিলের হুমকি, ভবিষ্যতে টেন্ডার না পাওয়ার ভয় এবং প্রশাসনিক জটিলতায় ফেলে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করা হয়। এসব কারণে অনেক ঠিকাদার প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন।

এলজিইডি কার্যালয় ও আশপাশের এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, একজন সরকারি কর্মকর্তা হিসেবে মো. মনিরুজ্জামান নির্দিষ্ট কয়েকজন ঠিকাদারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কাজ বণ্টনে প্রভাব বিস্তার করছেন—এমন অভিযোগ দীর্ঘদিনের। এর ফলে যোগ্য ও অভিজ্ঞ অনেক ঠিকাদার নিয়মিত কাজ থেকে বঞ্চিত হচ্ছেন, যা নওগাঁ জেলার উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অভিযোগকারীদের আরও বক্তব্য, সংশ্লিষ্ট প্রকৌশলী বিভিন্ন সময় নিজের রাজনৈতিক পরিচয় ও প্রভাবের কথা উল্লেখ করে নিজেকে প্রশ্নের ঊর্ধ্বে তুলে ধরেন। এতে সাধারণ ঠিকাদারদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হয় এবং তারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না। দীর্ঘদিন ধরে এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে জেলার উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, গুণগত মান এবং জবাবদিহিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদাররা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এলজিইডি সদর দপ্তর এবং দুর্নীতি দমন কমিশনের কাছে নিরপেক্ষ তদন্ত, অভিযোগ যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশা, সঠিক তদন্ত হলে প্রকৃত চিত্র সামনে আসবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান কোনো ব্যাখ্যা না দিয়ে অভিযোগগুলোকে ভুয়া ও অসত্য বলে উড়িয়ে দেন।




আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

ডেস্ক নিউজঃ দেশের তিন জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন: ২০২৫-২৬ অর্থবছরের ২ লাখ কোটি টাকা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।




এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

ডেস্ক নিউজঃ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ যার সঙ্গে তার ও তার স্ত্রীর অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে।

ওয়াশিংটন থেকে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ডাও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

ঢাকায় পৌঁছে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন,

এর আগে, গত ৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে তিনি শপথ নেন। মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাঁকে শপথবাক্য পাঠ করান। মার্কিন সিনেট গত ১৮ ডিসেম্বর ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে তাঁর নিয়োগ অনুমোদন করে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ পেশাদার কূটনীতিক। ঢাকায় আসার আগে তিনি আর্মস কন্ট্রোল ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করেন। এই দায়িত্বে তিনি নিরাপত্তা সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং অস্ত্র বিস্তার রোধসংক্রান্ত বৈশ্বিক কার্যক্রম তদারক করেন।

এর আগে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ফিলিপাইন, ভিয়েতনাম ও এল সালভাদরে মার্কিন মিশনেও কাজ করেছেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজ থেকে জাতীয় নিরাপত্তা কৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর এবং রাইস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি লাভ করেন।




নির্বাচন ডাকাতি আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজঃ নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে, সেই ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন গ্রহণ করার পর এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ভোট ডাকাতির কথা শুনেছিলাম, কিছু কিছু জানতাম। কিন্তু এত নির্লজ্জভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে সিস্টেমকে দুমড়ে মুচড়ে ফেলে নিজেদের মনের মতো একটা কাগজে রায় লিখে দিয়েছে, এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার। পুরো রেকর্ড থাকা দরকার।’

ড. ইউনূস আরও বলেন, ‘দেশের টাকা খরচ করে, মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে পুরো জাতিকেই শাস্তি দেওয়া হয়েছে। এ দেশের মানুষ অসহায়ের মতো তাকিয়ে ছিল। কিছু করতে পারেনি। এ দেশের জনগণ যেন কিছুটা হলেও স্বস্তি পায় সেজন্য যারা যারা জড়িত ছিল তাদের চেহারাগুলো সামনে নিয়ে আসতে হবে। কারা করলো, কীভাবে করলো, সেটা জানতে হবে। নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে।’

তদন্ত প্রতিবেদনে কমিশন জানায়, ২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং অবশিষ্ট ১৪৭টিতে ‘প্রতিদ্বন্দ্বিতা’র নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৪ সালের নির্বাচন সারা বিশ্বে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হিসেবে সমালোচিত হওয়ায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ২০১৮ সালের নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বিতামূলক’ করার মিশন গ্রহণ করে। বিএনপিসহ অন্যান্য বিরোধী দল তাদের এ সুদূরপ্রসারী পরিকল্পনা বুঝতে না পেরে নির্বাচনে অংশগ্রহণ করে।

২০১৮ সালে ৮০ শতাংশ কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয়। প্রশাসনের মধ্যে অসৎ প্রতিদ্বন্দ্বিতার কারণে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার ১০০ শতাংশের বেশি হয়ে যায় বলে তদন্তে উঠে এসেছে। এছাড়া ২০২৪ সালের নির্বাচনে বিএনপিসহ বিরোধী দল অংশ না নেওয়ায় ‘ডামি’ প্রার্থী দিয়ে নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বিতামূলক’ করার অপকৌশল গ্রহণ করা হয়।

প্রতিবেদনে উঠে এসেছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়। কিছু কর্মকর্তার সমন্বয়ে বিশেষ ‘নির্বাচন সেল’ গঠিত হয়।

প্রতিবেদনে কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কমিশনের সদস্যরা। এতে উপস্থিত ছিলেন কমিশন প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন, কমিশন সদস্য শামীম আল মামুন, কাজী মাহফুজুল হক সুপণ, ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন ও ড. মোঃ আব্দুল আলীম।

এছাড়া আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




জাপানি বিনিয়োগ ও আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজঃ বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরো বেশি বাংলাদেশি কর্মীকে জাপানে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে চায়।

রবিবার (১১ জানুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান তিনি।

সাক্ষাতে আকিয়ে আবে বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অধ্যাপক ইউনূসের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে বিনিয়োগ, সামুদ্রিক গবেষণা এবং জাপানে পরিচর্যাকারী ও নার্স নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দ্রুত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে জাপানে এসব পেশায় জনবলের চাহিদা বাড়ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

সামুদ্রিক দূষণ রোধে সহযোগিতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন আকিয়ে আবে। তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে যেন আবর্জনা না ফেলা হয়, তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। ভবিষ্যতে এ নিয়ে কিছু করতে পারব বলে আমি আশাবাদী।’ একই সঙ্গে তিনি সমুদ্র দূষণের ক্ষতিকর দিক নিয়ে জনগণকে সচেতন করতে বড় পরিসরে প্রচারণার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা জাপানি প্রতিনিধিদলকে জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব ছাড়ার পর মার্চের তৃতীয় সপ্তাহে তিনি টোকিও সফরের পরিকল্পনা করছেন। সেখানে তিনি জাপানের খ্যাতনামা সাসাকাওয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথ সামুদ্রিক গবেষণা উদ্যোগে অংশ নেবেন।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সাসাকাওয়া ফাউন্ডেশন চট্টগ্রাম উপকূলে মহেশখালী-মাতারবাড়ী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরেরও পরিকল্পনা করেছে। এই চুক্তির আওতায় উপকূলীয় এলাকায় তিনটি আদর্শ মৎস্যগ্রাম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

অধ্যাপক ইউনূস বলেন, জাপানে কর্মসংস্থানের জন্য হাজার হাজার নার্স ও কেয়ারগিভারকে প্রশিক্ষণের কার্যক্রম জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি এ উদ্যোগকে সহায়তা করতে জাপানি ভাষা প্রশিক্ষণ কর্মসূচিও সম্প্রসারণ করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে অন্তত এক লাখ বাংলাদেশি কর্মীকে জাপানে পাঠাতে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে ইতোমধ্যে চুক্তি হয়েছে। কর্মী নিয়োগের এই সংখ্যা আরো বাড়াতে আকিয়ে আবে ও জাপানি প্রতিনিধিদলের সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে জাপানের শীর্ষ বায়োফুয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউগ্লেনার প্রতিষ্ঠাতা মিৎসুরু ইজুমোও সামাজিক ব্যবসাসহ বাংলাদেশের বিভিন্ন উদ্যোগে সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন শেষে তিনি তাঁর আগের কাজে ফিরে যাবেন বলেও জানান।

তিনি পুনরায় স্পষ্ট করেন, ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়া কিংবা কোনো সরকারি বা রাষ্ট্রীয় পদে থাকার কোনো ইচ্ছা তাঁর নেই। বরং মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং ‘থ্রি জিরো’-শূন্য বেকারত্ব, শূন্য নিট কার্বন নিঃসরণ ও শূন্য সম্পদ কেন্দ্রীকরণ-এই ধারণা বাস্তবায়নেই তিনি কাজ করতে চান।

বৈঠকে এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।




গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফটোকার্ড প্রকাশ

ডেস্ক নিউজঃ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার প্রকাশিত ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়। এতে লেখা রয়েছে-‘গণভোটের ‘হ্যাঁ’-তে সিল দিন, ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন।’

প্রেস উইং জানিয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মোট আটটি ফটোকার্ড প্রকাশ করা হবে।

এ উদ্যোগের লক্ষ্য হলো গণভোটের বিষয়ে জনগণকে সচেতন এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।

এদিকে, গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এসব কর্মসূচির আওতায় মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোটের বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি করা যায়।