বদলি ও নিয়োগে কোটি টাকার অভিযোগ: প্রশ্নের মুখে ওয়াসা প্রশাসন

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা ওয়াসার ভেতরে আবারও বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে আছেন সংস্থাটির উপ-সচিব (প্রশাসন-১) নুরুজ্জামান মিয়াজী। ওয়াসা সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, বদলি ও নিয়োগকে হাতিয়ার করে তিনি দীর্ঘদিন ধরে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। অভিযোগ অনুযায়ী, ক্ষমতাসীনদের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় প্রভাব বিস্তার করতেন এবং নিজের অবস্থান শক্ত করতেন।

নুরুজ্জামান মিয়াজীর বিরুদ্ধে আগেও দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল। একসময় ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে চাকরি থেকে বরখাস্তও হয়েছিলেন তিনি। তবে তখন তিনি নিজেকে ছাত্রলীগের নেতা ও কুমিল্লার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের মাধ্যমে পুনরায় চাকরিতে ফিরে আসেন বলে অভিযোগ রয়েছে। সেই সময় থেকেই ওয়াসার ভেতরে তার প্রভাব বাড়তে থাকে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ওয়াসায় শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ২০২৪ সালের ৬ ডিসেম্বর তাকে প্রশাসন বিভাগ-২ থেকে সরিয়ে শ্রম ও কল্যাণ বিভাগে বদলি করা হয়। এই বিভাগটি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, ওয়াসার বিএনপিপন্থী কর্মচারী ইউনিয়নের সভাপতি আজিজুল আলম খান (অবসরপ্রাপ্ত) এবং সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারির সহযোগিতায় তিনি অল্প সময়ের মধ্যেই আবার প্রশাসন-১ বিভাগে ফিরে আসেন।

পুনরায় গুরুত্বপূর্ণ পদে বসার পর নুরুজ্জামান মিয়াজী আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ। সেই সময় ওয়াসায় সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তার পদ দীর্ঘদিন শূন্য থাকায় পরিস্থিতির সুযোগ নেন তিনি। আউটসোর্সিং কর্মচারীদের বদলি এবং নতুন নিয়োগকে কেন্দ্র করে একটি শক্তিশালী চক্র গড়ে ওঠে। এই চক্রের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

দুর্নীতি দমন কমিশনে ৩০ ডিসেম্বর দায়ের করা একটি অভিযোগে বলা হয়, সম্প্রতি প্রায় দুই শত আউটসোর্সিং কর্মচারীর বদলি এবং চল্লিশ জন বিলিং সহকারী নিয়োগ দেওয়া হয়। এসব প্রক্রিয়ার তালিকা তৈরি থেকে শুরু করে চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত নুরুজ্জামান মিয়াজী, আজিজুল আলম খান এবং মনির হোসেন পাটোয়ারি সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই নিয়োগ ও বদলির মাধ্যমে এক কোটিরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হয়।

ওয়াসার ভেতরে কর্মচারী ও ঠিকাদারদের কাছে নুরুজ্জামান মিয়াজীকে ‘মূর্তিমান আতঙ্ক’ হিসেবে বর্ণনা করা হয় অভিযোগপত্রে। বলা হয়েছে, তার সিদ্ধান্তের বাইরে কেউ গেলে বদলি, হয়রানি কিংবা চাকরি হারানোর ভয় দেখানো হতো। এমনকি তার নিজের নিয়োগ নিয়েও প্রশ্ন রয়েছে। অভিযোগ অনুযায়ী, নিয়োগ পরীক্ষায় নবম স্থান অর্জন করলেও প্রায় ১৪ লাখ টাকা ঘুষ দিয়ে তিনি এই পদে আসীন হন।

এছাড়া ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও নুরুজ্জামান মিয়াজীর নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তাকসিম এ খানের সময়ে নিয়োগ, বদলি ও পদোন্নতির মাধ্যমে যে দুর্নীতির সাম্রাজ্য গড়ে ওঠে, তার অন্যতম সুবিধাভোগী ছিলেন তিনি। এই প্রক্রিয়ায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।

অভিযোগে আরও বলা হয়, দুর্নীতির টাকায় নুরুজ্জামান মিয়াজী বর্তমানে প্লট, ফ্ল্যাট ও বাড়িসহ বিপুল সম্পদের মালিক। তার এসব সম্পদ ঘোষিত আয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। দুর্নীতি দমন কমিশন সঠিকভাবে তদন্ত করলে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক পরিচয় নিয়েও রয়েছে নানা অভিযোগ। আওয়ামী লীগের শাসনামলে তিনি নিজেকে ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে পরিচয় দিতেন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার কথা প্রচার করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিয়মিত পোস্ট দিতেন বলেও অভিযোগ রয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যও তিনি দিয়েছেন বলে দাবি করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নুরুজ্জামান মিয়াজী। তার দাবি, বদলি ও নিয়োগের বিষয়টি সত্য হলেও সংখ্যা কম। এসব সিদ্ধান্ত এমডির দপ্তর থেকে পাঠানো তালিকা অনুযায়ী হয়েছে, এতে তার ব্যক্তিগত কোনো ভূমিকা নেই। রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগও তিনি অস্বীকার করে বলেন, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।

এ বিষয়ে ওয়াসার প্রধান প্রকৌশলী শওকত মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।




আশুলিয়ায় বৈদ্যুতিক গ্রীডের ক্যাপাসিটর ব্যাংকে আগুন

সিনিয়ার ক্রাইম রিপোর্টার মোঃ বশির উদ্দিন, আশুলিয়া (ঢাকা): শিল্পাঞ্চল আশুলিয়ার কবিরপুরে বৈদ্যুতিক গ্রীডের ক্যাপাসিটর ব্যাংকে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ারসার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার কবিরপুর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ক্যাপাসিটর ব্যাংক ভবনের ভেতরে আগুনের এই ঘটনা ঘটে।
ফায়ারসার্ভিসের তথ্য মতে, ক্যাপাসিটর ব্যাংকের একতলা ভবনের ভেতরে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ারসার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিস থেকে দুটি এবং কালিয়াকৈর ফায়ারসার্ভিস থেকে দুটি সহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজে যোগ দেন। পরে প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ারসার্ভিস। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ারসার্ভিস।
কবিরপুর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ইনচার্জ সহকারী প্রকৌশলী মো: নাজিম উদ্দিন জানান, আড়াইটার দিকে ক্যাপাসিটর ব্যাংক ভবনের ভেতরে শব্দ শুনতে পাওয়া যায়। পরক্ষণেই ধোয়া দেখে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং ফায়ারসার্ভিসে খবর দেয়া হয়। পরে ভেতরে গিয়া দেখি ক্যাপাসিটর কক্ষের একটি রি-এক্টরে আগুন ধরেছে। এতে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে নির্দিষ্ট করে বলতে পারেননি এই কর্মকর্তা। তবে শুধুমাত্র ক্যাপাসিটর ব্যাংকের চারটা রি-এক্টরের মধ্যে শুধুমাত্র একটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
ফায়ারসার্ভিস জোন-৪ এর উপ-সহকারী পরিচালক মো: হাফিজুর রহমান জানান, খবর পেয়ে চারটা ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে পরে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।



আজিজুর রহমান মুছাব্বির হত্যার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

জহুরুল হক জনি, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের মিশনমোড়ের অস্থায়ী দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল হক আসাদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মানিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাইদুল ইসলাম, সদস্যসচিব নাজমুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কল্লোল এবং আদিতমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রনি।

বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।




পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন-২০২৬ এ- এস. এম. রেজাউল ইসলাম শামীম (দৈনিক আমার দেশ) সভাপতি ও এস. এম. তানভীর আহমেদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টিভি) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকালে প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা শেষে নির্বাচন অনুষ্ঠান পর্বে অন্য কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
জেলা প্রশাসকের নিয়োগকৃত নির্বাচন কমিশনার ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ইকবাল করিম এ দায়িত্ব পালন করেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যসব পদের প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি খেলাফত হেসেন খসরু (দৈনিক পিরোজপুরের কথা) ও শেখ মো. রশিদ আল মুনান (এনটিভি), যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ কুমার শুভ রায় (বাংলাভিশন), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক মো. তামিম সরদার (ইনডিপেনডেন্ট টিভি ও দৈনিক আজকের পত্রিকা), সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক কবির হোসাইন (দিপ্ত টিভি), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোঃ জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী)।

নির্বাহী সদস্য মাহামুদ হোসেন (ইউএনবি), এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), আরিফ মোস্তফা (দৈনিক বনিক বার্তা ও বাংলা ট্রিবিউন), ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল ও চ্যানেল আই), জহিরুল হক টিটু (দৈনিক যায়যায় দিন ও নিউ নেশন), খালিদ আবু (আমাদের সময়), মাহামুদুর রহমান মাসুদ (দৈনিক মানবজমিন), ওয়াহি হাসন বাবু (ইনকিলাব) ও কে এম হাবিবুর রহমান (ডেইলী স্টার ও ডিবিসি টিভি)।

উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রতিষ্ঠার পর থেকে পিরোজপুর প্রেসক্লাব ঐতিহ্যের সাথে একটি অন্যতম সামাজিক সংগঠন হিসেবে ধারাবাহিকতা রক্ষা করে আসছে।




জেলা প্রেসক্লাব, পটুয়াখালী শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতাঃ না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক জাহিদ রিপন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১০(জানুয়ারি) রোজ শনিবার আছর বাদ জেলা প্রেসক্লাব, পটুয়াখালী ফায়ার সার্ভিস রোড, অস্থায়ী কার্যালয় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷
জানা যায়, সাংবাদিক জাহিদ রিপন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বুধবার রাতে কলাপাড়া পৌর শহরের নিজ বাসভবনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার জুমার নামাজ শেষে কলাপাড়া পৌর কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে ।
জাহিদ রিপন এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তর-এর পটুয়াখালী উপকূল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছিলেন।
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি ছিলেন আপসহীন, যা সহকর্মী ও নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
এছাড়াও কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামসহ উপজেলার সকল সাংবাদিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন বিশ্বাস এর সঞ্চালনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আয়োজিত এই মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



ইন্দোনেশিয়ার তালাউড দ্বীপপুঞ্জে ৬.৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপপুঞ্জের উপকূলে এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান জিওসাইন্স রিসার্চ সেন্টার (জিএফজি) জানিয়েছে, শনিবার (১০ জানুয়ারি) এই ভূমিকম্পটি অনুভূত হয় এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর কেন্দ্রস্থল ছিল প্রায় ৭৭ কিলোমিটার গভীরে।

স্থানীয় ভূতাত্ত্বিক সংস্থা ‍বিকেএমজি জানায়, তারা ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে, যার গভীরতা মাত্র ১৭ কিলোমিটার।

বিকেএমজি আরও জানায়, ভূমিকম্পের পর কয়েকটি ছোট কম্পনও অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্প সুনামি সৃষ্টির সম্ভাবনা নেই।

জানা গেছে, উত্তর সুলাওয়েসির প্রান্তে অবস্থিত মানাডো শহরে অনেকেই ভূমিকম্পটি অনুভব করেছেন। তবে কোনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়া অবস্থিত ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’ অঞ্চলে একাধিক টেকটনিক প্লেট মিলিত হয়, সেখানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।

সূত্র : রয়টার্স




ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ (গুরুত্বের সঙ্গে) ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (১১ জানুয়ারি) সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানে কীভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তবে হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন।

সংবাদমাধ্যমটিকে নাম গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে কোথায় কিভাবে হামলা চালাতে পারে সে ব্যাপারে একাধিক পরিকল্পনা দেওয়া হয়েছে। এরমধ্যে বেসামরিক স্থাপনার ওপর হামলার পরিকল্পনাও রয়েছে।

এরআগে আরেক সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছিল, ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে।

ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী।

গত বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হওয়ার পর শুক্রবার রাতেও রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ। এছাড়া শনিবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে।

তবে গতকাল শুক্রবার রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলির ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম বিবিসিকে তিনটি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, তাদের হাসপাতালগুলো নিহত ও আহতে মানুষে উপচে পড়েছে।

তেহরান হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন তরুণদের মাথা লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়েছে। এছাড়া অনেকের হার্টেও গুলি করা হয়েছে।

একটি চক্ষু হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, তাদের হাসপাতালে এত বেশি রোগী আসছিল যে তারা ক্রাইসিস মুডে চলে গেছেন। হতাহতের চিকিৎসা দিয়ে তারা কুলিয়ে উঠতে পারছিলেন না।

বিক্ষোভকারীদের পাশপাশি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন। এখন পর্যন্ত এ সংখ্যা ১৪ জন বলে জানা গেছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস, ওয়ালস্ট্রিট জার্নাল




বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ টানা দুই সপ্তাহের ব্যাপক বিক্ষোভের মধ্যে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ সতর্ক করে বলেছেন, যারা বিক্ষোভে অংশ নেবেন, তাদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে গণ্য করা হবে। ইরানের আইনে এ অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ড।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, এমনকি যারা ‘দাঙ্গাকারীদের সহায়তা করেছেন’, তারাও একই অভিযোগের মুখোমুখি হবেন।

ইরানের দণ্ডবিধির ১৮৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো গোষ্ঠী বা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে জড়ায়, তাহলে যারা জেনে-বুঝে সেই গোষ্ঠীর উদ্দেশ্যে সহায়তা করে, তারাও ‘মোহারেব’ বা ‘আল্লাহর শত্রু’ হিসেবে বিবেচিত হতে পারেন—এমনকি তারা নিজেরা সরাসরি সশস্ত্র কর্মকাণ্ডে অংশ না নিলেও।

দণ্ডবিধির ১৯০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ‘মোহারেব’-এর শাস্তি অত্যন্ত কঠোর। এর মধ্যে রয়েছে মৃত্যুদণ্ড, ফাঁসি, ডান হাত ও বাঁ পা কেটে ফেলা অথবা স্থায়ীভাবে দেশের অভ্যন্তরে নির্বাসন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা উপেক্ষা করে নেওয়া এই কঠোর অবস্থানের বিষয়ে বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রপক্ষকে অবশ্যই সতর্কতার সঙ্গে এবং বিলম্ব না করে অভিযোগপত্র দাখিলের মাধ্যমে বিচারপ্রক্রিয়ার পথ তৈরি করতে হবে এবং যারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করে বিদেশি আধিপত্য কায়েমের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দৃঢ় ও চূড়ান্ত মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে হবে।’ এতে আরও বলা হয়, ‘কোনো ধরনের শিথিলতা, সহানুভূতি বা ছাড় না দিয়েই বিচার কার্যক্রম পরিচালিত হতে হবে।’

মার্কিনভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এসব বিক্ষোভে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ৩০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার থেকে তেহরানে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে এবং টেলিফোন লাইনও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এদিকে নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি বিক্ষোভের আহ্বান জানিয়ে শনিবার ও রোববার রাস্তায় নামতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের শাহ আমলের প্রতীক হিসেবে পরিচিত সিংহ-সূর্য চিহ্নযুক্ত পুরোনো ইরানি পতাকা ও অন্যান্য জাতীয় প্রতীক বহন করার আহ্বান জানান, যাতে তারা ‘জনসাধারণের স্থানগুলো নিজেদের বলে দাবি করতে পারে’।

গত ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রা রিয়াল রেকর্ড দরপতনের মুখে পড়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ১৪ লাখের বেশি রিয়ালে নেমে গেলে এই বিক্ষোভের সূত্রপাত হয়। শুরুতে এটি ইসলামী প্রজাতন্ত্রের প্রতি সাধারণ অসন্তোষের বহিঃপ্রকাশ হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।




হযরত শাহজালাল (র.)’র মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান

ডেস্ক নিউজঃ আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সেখানে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি।

আজ শনিবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।’

ভোটের প্রচারের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপি চেয়ারম্যান।

জানা যায়, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।

বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে। এর অংশ হিসেবে তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করবেন। পরে সিলেট থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন।

এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেওয়ার পর তিনি শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন। ঐতিহ্যগতভাবেই হযরত শাহজালাল (রা.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনী প্রচারণা শুরু করে বিএনপি।

এর আগে গতকাল শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিতের কথা জানানো হয়। সেই সঙ্গে এদিন দলের চেয়ারম্যানের দায়িত্বভার নেন তারেক রহমান।

গতকাল বৈঠক শেষে এ বিষয়ে জানানোর পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সফরের নতুন সময়সূচি জানানো হবে।




মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান

ডেস্ক নিউজঃ মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে বাধ্যতামূলকভাবে বিএসটিআই অনুমোদিত দুটি হেলমেট বিনামূল্যে দেওয়ার নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, মোটরসাইকেল বিক্রেতাদের জন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে, যা বর্তমানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নীতিমালাটি কার্যকর হলে মোটরসাইকেল বিক্রির সময় বিক্রেতাকে ক্রেতার সঙ্গে বিনামূল্যে বিএসটিআই অনুমোদিত দুটি হেলমেট দিতে হবে।

তিনি আরও বলেন, মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বয়স পূর্ণ না হলে লাইসেন্স দেওয়া হবে না উল্লেখ করে তিনি পুলিশকে আইন প্রয়োগে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, দেশে মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৭৩ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় নিহতদের একটি বড় অংশের বয়স ৫ থেকে ২৯ বছরের মধ্যে, যারা দেশের ভবিষ্যৎ। এ বিষয়ে কোনো আপস করা হবে না বলে তিনি স্পষ্ট করেন।

তিনি বলেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে হলে তরুণ জনগোষ্ঠীর মৃত্যুহার কমাতে হবে। এজন্য আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিআরটিএর কার্যক্রম প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠানটি এখন আধুনিকায়নের পথে এগোচ্ছে। সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হচ্ছে এবং খুব শিগগিরই সব সেবা অনলাইনে চালু করা হবে, যাতে সেবাগ্রহীতাদের হয়রানি কমে। আশা প্রকাশ করে তিনি বলেন, চলতি মাসের শেষ নাগাদ অনলাইন কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিআরটিএ একা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। এ জন্য জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহায়তায় বিআরটিএ নোয়াখালী সার্কেলের উদ্যোগে ৪১টি পরিবারের মাঝে মোট এক কোটি ৬৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।

নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিআরটিএ পরিচালক (যুগ্ম সচিব) রুবাইয়াৎ-ই-আশিক।