দীর্ঘ ১৪ বছর পর ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

ডেস্ক নিউজঃ দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ট্রায়াল বা পরীক্ষামূলক ভিত্তিতে এই ফ্লাইটগুলো ৩০ মার্চ পর্যন্ত চলবে। যাত্রী চাহিদা এবং অন্যান্য পরিচালনগত দিক বিবেচনা করে পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতোমধ্যেই পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে। এর ফলে বিমান এখন থেকে পাকিস্তানের আকাশসীমার নির্দিষ্ট করিডোর ব্যবহার করে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে।

বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের যাত্রীদের অধিকাংশকেই দুবাই বা দোহার মতো মধ্যপ্রাচ্যের ট্রানজিট হয়ে যাতায়াত করতে হয়, যা বেশ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নতুন এই সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের সময় ও খরচ উভয়ই উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে এটি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতেও সহায়ক হবে।

বিমানের প্রতিনিধিরা জানিয়েছেন, ২০১২ সালে বন্ধ হয়ে যাওয়া এই রুটটি পুনরায় চালু করার জন্য গত কয়েক মাস ধরেই পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্প্রতি কূটনৈতিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক কিছুটা উষ্ণ হওয়ার প্রেক্ষাপটেই এই রুটটি পুনরায় চালু হচ্ছে।




আইপিএল থেকে ছিটকে গেলেও পিএসএল খেলবেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্কঃ ভারতীয় উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না। কিন্তু বিশ্ব ক্রিকেটে মোস্তাফিজের যে চাহিদা, তার সে সময়ে বসে থাকার কথাও না! কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে জানিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের পিএসএলের অফিশিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

পিএসএলের পোস্টে বলা হয়েছে, ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছে মোস্তাফিজ।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের নতুন আসরে কলকাতান নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। দুর্দান্ত ফর্মে থাকা পেসারকে গত মাসে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছিল দলটি। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে তাকে দল থেকে বাদ দিনে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। গত শনিবার তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা।

এরপর তুমুল উত্তপ্ত হয়ে ওঠে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক। আগামী মাসের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠায় তারা। এরপর সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার।




ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল তেল কিনবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব রাজনীতিতে তেল আবারও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল কেনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের তেল বিক্রি করবে। এই তেল বিক্রি হবে আন্তর্জাতিক বাজারদরে।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা থেকে আনা তেল সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। তেল বহনের জন্য ব্যবহার করা হবে বিশেষ স্টোরেজ জাহাজ। এসব জাহাজ যুক্তরাষ্ট্রের বন্দরে এসে তেল খালাস করবে। পুরো প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন তিনি।

ট্রাম্প আরও জানান, এই তেল বিক্রির মাধ্যমে যে অর্থ আসবে, তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার নিয়ন্ত্রণে থাকবে। তবে এই অর্থ ভেনেজুয়েলার জনগণ এবং যুক্তরাষ্ট্র—দুই দেশেরই কল্যাণে ব্যবহার করা হবে বলে তিনি দাবি করেছেন। কীভাবে এবং কোন খাতে এই অর্থ ব্যয় হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা জোরদার হচ্ছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার ওভাল অফিসে তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক আয়োজন করা হচ্ছে। এই বৈঠকে এক্সন, শেভরন ও কনোকোফিলিপসের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন। আলোচনার বিষয় হবে ভেনেজুয়েলার তেল এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ জ্বালানি পরিকল্পনা।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে যেমন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক নতুনভাবে সাজানোর পথও খুলে যাচ্ছে। তবে এই চুক্তি বাস্তবে কতটা কার্যকর হয় এবং ভেনেজুয়েলার সাধারণ মানুষ কতটা উপকৃত হন, সেটিই এখন দেখার বিষয়।




মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭

আবহাওয়া ডেস্কঃ নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহে জেঁকে বসেছে তীব্র শীত। বুধবার সকাল ৬টার দিকে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটিই এ বছরে সারা দেশের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

জানা যায়, কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। ফলে সকাল থেকেই নগর ও গ্রামাঞ্চলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঠাণ্ডার কারণে ব্যাহত হচ্ছে এ মৌসুমের ধান রোপণ। কষ্টে আছেন ছিন্নমূল মানুষ। গত তিন দিন থেকেই এমন আবহাওয়া বইছে জেলাজুড়ে।

নওগাঁ সদরের বোয়ালিয়া গ্রামের কৃষক সামিউল ইসলাম বলেন, অনেক ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় জমিতে যেতেই ভয় লাগে। তারপরও যেতে হয়।

শহরের তাজের মোড়ের অটোরিকশা চালক সালাম ও বক্কর বলেন, মাঝে মাঝে ভাবি, এই ঠান্ডায় গাড়ি নিয়ে বের হবো না। কারণ ঠান্ডার কারণে যাত্রী বের হতে চায় না। তারপরও জীবিকার তাগিদে বের হতে হয়।

হাপানিয়া এলাকার বাসিন্দা স্বপন আহমেদ বলেন, সন্ধ্যার পর থেকেই শীতের প্রকোপ বেড়েছে। সেই সঙ্গে কুয়াশা ও হিমেল হাওয়া শীতের তীব্রতা কয়েকগুণ বাড়িয়েছে। সন্ধ্যার পর থেকেই গরম কাপড় পরে চলাফেরা করছে মানুষ। ভোর থেকে এখনো পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন আছে চারপাশ।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া জনজীবনে প্রভাব পড়েছে। বুধবার সকাল ৬টায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই মৌসুমে এটিই সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে।




আগামী ৫ দিনেও আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস নেই: আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ দেশের ৪৪ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তীব্র শীতের পাশাপাশি সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কাও রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

বুধবার (৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী ৮ জানুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পাশাপাশি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। কুয়াশার প্রবণতাও আগের দিনের মতোই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী শুক্রবার থেকে শনিবার পর্যন্তও সারাদেশে শুষ্ক আবহাওয়া এবং শৈত্যপ্রবাহের কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে শনিবার রাত থেকে দেশের নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। নদী অববাহিকার কিছু এলাকায় ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।




সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজঃ বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল সেনাসদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আলোচনায় হাইকমিশনার সামরিক বাহিনীর সক্ষমতা উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং সামরিক কূটনীতির পরিসর আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।




কথাসাহিত্যিক ক্যাপ্টেন কাপ্তান নুরের ৯১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ সন্ধ্যা

নিজস্ব সংবাদদাতা: নতুন আলো সাহিত্য পরিষদ কতৃক আয়োজিত কথাসাহিত্যিক ক্যাপ্টেন কাপ্তান নুরের ৯১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ সন্ধ্যা।

প্রধান অতিথি: কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী
সভাপতিত্ব করেন: কবি ও পুথিশিল্পী হাসিনা মমতাজ হাসি
অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক।
প্রধান আলোচক : জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ আবুল হাছান
ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক ডেসটিনি।
বিশেষ অতিথি হিসেবে যারা ছিলেন:
ডক্টর সাহেদ মন্তাজ উপ পরিচালক বাংলা একাডেমি।
কবি ও গবেষক আলহাজ্ব শরিফ সাকি।
কবি ও গবেষক আব্দুল গনি ভূঁইয়া।
সব্যসাচী লেখক ফারুক প্রধান।
ইকবাল হোসেন কবি ও গবেষক
রবিউল ইসলাম রবি কবি ও সংগঠক।
সোহাগ হোসেন বাবু।
আরমানুল হক সভাপতি ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়।
সৈয়দা রাজিয়া সুলতানা কবি ও গবেষক।
অনিতা দাস কবি ও আবৃত্তি শিল্পী
কবি ও সংগঠক ঝর্ণা আক্তার।
কবি ও সংগঠক সুমাইয়া তৃষ্ণা।
নাসিমা গাজী নারী নেত্রী।
অপর্ণা চৌধুরী কণ্ঠশিল্পী।
ইমরান সিকদার কণ্ঠশিল্পী।
আমন্ত্রিত অতিথি হিসেবে যারা উপস্থিত হিসেবে আরো
৩৪ জন উপস্থিত ছিলেন।
সকলের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা ও ভালোবাসা অফুরন্ত।



ভান্ডারিয়ায় চোরাই ল্যাপটপ উদ্ধার-চোর গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা (সুমন মল্লিক): গত ০৪/০১/২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে ভান্ডারিয়া পৌরসভাধীন দারুল কুরআন সালসাবিল মাদ্রাসার অভ্যর্থনা কক্ষ থেকে একটি Acer Aspire ল্যাপটপ চুরি হয়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। আজ রাতে অভিযান পরিচালনা করে মোঃ রাব্বি হাওলাদার (২৫), পিতা-রিয়াজ হাওলাদার, সাং-পূর্ব ভান্ডারিয়া ৬ নং ওয়ার্ড, ভান্ডারিয়া পৌরসভা, থানা ভান্ডারিয়া, জেলা পিরোজপুরকে ল্যাপটপ চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



রেলে বিনা টিকিটে ২ হাজার যাত্রীর থেকে ৪ লাখ টাকা আদায়

ডেস্ক নিউজঃ বাংলাদেশ রেলওয়ে  পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে ব্যাপক অভিযান পরিচালনা করে। মঙ্গলবার এই  অভিযানে মোট ৯৪ জন টিটিই অংশগ্রহণ করেন। এই কার্যক্রমের মাধ্যমে ১ হাজার ৯৪৫ জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত করা হয়। পরে তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানা হিসেবে মোট ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা আদায় করা হয়।

বুধবার রেলওয়ের ভেরিফাইড পেইজে জানানো হয়েছে, এই অভিযান চলাকালীন মোট ২ হাজার ৭৩৫টি টিকিট যাচাই করা হয়। যাত্রীদের মধ্যে যাদের টিকিট ছিল না, তাদের কাছ থেকে ভাড়া হিসেবে আদায় করা হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকা, আর জরিমানা হিসাবে নেওয়া হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮০ টাকা।

অভিযানটি মূলত রেলযাত্রীদের মধ্যে নিয়মিত টিকিট ব্যবহারের সচেতনতা বৃদ্ধি এবং রেলওয়ের নিরাপত্তা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে পরিচালিত হয়েছে। খোলাখুলিভাবে ট্রেনে যাত্রী ভ্রমণ ও টিকিটবিহীন ভ্রমণ রোধের লক্ষ্যে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

রেলওয়ের কর্মকর্তা জানান, অভিযান চলাকালীন যাত্রীরা সচেতনভাবে টিকিট প্রদর্শন করায় কিছুটা নিয়মের পরিবেশ তৈরি হয়। তবে কিছু যাত্রী এখনও টিকিটবিহীন ভ্রমণ করছে, যা রেলওয়ের জন্য একটি চ্যালেঞ্জ। এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও কড়া করা হবে এবং জরিমানা কার্যক্রম বাড়ানো হবে।




শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত, দুই দিনে সাড়ে ২১ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজঃ রাজধানীর ১০টি গুরুত্বপূর্ণ স্থানে শব্দদূষণ নিয়ন্ত্রণে ১০ কর্মদিবসের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং পরিবেশবাদী যুবসংগঠন গ্রিন ভয়েসের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রিন ভয়েস।

ক্যাম্পেইনের প্রথম দুই দিনে অতিরিক্ত হর্ন বাজানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগও শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। গ্রিন ভয়েসের দেড় শতাধিক স্বেচ্ছাসেবী যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো এবং লিফলেট বিতরণে অংশ নেন।

গত সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মোহছিনা আকতার বানু। তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়, এর পাশাপাশি জনসচেতনতা অত্যন্ত জরুরি।

মোহছিনা আকতার বানু আরও বলেন, বর্তমানে শব্দদূষণ একটি মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিয়েছে। সরকার পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, শব্দদূষণ শুধু শ্রবণশক্তির ক্ষতি করে না, এটি মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলে এবং শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।

এ ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজ একসঙ্গে কাজ করলে একটি শব্দদূষণমুক্ত ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন জোনের ট্রাফিক সার্জেন্ট খলিলুল্লাহ।

উদ্বোধনে উপস্থিত ছিলেন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’-এর প্রকল্প ব্যবস্থাপক মো. ফজলে এলাহী, প্রকল্পের ট্রেনিং অ্যান্ড ক্যাম্পেইন স্পেশালিস্ট গাজী মহিবুর রহমান, গ্রিন ভয়েসের সহসমন্বয়ক শাকিল কবির ও ফাহমিদা নাজনীন।

উদ্বোধনের পর প্রেসক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে শব্দদূষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও প্রতীকী মাস্ক ব্যবহার করা হয়।

ক্যাম্পেইন আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত রাজধানীর আজিমপুর, নিউমার্কেট, নীলক্ষেত, আগারগাঁও, পরিকল্পনা কমিশন মোড়, শিক্ষা ভবন, জিরো পয়েন্ট, সরকারি কর্মচারী হাসপাতাল মোড়, গুলশান-২ চত্বর এবং টিএসসিতে চলবে বলে জানান আয়োজকেরা।