প্রতি সিলিন্ডারে ৫৩ টাকা বাড়ল এলপি গ্যাসের দাম

ডেস্ক নিউজঃ জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়ানো হয়েছে। এতে করে প্রতি ১২ কেজি সিল্ডিারের দাম পড়বে ১৩০৬ টাকা।

রবিবার নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এছাড়া, অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।




শুল্ক কমানো হয়েছে, এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

ডেস্ক নিউজঃ মোবাইল ফোন আমদানিতে শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বা অবৈধ হ্যান্ডসেট শনাক্তকরণ প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ করা হবে না।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি।

ফয়েজ তৈয়্যব বলেন, মোবাইল ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার মোবাইল ফোন আমদানির শুল্কহার কমিয়েছে। পাশাপাশি কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেট বৈধ করার সুযোগও দেওয়া হয়েছে। এরপরও দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে ‘অপরাধের লাইসেন্স’ দাবি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন পরিদর্শন করেন। এ সময় বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী ভাঙচুরের ফলে সংস্থাটির ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।

এদিকে, কয়েক দফা দাবি আদায়ে রোববার কারওয়ান বাজার মোড়ে ফের জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে আবারও সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

পুলিশ জানায়, দুপুর ১টা ৩৫ মিনিটের পর থেকে থেমে থেমে মোবাইল ফোন ব্যবসায়ী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনা ও র‍্যাব সদস্যদেরও নামানো হয়। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে।

এর আগে সকালে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন ব্যবসায়ীরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাঠিপেটা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। সে সময় জলকামান, রায়টকার ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে বসে পড়লে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় কয়েকজনকে আটক করা হয় এবং পরে আন্দোলনকারীদের আশপাশের শপিংমলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) জানিয়েছে, এনইআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তারদের মুক্তিসহ একাধিক দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সংগঠনটি পরিবারসহ অবস্থান কর্মসূচির পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে।

সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া অবরোধের কারণে বসুন্ধরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

সরকারের পূর্বঘোষণা অনুযায়ী গত ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এনইআইআর। এই ব্যবস্থার আওতায় মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডাটাবেজে যুক্ত হচ্ছে। তবে শুরু থেকেই এ ব্যবস্থার বিরোধিতা করে আসছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।




ভেনেজুয়েলায় বিপজ্জনক নজির স্থাপন করেছে যুক্তরাষ্ট্র: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মহাসচিবের মুখপাত্র সতর্ক করে বলেছেন, এসব হামলার ঘটনা ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করতে পারে।

মুখপাত্র আর ওবলেন, “মহাসচিব জাতিসংঘের সনদসহ সকলের পক্ষ থেকে আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি গভীরভাবে উদ্বিগ্ন যে, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান করা হয়নি।”

তিনি ভেনেজুয়েলার প্রতি মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে ‘অন্তভুক্তিমূলক সংলাপের’ আহ্বান জানিয়েছেন।

এদিকে, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া হামলার নিন্দা জানিয়েছে। এ দুটি দেশ ভেনেজুয়েলার মিত্র হিসেবে পরিচিত।

অপর দুই স্থায়ী সদস্য এবং মার্কিন মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্য ক্ষমতা থেকে মাদুরোর অপসারণকে স্বাগত জানিয়েছে। দেশ দুটি বলেছে, তারা ভেনেজুয়েলায় গণতান্ত্রিক পরিবর্তনের প্রত্যাশা করছে। সূত্র: বিবিসি, আল-জাজিরা




মাদুরোর আটকাবস্থার ছবি প্রকাশ করলো ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ নতুন একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, ‘ইউএসএস ইও জিমার বোর্ডে নিকোলাস মাদুরো’।

এর আগে এই জাহাজটির কথাই তিনি ফক্স নিউজকে বলেছিলেন। ট্রাম্প বলেন এটিতে করেই ভেনেজুয়েলার নেতাকে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে।

ছবিতে দেখা যাচ্ছে, ধূসর ট্র্যাকস্যুট পরা একজন ব্যক্তি—যাকে মাদুরো বলে মনে হচ্ছে—চোখে আই-মাস্ক, কানে হেডফোন পরে আছেন।

এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে বলে শনিবার ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় নিউইয়র্কের পথে আছেন।

ট্রাম্প বলেন, ‘হেলিকপ্টারে করে তাদের জাহাজে নিয়ে যাওয়া হয়েছে।

সুন্দর একটি ফ্লাইটে গেছেন- আমি নিশ্চিত তারা এটি উপভোগ করেছেন। তবে তারা অনেক মানুষ হত্যা করেছেন, এটা মনে রাখতে হবে।’




মাদুরোর ওপর এত রাগ কেন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্কঃ মাদুরোর গ্রেফতার প্রমাণ করে ট্রাম্প যা বলেন তা তিনি করেন। এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে ক্ষমতা ছাড়কে মাদুরোকে হুমকি দেওয়া হলেও তিনি তা শোনেননি। এরপর যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় হামলা চালিয়ে তাকে তুলে নিয়ে আসে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের মাদুরোর ওপর এতো রাগ কেন তা নিয়েই প্রশ্ন উঠেছে। কারণ ট্রাম্প তার প্রথম মেয়াদেও মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পারেননি।

একটা সময় পর্যন্ত সংসার চালাতে বাস চালাতেন মাদুরো। ক্রমেই ভেনিজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ২০১৩ সালে শ্যাভেজের মৃত্যুর পর প্রেসিডেন্ট হন তিনি। দীর্ঘদিন ধরেই ভেনিজুয়েলা আর্থিক সঙ্কটে ভুগছে। মাদুরোর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। তারপরেও অবশ্য ২০২৪ সালের নির্বাচনে পুননির্বাচিত হয়েছেন মাদুরো। দেশটির বিরোধী দলগুলোর অভিযোগ, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজই বিপুল ভোটে জয়ী হয়েছেন। কিন্তু নিজের প্রভাব খাটিয়ে ভোটে কারচুপি করেছেন মাদুরো। মাদুরোর বিরুদ্ধে প্রার্থী হওয়ার কথা ছিল বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর। কিন্তু তাকে ভোটে লড়তে দেওয়া হয়নি। ২০২৫ সালে ভেনিজুয়েলায় ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ’ মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

কেন মাদুরোর উপর ক্ষুব্ধ ট্রাম্প

ট্রাম্পের সঙ্গে মাদুরোর সংঘাত বহু দিনের। ভেনিজুয়েলার বিরুদ্ধে মাদকের কারবার চালানোর অভিযোগ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনিজুয়েলার শরণার্থীদের আমেরিকায় আশ্রয় নেওয়া নিয়েও আপত্তি ছিল ট্রাম্পের। ২০১৩ সালের পর থেকে ভেনিজুয়েলা থেকে বহু মানুষ আমেরিকায় আশ্রয় নিয়েছেন। এ নিয়ে দুই দেশের মধ্যে একটা ঠান্ডা লড়াই ছিলই। সম্প্রতি মাদক চোরাচালান দুই দেশের সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যায়। আমেরিকার অভিযোগ, মাদক পাচার এবং অন্যান্য অপরাধের জন্য তেল ব্যবহার করছে ভেনিজুয়েলা। ওই তেল আদতে চুরি করা হচ্ছে ভেনিজুয়েলার বিভিন্ন খনি থেকে। তার পর তা বিক্রি করে সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহার করা হচ্ছ।

ভেনিজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে সম্প্রতি সে দেশের তেলের ট্যাঙ্কার চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেন ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দেন, ভেনিজুয়েলা সীমান্তে কোনো তেলের ট্যাঙ্কার আসা-যাওয়া করতে পারবে না। ভেনিজুয়েলার সরকারকেও ফের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করেন। তাছাড়া প্রেসিডেন্ট হিসাবে মাদুরোর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। গত কয়েক মাসে ভেনিজুয়েলাকে ঘিরতে ক্যারিবিয়ান সাগরে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ এবং পরমাণুডুবোজাহাজ মোতায়েন করেছিল আমেরিকা। সর্বক্ষণ দেশটিকে একপ্রকার ঘিরে রেখেছিল মার্কিন বাহিনী। শুক্রবার মধ্যরাত (স্থানীয় সময় অনুসারে রাত ২টা) থেকেই রাজধানী কারাকাসে অন্তত সাতবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট একাধিক প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এই পুরো প্রক্রিয়ায় তিনি খুব স্পষ্ট ছিলেন যে, মাদক পাচার বন্ধ করতে হবে এবং চুরি করা তেল মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে হবে। তিনি বলেন, মাদুরো সবশেষ ব্যক্তি যিনি বুঝতে পেরেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলছেন সেটি অর্থবহ। আমাদের সাহসী বিশেষ অপারেটরদের ধন্যবাদ, যারা সত্যিই চমৎকার একটি অভিযান পরিচালনা করেছেন।

পালটা দাবি ভেনিজুয়েলার

আমেরিকার সামরিক পদক্ষেপকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে অভিহিত করেছে ভেনিজুয়েলা। সরকারের দাবি, খনিজ তেল এবং সম্পদ কুক্ষিগত করতেই এই কাজ করেছে আমেরিকা। তবে ট্রাম্প প্রশাসনের এই চেষ্টা সফল হবে না বলে জানিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা নিজেদের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভেনিজুয়েলায় নিজেদের পছন্দের লোক চান ট্রাম্প। কিন্তু বামপন্থী নেতা মাদুরো আমেরিকার অঙ্গুলিহেলনে হাঁটার পাত্র নন। ক্ষমতায় আসার পরই চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান তিনি। অভিযোগ, ভেনিজুয়েলার সম্পদ কুক্ষিগত করার লক্ষ্যেই আসলে এই হামলা চালিয়েছে আমেরিকা। ভেনিজুয়েলাও দাবি করেছে, লক্ষ্য যদি মাদক বন্ধ হয়, তাহলে তেলের ট্যাঙ্কারগুলোকে কেন টার্গেট করছে আমেরিকা? এগুলি ধ্বংস করার একটাই উদ্দেশ্য ভেনিজুয়েলার আয়ের সমস্ত রাস্তা বন্ধ করে আর্থিকভাবে দেশটিকে আমেরিকার কাছে হার মানতে বাধ্য করা এবং সেখানে মার্কিন সমর্থিত সরকার বসানো।




ঘন কুয়াশা: ঢাকায় ৪ ঘণ্টা ওঠানামা করেনি কোনো ফ্লাইট

ডেস্ক নিউজঃ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। এ কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। এ অবস্থায় ৮টি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় কোনো উড়োজাহাজ ঢাকা ছাড়তে পারেনি, তেমনি নামতেও পারেনি কোনো ফ্লাইট।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৬টার পর কুয়াশায় চারপাশ ঝাপসা হয়ে যাওয়ায় কোনো ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়ন করতে পারেনি। একই কারণে ঢাকার আকাশে অবস্থান করা প্রায় ৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে ব্যর্থ হয়। পরে সকাল ৯টা ৫২ মিনিটে কুয়াশা কিছুটা কেটে গেলে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ সংবাদমাধ্যমকে বলেন, বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বিষয়টি তেমন নয়। মূলত সকাল ৬টার পর থেকে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা ছিল না। ফলে কোনো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। পরিস্থিতি উন্নত হওয়ার পর ৯টা ৫২ মিনিটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

৮টি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ⁠ছয়টি ফ্লাইট সিলেট বিমানবন্দরে, একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট হ্যানয় বিমানবন্দরে পাঠানো হয়েছে।

বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে, কুয়াশার কারণে সময়মতো নামতে না পেরে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার আকাশে চক্কর খাচ্ছিল। অবতরণের অনুমতি পাওয়ার পর ফ্লাইটগুলো একে একে রানওয়েতে নামতে শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টায় এক পূর্বাভাসে জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এতে আরও বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। এ সময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।




রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রামসহ ৬ জেলায় বাড়তে পারে শৈত্যপ্রবাহ

আবহাওয়া ডেস্কঃ পৌষের মাঝামাঝি সময়ে দেশজুড়ে কনকনে শীতের প্রভাব বাড়ছে। ঘন কুয়াশা ও তীব্র হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কিছু অঞ্চলে চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও তীব্র হতে পারে।

উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতা বেড়েছে। ঠাকুরগাঁও ও শরীয়তপুরে হিমেল বাতাস বইছে এবং তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে। এই শীতে নিম্ন আয়ের মানুষ ও বহিরাগত শ্রমিকরা বিশেষভাবে বিপাকে পড়েছেন।

হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর চাপও বেড়েছে। শয্যার তুলনায় ভর্তি রোগীর সংখ্যা কয়েকগুণ বেশি। বিশেষ ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।




শুরু হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

ডেস্ক নিউজঃ পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে শুরু হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৬। এ মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৪ নম্বর সেক্টরে মেলার স্থায়ী ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফইসি) ভবনে পঞ্চমবারের আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

মেলার উদ্বোধনে পেপার এন্ড প্যাকেজিং প্রোডাক্টসকে বর্ষ পণ্য ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান (প্রধান নির্বাহী) অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

এবারের বাণিজ্য মেলায় ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়াসহ ১১টি বিদেশি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। দেশ-বিদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে ৩২৪টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে মেলা প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি ও জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি শিল্পোৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ৩০ বছর ধরে নিয়মিতভাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হচ্ছে।




মানবতার অনন্য স্বীকৃতি পেলেন মিরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ মানবসেবায় অনন্য অবদান ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ মিরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন-কে “মানবতার পুরস্কার” প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি এই সম্মাননা প্রদান করে।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁদের বুকে সম্মাননার পিন পরিয়ে দেন মিরপুর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার সম্পাদক তালুকদার রুমী এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় পরিচালক ও ঢাকা বিভাগীয় সভাপতি সাইমন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশন নয়—মানবতার পক্ষে দাঁড়ানো, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হওয়াই প্রকৃত সাংবাদিকতার মূল দর্শন।এস এম বদরুল আলম ও শিহাব উদ্দিন তাঁদের পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তাঁদের নেতৃত্বে মিরপুর প্রেস ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। এই মানবতার পুরস্কার শুধু দু’জন ব্যক্তির নয়, বরং মিরপুর প্রেস ক্লাবের সামগ্রিক মানবিক চেতনারই স্বীকৃতি—এমন মন্তব্য করেন অতিথিরা।

পুরস্কার গ্রহণকালে এস এম বদরুল আলম ও শিহাব উদ্দিন বলেন, এই সম্মাননা তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও তাঁরা সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে মানবতার পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান।




সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল

এসএম বদরুল আলমঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মিরপুর প্রেসক্লাব, ঢাকা। শুক্রবার, ০২জানুয়ারি ২০২৬ তারিখে (শুক্রবার) মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জানাজা, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়েছে।

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী এই মিলাদ ও দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ওয়াজে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জনগণের প্রতি তার ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন, তিনি এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বিশেষ মোনাজাতে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা হয়—যেন মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার কবরকে প্রশস্ত করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমী। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তার রুহের মাগফিরাত কামনায় এই আয়োজন আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম। তিনি বলেন, “সাবেক এই প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের পক্ষে আজীবন সংগ্রাম করেছেন। আমরা তার আত্মার শান্তির জন্য আজ সারাদিনব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। তিনি বলেন,
“আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল প্রমাণ করে—বেগম খালেদা জিয়া আজও কোটি মানুষের হৃদয়ে জীবিত।”

বিশেষ বক্তব্য দেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও খবর বাংলাদেশের সম্পাদক মোঃ জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সবাই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং তার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম পলাশ, সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি শহীদ, যুগ্ম সম্পাদক সুমন খান, যুগ্ম সম্পাদক মুন্না, মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইমন, দপ্তর সম্পাদক এম এ গাফফার, প্রচার সম্পাদক মনজুর আহমেদ, সহ-সম্পাদক জাকির হোসেন মোল্লাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে দেশ টিভি, এশিয়ান টিভি, মাই টিভি, নাগরিক টিভি, চ্যানেল আইসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সমকাল, বাংলাদেশ প্রতিদিন, আমার দেশসহ বিভিন্ন জাতীয় দৈনিকের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের অংশগ্রহণে একসঙ্গে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।