দুপুরের মধ্যে ৩ অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা

আবহাওয়া ডেস্কঃ দেশের তিন অঞ্চলে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও এসব অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বইতে পারে। 

সোমবার (২০ এপ্রিল) ভোরে দেওয়া কালবৈশাখী সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

বার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তবে দেশের অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে।




বাসের ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ডেস্ক  নিউজঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে আবারও বাড়তে পারে বাসের ভাড়া। এ বিষয়ে সোমবার (২০ এপ্রিল) একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখান থেকে ভাড়া পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

একাধিক সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের জন্য গতকাল রবিবার (১৯ এপ্রিল) বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা। তবে কত টাকা ভাড়া বাড়ানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। সোমবার এ বিষয়ে প্রস্তাব দেয়া হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।




বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজঃ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলায় সফরে গেলেন তিনি।

সোমবার সকাল ১০টার দিকে তিনি বগুড়ায় পৌঁছান। এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন।

দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। এছাড়া জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী সফরসূচি থেকে জানা যায়, বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন, বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাত্রা, বেলা পৌনে ১টায় বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন তিনি।




আইজিপির নাম ভাঙিয়ে কোটি টাকার প্রতারণা—শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর অভিজাত এলাকা গুলশানকে কেন্দ্র করে গড়ে ওঠা এক প্রভাবশালী মুখ—শফিউল্লাহ আল মুনির। নিজেকে কখনো ক্রীড়া সংগঠক, কখনো ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও তার বিরুদ্ধে জমা হওয়া অভিযোগ, মামলা, তদন্ত প্রতিবেদন ও আদালতের আদেশ বিশ্লেষণ করলে উঠে আসে এক ভয়ংকর চিত্র—প্রতারণা, অর্থ আত্মসাৎ, জালিয়াতি আর ক্ষমতার অপব্যবহারের এক সুপরিকল্পিত নেটওয়ার্ক।

আইজিপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার! অভিযোগ রয়েছে, শফিউল্লাহ আল মুনির দেশের বর্তমান পুলিশের আইজিপির নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে প্রভাব খাটানোর চেষ্টা করেন। নিজেকে “আইজিপির ঘনিষ্ঠ লোক” পরিচয় দিয়ে নানা সুবিধা আদায়ের চেষ্টা করেন তিনি। অথচ একাধিক অনুসন্ধানে স্পষ্ট হয়েছে—তার সঙ্গে আইজিপির কোনো সম্পর্কই নেই। তবুও এই ভুয়া প্রভাবের দাপটে দীর্ঘদিন ধরে তিনি চালিয়ে গেছেন প্রতারণার বাণিজ্য।

অপরাধের পুরনো ছায়া: র‍্যাবের হাতে গ্রেফতার : ২০০৮ সালে রাজধানীর সেগুনবাগিচায় র‍্যাবের অভিযানে আটক হন শফিউল্লাহ। সে সময় তার পরিচালিত স্টুডিও থেকে পর্নোগ্রাফি সংশ্লিষ্ট সামগ্রী, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় তার সঙ্গে সহযোগী ও কথিত মডেলদেরও আটক করা হয়—যা তার অতীত কর্মকাণ্ডের অন্ধকার দিককে সামনে আনে।

দুদকের নজরে ‘অস্বাভাবিক সম্পদের পাহাড়’ : দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—মাত্র ৪৯ লাখ টাকার বৈধ আয়ের বিপরীতে তার নামে পাওয়া গেছে ১১ কোটির বেশি সম্পদ, যার বিশাল অংশের কোনো বৈধ উৎস নেই। এই প্রেক্ষিতে আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে, যাতে তদন্ত প্রভাবিত না হয়।

মামলার পর মামলা—কিন্তু রহস্যজনক অব্যাহতি ! তার বিরুদ্ধে একাধিক থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হলেও কিছু ক্ষেত্রে তদন্ত শেষে “তথ্যগত ভুল” দেখিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অন্যদিকে বেশ কয়েকটি মামলায় চার্জশিট দাখিল হয়েছে, যা তার বিরুদ্ধে অভিযোগের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়।

প্রতারণার বহুমুখী কৌশল :
অভিযোগের তালিকা দীর্ঘ এবং বিস্ময়কর— ব্যবসায়িক অংশীদার বানানোর প্রলোভনে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, বিদেশে পাঠানো, চাকরি দেওয়া, লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায় এবং ব্যাংক ঋণ ও সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, এলপিজি ডিলারশিপ থেকে শুরু করে ট্রাভেল ব্যবসা—সবখানেই একই কৌশল, কেবল ব্যক্তি নয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভুয়া প্রকল্পের ফাঁদে কোটি টাকা লোপাট : খাগড়াছড়িতে ইপিজেড, কেবল কার, খুলনায় চিংড়ি ও ইথানল প্রকল্প, নদীতে সাব-জেটি—এমন সব আকর্ষণীয় প্রকল্পের নামে বিনিয়োগ সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। বাস্তবে এসব প্রকল্পের অগ্রগতি প্রশ্নবিদ্ধ, কিন্তু অর্থ গেছে কোথায়—সেই উত্তর মিলছে না।

বিলাসী জীবন ও অন্যের টাকায় বিদেশ ভ্রমণ : অভিযোগ রয়েছে, ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া অর্থ দিয়ে সৌদি আরব, দুবাই, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে বিলাসবহুল ভ্রমণ করেছেন তিনি। অফিস ভাড়া, স্টাফ বেতন, সামাজিক অনুষ্ঠান—সব ক্ষেত্রেই অন্যের অর্থ ব্যবহারের অভিযোগ উঠেছে।

ভয়ভীতি, অস্ত্রধারী প্রভাব ও হুমকি : শুধু প্রতারণাই নয়—অভিযোগ রয়েছে ভয়ভীতি প্রদর্শনেরও। অস্ত্রধারী নিরাপত্তাকর্মী ব্যবহার করে ভুক্তভোগীদের চাপে রাখা, টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া—এসব অভিযোগ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

চেক জালিয়াতি ও বিলাসী প্রতারণা : ৬৬ লাখ টাকার চেক ডিজঅনার, ২৫ লাখ টাকার বাড়ি ভাড়া বকেয়া, এমনকি রোলেক্স ঘড়ি জামানত রেখে কোটি টাকার প্রতারণা—সব মিলিয়ে তার বিরুদ্ধে অভিযোগের ধরন বহুমাত্রিক।

শেষ কথা: আইনের কাঠগড়ায় ‘প্রভাবশালী মুখ’ : সব অভিযোগ, মামলা, তদন্ত ও আদালতের আদেশ মিলিয়ে স্পষ্ট—শফিউল্লাহ আল মুনিরকে ঘিরে গড়ে উঠেছে এক বিস্তৃত অনিয়মের জাল। যদিও কিছু মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন, তবে একাধিক মামলায় চার্জশিট এবং দুদকের চলমান তদন্ত প্রমাণ করে—আইনি লড়াই এখনো শেষ হয়নি।

এই ঘটনা আবারও সামনে আনছে একটি কঠিন বাস্তবতা—রাজনৈতিক ছত্রছায়া ও ভুয়া প্রভাবের আড়ালে কত বড় প্রতারণার সাম্রাজ্য গড়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, বিচারব্যবস্থা কত দ্রুত এবং কতটা নিরপেক্ষভাবে এই জটিল অভিযোগের জাল ছিন্ন করতে পারে।




সারা দেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজঃ আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে হামের গণটিকা কার্যক্রম। সারা দেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে জিন্দাপার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

জানা গেছে, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। ১৮ জেলার ৩০ উপজেলা ও ৪ সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হবে।

এর আগে, গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে। দেশব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।

এদিকে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এই সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।




দুর্নীতিবাজ কর্মকর্তা ফের শিক্ষায় পিও মুছিবুলের খুটির জোর কোথায়?

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রীর দপ্তরে সম্প্রতি একের পর এক বিতর্কিত ও আওয়ামী লীগসংশ্লিষ্ট সুবিধাভোগী কর্মকর্তাদের পদায়নের অভিযোগ উঠছে। সংশ্লিষ্টদের মতে, এসব কর্মকর্তা একটি প্রভাবশালী বলয় গড়ে তোলার চেষ্টা করছেন। ইতোমধ্যে নিয়োগ, বদলি ও পদায়নকে কেন্দ্র করে বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

সোমবার বিগত আওয়ামী লীগ সরকারের তিন শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মুছিবুল হাসান রিপুকে পুনরায় শিক্ষামন্ত্রীর দপ্তরে পদায়ন করা হয়েছে। বিতর্কিত এ কর্মকর্তার পুনরায় পদায়ন ঘিরে শিক্ষা অঙ্গনে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শিক্ষামন্ত্রীর দপ্তরে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগী এবং সে সময়ের দুর্নীতিতে জড়িত থাকার অভিযুক্ত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা চলছে। শিক্ষায় একশ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তারা ফের সক্রিয় হয়ে উঠেছে। তারা নানা অনিয়মে জড়াচ্ছেন। এসব কাজে খুবই দক্ষ হিসাবে পরিচিত কর্মকর্তা মো. মুছিবুল হাসান রিপু। তাই তাকে ফের এ গুরুত্বপূর্ণ দপ্তরের পদায়ন করা হয়েছে।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন মুছিবুল হাসান রিপু। তিনি বলেন, আমাকে নিয়ম অনুযায়ী পদায়ন করা হয়েছে। আমার পদে অনিয়ম করার সুযোগ নেই। আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়।




ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ সামরিক উত্তেজনার পর অবশেষে আন্তর্জাতিক আকাশসীমার দুয়ার খুলতে শুরু করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল বিভাগ ঘোষণা করেছে, সোমবার ২০ (এপ্রিল) থেকে ইরানে প্রথমবারের মতো আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল পুনরায় শুরু হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তার খাতিরে ইরানের সমস্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল থেকে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান ওঠা-নামার অনুমতি প্রদান করা হয়েছে। এই পদক্ষেপটিকে যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার একটি প্রাথমিক কিন্তু গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে।




সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট

ডেস্ক নিউজ : বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনা করা হবে।

রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের সই করা ওই নির্দেশনায় বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতের লক্ষ্যে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সালের ১১ নম্বর আইন) এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে ২ দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সব বেঞ্চ অফিসারকে এবং দ্বৈত বেঞ্চ থেকে যেকোনো একজন বেঞ্চ অফিসারকে তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে হাইকোর্ট বিভাগের আইটি শাখায় উপস্থিত হয়ে সোমবারের (২০ এপ্রিল) জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টে রোববার (১৯ এপ্রিল) সকাল নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টের ৬৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। যেখানে ২৯টি একক ও ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।




চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, ‘আমরা খুব ন্যায্য এবং যুক্তিসংগত একটি চুক্তির প্রস্তাব দিচ্ছি। আমি আশা করি ইরান এটি গ্রহণ করবে। কারণ যদি তারা তা না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু গুঁড়িয়ে দেবে।’

একই পোস্টে তিনি অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। ট্রাম্পের দাবি, গতকাল হরমুজ প্রণালিতে গোলাগুলির মাধ্যমে ইরান যুদ্ধবিরতির চরম লঙ্ঘন করেছে।

তিনি আরও বলেন, ইরান একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা নিয়েও সমালোচনা করেন তিনি।

ট্রাম্পের ভাষায়, ‘ইরান সম্প্রতি প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে, যা অদ্ভুত। কারণ আমাদের অবরোধ ইতোমধ্যেই সেটি কার্যত বন্ধ করে দিয়েছে। তারা না বুঝেই আমাদের সাহায্য করছে।’

সূত্র: আল-জাজিরা




নাটোরে ৯১ লিটার ডিজেল জব্দ, জরিমানা

ডেস্ক নিউজ : নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনের পাশেই অবৈধভাবে মজুদ করা ৯১ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। রবিবার উপজেলার রয়না ফিলিং স্টেশন সংলগ্ন হোটেল থেকে এসব তেল জব্দ করা হয়।

ডরা জানান, কিছুদিন চকপাড়া গ্রামের রিয়াজুল হক রিজু ও তার ছেলে রুবেল হোসেন ওই হোটেলে তেল মজুদ করে গোপনে বেশি দামে বিক্রি করে আসছিল। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর সেখানে অভিযান চালিয়ে ৯১ লিটার তেল জব্দ করেন। এ সময় রিয়াজুল হক রিজু ও তার ছেলে পালিয়ে যান। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রিজুর স্ত্রী রাইমা খাতুনকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দ করা তেল বিক্রি করে ১০ হাজার ৪৬৫ টাকা সরকারী কোষাগারে জমা করা হয়।