কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

ডেস্ক নিউজঃ বৈশ্বিক সরবরাহব্যবস্থায় জটিলতা, কাঁচামাল আমদানি-উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ-জ্বালানি সংকট ও বৈশ্বিক প্রতিযোগিতার কারণে চাপের মধ্যে দেশের কাগজশিল্প। এরই মধ্যে বন্ধ হয়েছে ৮০টি মিল। বন্ধের পথে আরো ২৬টি। এই শিল্পকে টিকিয়ে রাখতে কাঁচামালের আমদানিতে শুল্ক-কর কমানো, সহজ শর্তে ঋণ সুবিধা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহ ও নীতিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশন।

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সম্মেলনকক্ষে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়েছে।

সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পেপার মিলস অ্যাসোসিয়েশনের হয়ে দাবি তুলে ধরেন ব্যবসা উন্নয়ন ও রপ্তানি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। প্রাক-বাজেট আলোচনায় মোট ১৭টি দাবি তুলে ধরা হয়েছে।

দাবিগুলো হলো-সংবাদপত্র ও অন্যান্য প্রকাশনার আমদানির ক্ষেত্রে সব পর্যায়ে কাস্টমস শুল্ক (সিডি) ২৫ শতাংশ ও ভ্যাট ১৫ শতাংশ নির্ধারণ। গ্রিসপ্রুফ পেপার, মেলামাইন পেপার, থার্মাল পেপার ও ক্রাফট লিনার পেপারের সিডি ও আরডি ২৫ শতাংশ ও সম্পূরক শুল্ক ৩০ শতাংশ নির্ধারণ। মাইক্রো ক্যাপসুল, কাওলিন ক্লে, ভি-বেল্ট ও এয়ার ফিল্টারের সিডি আমদানি পর্যায়ে ৫ শতাংশ নির্ধারণ। এন্ডলেস সিনথেটিকস, ডিস্ক ফর সেট ও এয়ার বিলোর ক্ষেত্রে আমদানি পর্যায়ে অগ্রিম কর মওকুফ।

মডিফায়েড স্ট্যার্চ, এয়ার স্প্রিং ও হট মেল্ট গ্লু আমদানির ক্ষেত্রে আরডি প্রত্যাহারের পাশাপাশি সিডি কমানোর দাবি জানানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের টিস্যু-হ্যান্ড টাওয়েল ও টয়লেট টিস্যুর ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট নির্ধারণের দাবি জানানো হয়েছে।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘কাগজশিল্প বিপুল কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষা, প্রকাশনা ও প্যাকেজিং খাতে ভূমিকা রাখছে। দেশের মিলগুলো বছরে ১৬ লাখ মেট্রিক টন কাগজ উৎপাদনে সক্ষম। এর মধ্যে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ৯ লাখ মেট্রিক টন কাগজ ৪০টিরও বেশি দেশে রপ্তানি করছে। এতে বৈদেশিক মুদ্রা ও ১০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই খাতে উদ্যোক্তাদের বিনিয়োগ প্রায় এক লাখ কোটি টাকা। এই শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে ৩০০টির বেশি সহায়ক শিল্প। তবে বর্তমানে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও নীতিগত সীমাবদ্ধতার কারণে অনেক মিল উৎপাদন বন্ধ করতে বাধ্য হচ্ছে।’

তিনি বলেন, ‘এই শিল্পকে টিকিয়ে রাখতে কাঁচামালের আমদানিতে শুল্ক-কর কমানো, সহজ শর্তে ঋণ সুবিধা, বিদ্যুৎ-গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ ও নীতিগত সহায়তা দেওয়া হলে এই শিল্প পুনরুজ্জীবিত হতে পারে। সরকারের যথাযথ পদক্ষেপ শিল্পটিকে শুধু টিকিয়ে রাখবে না বরং দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।’




“ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু”

বাণিজ্য ডেস্কঃ ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল বৃহস্পতিবার সন্ধ্যায় পাম্পিং শুরু হয়েছে।

এই ডিজেল বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির ডিপোতে পৌঁছাবে।

বৃহস্পতিবার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, বাংলাদেশ সময় বৃহস্পতিবার  সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, এই চালানে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে এবং পাম্পিং শুরুর পর থেকে ৪৫ ঘণ্টার মধ্যে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে। অর্থাৎ আগামী শনিবার বিকাল ৫টার দিকে ডিজেল চলে আসবে।

তিনি আরও জানান, দেশে ডিজেলের কোনো ঘাটতি নেই। মজুত পর্যাপ্ত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে জানিয়েছে, চলতি এপ্রিল মাসে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে, ইতোমধ্যে ৮ হাজার মেট্রিক টন দেশে পৌঁছেছে।

এর আগে, গত ৭ এপ্রিল মধ্যরাতে নুমালিগড় রিফাইনারি থেকে আসা ৮ হাজার মেট্রিক টন ডিজেলের আরেকটি চালানের পাম্পিং শুরু হয় এবং তা শুক্রবার মধ্যরাতে পার্বতীপুর ডিপোতে পৌঁছে। বর্তমানে ওই আমদানিকৃত ডিজেল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে দেশে আমদানি করা হয়।




“বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার”

বাণিজ্য ডেস্কঃ বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।

লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ শুক্রবার বিনিময় হার :

বৈদেশিক মুদ্রার নাম — বাংলাদেশি টাকা  

ইউএস ডলার —  ১২২ টাকা ৭০ পয়সা

ইউরো  — ১৪৪ টাকা ৭৬ পয়সা

পাউন্ড  — ১৬৬ টাকা ৩৫ পয়সা

ভারতীয় রুপি  — ১ টাকা ৩১ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত — ৩১ টাকা ০৫ পয়সা

সিঙ্গাপুরি ডলার — ৯৬ টাকা ৫৩ পয়সা

সৌদি রিয়াল — ৩২ টাকা ৭৯ পয়সা

কুয়েতি দিনার — ৪০১ টাকা ০১ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার — ৮৭ টাকা ৯৭ পয়সা

(সূত্র: গুগল)

*যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।




আজকের স্বর্ণের বাজারদর প্রকাশিত, ভরিতে নতুন দাম নির্ধারণ

বাণিজ্য ডেস্কঃ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার সকাল ১০টা থেকেই নতুন এ নতুন দাম কার্যকর হয়। আজ বৃহস্পতিবারও একই দামে বিক্রি হবে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ৯ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়।




লিটারে ২ টাকা কমল জ্বালানি তেলের দাম

ডেস্ক নিউজঃ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা, অকটেনের দাম ১২০ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।’

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে অকটেনের দাম প্রতি লিটার ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে।

এছাড়া পেট্রোলের দাম লিটার ১১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই নতুন মূল্যহার রোববার থেকে কার্যকর হবে।

এর আগে বছরের প্রথম মাসের জন্যও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়েছিল সরকার।

সরকার স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে মাসভিত্তিক জ্বালানি তেলের দাম সমন্বয় করে আসছে।




ভারতের সঙ্গে সম্পর্কের তিক্ততার মধ্যেই বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বাড়ছে

ডেস্ক নিউজঃ ঢাকা ও দিল্লির মধ্যে বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েন এবং উচ্চমূল্য নিয়ে বিতর্কের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বাড়িয়ে দিয়েছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ার। দুই দেশের সরকারি উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট এবং ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আদানির ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ আগের চেয়ে অনেক বেড়েছে।

উভয় দেশের তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছরের শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বেড়েছে। এই তিন মাসে আদানি প্রায় ২২৫ কোটি কিলোওয়াট (ঘণ্টা) বিদ্যুৎ সরবরাহ করেছে।

২০২৫ সাল জুড়ে আদানি রেকর্ড ৮৬৩ কোটি কিলোওয়াট (ঘণ্টা) বিদ্যুৎ সরবরাহ করেছে, যা বাংলাদেশের মোট বিদ্যুৎ সরবরাহের ৮ দশমিক ২ শতাংশ। ২০২৪ সালে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ভারতের অংশ ছিল ১২ শতাংশ, যা ২০২৫ সালে বেড়ে রেকর্ড ১৫ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। বিশেষ করে চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম ২৭ দিনেই বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ একাই সরবরাহ করেছে আদানি গ্রুপ।

এদিকে বাংলাদেশে বর্তমানে প্রাকৃতিক গ্যাসের তীব্র অভাব দেখা দিয়েছে। দেশীয় উৎপাদন কমে যাওয়া এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এলএনজি গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন রেকর্ড সর্বনিম্ন ৪২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। অথচ গত এক দশকে এটি ছিল মোট উৎপাদনের প্রায় দুই-তৃতীয়াংশ।

গ্যাসের এই ঘাটতি মেটাতে সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ এবং আমদানির ওপর নির্ভরতা বাড়াচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম রয়টার্সকে বলেন, ২০২৬ সালে বিদ্যুতের চাহিদা ৬ থেকে ৭ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই চাহিদা সামাল দিতে এ বছর কয়লা আমদানির পরিমাণ আরও বাড়ানো হবে।

উল্লেখ্য, ২০২৫ সালেই কয়লা আমদানি ৩৫ শতাংশ বেড়ে রেকর্ড ১ কোটি ৭৩ লাখ মেট্রিক টনে দাঁড়িয়েছে। আদানি গ্রুপ ২০২৩ সালের শুরুতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

তবে মজার বিষয় হলো, দুই দেশের মধ্যে যখন ভিসা কার্যক্রম স্থগিত এবং নিরাপত্তা উদ্বেগে কূটনীতিকদের তলব করার মতো টানাপোড়েন চলছে, তখন বিদ্যুৎ বাণিজ্য আরও সম্প্রসারিত হচ্ছে। যদিও অন্তর্বর্তী সরকার গঠিত একটি জাতীয় পর্যালোচনা কমিটি আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে ‘অস্বাভাবিক অসংগতি’ খুঁজে পেয়েছে এবং দাম অতিরিক্ত (প্রায় ৫০ শতাংশ বেশি) বলে উল্লেখ করেছে, তবুও গ্রিডের স্থিতিশীলতা রক্ষায় এই বিদ্যুৎ অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন বলেন, ‘গ্যাসের অভাবে বাংলাদেশকে ব্যয়বহুল তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালাতে হচ্ছে। সেই তুলনায় আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ এখনো সাশ্রয়ী।’




৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

ডেস্ক নিউজঃ আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের মূল্যে বড় ধরনের ধস নেমেছে এবং এটি গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বুধবার (২৮ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের মান নির্ণয়কারী সূচক বা ‘ডলার ইনডেক্স’ ৯৫ দশমিক ৫৬৬-এ নেমে এসেছে।

এটি ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে ডলারের সবচেয়ে দুর্বল অবস্থান। ডলারের এই নজিরবিহীন দরপতনের সরাসরি প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স ৫ হাজার ২০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক অস্থিরতা এবং নীতিনির্ধারণী পর্যায়ের অনিশ্চয়তাই ডলারের এই পতনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কর্তৃক নীতি সুদহার আরও কমানোর সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি ডলারের মানকে চাপের মুখে ফেলেছে। এছাড়া শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে।

বিনিয়োগকারীরা এখন ডলারের চেয়ে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ বা অন্যান্য বাস্তব সম্পদে বিনিয়োগ করাকে অধিক লাভজনক মনে করছেন। বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন অর্থনীতির এই অস্থিতিশীলতা বজায় থাকলে ডলারের মান আরও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

ডলারের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই আইওয়ায় এক ভাষণের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তিনি ডলারের মান আরও কমে যাক—এমনটি চান না। ডলারের বর্তমান অবস্থানকে তিনি ‘দারুণ’ হিসেবে অভিহিত করলেও তাঁর এই মন্তব্য বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে।

উল্টো ট্রাম্পের বক্তব্যের পর ডলারের পতন আরও ত্বরান্বিত হয়েছে বলে লক্ষ করা গেছে। সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওংয়ের মতে, হোয়াইট হাউসের নীতিনির্ধারকরা ভবিষ্যতে ডলারের মান আরও কমিয়ে রাখতে পারেন—এমন একটি ধারণা বিনিয়োগকারীদের মধ্যে জেঁকে বসেছে, যা স্বর্ণের বাজারকে আরও চাঙা করে তুলছে।

ডলারের মান চার বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার ফলে মঙ্গলবার স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পায় এবং বুধবার তা ৫ হাজার ২০০ ডলারের ঘর ছাড়িয়ে যায়। এই পরিস্থিতি বিশ্বব্যাপী আমদানি-রপ্তানি বাণিজ্য এবং মুদ্রাস্ফীতির ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে আমদানিনির্ভর দেশগুলোর জন্য ডলারের এই দুর্বলতা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারলেও স্বর্ণ ও জ্বালানি তেলের মতো পণ্যের উচ্চমূল্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। আন্তর্জাতিক অর্থনৈতিক মহল এখন ফেডারেল রিজার্ভের পরবর্তী পদক্ষেপের দিকে তীক্ষ্ণ নজর রাখছে।

সূত্র-রয়টার্স




মার্কিন ডলারের বিপরীতে সিঙ্গাপুর ডলার শীর্ষ অবস্থানে

ডেস্ক নিউজঃ মার্কিন ডলারের বিপরীতে সিঙ্গাপুর ডলার ২০১৪ সালের অক্টোবরের পর সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। চলতি সপ্তাহে দেশটির কেন্দ্রীয় ব্যাংক নীতিগত অবস্থান অপরিবর্তিত রাখতে পারে—এমন প্রত্যাশার মধ্যেই মুদ্রাটির এই উত্থান দেখা যাচ্ছে।

জাপানের সম্ভাব্য মুদ্রা হস্তক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও হস্তক্ষেপের ইঙ্গিতের খবরে মার্কিন ডলারের ওপর চাপ বেড়েছে। এর প্রভাব হিসেবে সিঙ্গাপুর ডলার ০.৩ শতাংশ শক্তিশালী হয়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ১.২৬৮৪ সিঙ্গাপুর ডলারে দাঁড়িয়েছে।

গত ২৩ জানুয়ারি নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের সুদের হার পর্যালোচনার পর থেকেই মার্কিন ডলার দুর্বল হতে শুরু করে। এতে জাপানি ইয়েনের মূল্য ১.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মার্কিন ডলারের এই দুর্বলতার সুযোগে অন্যান্য এশীয় মুদ্রাও লাভবান হয়েছে। মালয়েশিয়ার রিঙ্গিত ২০১৮ সালের পর সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার ওন প্রায় তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

উল্লেখ্য, সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার পরিবর্তনের পরিবর্তে মুদ্রার বিনিময় হার ব্যবস্থাপনায় বেশি গুরুত্ব দিয়ে থাকে। দেশটির শেয়ারবাজার, সরকারি বন্ড এবং ধারাবাহিকভাবে স্থিতিশীল নীতির কারণে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে।

এর ফলশ্রুতিতে, গত ১২ মাসে মার্কিন ডলারের বিপরীতে সিঙ্গাপুর ডলারের মূল্য প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস




সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ

ডেস্ক নিউজঃ তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

দাবি আদায় না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তারা। বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশে এ ঘোষণা দেয় সংগঠনটি।

নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও সকল কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে, বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুমকি দেয় তারা। এরপর সন্ধ্যায় বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে তারা।

রাত ১১টার দিকে এলপি গ‍্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। দুপুর ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মানা হলে এলপিজি সিলিন্ডার বিক্রি শুরু হবে। আর না হলে বিক্রি বন্ধ থাকবে।




বছরের শুরুতেই বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদকঃ নতুন বছরের শুরুতে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায়।

রবিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম সোমবার (৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৫ সালের শেষ প্রান্তিকে দফায় দফায় স্বর্ণের দাম বাড়তে থাকে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে এক ভরি ভালো মানের স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। পরে ১ জানুয়ারি পর্যন্ত টানা তিন দফায় দাম কমানো হলেও নতুন বছরের শুরুতেই তা আবার বাড়ানো হলো।

অন্যদিকে, রুপার দামে কোনও পরিবর্তন আসেনি। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।