ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় আমিরাতের তিন অঞ্চলে সৈকতে বিধিনিষেধ
আন্তর্জাতিক ডেস্ক : আরব আমিরাতের সাগরে একটি তেলের জাহাজ থেকে প্রচুর তেল ছড়িয়ে পড়েছে। তাই মানুষের নিরাপত্তার জন্য রাস আল খাইমা, উম্ম আল কুয়াইন এবং শারজাহ এলাকার সমুদ্রসৈকতগুলোতে সাধারণ মানুষের যাওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে সরকার।
বিশেষজ্ঞরা দেখছেন সাগরের ঠিক কতটুকু জায়গায় এই তেল ছড়িয়েছে। সাগরের পরিবেশ বাঁচাতে এখন দ্রুত এই তেল পরিষ্কারের কাজ চলছে। এছাড়া জেলে ও নৌকার মাঝিদের ওই এলাকা থেকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে এবং সরকারি নিয়ম মেনে চলতে বলা হয়েছে।
শারজাহ ও উম্ম আল কুয়াইনের পাশাপাশি আজমান এলাকার মানুষও বাতাসে তেলের কড়া গন্ধ পাচ্ছেন। তবে সরকার জানিয়েছে, এই গন্ধে মানুষের স্বাস্থ্যের বড় কোনো ক্ষতির ভয় নেই।
ঠিক কোন জাহাজ থেকে, কেন এবং কতটুকু তেল সাগরে পড়ল, তা এখনো জানা যায়নি। সাগরের পানি পুরোপুরি পরিষ্কার ও নিরাপদ না হওয়া পর্যন্ত সৈকতগুলো সবার জন্য বন্ধই থাকবে।
সৈকত বন্ধ থাকায় রাস আল খাইমার মতো পর্যটন এলাকাগুলোতে এর খারাপ প্রভাব পড়ছে। কারণ সেখানে অনেক দামি হোটেল আছে এবং নতুন রিসোর্ট তৈরির কাজ চলছে। এছাড়া, সাম্প্রতিক বিভিন্ন ঝামেলার কারণে ওই সাগরে জাহাজ চলাচলেও এখন বেশ ঝুঁকি তৈরি হয়েছে।
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত উত্তর ইউরোপ, বিদ্যুৎহীন দেড় লাখের বেশি বাড়িঘর
আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের উত্তরাঞ্চলের বিভিন্ন দেশ। ঝড়ের কারণে দেড় লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট এবং বন্ধ হয়ে গেছে মুঠোফোনের নেটওয়ার্ক সেবা।
সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টার ব্যবধানে বয়ে যাওয়া বোয়েলো ও অস্টেন নামের দুটি শক্তিশালী ঝড়ে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে ৮২ হাজারের বেশি, ফ্রান্সে প্রায় ৬০ হাজার এবং জার্মানিতে অন্তত ১০ হাজার বাড়িঘর বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্কটল্যান্ডের পশ্চিমাঞ্চলের আর্গাইল অ্যান্ড বিউট কাউন্সিল এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। ঝড়ে গাছ ও বিদ্যুতের তার পড়ে দেশটির বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ বন্ধ হয়ে গেছে।
ঝড়ের সময় চার লাখের বেশি বাড়িঘরের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বলে জানিয়েছে যুক্তরাজ্যের এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশন। সংগঠনটি আরও জানায়, শুক্রবার স্টর্ম অস্টেনের তোড়ে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের ব্রাইটনে পুরোনো জেটির একটি অংশ উড়ে গেছে। ২০০৩ সালে অগ্নিকাণ্ডের পর থেকে জেটিটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
ইউরোপে এ বছরের শরৎকালের প্রথম বড় ঝড়ের তাণ্ডবের মধ্যে ইংলিশ চ্যানেলের অপর পারে ফ্রান্সের উত্তরাঞ্চলেও শক্তিশালী ঝোড়ো বাতাস আঘাত হেনেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভবিষ্যতে আবহাওয়া চরম বৈরী হতে পারে।
ফ্রান্সের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনেদিস জানিয়েছে, শনিবার অস্টেন ঝড়ের তীব্রতা যখন সবচেয়ে বেশি ছিল, তখন দেশটির প্রায় ২ লাখ ৮৮ হাজার বাড়িতে বিদ্যুৎ ছিল না। রোববার দুপুর পর্যন্ত প্রায় ৫৯ হাজার বাড়িতে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর বেশির ভাগই নরম্যান্ডি ও ব্রিটানি অঞ্চলে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে এনেদিসের ২ হাজার ৬০০ বিদ্যুৎকর্মী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী কাজ করছেন।
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফ্রাইবুর্গ ইম ব্রাইসগাউ শহর ও আশপাশের এলাকায় রোববার অস্টেন ঝড়ের কারণে ১০ হাজার বাড়িতে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শহরটির প্রধান হাসপাতাল শুধু জরুরি রোগীদের চিকিৎসা দিতে বাধ্য হয়। একই কারণে মুঠোফোনের নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়। দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার নাসটাটেন শহরে শরৎকালীন মেলা চলার সময় অস্টেন ঝড়ের বাতাসে নির্মাণকাজে ব্যবহৃত একটি মাচা উড়ে যায়। এতে দুজন গুরুতর আহত হন।
জার্মানির আবহাওয়া সংস্থা ডিডব্লিউডি পূর্বাভাস দিয়েছে, রোববার দেশটির উত্তর উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও ঝড় আঘাত হেনেছে। শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গাছ পড়ে চারজন আহত হয়েছেন।
শত শত ফ্লাইট বাতিল
ঝড়ের কারণে উত্তর ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল বা অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর নেদারল্যান্ডসের আমস্টারডামের শিফলে রোববার কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রায় ৯০টি ফ্লাইট বাতিল হওয়ার হিসাব পেয়েছে এএফপি। এর বেশির ভাগই প্যারিস, রোম, ডাবলিনসহ ইউরোপের বিভিন্ন শহরগামী ফ্লাইট। এ ছাড়া বিমানবন্দরটিতে অবতরণের কথা ছিল, এমন কয়েক ডজন ফ্লাইটও বাতিল করা হয়েছে।
ঝড়ের কারণে ইংল্যান্ডের উত্তরাঞ্চল ও স্কটল্যান্ডেও উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছে।
মক্কা-জেদ্দাসহ সৌদির ৪ শহরে হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা
সৌদি আরবের মক্কা, জেদ্দা, ইয়ানবু ও তায়েফে আকাশপথে হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলা, জনসমাগম এড়িয়ে চলা এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এ সতর্কতা জারি করে। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ক্ষেপণাস্ত্র দুটি তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে জানান তিনি।
অন্যদিকে, ইয়েমেনের তায়েজের কাছাকাছি পূর্বাঞ্চলীয় ফ্রন্টে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। এতে ভারী ও মাঝারি অস্ত্র ব্যবহারের পাশাপাশি কামানের গোলাবর্ষণ ও বিমান হামলার ঘটনা ঘটেছে।
সৌদি আরবের বিভিন্ন শহরে হামলার আশঙ্কায় সতর্কতা জারি এবং দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। তথ্যসূত্র: এনডিটিভি।
বিশ্ববাজারে তেলের দাম ৬ মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি প্রায় ১১৭ ডলার
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ এবং দীর্ঘদিন হরমুজ প্রণালিতে অবরোধ থাকায় বিশ্বজুড়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গতকাল শুক্রবার যে দামে অপরিশোধিত তেল বিক্রি হয়েছে, তা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ।
গত শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ৩.৮ শতাংশ বেড়ে ১১৭.৪৫ ডলারে পৌঁছায়। পরে শনিবার এক পর্যায়ে তা ১১৬.৭২ ডলারে নেমে আসে। গত ২৯ এপ্রিলের পর এই দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০৩.২৭ ডলার। চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ১০ শতাংশ।
এক বছর আগের তুলনায় দাম বেড়েছে ৭৯.০২ শতাংশ। অন্যদিকে গত এক মাসে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ শতাংশ। এক বছরের ব্যবধানে দাম বেড়েছে ৬৭.৯২ শতাংশ। তেলের দাম দীর্ঘ সময় চড়া থাকতে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।
গত শুক্রবারের ভবিষ্যৎ চুক্তির দর অনুযায়ী, আগামী বছরের এপ্রিল পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরেই থাকার ইঙ্গিত মিলছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না। এ বিষয়ে ‘খুব শিগগিরই’ কিছু একটা ঘটবে। ট্রাম্পের এ রহস্যজনক মন্তব্যের পর দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হলে আবারও ইরানে হামলা জোরদার করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিপরীতে ইরানের সেনাপ্রধান দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমকে জানান, তাঁদের সামরিক বাহিনী যেকোনো অসম যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।
সংঘাতের তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় শিগগিরই প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলারে পৌঁছতে পারে। এ ছাড়া সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। হুতিদের চালানো ড্রোন হামলার পর সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি আরামকো তাদের কর্মীদের প্রধান কার্যালয় ছেড়ে যেতে বলেছে। তারা কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।
এদিকে লিবিয়ার ন্যাশনাল অয়েল করপোরেশনের (এনওসি) তথ্য অনুযায়ী, দেশটির হামাদা ও তাহারা তেলক্ষেত্রে সরবরাহকারী একটি পাইপলাইনের ভাল্ভ বন্ধ করে দিয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এতে হামাদা তেলক্ষেত্রে দৈনিক ৫০ হাজার ব্যারেল এবং তাহারা তেলক্ষেত্রে দৈনিক ৪০ হাজার ব্যারেল উৎপাদন কমেছে।
ফিলিপাইনের আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে দেশটির রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এসএফ-২৬০ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট বিমান দুটি বিধ্বস্ত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান জানিয়েছেন, সংঘর্ষের পর দুটি বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়। এ ঘটনায় চার পাইলটের মৃত্যু হলেও অন্য কেউ হতাহত হননি।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির বিমান বাহিনী। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসএফ-২৬০ মডেলের সব সামরিক বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এর আগে গত মে মাসে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় একই মডেলের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায়ও দুই পাইলট নিহত হয়েছিলেন।
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্কঃ ভালোবাসার সাধারণ এক আলিঙ্গন যে শেষ পর্যন্ত হাড় ভাঙার কারণ হতে পারে, তা হয়তো কল্পনাও করেননি চীনের এক দম্পতি। স্বামীর মৃদু জড়িয়ে ধরাতেই ভেঙে গেছে স্ত্রীর পাঁচটি পাঁজর, ফাটল ধরেছে আরও একটিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলা এ ঘটনার পর স্বাস্থ্য পরীক্ষায় জানা গেছে, ওই নারী তীব্র ‘অস্টিওপোরোসিস’ বা হাড়ক্ষয় রোগে ভুগছিলেন।
চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিংসি লাইভ’-এর বরাতে জানা যায়, শীত লাগছে জানানোয় স্ত্রীকে উষ্ণতা দিতে জড়িয়ে ধরেছিলেন ওয়াং পদবির ওই ব্যক্তি। তবে আলিঙ্গনের মুহূর্তেই হাড় ভেঙে যাওয়ার শব্দ শুনতে পান তিনি। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, তীব্র যন্ত্রণায় কাতর হয়ে স্ত্রী তাৎক্ষণিকভাবে মাটিতে বসে পড়েন।
স্বামীর দাবি, তিনি কোনো অতিরিক্ত শক্তি প্রয়োগ করেননি; স্বাভাবিকভাবেই স্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন। বিষয়টি যে এতটাই গুরুতর রূপ নিতে পারে, তা আঁচ করতে পারেননি ওই দম্পতি। ফলে সারা রাত অসহ্য যন্ত্রণা সহ্য করে পরদিন সকালে তারা হাসপাতালে যান। সেখানে বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা দেখতে পান, তার পাঁচটি পাঁজর ভেঙে গেছে এবং ষষ্ঠ পাঁজরে চিড় (হেয়ারলাইন ফ্র্যাকচার) ধরেছে।
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে ওয়াং জানান, তার স্ত্রীর হাড় অত্যন্ত ভঙ্গুর হয়ে যাওয়ার মূল কারণ অস্টিওপোরোসিস। তিনি জানান, ৪৫ থেকে ৫০ কেজি ওজনের তার স্ত্রী মাত্রাতিরিক্ত ডায়েট করতেন এবং প্রায়ই রাতের খাবার বাদ দিতেন। এ ছাড়া তিনি সূর্যালোকের সংস্পর্শেও আসতেন না বললেই চলে। বাসা থেকে মাত্র দুই-তিন মিনিটের দূরত্বে অবস্থিত পারিবারিক দোকানেই তার বেশির ভাগ সময় কাটত।
উহান এশিয়া হার্ট জেনারেল হাসপাতালের অস্থিশল্য বিশেষজ্ঞ (অর্থোপেডিক ফিজিশিয়ান) ইয়ান ইয়ানসিয়াং বলেন, সাধারণত তরুণ বয়সে শুধু আলিঙ্গনের চাপে পাঁজর ভেঙে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। ব্যক্তির অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার সঙ্গে হাড়ের এই অস্বাভাবিক দুর্বলতার গভীর যোগসূত্র রয়েছে।
তিনি আরও জানান, পাঁজরের এই ধরনের ভাঙনে ফুসফুস বা ফুসফুসের পর্দায় কোনো জটিলতা তৈরি না হলে সচরাচর অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না। সে কারণে চিকিৎসকেরা ওই নারীকে কোনো অস্ত্রোপচার না দিয়ে ওষুধ, বিশেষ প্যাচ এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে নিরাময়ের পরামর্শ দিয়েছেন।
যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের জরুরি রসদ রাখার পরামর্শ
হরমুজে বাণিজ্যিক জাহাজের জন্য সবচেয়ে বিপজ্জনক মাস অক্টোবর
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে আক্রমণের ক্ষেত্রে চলতি অক্টোবর মাসটি এখন পর্যন্ত সবচেয়ে খারাপ মাস হিসেবে গণ্য হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ‘ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’-এর সংকলিত তথ্যে দেখা গেছে, বাণিজ্যিক নৌ চলাচলের জন্য এই অক্টোবর ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক মাস।
সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি মাসেই হরমুজ প্রণালিতে অন্তত ২৮টি জাহাজে নিশ্চিত হামলার ঘটনা ঘটেছে। এর ফলে গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে মোট আক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩টি।
এই পরিসংখ্যানটি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্যের সাথেও সামঞ্জস্যপূর্ণ, সংঘাত শুরুর পর থেকে মোট ১২০টি আক্রমণের তথ্য নথিভুক্ত করেছে সংস্থাটি।
তবে ‘যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম’ (ইউকেএমটিও) জানিয়েছে, তারা ১৬ অক্টোবর পর্যন্ত ১৩৫টি হামলার ঘটনা রেকর্ড করেছে। তারা আরও উল্লেখ করেছে, অনেক আক্রমণের তথ্য প্রতিবেদনে প্রতিফলিত না-ও হতে পারে, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
আইএমও’র তথ্যের ওপর ভিত্তি করে রয়টার্সের বিশ্লেষণে দেখা গেছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে বিশ্বের ৯০০টিরও বেশি সুপারট্যাঙ্কার বহরের প্রায় ৩.৫ শতাংশ জাহাজ এই আক্রমণের শিকার হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
সূত্র: আর-জাজিরা।
নিষেধাজ্ঞা কাটিয়ে যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত এক আকস্মিক চুক্তির পর যুক্তরাষ্ট্রগামী প্রথম রুশ ডিজেলবাহী ট্যাঙ্কার জাহাজ নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) শিপ-ট্র্যাকিং সংক্রান্ত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটিতে ডিজেলের আকাশচুম্বী দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে চলতি মাসের শুরুতে এই চুক্তির কথা ঘোষণা করেন ট্রাম্প। এই চুক্তির সুবিধার্থে ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত নতুন মার্কিন নিষেধাজ্ঞা আইনের কয়েকটি ধারা শিথিল করেছেন। পাশাপাশি জরুরি মজুত থেকে বাজারে আরও বেশি জ্বালানি সরবরাহ করতে ইউরোপীয় দেশগুলোকে তাগিদ দিয়েছেন; অন্যথায় যুক্তরাষ্ট্র থেকে তাদের দেশে ডিজেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এলএসইজি শিপিং ডেটা অনুযায়ী, মাল্টার পতাকা বহনকারী মাঝারি আকারের ট্যাঙ্কার ‘আগিওই ফ্যানেন্দেস’ গত ২২ অক্টোবর রাশিয়ার বাল্টিক বন্দর প্রিমোর্স্ক থেকে ৪০ হাজার মেট্রিক টন আল্ট্রা-লো সালফার ডিজেল নিয়ে যাত্রা শুরু করে। জাহাজটি আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
পণ্যটির ক্রেতা ও বিক্রেতার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারির পর এটিই মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রথম রুশ তেলের চালান।
এর আগে ৯ অক্টোবর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, রাশিয়া অবিলম্বে ৩ লাখ মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রপ্তানি করবে। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আরও ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার এক কনফারেন্স কলে প্রথম জাহাজটি ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে এটি যুক্তরাষ্ট্রের বাজারের উদ্দেশে নাকি অন্য কোথাও যাচ্ছে তা স্পষ্ট করেননি। তিনি বলেন, আমার জানামতে, জ্বালানি মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে রিপোর্ট এসেছে যে প্রথম ট্যাঙ্কারটি ক্রেতাদের উদ্দেশে রওনা হয়েছে। এরপর থেকে নিয়মিত গতিতেই এই সরবরাহ বজায় থাকবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তির অংশ হিসেবে রাশিয়া ডিজেল রপ্তানির ওপর নিজেদের জারি করা স্বতঃস্ফূর্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রুশ তেল আমদানিতে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের পর থেকে মস্কো মূলত তুরস্ক, ব্রাজিল এবং আফ্রিকান দেশগুলোতে ডিজেল রপ্তানি করে আসছিল। এছাড়া রেলযোগে মধ্য এশিয়ায় জ্বালানি সরবরাহ অব্যাহত ছিল।
এলএসইজি এবং কেপলারের শিপিং ডেটা অনুযায়ী, মস্কো তাদের নিজস্ব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর রুশ ডিজেলবাহী জাহাজগুলো আবার তাদের পুরোনো গন্তব্যগুলোতে ফিরে যেতে শুরু করেছে। ইতিমধ্যে অন্তত দুটি জাহাজ তুরস্ক ও ব্রাজিলের দিকে যাওয়ার সংকেত দিয়েছে।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, দুই দেশের কোম্পানিগুলো প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে আরও চালানের পথ সুগম হবে।