মধ্যপ্রাচ্যজুড়ে ব্ল্যাকআউটের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটন তেহরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালালে, মধ্যপ্রাচ্যজুড়ে বিদ্যুৎহীন বা ‘ব্ল্যাকআউট’-এর কবলে ফেলবে। একইসঙ্গে তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর একটি সুনির্দিষ্ট তালিকাও তুলে ধরেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন। তবে গত সপ্তাহে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধ এবং আলোচনার মাধ্যমে সমাধানের আশার কথা উল্লেখ করে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন।

উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা এএফপি-কে বলেন, ট্রাম্প যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালান, তবে ইরান উপসাগরীয় দেশগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বা ‘ব্ল্যাকআউট’ করার হুমকি দিয়েছে। অঞ্চলের আরেক কর্মকর্তা এই বার্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উভয় কর্মকর্তাই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।

ট্রাম্প বলেছিলেন, পরিকল্পিত হামলাটি হতো ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা’। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি জ্বালানি অবকাঠামোতে আঘাত হানার কথা বিবেচনা করছিলেন। তিনি এরও আগে এমসন হুমকি দিয়ে আসছিলেন।

কর্মকর্তারা জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান বার্তা দিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে কোনো হামলা হলে উপসাগরীয় অঞ্চলের একই ধরনের স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হবে। উপসাগরীয় ওই কর্মকর্তা জানান, ইরান আগেও প্রকাশ্যে এমন হুমকি দিয়েছে। তবে এবারের হুমকিটি ছিল ‘অত্যন্ত গুরুতর’। কারণ এবার হামলা চালানোর মতো লক্ষ্যবস্তুর একটি দীর্ঘ তালিকা অন্তর্ভুক্ত ছিল।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর প্রতিটি হামলার জবাবে ইরানের কোনো সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে। এর জবাবে তেহরান ‘চোখের বদলে চোখ’ বা কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল।

উপসাগরীয় কর্মকর্তা আরও জানান, ইরানের বার্তায় বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (ডেসালিনেশন) কেন্দ্রগুলোতে আঘাত হানার কথা বলা হয়েছিল; অথচ মরুভূমিপ্রধান এই অঞ্চলটি পানীয় জলের জন্য মূলত এসব কেন্দ্রের ওপরই নির্ভর করে।

ট্রাম্প হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করার পর সৌদি আরব ঘোষণা করেছে, আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় ইরানের হামলার মূল ধকল উপসাগরীয় অঞ্চলকেই সইতে হয়েছে; এসব হামলায় মার্কিন স্থাপনার পাশাপাশি জ্বালানি কেন্দ্র, বন্দর ও বিমানবন্দরের মতো বেসামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

চলতি বছরের এপ্রিল ও জুন মাসে যথাক্রমে যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পরেও বিক্ষিপ্ত হামলা অব্যাহত ছিল। তবে জুলাই মাসে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গোলাগুলির ঘটনা ও তীব্রতা বেড়ে যায় এবং মূলত কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে হামলা চালানো হতে থাকে।




যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় দৈনিক এক শিশুর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ফিলিস্তিনের গাজায় প্রতিদিন গড়ে একজন শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে  জাতিসংঘ শিশু তহবিল(ইউনিসেফ)। সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে গত ৩০০ দিনে গাজায় অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার(৬ আগস্ট) এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, একই সময়ে শত শত শিশু আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। সংস্থাটি যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন প্রস্তাবিত শান্তি পরিকল্পনার সঙ্গে জড়িত পক্ষগুলোর প্রতি তাদের প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের জন্য ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এডুয়ার্ড বেইগবেডার বলেন, যুদ্ধবিরতির মধ্যেও গড়ে প্রতিদিন একটি করে শিশু প্রাণ হারায়, তা শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। গাজার শিশুরা এখনও সেই সহিংসতার অবসানের অপেক্ষায় আছে, যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল।

সংস্থাটি জানিয়েছে, পরিবারগুলো এখন অবরুদ্ধ এই অঞ্চলের মাত্র এক-তৃতীয়াংশ এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে এবং ধ্বংসপ্রাপ্ত ভবন, ধ্বংসস্তূপ ও আবর্জনার স্তূপের মাঝে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। শিশুরা তীব্র অপুষ্টি, রোগব্যাধি, অনিরাপদ পানি ও ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সংকটের মুখে রয়েছে। পাশাপাশি ইনকিউবেটরের অভাবে অপরিণত বয়সে জন্ম নেওয়া একাধিক নবজাতককে একই মেশিন ভাগ করে ব্যবহার করতে হচ্ছে।

ওই অঞ্চলের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধে ৭৩,৩০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ৫৮,০০০-এরও বেশি শিশু তাদের বাবা-মায়ের একজনকে বা উভয়কেই হারিয়েছে এবং ১০ লাখেরও বেশি শিশুর সুরক্ষা ও মনস্তাত্ত্বিক সহায়তার প্রয়োজন রয়েছে। সংস্থাটি এর আগে অনুমান করেছিল, প্রায় ১৭,০০০ শিশু অভিভাবকহীন বা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা বিশ্বের অন্যতম বড় শিশু সুরক্ষা সংকট। অনেক পরিবার বারবার বাস্তুচ্যুতি, আয়-রোজগার হারানো এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষার সীমিত সুযোগের মধ্যে জীবনযাপন করছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২ আগস্ট পশ্চিম গাজা সিটিতে চালানো এক হামলায় এক গর্ভবতী নারী, তার স্বামী ও তাদের পাঁচ বছর বয়সী ছেলে নিহত হন; হামলার পর ধ্বংসস্তূপ থেকে স্থানীয় বাসিন্দারা ওই নারীর গর্ভস্থ অনাগত সন্তানের মৃতদেহ উদ্ধার করেন।

শারীরিক ঝুঁকির পাশাপাশি ত্রাণকর্মীরা এমন এক প্রজন্মের কথা তুলে ধরেছেন যাদের শৈশব কেড়ে নেওয়া হয়েছে। যুদ্ধের তৃতীয় গ্রীষ্মকাল চলছে; অথচ খেলাধুলার বদলে অনেক শিশুকেই পানি সংগ্রহ, খাবারের জন্য লাইনে দাঁড়ানো এবং জ্বালানি কাঠ সংগ্রহের কাজে দিন কাটাতে হচ্ছে। ইউনিসেফ ও বিভিন্ন ত্রাণ সংস্থার মতে, বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরগুলোতে গ্রীষ্মকালীন ক্যাম্প, ছবি আঁকার সরঞ্জাম, এমনকি কাগজ ও কলমেরও তীব্র সংকট রয়েছে।

মে মাসে ইউনিসেফের এক মূল্যায়নে দেখা গেছে, গাজায় ছোট শিশুদের প্রারম্ভিক বিকাশের জন্য প্রয়োজনীয় নিরাপদ ও উদ্দীপক পরিবেশের অভাব রয়েছে। পাশাপাশি, স্কুল-বয়সী শিশুরা দীর্ঘ সময় ধরে পড়াশোনায় ব্যাঘাতের শিকার হচ্ছে এবং সুনির্দিষ্ট সহায়তা ছাড়া এই ক্ষতি পুষিয়ে ওঠার সম্ভাবনাও ক্ষীণ।

ইউনিসেফের ফিলিস্তিন বিষয়ক যোগাযোগ প্রধান জোনাথন ক্রিক্স চলতি বছরের শুরুর দিকে বলেছিলেন, যুদ্ধ শিশুদের কাছ থেকে যা কেড়ে নিয়েছে, খেলাধুলার মাধ্যমেই তারা তা ফিরে পায়। ​​তিনি খেলাধুলাকে বিলাসিতা নয়, বরং অপরিহার্য বিষয় হিসেবে অভিহিত করেন।

সংঘাত অবসানের পদক্ষেপ এবং ত্রাণ সহায়তা বাড়ানোর বিষয়ে সাম্প্রতিক ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বেইগবেডার। তিনি বলেন, গাজার শিশুদের ক্ষেত্রে বিষয়টি খুবই সহজ। হত্যাযজ্ঞ কি থামবে? তাদের কাছে কি পর্যাপ্ত ত্রাণ পৌঁছাবে? হাসপাতালগুলো কি আবার চালু হবে এবং পানি সরবরাহ কি স্বাভাবিক হবে?

আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। এই প্রস্তুতির অংশ হিসেবে ইউনিসেফ চলতি সপ্তাহে ৬০০ প্যালেটেরও বেশি স্কুল-সামগ্রী ও সাবান সরবরাহ করেছে।




দক্ষিণ লেবাননে ২ ইসরায়েলি সেনা নিহত, আহত ৪

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ লেবাননে তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে ২ জন সেনা নিহত ও ৪ জন আহত হওয়ার পর লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবানন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত ১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই সংবাদের বিশদ বিবরণ প্রকাশ করা হয়েছে।

রেডিওর তথ্য অনুযায়ী, একটি ভবনে নিরাপত্তা তল্লাশি চালানোর সময় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে সেনাসদস্যদের এই প্রাণহানি ঘটে। তবে উক্ত বিস্ফোরকটি যুদ্ধবিরতি বাস্তবায়নের পূর্বে নাকি পরে স্থাপন করা হয়েছিল সে বিষয়ে একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

প্রাথমিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনী এটিকে হিজবুল্লাহ কর্তৃক যুদ্ধবিরতির ‘স্পষ্ট লঙ্ঘন’ আখ্যা দিলেও পরবর্তীতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস সেনাসদস্যদের স্মরণে দেওয়া বিবৃতিতে হিজবুল্লাহর নাম বা যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করা থেকে বিরত থাকেন। গত ২৮ জুনের পর দক্ষিণ লেবাননে এই প্রথম কোনো ইসরায়েলি সেনার মৃত্যুর তথ্য রেকর্ড করা হলো।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মানসুরি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে তিবনিন শহরে ইসরায়েলি হামলায় ১ জন নিহত ও ১২ জন আহত হন। হামলাটি চালাবার আগে ইসরায়েলি বাহিনী উক্ত এলাকা খালি করার অনলাইন সতর্কতা জারি করে, যা বিগত এক মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথম বার্তা।

তথ্যসূত্র: রয়টার্স




ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে আরও একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এ নিয়ে অন্তত আটটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

বুধবার (০৫ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুথিরা জানিয়েছে, ইয়ানবু উপকূলের কাছে লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের তেলবাহী ট্যাংকার ওয়াফাতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ট্যাংকারটিতে ‘নির্ভুলভাবে’ আঘাত হেনেছে। এই হামলা ছিল সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির সামুদ্রিক অবরোধ এবং ‘অবরোধের বদলে অবরোধ’ কৌশলের অংশ।

সারি বলেন, এ হামলার মাধ্যমে ২২ জুলাই অবরোধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটটি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া ২৯টি সৌদি তেলবাহী ট্যাংকারকে লোহিত সাগর ও আরব সাগর হয়ে চলাচল করতে বাধা দেওয়া হয়েছে অথবা সেগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

হুথিদের এ মুখপাত্র বলেন, বাব এল-মান্দেব প্রণালিতে গোষ্ঠীটির অবরোধ সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ কারণে সৌদি আরব তাদের তেলবাহী ট্যাংকারগুলোকে উত্তর লোহিত সাগরের দিকে ঘুরিয়ে দিয়েছে।

আনাদোলু জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২০ জুলাই ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে একটি সমুদ্রভিত্তিক অবরোধ ঘোষণা করে, যার মাধ্যমে তারা চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে নতুন একটি ফ্রন্ট খুলেছে।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি-সংযুক্ত জাহাজগুলোর ওপর হুতিদের ধারাবাহিক হামলার কারণে গত সপ্তাহে লন্ডনের মেরিন ইন্স্যুরেন্স বাজার লোহিত সাগরে তাদের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ (হাই রিস্ক) অঞ্চলের পরিধি আরও বাড়িয়ে দেয় এবং এর সঙ্গে নতুন করে সৌদি আরবের আরও কিছু বন্দরের নিকটবর্তী জলসীমাও যুক্ত করে।




প্রেমিকের সঙ্গে তীব্র ঝগড়ার পর ১৮ তলা থেকে লাফ দিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক : চীনের ঝেজিয়াং প্রদেশের জিয়াশিং শহরে অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে। প্রেমিকের সঙ্গে রাতভর ঝগড়ার জেরে ২০ বছর বয়সী এক তরুণী ১৮ তলা ভবনের বারান্দা থেকে লাফ দিয়েও প্রাণে বেঁচে গেছেন। নিচে থাকা একটি গাছ তার পতনের গতি অনেকটা কমিয়ে দিয়েছিল বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, গত ১২ জুলাই ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তরুণীর প্রকৃত নাম প্রকাশ না করে তাকে ‘শিয়াওই’ নামে উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওইদিন ভাড়া বাসায় প্রেমিকের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে তর্কাতর্কি চলছিল। শিয়াওই আগেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। এজন্য গত ১০ জুলাই ইউনান প্রদেশে ফিরে যাওয়ার ট্রেনের টিকিটও কেটেছিলেন। কিন্তু প্রেমিক তাকে যেতে দিতে রাজি হননি।
১১ জুলাই রাতে আবার ঝগড়া শুরু হলে প্রেমিক তাকে বাইরে যেতে বাধা দেন। তিনি শিয়াওইয়ের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন কেড়ে নেন এবং অ্যাপার্টমেন্টের দরজা বাইরে থেকে তালা দিয়ে দেন। আর কোনো উপায় না দেখে মরিয়া হয়ে শিয়াওই ১৮ তলার বারান্দা থেকে লাফ দেন।

অবিশ্বাস্য হলেও সত্য, নিচে থাকা একটি গাছ তার গতি অনেকটাই কমিয়ে দেয়। পরে তিনি ঝোপঝাড়ের ওপর পড়ে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। ঘটনার পর প্রেমিকই তাকে কাছের হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক খরচ হিসেবে ২০ হাজার ইউয়ান পরিশোধ করেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, শিয়াওইয়ের মাথা, ফুসফুস, যকৃত ও প্লীহায় গুরুতর আঘাত লেগেছে। এছাড়া শ্রোণি ও পিউবিক হাড়সহ দুই পাও ভেঙে গেছে। ইতিমধ্যে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। জুলাইয়ের শেষ দিকে আরও একটি অস্ত্রোপচারের পরিকল্পনা ছিল, কিন্তু অর্থের অভাবে সেটি স্থগিত রাখা হয়েছে।

চেতনা ফিরে পাওয়ার পর শিয়াওই পরিবারকে পুরো ঘটনা বলেন। তার চাচা লি বলেন, ওদের মধ্যে আগেও বেশ কয়েকবার ঝগড়া হয়েছে। সেদিন সারা রাত ঝগড়ার পর আমার ভাতিজির মাথা ঘুরছিল। তখন তার একমাত্র চিন্তা ছিল যেকোনোভাবে ফ্ল্যাট থেকে বের হয়ে প্রেমিকের কাছ থেকে দূরে চলে যাওয়া। তিনি আরও জানান, শিয়াওই এখন ওই তাৎক্ষণিক সিদ্ধান্তের জন্য অনুতপ্ত।

চিকিৎসার খরচ পরিবারের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালে শিয়াওইয়ের মায়ের ক্যানসার ধরা পড়ে। তার চিকিৎসায় পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে যায়, এমনকি ঋণও নিতে হয়। শিয়াওইয়ের চিকিৎসায় ইতিমধ্যে এক লাখ ইউয়ানের বেশি খরচ হয়েছে। এর মধ্যে প্রায় ৬০ হাজার ইউয়ান এখনো হাসপাতালের কাছে বকেয়া রয়েছে।

অনলাইনে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়ে পরিবার এখন পর্যন্ত প্রায় ৯০ হাজার ইউয়ান পেয়েছে। তবে দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের খরচ কীভাবে মেটানো হবে, তা নিয়ে তারা উদ্বিগ্ন।

ঘটনার পর পরিবার প্রেমিককে হাসপাতালে দেখা করতে দিতে রাজি হয়নি। তাদের আশঙ্কা ছিল, তার উপস্থিতি শিয়াওইয়ের মানসিক অবস্থা আরও খারাপ করতে পারে। নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রেমিক কয়েকবার হাসপাতালের কক্ষে প্রবেশের চেষ্টা করেন। পরে পুলিশ ডাকা হলে তাকে হাসপাতাল থেকে চলে যেতে বলা হয়।

চাচা লি বলেন, আমার ভাতিজি সত্যিই ভাগ্যবতী। যে জায়গায় সে পড়েছে, তার কয়েক ফুট দূরেই ছিল শক্ত সিমেন্টের মেঝে। সেখানে পড়লে সে মারা যেত।




ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ১০ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইতালির

আন্তর্জাতিক ডেস্কঃ নেপলস অঞ্চলে গত সপ্তাহের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি মোকাবিলায় ১০ কোটি ইউরো সহায়তা বরাদ্দ করেছে ইতালি সরকার।

মঙ্গলবার (৪ আগস্ট) দেশটির নাগরিক সুরক্ষা মন্ত্রী এ তথ্য জানান।

গত শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা ৪ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পটি গত ৪০ বছরের মধ্যে নেপলস এলাকায় সবচেয়ে শক্তিশালী ছিল। এতে প্রায় ৭০০ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। ভূমিকম্পে ২৬ জন আহত হয়।

ক্ষতিগ্রস্ত ভবনগুলোর অধিকাংশই শহরের পশ্চিমে অবস্থিত পোজুওলি এলাকার যেখানে সরিয়ে নেওয়া বেশিরভাগ মানুষ বসবাস করতেন।

মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেচি বলেন, বরাদ্দকৃত অর্থ ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের কাজে ব্যবহার করা হবে।

দমকল বাহিনীর তথ্য অনুযায়ী জানা গেছে, ৩৯৫টি বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

মন্ত্রী জানান, সরিয়ে নেওয়া ৭০০ জনের মধ্যে ৫৬৮ জনের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এখনো ১২৮ জন হোটেলে অবস্থান করছেন।

এই অঞ্চলটি ইউরোপের বৃহত্তম আগ্নেয়গিরির জ্বালামুখের অবস্থান এবং এখানে প্রায়ই ভূমিকম্পসহ ভূ-কম্পনমূলক কার্যক্রম ঘটে থাকে। শুক্রবারের ভূমিকম্পের পর রাতভর অপেক্ষাকৃত কম মাত্রার বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়।

সূত্র: এএফপি।




মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : গুণগত মান নির্ধারিত মানদণ্ডে না পৌঁছানোয় ভারত থেকে আমদানি করা প্রায় ১১ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চালের একটি চালান ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের বাণিজ্যিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বহুজাতিক কোম্পানির মজুত থেকে ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে চালগুলো বাংলাদেশে সরবরাহ করা হয়েছিল।

খবরে বলা হয়, চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রাথমিক পরীক্ষায় খাদ্যোপযোগী হিসেবে ছাড়পত্র পেলেও পরবর্তী বিস্তারিত পরীক্ষায় এর মান নির্ধারিত মানের নিচে পাওয়া যায়। এরপর প্রায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন খালাস হলেও বাকি চাল নিয়ে আপত্তি ওঠে। পরে পুরো চালান ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এ ঘটনায় বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রক্রিয়া বা সিদ্ধান্ত গ্রহণে বিলম্বও ভূমিকা রাখতে পারে। তবে এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলেও সংশ্লিষ্টদের আশঙ্কা।




হরমুজ প্রণালি ফের চালুর আশা, বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতার ইতিবাচক আশ্বাসে আন্তর্জাতিক বাজারে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ার ইঙ্গিতে মঙ্গলবার তেলের দাম কমে গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায় নেমে আসে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলে দাম প্রায় পাঁচ শতাংশ কমে আসি ৮০ ডলারের নিচে নেমেছে। একই সাথে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম পাঁচ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল দাঁড়ায় ৭৬ ডলারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট উভয়েই আলোচনার অগ্রগতির কথা নিশ্চিত করেছেন। ওমানকে মধ্যস্থতাকারী হিসেবে রেখে চলমান এই সংলাপে চলতি সপ্তাহেই প্রণালীটি বাণিজ্যিক চলাচলের জন্য খুলে দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। অর্থমন্ত্রী বেসেন্ট এক সাক্ষাৎকারে জানান, খুব দ্রুত এমনকি বুধবারের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।

আন্তর্জাতিক বাজারের জন্য অতীব গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ থাকায় বিগত মাসগুলোতে বেশ অস্থিরতা দেখা দিয়েছিল এবং ভোক্তা পর্যায়েও জ্বালানির দর বৃদ্ধি পায়। বিশ্বজুড়ে দৈনিক ব্যবহৃত মোট খনিজ তেল ও এলএনজির প্রায় পাঁচভাগের একভাগ সরবরাহ করা হয় এই হরমুজ প্রণালি দিয়ে। দীর্ঘদিনের অচলাবস্থার পর এই সম্ভাব্য সমঝোতার খবরে বিশ্ববাজার সাময়িক স্বস্তি পেয়েছে, যদিও কোনো পক্ষই প্রস্তাবিত চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ্যে আনেনি।




রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলীয় জনপ্রিয় পর্যটন শহর গেলেনজিকের কাছে একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ৪৭ জন হতাহত হয়েছে। এর মধ্যে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন।

নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ক্রাসনোদার ক্রাই অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান। তিনি এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ইউক্রেনের সামরিক বাহিনী হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

নৌঘাঁটি লক্ষ্য করে হামলার সন্দেহ
স্থানীয় ও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোনটির মূল লক্ষ্য সম্ভবত রাশিয়ার গুরুত্বপূর্ণ নভোরোসিস্ক নৌঘাঁটি ছিল। এই নৌঘাঁটিটি গেলেনজিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে ড্রোনটি গেলেনজিকের কাছের আরখিপো-ওসিপোভকা এলাকার একটি ব্যস্ত সমুদ্রসৈকতে আঘাত হানে বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওর সত্যতা যাচাই
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো যাচাই করেছে বিবিসি ভেরিফাই।

সংস্থাটি জানিয়েছে, ভিডিওর অবস্থান শনাক্ত (জিওলোকেশন) করে নিশ্চিত হওয়া গেছে যে, ঘটনাটি আরখিপো-ওসিপোভকা সৈকতেই ঘটেছে। এছাড়া সময়-সংক্রান্ত বিশ্লেষণ (রিসেন্সি চেক) এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পরীক্ষার মাধ্যমে ভিডিওগুলো সাম্প্রতিক এবং প্রকৃত বলে নিশ্চিত করা হয়েছে।

বাড়ছে সীমান্তপারের ড্রোন হামলা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের মধ্যে ড্রোন হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে বলে মস্কোর দাবি।

অন্যদিকে ইউক্রেন সাধারণত নির্দিষ্ট হামলার বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করে না। ফলে গেলেনজিকের সমুদ্রসৈকতে সাম্প্রতিক এই হামলার লক্ষ্যবস্তু কী ছিল এবং কীভাবে বেসামরিক এলাকায় প্রাণহানি ঘটল, তা এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। 




ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক সক্ষমতা ও শক্তি বাড়ানোর অংশ হিসেবে ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে ২৫০টি চীনা তৈরি এসএইচ-১৫ ট্রাক-মাউন্টেড সেলফ-প্রপেলড হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পর সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে ইসলামাবাদের এটি অন্যতম বৃহৎ পদক্ষেপ।

চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান ‘নরিনকো’ কর্তৃক তৈরিকৃত এই ১৫৫ মিলিমিটারের এসএইচ-১৫ হাউইটজারটিতে রয়েছে আধুনিক প্রযুক্তি ও দ্রুত গতিশীলতার সুবিধা:

গঠন ও ইঞ্জিন: অস্ত্রটি ৬×৬ চ্যাসিসের ওপর বসানো এবং এতে রয়েছে একটি শক্তিশালী ৪০০ হর্সপাওয়ারের ডিজেল ইঞ্জিন।

ফায়ারিং রেঞ্জ: এটি সাধারণত ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ন্যাটো-সামঞ্জস্যপূর্ণ গোলাবারুদ নিক্ষেপ করতে পারে। তবে রকেট-অ্যাসিস্টেড প্রজেক্টাইল ব্যবহারের মাধ্যমে এর সর্বোচ্চ পাল্লা ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

অটোমেশন ও গতিশীলতা: এতে আধুনিক স্বয়ংক্রিয় ফায়ার-কন্ট্রোল সিস্টেম এবং হাইড্রোলিক ব্যবস্থা রয়েছে। ফলে এটি অত্যন্ত দ্রুত অবস্থান পরিবর্তন করে প্রতি মিনিটে সর্বোচ্চ ছয় রাউন্ড পর্যন্ত গোলা বর্ষণ করতে সক্ষম।

বিশ্লেষকদের মতে, এই অস্ত্র মোতায়েন বেইজিং ও ইসলামাবাদের মধ্যকার ক্রমবর্ধমান গভীর প্রতিরক্ষা সহযোগিতারই বহিঃপ্রকাশ। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বেইজিং ও ইসলামাবাদের সম্পর্ককে অনন্য বলে অভিহিত করেছেন। সামরিক শক্তিবৃদ্ধির এই প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছর পাকিস্তান তাদের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বাড়িয়ে ৩ ট্রিলিয়ন রুপিতে উন্নীত করেছে।