যে কারণে মানচিত্র থেকে সরে গেল জাপান, কী বলছে গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক : জাপান আগের অবস্থানে নেই—এমনই এক বিস্ময়কর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায়। গবেষকদের দাবি, ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট পর দেশটির ভূখণ্ড স্থায়ীভাবে পূর্ব দিকে সরে যায়।

গবেষণাটি পরিচালনা করেছেন  ইউনিভার্সিটি অব শিকাগোর ভূ-পদার্থবিদ সানইয়ং পার্ক। গবেষণার ফলাফল সম্প্রতি একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।

২০১১ সালের ১১ মার্চ স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে জাপানে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জিপিএস তথ্য বিশ্লেষণে দেখা যায়, ভূমিকম্পের কিছু সময় পর হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত প্রায় ৩ হাজার কিলোমিটার বিস্তৃত অঞ্চল প্রায় একই সময়ে পূর্ব দিকে স্থানচ্যুত হয়।

প্রথমে বিজ্ঞানীরা এটিকে তথ্যগত ত্রুটি বা যন্ত্রের ভুল বলে মনে করেছিলেন। কিন্তু দীর্ঘদিনের বিশ্লেষণের পর গবেষকেরা নিশ্চিত হন, ঘটনাটি বাস্তব ছিল এবং এর পেছনে কাজ করেছে এক বিরল ভূ-ভৌত প্রক্রিয়া।

গবেষণা অনুযায়ী, ভূমিকম্পে সৃষ্ট শক্তিশালী ভূকম্পন তরঙ্গ পৃথিবীর গভীরে থাকা তরল ধাতব বহিঃকেন্দ্র পর্যন্ত পৌঁছে সেখান থেকে প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। প্রায় ৫ হাজার ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসা এই তরঙ্গের প্রভাবে জাপানের নিচে থাকা চারটি প্রধান টেকটোনিক প্লেটে সামান্য নড়াচড়া সৃষ্টি হয়।

গবেষক পার্কের ভাষায়, সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল যে জাপানের প্রায় পুরো ভূখণ্ড একই সময়ে প্রায় সমানভাবে সরে যাচ্ছিল। এই নড়াচড়া মূল ভূমিকম্প বা বড় কোনো আফটারশকের সঙ্গে ঘটেনি বরং সেগুলোর আগেই এটি সংঘটিত হয়।

ভূকম্পনবিদেরা আগে থেকেই জানতেন যে বড় ভূমিকম্পের তরঙ্গ পৃথিবীর কেন্দ্র থেকে প্রতিফলিত হতে পারে। তবে এত গভীর থেকে ফিরে আসা কোনো তরঙ্গের ভূপৃষ্ঠে এত স্পষ্ট প্রভাব ফেলতে পারে—এমন প্রমাণ আগে পাওয়া যায়নি।

এ বিষয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ গোরান একস্ট্রম জানান, ২০১১ সালের মূল ভূমিকম্পে জাপানের নিচের দুটি টেকটোনিক প্লেট প্রায় ১০ মিটার সরে গিয়েছিল। এর ফলেই সুনামির সৃষ্টি হয় এবং জাপানের প্রধান দ্বীপ হনশু প্রায় ২০ সেন্টিমিটার পূর্ব দিকে সরে যায়। তবে নতুন গবেষণায় যে স্থানচ্যুতির কথা বলা হয়েছে, তা মূল কম্পনের পরবর্তী ঘটনা।

গবেষকদের হিসাব অনুযায়ী, এই দেশব্যাপী মৃদু স্থানচ্যুতির পেছনে যে শক্তি কাজ করেছে, তা প্রায় ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পের সমতুল্য। তবে শক্তিটি বিশাল এলাকায় ছড়িয়ে পড়ায় এর ধ্বংসাত্মক প্রভাব দেখা যায়নি।

বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর কেন্দ্র ঘুরে ফিরে আসা এই ধরনের তরঙ্গ ভূত্বকের বিভিন্ন ফল্টকে পুনরায় সক্রিয় করতে পারে এবং দূরবর্তী প্লেট-সংযোগস্থলেও নড়াচড়ার সূচনা ঘটাতে সক্ষম।

ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের ভূতাত্ত্বিক অধ্যাপক ভেদরান লেকিচ বলেন, জাপানের অত্যাধুনিক ভূকম্পন ও স্যাটেলাইট পর্যবেক্ষণ ব্যবস্থা থাকায় এত সূক্ষ্ম ঘটনা শনাক্ত করা সম্ভব হয়েছে। বিশ্বের অন্য অঞ্চলগুলোতেও এমন ঘটনা ঘটতে পারে, কিন্তু পর্যাপ্ত প্রযুক্তির অভাবে তা নজরে আসছে না।

গবেষণায় যুক্ত না থাকলেও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ভূ-পদার্থবিদ আমান্ডা থমাস এই গবেষণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। তার মতে, বড় ভূমিকম্পের প্রভাব শুধু মূল কম্পন বা আফটারশকের মধ্যেই সীমাবদ্ধ নয়; অনেক সময় পরে ফিরে আসা গভীর ভূকম্পন তরঙ্গও ফল্ট সিস্টেমে অপ্রত্যাশিত পরিবর্তন ঘটাতে পারে।

বিজ্ঞানীরা মনে করছেন, পৃথিবীর গভীরের ভূতাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কে বোঝাপড়ার ক্ষেত্রে এই আবিষ্কার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে ভূমিকম্প-পরবর্তী ঝুঁকি মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যজুড়ে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ইংল্যান্ড ও ওয়েলসের এক হাজারেরও বেশি স্কুল বন্ধ রয়েছে বা সময়ের আগেই বন্ধ হয়ে যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ ইংল্যান্ডে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। তবে তা আরও বেশি মাত্রায় অনুভূত হতে পারে।

তীব্র গরমের কারণে ইংল্যান্ডের ৮৩৭টি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রয়েছে, অথবা অভিভাবকদের তাদের সন্তানদের আগেভাগে নিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে।

ইংল্যান্ড ও ওয়েলসের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের জন্য জারি করা রেড অ্যালার্ট বৃহস্পতিবার রাত পর্যন্ত কার্যকর রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত সেই সতর্কতা দক্ষিণ ইংল্যান্ডের আরও বেশি এলাকা পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। এটি আবহাওয়া অফিসের সর্বোচ্চ সতর্কতা স্তর এবং এর ফলে জীবনহানির ঝুঁকি ও পরিবহনে বিলম্ব হতে পারে।

দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ডে শনিবারের জন্য নতুন অ্যাম্বার তাপপ্রবাহ সতর্কতা জারি হওয়ায় রেলযাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার জন্য সতর্ক করা হচ্ছে।

লন্ডনের একজন নির্মাণকর্মী জনি বলেছেন, গরম ‘ভয়াবহ’ কিন্তু ‘কাজ তো করতেই হবে।’




নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকার শান্তি পরিকল্পনা মেনে নিতে অস্বীকৃতি জানানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চরম ক্ষিপ্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যকার ঐতিহাসিক মিত্রতার ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন যে সব ইহুদিই এখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর মারাত্মক বিরক্ত। 

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের দুই নামকরা সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জনাথন সোয়ানের যৌথভাবে লেখা একটি নতুন গ্রন্থে দুই শীর্ষ নেতার মধ্যকার এই উত্তপ্ত ফোনালাপের গোপন তথ্যটি ফাঁস করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সদ্য প্রকাশিত ‘রেজিম চেঞ্জ: ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প’ নামের বইটির বিভিন্ন চাঞ্চল্যকর অংশ বিশেষ উধৃত করা হয়। বইটির বিবরণ অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এই দুই বিশ্ব নেতার মধ্যে এক উত্তপ্ত বাক্যবিনিময় ঘটেছিল।

তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে নিজের তৈরি করা বিশেষ শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য ইসরায়েলের ওপর তীব্র রাজনৈতিক চাপ সৃষ্টি করছিলেন এবং ওই ফোনালাপের সময় মার্কিন বিশেষ শান্তি দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও সশরীরে উপস্থিত ছিলেন।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলে প্রকাশিত তথ্য অনুযায়ী ওই সংবেদনশীল ফোনালাপের সময় প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেছিলেন যে, ‘সবাই তোমার ওপর বিরক্ত, বিবি। সব ইহুদিই তোমার ওপর বিরক্ত। এই ফোনালাপে থাকা দুই ইহুদিও তোমার ওপর বিরক্ত।’ এখানে ট্রাম্প মূলত তার পাশে থাকা কুশনার ও উইটকফের কথা বুঝাচ্ছিলেন কারণ তারা দুজনেই ইহুদি সম্প্রদায়ের মানুষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর বরাতে বইটিতে আরও দাবি করা হয় যে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘সবাই তোমাকে ঘৃণা করে, কিন্তু আমি তোমার পাশে থেকেছি।’ এই চুক্তি প্রত্যাখ্যান করলে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কে স্থায়ী ফাটল বা বিচ্ছেদ ঘটবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যৌথ সামরিক সংঘাত শুরু হওয়ার প্রাথমিক সপ্তাহগুলোতে ট্রাম্প ও নেতানিয়াহু নিজেদের মধ্যকার নিবিড় সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছিলেন। তবে পরবর্তী সময়ে তেহরানকে পুরোপুরি বাগে আনতে ব্যর্থ হওয়া এবং শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার পর থেকেই ইসরায়েলের যুদ্ধ নীতির ওপর মার্কিন প্রেসিডেন্ট ক্রমেই চরম অসন্তুষ্ট ও সমালোচনামূলক হয়ে ওঠেন।

সূত্র: আরটি অনলাইন




ইসরায়েলি গোপন বন্দিশালায় ফিলিস্তিনিদের ভয়াবহ নির্যাতন

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি বন্দিশালায় ফিলিস্তিনিদের কোনো নাম বা পরিচয় থাকে না, তাদের কেবল একটি নম্বর দিয়ে চিহ্নিত করা হয়। সেখানে বন্দিদের সার্বক্ষণিক চোখ কালো কাপড়ে বাঁধা এবং হাত-পা শিকল দিয়ে আটকে রাখা হয়। সামান্য নড়াচড়া করলেই তাদের ওপর হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া হয় কিংবা রক্ষীদের মারধরের শিকার হতে হয়।

বন্দিশালার ভেতরের অস্থায়ী হাসপাতালে আহত ও অসুস্থ বন্দিদের সম্পূর্ণ নগ্ন করে লোহার বিছানার সাথে বেঁধে রাখা হয়। দীর্ঘ সময় প্লাস্টিকের জিপ-টাই বা শক্ত তার দিয়ে হাত-পা বাঁধার কারণে অনেকেরই পচন ধরে যায়।

অভিযোগ রয়েছে যে, অভিজ্ঞতাহীন বা শিক্ষানবিশ চিকিৎসকদের দিয়ে কোনো অবশ করার ওষুধ বা অ্যানেস্থেসিয়া ছাড়াই বন্দিদের হাত-পা কেটে ফেলা বা অঙ্গচ্ছেদ করা হতো। সিএনএন শুধু ইসরায়েলি তথ্যদাতাদের ওপরই নির্ভর করেনি বরং সেখান থেকে মুক্তি পাওয়া বেশ কয়েকজন বন্দির সাক্ষাৎকারও নিয়েছে। তাদেরই একজন গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আল-রান জানান, তাদের মানুষের চেয়েও অধম পশুর মতো বিবেচনা করা হতো।

ইসরায়েলি সেনাবাহিনী এসব অভিযোগের প্রেক্ষিতে দাবি করেছে যে তারা আইন অনুযায়ী বন্দিদের দেখাশোনা করে। তবে তারা বন্দিদের নগ্ন রাখা বা ডায়াপার পরিয়ে রাখার অভিযোগ সরাসরি অস্বীকার করেনি।

উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে ‘সেদে তেমান’ মরুভূমির ক্যাম্পে ১০০টিরও বেশি নতুন কাঠামো ও বিশাল তাবু তৈরি করে বন্দিশালার পরিধি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সেখানে প্রায় ৯ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে সম্পূর্ণ গোপনে বন্দি রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।




ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সমঝোতা স্মারক সইয়ের পর যুক্তরাষ্ট্রের নাগরিকদের মনে এক বড় ধরনের কৌশলগত পরাজয়ের গ্লানি তৈরি হয়েছে। ‘সিবিএস নিউজ-ইউগভ’-এর নতুন একটি বড় জনমত জরিপে দেখা গেছে, দেশটির সিংহভাগ নাগরিক এই যুদ্ধের অবসান চাইলেও ট্রাম্পের এই চুক্তিকে তারা মার্কিন প্রশাসনের বড় বিপর্যয় হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসন এই চুক্তিকে নিজেদের রাজনৈতিক জয় হিসেবে প্রচার করার চেষ্টা করলেও সাধারণ মার্কিন জনগণের মনোভাব সম্পূর্ণ উল্টো। তারা মনে করছেন, এই যুদ্ধের মাধ্যমে আদতে কোনো লক্ষ্যই পূরণ হয়নি, বরং যুক্তরাষ্ট্রকে আগামী দিনে এর বড় মাশুল গুনতে হবে।

জরিপের তথ্য অনুযায়ী, প্রায় ৭৮ শতাংশ মার্কিন নাগরিক এখন যেকোনো মূল্যে যুদ্ধ শেষ করার পক্ষে মত দিয়েছেন। তবে এর অর্থ এই নয় যে তারা চুক্তিটিকে ইতিবাচকভাবে নিচ্ছেন। মাত্র ২২ শতাংশ নাগরিক মনে করেন এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হয়েছে, যেখানে বড় একটি অংশ একে ইরানের জন্য বেশি সুবিধাজনক বলে মনে করছেন। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার যে মূল লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, সেখানে বড় ব্যর্থতা দেখছেন সাধারণ মানুষ। জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ মার্কিন এবং খোদ রিপাবলিকান দলের ৪৫ শতাংশ কর্মী মনে করেন, যুদ্ধ শেষ করার জন্য এই চুক্তি চূড়ান্ত করা হলেও তা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে পারবে না।

এদিকে মার্কিন নাগরিকদের বড় অংশই মনে করছে, যুদ্ধ শুরুর আগের চেয়ে ইরান এখন সামরিক ও কৌশলগতভাবে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রাখার যে ক্ষমতা তেহরান দেখিয়েছে, তা তাদের অবস্থানকে বিশ্বমঞ্চে মজবুত করেছে। জরিপে অংশ নেওয়া ৬৪ শতাংশ নাগরিক স্পষ্ট জানিয়েছেন, ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে কতটা মারাত্মক প্রভাব ফেলতে পারে, তা ট্রাম্প প্রশাসন শুরুতে বুঝতেই পারেনি এবং তারা সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। সিএনএনের পূর্ববর্তী প্রতিবেদনেও উঠে এসেছিল যে, ইরান হরমুজ প্রণালি বন্ধ করার মতো সাহস ও সক্ষমতা দেখাবে, তা শুরুতে খাটো করে দেখেছিল ওয়াশিংটন।

চার থেকে ছয় সপ্তাহের কথা বলে শুরু হওয়া এই যুদ্ধ চার মাস ধরে টেনেহিঁচড়ে চলায় মার্কিন জনগণের মধ্যে তীব্র ক্লান্তি ও হতাশা তৈরি হয়েছে। কোনো বড় সাফল্য বা অর্জন ছাড়া এই দীর্ঘস্থায়ী যুদ্ধ মার্কিনরা আর দেখতে চান না বলেই তারা একটি ত্রুটিপূর্ণ চুক্তিও মেনে নিতে বাধ্য হচ্ছেন। জরিপের চূড়ান্ত উপসংহারে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্প প্রশাসন তাদের পূর্বঘোষিত সব লক্ষ্য পূরণ করতে পেরে এই চুক্তিতে পৌঁছায়নি, বরং তারা শুধু যেকোনো মূল্যে এই ঝামেলা ও সংঘাতের দ্রুত সমাপ্তি টানতে চাইছে।




১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১৫ বছরের মধ্যে ইসরায়েল প্রতিবেশী মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন এক ইহুদিবাদী নেতা।

রাজনৈতীবিদ ও কৌশলগত বিশ্লেষক আমিয়াদ কোহেন বলেছেন, “আগামী ১৫ বছরের মধ্যে ইসরায়েলের সঙ্গে মিসরের যুদ্ধ হতে পারে।”

তার মতে, “ইরান এবং তার আঞ্চলিক মিত্ররা দুর্বল হয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত চ্যালেঞ্জ হয়ে আসবে সুন্নি মুসলিম শক্তিগুলোর দিক থেকে।”

জেরুজালেমে অনুষ্ঠিত ‘ইহুদি সংবাদ সিন্ডিকেট আন্তর্জাতিক নীতি শীর্ষ সম্মেলনে’ বক্তব্য রাখতে গিয়ে আমিয়াদ কোহেন বলেন, মিসর ও তুরস্ক ভবিষ্যতে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে।

একই সঙ্গে তিনি দাবি করেন, ভবিষ্যতে মিসরে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করবে।

কোহেনের বক্তব্য অনুযায়ী, ইরান-নেতৃত্বাধীন ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ দুর্বল হয়ে পড়ার পর কৌশলগত নজর এখন শিয়া শক্তি থেকে সরে সুন্নি রাজনৈতিক আন্দোলনের দিকে দেওয়া প্রয়োজন। তিনি বিশেষভাবে মুসলিম ব্রাদারহুডকে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন, সংগঠনটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও প্রভাব বিস্তার করতে চাচ্ছে।

বক্তব্যে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও টেক্সাস অঙ্গরাজ্যেও মুসলিম ব্রাদারহুড প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

তিনি এমনকি নিউইয়র্কে রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে ইঙ্গিত করেন যে, কিছু নির্বাচনী ফলাফল এই প্রভাবের সঙ্গে যুক্ত হতে পারে।

তুরস্ক প্রসঙ্গে কোহেন বলেন, দেশটি ক্রমশ আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান শক্ত করছে এবং এটি ইসরায়েলের জন্য ভবিষ্যৎ কৌশলগত চ্যালেঞ্জ হতে পারে। তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে দাবি করেন, আঙ্কারা মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার বাড়াচ্ছে।

তার মতে, “তুরস্ক এখন প্রভাব বিস্তার করছে এবং এটি ইসরায়েলের নিরাপত্তা নীতিতে নতুন করে বিবেচনায় নেওয়া উচিত।”

এর আগে গত মাসে ইসরায়েলের সাবেক গোয়েন্দা এজেন্ট জোনাথন পোলার্ডও একই ধরনের সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইরানের দুর্বলতার পর তুরস্ক ও মিসর ইসরায়েলের সম্ভাব্য ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, ইসরায়েল ও মিসর ১৯৭৯ সালে শান্তিচুক্তি স্বাক্ষর করে এবং তখন থেকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে সম্পর্কের ওপর নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের আলোচনায় এসেছে।

অন্যদিকে ইসরায়েল ও তুরস্কের সম্পর্কও সময়ে সময়ে উত্তেজনার মধ্য দিয়ে গেছে, বিশেষ করে গাজা, জেরুজালেম এবং আঞ্চলিক নীতিগত অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

কোহেন তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ভবিষ্যতে ইসরায়েলের প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ শিয়া গোষ্ঠী নয়, বরং সুন্নি রাজনৈতিক শক্তি ও আঞ্চলিক রাষ্ট্রগুলো থেকে আসবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, “ইসরায়েলকে শক্তিশালী হতে হবে, আমেরিকাকেও শক্তিশালী হতে হবে। দুর্ভাগ্যজনকভাবে, আমেরিকা এখন দুর্বল অবস্থায় রয়েছে।”

তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর




খামেনির দাফন ও শেষ বিদায়: তেহরানে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষে রাজধানী তেহরানে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া ও দাফন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই রাজধানীতে আনুষ্ঠানিক জানাজা ও শেষ বিদায়ের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে তেহরান প্রদেশে তিন দিন সরকারি ছুটি কার্যকর থাকবে।

পরবর্তী কার্যক্রম হিসেবে ৭ জুলাই পবিত্র নগরী কুমে আরেকটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাকে চূড়ান্তভাবে দাফন করা হবে।

ইসলামি বিপ্লবের নেতা খামেনি প্রায় ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রথম দিন তিনি নিহত হন। নিরাপত্তা পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়।

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া কেবল একটি ধর্মীয় বা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নয়, বরং ইরানের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতার রূপান্তরের প্রতীক হিসেবেও এটিকে দেখা হচ্ছে। অনুষ্ঠানগুলোতে দেশজুড়ে লাখো মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা থাকায় ইরানজুড়ে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে।




কাতারে ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত ১৩ জন নিহত, বাংলাদেশিসহ আহত ৬৬

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তিরা রয়েছেন বলে জানান দেশটির জ্বালানিমন্ত্রী সাদ বিন শ্রেদা আল-কাবি।

সোমবার  (২২ জুন) এক সংবাদ সম্মেলনে আল-কাবি, যিনি একই সঙ্গে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জির প্রধান নির্বাহীও, জানান যে রোববার (২১ জুন) সন্ধ্যায় রাস লাফান শিল্পনগরীর বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে পরিচালন কার্যক্রম শুরু করার সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় ৬৬ জন আহতও হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, বাংলাদেশ, কেনিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।

আল-কাবি জানান, নিহত ১৩ জন ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত হলেও, এর মধ্যে ঠিক কতজন কোন দেশের নাগরিক, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস বলেছে, ‘রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’ 

 

নিহত ও আহতদের পরিবারের সহায়তার জন্য দূতাবাস দুটি হেল্পলাইন নম্বর (+974-55647502, +974-55384683) এবং ই-মেইল (cons.doha@mea.gov.in) চালু করেছে।

এর আগে ভারতীয় দূতাবাস ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ উল্লেখ করে জানায়, এতে বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, ‘এই কঠিন সময়ে কাতার সরকারের পাশাপাশি দেশটির জনগণের প্রতি ভারতীয় দূতাবাস ও কাতারে বসবাসরত ভারতীয় সম্প্রদায় পূর্ণ সংহতি প্রকাশ করছে। আমরা আহতদের দ্রুত সুস্থতা এবং নিখোঁজদের নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করছি।’

কাতারএনার্জি জানিয়েছে, বিস্ফোরণের পরপরই জরুরি পরিষেবার দলগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।



ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ কাতারের একটি প্রধান গ্যাসক্ষেত্রে আকস্মিক ও শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত ১৮ জন মানুষ সম্পূর্ণ নিখোঁজ রয়েছেন। 

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই বিকট বিস্ফোরণটি ঘটে, যার তীব্রতায় রাজধানী দোহাসহ দেশের বিভিন্ন এলাকার আবাসিক ঘরবাড়ির দরজা ও জানালা জোরে কেঁপে ওঠে।

ভয়াবহ এই ঘটনার পর পরই কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে দেশের অন্যতম বৃহত্তম গ্যাসক্ষেত্র রাসলাফফানের অভ্যন্তরে একটি কারিগরি বা টেকনিক্যাল ত্রুটির কারণে এই আকস্মিক বিস্ফোরণের উৎপত্তি হয়েছিল। ঘটনার পরপরই কাতার পুলিশ ও উদ্ধারকারী বিশেষ বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে।

বিস্ফোরণের তীব্রতার কারণে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং অনেকেই প্রাথমিক মুহূর্তে এটিকে শক্তিশালী ভূমিকম্প কিংবা নতুন কোনো সামরিক হামলা বলে ভুল করেছিলেন। তবে কাতার কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানিয়েছে যে রাসলাফফান গ্যাসক্ষেত্রের দুর্ঘটনাস্থলের বাইরে কোনো ধরনের ক্ষতিকারক গ্যাস বা অন্য কোনো বিপজ্জনক রাসায়নিক উপাদান লিক হয়ে বাতাসে ছড়িয়ে পড়েনি।

সূত্র: গালফ নিউজ ও সিনহুয়া




ট্রাম্প বললেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে তীব্র রাজনৈতিক চাপের মধ্যে থাকা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদ থেকে সরে দাঁড়াবেন—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছেন—অভিবাসন এবং জ্বালানি (উত্তর সাগরের তেল উন্মুক্তকরণ!)। আমি তার মঙ্গল কামনা করি!

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর রোববার স্টারমার তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন—এমন খবর প্রকাশিত হয়। এরপরই ট্রাম্প এই মন্তব্য করেন। বার্নহ্যামের এই জয় ক্ষমতাসীন লেবার পার্টির অনেক মন্ত্রী ও এমপিদের মধ্যে স্টারমারের পদত্যাগের দাবিকে আরও জোরালো করে তোলে।

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক পর্যায়ে যখন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, সেই সময়েই স্টারমারের সম্ভাব্য বিদায় নিয়ে ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো।