যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃ গাজার স্থিতিশীলতায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনার আগে সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে ফিলিস্তিনি সাংবাদিক আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

সোমবার ইসরায়েলি সংবাদ সাইট ওয়ালা জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার প্রাথমিকভাবে প্রায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রকে। এর আগে ইসরায়েল কয়েক ডজন বিদেশি সামরিক সদস্যকে গাজায় ঢুকতে দেওয়ার কথা বললেও সংখ্যা উল্লেখ করেনি। আগস্টে নেতানিয়াহু আন্তর্জাতিক বাহিনীর প্রবেশে অনুমোদনের কথা অস্বীকার করেছিলেন। ওয়ালার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে অংশগ্রহণের আগ্রহ জানিয়েছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া। কাজাখস্তান চিকিৎসা ও লজিস্টিক সহায়তা দিতে চেয়েছে। কসোভো নিরাপত্তা ও পুলিশিং মিশনে অবদান রাখার প্রস্তাব দিয়েছে। বাহিনী মোতায়েনের পরিকল্পনা কয়েক মাস আগে সামনে এলেও ইসরায়েলি বাধার ইঙ্গিতের মধ্যে এখনো তা গাজায় ঢোকেনি। প্রস্তাবিত এই বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ।

ওয়ালা জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি কী নীতি নিতে পারে এবং বাহিনী কত দ্রুত গাজায় মোতায়েন হতে পারে, তা নিয়ে ইসরায়েলি সামরিক প্রতিষ্ঠানের উদ্বেগ রয়েছে। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ফলাফলের পর মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলের প্রতি কঠোর অবস্থান নিতে পারেন, এমন আশঙ্কায় এই উদ্বেগ বেড়েছে। নাম প্রকাশ না করা এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ওয়ালাকে বলেন, এটি অকল্পনীয় নয় যে, গাজা ডিভিশন ও সাউদার্ন কমান্ড একদিন ঘুম থেকে উঠে দেখবে, আন্তর্জাতিক বাহিনী গাজা ডিভিশনের চেয়েও বড়। তিনি আরো বলেন, ইসরায়েলকে মাঠপর্যায়ে প্রভাব ফেলতে পারে এমন বিভিন্ন কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু বিস্তারিত কিছু তিনি বলেননি। ওয়ালার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গাজা সীমান্তের কাছে মার্কিন সেনা ও অন্য দেশের কর্মকর্তাদের দেখা গেছে। দক্ষিণের একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিকে সুরক্ষিত মার্কিন স্থাপনায় রূপান্তর করা হয়েছে।

নাম প্রকাশ না করা ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানান, গত দুই সপ্তাহে মার্কিন সেনাদের সঙ্গে বিদেশি কর্মকর্তাদের সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়, এসব তৎপরতা বহুজাতিক বাহিনী ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সকে গাজার গভীরে প্রবেশের প্রস্তুতির অংশ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সীমান্তের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগেডের দায়িত্বপূর্ণ এলাকায় একটি নির্ধারিত ঘাঁটিতে যানবাহন ও সামরিক সরঞ্জাম সরিয়েছে। এর মধ্যে আছে ট্রাক, অতি-চলমান সাঁজোয়া কর্মীবাহী যান, চিকিৎসা-উদ্ধার যান এবং মেশিনগানসজ্জিত সাঁজোয়া যান। স্থানটি মূলত ইসরায়েলি সামরিক ঘাঁটি ছিল, যা যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করা হয়েছে। ঘাঁটির চারপাশে গার্ড টাওয়ার, নজরদারি সরঞ্জাম ও আলোর ব্যবস্থা বসানো হয়েছে এবং বেষ্টনী বেড়া মজবুত করা হয়েছে। সশস্ত্র মার্কিন সেনারা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছেন।

এদিকে অভিযোগ ছাড়াই পাঁচ দিন আটক রাখার পর ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। রবিবার মুক্তির পর শাদেহ বলেছেন, তাকে আটক করার ঘটনা কেবল তার বিরুদ্ধে নয়, বরং পুরো আরব সমাজকে ভয় দেখাতে নেওয়া রাজনৈতিক পদক্ষেপেরই অংশ ছিল। তিনি বলেন, আমার মতে, এর সবচেয়ে উপযুক্ত জবাব হলো নিজেদের মধ্যে এই বিশ্বাস আরো দৃঢ় করা যে, আমরা সঠিক পথে আছি, আমাদের পথ সত্যের পথ। সাংবাদিক হিসেবে নিজের কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি। গত মঙ্গলবার বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের’ সন্দেহে তাকে আটক করা হয়। তেল আবিবের উপকণ্ঠে পেতাহ টিকভায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের একটি স্থাপনায় তাকে রাখা হয়েছিল। আইনের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আদালাহ জানিয়েছে, ইসরায়েলের আরব ভোটারদেরকে সমর্থন দেওয়ার জন্য বিদেশি উৎস থেকে অর্থ গ্রহণের সন্দেহে শাদেহকে আটক করা হয়েছিল।

আবু শাদেহ ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক। আরব৪৮ ওয়েবসাইটের ‘আল-মিদান’ পডকাস্টে কথা বলার পাশাপাশি সংবাদমাধ্যম আলজাজিরায় বিশ্লেষক হিসেবে উপস্থিত হওয়ার পর তার বিরুদ্ধে ঐ অভিযোগ আনা হয়। শাদেহের আইনি পরামর্শদাতা এবং আদালাহ-এর মানবাধিকার বিষয়ক আইনজীবী হাদিল আবু সালিহ বলেন, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে যেসব বিষয়ে আলোচনা হয়, আবু শাদেহও সেসব বিষয় নিয়েই কথা বলেছেন। তিনি বলেন, প্রথম দিন, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই স্পষ্ট ছিল যে, এ বিষয়ে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই। তার বিরুদ্ধে সন্দেহের ভিত্তি কেবল ছিল কাতারে অবস্থানকালে ফিলিস্তিনি বুদ্ধিজীবী আজমি বিশারার সঙ্গে তার একটি প্রকাশ্য কথপোকথন।

সালিহ বলেন, বক্তারা ফিলিস্তিনি হওয়ার কারণে এখন এসব আলোচনাকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। কিংবা ফিলিস্তিনিরা যখন তাদের রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করতে চাইছেন, তখন একে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের রাষ্ট্রব্যবস্থা সেই আলোচনা ও বিশ্লেষণকেই অপরাধ বলে সন্দেহ করছে। তিনি আরো বলেন, তারা বোঝানোর চেষ্টা করছিল যে, তিনি সাংবাদিক নন, বরং রাজনৈতিক পরামর্শক। গত ৩ নভেম্বর রাতে জাফায় আবু শাদেহর বাড়িতে অভিযান চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য। এ সময় তার দুই সন্তানের সামনেই তাকে আটক করা হয় এবং শাদেহের মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বইপত্র জব্দ করা হয়।




লকডাউন হোয়াইট হাউস, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্কঃ ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ঠিক উল্টোদিকে অবস্থিত লাফায়েত স্কয়ারের কাছে একটি গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হলে সাময়িকভাবে পুরো হোয়াইট হাউস অবরুদ্ধ বা লকডাউন করে রাখা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।

সোমবার ঘটা এই ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন।

ওয়াশিংটন সান-এর সাংবাদিক মার্টিন অস্টারমুহলের শেয়ার করা ভিডিওতে দেখা যায় একটি রূপালী রঙের সেডান গাড়ি লাফায়েত স্কয়ার পার্কের উত্তর প্রান্তের পাকা জায়গায় প্রবেশ করে একটি সাইনবোর্ডে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনার পর গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং চালক বাহন থেকে বের হয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভিডিওচিত্র শেয়ার করে মার্টিন অস্টারমুহল জানান, ‘কী কারণে গাড়িটি সাইনবোর্ডে ধাক্কা দিয়েছে তা স্পষ্ট নয়। তবে গাড়ি থেকে বের হওয়ার পর চালক সিক্রেট সার্ভিস কর্মকর্তা এবং ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্যদের সঙ্গে মারামারি করেন।’

সিক্রেট সার্ভিস কর্মকর্তা ও ন্যাশনাল গার্ড বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর গাড়িটির চালককে আটক করা হয়েছে।

চালক সম্পর্কিত বিস্তারিত তথ্য, কীভাবে এই দুর্ঘটনা ঘটল কিংবা কেউ আহত হয়েছেন কি না সে সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং দুর্ঘটনার পেছনের কারণও অস্পষ্ট রয়েছে।

হোয়াইট হাউসের কাছের নিরাপত্তা বেষ্টনীতে গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের মে মাসে ১৯ বছর বয়সী এক তরুণ লাফায়েত স্কয়ারে হোয়াইট হাউসের বিপরীত দিকের নিরাপত্তা বেষ্টনীতে ইউ-হল ট্রাক দিয়ে ধাক্কা দিয়েছিল। পরবর্তীতে প্রেসিডেন্টকে হুমকি এবং সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়, যা তদন্তকারীরা পরিকল্পিত হামলা বলে জানিয়েছিলেন।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া




মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের গিজা শহরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা ও কায়রো থেকে দক্ষিণমুখী দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢালু জায়গায় পড়ে যায়।

দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে উল্টে যাওয়া বগির ভেতরে আহত যাত্রীদের খোঁজ করতে দেখা গেছে উদ্ধারকর্মী ও সাধারণ মানুষকে। দুর্ঘটনার পরপরই সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু হয়।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তদন্তে কারও অবহেলা প্রমাণিত হলে তাকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

দেশটির সরকার জানিয়েছে, আহতদের চিকিৎসা দিতে সংশ্লিষ্ট এলাকার হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানান, আহতদের মধ্যে অনেকেই হাড় ভাঙা ও মাথায় আঘাতজনিত সমস্যায় চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনাস্থলেক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের জরুরি সহায়তা দিচ্ছে মিশর রেড ক্রিসেন্ট।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গিজা থেকে দক্ষিণে ফাইয়ুমের দিকে যাওয়া একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। দ্বিতীয় ট্রেনটি তখন রেললাইনে দাঁড়িয়ে ছিল। সংঘর্ষে কয়েকটি বগি দুমড়েমুচড়ে যায় এবং কোনো কোনো বগি উল্টে পড়ে।

দুর্ঘটনার পর গিজা থেকে আপার ইজিপ্ট অঞ্চলের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ট্রেনগুলো সরিয়ে নিতে ক্রেন পাঠানো হয়েছে। তবে কখন রেল চলাচল স্বাভাবিক হবে, তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।

দুর্ঘটনাটি ঘটেছে আল-আয়াত এলাকার কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে। ২০০২ সালের ফেব্রুয়ারিতে মিশরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনাটিও ঘটেছিল এই এলাকায়। সে সময় কায়রো থেকে লুক্সরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে সরকারি হিসাবে ৩৭০ জনের বেশি নিহত হন। তবে বেসরকারি কিছু হিসাবে নিহতের সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। ২০০৯ সালেও ওই এলাকায় দুটি পৃথক ট্রেন দুর্ঘটনায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে।

সর্বশেষ দুর্ঘটনার পর রোববার দেশটিতে পরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে।

এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন দেশ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় মিশরের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। মিশরে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবার ও মিশরীয় জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।




জেদ্দায় শুরু ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ (Hajj Conference & Exhibition)।

 

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদশর্নীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

হজ খাতের আধুনিকায়ন, স্মার্ট সমাধান ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে এবারের প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

 

এদিকে আজ সোমবার (৯ই নভেম্বর) সৌদি আরবের সাথে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি সম্পাদিত হওয়ার কথা রয়েছে। নিজ নিজ দেশের পক্ষে এই দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করবেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।




ইরাকের কুর্দিস্তানে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া প্রদেশে একটি গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় খোর মোর গ্যাসক্ষেত্রে গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গেছে।

আল-জাজিরাকে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, ড্রোন হামলার পর গ্যাসক্ষেত্রটিতে বিস্ফোরণ ঘটে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খোর মোর গ্যাসক্ষেত্রটি কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোর জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান উৎস। এর আগে একাধিকবার গ্যাসক্ষেত্রটিতে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ হওয়ার পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ কমে গিয়েছিল।




মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের রাজধানী কায়রোর প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। রোববার (৮ নভেম্বর) দেশটির গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। কায়রো-আপার ইজিপ্ট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে এ কার্যক্রম চালানো হচ্ছে। তবে কখন নাগাদ ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে কিছু জানায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে, দুর্ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। পাশাপাশি তদন্তে কারও অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারিগরি কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের অন্যতম পুরোনো ও বৃহৎ রেল নেটওয়ার্ক রয়েছে মিসরে। দেশটিতে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে রেল দুর্ঘটনায়। তবে রেল যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে কয়েক বিলিয়ন মিশরীয় পাউন্ড বিনিয়োগ করছে সরকার।

মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে। ওই সময় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ট্রেনের সাতটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩৬০ জন নিহত হন।




সামরিক চাপে দমাতে না পেরে ইরানকে ঘায়েলে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল

বিশেষ প্রতিবেদকঃ ইরানের ওপর চাপ আরও বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্যের প্রবেশ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স ‘আয়রন গেট’ গঠন করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে ভৌগোলিক অবস্থান, আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক ভূরাজনৈতিক বাস্তবতার কারণে এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে নৌ অবরোধ চালিয়েও ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে সামরিক চাপের পাশাপাশি ইরানের অর্থনীতি ও বাণিজ্যিক যোগাযোগব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর কৌশল নিয়েছে ওয়াশিংটন।

রয়টার্সের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ফ্লোরিডার টাম্পায় প্রায় ২০ জন সামরিক ও বেসামরিক সদস্য নিয়ে কাজ করবে নতুন এই টাস্কফোর্স। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এর প্রধান উদ্দেশ্য ইরানের অস্ত্র উৎপাদন ও সামরিক শিল্প পুনর্গঠনের সক্ষমতা কমিয়ে দেওয়া। একই সঙ্গে সামরিক সরঞ্জামের মজুত বৃদ্ধি এবং এ খাতে অর্থায়নের পথও সংকুচিত করতে চায় যুক্তরাষ্ট্র।

এদিকে, নৌ অবরোধের মাধ্যমে ইরানের ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি আটকে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। নতুন টাস্কফোর্সের মাধ্যমে স্থল ও সমুদ্রপথে ইরানের সরবরাহব্যবস্থার ওপরও নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তবে এই পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ইরানের ভৌগোলিক অবস্থান। দেশটির সাতটি স্থলপ্রতিবেশী রয়েছে। এসব দেশের সহযোগিতা ছাড়া ইরানের সীমান্ত দিয়ে পণ্য ও প্রযুক্তি প্রবেশের পথ পুরোপুরি নিয়ন্ত্রণ করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হবে।

কাস্পিয়ান সাগর ঘিরেও রয়েছে আইনি জটিলতা। ২০১৮ সালে স্বাক্ষরিত কাস্পিয়ান সাগরের আইনি মর্যাদাবিষয়ক কনভেনশন অনুযায়ী, উপকূলীয় পাঁচ দেশের বাইরে অন্য কোনো দেশের সামরিক উপস্থিতি সেখানে নিষিদ্ধ। ফলে কাস্পিয়ান সাগরকেন্দ্রিক মার্কিন সামরিক তৎপরতা বাড়ানোর সুযোগও সীমিত।

বিশ্লেষকদের মতে, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, নিষেধাজ্ঞা কার্যকর এবং বাণিজ্যিক নেটওয়ার্কের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের কিছু আমদানি-রপ্তানি ও আর্থিক লেনদেন বাধাগ্রস্ত করতে পারে। কিন্তু দেশটির সব স্থলসীমান্ত ও সমুদ্রপথ বন্ধ করে দেওয়া বাস্তবসম্মত নয়।

সব মিলিয়ে, ‘আয়রন গেট’কে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অবরোধের সামরিক পরিকল্পনা হিসেবে দেখার সুযোগ কম। বরং বিদ্যমান সামরিক চাপের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে তেহরানকে আরও চাপে রাখার একটি নতুন মার্কিন কৌশল হিসেবেই এটিকে দেখছেন বিশ্লেষকেরা।




পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুকধারীর গু’লিতে নিহত ৫, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোর প্রধান বাজার চত্বরের কাছে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। হামলার পর এক সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ক্রাকোর প্রধান মার্কেট এলাকার কাছে এ হামলার ঘটনা ঘটে। এলাকাটি পোল্যান্ডের অন্যতম ব্যস্ত পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।

পোলিশ সম্প্রচারমাধ্যম টিভিএন২৪ ফায়ার সার্ভিসের বরাত দিয়ে হতাহতদের এ সংখ্যা জানিয়েছে।

রেডিও আরএমএফ এফএমের প্রতিবেদন অনুযায়ী, একটি গাড়িতে থাকা হামলাকারীরা স্লাভকোভস্কা স্ট্রিট দিয়ে প্রধান চত্বরের দিকে যাওয়ার সময় আশপাশের লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ ঘটনায় একটি দোকান ও একটি ট্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, চলন্ত গাড়ি থেকে গুলি চালানো হয়েছিল। এ সময় হামলাকারী পুলিশের গুলিতে আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী দল। আহতদের উদ্ধারে প্রধান চত্বরে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার অবতরণ করে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হামলার বিষয়ে নিয়মিত তথ্য নিচ্ছেন।

তবে হামলাকারীদের পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।




ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি: আবদুল এল-সায়েদ

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর ও ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সায়েদ দেশটির বর্তমান মধ্যপ্রাচ্য নীতির তীব্র সমালোচনা করেছেন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেছেন, এই সংঘাত অপ্রয়োজনীয় ছিল এবং যুক্তরাষ্ট্রের কখনোই এতে জড়ানো উচিত হয়নি।

যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করে তিনি এসব কথা বলেন। এ সময় মার্কিন পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রভাব এবং দেশটিকে দেওয়া সামরিক সহায়তার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

ইরান যুদ্ধ প্রসঙ্গে এল-সায়েদ বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি সংঘাতে জড়িয়ে পড়েছে, যা দেশটির জন্য ফাঁদে পরিণত হয়েছে। অতীতে মার্কিন প্রেসিডেন্টরা ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে চলেছেন। কিন্তু বর্তমান প্রশাসন সেই সতর্ক অবস্থান থেকে সরে এসে বড় ধরনের ভুল করেছে।

তিনি অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠকের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে প্রভাবিত করেছেন। কয়েক দশক ধরেই ওই প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর চেষ্টা করে আসছেন বলেও দাবি করেন তিনি।

মার্কিন পররাষ্ট্রনীতিতে ইসরায়েলকে বিশেষ ছাড় দেওয়ার বিরোধিতা করে এল-সায়েদ বলেন, অন্যান্য দেশের মতো  ইসরায়েলি সরকারকেও একই ধরনের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

তিনি বলেন, কোনো দেশের সরকারের সমালোচনা করার অর্থ ওই দেশের জনগণ কিংবা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ পোষণ করা নয়। রাজনৈতিক সমালোচনা এবং জনগণের প্রতি শত্রুতা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

 ইসরায়েলকে মার্কিন অস্ত্র বিক্রি ও সামরিক সহায়তা দেওয়ার বিষয়টিও পুনর্বিবেচনার আহ্বান জানান এল-সায়েদ। তার মতে, মার্কিন অস্ত্র ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কি না, তা নিশ্চিত করার নৈতিক দায়িত্ব যুক্তরাষ্ট্রের রয়েছে।

এ ছাড়া মিশরের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মিশরকে মার্কিন আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন এই ডেমোক্র্যাট নেতা।




ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ইরানে ‘একজন দখলদার হতে পারে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন কৌশলগত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে এবং সেখান থেকে রেকর্ড পরিমাণ তেল উত্তোলন করছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (৭ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি নাসা সুবিধাকেন্দ্রে ভাষণ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতকে রাশিয়া-ইউক্রেন সংঘাতের সঙ্গে তুলনা করেন, যেখানে অক্টোবরে ২৫ হাজার মানুষ নিহত হয়েছে বলে তিনি দাবি করেন।

মস্কো এবং কিয়েভের মধ্যবর্তী লড়াইয়ের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘সেটিকে বলা হয় যুদ্ধ।’

নয় মাসে পদার্পণ করা ইরানের সঙ্গে যুদ্ধকে যুদ্ধ বলা যায় না বলে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, কারণ কয়েক মাসের মধ্যে ‘কেউ আহতও হয়নি।’

ট্রাম্প আরও যোগ করেন, ‘আমরা বড়জোর একজন দখলদার। আমরা একজন দখলদার হতে পারি।’

বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে ট্রাম্প বলেন, ‘আমরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করি।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা এখন হরমুজ প্রণালীর ইতিহাসে যেকোনো সময়ের চেয়ে বেশি তেল তুলে আনছি।’

শুক্রবার ইরানের কেশম দ্বীপের কাছে মার্কিন বাহিনীর হামলা চালানোর রিপোর্টের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প শুরুতে তা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান, তবে সীমিত সামরিক অভিযানের কথা স্বীকার করেন।

ট্রাম্প বলেন, ‘আমি এটা নিয়ে কথা বলতে চাই না। আমরা ছোটখাটো হামলা চালিয়ে থাকি।’

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানি বাহিনী একটি বিমান বিধ্বংসী স্থাপনা তৈরি করেছিল যা যুক্তরাষ্ট্র কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে।

ফ্লোরিডার এই মন্তব্য এমন এক সময়ে এলো যার কিছুদিন আগেই ট্রাম্প কেশম দ্বীপে ইরানি বিমান প্রতিরক্ষা স্থাপনায় মার্কিন হামলার কথা নিশ্চিত করেছিলেন এবং সেটিকে পূর্ণ মাত্রার যুদ্ধে ফেরার বদলে একটি ছোটখাটো আক্রমণ হিসেবে বর্ণনা করেছিলেন।

প্রণালী নিয়ন্ত্রণের মার্কিন দাবি প্রত্যাখান করেছে ইরান এবং তেহরান জোর দিয়ে জানিয়েছে, কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে এবং শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এটি পুনরায় উন্মুক্ত করা হবে না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এপ্রিলে একটি যুদ্ধবিরতি এবং জুনে একটি শান্তি চুক্তির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও আলোচনা কোনো চূড়ান্ত মীমাংসায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি