‘ইরানি হামলার’ বিষয়ে জরুরি বৈঠকে বসছে আরব লীগ

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি ইরান কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে, আরব দেশ গুলোতে ইরানের হামলার প্রেক্ষিতে এক জরুরি বৈঠক ডেকেছেন সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি। এই বৈঠকের অনুরোধ জানিয়েছে কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর।

ফরাসি গণমাধ্যম এএফপিকে তিনি জানান, বেশ কয়েকটি আরব দেশে ‘ইরানি হামলার’ বিষয়ে আলোচনা করতে আগামী রবিবার সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা একটি জরুরি বৈঠকে বসবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে প্রতিবেশীদের ওপর হামলা বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছিল আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। এসময় এই হামলাকে ইরানের কৌশলগত ভুল বলেও বর্ণনা করেন তিনি।

উল্লেখ্য-২২ সদস্যের আরব লীগ আঞ্চলিক সহযোগিতা উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করে। তবে সংস্থাটিকে ব্যাপকভাবে অকার্যকর হিসেবে দেখা হয় এবং বিভিন্ন সংঘাত সমাধানে দীর্ঘদিন ধরেই এটি হিমশিম খাচ্ছে।

সূত্র : আল-জাজিরা।




বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই-মানামা

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

শনিবারও সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বার্তা সংস্থা এএফপির সংবাদদাতারা এ তথ্য জানিয়েছেন।

দুবাইয়ে দু’টি এবং মানামায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মানামায় বিস্ফোরণের সময় সতর্ক সংকেত (সাইরেন) বেজে ওঠে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, দেশের নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সূত্র: আরব নিউজ, ডন নিউজ




ঈদের দিনের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

আবহাওয়া ডেস্কঃ ঈদুল ফিতরের দিন দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এই দুঃসংবাদ জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ঈদের দিন ও ঈদের পূর্বের দিন পুরো বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ এই ৩ দিন বাংলাদেশের উপরে দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’




চিকিৎসা নিচ্ছেন বাহরাইনে ইরানি হামলায় আহত দুই বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানি হামলায় আহত দুই বাংলাদেশি বাহরাইনের কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার আহতদের দেখতে হাসপাতালে যান।

বুধবার (৪ মার্চ) বাহরাইনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহরাইন ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কিং হামাদ হাসপাতালে ইরানের হামলায় বাহরাইনে আহত প্রবাসী বাংলাদেশি নাজিমউদ্দিন ও কামরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়াও, দূতাবাসের পক্ষ থেকে আহত পরিবারের সদস্যদের সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন।




ইরানি হামলায় ভারত মহাসাগরে জ্বলছে মার্কিন রণতরী?

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত মহাসাগরে মোতায়েন করা একটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসির নৌ শাখা। বুধবার ভোরে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নিশ্চিত করেছে, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে।

ইরানি উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের গভীরে একটি মার্কিন ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি সংগ্রহ করছিল ওই ডেস্ট্রয়ারটি, ঠিক সেই মুহূর্তেই ইরানের অত্যাধুনিক কদর-৩৬০ এবং তালাইয়েহ ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইরানি সামরিক বাহিনী এই অভিযানকে ইরানবিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত ও দাঁতভাঙা জবাব হিসেবে বর্ণনা করেছে।




মধ্যপ্রাচ্যে সংঘাত, বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেল উৎপাদন ব্যাহত হয়েছে। এই অঞ্চলের রফতানি বন্ধ হওয়ার ফলে বুধবার বিশ্ববাজারে তেলের দাম ১ ডলারেরও বেশি বেড়ে গেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ব্রেন্ট তেলের দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮২ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে, যা ২০২৫ সালের জানুয়ারি মাসের পর সর্বোচ্চ। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৭৯ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে।

মঙ্গলবার ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই হামলার কারণে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ক্ষতি হয়, যা বিশ্বব্যাপী তেল উৎপাদনের এক তৃতীয়াংশেরও কম।

সংবাদমাধ্যমকে কর্মকর্তারা জানান, পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদনকারী ইরাক উৎপাদন কমিয়ে দিয়েছে। মজুদের সীমাবদ্ধতা এবং রফতানি রুট বন্ধ থাকায় দৈনিক প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমেছে, যা দেশটির উৎপাদনের অর্ধেক। যদি রফতানি পুনরায় শুরু না হয়, তবে কয়েক দিনের মধ্যে প্রায় ৩ মিলিয়ন ব্যারেল উৎপাদন বন্ধ করতে হতে পারে।

ইরান হরমুজ প্রণালিতেও ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করছে। এই পথে বিশ্ব তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রবাহিত হয়। পাঁচটি জাহাজে হামলার পর চতুর্থ দিনের জন্য প্রণালিটি কার্যত বন্ধ হয়ে যায়।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে তেল পরিবহনে সহায়তা করবে, যাতে অপরিশোধিত তেলের দাম বাড়ার উপর কিছুটা নিয়ন্ত্রণ আনা যায়। তিনি মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন অর্থ করপোরেশনকে উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক বাণিজ্যের জন্য রাজনৈতিক ঝুঁকি বীমা এবং আর্থিক গ্যারান্টি প্রদানের নির্দেশ দিয়েছেন।

তবে জাহাজ মালিক ও বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, সামরিক এসকর্ট ও বীমা কি বিশ্ববাজারে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে যথেষ্ট হবে? দেশ এবং কোম্পানিগুলো বিকল্প রুট ও সরবরাহ খুঁজছে। ভারত ও ইন্দোনেশিয়া নতুন জ্বালানি উৎস খুঁজছে, আবার কিছু চীনা শোধনাগার রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ রয়েছে।

সৌদি তেল জায়ান্ট আরামকো হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের মধ্য দিয়ে কিছু রফতানি রুট পরিবর্তনের চেষ্টা করছে। সূত্র: রয়টার্স




ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

ডেস্ক নিউজঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব। দেশটির মন্ত্রিসভা জানিয়েছে, তারা ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত। দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। খবর বিবিসির।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়। বলা হয়েছে, সৌদির মন্ত্রিসভা জোর দিয়ে বলেছে, ইরানের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে মিত্র দেশগুলো কোনো পদক্ষেপ নিলে তাদের সমর্থনে সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে তারা।

সৌদি মন্ত্রিপরিষদ মঙ্গলবার পুনরায় নিশ্চিত করেছে যে, তারা নিরাপত্তা রক্ষা এবং তার ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ওই মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।




হরমুজে আসলেই জাহাজ জ্বালিয়ে দেওয়ার ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, এই জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে ‘জ্বালিয়ে’ দেওয়া হবে।

সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরজিসি-র প্রধান কমান্ডারের সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারির এই বক্তব্য প্রকাশ করে। এই ঘোষণাকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।

ইরান এই প্রণালীটি পুরোপুরি বন্ধ দাবি করলেও মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ভিন্ন তথ্য দিয়েছে। ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী হরমুজ প্রণালী এখনো নৌ-চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে সোমবারই আইআরজিসি দাবি করেছে, তারা হরমুজ প্রণালীতে একটি মার্কিন সংশ্লিষ্ট তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, ‘আথে নোভা’ নামের ওই ট্যাঙ্কারটিতে দুটি ড্রোন আঘাত হানার পর সেটিতে এখনো আগুন জ্বলছে।

হরমুজ প্রণালীতে চলমান এই অচলাবস্থা মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার প্রতিক্রিয়ায় শুরু হয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সংঘাত চরমে পৌঁছায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাতের ডাক দিয়ে ইরানি জনগণকে সহায়তার প্রস্তাব দেন। এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি ও বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের জেরে ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর বড় ধরনের সামরিক ব্যবস্থার হুমকি দিয়ে আসছিল।

পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান কেবল হরমুজ প্রণালী বন্ধ করেই ক্ষান্ত হয়নি বরং তারা ইসরায়েল এবং পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানি মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তেহরান দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে আসছিল যে, তাদের ওপর কোনো আক্রমণ হলে তারা বিশ্বের জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ ধমনীটি বন্ধ করে দেবে। বর্তমান পরিস্থিতির মাধ্যমে ইরান কার্যত তাদের সেই পুরোনো হুমকি বাস্তবায়ন করতে শুরু করেছে।

হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। মাত্র ৩৩ কিলোমিটার প্রশস্ত এই জলপথটি সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলোকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। ইরানের এই কড়া অবস্থানের ফলে সোমবার বিশ্ববাজারে তেলের দাম এক লাফে ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলার পর এবার হরমুজ প্রণালীতে এই সংঘাত বিশ্ব অর্থনীতিকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।




আমিরাতে অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস। এছাড়া বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিপক্ষে সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরান। কাতার, কুয়েত, আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।

এ অবস্থায় বিশ্বব্যাপী ডেটা সেন্টার এবং ডিজিটাল সেবা দেওয়া অ্যামাজন জানিয়েছে, ড্রোনের ‘সরাসরি আঘাতে’ তাদের ‘অবকাঠামোগত ক্ষতি’ হয়েছে এবং ভবনটির ‘বিদ্যুৎ বিঘ্নিত’ হয়েছে।

ডেটা সেন্টারগুলো একটি অঞ্চলে ওয়েবসাইট এবং অনলাইন অ্যাপ্লিকেশনের মতো বিস্তৃত ব্যবসা ও ইন্টারনেট পরিষেবার জন্য তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করে। এই ধরনের স্থাপনায় ক্ষয়ক্ষতির প্রভাব গুরুতর হতে পারে।

মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে গ্রাহকদেরকে অবিলম্বে তাদের ডেটা ব্যাকআপ করা অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ বা অন্য কোথাও তাদের সিস্টেম স্থানান্তরের আহ্বান জানানো হয়েছে।




সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে এবার হামলা হয়েছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে মার্কিন দূতাবাস দুইটি ড্রোন আঘাত হেনেছে। এতে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদির মন্ত্রণালয় বলছে, হামলার কারণে দূতাবাসে সামান্য ক্ষতি হয়েছে এবং ভবনে আগুন ধরেছে।

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে মার্কিন কনস্যুলেটগুলোতে এটিই সর্বশেষ হামলা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে কালো ধোঁয়া উঠতে দেখেছেন। এতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ঘন, কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

এর আগে সোমবার, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। এদিকে সৌদিতে মার্কিন দূতাবাসে হামলার জেরে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার জোরালো জবাব দেওয়া হবে।