এপস্টেইন কেলেঙ্কারি: দল থেকে ইস্তফা সাবেক ব্রিটিশ মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্কঃ যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এরপরেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কুখ্যাত এই যৌন অপরাধীর সঙ্গে সম্পর্ককে ঘিরে নতুন বিতর্কের মুখে লেবার পার্টির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসন। খবর বিবিসির। 

খবরে বলা হয়েছে, এপস্টেইন কেলেঙ্কারি ইস্যুতে লর্ড পিটার ম্যান্ডেলসন তিনি কোনোভাবেই আর লেবার পার্টিকে ‘বিব্রত’ করতে চান না বলে উল্লেখ করেছেন। গত শুক্রবার প্রকাশিত নতুন এপস্টেইন ফাইলে নিজের নাম থাকায় দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন লর্ড পিটার ম্যান্ডেলসন।

এর আগে গত বছর সাবেক এই ক্যাবিনেট মন্ত্রীকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এপস্টেইনের সঙ্গে তার অতীত সম্পর্কের কারণেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

এপস্টেইন নথিতে দাবি করা হয়েছে, লর্ড ম্যান্ডেলসনকে ২০০৩-২০০৪ সালে এপস্টেইন তিন দফায় ২৫ হাজার ডলার করে মোট ৭৫ হাজার ডলার (প্রায় ৫৫ হাজার পাউন্ড)  দিয়েছিলেন।

লেবার পার্টির মহাসচিবকে লেখা চিঠিতে লর্ড ম্যান্ডেলসন বলেন, এই সপ্তাহান্তে এপস্টেইনকে ঘিরে সৃষ্ট স্বাভাবিক ক্ষোভের সঙ্গে আমাকে আবারও যুক্ত করা হয়েছে। এতে আমি দুঃখিত ও অনুতপ্ত।

তিনি দাবি করেছেন, ২০ বছর আগে এপস্টেইন আমার সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন; এমন অভিযোগ মিথ্যা এবং যার কোনো নথি বা স্মৃতি আমার নেই। আমার পক্ষ থেকে এসব বিষয়ে তদন্ত করা প্রয়োজন। আমি লেবার পার্টিকে এই প্রক্রিয়ায় আর কোনো বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না। তাই আমি দলটির সদস্যপদ থেকে সরে দাঁড়াচ্ছি।




যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ৮২ মেট্রো স্টেশনকে আশ্রয়কেন্দ্র ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে ইরানের রাজধানী তেহরানে নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। যেকোনো জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে শহরজুড়ে মেট্রো স্টেশন, পার্কিং এলাকা ও ভূগর্ভস্থ স্থাপনাকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।  এ সব স্থানে খাদ্য মজুতসহ অন্যান্য সুবিধা ব্যবস্থা করা হচ্ছে এবং ২৫ লাখ মানুষের আশ্রয়ের পরিকল্পনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমেই বাড়ছে। সম্ভাব্য যুদ্ধের জল্পনা জোরালো হওয়ায় কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না তেহরান। এমন পরিস্থিতিতে রাজধানীজুড়ে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করছে ইরানের সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। শনিবার তেহরানে গণমাধ্যমকে এ তথ্য জানান তেহরান সংকট ব্যবস্থাপনা সংস্থার প্রধান আলী নাসিরি।

সাধারণভাবে তেহরানের জনসংখ্যা এক থেকে এক কোটি ২০ লাখের মধ্যে ধরা হয়। তবে বৃহত্তর মহানগর এলাকা যুক্ত করলে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় এক কোটি ৫০ থেকে এক কোটি ৬০ লাখে। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের সরাসরি সামরিক সংঘাতের সময় তেহরানের বিভিন্ন এলাকার বাসিন্দারা আশ্রয় নিতে মেট্রো স্টেশনগুলোতে ছুটে গিয়েছিলেন।

প্রাণঘাতী সেই সংঘাতের পর থেকেই তেহরানসহ বিভিন্ন এলাকায় মেট্রো স্টেশন, পার্কিং সুবিধা ও অন্যান্য স্থাপনাকে নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে উন্নত করার উদ্যোগ নেয় ইরানের সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

মূলত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দেয়ার পর নতুন করে যুদ্ধের আশঙ্কা বেড়েছে।

অন্যদিকে ইরান সরকার স্পষ্ট করে জানিয়েছে, দেশটির ওপর কোনো ধরনের হামলা হলে তার জবাব দেয়া হবে অত্যন্ত কঠোর ও শক্তভাবে।

সূত্র: টিআরটি




ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের মোহরে ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

স্থানীয় সময় রবিবার সকাল ৮টা ১১ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

জার্মানির ভূবিদ্যা গবেষণা কেন্দ্র ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, উৎপত্তিস্থলের কাছাকাছি অনেকেই এটি অনুভব করেছেন। তবে এটির আঘাতে বড় ধরনের কোনও ভূমিকম্প হয়নি। বলা হচ্ছে, ভূমিকম্পটি যে মাত্রার ছিল এটির প্রভাবে শেলফ থেকে জিনিসপত্র পড়ে যাওয়া, ঘরের জানালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পটি ৫ দশমিক ৩ মাত্রার ছিল বলে খবর পাওয়া গেছে। এছাড়া এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। সূত্র: খালিজ টাইমস, সিজিটিএন, ভলকানো ডিসকভারি




এপস্টেইনের নথিতে মোদির নাম, ভারতজুড়ে আলোচনা-সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্কঃ যৌন অপরাধী এপস্টেইন এর সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এর মাধ্যমে দেশটির সরকারের দিক থেকে এ বিষয়ে সবচেয়ে বড় সংখ্যায় নথি প্রকাশ করা হলো।

এপস্টেইন সম্পর্কিত প্রায় ৩০ লাখ পাতা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও শুক্রবার প্রকাশ করা হয়েছে। প্রকাশ করা নথিপত্রগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে শত শত বার। এ ছাড়া এসব নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও এসেছে।

এনিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা, সমালোচনা ও জল্পনা শুরু হয়েছে।

শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী মোদির নাম উল্লেখ থাকার দাবি পুরোপুরি ‘ভিত্তিহীন ও নিন্দনীয়’। তিনি দাবি করেছেন, এর বিশ্বাসযোগ্যতা নেই। এগুলো সরাসরি প্রত্যাখ্যান করা উচিত।

তবে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এপস্টেইনের নথিতে মোদির নাম থাকাকে ‘জাতীয় লজ্জা’ হিসেবে অভিহিত করেছে। দলটি এই ঘটনায় আরও ব্যাখ্যা চেয়েছে।

দেশটির রাজ্যসভায় কংগ্রেসের সদস্য জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মার্কিন সরকারের পক্ষ থেকে প্রকাশ করা সর্বশেষ নথিগুলোয় মোদির নাম একাধিকবার এসেছে। এনিয়ে সরকারের মুখপাত্রকে প্রতিক্রিয়া জানাতে হয়েছে। এরপরও অনেক প্রশ্ন এখনো রয়েছে।

এ ছাড়া এই ঘটনায় সরাসরি মোদির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি এক্সে লেখেন, বিষয়টি আমাদের জন্য “জাতীয় লজ্জা”।




১ হাজার অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে ইরানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরী মোতায়ানের পর যে কোন হামলা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করছে ইরান।কৌশলগত এবং সামরিক শক্তি বৃদ্ধি করতে এক হাজার অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে দেশটির সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির বরাত দিয়ে তাসনিম নিউজের এজিন্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির জারি করা আদেশের অধীনে  নতুন ড্রোনগুলো সেনাবাহিনীর চারটি শাখার অপারেশনাল ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ড্রোনগুলি তৈরি করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিয়ত সামরিক অভিযানের হুমকি এবং ইসরাইলের সঙ্গে যুদ্ধের অভিজ্ঞতা থেকে এই ড্রোনগুলো ইরানেই উৎপাদন করা হয়েছে। এতে কাজ করেছেন সামরিক বাহিনীর সদস্য, বিজ্ঞানী ও ‘উদ্ভাবক’।

মেজর জেনারেল হাতামি বলেছেন, ভবিষ্যতের হুমকির আলোকে কৌশলগত সুবিধা বজায় রাখা এবং বৃদ্ধি করা সেনাবাহিনী আগাম পরিকল্পনা হিসেবে ড্রোনগুলো মজুদ করা হচ্ছে। এসব ড্রোন ধ্বংসাত্মক, আক্রমণাত্মক, পুনর্বিবেচনা এবং ইলেকট্রনিক যুদ্ধ বিভাগে ডিজাইন করা হয়েছে। যা স্থল, সমুদ্র এবং আকাশজুড়ে নির্দিষ্ট স্থির এবং মোবাইল লক্ষ্যবস্তু হামলা করার সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।




সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে থাকা নিজেদের মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করেছে ইরান। সংবাদমাধ্যম দ্য নিউ আরব বুধবার এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে এসব সুড়ঙ্গে কয়েকশ ক্রুস মিসাইল রয়েছে। দেশটি হুঁশিয়ারি দিয়েছে যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ‘নিরাপদ’ থাকবে না।

সংবাদমাধ্যমটি জানায়, ইরানের রাষ্ট্রীয় টিভি পানির নিচের মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলীরেজা তাঙসিরি ওই সুড়ঙ্গের ভেতর রয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, উৎক্ষেপণের জন্য পানির নিচে থাকা এসব মিসাইল প্রস্তুত রয়েছে।

নৌ কমান্ডার আলীরেজা বলেছেন, সমুদ্রের নিচে তাদের মিসাইলের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এগুলো উপসাগরীয় ও ওমান সাগরে থাকা মার্কিন নৌজাহাজকে মোকাবেলার জন্য প্রস্তুত করা হয়েছে।

তিনি জানিয়েছেন, এসব সুড়ঙ্গে কয়েকশ মিসাইল রয়েছে। যেগুলো ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

বিপ্লবী গার্ডের এ নৌ কমান্ডার বলেছেন, তাদের তৈরি ‘কাদের ৩৮০ এল’ মিসাইলে এমন স্মার্ট যন্ত্রাংশ রয়েছে যেটি আঘাত হানা পর্যন্ত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে।

এদিকে ইরানে আগেরবারের চেয়ে বড় হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান যদি হামলা আটকাতে চায় তাহলে তাদের সঙ্গে চুক্তি করতে হবে এবং ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। সূত্র: দ্য নিউ আরব




ভারতে বিমান বিধ্বস্ত, উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পাওয়ার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পুনের বারামাতিতে তার ব্যক্তিগত বিমানটি অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। বিমানে থাকা অজিত পাওয়ারসহ মোট পাঁচজনই ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)। 

নিহতদের মধ্যে দুইজন পাইলট এবং অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মীরা রয়েছেন। স্থানীয় পৌরসভা নির্বাচনের আগে চারটি জনসভায় যোগ দেওয়ার জন্য তিনি মুম্বাই থেকে বারামাতি যাচ্ছিলেন। এই আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে যে, ভিএসআর নামক একটি কোম্পানির পরিচালিত ‘লিয়ারজেট ৪৫’ মডেলের ছোট বিমানটি সকাল ৮টায় মুম্বাই থেকে উড্ডয়ন করেছিল। যাত্রার প্রায় ৪৫ মিনিট পর বারামাতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও চিত্রে দেখা গেছে যে, বিধ্বস্ত বিমান থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে এবং বিমানের ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। উল্লেখ্য, এই একই মডেলের একটি বিমান ২০২৩ সালের সেপ্টেম্বরে মুম্বাইয়ে দুর্ঘটনার শিকার হয়েছিল।

অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে, শ্রী অজিত পাওয়ার জি ছিলেন তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন জননেতা, যিনি মহারাষ্ট্রের সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।

প্রশাসনিক বিষয়ে তার প্রজ্ঞা এবং দরিদ্র মানুষের ক্ষমতায়নের প্রতি তার নিষ্ঠা ছিল অতুলনীয়। তার এই অকাল প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই পুনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন প্রবীণ রাজনীতিবিদ শারদ পাওয়ারের ভাতিজা। ২০২৩ সালে তিনি এনসিপিতে বিদ্রোহের নেতৃত্ব দিয়ে দলটিকে দুই ভাগে বিভক্ত করেছিলেন এবং পরবর্তীতে এনডিএ জোটে যোগ দিয়ে উপ-মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

তবে সম্প্রতি চাচার সঙ্গে তার পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল এবং পিম্পরি চিঞ্চওয়াড় পৌর নির্বাচনে দুই পক্ষ মিলেই প্রতিদ্বন্দ্বিতা করছিল। সংসদ অধিবেশনের জন্য দিল্লিতে থাকা শারদ পাওয়ার এবং সুপ্রিয়া সুলে খবর পাওয়া মাত্রই পুনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই দুর্ঘটনা ভারতের বিমান নিরাপত্তা নিয়ে পুনরায় বড় ধরনের প্রশ্ন তুলেছে।

সূত্র: এনডিটিভি




মধ্যপ্রাচ্যে ঢুকলো মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সহায়ক যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে। সোমবার (২৬ জানুয়ারি) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এই মোতায়েনের খবর নিশ্চিত করেছে। 

সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই নৌবহরটি বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে একটি ‘বিশাল নৌবহর’ পাঠানোর যে ঘোষণা দিয়েছিলেন, এই মোতায়েন মূলত তারই অংশ। এর ফলে ওই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা একটি বড় ধরনের সশস্ত্র সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

মার্কিন এই সামরিক শক্তিবৃদ্ধির প্রতিক্রিয়ায় ইরান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, তারা যেকোনো ধরনের মার্কিন আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক বিবৃতিতে বলেন, এ ধরনের রণতরী মোতায়েন করে ইরানি জাতিকে রক্ষা করার দৃঢ় সংকল্প থেকে তেহরানকে বিচ্যুত করা যাবে না।

তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, যেকোনো হামলাকে তারা ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে বিবেচনা করবে এবং এর প্রতিক্রিয়া হবে ‘অনুতাপ উদ্রেককারী’। গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন হামলার প্রেক্ষাপটে তৈরি হওয়া রেষারেষি এবং সাম্প্রতিক অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে তেহরানের ভূমিকার জের ধরে দুই দেশের মধ্যে এই যুদ্ধংদেহি পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, তেহরানের ওপর যেকোনো হামলা হিজবুল্লাহর ওপর হামলা হিসেবেই গণ্য হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, ইরানের ওপর নতুন কোনো যুদ্ধ শুরু হলে তা পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে এবং এই লড়াইয়ে হিজবুল্লাহ কখনোই নিরপেক্ষ থাকবে না।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ইরানের বিরুদ্ধে কোনো প্রতিকূল সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেবে না। উল্লেখ্য যে, আবুধাবির দক্ষিণে অবস্থিত আল ধাফরা বিমান ঘাঁটিটি মার্কিন বিমান বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়া সত্ত্বেও আমিরাতের এই অবস্থান কূটনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ।

পেন্টাগন কেবল রণতরীই নয়, বরং ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধবিমান এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করছে। সপ্তাহান্তে মার্কিন সামরিক বাহিনী ঘোষণা করেছে যে, তারা এই অঞ্চলে একটি মহড়া পরিচালনা করবে যার মূল উদ্দেশ্য হবে প্রতিকূল পরিবেশে বিমান শক্তি মোতায়েন ও টিকিয়ে রাখার সক্ষমতা প্রদর্শন করা।

২০২৫ সালের ডিসেম্বরে শুরু হওয়া বিক্ষোভ দমনে ইরানের কঠোর অবস্থানের প্রেক্ষিতে ট্রাম্পের এই সামরিক হস্তক্ষেপের হুমকি মূলত ইরান ও আমেরিকার দীর্ঘদিনের বৈরিতাকে এক নতুন ও বিপজ্জনক চূড়ান্ত রূপ দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য এখন এক বিশাল বারুদস্তূপে পরিণত হয়েছে, যেখানে যেকোনো একটি ছোট ভুল পদক্ষেপ পুরো অঞ্চলে একটি দীর্ঘমেয়াদি ও বিধ্বংসী যুদ্ধ ডেকে আনতে পারে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড




আফগানিস্তানে তুষারপাত ও বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে তুষারপাত ও ভারি বৃষ্টিপাতে তিনদিনে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এছাড়াও শতাধিক আহত হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তুষারপাত ও বৃষ্টিপাতের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ এবং একাধিক প্রদেশের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ বলেছেন, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৫টিতে ৬১ জন মারা গেছেন এবং ১১০ জন আহত হয়েছেন। এছাড়াও ৪৫৮টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে এবং শত শত প্রাণী মারা গেছেন। তিনি বলেন, কর্তৃপক্ষ প্রদেশগুলো থেকে তথ্য দিলে সংখ্যা আরও বাড়তে পারে।

কাবুলের উত্তরের প্রদেশ পারওয়ানের কর্তৃপক্ষ আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ পথ সালাং মহাসড়ক বন্ধ থাকার কথা নিশ্চিত করেছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোর সঙ্গে সংযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে এ মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ।

আফগানিস্তানে তুষারপাত এবং ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা অনেকের মৃত্যু হয়। গত বছর আকস্মিক বন্যায় ৩০০ জনেরও বেশি মানুষ মারা যায়। দশকের পর দশক ধরে চলা সংঘাত, দুর্বল অবকাঠামো, সংগ্রামরত অর্থনীতি, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাবের ফলে এই ধরনের দুর্যোগের প্রভাব আরও বেড়েছে।

অনেক বছর ধরেই দেশটির জনসংখ্যার বড় অংশ আন্তর্জাতিক সহায়তার ওপর চলছিল। কিন্তু গত কয়েক বছরে এই সহায়তার পরিমাণ কমে এসেছে। জাতিসংঘের হিসাবে, চলতি বছর চার কোটি জনসংখ্যার আফগানিস্তানের প্রায় অর্ধেকেরই মানবিক ত্রাণ সহায়তা প্রয়োজন হবে।

সূত্র: ডন।




মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতারে যুদ্ধবিমান পাঠালো যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদারে কাতারে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাজ্য। কাতারের দোহা শহরের কাছে আল উদেইদ বিমানঘাঁটিতে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান পাঠানো হয়েছে।

শুক্রবার যুক্তরাজ্য সরকার জানায়, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই মোতায়েন করা হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, কাতার সরকারের আমন্ত্রণে পাঠানো এসব টাইফুন যুদ্ধবিমান যৌথ আরএএফ–কাতারি ইউনিট নম্বর ১২ স্কোয়াড্রনের অংশ হিসেবে কাজ করবে। এর লক্ষ্য উপসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষামূলক সক্ষমতা জোরদার করা।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এই অংশীদারত্ব দুই দেশের জাতীয় নিরাপত্তা জোরদার করে এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা রাখে। তার ভাষায়, যৌথ স্কোয়াড্রনের টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের মাধ্যমে কাতারের প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা দেওয়া হচ্ছে, যা উভয় দেশের অভিন্ন নিরাপত্তা লক্ষ্যকে শক্তিশালী করবে।

এদিকে যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, যা এফ-৩৫ যুদ্ধবিমানসহ একটি স্ট্রাইক গ্রুপ বহন করছে, আগামী সপ্তাহের শুরুতে উপসাগরীয় অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার মালাক্কা প্রণালি অতিক্রম করেছে রণতরীটি। এর সঙ্গে রয়েছে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও সাবমেরিন। পাশাপাশি প্যাট্রিয়ট ও থাড (THAAD) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অতিরিক্ত মার্কিন প্রতিরক্ষামূলক সরঞ্জামও অঞ্চলটিতে পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে বলেন, ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি’ হিসেবে ইরানের দিকে এই ‘নৌবহর’ পাঠানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী জর্জ এইচ ডব্লিউ বুশ ভার্জিনিয়ার নরফোক ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানা গেছে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই অঞ্চলে পৌঁছাতে পারে।

প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্র দ্য ন্যাশনালকে জানিয়েছে, এই সামরিক সমাবেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সূত্রটি আরও জানায়, ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন শুধু আশ্বাসমূলক নয়, বরং ইরানের পক্ষ থেকে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা মোকাবিলায় একটি অতিরিক্ত প্রতিরক্ষামূলক স্তর তৈরি করাও এর উদ্দেশ্য। বিশেষ করে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন প্রতিহত করতে টাইফুন যুদ্ধবিমান অত্যন্ত কার্যকর বলে মনে করা হচ্ছে।

টাইফুন যুদ্ধবিমানগুলো আগে সিরিয়ায় আইএসআইএসের বিরুদ্ধে হামলা চালাতে এবং গত বছর ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ব্যবহৃত হয়েছে। যুক্তরাজ্য সরকার কাতারে এই মোতায়েনকে ‘প্রতিরক্ষামূলক ও সহযোগিতামূলক’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে, যা যুক্তরাজ্য–কাতার প্রতিরক্ষা নিশ্চয়তা চুক্তির আওতায় নেওয়া হয়েছে।

এদিকে ইরান আগেও আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা জবাবে আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর অবস্থিত, যা একে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

উল্লেখ্য, গত বছর ইসরায়েল–ইরান যুদ্ধ শুরুর আগে যুক্তরাজ্য এই অঞ্চলে অতিরিক্ত ‘কন্টিনজেন্সি সাপোর্ট’ পাঠিয়েছিল, যাতে সংঘাত ছড়িয়ে পড়লে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায়। এছাড়া ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময়ও নিরাপত্তা সহায়তার অংশ হিসেবে টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করেছিল যুক্তরাজ্য।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টাইফুন যুদ্ধবিমানগুলো শিগগিরই প্রায় ৫০ কোটি পাউন্ড ব্যয়ে উন্নত রাডার আপগ্রেড পাচ্ছে, যা এগুলোর যুদ্ধক্ষমতা আরও বাড়াবে।