দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

আবহাওয়া ডেস্কঃ মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

রোববার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী ৯ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ১০ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়াও, আগামী ১১ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।




বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

আবহাওয়া ডেস্কঃ বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ৭। এর বায়ুমান স্কোর ১৫৪, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বায়ু নির্দেশ করে। তবে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। বায়ুমান সূচকে শহরটির স্কোর ৩৮৬, অর্থাৎ এখানকার বাতাসও ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ৯টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

বায়ুমান সূচক অনুযায়ী, ঢাকার অবস্থান আজ ৭; এর বায়ুমান স্কোর ১৫৪, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ের নির্দেশক। তবে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। বায়ুমান সূচকে শহরটির স্কোর ৩৮৬, অর্থাৎ এখানকার বাতাসও ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

একই সময়ে স্কোর ২৪৯ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। দূষণের দিক থেকে ১৮৫ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। চতুর্থ অবস্থানে রয়েছে চীনের বেইজিং, স্কোর ১৭৩। পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, এর বায়ুমান স্কোর ১৫৫।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ‘বায়ুর মান ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।




তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকা ওআশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৭ মিনিটে।




‘মুরাসু’ এখন প্রবল ঘূর্ণিঝড়, আঘাত হানবে কখন কোথায়?

আবহাওয়া ডেস্কঃ এক সপ্তাহের ব্যবধানে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে যাচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়। এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘মুরাসু’। ঝড়টি আজ সোমবার রাতেই ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় বাংলাদেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সোমবার ভোররাত ৩টায় প্রবল ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এ সময় কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ঘূর্ণিঝড়টি।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার রাত ১২টা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৪টার মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করতে পারে। এ সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজ ভোররাতে প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর অন্ধ্রের উপকূলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। নামটি ছিল বাংলাদেশের দেওয়া। আর ‘মুরাসু’ নামটি দিয়েছে ভারতই। ‘মুরাসু’একটি তামিল শব্দ। এর অর্থ হলো বিশাল আকারের ড্রাম বা রণঢাক জাতীয় বাদ্যযন্ত্র। কোনো দুর্যোগ সম্পর্কে বা কিছু ঘোষণা করতে, সবাইকে সচেতন করতে এই বাদ্যযন্ত্র বাজানো হয়। অনেক সময় এটিকে যুদ্ধের বাদ্য হিসেবেও ধরে নেওয়া হয়।




সাগরে নতুন লঘুচাপ, রাজধানীতে বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হতে না হতেই সাগরে সৃষ্টি হয়েছে নতুন লঘুচাপ। এর প্রভাবে সকাল থেকে মেঘলা আকাশ থাকার পর রাজধানী ঢাকায় ভারি বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর আকাশ বেশ মেঘলা ছিল। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। শুরুতে বৃষ্টির পরিমাণ হালকা থাকলেও পরে তা ভারি বৃষ্টিতে রূপ নেয়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে। এটি প্রথমে স্থল গভীর নিম্নচাপ ও পরে স্থল নিম্নচাপে পরিণত হয়। বর্তমানে এটি সুস্পষ্ট লঘুচাপ আকারে ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। তবে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।




আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, ঢাকাসহ দেশের ১২ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

আবহাওয়া ডেস্কঃ দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৮ অক্টোবর) ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাসে উল্লেখ করা হয়, পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, ভোলা ও বরিশাল জেলাসহ ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।




উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, গতি হতে পারে ১৪০ কিমি

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার আগে আরও শক্তিশালী হতে পারে ঝড়টি।

এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলা ও ওড়িশার দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের ঝুঁকি মোকাবিলায় অন্ধ্রপ্রদেশে প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রস্তুতি চলছে। মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে ফেরার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

ঝড়ের আশঙ্কায় মঙ্গলবার ও বুধবার পাঁচটি জেলার স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ওড়িশা সরকার। নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নেয়ার প্রস্তুতিও চলছে। দুই রাজ্যেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় নেয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৭ থেকে ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। একই সময়ে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।




বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে তিন বিভাগে বৃষ্টির শঙ্কা

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সোমবার (২৬ অক্টোবর) গতিপথ পরিবর্তন করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী বুধবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে। অনুকূল পরিস্থিতিতে এটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে সোমবার দেশের তিন বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত, অতি প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তী সময়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি ধীরে ধীরে গতিপথ পরিবর্তন করে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু অনুকূলে থাকলে আগামী বুধবার, ২৮ অক্টোবর, অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি অতি প্রবল রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাব বাংলাদেশের ওপরও পড়ার আশঙ্কা রয়েছে।

তবে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ ও ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান তিনি। হাফিজুর রহমানের ভাষ্য, স্থলভাগে আঘাত হানার পর ঘূর্ণিঝড়ের গতিপথ ও বৈশিষ্ট্যে পরিবর্তন আসতে পারে। অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানলে সিলেট ও ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাব তুলনামূলক বেশি হতে পারে।

এদিকে চলতি মাসে দেশের অধিকাংশ অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। এর আগে আগস্ট ও সেপ্টেম্বর মাসেও স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হয়েছিল।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে পরবর্তী এক-দুই দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।




বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, নৌযানকে সতর্কবার্তা

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে—এমন পরিস্থিতিতে মাছ ধরার নৌকা ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এ জন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।