এক বছরে সর্বাধিক ম্যাচ খেলে নতুন রেকর্ড গড়লেন সালমান

খেলাধুলা ডেস্কঃ ২০২৫ সাল পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে হয়ে উঠেছে ব্যতিক্রমী। আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান দল ইতিমধ্যেই খেলেছে ৫৪টি ম্যাচ, যা চলতি বছরে বিশ্বের অন্য কোনো দলের চেয়ে অনেক বেশি। দলের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আঘা অংশ নিয়েছেন সবকটিতে, যা তাকে ইতিহাস গড়ার সুযোগ দিয়েছে।

রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই আগা এই রেকর্ড গড়েন। এই ম্যাচে তিনি এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডে পৌঁছান ৫৪ ম্যাচে। এই রেকর্ডের আগে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ছিল ৫৩ ম্যাচ। তা দখল করেছিলেন রাহুল দ্রাবিড় (ভারত, ১৯৯৯), মোহাম্মদ ইউসুফ (পাকিস্তান, ২০০০) এবং এমএস ধোনি (ভারত/এশিয়া একাদশ, ২০০৭)। ১৯৯৭ সালে শচীন টেন্ডুলকার প্রথম ক্রিকেটার হিসেবে ৫০টির বেশি ম্যাচ খেলেছিলেন।

ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে। ইনিংসের নায়ক ছিলেন বাবর আজম, খেলেন দৃষ্টিনন্দন ৭৪ রান (৫২ বল)। সালমান আঘা ৬ নম্বরে নেমে করেন মাত্র ১ রান। অন্যদিকে, ফখর জামান মাত্র ১০ বলে ২৭ রান করে ঝড় তোলেন।

জবাবে জিম্বাবুয়ে ১২৬ রানে অলআউট হয়। পাকিস্তানের বড় জয়ে অবদান রাখেন তরুণ স্পিনার উসমান তারিক, তিনি মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে ১৮ রান খরচায় ৪ উইকেট নেন এবং হ্যাটট্রিকও পূর্ণ করেন।




“উইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড”

খেলাধুলা ডেস্কঃ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড। সিরিজের প্রথম তিন ম্যাচের ফলাফল এসেছিল শেষ ওভারে। চতুর্থ ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। শেষ ম্যাচে লড়াই জমাতেই পারল না ক্যারিবিয়ানরা।

ডানেডিনে আজ বৃহস্পতিবার ক্যারিবিয়ানদের ১৪০ রানে আটকে রেখে কিউইরা জিতে যায় ২৬ বল বাকি রেখে। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা জেকব ডাফি। ১০ উইকেট নিয়ে সিরিজের সেরাও এই পেসারই।

ক্যারিবিয়ানদের শুরুর ব্যাটিংয়ের দুর্বলতা দূর করতে এ দিন তিন নম্বর ছেড়ে ওপেন করেন শেই হোপ। তবে ও ছক্কা-চার মেরেই তিনি বিদায় নেন। শুরুটা যদিও আলিক আথানেজকে দিয়ে। ১২ রানের প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারেই ফেরেন আথানেজ। এরপর তৃতীয় ওভারে ডাফি শিকার করেন তিন উইকেট! শর্ট বলে বড় শটের চেষ্টায় ফেরেন হোপ, মুভমেন্ট ও গতিতে বোল্ড হন আকিম ওগিস, বাজে শটে শূন্য রানে ফেরেন শেরফেন রাদারফোর্ড। এই নিয়ে চার ইনিংসে তৃতীয়বার শূন্যতে ফিরলেন রাদারফোর্ড। সবশেষ ১২ ইনিংসে শূন্যতে আউট হলেন পঞ্চমবার।

২১ রানে ৪ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ সেভাবে আর ঘুরে দাঁড়াতে পারেননি। মিডল অর্ডারে কেবল রোস্টন চেইস ৩২ বলে ৩৮ রান করলেও অন্যরা দাঁড়াতে পারেননি। এক পর্যায়ে একশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল তারা। আটে নেমে তিনটি করে চার ও ছক্কায় ২২ বলে ৩৬ রান করে দলকে ১৪০ রানে নিয়ে যান রোমারিও শেফার্ড।

ওই পুঁজি লড়াইয়ের জন্য যথেষ্ট হয়নি অনুমিতভাবেই। উদ্বোধনী জুটিতেই প্রায় অর্ধেক পথ পাড়ি দেয় নিউজিল্যান্ড। ৭ ওভারে ৬৯ রান তোলেন টিম রবিনসন ও ডেভন কনওয়ে। ২৪ বলে ৪৫ করে আউট হন রবিনসন। তিনে নেমে রাচিন রাভিন্দ্রা আউট হন ১৬ বলে ২১ করে। তবে কনওয়ে অপরাজিত রয়ে যান ৪২ বলে ৪৭ রান করে। শেষ দিকে দুটি ছক্কায় ম্যাচ দ্রুত শেষ করে দেন মার্ক চ্যাপম্যান (১৩ বলে ২১)। দুই দল এখন লড়বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ক্রাইস্টচার্চে সিরিজটি শুরু আগামী রবিবার, পরের দুই ম্যাচ নেপিয়ার ও হ্যামিল্টনে।

ওয়েস্ট ইন্ডিজ: ১৮.৪ ওভারে ১৪০ (হোপ ১১, আথানেজ ১, ওগিস ৮, চেইস ৩৮, রাদারফোর্ড ০, পাওয়েল ১১, হোল্ডার ২০, শেফার্ড ৩৬, ফোর্ড ০, স্প্রিঙ্গার ৯*, সিলস ০; ডাফি ৪-০-৩৫-৪, জেমিসন ২-০-১৩-১, নিশাম ৩.৪-০-৩১-২ ব্রেসওয়েল ২-০-১৪-১, সোধি ৪-০-২৯-১, স্যান্টনার ৩-০-১৬-১)।

নিউজিল্যান্ড: ১৫.৪ ওভারে ১৪১/২ (রবিনসন ৪৫, কনওয়ে ৪৭*, রাভিন্দ্রা ২১, চ্যাপম্যান ২১*; ফোর্ড ৩-০-১৭-০, সিলস ৩-০-৪১-০, হোল্ডার ২-০-২৩-০, চেইস ৩-০-২৮-০, শেফার্ড ২.৪-০-২১-১, স্প্রিঙ্গার ২-০-৮-০)।

ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ৩-১ ব্যবধানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: জেকব ডাফি।

ম্যান অব দা সিরিজ: জেকব ডাফি।




“অ্যাশেজের আগে ইনজুরিতে ভুগছে ইংল্যান্ড শিবির”

খেলাধুলা ডেস্কঃ অ্যাশেজ সিরিজের আগে নতুন করে ইনজুরির আতঙ্ক ছড়িয়েছে ইংল্যান্ড শিবিরে। অভিজ্ঞ পেসার মার্ক উড বাম হ্যামস্ট্রিংয়ে টান পেয়েছেন ইংল্যান্ড লায়নসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই।

বৃহস্পতিবার পার্থের লিলাক হিল মাঠে শুরু হয় এই প্রস্তুতি ম্যাচ। ফেব্রুয়ারিতে হাঁটুর ইনজুরির পর এটিই ছিল উডের মাঠে ফেরার প্রথম ম্যাচ। তবে দ্বিতীয় সেশনের মাঝপথে ব্যথা অনুভব করলে মাঠ ছাড়তে বাধ্য হন ৩৫ বছর বয়সী এই পেসার।

দলের চিকিৎসক দল জানিয়েছে, শুক্রবার উডের স্ক্যান করানো হবে এবং সবকিছু ঠিক থাকলে শনিবার (তৃতীয় দিন) আবার বল হাতে নামতে পারেন তিনি।

উডের ইনজুরি ইংল্যান্ড দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত আগস্টে টেস্ট দলে শেষবার খেলার পর থেকে একের পর এক ইনজুরিতে ভুগছেন তিনি। হাঁটু ও কনুইয়ের সমস্যার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন, এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়া হাঁটুর ইনজুরির পর অস্ত্রোপচারও করাতে হয় তাকে। এবার নতুন করে হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দিয়েছে একই পায়ে।

ইতিবাচক খবর হলো, অধিনায়ক বেন স্টোকস দীর্ঘ বিরতির পর বোলিংয়ে ফিরেছেন। ভারতের বিপক্ষে শেষ টেস্টে কাঁধের ইনজুরির কারণে না খেলা স্টোকস এদিন প্রথম দুই সেশনে দুর্দান্ত বোলিং করে চারটি উইকেট নিয়েছেন।

অন্যদিকে, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলেও ইনজুরির খবর রয়েছে। অধিনায়ক ও প্রধান পেসার প্যাট কামিন্স পিঠের ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না, তবে আরেক পেসার জশ হ্যাজলউড হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফিরেছেন স্কোয়াডে।




“কার্ডিফে পর্দা উঠবে ইউরো ২০২৮-এর, ফাইনাল ওয়েম্বলিতে”

খেলাধুলা ডেস্কঃ ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী ৯ জুন কার্ডিফে, আর এক মাস পর ৯ জুলাই লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রোমাঞ্চকর ফাইনাল। বুধবার টুর্নামেন্টের সূচি ও ভেন্যুর বিস্তারিত ঘোষণা করেছে উয়েফা।

এই প্রথমবারের মতো ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড যৌথভাবে আয়োজন করছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৮তম আসর। মোট ২৪টি দল অংশ নেবে টুর্নামেন্টে, আর অনুষ্ঠিত হবে ৫১টি ম্যাচ আটটি শহরে: লন্ডন, কার্ডিফ, ডাবলিন, বার্মিংহাম, গ্লাসগো, লিভারপুল, ম্যানচেস্টার ও নিউক্যাসল।

প্রায় ৯০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ওয়েম্বলি স্টেডিয়াম থাকবে টুর্নামেন্টের কেন্দ্রবিন্দুতে। সেখানে হবে শুধু ফাইনাল নয়, দুটি সেমি-ফাইনাল ও একটি কোয়ার্টার-ফাইনালও। শেষ আটের বাকি তিনটি ম্যাচ আয়োজন করবে ডাবলিন, গ্লাসগো ও কার্ডিফ। তবে শেষ ষোলোর কোনো ম্যাচ হবে না ওয়েম্বলিতে, সে পর্বের ম্যাচগুলো ভাগ করে দেওয়া হবে অন্য ভেন্যুগুলোর মধ্যে।

উয়েফা জানিয়েছে, ম্যাচগুলো শুরু হবে তিনটি ভিন্ন সময়সূচিতে: বাংলাদেশ সময় রাত ৮টা, রাত ১১টা ও রাত ২টা।

২০২৬ সালের ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইউরো ২০২৮-এর বাছাইপর্বের ড্র, বেলফাস্টে।

গত আসরে রানার্স-আপ হয়েছিল ইংল্যান্ড, তবে এবার তারা আয়োজক হিসেবেও বড় ভূমিকা পালন করবে। আগের ইউরোতে গ্রুপ পর্বেই বিদায় নেয় স্কটল্যান্ড, আর ওয়েলস ও আয়ারল্যান্ড বাদ পড়ে বাছাইপর্বে।

উয়েফার হিসাব অনুযায়ী, এই টুর্নামেন্ট আয়োজনের ফলে ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের অর্থনীতিতে প্রায় ৩.৫ বিলিয়ন পাউন্ডের বেশি সুবিধা যুক্ত হবে। এর মধ্যে থাকবে নতুন চাকরির সুযোগ সৃষ্টি, পর্যটন আয় বৃদ্ধি ও আঞ্চলিক অর্থনৈতিক সমৃদ্ধি।




“কলকাতার নতুন ভরসা শেন ওয়াটসন!”

খেলাধুলা ডেস্কঃ অস্ট্রেলিয়ার সাবেক তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনকে আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন দায়িত্বে তিনি কাজ করবেন প্রধান কোচ অভিষেক নায়ার এবং দলের মেন্টর ডোয়াইন ব্রাভোর সঙ্গে।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ওয়াটসনের পাশাপাশি নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদিও যুক্ত হয়েছেন কেকেআরের কোচিং সেটআপে। গত মৌসুমে সপ্তম স্থানে থেকে আইপিএল শেষ করার পর দলটি তাদের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এনেছে।

ওয়াটসন কেকেআরের অফিসিয়াল বিবৃতিতে বলেন,’কলকাতা নাইট রাইডার্সের মতো প্রতীকী একটি দলের অংশ হতে পারা আমার জন্য বিশাল সম্মানের। কেকেআর সমর্থকদের আবেগ এবং দলের সাফল্যের প্রতি তাদের নিবেদন আমাকে সবসময়ই অনুপ্রাণিত করেছে। আমি কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে একসঙ্গে কাজ করে কলকাতায় আরেকটি শিরোপা এনে দিতে চাই।’

এটি ওয়াটসনের দ্বিতীয় আইপিএল কোচিং দায়িত্ব। এর আগে তিনি ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন রিকি পন্টিংয়ের অধীনে।

অন্যদিকে, টিম সাউদি সম্প্রতি ইংল্যান্ড দলে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও অংশ নিয়েছেন।