ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে উয়েফা ও কনকাকাফ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো প্রস্তাবে সংস্থা দুটির প্রধান আলেক্সান্ডার সেফেরিন ও ভিক্টর মন্টাগলিয়ানি সদস্য দেশগুলোর জন্য ফিফার তহবিল থেকে ২ বিলিয়ন ডলারের বেশি অর্থ ছাড়ের আহ্বান জানিয়েছেন। এতে ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়ল।

প্রস্তাব অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ১ কোটি ডলার করে দেওয়া হবে। এ ছাড়া ছয়টি মহাদেশীয় কনফেডারেশন পাবে ৩ কোটি ৬০ লাখ ডলার করে। আঞ্চলিক সংস্থাগুলোর জন্যও থাকছে ৩০ লাখ ডলার করে বরাদ্দ। উয়েফা ও কনকাকাফের হিসাব অনুযায়ী, এই অর্থ বিতরণের পরও ফিফার হাতে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের নগদ রিজার্ভ থাকবে।

ফিফার ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) পরিকল্পনা নিয়েও আপত্তি জানিয়েছেন দুই সংস্থার প্রধান। ওই পরিকল্পনায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের প্রস্তাব ছিল। ইনফান্তিনো সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার কথা বললেও, সেই অর্থ পেতে তার পরিকল্পনায় সমর্থন দেওয়ার শর্ত ছিল বলে জানিয়েছে দ্য টাইমস।

ফিফা কাউন্সিলের সদস্যদের সঙ্গে যথাযথ আলোচনা না করেই এমন পরিকল্পনা নেওয়ায় ইনফান্তিনোর সমালোচনা করেছেন কনফেডারেশন প্রধানেরা। তাদের মতে, ফিফার হাতে থাকা অর্থ থেকেই সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে বাড়তি সহায়তা দেওয়া সম্ভব। সে জন্য বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি করার প্রয়োজন নেই।

আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে অর্থ বিতরণের প্রস্তাব ও সংস্থাটির আর্থিক অবস্থার বিষয়টি আলোচনায় আসার কথা। সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়ে ইনফান্তিনোও আলোচনায় আগ্রহ দেখিয়েছেন। তবে কত অর্থ দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।




আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

ক্রীড়া ডেস্ক : আবুধাবি টেস্টের শেষদিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, আফগানদের দরকার আরও ৩৪৭ রান। চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩২ রান সংগ্রহ করেছে আফগানরা।

সোমবার (১২ অক্টোবর) শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ২২৩ রান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্কোরবোর্ডে ততক্ষণে ৩২৯ রানের লিড।

আগেরদিন শেষ বিকেলে ১১ রানে তিন উইকেট হারানো টাইগারদের সামনে তখন পথ হারানোর শঙ্কা, ক্রিজে তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

দল বিপদে পড়লে লিটন-মিরাজের জুটি বহুবার জমেছে। আবুধাবিতেও এর ব্যতিক্রম হয়নি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আফগান সৈন্যদের বিরুদ্ধে রীতিমতো প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেলেন দুজন। দুর্দান্ত জুটি গড়লেন ১৪৯ রানের।

এদিন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন লিটন। ৭ম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১৭ বলে খেলেন ১০২ রানের অসাধারণ এক ইনিংস। ৮৮ স্ট্রাইক রেটের এই ইনিংসে ছিল ১৪টা চার।

লিটন আউট হতেই ৭ উইকেটে ৩৭২ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগারদের বোর্ডে ততক্ষণে জমা হয়ে গেছে ৪৭৮ রান। অন্যপ্রান্তে মিরাজ ৯৭ বলে ৫২ রানে অপরাজিত।

৪৭৯ রানের টার্গেট পায় আফগানরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলেই আব্দুল মালিককে কট বিহাইন্ড করে সাজঘরে ফেরান এবাদত। ১৯ বলে ১৯ রানে প্যাভিলিয়নে ফেরেন ওয়ান ডাউনে নামা শাহিদুল্লাহ।

এরপরই ওপেনার সেদিকুল্লা অতলকে নিয়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ন রহমতের ক্যাচও ফেলেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ইনিংসে ফিফটিও তুলে নেন রহমত। কিন্তু ফিফটির পরপরই স্যালুটম্যান ইবাদত হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন রহমত, আফগানিস্তানের রান তখন ১১০। দিনের বাকি সময় নির্বিঘ্নেই পার করেন দুই ব্যাটার সেদিকুল্লাহ ও হাশমতউল্লাহ শাহিদ।

বাংলাদেশের পক্ষে ইবাদতের জোড়া শিকারের পাশপাশি একটি উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ।




ডি মারিয়ার জোড়া গোলে শীর্ষে রোসারিও

খেলাধুলা ডেস্কঃ আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়ার জোড়া গোলে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রোসারিও সেন্ট্রাল। ঘরের মাঠে এমন বড় জয়ে আর্জেন্টিনার লিগা প্রফেশনালের ‘বি’ অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দলটি। একই সঙ্গে শিরোপার লড়াইয়েও নিজেদের অবস্থান শক্ত করেছে রোসারিও।

রবিবার রাতে গিগান্তে দে আরোইয়িতো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা দি মারিয়া।

প্রথমার্ধের শেষ দিকে গ্যাস্টন আভিলার ওপর ফাউল করে লাল কার্ড দেখেন ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়ার অ্যালেক্স আর্সে। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় সফরকারীদের। এই ঘটনা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন দি মারিয়া। এরপর একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে রোসারিও। বাকি গোলগুলো করেন জামিন্টন কামপাজ, এনজো কোপেত্তি ও মার্কো রুবেন।

৫-০ গোলের এই জয়ে লিগের পয়েন্ট তালিকায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে রোসারিও সেন্ট্রাল। এখন পর্যন্ত ১২ ম্যাচে ছয় জয়, চার ড্র ও দুই হারে দলটির অর্জন ২২ পয়েন্ট।

গত মৌসুমের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আগামী মৌসুমে কোপা লিবার্তাদোরেসে জায়গা করে নেওয়াই রোসারিওর অন্যতম লক্ষ্য। শিরোপার দৌড়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে ব্যবধান গড়তে এই জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরবর্তী ম্যাচে মনুমেন্টাল হোসে ফিয়েরো স্টেডিয়ামে আতলেতিকো তুকুমানের মুখোমুখি হবে রোসারিও সেন্ট্রাল। অন্যদিকে, ঘরের মাঠে তিগ্রের বিপক্ষে খেলবে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়া।




আবুধাবি টেস্ট: বাংলাদেশের লিড চারশো ছাড়ল

খেলাধুলা ডেস্কঃ আবুধাবি টেস্টে টাইগারদের লিড চারশো ছাড়িয়েছে। সোমবার টেস্টের চতুর্থ দিন এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৯ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩০০ রান করেছে শান্তবাহিনী। এতে লিড দাড়িয়েছে ৪০৬ রান।

লিটন দাস ৫৭ ও মিরাজ ৩৫ রানে ব্যাট করছেন। ছয় উইকেটে ৩২৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করে টাইগাররা। এর আগে গতকাল তৃতীয় দিন হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বোলিং তোপে আড়াইশোর আগেই গুটিয়ে যায় আফগানিস্তানের প্রথম ইনিংস। সব কয়টি উইকেট হারিয়ে ২৪০ রান করে তারা। এতে করে ১০৬ রানের বিশাল লিড পায় বাংলাদেশ।

হাসান মাহমুদ ও এবাদত হোসেন মিলে শিকার করেন ৯ উইকেট। ক্যারিয়ারের স্মরণীয় পাঁচ উইকেটের সঙ্গে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন হাসান। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৩৪৬ রান।

তৃতীয় দিনের শুরুটা স্বপ্নের মতো রঙিন হয় বাংলাদেশ দলের। চার উইকেটে ২১১ রান নিয়ে দিন শুরু করা আফগানিস্তানকে প্রথম ধাক্কাটা দেন এবাদত হোসেন চৌধুরী।

১০৩ বলে ৩২ রান করা ইকরাম আলিখিলকে ফেরান এবাদত। পরের ওভারেই কারিশমা দেখিয়েছেন হাসান মাহমুদ। ৮৩তম ওভারের ৩য়, ৪র্থ এবং ৫ম বলে একে একে ফিরিয়েছেন ইসমাত আলম, কাইস আহমেদ এবং জিয়াউর রহমানকে। ইসমাতকে এক রানে ফেরালেও বাকি দুইজন মেরেছেন গোল্ডেন ডাক। তিন বলে তিন উইকেট নিয়ে দারুণ এক হ্যাটট্রিক তুলে নেন হাসান মাহমুদ।

হ্যাটট্রিকের পর হাসান ফিরিয়েছেন ইয়ামিন আহমেদ জাইকে। তুলে নেন দারুণ এক ফাইফার। টেস্টে দ্রুততম বাংলাদেশি পেসার হিসেবে ছুঁয়ে ফেলেন ৫০ উইকেটের মাইলফলকও। পরে টিকে থাকা আফগান অধিনায়ক রহমত শাহ পেয়েছেন সেঞ্চুরি। ২১৬ বলে ১০৩ রান করে টিকে ছিলেন রহমত। মোহাম্মদ সেলিমকে ফিরিয়ে আফগান ইনিংসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এবাদত হোসেন। ২৪০ রানেই থেমেছে আফগানিস্তান।

হাসান পাঁচটি, এবাদত চারটি ও মেহেদী হাসান মিরাজ নিয়েছে একটি উইকেট।

এদিন বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান। পেসারদের মধ্যে প্রথম। এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক ছিল অলক কাপালি ও সোহাগ গাজীর। তার দুজনেই ছিলে স্পিনার।




চুল টেনে লাল কার্ড, ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্কঃ ভিয়ারিয়ালের বিপক্ষে গোলের আনন্দের মাঝেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রকে। প্রতিপক্ষের ডিফেন্ডার নাথান সালিবার চুল টানার ঘটনায় তার গোল বাতিলের পাশাপাশি সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচ শেষে এ ঘটনার জন্য রিয়াল মাদ্রিদের সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। অন্যদিকে, রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ কোচ হোসে মরিনিয়ো ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলন এড়িয়ে গেছেন।

শনিবার লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভিনিসিয়ুস লেখেন, ‘আনন্দটা রয়ে গেছে। তবে আমার দল ও সমর্থকদের কাছে দুঃখিত।’

চলতি মৌসুমে নিজের সেরা ছন্দে না থাকায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের শুরুতে ভিনিসিয়ুসকে একাদশে রাখেননি মরিনিয়ো। তার পরিবর্তে সুযোগ পান ইয়ান দিয়োমান্দে। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ভিনিসিয়ুসকে মাঠে নামান রিয়াল কোচ।

এর কিছুক্ষণ পর দিয়োমান্দের গোলে এগিয়ে যায় রিয়াল। পরে জুড বেলিংহামের পাস থেকে গোল করে ব্যবধান বাড়িয়েছেন বলে মনে হয়েছিল ভিনিসিয়ুস। গোলের পর সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনে মেতে ওঠেন তিনি। এমনকি খেলোয়াড়দের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ডাগআউট থেকেও ছুটে আসেন মরিনিয়ো।

তবে ভিএআরের পর্যালোচনায় উঠে আসে ভিন্ন চিত্র। গোলের আক্রমণে এগিয়ে যাওয়ার সময় ভিয়ারিয়ালের ডিফেন্ডার নাথান সালিবার চুল টেনেছিলেন ভিনিসিয়ুস। এ ঘটনায় গোল বাতিল করেন রেফারি ইসিদ্রো দিয়াস দে মেরা। এরপর সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেনি রিয়াল মাদ্রিদের ডাগআউট। ম্যাচ শেষে নির্ধারিত সংবাদ সম্মেলনেও উপস্থিত হননি মরিনিয়ো। রিয়াল মাদ্রিদের টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি। তিনি বলেন, ‘রেফারিদের নিয়ে কী হচ্ছে, লাল কার্ড নিয়েই-বা কী হচ্ছে, আমি বুঝতে পারছি না।’

রেফারির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লাল কার্ডের সিদ্ধান্তের প্রতিবাদে ভিনিসিয়ুস চিৎকার করেন এবং আক্রমণাত্মক ভঙ্গিতে রেফারির দিকে এগিয়ে যান। পরে সতীর্থদের হস্তক্ষেপে তাকে থামানো হয়।

তবে ঘটনাটিকে কিছুটা ভিন্নভাবে দেখছেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার হুয়ান ফয়েথ। তার মতে, ভিনিসিয়ুস কাউকে আঘাত করার উদ্দেশ্যে এমনটি করেননি। কিন্তু চুল টানার ঘটনায় লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত সঠিক ছিল।

ভিনিসিয়ুসের শাস্তির বিষয়ে চলতি সপ্তাহে সিদ্ধান্ত জানাতে পারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। আগামী ১৮ অক্টোবর সেভিয়ার বিপক্ষে লিগ ম্যাচ খেলবে রিয়াল। এরপর ২৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে দলটি। ফলে ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞার মেয়াদ পরবর্তী ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

ভিনিসিয়ুস লাল কার্ড দেখায় ম্যাচের শেষ দিকে ১০ জন নিয়ে রক্ষণ সামলাতে হয় রিয়ালকে। তবে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মরিনিয়োর দল।

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান এক পয়েন্ট।




আর্জেন্টিনাকে বিদায়ের পর মায়ামির জার্সিতে মেসির জোড়া গোল

ক্রীড়া ডেস্কঃ আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাব ফুটবলে ফিরেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। রোববার (১১ অক্টোবর) মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।

মায়ামির গোল উৎসবের শুরুটা হয়েছিল সুয়ারেজকে দিয়ে। ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন তিনি। ৩৯ মিনিটে আবারও গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। দুই গোলেই সহায়তা করেন জার্মান বেরতেরামে।

বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে বাঁ পায়ের শটে ব্যবধান ৩-০ করেন মেসি। ৬০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের তিন খেলোয়াড়কে কাটিয়ে করেন নিজের দ্বিতীয় গোলটি।

এতে চলতি মৌসুমে মেসির লিগ গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। ফলে টানা তৃতীয়বারের মতো এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জয়ের দৌড়ে আরও এগিয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।

এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। আগামী মাসে শুরু হতে যাওয়া প্লে-অফে শীর্ষ চার দলের মধ্যে থেকে খেলা এবং ঘরের মাঠে ম্যাচ আয়োজনের সুবিধা পাওয়ার সম্ভাবনাও বাড়িয়েছে দলটি।




ক্লাবে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো

খেলাধুলা ডেস্কঃ জাতীয় দলের সঙ্গে বিতর্কের রেশ কাটিয়ে ক্লাবের জার্সিতে ফিরেই গোল করে জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ এই মহাতারকার গোলের দিনে সৌদি প্রো লিগে আল দিরিয়াহর বিপক্ষে জয় তুলে নিয়েছে আল নাসর।

ঘরের মাঠ আল আউয়াল পার্কে ৩-০ গোলের জয়ে আল নাসরের হয়ে প্রথম গোলটি করেন রোনালদো। এই গোলের মধ্য দিয়ে তার ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮০-এ। ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে এখন আর মাত্র ২০টি গোল প্রয়োজন রোনালদোর।

শুক্রবার রাতের ম্যাচের ২৩তম মিনিটে গোল করেন রোনালদো। কিংসলে কোমানের শট গোলকিপার ওয়ালিদ আলী আটকে দিলেও ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি তিনি।

গোলের পর গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ম্যাচ শুরুর আগে রোনালদোকে সমর্থন জানিয়ে গ্যালারিতে বড় ব্যানারও প্রদর্শন করেন আল নাসর সমর্থকেরা। তাতে লেখা ছিল, ‘গ্রেটনেস ইজ আর্নড’—মহত্ত্ব অর্জন করে নিতে হয়।

এর আগে পর্তুগাল জাতীয় দলের হয়ে নেশনস লিগের বিরতিতে নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ না পাওয়ার পর দলীয় শিবির ছেড়েছিলেন রোনালদো। ২৭ সেপ্টেম্বরের সেই ম্যাচে পর্তুগাল ২-১ গোলে জিতেছিল।

পরে কোচ হোর্হে জেসুসের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ তোলেন রোনালদো। আল নাসরেও জেসুসের অধীন খেলেছেন এই ফরোয়ার্ড। গত মৌসুমে তার কোচিংয়েই সৌদি লিগের শিরোপা জিতেছিল দলটি।

জাতীয় দলের সঙ্গে বিরোধ নিয়ে আলোচনা চললেও ক্লাবের সমর্থকেরা রোনালদোর পাশে থাকার বার্তা দিয়েছেন। ম্যাচের সপ্তম মিনিটে গ্যালারি থেকে তার নামে স্লোগানও ওঠে। মাঠে গোল করে সেই সমর্থনের জবাব দেন পর্তুগিজ ফরোয়ার্ড।

রোনালদোর গোলের পর ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সামু কস্তা। জোয়াও ফেলিক্সের কর্নার থেকে হেডে গোল করেন তিনি। ম্যাচের ৭৭তম মিনিটে কোমানের গোলে জয় নিশ্চিত হয় আল নাসরের।

এই জয়ে লিগের শীর্ষে থাকা আল কাদসিয়ার সমান পয়েন্টে পৌঁছেছে আল নাসর। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আল কাদসিয়া, দুইয়ে আল নাসর।




এক যুগ পর দক্ষিণ আফ্রিকার মাটিতে অস্ট্রেলীয় ব্যাটারের টেস্ট সেঞ্চুরি

খেলাধুলা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ম্যাট রেনশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে এক যুগেরও বেশি সময় পর অস্ট্রেলীয় ব্যাটার হিসেবে শতকের দেখা পেলেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) ডারবানের কিংসমিডে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরি পূর্ণ করেন রেনশ। লাঞ্চ বিরতিতে ২১৮ বল মোকাবিলা করে ১০২ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটার।

২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয়েছিল রেনশর। এবার সেই প্রতিপক্ষের বিপক্ষেই তাদের মাটিতে সেঞ্চুরি করে আলোচনায় উঠে এসেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার মাটিতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৪ সালের মার্চে কেপ টাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৫ রান করেছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতি পেরিয়ে রেনশর ব্যাটে এলো অস্ট্রেলিয়ার আরেকটি টেস্ট শতক।

রেনশর এটি ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে প্রথম শতকের দেখা পেয়েছিলেন তিনি। সেই ইনিংসে ওপেনার হিসেবে ২৯৩ বল মোকাবিলা করে ১৮৪ রান করেছিলেন এই ব্যাটার।

এদিকে ডারবানের কিংসমিডে সেঞ্চুরি করা দশম অস্ট্রেলীয় ব্যাটার হলেন রেনশ। এই মাঠে সর্বশেষ অস্ট্রেলীয় হিসেবে শতক করেছিলেন প্রয়াত ফিল হিউজ। ২০০৯ সালে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৬০ রান করেছিলেন তিনি।




মেসির বিদায়ী ম্যাচের জার্সি এখন জাদুঘরে

খেলাধুলা ডেস্কঃ একটি জার্সি, অসংখ্য স্মৃতি আর বিদায়ের এক আবেগঘন গল্প। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচে পরা ১০ নম্বর জার্সি এখন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটের জাদুঘরে। ফুটবল ইতিহাসের স্মরণীয় এক মুহূর্তকে সংরক্ষণ করতেই জার্সিটি সেখানে রাখা হয়েছে। আটবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকার উপহার দেওয়া জার্সিটি এখন ভক্তদের কাছে হয়ে উঠেছে ভালোবাসা ও আবেগের বিশেষ স্মারক।

জাতীয় দলের জার্সিতে মেসির দীর্ঘ পথচলার সমাপ্তি ছিল আবেগে মোড়ানো। বেনিনের বিপক্ষে সেই বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ৩-০ গোলে। দলের তিনটি গোলেই প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান ছিল মেসির। মাঠের পারফরম্যান্সে যেমন নিজের ছাপ রেখেছিলেন, তেমনি বিদায়ের মুহূর্তটিকেও করে তুলেছিলেন স্মরণীয়।

ম্যাচের ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি। এরপর ৬১ মিনিটে নিকো পাজের দুর্দান্ত গোলের পেছনেও ছিল মেসির অবদান। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন পাজ। আর ৭১ মিনিটে পেনাল্টি থেকে নিজেই গোল করে বিদায়ী ম্যাচকে রাঙিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

৮৫ হাজারের বেশি দর্শকের সামনে মেসির এই বিদায় ছিল আনন্দ ও বিষণ্নতার মিশেল। গ্যালারিজুড়ে ছিল প্রিয় তারকার প্রতি ভালোবাসা, করতালি আর চোখের জল। যে ফুটবলার দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার সমর্থকদের স্বপ্ন দেখিয়েছেন, তার বিদায়ের মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি ভক্তরা।

আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টেনেছেন মেসি। জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করে দেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ডও নিজের করে রেখেছেন তিনি। বিশ্বকাপ জয় থেকে শুরু করে অসংখ্য সাফল্যে সমৃদ্ধ তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

বিদায়ী ম্যাচের পর নিজের ১০ নম্বর জার্সিটি রিভার প্লেটকে উপহার দেন মেসি। জার্সিতে লিখে দেন ভালোবাসার বার্তাও। সেই উপহার এখন ক্লাবটির জাদুঘরে সংরক্ষিত। সময়ের সঙ্গে মাঠের উত্তাপ, গ্যালারির উল্লাস কিংবা বিদায়ের অশ্রু মুছে গেলেও এই জার্সি মনে করিয়ে দেবে এক কিংবদন্তির অবিস্মরণীয় যাত্রা।

মেসির বিদায় মানেই তার গল্পের শেষ নয়। তার গোল, পাস, বাঁ পায়ের জাদু আর আর্জেন্টিনার হয়ে অর্জন করা গৌরব ফুটবলপ্রেমীদের স্মৃতিতে বেঁচে থাকবে বহুদিন। আর জাদুঘরে রাখা সেই জার্সি হয়ে থাকবে ইতিহাসের এক আবেগঘন অধ্যায়ের নীরব সাক্ষী।




ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

খেলাধুলা ডেস্কঃ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে।

শনিবার ঘোষিত এই দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন আলিস আল ইসলাম। এশিয়ান গেমসে টি-টোয়েন্টি অভিষেকের পর এবার ওয়ানডে দলে সুযোগ পেলেন তিনি। এ ছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

চোটের কারণে এই সিরিজেও দলে নেই গতির তারকা পেসার নাহিদ রানা। পেস আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

স্পিন বিভাগে আলিসের সঙ্গে রয়েছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া জায়গা পেয়েছেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান। দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমও।

আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ অক্টোবর মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।