অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে টাইগারদের মুখোমুখি মালেয়েশিয়া

খেলাধুলা ডেস্কঃ আগামী ৫ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ওমানে আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় আসরটির সময়সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এসিসি করেছে, টুর্নামেন্টের সব কয়েটি ম্যাচ মাস্কাটের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড ১ ও ২-এ অনুষ্ঠিত হবে। আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘গ্রুপ এ’-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও মালয়েশিয়া। ‘গ্রুপ বি’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে এবং শীর্ষ দুটি দল সেমিফাইনালে উন্নীত হবে।

টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে। এবারের আসরে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মালয়েশিয়ার। একই গ্রুপে থাকায় ৮ নভেম্বর ক্রিকেটের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের পর ১২ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান। গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ১৯১ রানে হারিয়ে তারা শিরোপা জিতেছিল। এটি ছিল দেশটির দ্বিতীয় এশিয়া কাপ শিরোপা।




র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে ব্রাজিল

খেলাধুলা ডেস্কঃ ফিফা র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে এক ধাপ পিছিয়েছে ব্রাজিল। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টানা জয় পেলেও প্রকাশিত নতুন তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগে দুর্দান্ত ছন্দে থাকা দলটি রোববার নরওয়েকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে। এতে রেটিং পয়েন্ট বাড়িয়ে মরক্কো ও ব্রাজিলকে পেছনে ফেলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

পর্তুগালের উত্থানে ব্রাজিল এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমেছে। অন্যদিকে মালির সঙ্গে ড্র করে পয়েন্ট হারানো মরক্কো নেমে গেছে সপ্তম স্থানে।

শীর্ষ চারেও অবশ্য কোনো পরিবর্তন হয়নি। স্পেনকে পেছনে রেখে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তালিকায় তৃতীয় ফ্রান্স এবং চতুর্থ ইংল্যান্ড।




রিয়াদের ৮ ছক্কার তাণ্ডব, তবু হারলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স

ক্রীড়া ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের কাছে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ম্যাচের শেষ দিকে রীতিমত তাণ্ডব চালিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আট ছক্কায় ৩৫ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি। অজিদের তোলা ২০৩ রানের জবাবে ইনিংস থেমেছে ১৬৬ রানে।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। দলের ২৭ রানের মাথাতে উসমান খাজা এবং ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটি ভাঙেন আবু জায়েদ চৌধুরী রাহি। তিনে নামা ড্যাসি শর্টকেও ফেরান রাহি। তবে ওয়ার্নার টিকে ছিলেন। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন ওয়ার্নার।

চারে নামা জো বার্নসও বেশিক্ষণ টেকেননি। ৬ বলে ৯ রান করে বিদায় নেন বার্নস। এরপর ক্রিজে আসেন কালাম ফার্গুসন। ওয়ার্নার এবং ফার্গুসনের জুটিতে ভর করে গতি পায় অজিদের ইনিংস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। ফিফটি ছুঁয়ে ফেলেছেন ওয়ার্নার।

৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের ১৩৩ রানের মাথাতে থামেন ডেভিড ওয়ার্নার, তাকে ফিরিয়েছেন রুবেল হোসেন। তবে আরেক প্রান্তে টিকে ছিলেন ফার্গুসন। ফিফটিও তুলে নিয়েছেন। আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের বোলারদের তুলোধুনো করেন তিনি। রান বের করেছেন দ্রুত গতিতে।

শেষ দিকে বেন ডাঙ্কও ছিলেন দারুণ সাবলীল। আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন। অজিরা ছুটেছে দুইশ রানের পুঁজির দিকে। ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন ফার্গুসন, দলের রান তখন ১৭৭। শেষ দিকে আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন ডাঙ্ক। ২৪ বলে ৪৫ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রানের পুঁজি দাঁড় করায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের হয়ে ৩ উইকেট শিকার করেছেন আবু জায়েদ চৌধুরী রাহি। ২ উইকেট নেন জিয়াউর রহমান। ১ উইকেট তুলেছেন রুবেল হোসেন। জবাব দিতে নেমে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। দুই ওপেনার ইমরুল কায়েস এবং রনি তালুকদার মিলে ওপেনিং জুটিতে তুলেছেন ৩০ রান। ৬ বলে ৯ রান করে বিদায় নিয়েছেন রনি। ইমরুল টিকে ছিলেন।

উইকেটের চারপাশে দারুণ সব শটে রানও বের করেছেন। তিনে নামা ফজলে মাহমুদ রাব্বিও ছুটেছেন দারুণ গতিতে। ইমরুল-রাব্বির ব্যাটে ভালোভাবেই এগিয়েছে বাংলাদেশ। দলের ৭১ রানের মাথাতে থেমেছেন দারুণ খেলতে থাকা ইমরুল। ৩০ বলে ৪১ রান করে বিদায় নেন তিনি, মিস করেছেন ফিফটি। পরের ওভারেই ফিরেছেন রাব্বি। ২০ বলে ২৭ রান করে বিদায় নেন তিনি।

এরপর যেন ধস নামে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের ইনিংসে। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বাকিরা সেভাবে সুবিধা করতে পারছিলেন না। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং চালিয়েছেন রিয়াদ। একের পর এক ছক্কা হাঁকিয়েছেন। মাত্র ২৬ বলে ছুঁয়ে ফেলেন ফিফটি।

ফিফটির পরেও চলেছে রিয়াদের তাণ্ডব। দারুণ সব শটে রান বের করেছেন। হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি। শেষ দিকে জয়ের আশা ছিল না বাংলাদেশের। শেষ ওভারে দরকার ছিল ৫১ রান, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স নিতে পেরেছে ১৩ রান। ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানে থেমেছে টাইগাররা, ৩৭ রানে জিতেছে অস্ট্রেলিয়া। রিয়াদ টিকে ছিলেন ৩৫ বলে ৭৩ রানে, ২ চারের সাথে হাঁকিয়েছেন ৮ ছক্কা।

অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট শিকার করেছেন ফাওয়াদ আহমেদ। ১টি করে উইকেট তোলেন ড্যাসি শর্ট, কেইন রিচার্ডসন এবং বেন হিলফেনহাস।




খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ডেস্ক : মাত্র দুই দিন আগে শেষ হওয়া এশিয়ান গেমসে ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ মাত্র একটি ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরেছে। মাঠের বাজে পারফরম্যান্সের পাশাপাশি গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠায় এবার কঠোর অবস্থান নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া বার্তা দেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা ফুটবল কিংবা ক্রিকেটে হারতে পারি, হার-জিত খেলারই অংশ। কিন্তু খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়। খেলোয়াড়দের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং সবার আগে বাংলাদেশ—এই ধারণায় উজ্জ্বীবিত থাকতে হবে।’

এশিয়ান গেমসে বাংলাদেশের সার্বিক পারফরম্যান্স মূল্যায়নের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী জানান, ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হবে। তাৎক্ষণিক কোনো সাফল্য নয়, বরং আগামী পাঁচ বছরের জন্য অ্যাথলেটদের আন্তর্জাতিক মানে প্রস্তুত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘একটি কমিটি গঠন করা হচ্ছে, সেই কমিটি প্রতিবেদন দেবে। এরপর আমরা ডিসেম্বর থেকে দীর্ঘমেয়াদি অনুশীলন শুরু করব। আমরা এখনই নয়, আগামী পাঁচ বছর পর ফলাফল চাইব।’ এ সময় খেলোয়াড়দেরও জবাবদিহিতার আওতায় আনার কথা জানান তিনি।

আসন্ন প্যারা এশিয়ান গেমসে আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস ও বোচিয়া—এই ছয় ডিসিপ্লিনে ১২ জন অ্যাথলেট অংশ নেবেন। গেমসটি সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশ দলের ৭০ দিনের নিবিড় অনুশীলন সম্পন্ন হয়েছে। এর মধ্যে অ্যাথলেটিকসের চৈতী রাণী এবং আর্চারির ঝুমা আক্তারকে ঘিরে ভালো পদকের জোরালো প্রত্যাশা রয়েছে। শারীরিক প্রতিবন্ধকতার বিষয় মাথায় রেখে ১২ জন অ্যাথলেটের সঙ্গে ৬ থেকে ৭ জন সহায়ক সদস্য এবং ৫টি খেলার জন্য একজন করে কোচসহ মোট ৩২ সদস্যের কন্টিনজেন্ট প্যারা এশিয়ান গেমসে অংশ নেবে।




শেষ বাঁশির পর সতীর্থদের ভালোবাসায় সিক্ত মেসি

ক্রীড়া ডেস্কঃ একটি দীর্ঘ পথচলার শেষ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সতীর্থরা ছুটে এসে ঘিরে ধরলেন লিওনেল মেসিকে। কেউ জড়িয়ে ধরলেন প্রিয় অধিনায়ককে, কেউ কাঁধে হাত রেখে বিদায়ের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখলেন। চোখেমুখে আবেগ, গ্যালারিজুড়ে করতালি আর ‘মেসি, মেসি’ ধ্বনি- এভাবেই শেষ হলো আর্জেন্টিনার জার্সিতে ফুটবল জাদুকরের শেষ ম্যাচ।

মঙ্গলবার (৭ অক্টোবর) বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছেন মেসি।

বিদায়ী ম্যাচটিকে নিজের মতো করেই রাঙিয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা। একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। ম্যাচের ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকেই গোল করেন নিকোলাস ওতামেন্দি। ৬০ মিনিটে মেসির পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ।

এরপর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ৬৮ মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি পেলে বল নিয়ে এগিয়ে আসেন মেসি। ৭১ মিনিটে স্পটকিক থেকে দুর্দান্তভাবে বল জালে পাঠিয়ে নিজের বিদায়ী ম্যাচে গোলের খাতায় নাম লেখান তিনি। এটি ছিল আর্জেন্টিনার জার্সিতে তার ১২৬তম গোল।

শেষ বাঁশি বাজার পর অবশ্য আর ম্যাচের ফল নিয়ে কারও মাথাব্যথা ছিল না। পুরো মনোযোগ তখন একজনকে ঘিরে- মেসি। সতীর্থরা তাকে ঘিরে ধরে আবেগে ভেসে যান। প্রতিপক্ষ বেনিনের খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারাও এগিয়ে এসে তাকে অভিনন্দন জানান। বিদায়ের এই মুহূর্তে মেসির মুখেও ছিল আবেগের ছাপ।

স্টেডিয়ামের আবহও তখন বদলে যায়। ম্যাচ শেষে মেসিকে সম্মান জানাতে আয়োজন করা হয় বিশেষ ড্রোন শো। আকাশে ফুটে ওঠে ‘Gracias Leo’- অর্থাৎ ‘ধন্যবাদ লিও’।

জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৬ গোল ও ৭০ অ্যাসিস্ট- এমন পরিসংখ্যান নিয়েই আর্জেন্টিনার জার্সি তুলে রাখলেন মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিক স্বর্ণজয়ী এই কিংবদন্তির বিদায় তাই শুধু একটি ম্যাচের সমাপ্তি নয়; আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়েরও শেষ।




এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

ক্রীড়া ডেস্কঃ জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ, এর চেয়ে আবেগঘন বিদায় আর কী হতে পারত লিওনেল মেসির জন্য! নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। বেনিনের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চকে বিদায় জানালেন মেসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। ফলে মেসির বিদায়ী ম্যাচে গোল না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে বিরতির পর সেই অপেক্ষা আর দীর্ঘ হয়নি।

দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে মেসির কর্নার থেকে গোল করেন নিকোলাস ওটামেন্দি। ডান দিক থেকে মেসির নেওয়া কর্নার কিকে কাছ থেকে ভলি করে বল জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার। এই অ্যাসিস্টের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে মেসির অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৬৮-তে।

এরপর ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। এবারও গোলের পেছনে ছিলেন মেসি। বক্সের বাইরে থেকে নিকো পাজের দিকে বল বাড়িয়ে দেন তিনি। বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন পাজ।

দুটি গোলে অবদান রাখার পর এবার নিজেই স্কোরশিটে নাম লেখান মেসি। ৬৯তম মিনিটে বেনিনের এক ডিফেন্ডারের ফাউলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিকে মেসির শট ঠেকানোর কোনো সুযোগই পাননি বেনিনের গোলরক্ষক। ৭০তম মিনিটে ডান পায়ের নিখুঁত শটে বল জালের ওপরের কোণে পাঠিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির গোলের পর সতীর্থরা ছুটে যান তার দিকে। আর গ্যালারিতে শুরু হয় আবেগের বিস্ফোরণ। বিদায়ী ম্যাচে প্রিয় তারকার গোল উদ্‌যাপনে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

এর আগে ম্যাচের ১০ম মিনিটেও বিশেষ আবেগঘন মুহূর্তের সাক্ষী হয় স্টেডিয়াম। মেসির ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে রেফারি খেলা থামিয়ে দেন। পুরো গ্যালারি দাঁড়িয়ে করতালির মাধ্যমে আর্জেন্টাইন কিংবদন্তিকে সম্মান জানায়। মেসিও হাত নেড়ে সমর্থকদের ভালোবাসার জবাব দেন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আর জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচটি হয়ে থাকে এক গোল, দুটি অ্যাসিস্ট ও আবেগঘন বিদায়ের এক স্মরণীয় অধ্যায়।




বিদায়ী ম্যাচের আগে মেসির ‘অজানা’ তথ্য দিলেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়লগ্নে কোচ লিওনেল স্কালোনি গভীর আবেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মেসিকে ছাড়া জাতীয় দলের পথচলা আর কখনোই আগের মতো হবে না এবং মাঠে তার উপস্থিতি যে অনন্য অনুভূতি তৈরি করত, তা সবচেয়ে বেশি মিস করবে দল।

মাঠের বাইরে মেসির পেশাদারত্বের প্রশংসা করে স্কালোনি জানান যে তিনি সবার আগে অনুশীলনে আসেন এবং সবার শেষে যান, নিজের যত্ন নেন এবং প্রতিটি ম্যাচকে যেভাবে গুরুত্ব দেন তা সত্যিই অবিশ্বাস্য। বেনিনের বিপক্ষে এই প্রীতি ম্যাচটি ঘিরে মনুমেন্টাল স্টেডিয়ামে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা বোঝাতে গিয়ে স্কালোনি মন্তব্য করেছেন যে এমন পাঁচটি স্টেডিয়াম থাকলেও সেগুলোর দর্শক ধারণক্ষমতা পূর্ণ হয়ে যেত।

২০০৫ সালে অভিষেকের পর থেকে আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করা মেসি দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জয়ের মাধ্যমে বিশ্ব ফুটবলে ইতিহাস গড়েছেন। বেনিনের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে তার দুই দশকের বেশি সময়ের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের চূড়ান্ত ইতি ঘটতে যাচ্ছে।



অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের মেয়েদের হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে জয় এক রকম অভ্যাসে পরিণত করে ফেলেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে দুই ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই সহজে জিতেছে বাংলাদেশ।

ফয়সালাবাদে ২ অক্টোবর পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ। তিন দিন পর আজ একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে আগে ব্যাটিং করেই জিতেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের জয় ১৩ রানে।

১৪০ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানের দুই ওপেনার রাভাইল ফারহান ও কোমল খান ৬৯ রানের জুটি গড়েন। দশম ওভারের দ্বিতীয় বলে কোমলকে বোল্ড করে জুটি ভাঙেন নিশিতা আক্তার নিশি। ২৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন কোমল।

উদ্বোধনী জুটি ভাঙার পর আর কিছু করতে পারেনি পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্বাগতিকেরা ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানে আটকে যায়। কোমলের ৩৬ রানই পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ। জুফিশান আয়াজ, রাভাইল উভয়ই ৩২ রান করেন। টপ অর্ডারের তিন ব্যাটার ছাড়া পাকিস্তানের আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।

বাংলাদেশের ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। নিশিতা আক্তার নিশি পেয়েছেন ২ উইকেট। ৪ ওভারে ২৮ রান খরচ করেছেন তিনি।

এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে করে ১৩৯ রান। ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন সাদিয়া আক্তার। ৩৩ বলের ইনিংসে ২ চার ও ১ ছক্কা মেরেছেন। পাকিস্তানের রোজিনা আকরাম, মাহাম নাজাকাত দুটি করে উইকেট পেয়েছেন।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে হ্যাটট্রিক ম্যাচ জিততেই পারত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে গতকাল শেষ বলে বাংলাদেশের কাছ থেকে জয় কেড়ে নেয় শ্রীলঙ্কা। পরশু ফের লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।




বসুন্ধরা স্পোর্টস সিটির তিন ক্রিকেট মাঠ পরিদর্শন করেছে বিসিবির প্রতিনিধি দল

খেলাধুলা ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের প্রস্তুতি ও অবকাঠামো পর্যালোচনায় বসুন্ধরা স্পোর্টস সিটির (বিএসসি) তিনটি ক্রিকেট মাঠ পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে বিএসসির সুযোগ-সুবিধার প্রশংসা করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা দিয়েছে প্রতিনিধি দলটি।

মঙ্গলবার বিকেলে বিসিবির প্রতিনিধি দল বসুন্ধরা স্পোর্টস সিটিতে গিয়ে তিনটি ক্রিকেট মাঠ ঘুরে দেখে। এ সময় মাঠ, সুযোগ-সুবিধা ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা নেয় তারা।

এছাড়াও আন্তর্জাতিক ম্যাচ ব্যবস্থাপনা ও আয়োজনের অভিজ্ঞতা সরাসরি দেখার সুযোগ করে দিতে বসুন্ধরা স্পোর্টস সিটি কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। আগামী সপ্তাহে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে।




শূন্য থেকে শিখরে, মেসির যে গল্প রূপকথাকেও হার মানায়

খেলাধুলা ডেস্কঃ আর্জেন্টিনার রোজারিও শহরের সেই ছোট্ট ছেলেটিরও আর দশজনের ফুটবল খেলতে ভীষণ ভালো লাগতো। কিন্তু একটা জায়গায় সে ছিলো অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। ফুটবলটাকেই সে করেছিল সাধনার মহামন্ত্র, ধ্যানের মতো নিয়েছিল জীবনের সঙ্গে মিশিয়ে। আর সেই ছেলেটির নাম লিওনেল মেসি।

১৯৮৭ সালের ২৪ জুন রোজারিওতে জন্ম মেসির। শৈশব থেকেই বল পায়ে তার জাদু দেখা যেত। বয়স যখন মাত্র পাঁচ, তখনই লোকাল ক্লাব গ্রান্দোলির হয়ে খেলতে শুরু করেন। পরে যোগ দেন নিউয়েলস ওল্ড বয়েজে।

কিন্তু ফুটবলে যতটা দ্রুত ছুটছিলেন মেসি, তার শরীর যেন ততটা দ্রুত বাড়ছিলো না। মাত্র ১১ বছর বয়সে ধরা পড়ে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। যে বয়সে অন্য শিশুরা নিশ্চিন্তে মাঠে ছুটছে, সেই বয়সে মেসির পরিবারকে ভাবতে হচ্ছে চিকিৎসার খরচ নিয়ে। প্রতিমাসে প্রয়োজন ছিল ব্যয়বহুল চিকিৎসার। পরিবারের পক্ষে সেই খরচ চালিয়ে যাওয়া সহজ ছিল না।

আর তখনই মেসির জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নটি সামনে। অনেকেই বলতে শুরু করেন, এত ছোট গড়নের একটা ছেলে কি সত্যিই বড় ফুটবলার হতে পারবে?
কারো মতো উত্তরটা ছিল স্রেফ ‘না’। কিন্তু ফুটবলকে যিনি সাধনার মন্ত্র মানেন, তিনি অতো সহজে হাল ছাড়েন না। পায়ের বলটাই যেন শরীরের সীমাবদ্ধতা মানতে চাইত না।
এরপর মেসির জীবনে ঘটে সবচেয়ে বড় নাটকীয় ঘটনা।

২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে মেসি পাড়ি দেন স্পেনে। লক্ষ্য, বার্সেলোনার একাডেমিতে সুযোগ পাওয়া। কিন্তু বার্সেলোনার কর্মকর্তারাও প্রথমে সন্দিহান ছিলেন। ছেলেটার প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না, কিন্তু বয়স, শারীরিক গঠন আর চিকিৎসার খরচ সব মিলিয়ে সিদ্ধান্তটা সহজ ছিল না। শেষ পর্যন্ত এক রেস্তোরাঁয় বসে ঘটে যায় ফুটবল ইতিহাসের অন্যতম বিখ্যাত ঘটনা। বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাচ একটি ন্যাপকিনে লিখে দেন, মেসিকে দলে নেওয়ার ব্যাপারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে এক টুকরো ন্যাপকিনেইও পর লেখা কয়েকটি লাইন বদলে দেয় ফুটবল ইতিহাস। বার্সেলোনার লা মাসিয়ায় শুরু হয় মেসির নতুন জীবন।

সেখানে ধীরে ধীরে সবাই বুঝতে শুরু করলেন, ছেলেটা শুধু প্রতিভাবান নয়, অসাধারণও বটে। বল পায়ে তার গতি, ড্রিবলিং, শরীরের ভারসাম্য আর গোল করার ক্ষমতা ছিল অন্যরকম। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার মূল দলে মেসির অভিষেক হয়। তারপর রূপকথার লিখতে শুরু করেন এলএম টেন। একটার পর একটা গোল। একটার পর একটা রেকর্ড। একের পর এক ট্রফি।

তবে সবকিছুর পরও মেসির গল্পে শুধু সাফল্য ছিল না, ছিল নিঃসঙ্গতাও। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব শান্ত, লাজুক আর অন্তর্মুখী স্বভাবের। মাঠে যে মানুষটা কয়েকজন ডিফেন্ডারকে একসঙ্গে বোকা বানিয়ে দিতেন, মাঠের বাইরে সেই মানুষটাই ছিলেন ভীষণ চুপচাপ। আর জাতীয় দলের জার্সিতে তার পথটা ছিল আরও কঠিন।

আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে তাকে বারবার শুনতে হয়েছে, ক্লাবে যত বড় তারকা, জাতীয় দলের হয়ে ততটা সফল নন। অনেকে তো মেসিকে স্বার্থপরও ডাকতে শুরু করেছিলেন। ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার, তারপর ২০১৫ এবং ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে পরপর দুই হার। হতাশ হয়ে মেসিও হাল ছেড়িছিলেন, ঘোষণা দিয়েছিলেন, তিনি জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন।

তবে নিয়তি যার গল্প লেখার ভার নেয়, তার গল্প এমন মাঝপথে থামে না কিছুতেই। যেখান থেকে মনে হয় সব শেষ হয়ে গেছে, সেখান থেকেই হয় নতুন শুরু। অবসর ভেঙে ফেরা মেসি আরও বাড়ালেন ধার,পায়ের জাদু আর নেতৃত্বের গুণে ২০২১ সালে ব্রাজিলের মারাকানায় আর্জেন্টিনা কোপা আমেরিকা জেতালেন। মেসির হাতে উঠল প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি। অনেক বছরের অপেক্ষার পর দেশের হয়ে প্রথম বড় শিরোপা।

কিন্তু এরপরও একটা প্রশ্ন থেকেই গেল। মেসি কি বিশ্বকাপটা জিততে পারবেন? ঠিক তার মাঝেও এলো আরেকটা ধাক্কা ২০২১ সালেই তাকে ছাড়তে হলো প্রিয় ঘর বার্সেলোনা। ক্লাবটির সঙ্গে দুই দশকেরও বেশি সময়ের সম্পর্কের ইতি টানলেন তিনি। বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি কাঁদলেন, কাঁদালেনও।
যে ক্লাবের একাডেমিতে কিশোর বয়সে এসেছিলেন, যে ক্লাবকে নিজের ঘরের মতো মনে করতেন, সেই বার্সেলোনাকেই শেষ পর্যন্ত বিদায় বলতে হয়েছিল।

এরপর মেসির নতুন অধ্যায় শুরু হয় প্যারিসে। কিন্তু তার চোখ তখন এক জায়গাতেই, কাতার। বিশ্বকাপের অধরা স্বপ্ন পূরণে তখন তিনি আরও মগ্ন। বিশ্বকাপের শুরু আর্জেন্টিনার স্বপ্নের মতো হলো না। সৌদি আরবের কাছে প্রথম ম্যাচেই হার। অনেকেই তখন আবার প্রশ্ন তুললেন, মেসির বিশ্বকাপের স্বপ্ন কি এবারও অপূর্ণই থেকে যাবে?
কিন্তু মেসি যেন এবার অন্য কিছু ঠিক করে এসেছিলেন, মেক্সিকোর বিপক্ষে গোল;  পোল্যান্ডের বিপক্ষে জয়। এরপর অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া; প্রতিটি ম্যাচে মেসি দলটাকে টেনে নিলেন একাই।

আর তারপর এল ১৮ ডিসেম্বর ২০২২, লুসাইল স্টেডিয়াম। এক পাশে আর্জেন্টিনা। অন্য পাশে ফ্রান্স। মাঠে মেসি আর এমবাপ্পের দ্বৈরথ। বিশ্বকাপের ফাইনাল যেন একটা সিনেমার শেষ দৃশ্য হয়ে থাকল। আর্জেন্টিনা এগিয়ে গেল। মেসি গোল করলেন। ডি মারিয়া গোল করলেন। মনে হচ্ছিল, বিশ্বকাপটা বুঝি আর্জেন্টিনারই। কিন্তু ফ্রান্স ফিরে এল। এমবাপ্পে করলেন একের পর এক গোল। ৯০ মিনিট শেষ। অতিরিক্ত সময়ও শেষের পথে। শেষ পর্যন্ত ম্যাচ গড়াল টাইব্রেকারে।

সেই মুহূর্তে পুরো পৃথিবীর চোখ মেসির দিকে। আর তারপর… আর্জেন্টিনা জিতে গেল। মেসির হাতে উঠল সেই ট্রফি, যেটার জন্য তিনি বছরের পর বছর অপেক্ষা করেছেন।

২০২৬ সালের বিশ্বকাপেও চলেছে মেসির ঝলক; একাই দলকে টেনে নিয়েছেন ফাইনালে; যদিও সোনালি শিরোপা ছোঁয়া হয়নি; তবুও মেসির মাহাত্ম্য কমেনি মোটেও। ৩৯ বছরে তিনি যা করে দেখিয়েছেন, তাতেই অবাক হয়ে গেছে বিশ্ব, মুগ্ধতা নিয়ে দেখেছে কেবল তাকেই। এবার এলো বিদায়ে মাহেন্দ্র ক্ষণ, আন্তর্জাতিক ফুটবল থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন নিজেই। তারপও কথা থেকে যায়; যে জীবন ফুটবলের, তাকে কি আসলে অন্য কোথাও খুঁজে পাওয়া যায়। তিনি আছেন, থাকবেন; বিদায় নামের তিন শব্দেও মুছবে না তার পায়ের ছাপ।