‘বিগ থ্রি’-র আপত্তির মুখে সরে এলো আইসিসি

খেলাধুলা ডেস্কঃ দীর্ঘদিন ধরে আলোচনা পরও ‘ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ’ চালুর পরিকল্পনা থেকে সরে এলো আইসিসি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিরোধিতার কারণে এই শীর্ষ সংস্থার পরিকল্পনাটি অন্তত ২০৩১ সাল পর্যন্ত আটকে গেছে। এর কারণে তারা অন্য কোনো বহুপাক্ষিক টুর্নামেন্টও চালু করবে না।

বিট্রিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড উল্লেখ করেছিলেন, ‘চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি’-র মতো একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে, যেখানে বিশ্বের প্রধান ঘরোয়া লিগগুলোর চ্যাম্পিয়ন দলগুলো একে অপরের মুখোমুখি হবে। আইপিএল, পিএসএল, বিবিএল, এসএ২০ এবং ‘দ্য হান্ড্রেড’-এর মতো শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় শিরোপাজয়ী ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে এতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল।

তবে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড এই তিনটি বোর্ড ২০২৭-২০৩১ মেয়াদের ‘ফিউচার ট্যুর প্রোগ্রাম’ (এফটিপি) বা ভবিষ্যৎ সফরসূচি আগেই চূড়ান্ত করে ফেলেছে। ফলে এই চক্রের মধ্যে ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের কোনো সুযোগ থাকছে না। আইসিসি এবং অন্যান্য বোর্ড সদস্যদের মধ্যে বেশ কয়েক মাস ধরে এ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা চলেছে। গত সপ্তাহে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির অপারেশনস মিটিংয়ে নিশ্চিত করা হয়েছে, নতুন কোনো টুর্নামেন্ট বা ইভেন্ট আয়োজন করা হবে না।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রে একটি পরিবর্তন দেখা যেতে পারে, আর তা হলো প্রতিযোগিতায় দলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১২ করা। ফলে আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ের মতো নতুন কিছু দল এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে শীর্ষ বোর্ড এখনো এই পরিকল্পনা ও সিদ্ধান্ত চূড়ান্ত করেনি এবং কমিটির সদস্যদের এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে এবং নিজস্ব আয়ের উৎস তৈরির লক্ষ্যে আইসিসি নতুন নতুন প্রতিযোগিতার পরিকল্পনা করছে। এই উদ্যোগের ফলে তথাকথিত ‘বিগ থ্রি’ (ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড)-এর সাথে তাদের মতপার্থক্য বা উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই টানাপড়েন সত্ত্বেও একটি বিষয় লক্ষণীয়, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একাই বিশ্বব্যাপী ক্রিকেটের মোট আয়ের ৭০ শতাংশ জোগান দেয়; যা একটি বোর্ড হিসেবে তাদের অসামান্য প্রভাব বা ‘সুপারপাওয়ার’ অবস্থানেরই প্রমাণ।

আইসিসি নতুন ধরনের টুর্নামেন্ট ও সিরিজের কিছু প্রস্তাবনা বা ধারণা সামনে এনেছে। এর মধ্যে রয়েছে ‘ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ’ এবং আন্তর্জাতিক দলগুলোর অংশগ্রহণে চারটি দলের সমন্বয়ে আয়োজিত টি-টোয়েন্টি ‘কোয়াড্রাঙ্গুলার সিরিজ’ (চার দলের সিরিজ)। তবে এ ধরনের টুর্নামেন্ট বা সিরিজ আয়োজনের জন্য খেলার সূচিতে নতুন একটি সময় বা ‘উইন্ডো’ প্রয়োজন, যা বর্তমানে ‘বিগ থ্রি’-র জন্য পাওয়া অসম্ভব।

নব্বইয়ের দশক ও ২০০০-এর দশকের শুরুর দিকে ত্রি-দেশীয় সিরিজ বেশ জনপ্রিয় ছিল, কিন্তু ২০১০ সালের পর এর আকর্ষণ কমে যায়। তবে এটি আবারও শুরু হতে যাচ্ছে; ইংল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে, যেখানে শ্রীলঙ্কাও অংশ নেবে। পাশাপাশি আইসিসি আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক সিরিজের পরিবর্তে চার দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করছে। এরপরও ‘বিগ থ্রি’ তাদের সিদ্ধান্তে অনড়। তবে অন্যান্য ছোট দেশগুলো এই নতুন টুর্নামেন্ট ও সিরিজগুলোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।




টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা

খেলাধুলা ডেস্কঃ টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা ফারহান। সদ্য সাবেক অধিনায়ক সালমান আলী আগা শুধু নেতৃত্বই হারাননি, সংক্ষিপ্ত সংস্করণে জায়গাও হারিয়েছেন তিনি।

শাহিবজাদাকে নতুন অধিনায়ক করে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমানের মতো দলে জায়গা হয়নি বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফদের মতো তারকারদের। তবে ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আছেন ৪ জনই।

এশিয়ান গেমসে পাকিস্তানকে ফাইনালে তোলার পুরস্কারই যেন পেলেন শাহিবজাদা। যদিও ভারতের কাছে স্বর্ণ হারাতে হয়েছে তাদের। বিপরীতে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।

অন্যদিকে, টি-টোয়েন্টি থেকে বাদ পড়া শাহীন শাহ আফ্রিদিই নেতৃত্ব দেবেন ওয়ানডেতে।

দুই সংস্করণে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের জয়ের নায়ক হয়ে ওঠা রাজাউল্লাহ।

সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি শুরু হবে আগামী ৯ অক্টোবর। বাকি দুই ম্যাচ ১১ ও ১৩ অক্টোবর। সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে। এরপরেই শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল

শাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, খাজা নাফে (উইকেটকিপার), মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, মুহাম্মদ ইমরান রন্দহাওয়া, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

পাকিস্তানের ওয়ানডে দল

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নওয়াজ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।




‘মেসিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন’

ক্রীড়া ডেস্কঃ লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা জাতীয় দলের শিবিরে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। সতীর্থদের কথায় উঠে আসছে মেসির সঙ্গে কাটানো সময়ের স্মৃতি, ভালোবাসা ও বিদায়ের কষ্ট। বাংলাদেশ সময় বুধবার (০৬ অক্টোবর) ভোর ৫টায় বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। মনুমেন্তাল স্টেডিয়ামের এই ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে।

বুয়েনস এইরেসে আর্জেন্টিনা দলের ক্যাম্পে এখন চলছে মেসিকে বিদায় জানানোর প্রস্তুতি। গত পরশু বুরকিনা ফাসোর বিপক্ষে ৭ গোলে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সেই বড় জয়ের উচ্ছ্বাস ছাপিয়ে দলের ভেতরে এখন বেশি আলোচনায় মেসির শেষ ম্যাচ।

মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেছেন, মেসির শেষ সময়টা সতীর্থদের সঙ্গে আনন্দে কাটাতে চান তারা। তিনি বলেন, তারা একসঙ্গে বারবিকিউ খাবেন এবং মেসির সঙ্গে এই দিনগুলো উপভোগ করবেন। মেসির বিদায়টা দারুণ হোক এবং তিনি যেন শেষ ম্যাচটি উপভোগ করতে পারেন, সেটিই সতীর্থদের চাওয়া।

মেসির সঙ্গে আগে কখনো একই ড্রেসিংরুম ভাগ না করা ২২ বছর বয়সী ফরোয়ার্ড সান্তিয়াগো কাস্ত্রোর কাছে এই মুহূর্তটি আরও বিশেষ। ছোটবেলা থেকে মেসিকে দেখে বেড়ে ওঠা এই তরুণ বলেছেন, মেসিই তাকে ফুটবলের প্রতি ভালোবাসা এবং জাতীয় দলের জার্সির গুরুত্ব বুঝতে শিখিয়েছেন। তবে মেসির বিদায় তাকে একই সঙ্গে আনন্দিত ও দুঃখিত করছে।

রাইটব্যাক অগাস্তিন হিয়াইয়ের কাছেও মেসির বিদায়ের রাতটি হবে আবেগের। তার মতে, দিনটি যেমন দুঃখের, তেমনি আনন্দেরও। কারণ মেসি তার প্রাপ্য সম্মান নিয়ে জাতীয় দলকে বিদায় জানাতে পারছেন।

মিডফিল্ডার জিয়ানলুকা প্রেস্তিয়ানি অবশ্য মেসির বিদায়ের বিষয়টি এখনো সহজভাবে নিতে পারছেন না। মেসিকে দেখে বড় হওয়া এই ফুটবলার বলেছেন, জাতীয় দলে মেসির অনুপস্থিতি বড় শূন্যতা তৈরি করবে।

২৩ বছর বয়সী ফরোয়ার্ড মাতিয়াস সুলের কাছেও মেসির শেষ ম্যাচে উপস্থিত থাকা সৌভাগ্যের। একই ড্রেসিংরুম ভাগ করার অভিজ্ঞতাকে বিশেষ উল্লেখ করে তিনি বলেছেন, মেসি পুরো বিশ্বের একজন আদর্শ এবং আর্জেন্টিনা জাতীয় দলের নায়ক। তাই তার বিদায়ের মুহূর্ত একই সঙ্গে দুঃখের ও চমৎকার।

মেসির ঘনিষ্ঠ বন্ধু ও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও আবেগ ধরে রাখতে পারেননি। কথা বলার সময় চোখ মুছতে দেখা যায় তাকে। মার্তিনেজ বলেন, মেসি যেন শেষ ম্যাচটি যতটা সম্ভব উপভোগ করতে পারেন, সেটি নিশ্চিত করতে সতীর্থরা তাকে ভালোবাসায় ভাসিয়ে দিতে চান। আনন্দের সঙ্গে বিদায় নেওয়ার মতো পরিবেশ তৈরি করাই তাদের লক্ষ্য।

আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ার শিরোপা, গোল ও রেকর্ডে সমৃদ্ধ। বিশ্বকাপ জয় থেকে কোপা আমেরিকা, জাতীয় দলের জার্সিতে তিনি পেয়েছেন অসংখ্য সাফল্য। তবে বিদায়ের আগে সতীর্থদের চাওয়া খুব বেশি নয়। শেষ ম্যাচে তাঁকে শুধু হাসতে দেখতে চান তারা।

জাতীয় দলের সঙ্গে মেসির দীর্ঘ পথচলার শেষ মুহূর্তে তাই মনুমেন্টালে প্রতিপক্ষ বেনিনের চেয়ে বড় হয়ে উঠছে বিদায়ের আবেগই। সেই রাতে সতীর্থদের চোখে পানি থাকবে, মেসিও হয়তো আবেগ ধরে রাখতে পারবেন না। দীর্ঘদিনের পরিচিত বাড়ি ছেড়ে যাওয়ার রাতে যেমনটা হয়।




রোনালদো দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান: পর্তুগালের অর্থমন্ত্রী

ক্রীড়া ডেস্ক : পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্যাম্প ছেড়ে চলে গেছেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে পুরো ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি হলেও পর্তুগালের অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমেইদা দেশের বৈশ্বিক পরিচিতিতে রোনালদোর অসামান্য অবদানের কথা স্মরণ করে তার ভূয়সী প্রশংসা করেছেন।

গত সপ্তাহে উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর একাদশে বা মাঠে রাখেননি কোচ জর্জ জেসুস। কোচের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ডেনমার্কের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগের দিনই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান আল নাসরের এই ফরোয়ার্ড। হুট করে তার এমন সিদ্ধান্তে পর্তুগিজ ফুটবল অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। এমনকি ইনস্টাগ্রামেও এর প্রভাব পড়েছে, যেখানে মাত্র একদিনেই প্রায় ৫ লাখ অনুসারী কমে গেছে পর্তুগাল জাতীয় দলের অফিসিয়াল পেজের।

কোচ জেসুস ও রোনালদোর এই বিরোধে কে সঠিক, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমেইদা। তবে পর্তুগালের নাও চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, পর্তুগালের কাছে রোনালদোর গুরুত্ব ফুটবলের গণ্ডি ছাড়িয়ে বহুদূর বিস্তৃত। তার ভাষায়, বিশ্বজুড়ে অনেক মানুষ পর্তুগালকে চেনে কেবল ক্রিস্টিয়ানো রোনালদোর নামের কারণে। দেশের ব্র্যান্ডিং ও ভাবমূর্তি প্রচারে রোনালদোকে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি জানান, দেশের সুনাম বৃদ্ধিতে তার এই অবদান পর্তুগালের জন্য অত্যন্ত সুফল বয়ে এনেছে।

এদিকে, উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচেও রোনালদোকে ছাড়াই মাঠে নামবে পর্তুগাল দল।




ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক : টিকেটের চড়া দামের কারণে কলকাতার সল্টলেক স্টেডিয়ামের গ্যালারি পুরোপুরি পূর্ণ না হলেও, বড় জয় নিয়ে নিজেদের এশিয়া সফর সফলভাবে শেষ করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

কার্লো আনচেলত্তির শিষ্যরা ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিক ভারতকে। যদিও কাঙ্ক্ষিত মন ভোলানো ফুটবল উপহার দিতে পারেনি সেলেসাওরা, তবে নিজেদের শক্তি, সামর্থ্য আর ঐতিহ্যের ব্যবধান ঠিকই মাঠে ফুটিয়ে তুলেছে তারা। অন্যদিকে, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ের ম্যাচে আশাব্যঞ্জক উন্নতির ছাপ রেখেছে ভারতীয় দলও।

শনিবার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলতে শুরু করে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন উদীয়মান তারকা এস্তেভাঁও। এরপর আক্রমণ শানিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড পেদ্রো। ভারতের ডিফেন্ডাররা প্রথমার্ধে কিছু প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ব্রাজিলের তারকাখচিত আক্রমণভাগের সামনে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই গোলে এগিয়ে থেকে স্বস্তিতে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির দল।

বিরতির পর খেলার গতি আরও বাড়িয়ে দেয় ব্রাজিলিয়ানরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জোড়া গোল করে প্রতিপক্ষের রক্ষণভাগকে পুরোপুরি ভেঙে দেন সামুয়েল লিনো। ভারতের ফুটবলাররা মাঝেমধ্যে কিছু ভালো আক্রমণ তৈরির চেষ্টা করলেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।




শেহজাদের ব্যাটে ঝড়, বসুন্ধরা স্ট্রাইকার্সের ১৯৮

ক্রীড়া ডেস্ক : শেহজাদ আকবর সোবহানের আগ্রাসী ইনিংসের সঙ্গে মাহিন, সুমন আহমেদ ও অন্তুর ব্যাটে ভর করে উইকেন্ড স্পোর্টস ফ্যামিলিকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স।

বসুন্ধরার ইনিংসে অন্যতম আকর্ষণ ছিলেন শেহজাদ। তিনি ক্রিজে নামতেই পুরো গ্যালারি আনন্দে মেতে ওঠে। বসুন্ধরা ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন। ডাক-ঢোলের ছন্দে বসুন্ধরা স্ট্রাইকার্সের ব্যাটারদের চার-ছক্কার ঝড় ওঠে বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে।

ওপেনিংয়ে নেমে খালেদ আহমেদ দ্রুত বিদায় নিলেও আরেক ওপেনার মাহিন ২৮ বলে ৫০ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। এছাড়া সুমন আহমেদ মাত্র ২৭ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ৪টি ছক্কা।

চার নম্বরে ব্যাটিংয়ে নামেন শেহজাদ। ২৬ বলে ২৯ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। দলীয় রানের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

শেষ দিকে অন্তু ১৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। তবে অন্য ব্যাটাররা বেশিক্ষণ টিকতে না পারায় ১৯৮ রানেই থামে বসুন্ধরা স্ট্রাইকার্সের ইনিংস।

দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও বহুজাতিক কোম্পানির অংশগ্রহণে শুরু হয়েছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের সিজন থ্রি। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১০টি দল। দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে গ্রুপ পর্বের খেলা।

গ্রুপ পর্ব শেষে দুই শিরোপার জন্য লড়বে দলগুলো। নকআউট পর্বে কাপ ও প্লেট—দুটি আলাদা শিরোপা নির্ধারণ করা হবে। অর্থাৎ গ্রুপ পর্বের ফল অনুযায়ী দলগুলোর সামনে থাকবে দুটি ট্রফির একটির জন্য লড়াইয়ের সুযোগ।

এবারের আসরে অংশ নেওয়া ১০ দল হলো—জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা প্লেয়ার্স, উইকেন্ড স্পোর্টস ফ্যামিলি, এইচএসবিসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, বসুন্ধরা স্ট্রাইকার্স, টিম আর্কিটেক্ট, বাংলাদেশ লইয়ার্স ক্রিকেট ক্লাব ও ঢাকা ক্রিকেটার্স।




২০২৭ বিশ্বকাপে গ্রুপ অব ডেথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : আগামী বছর অনুষ্ঠেয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপের বাকি দলটি আসবে বাছাইপর্ব বা সুপার সিরিজের বাধা পেরিয়ে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

একই গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এছাড়া, বাছাইপর্ব বা সুপার সিরিজের লড়াই টপকে আসবে আরেকটি দল।

মোট ১২টি দলকে নিয়ে আয়োজিত হবে আগামী বিশ্বকাপের গ্রুপ পর্ব। ছয়টি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি আয়োজক হিসেবে রয়েছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। তবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে অংশ নিলেও নামিবিয়াকে জায়গা করে নিতে হবে বাছাইপর্ব খেলে।

৭ অক্টোবর কেপটাউনে গত বিশ্বকাপের ফাইনাল খেলা দুই দল ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ অক্টোবর শ্রীলঙ্কা, ১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ২৩ অক্টোবর সুপার সিরিজে খেলে আসা দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।




৯ গোল হজম করে আসিয়ান কাপ শেষ করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের পথচলা শেষ হলো বড় ব্যবধানে হেরে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলে হেরেছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের দল। টুর্নামেন্টে টানা তিন ম্যাচ হেরে হতাশাজনকভাবে মিশন শেষ করেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও ১-০ গোলে হারে তারা। ফলে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল থমাস ডুলির দল।

ম্যাচের শুরুতে বাংলাদেশ কিছুটা গোছানো ফুটবল খেললেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। ১১তম মিনিটে ওলে রোমেনির পাস থেকে লে বেকার গোল করে এগিয়ে দেন ইন্দোনেশিয়াকে। ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

৩২তম মিনিটে রিজকি রিদোর পাস থেকে আরও এক গোল পেয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। ৩৬তম মিনিটে অবশ্য একটি গোল শোধ করে বাংলাদেশ। সুকির ক্রস থেকে হেডে গোল করেন শাহরিয়ার ইমন।

তবে সেই গোলের পরও ম্যাচের চিত্র বদলায়নি। এক মিনিট পরই নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন লে বেকার। ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোলও করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও এক গোল হজম করে বাংলাদেশ।

ফলে প্রথমার্ধেই ৬-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও ইন্দোনেশিয়ার আক্রমণ সামলাতে পারেনি জামাল-হামজাদের দল। শেষ পর্যন্ত ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এই হারে আসিয়ান কাপে তিন ম্যাচের সবকটিতেই পরাজিত হলো বাংলাদেশ। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে মাত্র দুইবার বল পাঠাতে পারলেও মোট ১৩ গোল হজম করেছে দলটি।




দুই ছক্কা হজমের পর সাইমকে ফেরালেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্কঃ চতুর্থ ওভারে পরপর দুই বলে ছক্কা, পরের বলেও চার। প্রথম তিন বলে পাকিস্তানের সাইম আইয়ুমের বিরুদ্ধে অসহায়ই লাগছিল মুস্তাফিজুর রহমানকে। কিন্তু শেষ হাসিটা হেসেছেন তিনিই। তার ওভারের শেষ বলে ক্যাচ তুলে দিয়েছেন ১২ বলে ২১ রান করা সাইম।

এর আগে প্রথম ওভারেই উইকেট পায় বাংলাদেশ। মেহেদীর বলে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন সাহিবজাদা ফারহান। দ্বিতীয় ওভারেও উইকেট পেয়েছে বাংলাদেশ। এই ওভারের প্রথম ৪ বলে দুই বাউন্ডারি এনেছিলেন মাজ সাদাকাত। কিন্তু নাসুমের পঞ্চম বলে তিনিও ক্যাচ দিয়েছেন। বল হাতে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার এশিয়ান গেমসে সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের প্রায় দেড়ঘণ্টা পর ১৩ ওভারে কমিয়ে আনা হয়েছিল ম্যাচের দৈর্ঘ্য। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান তোলে।

শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারিয়েছে টাইগাররা। ওপেনার তানজিদ হাসান ৭ রান করে আরাফাত মিনহাসের বলে শাহিবজাদা ফারহানকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। তানজিদ আউট হওয়ার পর উইকেটে আসেন অধিনায়ক লিটন দাস। তবে ২ রান করে সাইম আয়ুবের বলে বোল্ড হয়ে আউট হন তিনি।

পারভেজ হোসেন ইমনকে সাজঘরে ফিরিয়েছেন আরাফাত মিনহাস। বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার মাত্র ১ রান করে আউট হয়েছেন। মিনহাসের ফ্লাইটেড ডেলিভারিতে সীমানার কাছে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন মোহাম্মদ ওয়াসিমের হাতে।

সাইফ হাসান ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ব্যক্তিগত ১৯ রানে সুফিয়ান মুকিমের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন তিনি। তাতেই পঞ্চাশ রানের আগে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

পঞ্চম উইকেটে বাংলাদেশের হাল ধরেন তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন। এই দুজনের জুটিতেই বাংলাদেশ বড় সংগ্রহের ভিত পেয়ে যায়। হৃদয় ২৫ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরলে এই জুটি ভাঙে। হৃদয় সুফিয়ান মুকিমের বলে লেগ সাইডে খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন সাইমকে। এরপর মোসাদ্দেককেও আউট করেন মুকিম। ১১ রান করা মোসাদ্দেক কাভারে ক্যাচ দিয়েছেন শাহিবজাদা ফারহানকে। ফলে ৯৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষদিকে বাংলাদেশের রান বাড়ান শেখ মেহেদী ও রিশাদ হোসেন। ইনিংসের শেষ বলে রান আউট হন শেখ মেহেদী।




অজুহাতের আর কতো হাত দেখাবে টাইগাররা?

ক্রীড়া ডেস্কঃ খেলার মাঠে প্রস্তুতি নেই, অনুশীলন নেই; এসব অজুহাত নাকি হারার আগেই ঠিক করে রাখা থাকে? যে সমস্যার কথা জানা ছিল দেশ ছাড়ার আগেই, হারের পর সেই একই অজুহাত তুলে ধরে প্রশ্ন তুললেন খোদ অধিনায়ক! জাপানে এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশ দলের শোচনীয় হারের পর ঠিক এই নাটকীয় রূপই দেখা গেল। দেশ ছাড়ার আগে অধিনায়ক লিটন দাস নিজেই মানসিকভাবে সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু হারের পর তার মুখেই আবার সেই একই ব্যর্থতার পুরোনো রেকর্ড!

জাপানে গিয়ে অনুশীলনের সুযোগ কমে যেতে পারে, এ আশঙ্কা লিটন দাসের অজানা ছিল না। গত ২৮ সেপ্টেম্বর দেশ ছাড়ার আগেই দল নিয়ে স্বস্তির বার্তা দিয়ে লিটন বলেছিলেন, দেশ ছাড়ার আগেই আমি খেলোয়াড়দের বলেছিলাম, আমরা অনেক অনুশীলন করেছি। সেখানে হয়তো অনুশীলনের সুযোগ নাও পাওয়া যেতে পারে। তাই তাদের মানসিকভাবে সেভাবেই প্রস্তুত হতে বলেছিলাম।

শুধু তা-ই নয়, জাপানের প্রতিকূল আবহাওয়া নিয়ে এর আগে অধিনায়কের স্পষ্ট বক্তব্য ছিল, পরিস্থিতি সব দলের জন্যই একই। আবহাওয়ার ওপর কারও কোনো নিয়ন্ত্রণ নেই। তাই আমাদের যে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, সেই অনুযায়ী যতটুকু সময় পেয়েছি, তার মধ্যে যতটা সম্ভব প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি।

কিন্তু বৃহস্পতিবারে পাকিস্তানের কাছে ম্যাচটি হারার পরপরই লিটনের সুর বদলে গেল এক লহমায়! যে বাস্তবতা আগে থেকেই জানা ছিল, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেটাই নাকি হয়ে দাঁড়াল হারের মূল কারণ!

উইকেটে অনুশীলনের অভাব আর রুমে বসে থাকার দোহাই দিয়ে পরাজিত দলের অধিনায়ক বলে উঠলেন, কখনোই আদর্শ নয়। তবে আপনি যদি দেখেন, আমরা অনেক দিন ধরে রুমে বসা, তার সঙ্গে আমরা টসও হেরে গেছি। তাই আমাদের হাতে কোনো বিকল্প ছিল না। উইকেটটাও একটু কঠিন ছিল।

ব্যাটিং বিপর্যয়ের ব্যাখ্যা দিতে গিয়ে তো তিনি আরও একধাপ এগিয়ে দাবি করলেন, আমরা এখানে শেষ কয়েক দিন কোনো খেলাও দেখিনি এবং উইকেটে অনুশীলনের সুযোগও পাইনি। তাই কোনো ধারণা ছাড়াই প্রথম কয়েক ওভার ব্যাটিং করেছি। এরপর ধীরে ধীরে ব্যাটসম্যানরা উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে।

অথচ মজার বিষয় হলো, একই টুর্নামেন্টে পাকিস্তান দলও কিন্তু বৃষ্টির কারণে অনুশীলনের সুযোগ সেভাবে পায়নি এবং তারাও বৃহস্পতিবারই প্রথম মাঠে নেমেছিল! তাহলে কেবল বাংলাদেশের জন্য এই অজুহাত কেন? ম্যাচ শেষে যখন বোলিং ও মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে অধিনায়কের দিকে কড়া প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলো, তখন লিটনের চোখেমুখে ছিল স্পষ্ট ক্ষোভ। মাঝের ওভারের ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, আমার কাছে মনে হয়, আমরা মিডল ওভারে বোলিংটা যদি আরেকটু ভালো করতে পারতাম, ওভার বাউন্ডারি কম খেতাম, তাহলে সুযোগ বেশি ছিল।

আর মোস্তাফিজুর রহমানকে বোলিংয়ে আনার সিদ্ধান্ত নিয়ে সমালোচকদের পাল্টা তোপ দিয়ে লিটন দাস একহাত নিয়ে বলেন, আজকে মোস্তাফিজ তিন উইকেট পেলে আপনি এই প্রশ্ন করতেন না। এত দিন তো করে আসছে। আমার কাছে মোস্তাফিজই সেরা অপশন মনে হয়েছে, তাই করিয়েছি। আপনার কাছে যদি কখনো মনে হয় অন্য কোনো অপশন সেরা, আপনি করাবেন।

এশিয়ান গেমসে যে সোনা জয়ের স্বপ্ন নিয়ে দল জাপানে পাড়ি জমিয়েছিল, পাকিস্তানের ধাক্কায় তা এখন তাসের ঘরের মতো ভেঙে চুরমার। স্বপ্নের এই করুণ পরিণতি ও ব্যর্থতা মেনে নিয়ে অধিনায়কের শেষ আক্ষেপের সুর, অবশ্যই আমাদের সোনা পেতে হবে। আমরা সেই চেষ্টাই করেছি। তবে চেষ্টা তো করেই যাব। আবার ভবিষ্যতে কোনো না কোনো দল আসবে, তারাও চেষ্টা করবে। কিন্তু যখন কিছু জিনিসের ঘাটতি থাকে, তখন অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘাটতি নাকি সদিচ্ছার অভাব? আর কত দিন পূর্বজ্ঞান থাকা সত্ত্বেও মাঠের ব্যর্থতা ঢাকার জন্য অনুশীলনের অভাবকে অজুহাত বানাবে বাংলাদেশ ক্রিকেট দল? সেই উত্তর এখন কেবল সময়ের হাতেই ছেড়ে দিতে হচ্ছে।