কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?

ক্রীড়া ডেস্ক : জাপানের নাগোয়ায় চলমান ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও জায়গা করে নিয়েছে শেষ আটে। প্রাথমিক পর্বের সমীকরণ অনুযায়ী, কোয়ার্টারে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

আগামী ২৯ সেপ্টেম্বর কোরোইজি স্পোর্টস পার্কে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে রয়েছে মালয়েশিয়া, হংকং ও ওমান।

টেস্ট খেলুড়ে বাংলাদেশের তুলনায় অভিজ্ঞতা ও শক্তির বিচারে এই তিন দল পিছিয়ে থাকায় কোয়ার্টারে বাংলাদেশকে বড় পরীক্ষার মুখে পড়তে নাও হতে পারে। তবে শেষ আট পেরোতে পারলে সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছক অনুযায়ী, বাংলাদেশ সেমিফাইনালে উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পাকিস্তান। প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। ওই গ্রুপে রয়েছে আফগানিস্তান, নেপাল ও স্বাগতিক জাপান। পাকিস্তান শেষ চার নিশ্চিত করলে আগামী ১ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, টুর্নামেন্টের বাকি দুটি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। ভারত মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের, আর শ্রীলঙ্কা খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে।

আগামী ৩ অক্টোবর এশিয়ান গেমসের ক্রিকেটে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।




বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

ক্রীড়া ডেস্ক : ২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের জার্সিতে সাত গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন জুড বেলিংহাম। সব গোলই করেছেন বিশ্বকাপে। এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েন রিয়াল মাদ্রিদের এই তারকা।

জাতীয় দলের হয়ে এমন অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতি হাতেনাতে পেলেন বেলিংহাম। টানা দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার।

সবশেষ বিশ্বকাপে বেলিংহামের দুর্দান্ত পারফরম্যান্সের ভর করেই ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন হওয়ার পর নিজেদের সেরা সাফল্য হিসেবে তৃতীয় স্থান অর্জন করে আসর শেষ করে ইংল্যান্ড। বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ডের জয়ে প্রধান ভূমিকা রাখেন বেলিংহাম। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ৩-২ ব্যবধানের জয় এবং নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলের জয়ে—দুই ম্যাচেই জোড়া গোল করেন তিনি।

অফিসিয়াল ইংল্যান্ড অ্যাপে সমর্থকদের ভোটে বর্ষসেরা নির্বাচিত হয়ে বেলিংহাম বলেন, ‘অসাধারণ লাগছে। আবারও ভক্তদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া বিশাল সম্মানের। যখন আপনি জাতীয় দলের জন্য খেলেন, তখন এসব বিষয় নিয়ে ভাবেন না। কিন্তু অসাধারণ মৌসুম কাটানোর পর এটা অবশ্যই চমৎকার প্রাপ্তি।’




আসিয়ান কাপ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

মালয়েশিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে লাল-সবুজের দল মুখোমুখি হবে শক্তিশালী মালয়েশিয়ার। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে ৪৫ ধাপ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দুই দলের সর্বশেষ ১০ দেখায় বাংলাদেশের জয় মাত্র একটি। এর মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে, আর সাতটিতে হারতে হয়েছে বাংলাদেশকে।

দীর্ঘ চার বছর পর আবারও মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপের বাছাইপর্বে কুয়ালালামপুরে দুই দলের দেখা হয়েছিল। ওই ম্যাচে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

তবে এবার নতুন প্রতিযোগিতা ও নতুন দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত শোম ও ফারহান আলিদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে দলটি আগের চেয়ে ভিন্নভাবে লড়াই করার প্রত্যাশা করছে।

জাকার্তার ঐতিহাসিক মাঠে আজকের ম্যাচে পুরোনো পরিসংখ্যান পেছনে ফেলে ভালো শুরুর লক্ষ্য থাকবে জামাল ভূঁইয়াদের। বাংলাদেশি দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ম্যাচ: বাংলাদেশ বনাম মালয়েশিয়া
ভেন্যু: গেলোরা বুং কর্ন স্টেডিয়াম, জাকার্তা, ইন্দোনেশিয়া
সময়: বাংলাদেশ সময় বেলা ৩টা
সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস




১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

ক্রীড়া ডেস্ক : চলমান এশিয়ান গেমসের সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে লড়াইয়ে টিকে আছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হিটে ইমরানুর চতুর্থ হয়েও সব মিলিয়ে টাইমিংয়ে সেরা ২৪ জনের মধ্যে ২২তন স্থান অর্জন করে সেমিফাইনাল নিশ্চিত করেছেন।

পালোমা পার্ক স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের রাউন্ড ১ এর ৫ নম্বর হিটে প্রতিযোগিতায় নেমে ইমরান ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ স্হান অর্জন করেন।

এই হিটে মালয়েশিয়ার মোহাম্মদ ১০.১৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। তারপরের দুই অবস্থানে আছেন যথাক্রমে সিঙ্গাপুরের লুইস (১০.৩৩) এবং চাইনিজ তাইপের ইয়াং (১০.৩৮)

ইমরানের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। আর মৌসুমের সেরা ১০.২৪ সেকেন্ড। এর কোনোটিই করতে পারেননি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ১০০ মিটারের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।




শেয়ারবাজার কারসাজি : সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

ক্রীড়া ডেস্কঃ শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ শাহজাহান কবিরের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন এই তারিখ ধার্য করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন- সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের (হিরু), তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

২০২৪ সালের ১৭ জুন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/১২০(বি)/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টে অবৈধভাবে সিরিজ ট্রানজেকশন, প্রতারণামূলক একটিভ ট্রেডিং, গেম্বলিং ও স্পেকুলেশনের মাধ্যমে শেয়ারবাজারে কৃত্রিমভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম বাড়িয়ে কারসাজি করেন। এতে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়ে বিপুল পরিমাণ অর্থ হারান। এই পদ্ধতিতে সর্বমোট ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করা হয়, যা ‘অপরাধলব্ধ অর্থ’ হিসেবে সংজ্ঞায়িত।

এর মধ্যে প্রধান অভিযুক্ত আবুল খায়ের (হিরু) তার স্ত্রী কাজী সাদিয়া হাসানের সহায়তায় ২৯ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকার উৎস গোপন করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। এছাড়া তার নামে থাকা ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি মো. আবুল খায়ের (হিরু)’র শেয়ারবাজারে কারসাজি করা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লি., ক্রিস্টাল ইন্স্যুরেন্স লি. ও সোনালী পেপারস লি.-এর শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেন। এতে সাকিব মার্কেট ম্যানুপুলেশনে সরাসরি সহায়তা করে সাধারণ বিনিয়োগকারীদের ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে শেয়ারবাজার থেকে আত্মসাৎ করেন।




চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক পেয়েছিল সেই ১৯৮৬ সালে। এরপর কেটে গেছে প্রায় চার দশক। এই দীর্ঘ বিরতির পর আবারও ব্যক্তিগত ইভেন্টে পদক নিশ্চিত হলো বাংলাদেশের। নাগোয়া এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে।

মেয়েদের ৫২ কেজি ফাইট ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠেন বাংলাদেশের জিন্নাত। এই রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার ফ্লোরেন্তিনা থারিসা। তবে নির্ধারিত ওজনের চেয়ে বেশি হওয়ায় ফ্লোরেন্তিনাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয়। ফলে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে নামার প্রয়োজন হয়নি জিন্নাতের। সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন তিনি।

সেমিফাইনালে উঠলেই কেন পদক নিশ্চিত হচ্ছে, সেটির ব্যাখ্যা রয়েছে উশুর প্রতিযোগিতার নিয়মে। এবারের ৫২ কেজি বিভাগে মোট ১৫ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। নিয়ম অনুযায়ী, ছয়জনের বেশি প্রতিযোগী থাকলে সেমিফাইনালে পরাজিত দুই খেলোয়াড়কে ব্রোঞ্জ পদক দেওয়া হয়। ফলে জিন্নাতের সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের অন্তত ব্রোঞ্জ নিশ্চিত হয়ে যায়।

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক এসেছিল ১৯৮৬ সালের সিউল আসরে। বক্সিংয়ের লাইট হেভিওয়েট বা ৮১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন। পরবর্তী সময়ে কাবাডি ও ক্রিকেটে বাংলাদেশ দলীয়ভাবে পদক পেলেও ব্যক্তিগত ইভেন্টে আর কোনো পদক আসেনি।

দীর্ঘ ৪০ বছর পর সেই অপেক্ষার অবসান ঘটালেন নেত্রকোনার উশু খেলোয়াড় জিন্নাত আক্তার। ঘরোয়া পর্যায়েও তার সাফল্যের ধারাবাহিকতা রয়েছে। ২০১৯ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপে টানা সাতবার সোনা জিতেছেন তিনি। এবার এশিয়ান গেমসের মতো বড় আন্তর্জাতিক আসরে অভিষেকেই নিশ্চিত হলো পদক।

তবে ব্রোঞ্জ নিশ্চিত হওয়াতেই সন্তুষ্ট থাকতে চান না জিন্নাত। আগামীকাল সেমিফাইনালে তার প্রতিপক্ষ চীনের একজন প্রতিযোগী। সেই ম্যাচে জিততে পারলে ফাইনালে উঠে রুপা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে। আর ফাইনাল জিততে পারলে চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের পদকের রং হতে পারে সোনালি।

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের একাধিক ডিসিপ্লিন থেকে পদকের প্রত্যাশা ছিল। ক্রিকেটে মেয়েদের দল ব্রোঞ্জ পদকের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে পদকবঞ্চিত হয়েছে। জাপানের সাথে কাবাডিতেও হেরে পদকবঞ্চিত হয়েছে। এরপরই উশু থেকে এসেছে বাংলাদেশের নিশ্চিত পদকের খবর।

তবে জিন্নাত আক্তারের এই অর্জনের গুরুত্ব আলাদা। কারণ, তার হাত ধরে ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে আবারও পদক নিশ্চিত হলো বাংলাদেশের।




ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ

ক্রীড়া ডেস্কঃ ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞার মুখে পড়েছেন লিভারপুলের সাবেক ফুটবলার ও মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। গত মার্চে চেশায়ারের উইল্মসলো এলাকায় তার রোলস-রয়েস নির্ধারিত গতিসীমা অতিক্রম করায় এই শাস্তি দেওয়া হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, গত ২৭ মার্চ ৩০ মাইল (প্রায় ৪৮ কিলোমিটার) গতিসীমার একটি সড়কে সালাহর বিলাসবহুল গাড়িটি ঘণ্টায় ৩৬ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার) বেগে চলতে ধরা পড়ে। তবে গাড়িটি চালাচ্ছিলেন কে, সে বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

চেশায়ার পুলিশ এ ঘটনায় একটি নোটিশ পাঠালেও সালাহ তার জবাব দেননি। এমনকি অভিযোগের বিষয়ে আদালতেও কোনো বক্তব্য বা জবাব জমা দেননি।

ওয়ারিংটন কম্বাইন্ড কোর্টে ‘সিঙ্গেল জাস্টিস প্রোসিডিউর’-এর আওতায় মামলাটির শুনানি হয়। আদালত সালাহকে চালকের পরিচয় সংক্রান্ত তথ্য না দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে। একই সঙ্গে ছয় মাসের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা এবং ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়।




এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

ক্রীড়া ডেস্ক : ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরে শারীরিক পরীক্ষা এবং এমআরআই করানোর পর চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি জানান, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে সাইফউদ্দিনকে প্রায় তিন সপ্তাহের মতো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের অনুপস্থিতির বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি। টুর্নামেন্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে খুব দ্রুতই তার বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

সম্প্রতি তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ২০তম এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। তার ডেপুটি হিসেবে থাকবেন তাওহিদ হৃদয়।




এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

ক্রীড়া ডেস্ক : রেফারির শেষ বাঁশি বাজার পরও কিছুক্ষণ মাঠে স্থির হয়ে দাঁড়িয়ে ছিলেন ঋতুপর্ণা চাকমাসহ বাংলাদেশের ফুটবলাররা। ওসাকার নাগাই স্টেডিয়ামে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এভাবেই শেষ হলো এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের এবারের যাত্রা।

গত বছর মিয়ানমারের মাঠেই তাদের হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। প্রায় দেড় বছর পর সেই প্রতিপক্ষের বিপক্ষে আবার মাঠে নেমেও এবার গোলের দেখা পেল না দল। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে না পারায় জয়ও পাওয়া হয়নি। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ তৈরি করেছিল মিয়ানমার। প্রথম মিনিটেই আক্রমণে উঠে তারা বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে। ১০ মিনিটের মাথায় বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি মিয়ানমার।
বাংলাদেশও অবশ্য গোলের সুযোগ পেয়েছিল। ৩৮ মিনিটে মিয়ানমারের এক ডিফেন্ডারের ভুলে বক্সের সামনে বল পেয়ে যান বাংলাদেশের তারকা ঋতুপর্ণা। দ্রুতগতিতে নেওয়া তাঁর শটটি মিয়ানমারের পোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়।

 

মিয়ানমারের বিপক্ষে গত বছর বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন ঋতুপর্ণা। তার জোড়া গোলেই সেবার জয় পেয়েছিল বাংলাদেশ। মিয়ানমার লিগে খেলার সুবাদে দেশটির বেশ কয়েকজন ফুটবলারের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। এদিনও মাঠে নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন তিনি। প্রথমার্ধের শেষদিকে বাজে ট্যাকলের শিকার হলেও ম্যাচ শেষ না করে পুরো সময় মাঠে ছিলেন ঋতুপর্ণা।

দ্বিতীয়ার্ধে অবশ্য বাংলাদেশের আক্রমণের ধার অনেকটাই কমে যায়। উল্টো ৭৭ মিনিটে গোলের সহজ সুযোগ পায় মিয়ানমার। বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমাকে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি তারা।

ম্যাচের শেষ দিকে মিয়ানমার বেশির ভাগ সময় নিয়ন্ত্রণে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। বাংলাদেশও গোল করতে না পারায় শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

গত আসর থেকে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। হাংজু আসরে জাপান ও ভিয়েতনামের কাছে হারলেও নেপালের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। এবারও ড্র দিয়েই এশিয়ান গেমসের যাত্রা শেষ হলো বাংলাদেশের। মিয়ানমারেরও সংগ্রহ এক পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশকে গ্রুপের চতুর্থ দল হয়েই আসর শেষ করতে হয়েছে।




মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া— ‘আমরা শেষ দিনটি উপভোগ করবো’

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো এবং বেনিনের মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।  

আগামী ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেসিকে বিদায় জানাতে সেই ম্যাচ অ্যাঞ্জেল স্টেডিয়ামে হাজির হবেন ডি মারিয়াও। তিনি নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর মিক্সড জোনে ডি মারিয়া জানান, ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে। তবুও পরের দিন মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে হাজির হবেন তিনি।

ডি মারিয়া বলেন, ‘আমাকে স্টেডিয়ামে যেতে হবে, তাই না? আমি যাবই এবং দেখব ম্যাচটা। আমরা ৫ তারিখে ব্যানফিল্ডের সঙ্গে খেলব। সুতরাং আমার থাকাই স্বাভাবিক। বাড়ি ফেরার পথে, হ্যাঁ আমি থাকবো।’

মেসির আন্তর্জাতিক অবসরে জাতীয় দলে বড় পরিবর্তন ঘটবে বলে মনে করেন ডি মারিয়া। তিনি বলেন, ‘এটা হতে যাচ্ছে কঠিন, তাই নয় কি? বহু বছর পর লিওকে ছাড়া দল। আর্জেন্টিনাকে সে সবকিছু দিয়েছে, আর্জেন্টাইনদের, পুরো বিশ্বকে। আমরা শেষ দিনটা উপভোগ করবো।’