প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন আকবর

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন আসরে কর্ণালি ইয়াকসের জার্সিতে মাঠে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আকবরকে দলে নেওয়ার বিষয়টি অভিনব উপায়ে প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সরাসরি ঘোষণা না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জামের ছবি পোস্ট করে আকবরের সঙ্গে চুক্তির খবর দেয় তারা।

৮ দল নিয়ে আগামী ১৭ নভেম্বর থেকে মাঠে গড়াবে এনপিএলের তৃতীয় আসর, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের নেপাল প্রিমিয়ার লিগে আকবরের পাশাপাশি মাঠ মাতাবেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও। তাকে দলে ভিড়িয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স।




বিশ্বকাপে যেতে না পারা বেনিন এবার মেসির শেষ প্রতিপক্ষ

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বেনিনকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসে আফ্রিকার দলটির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে এটিই হতে পারে মেসির বিদায়ী ম্যাচ।

গত আগস্টের শেষ দিনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে খেলাটিই ছিল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। তবে বিশ্বকাপের ফাইনালের পরই বিদায় না নিয়ে দেশের মাটিতে সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সেপ্টেম্বর-অক্টোবরে ফিফার আন্তর্জাতিক সূচিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ৬ অক্টোবর একই শহরে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে এই পর্ব। মেসিকে রাখা হয়েছে ওই ম্যাচের স্কোয়াডে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বেনিনের অবস্থান ৯৩তম। পশ্চিম আফ্রিকার দেশটি গিনি উপসাগরের তীরে অবস্থিত। তাদের সীমান্ত রয়েছে টোগো, নাইজেরিয়া, বুরকিনা ফাসো ও নাইজারের সঙ্গে। দেশটির রাজধানী পোর্তো-নোভো হলেও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর কোতোনো। জনসংখ্যা প্রায় দেড় কোটি।

বেনিনের সরকারি ভাষা ফরাসি। পাশাপাশি ফন ও ইউরুবাসহ বেশ কয়েকটি স্থানীয় ভাষাও প্রচলিত। ফুটবলে দেশটি আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হলেও এখনো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি।

তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবার বিশ্বকাপে খেলার খুব কাছাকাছি পৌঁছেছিল বেনিন। ২০২৫ সালের মার্চে নিষিদ্ধ মিডফিল্ডার তেবোহো মোকোয়েনেকে খেলানোর কারণে লেসোথোর বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ২-০ গোলের জয় ৩-০ ব্যবধানে পরাজয় হিসেবে ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে বাছাইপর্বের ‘সি’ গ্রুপের সমীকরণ বদলে যায় এবং শেষ ম্যাচের আগে শীর্ষে উঠে আসে বেনিন।

শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিতলেই বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ তৈরি হয়েছিল তাদের। কিন্তু ভিক্টর ওসিমহেনের হ্যাটট্রিকে নাইজেরিয়ার কাছে ৪-০ গোলে হেরে যায় বেনিন। অন্যদিকে রুয়ান্ডাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করে দক্ষিণ আফ্রিকা এবং সরাসরি বিশ্বকাপের টিকিট পায়। দ্বিতীয় হয়ে নাইজেরিয়া আফ্রিকান প্লেঅফে যায়। বেনিনকে সন্তুষ্ট থাকতে হয় তৃতীয় স্থান নিয়ে।

বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ না হলেও এবার মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের প্রতিপক্ষ হওয়ার সুযোগ পেয়েছে বেনিন। আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে এই ম্যাচ তাই আফ্রিকান দলটির জন্যও নিজেদের সামর্থ্য দেখানোর বড় মঞ্চ হয়ে উঠতে পারে।




বলের পরিবর্তনে জাতীয় লিগে রান বেশি হবে, প্রত্যাশা ক্রিকেটারদের

ক্রীড়া ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সর্বশেষ কয়েক মৌসুমে ব্যবহৃত হয়েছে ডিউক বল। এবার আবারও কোকাবুরা বলে ফিরছে দেশের প্রথম শ্রেণির ক্রিকেট। বল পরিবর্তনের প্রভাব ব্যাটিং, পেস ও স্পিন- তিন বিভাগেই পড়বে বলে মনে করছেন ক্রিকেটাররা। তবে কোকাবুরা বলে তুলনামূলক বেশি রান হওয়ার সম্ভাবনাও দেখছেন তারা।

চট্টগ্রাম অধিনায়ক ইয়াসির আলী রাব্বির মতে, ডিউক বলে পেসাররা বেশি সহায়তা পাওয়ায় ব্যাটারদের কিছুটা টেকনিক্যাল পরিবর্তন আনতে হয়েছিল। কোকাবুরা বল অবশ্য ছোটবেলা থেকেই খেলে আসায় সেটির সঙ্গে মানিয়ে নেওয়া তুলনামূলক সহজ হবে।

তিনি বলেন, ‘ডিউক বলে বোলাররা একটু বেশি সাপোর্ট পেত। বলটা বেশি সুইং করত। ওই কারণে কিছু টেকনিক্যাল পরিবর্তন করতে হয়েছিল। কিন্তু কোকাবুরা বলের সঙ্গে আমরা ছোটবেলা থেকেই অভ্যস্ত। আমার কাছে মনে হয় কোকাবুরা বলে ব্যাটসম্যানদের জন্য একটু সহজ। পেসারদের জন্য সুইং করানো তুলনামূলক কঠিন। তবে কোকাবুরা বলে স্পিনাররা পেসারদের চেয়ে বেশি সাপোর্ট পায়। এটা ব্যাটসম্যানদের জন্য একটা চ্যালেঞ্জ।’

তবে বল যে ধরনেরই হোক, নিজেদের কাজটা ঠিকভাবে করার বিকল্প নেই বলেও মনে করেন ইয়াসির। তার ভাষায়, ‘দিন শেষে আমাদের রান করতে হবে, বোলারদের উইকেট নিতে হবে।’

রংপুরের উইকেটকিপার-ব্যাটার আকবর আলীও মনে করেন, ডিউক বল ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা ছিল। দীর্ঘ সময় সুইং করায় গত কয়েক বছরে ব্যাটারদেরও নিজেদের খেলায় উন্নতি করতে হয়েছে। কোকাবুরার সঙ্গে অবশ্য ক্রিকেটাররা আগে থেকেই পরিচিত।

তার মতে, বল বদলালেও চ্যালেঞ্জ পুরোপুরি কমছে না। কারণ কোকাবুরা বলের সঙ্গেও বোলাররা নিজেদের কৌশল মানিয়ে নিচ্ছেন। বিশেষ করে পেসাররা নতুন বলে কীভাবে থ্রো-ডেলিভারি ও অন্যান্য বৈচিত্র্য ব্যবহার করা যায়, সেটি নিয়ে কাজ করছেন। স্পিনারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন আকবর।

তবে ব্যক্তিগতভাবে কোকাবুরা বলে ডিউকের তুলনায় বেশি রান করার প্রত্যাশা করছেন আকবর। তিনি বলেন, ‘আমি আশা করবো, এটা পরিবর্তন আনবে, রান আনবে আরও। তবে গত দুই-তিন বছরে কোকাবুরার সিমটা একটু খাড়া করে দেওয়া হয়েছে। বোলাররা এটার সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। ফলে বোলারদের জন্যও একটা সমতার জায়গা তৈরি হয়েছে। চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, তবে ডিউকের তুলনায় রান একটু বেশি হবে বলে আশা করছি।’

অন্যদিকে ময়মনসিংহের স্পিনার ও অধিনায়ক রাকিবুল হাসান বল পরিবর্তনকে স্পিনারদের জন্য বড় কোনো পার্থক্য হিসেবে দেখছেন না। তার অভিজ্ঞতায় ডিউক ও কোকাবুরা- দুই বলেই স্পিনারদের জন্য পরিস্থিতি প্রায় একই।

রাকিবুলের মতে, বাংলাদেশের উইকেটে স্পিনারদের মূল লক্ষ্য হওয়া উচিত দীর্ঘ সময় এক জায়গায় নির্ভুলভাবে বোলিং করা। বলের পার্থক্যের চেয়ে নিজের নিয়ন্ত্রণ ও একুরেসির ওপরই বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় কোকাবুরা বা ডিউক বল স্পিনারদের জন্য খুব একটা পার্থক্য নেই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একই মনে হয়। একজন স্পিনারের মূল টার্গেট থাকে ম্যাচে কীভাবে এক জায়গায় বেশিক্ষণ বোলিং করা যায়। বাংলাদেশের উইকেটে উইকেট পাওয়া খুব কঠিন। তাই বলের পার্থক্যের চেয়ে নিজের একুরেসির দিকে স্পিনারদের বেশি মনোযোগ দেওয়া উচিত।’




আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

ক্রীড়া ডেস্ক : নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। পরে বাংলাদেশকে বাদ দিয়েই অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়। কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা ছিল এবং সে সময়ের সরকারও এর জন্য দায়ী।

তিনি বলেন, ‘তদন্তে যা উঠে এসেছে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে, সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সবকিছু মিলিয়ে যা বলা যায়, যে মানুষটি দায়ী (বিশ্বকাপে না যাওয়ার জন্য), তিনি হলেন তৎকালীন যুব ও ক্রীড়া উপেদষ্টা আসিফ নজরুল। সেই সময়ের সরকার ও তিনি দায়ী।’

তদন্ত কমিটির এই সদস্য আরও বলেন, ‘অবশ্যই বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল।’

ভারতে বিশ্বকাপে খেলতে বাংলাদেশের অস্বীকৃতি নিয়ে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদও জানান অনেকে। এরপর বিশ্বকাপে না যাওয়ার পেছনের কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্তের সিদ্ধান্ত নেয় বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এর ধারাবাহিকতায় চলতি বছরের মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।

দীর্ঘ কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার কমিটি তাদের ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে।

তদন্তের অংশ হিসেবে ক্রিকেটার, বিসিবির কর্মকর্তা, কোচ ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাদের বক্তব্যও প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।

ক্রিকেটারদের মধ্যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।

এ ছাড়া বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল, বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ওই সময়ের জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং তৎকালীন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের সাক্ষাৎকার নেওয়া হয়।

গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধির সঙ্গেও কথা বলেছে তদন্ত কমিটি।

তবে যাদের বিরুদ্ধে প্রতিবেদনে অভিযোগের তীর রয়েছে, তাদের মধ্যে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং ওই সময়ের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্য নিতে পারেনি তদন্ত কমিটি।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি।




ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক : ব্রাজিল জাতীয় ফুটবল দলে সুপারস্টার নেইমারের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে বলে নিশ্চিত করেছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপে দলের আশানুরূপ ফল না পাওয়ার পর এবার তরুণ প্রজন্মের ফুটবলারদের সমন্বয়ে ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল নতুন করে ঢেলে সাজানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘সিএনএন এস্পোর্তেস’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, নেইমার নিজেই জাতীয় দলে আর না ফেরার চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। নেইমারের অনন্য দক্ষতার প্রশংসা করে কোচ বলেন, ‘তার মানের কারণেই তার সেখানে (বিশ্বকাপে) থাকা উচিত ছিল। নেইমার নিজেই নিশ্চিত করেছে যে সে জাতীয় দলে আর ফিরতে চায় না। নেইমারের বিকল্প পাওয়া সম্ভব নয়, কারণ সে এক অসাধারণ ও অনন্য প্রতিভা।’

নেইমার-পরবর্তী যুগে ব্রাজিল দলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষস্থানে ফিরিয়ে নিতে বয়স ও প্রতিভাকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের ধাপে ধাপে এগোতে হবে। এখন আমাদের এমন তরুণ খেলোয়াড়দের দিকে মনোযোগ দিতে হবে যারা ভবিষ্যৎ হতে পারে, যেমন ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া খেলোয়াড়েরা। আমাদের ২০০৮ সালে জন্ম নেওয়া কিছু মানসম্পন্ন তরুণ আছে যারা এখনো খেলছে না, তবে খেলতে পারবে। এখন তাদের বয়সকে গুরুত্ব দিয়ে এবং সম্মান জানিয়ে তাদের দিকে তাকানোর সময়। এটা সত্যি যে একজন খেলোয়াড় ৩৬ বা ৩৭ বছর বয়সেও খুব ভালো খেলতে পারে। তবে এখন তরুণদের অগ্রাধিকার দেওয়ার সময়।’
ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে আধুনিক দলগত ফুটবলের সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দিয়ে আনচেলত্তি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আধুনিক ফুটবলে দলগত কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত প্রতিভা নয়। আপনার যদি দারুণ ব্যক্তিগত প্রতিভা থাকে, তবে জয়ের সম্ভাবনা বেশি থাকে, কিন্তু আধুনিক ফুটবলে দলগত কাজটা জরুরি। আমরা ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দল গড়তে কাজ করছি, কোনো একক দুর্দান্ত ব্যক্তিগত প্রতিভার ওপর নির্ভর করার জন্য নয়।’



আগামী বছর বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : গত কয়েক বছর ধরে টেস্টে অনেকটাই ধারবাহিক বাংলাদেশ। সবশেষ অস্ট্রেলিয়াকেও তাদের মাটিতে হারিয়েছে টাইগাররা। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে ঘরের মাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শুরুতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

নতুন করে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে। বিসিবির একটি সূত্র একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড দল। ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়বে মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৯ ফেব্রুয়ারি সিলেটে যাবে দুই দল। সেখানে সিরিজের শেষ টেস্ট হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি।




আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ ঘোষ

ক্রীড়া ডেস্ক : আসিয়ান কাপে খেলতে আর কয়েক দিন পরই ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগেই দুঃসংবাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। হ্যামস্ট্রিংয়ের চোটে ফিফা আসিয়ান কাপের আসর থেকে ছিটকে গেছেন জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পেশির চোট নিয়ে জাতীয় দলের টিম হোটেল ছেড়েছেন বিশ্বনাথ। জাতীয় দলের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্ট সামনে রেখে ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা বাংলাদেশ দলের।

সেই প্রস্তুতির অংশ হিসেবেই বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে ব্যস্ত ছিলেন বিশ্বনাথ। প্রাথমিক স্কোয়াডেও ছিলেন এই ডিফেন্ডার। কিন্তু অনুশীলনের সময় হঠাৎ চোটে পড়ায় এখন টুর্নামেন্টের দল থেকে ছিটকে যেতে হয়েছে তাকে।

তবে বিশ্বনাথের সামনে রয়েছে দ্রুত ফেরার লক্ষ্য। সবকিছু পরিকল্পনামতো এগোলে নভেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে।




ভিনি-রাফিনিয়াদের রুখতে আত্মবিশ্বাসী ভারতীয় মিডফিল্ডার

ক্রীড়া ডেস্ক : ভিনিসিউস-রাফিনিয়াদের ব্রাজিলের মুখোমুখি হওয়ার ঐতিহাসিক মিশন ভারতের, আর এই অগ্নিপরীক্ষার আগেই জাতীয় দলে ফিরলেন মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। উরুগুয়ে ও ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ভারত। এই কঠিন লড়াইয়ের আগে প্রায় দুই বছর পর ২৮ বছর বয়সী এই অভিজ্ঞ তারকাকে দলে ফিরিয়ে মধ্যমাঠ শক্তিশালী করল ভারত।

থাপা সর্বশেষ ভারতের জার্সি পরেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে, মরিশাসের বিপক্ষে। এবার তার প্রত্যাবর্তন হচ্ছে ভারতীয় ফুটবলের অন্যতম আকর্ষণীয় এক সিরিজের আগে।

সেপ্টেম্বর ও অক্টোবরে তিনটি ম্যাচ খেলবে ভারত। আগামী ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর কলকাতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ভারত। তিন দিন পর, ৬ অক্টোবর একই ভেন্যুতে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে খেলবে তারা।

বিশ্ব ফুটবলের তারকাদের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত থাপা। তার কাছে নিজেদের ঘরের মাঠে এমন ম্যাচ খেলার সুযোগ জীবনে একবারই আসে, ‘ব্রাজিল ও উরুগুয়ে দুটোই বিশ্বচ্যাম্পিয়ন দল। তাদের দলে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। নিজেদের ঘরের মাঠে দেশের দর্শকদের সামনে তাদের বিপক্ষে খেলার এই সুযোগ জীবনে একবারই আসে।’

দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটিও বিশেষ মনে করছেন থাপা। তিনি বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। এই ম্যাচগুলো খেলে আমাদের দলের শক্তি পরীক্ষা করার বড় সুযোগ হবে। তাদের বিপক্ষে খেলে আমরা অনেক অভিজ্ঞতাও অর্জন করতে পারব।’

ব্রাজিল, উরুগুয়ে ও পানামা-তিন দলই ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলেছে। স্বাভাবিকভাবেই এমন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয় দলও রোমাঞ্চিত। তবে থাপার মতে, ম্যাচ শুরু হলে প্রতিপক্ষের নাম নিয়ে ভাবলে চলবে না। তখন লড়াইটা হবে ১১ জন বনাম ১১ জনের।

তিনি বলেন, ‘ম্যাচগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন সত্যি গায়ে কাঁটা দেয়। বিশেষ করে নিজেদের মাঠে এমন দেশের বিপক্ষে খেলার অনুভূতি দারুণ। তবে মাঠে নামার পর তো লড়াইটা ১১ জনের বিপক্ষে ১১ জনেরই। আমাদের মাঠে সেরা ফুটবলটাই খেলতে হবে।’

সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে এই ম্যাচগুলোতে থাপার দায়িত্বও কম নয়। শক্তিশালী প্রতিপক্ষের আক্রমণ সামলাতে ধীরস্থির থাকা এবং পুরো দলকে সুশৃঙ্খল রাখার ওপর জোর দিচ্ছেন তিনি। কারণ সামান্য ভুলও বড় দলগুলোর কাছে বড় মূল্য চুকিয়ে দিতে পারে।

থাপার ভাষায়, ‘আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। একই সঙ্গে মাঠে চরম শৃঙ্খলা বজায় রাখতে হবে। ৯০ মিনিট ধরে আমাদের সংগঠিত থাকতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। কারণ প্রতিপক্ষ দলগুলো পুরো ম্যাচজুড়েই আমাদের ওপর চাপ সৃষ্টি করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি ভুল কম করতে পারি, তবে সেটাই আমাদের জন্য বড় প্রাপ্তি হবে। এই ম্যাচগুলোতে মিডফিল্ড ও রক্ষণভাগের মধ্যে যোগাযোগ রক্ষা করা খুব জরুরি। কারণ প্রতিপক্ষ দল ছোট জায়গায় দ্রুত পাস খেলে আক্রমণ করতে পারে।’




নেপালের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : আগামী বছরে নেপালের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের দেশে টাইগারদের বিপক্ষে একটি সিরিজ খেলার আমন্ত্রণ জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফিস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নেপাল ক্রিকেট বোর্ড বেশ কিছুদিন আগেই আমাদের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল, যেখানে তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করে। বিসিবি সেই আমন্ত্রণকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, বিসিবি এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা চলছে। আমরা বিষয়টি নিয়ে ইতিবাচকভাবে কাজ করছি। যখন বিষয়টি এমন পর্যায়ে পৌঁছাবে,কিছু বলা সম্ভব হবে। তবে আমি এটুকু নিশ্চিত করতে পারি,নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং আমরা বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে দেখছি। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করা যায় এই সিরিজটি আয়োজন করা সম্ভব হবে বলেও জানান তিনি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের এই কর্মকর্তা আরও জানান, আজ থেকে এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ তাদের প্রস্তুতি শুরু করবে; পাশাপাশি আফগানিস্তান সিরিজের জন্য নির্ধারিত বাকি খেলোয়াড়রা ইতোমধ্যেই তাদের কন্ডিশনিং ক্যাম্প শুরু করে দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগ পর্যন্ত এই ক্যাম্প চলবে।

তিনি আরও জানান, আগামী সপ্তাহেই তারা আফগানিস্তান সিরিজের ভেন্যু বা খেলার মাঠ সম্পর্কে জানতে পারবেন।শাহরিয়ার নাফিস বলেন, যেহেতু এটি আফগানিস্তানের হোম সিরিজ, তাই ভেন্যু তারাই চূড়ান্ত করবে। তবে আমরা জানি সংযুক্ত আরব আমিরাতে ভেন্যুর সংখ্যা আসলে খুবই সীমিত। খেলাটি দুবাই, আবুধাবি কিংবা শারজাহ যেকোনো একটিতে হতে পারে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড হয়তো আগামী সপ্তাহেই নিশ্চিত করবে যে খেলাটি ঠিক কোথায় অনুষ্ঠিত হবে।




ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান

ক্রীড়া ডেস্ক : ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও গত আসরের রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার একই গ্রুপে পড়েছে। ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপের ড্রয়ে ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে গতবারের দুই ফাইনালিস্টের।

শনিবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয় ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপের ড্র। প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড পড়েছে ‘এ’ গ্রুপে।

‘এ’ গ্রুপে আবাহনীর সঙ্গী হয়েছে ফর্টিস এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও চট্টগ্রাম সিটি।

আবাহনী ছাড়া এই গ্রুপের দলগুলোর মধ্যে ব্রাদার্স ইউনিয়ন সবশেষ ২০১৫ সালে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল। রহমতগঞ্জ সবশেষ ২০২১-২২ মৌসুমে ফাইনালে উঠে রানার্সআপ হয়েছিল। অন্য দলগুলোর কারও ফেডারেশন কাপের ফাইনালে খেলার অভিজ্ঞতা নেই।

আবাহনী সর্বশেষ ২০২১-২২ মৌসুমে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল। এরপর আরও দুইবার ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি তারা। ২০২২-২৩ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে এবং ২০২৪-২৫ মৌসুমে বসুন্ধরা কিংসের কাছে হেরে রানার্সআপ হয় আবাহনী।

অন্যদিকে ‘বি’ গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডানের সঙ্গে রয়েছে বাংলাদেশ পুলিশ এফসি, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

এই গ্রুপে মোহামেডান ১১ বার ফেডারেশন কাপের শিরোপা জিতেছে। তাদের সর্বশেষ শিরোপা আসে ২০২২-২৩ মৌসুমে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এ পর্যন্ত পাঁচবার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে।

আরামবাগ ক্রীড়া সংঘ তিনবার ফেডারেশন কাপের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। দলটি সর্বশেষ ২০১৬ সালে ফাইনাল খেলেছিল। অন্যদিকে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব মাত্র একবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল। ১৯৮৭ সালের সেই ফাইনালই তাদের এখন পর্যন্ত একমাত্র ফাইনাল উপস্থিতি।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা রয়েছে। এবারের আসরে শুরুতেই একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডানের অবস্থান থাকায় প্রতিযোগিতায় বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।