ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : নারী এশিয়ান কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সেমিফাইনালের এই ম্যাচে জয়ী দল সরাসরি নারী এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেবে। তাই শিরোপার পথে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২৪ টি–টোয়েন্টিতে মুখোমুখি হয়ে তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এর দুটিতেই ১১০ এর নিচে ভারতকে আটকে রাখতে পেরেছিল তারা।

বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), শারমিন আক্তার, শোরনা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবিয়া খান, মারুফা আক্তার ও সুলতানা খাতুন।

ভারত একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), ভারতী ফুলমালি, রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, প্রেমা রাওয়াত, শ্রী চরণী, ক্রান্তি গৌড় ও নন্দনী শর্মা।




আইসিসির মাসসেরার দৌড়ে হাসান মাহমুদ

ক্রীড়া ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জেতার অন্যতম কারিগর ছিলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৬টিসহ ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন। এবার ডারউইনের পারফরম্যান্সের জন্য আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন হাসান। তাঁর সঙ্গে আগস্ট মাসের সেরা হওয়ার দৌড়ে আছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের ওলি রবিনসন।

গত ১৩ আগস্ট শুরু ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৩ উইকেট নেন হাসান। তাঁর এমন আগুন ঝরানো বোলিংয়ের ওপর ভর করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। ম্যাকাইয়ে পরের টেস্টে এক ইনিংস বোলিং করে অবশ্য উইকেট পাননি হাসান। তবে দুই টেস্টের সিরিজ শেষ করেছেন ১৯.৭৭ গড়ে মোট ৯ উইকেট নিয়ে।

আগস্টে দুর্দান্ত খেলেছেন শ্রীলঙ্কার দিনুশাও। গলে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০০ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৮৪ রান। কলম্বোয় দ্বিতীয় টেস্টে ছিলেন আরও দুর্দান্ত। প্রথম ইনিংসে ১০৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে অপরাজিত থেকে শ্রীলঙ্কাকে ম্যাচ ড্র করতে সাহায্য করেন।

ওদিকে ইংল্যান্ডের ওলি রবিনসন ছিলেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতানোর নায়ক। হেডিংলি ও লর্ডস দুই টেস্টেই নেন ৮টি করে মোট ১৬ উইকেট। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ভর করে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। সব মিলিয়ে আগস্টে মাত্র ৭.১৮ গড়ে ১৬টি উইকেট নেন রবিনসন।




আট বছর পর ফাইনালের হাতছানি নিগারদের

ক্রীড়া ডেস্ক : আরও একটি ম্যাচ। এবারও নারী টি-২০ এশিয়া কাপের সেমিফাইনাল। প্রতিপক্ষ চিরচেনা ভারত। কঠিন চ্যালেঞ্জ। জিততে পারবেন তো নিগার সুলতানারা? নাকি, হেরে যাবেন হারমানপ্রীত কাউরের ভারতের কাছে।

চলতি বছর টি-২০ ফরম্যাটে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ইংল্যান্ডের ম্যনচেস্টারে নারী টি-২০ বিশ্বকাপের ম্যাচটিে ৫ উইকেটে হেরেছিলেন নিগাররা।

এবার প্রতিশোধের ম্যাচে। যদি জিততে পারেন, তাহলে ২০১৮ সালের পর নারী টি-২০ এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ। আট বছর আগে, একবারই ফাইনাল খেলেছিল নারী ক্রিকেটাররা। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিলাত ক্লাব একাডেমি মাঠের ফাইনালে শেষ বলের উত্তেজনায় ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছিল বাংলাদেশ। পুরুষ ও নারী- যে কোনো বিভাগে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সাফল্য।

এবার ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। সেজন্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হারাতেই হবে ভারতকে।

প্রতিপক্ষ আসরের সবচেয়ে শক্তিশালি দল, তারপরও স্বপ্ন দেখছেন নিগার সুলতানা, ‘সুনির্দিষ্ট দিনটি খুব গুরুত্বপূর্ণ। ভারত খুব ভালো এবং শক্তিশালী প্রতিপক্ষ। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরা পারফরম্যান্স করতে। সেটা করতে পারলেই দিনশেষে ফলাফল মিলবেই। আমরা আমাদের শতভাগ উজাড় করে দিতে চাই। মাঠে নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করতে চাই।’

নারী টি-২০ এশিয়া কাপের এটা দশম আসর। আগের নয় আসরের সাতবারের চ্যাম্পিয়ন ভারত এবং একবার করে চ্যাম্পিয়ন বাংলাদেশ ও পাকিস্তান। ভারত ফাইনাল খেলেছে প্রতিটি আসরেই। সেমিফাইনাল হারমানপ্রীতদের এড়ানোর সুযোগ ছিল নিগারদের। কিন্তু গ্রুপ পর্বের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারানোর সুযোগ পেয়েও হারাতে পারেনি। ফলে ২০২৪ সালের মতো ফের ভারতের মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে। দুই বছর আগে ডাম্বুলার একপেশে সেমিফাইনালে হেরেছিল ১০ উইকেটে। দুই দল এখন পর্যন্ত টি-২০ ম্যাচে পরস্পরের বিপক্ষে লড়েছে ১৭ বার। বাংলাদেশের ৩ জয় এবং ভারতের জয় ১৩টি। এক ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।

আট বছর আগে ভারতের বিপক্ষে ঐতিহাসিক ফাইনালে খেলেছিলেন বর্তমান একাদশের তিন ক্রিকেটার-বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যেতি, লেগ স্পিন অলরাউন্ডার ফাহিমা খাতুন ও বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার। বৃহস্পতিবার সেমিফাইনালের একাদশে দেখা যাবে তিনজনকে। ফাইনালে ভারত ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রান করেছিল। নাহিদার স্পেল ছিল ৪-০-১২-০। ফাহিমার স্পেল ছিল ১-০-৮-০। বাংলাদেশ জিতেছিল শেষ বলে একরান নিয়ে। ফাইনালে চার নম্বরে ব্যাটিং করে ২৪ বলে ২৭ রান করেছিলেন ৪ চারে। ফাহিমা ৯ রান করেছিলেন ৭ বলে এক চারে।

গ্রুপ পর্বে বাংলাদেশ রানার্সআপ হয়। চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ মিস করে ক্যাচ মিস করে। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ব্যাটিংয়ে ৮ উইকেটে ১১৪ রান করে নিগার বাহিনী। দলীটর সেরা ব্যাটার সোবহানা মুস্তারি করেছিলেন ৩৪ রান। তিনিই একটি সহজ ক্যাচ ফেলে দিয়েঢছিলেন হার্শিথা সামারাবিক্রমার।

যিনি পরবর্তীতে ৪৮ রানের ম্যাচজেতানো ইনিংস খেলেন। গ্রুপের প্রথম ম্যাচে অবশ্য টি-২০ এশিয়া কাপে প্রথমবার খেলতে আসা ইন্দোনেশিয়াকে পাত্তাই দেয়নি। প্রথম ব্যাটিংয়ে নিগারদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১২৯ রান। স্পিন অ্যাটাকে ইন্দোনেশিয়াকে ১৭.৩ ওভারে ৫৮ রানে গুটিয়ে জয় তুলে নেয় ৭১ রানের। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের শেস ম্যাচটি রূপ নেয় মরণ-বাচণের। সেমিফাইনাল খেলতে জিততেই হতো নিগারদের। আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ে বিপর্যয়েও ৭ উইকেটে ১০৩ রান করে। স্পিনারদের সাড়াশি আক্রমণে আমিরাতকে ২০ ওভারে ৬৯ রানে আটকে সেমিফাইনালে উঠে  আসে নিগার বাহিনী। স্পিনারা ছাড়াও প্রতিটি ম্যাচেই নতুন বলে স্ট্রাইক করেছেন সুইং পেসার মারুফা আক্তার। তিনি এখন পর্যন্ত ৩ ম্যাচে উইকেট নিয়েছেন ৭টি। নাহিদা উইকেট নেন ৩টি।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আসরের প্রথম সেমিফাইনাল শুরু হবে। অন্য সেমিফাইনালে ১১ সেপ্টেম্বর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও পাকিস্তান। ১৩ সেপ্টেম্বর হবে ফাইনাল। এশিয়া কাপ শেষ করে বাংলাদেশ নারী দলের পরের মিশন নাগোয়া-আইচি এশিয়ান গেমস।




১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

ক্রীড়া ডেস্ক : আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসতে যাচ্ছে ব্যালন ডি’অরের এবারের আসর। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত ফুটবল পুরস্কারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ১৭তমবারের মতো জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্যালন ডি’অরের মনোনীতদের নাম ঘোষণা করেছে ফরাসি ফুটবল ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। এবারের বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে মেসির সঙ্গে রয়েছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, জুড বেলিংহাম, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়রসহ ইউরোপ ও বিশ্ব ফুটবলের একঝাঁক তারকা।

রেকর্ড আটবার ব্যালন ডি’অর জেতা মেসি গত দুই আসরে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না। এবার আবারও তালিকায় ফিরেছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।

তবে টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ তারকার সর্বশেষ মনোনয়ন ছিল ২০২৩ সালে। সর্বোচ্চ ১৮ বার মনোনয়ন পাওয়ার রেকর্ডও রোনালদোর।

মেসির পাশাপাশি আর্জেন্টিনার আরেক তারকা লাওতারো মার্তিনেজও ৩০ জনের তালিকায় জায়গা পেয়েছেন। ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি জাতীয় দলের হয়েও তাঁর ধারাবাহিকতা মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এবারের তালিকায় আছেন ২০২৫ সালের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলেও। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ফরাসি এই ফরোয়ার্ডকে আবারও অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে ব্যালন ডি’অরের দৌড়ে হ্যারি কেইনও শক্ত অবস্থানে রয়েছেন। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত গোলস্কোরিং ফর্মে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করে দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন তিনি।

কিলিয়ান এমবাপ্পেও এবারের পুরস্কারের অন্যতম দাবিদার। রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর পারফরম্যান্সের পাশাপাশি জাতীয় দলের হয়ে বড় মঞ্চে অবদানও তাঁকে আলোচনায় রেখেছে। একইভাবে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালও তাঁর অসাধারণ পারফরম্যান্সের কারণে ব্যালন ডি’অরের অন্যতম আলোচিত প্রার্থী।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় মেসি, কেইন, এমবাপ্পে ও ইয়ামালের পাশাপাশি রয়েছেন জোয়াও নেভেস, মাইকেল ওলিসে, উইলিয়াম পাচো, হুলিয়ান কিনিয়োনেস, ডেকলান রাইস, রদ্রি, জুড বেলিংহাম, পাউ কুবারসি, উসমান দেম্বেলে, মার্ক কুকুরেয়া, লুইস দিয়াজ, ব্রুনো ফার্নান্দেজ, গ্যাব্রিয়েল, আর্লিং হলান্ড, আশরাফ হাকিমি, খিচা কাভারেস্কাইয়া, সাদিও মানে, মার্কিনিওস, নুনো মেন্দেস, ফাবিয়ান রুইজ, উইলিয়াম সালিবা, ফেরান তোরেস, দায়োত উপামেকানো, ভিনিসিয়ুস জুনিয়র ও ভিতিনিয়া।

ব্যালন ডি’অরের এবারের আসরে তাই মেসি-এমবাপ্পে-ইয়ামাল-কেইনদের মধ্যে লড়াই নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জানা যাবে, শেষ হাসি হাসছেন কে।




আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : সমীকরণটা ছিল একেবারেই পরিষ্কার—জিতলেই সেমিফাইনাল, হারলেই শেষ হয়ে যাবে নারী এশিয়া কাপে বাংলাদেশের পথচলা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে আবারও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সেই ঘাটতি পুষিয়ে নিয়েছে দল।

মঙ্গলবার রাতে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৬৯ রানেই থেমে যায় আমিরাতের ইনিংস।

ব্যাট হাতে শুরুটা ছিল হতাশার। প্রথম ওভারেই সুরক্ষা কোটির বলে কোনো রান না করে ফেরেন দিলারা আক্তার। পরের ওভারে ৩ রান করে একই বোলারের শিকার হন সোবহানা মোস্তারি। মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ৩১ রানের বেশি যোগ করতে পারেনি এই জুটি। বড় শট খেলতে গিয়ে ১৬ রান করে ফিরতে হয় জুয়াইরিয়াকে।

শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন জ্যোতি। কিন্তু ১১তম ওভারে নিরীহ এক ফুল টসে ফিরতি ক্যাচ দিয়ে ২৩ রানে আউট হন বাংলাদেশ অধিনায়ক। এরপর স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুনও রানের খাতা খোলার আগেই ফিরে গেলে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৫৫ রান।

সেখান থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন সুপ্তা ও নাহিদা আক্তার। চলতি আসরে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া সুপ্তা সহ-অধিনায়ক নাহিদাকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৪৩ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এই জুটির ওপর ভর করেই একশ রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ।

৩১ বলে ৩৮ রানের দারুণ ইনিংসে তিনটি চার মারেন সুপ্তা। নাহিদা ১৬ রান করে অপরাজিত থাকেন, যা তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে আমিরাত। প্রথম ওভারেই অধিনায়ক ইশা ওজা ফেরার পর পঞ্চম ওভারে সামাইরা ধরনিধরকাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট নেন মারুফা আক্তার।

পাওয়ার প্লেতে মাত্র ১৫ রান করতে পারে আমিরাত, যা চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বনিম্ন। এরপরও স্বাগতিক দলের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যায়নি।

অষ্টম ওভারে আক্রমণে এসে রিনিথা রজথকে ফেরান একাদশে ফেরা রাবেয়া খান। এরপর লম্বা সময় উইকেটে থাকা তীর্থ সতীশকে আউট করেন সুলতানা খাতুন। পরের ওভারে লাবণ্য কেনিকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন নাহিদা আক্তার।

একপর্যায়ে মাত্র ৩৮ রানেই ৫ উইকেট হারায় আমিরাত। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬৯ রানেই থেমে যায় তাদের ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মারুফা আক্তার। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন ২১ বছর বয়সী এই পেসার। চলতি এশিয়া কাপে তিন ম্যাচে তাঁর উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৭।

রাবেয়া খান ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট। নাহিদা আক্তার শিকার করেন ২ উইকেট। এছাড়া সুলতানা খাতুন ৪ ওভারে ১০ রান দিয়ে এবং ফাহিমা খাতুন ৪ ওভারে ১৬ রান দিয়ে একটি করে উইকেট নেন।

এই জয়ে তিন ম্যাচে দুই জয় নিয়ে ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠেছে তারা। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দুই দলের লড়াই।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।




ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগে ১ লাখের বেশি মানুষের সমর্থন

ক্রীড়া ডেস্কঃ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে করা অভিযোগে সমর্থন জানিয়েছেন এক লাখেরও বেশি মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠতা এবং কয়েকটি বিতর্কিত ঘটনায় ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক নিরপেক্ষতার দায়িত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

‘রিবুট ফিফা’ নামের একটি প্রচারণার উদ্যোগে এই অভিযোগ করা হয়েছে। বিশ্বকাপের আগে শুরু হওয়া এই প্রচারণার লক্ষ্য ছিল ফিফার পরিচালনা ও শাসনব্যবস্থার বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংগঠনটির ইতিহাসে সবচেয়ে বড় অভিযোগপত্র তৈরি করা।

মঙ্গলবার ফিফার নৈতিকতা কমিটির কাছে নতুন করে অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগের সঙ্গে দেওয়া চিঠিতে ‘ফেয়ার স্কয়ার’ নামের একটি অধিকারভিত্তিক সংগঠন কমিটিকে দ্রুত ও স্বচ্ছভাবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

অভিযোগকারীদের দাবি, ইনফান্তিনোর কর্মকাণ্ডে ফিফা সভাপতির ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার দায়িত্বে ব্যর্থতা এবং দায়িত্বের প্রতি আনুগত্যের ঘাটতির প্রমাণ রয়েছে। অভিযোগের পক্ষে আটটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের ঘটনা। ট্রাম্প নিজেই স্বীকার করেছিলেন যে তিনি ফিফাকে ওই লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেছিলেন। এ ছাড়া ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প নিয়ে বিতর্ক, ট্রাম্পকে ফিফার শান্তি পুরস্কার দেওয়া এবং মধ্যপ্রাচ্যবিষয়ক ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ ইনফান্তিনোর সম্পৃক্ততার বিষয়ও অভিযোগে স্থান পেয়েছে।

অভিযোগকারীরা আরও বলেছে, ট্রাম্পের সঙ্গে কাজ করে ‘আমেরিকাকে মহান করার পাশাপাশি পুরো বিশ্বকে মহান’ করার বিষয়ে ইনফান্তিনোর বক্তব্যও তার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে ইনফান্তিনোর বিরুদ্ধে একটি অভিযোগ জমা দেওয়া হলেও ফিফার নৈতিকতা কমিটি এ বিষয়ে কোনো জবাব দেয়নি বলে অভিযোগ রয়েছে। তবে এবার নতুন অভিযোগটি নরওয়ের ফুটবল ফেডারেশন এবং ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্যের সমর্থন পেয়েছে।

এদিকে ফিফা অভিযোগগুলোকে সংগঠনটির সভাপতি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে। ফিফার ভাষ্য, সদস্য ফেডারেশনগুলোর সমর্থন না পাওয়া ব্যক্তিদের অভিযোগ, ইঙ্গিত বা ভুল তথ্যের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো ফল অর্জনের চেষ্টা করা উচিত নয়।

চলমান বিতর্কের মধ্যেই আগামী বছর ফিফা সভাপতির পদে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনো। তার পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে উয়েফাসহ বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে।




বাংলাদেশ দলের নতুন জার্সি কিনতে গুনতে হবে ১,৬০০ টাকা

ক্রীড়া ডেস্কঃ জার্সি উন্মোচনের আগেই নতুন বাংলাদেশ জাতীয় দলের জার্সি ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। নকশা কেমন হবে, দাম কত—এসব নিয়ে চলছিল নানা আলোচনা। অবশেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের নতুন হোম ও অ্যাওয়ে কিট। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে জার্সির দাম ও বিক্রির পরিকল্পনা।

নতুন অফিসিয়াল জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। খেলোয়াড়ের নাম ও নম্বর সংযুক্ত জার্সি কিনতে খরচ হবে ১ হাজার ৭০০ টাকা। বিষয়টি জানিয়েছেন জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবিদ আলম।

গত মাসেই নতুন জার্সি উন্মোচনের কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে নতুন হোম ও অ্যাওয়ে কিট উন্মোচন করা হয়।

জার্সি উন্মোচনের পর আবিদ আলম বলেন, আগের তুলনায় নতুন জার্সির দাম কিছুটা বেশি হওয়ার অন্যতম কারণ উন্নতমানের কাপড় ব্যবহার। এর সঙ্গে উৎপাদন, বিপণন ও বিতরণেও উল্লেখযোগ্য ব্যয় রয়েছে।

জার্সি বিক্রি থেকে বাফুফে বড় অঙ্কের রয়্যালটি পায় বলেও দাবি করেন তিনি। তবে রয়্যালটির সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করেননি আবিদ।

জার্সির দাম বেশি কি না- এমন প্রশ্নের জবাবে আবিদ বলেন, ‘আমার মনে হয় না এটা খুব বেশি দাম। আন্তর্জাতিক বাজারের তুলনায়ও এটি প্রতিযোগিতামূলক।’

তার দাবি, তার জানা মতে নতুন বাংলাদেশ জাতীয় দলের জার্সিই বিশ্বের সবচেয়ে কম দামের জাতীয় দলের জার্সি।

তবে তুলনামূলক কম দামে জার্সি কিনতে আগ্রহী সমর্থকদের জন্য থাকছে ‘ফ্যান এডিশন’। এর দাম নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা, যা আগের সংস্করণের সমান। তবে ভবিষ্যতে এই জার্সির দাম সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন আবিদ।

নতুন জার্সি শুধু অনলাইনে বিক্রি করা হবে না। দেশের বিভিন্ন ফিজিক্যাল আউটলেটের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জার্সি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড়ের।




বরখাস্তের ৪ দিন পর বাংলাদেশের বিতর্কিত কোচ বললেন— ‘মেরে ফেলার হুমকি পেয়েছি’

ক্রীড়া ডেস্কঃ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের তিন ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারের পর বরখাস্ত হন অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোনস। সিরিয়ার কাছে ৩-০ গোলে হারের পরদিন ৪ সেপ্টেম্বর তার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বরখাস্তের চার দিন পর বাংলাদেশ অধ্যায় নিয়ে মুখ খুলেছেন জোনস। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে ফেসবুকে দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, বাংলাদেশে কাজ করার সময় মেরে ফেলার হুমকি পেয়েছেন।

জোনস লিখেছেন, ‘ফুটবলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করা ন্যায্য। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং মেরে ফেলার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি কিছু অত্যন্ত বাজে বার্তা পেয়েছি, আমার ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে এবং মেরে ফেলার হুমকিও পেয়েছি। আমি একজন স্বামী, একজন বাবা এবং একজন সন্তান।’

জোনসকে বরখাস্ত করার কারণ অবশ্য বাফুফের বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। বিজ্ঞপ্তিতে শুধু বলা হয়, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে করা চুক্তি বাতিল করেছে বাফুফে।

তবে বাফুফের একটি সূত্র জানিয়েছিল, গত ১৯ আগস্ট টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এবং ফল বিপর্যয়ের জেরেই জোনসকে সরানো হয়েছে। সেদিন সহকারী কোচের সঙ্গে কথা–কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। পরে জোনস নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন।

এদিকে জোনস বাংলাদেশের হয়ে কাজ করার সময়টাকে শুধু ফলাফলের দৃষ্টিতে দেখতে রাজি নন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশে আমি শুধু জাতীয় দলের ফলাফল নিয়ে কাজ করতে যাইনি। যুব উন্নয়ন, কোচ তৈরি, প্রতিভা শনাক্তকরণ এবং প্রবাসী খেলোয়াড়দের নিয়ে কাজ করার মতো বৃহত্তর পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ছিল খুব কম।’

জোনস আরও লেখেন, ‘অনুশীলনে আমরা যে ফুটবল তৈরি করেছিলাম, মাঠে সেটি ধারাবাহিকভাবে খেলতে পারিনি। দলটি আমাদের প্রস্তুতির সময় যে নীতিগুলো তৈরি করেছিল, তার তুলনায় অনেকটাই অচেনা হয়ে গিয়েছিল।’

বাংলাদেশের ফুটবলের কাঠামো নিয়েও নিজের মূল্যায়ন দিয়েছেন জোনস। তিনি বলেন, ‘এশিয়ার শক্তিশালী দলগুলোর সঙ্গে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করতে হলে খেলোয়াড় বাছাই, অবকাঠামো, ফুটবল সংস্কৃতি ও উচ্চপর্যায়ের খেলোয়াড় তৈরিতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।’




এবারের ব্যালন ডি’অর জয়ে আশাবাদী এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতার জন্য সেরা বছর হতে পারে বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। গত মৌসুমে রিয়ালের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন ২৭ বছর বয়সী এই তারকা। 

যদিও রিয়াল মাদ্রিদের হয়ে কোনো শিরোপা জিততে পারেনি। তবে জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ২২ গোলের মালিক হয়েছেন।

ব্যালন ডি’অর প্রসঙ্গে এমবাপে বলেন, আপনি যখন বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন, তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে এই পুরস্কারের সাথে মেলাবে। হয়তো এই বছরটি আমার জন্য ব্যালন ডি’অর জেতার একটি ভালো বছর।

এবারের ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বাজিতে এমবাপের চেয়ে অন্য তিনজন খেলোয়াড় এগিয়ে রয়েছেন। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৫১ ম্যাচে রেকর্ড ৬১ গোল এবং বিশ্বকাপে ছয় গোল করে এই তালিকায় সবার চেয়ে এগিয়ে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। এরপরেই ফেভারিটের তালিকায় রয়েছেন বার্সেলোনা ও স্পেনের হয়ে আলো ছড়ানো লামিনে ইয়ামাল এবং তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রি।

এদিকে সাবেক ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) সাফল্য নিয়েও কথা বলেছেন এমবাপে। তার বিদায়ের পর টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি। এমবাপের মতে, সাবেক ক্লাবের সাফল্য তিনি পরিবর্তন করতে পারবেন না। বিষয়টি নিয়ে তিনি খুব একটা চিন্তিতও নন।

মোনাকো দিয়ে ক্যারিয়ার শুরু করা এমবাপে পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ক্লাবটির হয়ে ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করেছেন তিনি। ফ্রান্সের হয়েও ১০৬ ম্যাচে ৬৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ১০৭ ম্যাচে তার গোল ৯০টি।

ব্যক্তিগত সাফল্যের দিক থেকেও এমবাপের ঝুলিতে রয়েছে দীর্ঘ তালিকা। টানা আটবার লিগের গোল্ডেন বুট জিতেছেন তিনি। এর মধ্যে লিগ ওয়ানে ছয়বার এবং লা লিগায় দুইবার। এছাড়া, বিশ্বকাপে দুটি এবং চ্যাম্পিয়নস লিগেও দুটি গোল্ডেন বুট রয়েছে তার। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতলেও ক্লাব ক্যারিয়ারে এখনো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা হয়নি।

রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক শিরোপাহীনতা নিয়ে এমবাপে জানান, দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা না করে দলের পরবর্তী ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগে ভালোভাবে শুরু করার দিকেই মনোযোগ দিতে চান তিনি।




৫ গোলে জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ

ডেস্ক নিউজঃ লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। লামিনে ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। এতে টানা চতুর্থ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে ৫-০ গোলের বড় জয়ের পরও সন্তুষ্ট নন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ আমরা দারুণ খেলেছি, প্রায় নিখুঁতই বলা যায়। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল, আমরা আধিপত্য দেখিয়েছি। আমি এটাই চাই। ম্যাচ নিয়ন্ত্রণ করা এবং জায়গা খুঁজে নেওয়া। আমরা সেটা করতে পেরেছি।’

তবে আরও ভালো করার জায়গা রয়েছে উল্লেখ করে ফ্লিক বলেন, ‘কিন্তু কিছুই নিখুঁত নয়। সব সময়ই উন্নতির জায়গা থাকে। আমরা আরও ভালো করতে পারি।’

ভ্যালেন্সিয়াকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৪ ম্যাচে এখনো কোনো জয় না পাওয়া ভ্যালেন্সিয়া আছে ২০ নম্বরে।