বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্কঃ ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। টাইগারদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে অজিরা। হারের পর আরও একটি দুঃসংবাদ পেতে যাচ্ছে স্বাগতিকরা। ধীরগতির ওভার রেটের কারণে আইসিসি অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জরিমানা করার কথা ভাবছে।

ডারউইনে বিশাল ব্যবধানের হার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম বড় হারগুলোর একটি। আর এই ম্যাচেই স্লো ওভার-রেটের খড়গে পড়তে যাচ্ছে প্যাট কামিন্সের দল।

আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বোলিং করতে হয়, সে হিসেবে সারাদিনে অন্তত ৯০ ওভার বোলিং করা বাধ্যতামূলক। কিন্তু গত শনিবারে নির্ধারিত সময়ে মাত্র ৮৬ ওভার করতে পেরেছিল অস্ট্রেলিয়া, যা সর্বনিম্ন সীমার চেয়ে চার ওভার কম।

আইনি বিধান অনুযায়ী, নির্ধারিত ওভারের চেয়ে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ কেটে রাখতে পারে আইসিসি। প্রতি টেস্টে প্রতিটি অজি খেলোয়াড়ের ম্যাচ ফি ২০ হাজার ডলার হওয়ায়, এক ওভারের জন্য ১ হাজার ডলার করে চার ওভারে মোট ৪ হাজার ডলার জরিমানা হতে পারে।

কেবল আর্থিক জরিমানাই নয়, স্লো ওভার-রেটের কারণে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) পয়েন্ট টেবিল থেকেও চার পয়েন্ট কাটা যেতে পারে অস্ট্রেলিয়ার। বর্তমানে অস্ট্রেলিয়া ৮৪ পয়েন্ট এবং ৭৭.৭৮ জয় শতাংশ নিয়ে পয়েন্ট তালিকার প্রথম স্থানে অবস্থান করছে।

অন্যদিকে, ৩৬ পয়েন্ট এবং ৭৫ জয় শতাংশ নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে দ্বিতীয় স্থানে। আর ৪০ পয়েন্ট ও ৬৬.৬৭ শতাংশ জয় নিয়ে চারে বাংলাদেশ।




বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা: তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের ক্রিকেটাঙ্গনেও। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এমন জয়ে গর্বিত বিসিবি সভাপতি তামিম ইকবাল। তাঁর মতে, অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের এই জয় শুধু একটি ম্যাচের সাফল্য নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এটি একটি শক্তিশালী বার্তা।

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৯ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে সফরকারীরা। বিশ্বের এক নম্বর টেস্ট দলকে প্রতিটি সেশনে চাপে রেখে এমন জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন বলে মনে করছেন বিসিবি সভাপতি।

রবিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে এমন জয় পাওয়ার পুরো কৃতিত্ব ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের।

তিনি বলেন,‘অবশ্যই আমার মনে হয় এটি অসাধারণ জয়, অসাধারণ অর্জন। অস্ট্রেলিয়ায় যেকোনো দলের জন্য খেলা অনেক কঠিন। ২৩ বছর পর সেখানে গিয়ে যেভাবে ক্রিকেট খেলে বাংলাদেশ জিতেছে, কৃতিত্ব এক হাজার শতাংশ তাদের (ক্রিকেটারদের)। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক সবাইকে কৃতিত্ব দিতে হয়। বোর্ডে শুধু তাদের সহায়তা করতে, সুযোগ-সুবিধা দিতে এবং গাইড করতে আছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়ে ক্রিকেটারদের বেশি ভাবা উচিত নয় বলেও মন্তব্য করেন তামিম। তাঁর মতে, এমন জয় সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি বিশ্ব ক্রিকেটের কাছেও বাংলাদেশের সামর্থ্যের বার্তা পৌঁছে দিয়েছে।

তামিম বলেন, ‘যারা খেলে তারা এসব (সামাজিক মাধ্যমের নেতিবাচক আলোচনা) নিয়ে খুব বেশি মনোযোগ দেয় না। সমালোচনা হবেই। এই জয়টি বিশ্বের কাছে একটি বার্তা। আমরা সবাই অত্যন্ত গর্বিত।’

বাংলাদেশের ক্রিকেটে অতীতে বেশ কিছু স্মরণীয় জয় এসেছে। খেলোয়াড় হিসেবে এমন অনেক সাফল্যের অংশ ছিলেন তামিম নিজেও। এবার দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে ডারউইনের জয়কে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হিসেবে দেখছেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সম্ভবত এটি সবচেয়ে বড় জয়। আমরা সবাই এই অর্জনে সমানভাবে খুশি। আমি অত্যন্ত গর্বিত।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট বোর্ড হিসেবে আমরা ক্রিকেটারদের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি, বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে। এটি শুধু একটি জয় নয়, একটি শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’

ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) নিয়ে আলোচনায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে এই জয় সহায়ক হবে বলে মনে করেন তিনি। তামিম বলেন, ‘আগামী মাসে এফটিপি (ভবিষ্যত সফর সূচি) বৈঠক হবে। সেখানে আমরা অন্য দলগুলোকে রাজি করিয়ে আরও ভালো সিরিজ নেওয়ার চেষ্টা করব। এই জয়টি অন্য দলগুলোর সঙ্গে আলোচনার ক্ষেত্রে আমাদের সাহায্য করবে। এফটিপিকে যতটা সম্ভব প্রতিযোগিতামূলক করার এবং বড় দলগুলোর বিপক্ষে খেলার চেষ্টা করব।’




শেষ ম্যাচে ২৩৭ রানে উড়িয়ে মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাসের মধ্যেই মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২৩৭ রানে হারিয়েছে স্বাগতিকরা।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে টস জিতে আগে ব্যাট করে আদিল বিন সিদ্দিকের দুর্দান্ত সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৬৯ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের স্পিনার রাফিউজ্জামান রাফি ও শেখ পারভেজ জীবনের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া। মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল আক্রমণাত্মক। ওপেনার জাওয়াদ আবরার ও মঈনুল ইসলাম তন্ময় মাত্র ৮.৩ ওভারে ৮২ রান তুলে দেন। জাওয়াদ ৩২ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি করে চার ও ছক্কা।

এরপর ব্যাট হাতে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন আদিল বিন সিদ্দিক। দুর্দান্ত ব্যাটিংয়ে ১১১ বলে ১৩৫ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। তাঁর সেঞ্চুরির ওপর ভর করে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

আদিলকে দারুণভাবে সহযোগিতা করেন খালিদ হাসান। তাঁর ব্যাট থেকে আসে ৭৩ রান। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬৯ রান করে বাংলাদেশ। ফলে মালয়েশিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৭০ রান।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই ওপেনার উল্লাহ মালিককে ফিরিয়ে দেন বাংলাদেশের পেসার রাহিন আহমেদ। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি সফরকারীরা।

মালয়েশিয়ার সাত ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছালেও কেউই ইনিংস বড় করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন অধিনায়ক সায়েদ আজিজ।

বাংলাদেশের বোলারদের মধ্যে রাফিউজ্জামান রাফি ও শেখ পারভেজ জীবন তিনটি করে উইকেট নেন। পেসার রাহিন আহমেদের শিকার দুটি উইকেট। তাঁদের দারুণ বোলিংয়ে ১৩২ রানেই থেমে যায় মালয়েশিয়ার ইনিংস।

ফলে ২৩৭ রানের বিশাল জয় নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।




যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে বাংলাদেশ

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়। হবে না-ই বা কেন, যেই অস্ট্রেলিয়ার মাটিতে বড় বড় দল গিয়ে হাঁসফাঁস করে, সেখানেই বাংলাদেশ দেখাল নতুন দিনের আলো। সাড়ে তিন দিনে হওয়া ১১টি সেশনের মধ্যে সবগুলোতে আধিপত্য বিস্তার করে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

টেস্টের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি করেছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৩টিতে জয় ও সমান ১টি করে ড্র ও হারে বাংলাদেশের পয়েন্টের শতকরা হার (পিসিটি) ৬৬.৬৭।

এমন সাফল্যে টাইগাররা পেছনে ফেলেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে। বর্তমানে বাংলাদেশের ওপরে রয়েছে কেবল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনাল খেলার সুযোগ পাবে। ঐতিহাসিক এই জয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—বাংলাদেশ কী ফাইনালের মঞ্চে উঠতে পারবে?

পরিসংখ্যান ও অতীতের সমীকরণ বলছে, লর্ডসে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে একটি দলকে সাধারণত টুর্নামেন্ট শেষে অন্তত ৬৫ শতাংশের বেশি পয়েন্ট ধরে রাখতে হয়। বর্তমানে বাংলাদেশ এই গণ্ডির মধ্যেই আছে। তবে এই ধারাবাহিকতা ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে এখনো আরও একটি ম্যাচ বাকি বাংলাদেশের। এই চক্রে বাংলাদেশের অপেক্ষা করছে আরও কয়েকটি কঠিন পরীক্ষা। সামনে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে টাইগারদের। এই সিরিজগুলোতে প্রতিটি দলের সঙ্গেই দুটি করে টেস্ট খেলার কথা বাংলাদেশের। ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এই ম্যাচগুলোতে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ পয়েন্ট নিশ্চিত করতে হবে।

পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলগুলোর দিকেও নজর রাখতে হবে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড যখন নিজেদের মধ্যে মুখোমুখি হবে, তখন পয়েন্ট হাতবদলের সুযোগ কাজে লাগিয়ে আরও ওপরে ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। এছাড়া স্লো ওভার রেটের কারণে যেন কোনো পেনাল্টি পয়েন্ট কাটা না যায়, সেদিকেও সতর্ক থাকতে হবে টাইগারদের।

ডারউইনের এই ঐতিহাসিক জয় প্রমাণ করে দিয়েছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন আর কেবল অংশ নেওয়া দল নয়। এই ছন্দ ও ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০২৭ সালের লর্ডস ফাইনালের দৌড়ে শক্তিশালী এক প্রতিপক্ষ হিসেবেই লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ২০২৫-২৭ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে হেরে কিছু পয়েন্ট হারালেও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া (৭৭.৭৮ শতাংশ)। দুইয়ে দক্ষিণ আফ্রিকা (৭৫.০০ শতাংশ) এবং তিনে রয়েছে নিউজিল্যান্ড (৭২.২২ শতাংশ)।

এরপরই চার নম্বরে অবস্থান করছে বাংলাদেশ (৬৬.৬৭%), টাইগারদের নিচে রয়েছে যথাক্রমে ভারত (৪৮.১৫%), শ্রীলঙ্কা (৪১.৬৭%), ইংল্যান্ড (২৪.৩৬%), পাকিস্তান (২২.২২%) ও ওয়েস্ট ইন্ডিজ (২০.৮৩%)।




আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

ক্রীড়া ডেস্ক : সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দেশের মাটিতে কাছাকাছি শক্তির কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল দলের। তবে এরই মধ্যে আসিয়ান কাপ খেলার আমন্ত্রণ পাওয়ায় সেই পরিকল্পনায় এসেছে পরিবর্তনের সম্ভাবনা। কোচ থমাস ডুলি আসিয়ান কাপে খেলার পক্ষেই মত দিয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনার পর ডুলি জানিয়েছেন, আসিয়ান কাপে খেলার সুযোগ তৈরি হলে তা বাংলাদেশের জন্য ভালো হবে। তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।

ডুলি বলেন, আসিয়ান কাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি হলে ভালো হবে এবং বাংলাদেশ সেখানে খেলতে পারে। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। ফিফা ও ইন্দোনেশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে জানতে চাওয়া হয়েছে এবং বাংলাদেশ ইতিবাচক সাড়া দিয়েছে। তবে ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করেনি।

আগামী ৪ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে আসিয়ান কাপে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে খেলাকে সাফের প্রস্তুতির জন্য কার্যকর মনে করছেন ডুলি।

বাংলাদেশের সম্ভাব্য অবস্থান নিয়ে ডুলি বলেন, আসিয়ান কাপে বাংলাদেশ আন্ডারডগ হিসেবে খেলবে। ফলে প্রত্যাশার চাপ তুলনামূলক কম থাকবে। তবে ফলাফল নেতিবাচক হলে সেটি খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

আগামী ২১ সেপ্টেম্বর শুরু হবে ফিফা আন্তর্জাতিক উইন্ডো। এর আগে বাংলাদেশের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত না হওয়ায় জাতীয় দলের পরিকল্পনা করতে সমস্যায় পড়ছেন কোচ। আসিয়ান কাপ, দেশের মাটিতে ম্যাচ নাকি কিরগিজস্তানের টুর্নামেন্ট কোন পথে এগোবে বাংলাদেশ, সেটি এখনো নিশ্চিত নয়।

শুধু জাতীয় দলের সূচি নয়, ঘরোয়া ফুটবলের অনিশ্চয়তাও ভাবাচ্ছে ডুলিকে। ২৮ আগস্ট লিগ শুরুর কথা থাকলেও এখনো তা নিশ্চিত হয়নি। তাঁর মতে, সাধারণত লিগ শুরুর চার থেকে ছয় সপ্তাহ আগে খেলোয়াড়দের কন্ডিশনিং অনুশীলন প্রয়োজন। কিন্তু অনেক ক্লাব সেই প্রস্তুতি নিতে পারেনি।

ডুলি জানান, বাংলাদেশের ফুটবলাররা ইতোমধ্যে প্রায় পাঁচ সপ্তাহ অনুশীলনের বাইরে রয়েছেন। এমন পরিস্থিতিতে জাতীয় দলের ক্যাম্প কবে শুরু করা হবে, তা নিয়ে এখনই পরিকল্পনা করা কঠিন।




ফলাফলের দিকে তাকাচ্ছি না, আমরা সেশন ধরে ধরে খেলছি: শান্ত

ক্রীড়া ডেস্ক : ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষেও ভালো অবস্থানে বাংলাদেশ। যেখানে থেকে জয়ের আশা করা কল্পনা নয়, বরং বাস্তব। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়ার পর তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার আরও চার উইকেট তুলে নিয়েছেন টাইগার বোলাররা। এখনও ৬৭ রানে পিছিয়ে আছে অজিরা।

তবে এমন শক্ত অবস্থানে থেকেও জয় নিয়ে আগাম হিসাব-নিকাশ শুরু করেনি বাংলাদেশ শিবির। বরং প্রতিটি সেশনে পরিকল্পনা অনুযায়ী খেলাটাই এখন মূল লক্ষ্য বলে মনে করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তৃতীয় দিনের খেলা শেষে ফক্স ক্রিকেটকে শান্ত বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল অন্তত পাঁচ দিন ক্রিকেট খেলার চেষ্টা করা। কিন্তু গত তিন দিনে আমরা যেভাবে যেভাবে খেলেছি, সেটা অসাধারণ। ওদের এভাবে খেলতে দেখে সত্যিই ভালো লাগছে।’

তবে এমন অবস্থাতেও দলের মনোযোগ জয় থেকে সরিয়ে রাখতে চান শান্ত। তিনি বলেন, ‘আমরা ফলাফলের দিকে তাকাচ্ছি না। আমরা সেশন ধরে ধরে খেলছি এবং প্রক্রিয়াটা অনুসরণ করছি।’



বোল্ড হয়ে অদ্ভুত কাণ্ড করলেন হেড, ধারাভাষ্যকক্ষে বিস্ময়

ক্রীড়া ডেস্কঃ ডারউইন টেস্টের তৃতীয় দিনেও দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। এতেই যেন মাথা বিগড়ে গেছে অজিদের। একের পর এক উদ্ভট কাজই করে যাচ্ছেন তারা। আর ধারাভাষ্যকক্ষে ছড়াচ্ছে বিস্ময়।

প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অদ্ভুত কাণ্ড করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হাসান মাহমুদের বলে বোল্ড হয়েছেন তিনি।

দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার পর হেডের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। একটা ঘোরের মধ্যে যেন চলে গিয়েছিলেন তিনি। আউট হওয়ার পর মাঠ ছাড়ার আগে নিজেই বেল তুলে স্টাম্পের মাথায় লাগিয়েছেন হেড। ওদিকে অ্যাডাম গিলক্রিস্ট আর মার্ক ওয়াহর চোখ বিস্ময়ে ছানাবড়া।

গিলক্রিস্ট ধারাভাষ্যে বলেছেন, ‘এটা অবিশ্বাস্য! আমার পুরো ক্রিকেট জীবনে এমনটা কখনো দেখিনি। একজন ব্যাটার এতটাই হতাশ যে বেলগুলো আবার বসিয়ে দেওয়া হয়েছে।’

অন্যদিকে, ওয়াহও বিস্ময় লুকাননি। তিনি বলেন, ‘বেশিরভাগ ব্যাটারই স্টাম্প ফেলে দেয়, বেলস আবার লাগিয়ে দেয় না।’ অজি ওপেনারের শট নিয়ে তিনি বললেন, ‘শটটা একটু বেশিই ফুল হয়ে গেছে। এটা প্রায় একটা হাফ ভলির মতো। শটটা আরও জোরালো হওয়া দরকার ছিল।’




সামনে কঠিন পথ, তবু জয়ের আশা অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক : প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে মাত্র ১৯৮ রানে। ২ উইকেট হারিয়েই লিড নিয়ে ফেলেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে নাজমুল হোসেনের দল এগিয়ে ১৫৩ রানে, হাতে এখনো ৪ উইকেট। ডারউইন টেস্টের প্রথম দুই দিনে বাংলাদেশের দাপট দেখে কেউ কেউ তো অস্ট্রেলিয়ার হারও দেখে ফেলছেন।

তবে যে দলের ডিএনএতে আছে শেষ পর্যন্ত হার না মানার মানসিকতা, তারা কি আর এত দ্রুত হাল ছাড়ে! দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা বো ওয়েবস্টারের কণ্ঠেও শোনা গেছে একই প্রতিধ্বনি।

সামনের কাজ কঠিন মেনে নিয়েও ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, ‘আমার বিশ্বাস, সবাই এখনো হিসাব-নিকাশ করছে কীভাবে এই ম্যাচটা জেতা যায়। অবশ্যই আমাদের প্রথম লক্ষ্য হবে শেষের এই চারটি উইকেট যত দ্রুত সম্ভব তুলে নেওয়া। তারপর হয়তো টানা দুই দিন খুব ভালো ব্যাটিং করতে হবে—যা নিঃসন্দেহে কঠিন কাজ হবে। তবে ছেলেদের নিজেদের সামর্থ্যের ওপর পুরো ভরসা আছে এটা করে দেখানোর।’

প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের বিপক্ষে ভালো করতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। স্টিভেন স্মিথ ছাড়া ত্রিশের ঘরেও পৌঁছাতে পারেননি। তবে বাংলাদেশের হয়ে তানজিদ হাসান সেঞ্চুরি পেয়েছেন, অধিনায়ক নাজমুলও করেছেন ৮৪ রান। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে।

ওয়েবস্টার মনে করেন এখন উইকেটের ধরনে কিছুটা বদল এসেছে, ‘মাঠে আজ বেশ গরম ছিল, তবে উইকেট দেখে মনে হচ্ছিল এটা আগের চেয়ে কিছুটা ফ্ল্যাট বা ব্যাটিংয়ের উপযোগী হয়ে এসেছে—প্রথম দিনের সকালের মতো আর অতটা কঠিন ছিল না।’

তবে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও কৃতিত্ব দিতে ভোলেননি তিনি, ‘তারা সত্যিই খুব ভালো ব্যাট করেছে। আমরা উইকেট পাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়ার চেষ্টা করেছি—ওয়াইড বল, সোজা বল, স্পিন, বাউন্সার—যেন একটা উইকেট পেয়ে ওদের চেপে ধরা যায়। কিন্তু হ্যাঁ, তারা চমৎকার ব্যাটিং করেছে ও আগামীকাল আমাদের নতুন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।’




ডারউইন টেস্ট: দেড়শ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৫১ রান তুলে আজ শুক্রবার দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। সফরকারীদের লিড ৪ উইকেট হাতে রেখে ১৫৩ রান।

তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি (১০১) ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে (৮৪) ভর করে সাড়ে তিনশ ছাড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ। মুমিনুল হক সৌরভের সঙ্গে ১৮৯ বলে ১০২ ও শান্তর সঙ্গে ১৫৭ বলে ৯৩ রান যোগ করে তানজিদ দলের সংগ্রহটা বড় করতে সাহায্য করেন। বামহাতি ওপেনার তানজিদ ১৯৭ বলে ১০১ রান করে আউট হওয়ার পর মুশফিকুর রহিমকে নিয়ে ৯৮ বলে ৬৬ রান যোগ করেন শান্ত। একটি সময় থামতে হয় শান্ত ও মুশফিককেও। শান্ত ১২৬ বলে ৮৪ ও মুশফিক ৫৫ বলে ৩৬ রান করেন।

তারকাদের মধ্যে ব্যর্থ হয়েছেন লিটন দাস। তিনি ১২ বলে শূন্য রান করে তিনি মিচেল স্টার্কের বলে আউট হয়েছেন। পরের ওভারে মুশফিককে ফরান প্যাট কামিন্স। ৩ উইকেটে ২৯৭ রান থেকে দেখতে না দেখতেই ৩০৮ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপর সপ্তম উইকেটে দুর্দান্ত লড়াই করে ১৪৭ বল মোকাবেলা করেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। দুজন বোর্ডে ৪৩ রান তুলে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন।

মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড দুটি করে এবং প্যাট কামিন্স ও নাথান লায়ন একটি করে উইকেট নেন।




সবাইকে ছাড়িয়ে এখন শীর্ষে মিচেল স্টার্ক

ক্রীড়া ডেস্ক : টেস্ট ইতিহাসে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে টপকে নতুন রেকর্ড গড়েছেন স্টার্ক।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে শুরু হওয়া ডারউইনে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ১ উইকেট শিকার করেন স্টার্ক। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ওপেনার সাদমান ইসলামকে ২০ রানে সাজঘরে ফেরত পাঠান স্টার্ক। এতেই টেস্টে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েন তিনি।

১০৬ টেস্টের ২০৩ ইনিংসে ৪৩৪ উইকেট শিকার করেছেন স্টার্ক। ফলে ভেঙ্গে গেছে হেরাথের রেকর্ড। ৯৩ টেস্টে ১৭০ ইনিংসে ৪৩৩ উইকেট নিয়ে আট বছর এই রেকর্ড মালিক ছিলেন হেরাথ। ২০১৮ সালের নভেম্বরে টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানানোর সময় হেরাথের নামের পাশে ছিল ৪৩৩ উইকেট।
স্টার্ক-হেরাথ ছাড়াও টেস্টে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারে সেরা পাঁচের মধ্যে আরও আছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ও শ্রীলঙ্কার চামিন্দা ভাস। আকরাম ১০৪ টেস্টে ৪১৪, ভেট্টোরি ১১৩ টেস্টে ৩৬২ এবং ভাস ১১১ ম্যাচে ৩৫৫ উইকেট শিকার করেছেন।