ইনফান্তিনোর কড়া সমালোচনা উয়েফা-এএফসি ও কনকাকাফের

ক্রীড়া ডেস্কঃ ফুটবল অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত নাম ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ ফুটবলের একটি স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি চরম বিরোধীতার মুখে রয়েছেন। এমন পরিস্থিতিতে ফিফা এবং ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে’ বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনেছে উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন।

কনফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাব নিয়ে সাম্প্রতিক বিতর্কের মূল বিষয়টি ছিল খেলার সততা এবং যারা এর নেতৃত্বে নির্বাচিত হয়েছেন তাদের সততা। এই প্রকল্পের আওতায় ফিফার সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট বিক্রির স্বত্ব পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা ছিল, যার ২১ শতাংশ মালিকানা একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার কথা ছিল।

বিভিন্ন কনফেডারেশনের ব্যাপক সমালোচনার মুখে এই উদ্যোগটি বাতিল করা হয়। এর মধ্যে উয়েফা ফিফার সব প্রতিযোগিতা বয়কটের হুমকিও দিয়েছিল। চিঠিতে বলা হয়েছে, যখন প্রতারণার মাধ্যমে বিশ্বাস ভঙ্গ করা হয়, কোনো ব্যক্তি নিজেকে সেই সমষ্টির ঊর্ধ্বে স্থাপন করেন যারা তাকে দায়িত্ব অর্পণ করেছিল, তখন সেই কর্তব্যের প্রতি অবহেলা বা তা পরিত্যাগ করা হয়।

এতে আরও বলা হয়, ফুটবলের নেতৃত্ব কোনো ব্যক্তিগত সম্পদ নয়। এটি ক্ষমতা কুক্ষিগত করা বা তা দাবি করার বিষয় নয়। বরং যারা এই দায়িত্ব অর্পণ করেছে, সেই ফুটবল পরিবারের প্রতি সেবার দায়িত্ব পালনই হলো আসল বিষয়।বিবৃতিতে ইনফান্তিনোর নাম সরাসরি উল্লেখ করা না হলেও, বিবিসি স্পোর্টস-এর সূত্র জানিয়েছে, এটিকে তার জন্য পদত্যাগ করে মর্যাদার সঙ্গে সরে দাঁড়ানোর একটি সুযোগ হিসেবে দেখা উচিত।

এর আগে শনিবার সন্ধ্যায় ফিফা একটি বিবৃতি দিয়েছিল, যেখানে সংস্থাটি এবং ইনফান্তিনোকে ‘দুর্বল বা হেয় প্রতিপন্ন করার’ লক্ষ্যে চালানো সুপরিকল্পিত ও চলমান প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছিল। কনফেডারেশনগুলো উল্লেখ করেছে, বিশ্বকাপ স্বত্ব প্রক্রিয়ায় ভুল হওয়ার বিষয়টি ফিফা স্বীকার করলেও তা যথেষ্ট ছিল না।

চিঠিতে বলা হয়, এতে স্বীকার করা হয়নি, প্রস্তাবটিই ছিল মূলত ভুল। ফিফা বিশ্বকাপ সংশ্লিষ্ট কোনো স্বত্ব বা অংশ বিক্রির প্রচেষ্টা চালানো হয়েছিল, তা যে বিচার-বিবেচনার ক্ষেত্রে চরম ব্যর্থতা ছিল। সেই বিষয়টিও স্বীকার করা হয়নি।এটি কেবল পদ্ধতিগত কোনো ভুল পদক্ষেপ ছিল না, বরং ফিফা যাদের সেবার জন্য গঠিত, সেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আস্থার এক মৌলিক লঙ্ঘন ছিল এটি।

ফিফা কাউন্সিল তাদের পরবর্তী বৈঠকে একটি প্রতিবেদন উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে; বৈঠকটি অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চিঠিতে উয়েফা-র দেওয়া একটি আইনি সতর্কবার্তার কথাও তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, এই পরিকল্পনা-সংশ্লিষ্ট কোনো নথিপত্রই যেন ফিফা মুছে না ফেলে বা ধ্বংস না করে।




সালাহর বিরুদ্ধে মিসরে তার আইনজীবীর মামলা, আদালতে হাজিরের নির্দেশ

ক্রীড়া ডেস্ক : নতুন ক্লাবে যোগ দেওয়ার আনন্দ ফিকে হয়ে আসছে মোহাম্মদ সালাহর। তুরস্কের ত্রাবজোনস্পোরে ক্যারিয়ারের নতুন শুরু করতে না করতেই পুরনো আইনি ঝামেলায় পড়েছেন এই মিসরীয় ফরোয়ার্ড। বকেয়া ফি সংক্রান্ত একটি মামলায় তাকে সশরীর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে মিসরের নিউ কায়রো কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্স।

আদালতের নির্দেশে বলা হয়েছে, ২০২৫ সালের এক মামলায় আগামী ৬ সেপ্টেম্বর সালাহকে আদালতে উপস্থিত হতে হবে। আইনজীবী আমর ফারাগ আল্লাহ মোর্সি আবদেল তাওয়াবের দায়ের করা পাওনা দাবির পরিপ্রেক্ষিতেই এসেছে এ নির্দেশ।

ওই আইনজীবীর দাবি, বিগত বছরগুলোতে তিনি সালাহর পক্ষে বিভিন্ন আইনি, প্রশাসনিক ও পরামর্শমূলক কাজ করেছিলেন। সামলেছিলেন আদালতের নথিপত্রও। কিন্তু এসব কাজের বিপরীতে তার প্রাপ্য বকেয়া ফি পরিশোধ করা হয়নি।

তবে মামলার আরজিতে উল্লিখিত এসব কাজ এবং বকেয়া থাকার দাবি পুরোপুরি অস্বীকার করেছেন সালাহ। মিসরীয় তারকার এই অস্বীকৃতির সত্যতা যাচাই করতেই আদালত তাকে সশরীর হাজির হয়ে ‘শপথ’ নেওয়ার আদেশ দেন। মানে তিনি মামলার আরজিতে লিখিতভাবে যা দাবি করেছেন, সেটা সত্যি কি না, তা শপথের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

কিন্তু সালাহ যদি আদালতে হাজির হয়ে শপথ নিতে ব্যর্থ হন কিংবা উপযুক্ত কারণ ছাড়া শপথ নিতে অস্বীকৃতি জানান, তবে তাকে ‘শপথ গ্রহণে অস্বীকৃতি জানানো ব্যক্তি’ হিসেবে গণ্য করা হবে। সে ক্ষেত্রে ধরে নেওয়া হবে তিনি দাবি মেনে নিয়েছেন। তখন রায় তার বিরুদ্ধে যেতে পারে। আপাতত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় স্থগিত রেখেছেন বিচারক।

এই বিরোধের সূত্রপাত ২০২৫ সালের সেপ্টেম্বরে। বকেয়া ফি দাবি করে ওই সময়ে সালাহর বিরুদ্ধে মামলা ঠুকে দেন ওই আইনজীবী। আদালতের নথিপত্র অনুযায়ী, ২০১২ সালে সালাহর দেওয়া একটি সাধারণ অফিশিয়াল পাওয়ার অব অ্যাটর্নির ভিত্তিতে কাজ করতেন তিনি। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সেই ক্ষমতার মেয়াদ বহাল ছিল। পরে তাকে অব্যাহতি দেওয়া হয়। বকেয়া ফি না পাওয়ায় আর্থিক ও মানসিক ক্ষতিপূরণও দাবি করেছেন এই আইনজীবী।

সম্প্রতি লিভারপুল ছেড়ে তুর্কি ক্লাব ত্রাবজোনস্পোরে যোগ দিয়েছেন সালাহ। ১৫ আগস্ট কাশিমপাশার বিপক্ষে ম্যাচ দিয়ে তার তুর্কি লিগে অভিষেক হতে পারে। এরপর ৬ সেপ্টেম্বর গেনচলেরবিরলিগির বিপক্ষে আবার মাঠে নামার কথা ত্রাবজোনস্পোরের।

ঠিক একই দিনে সালাহকে মিসরের আদালতে সশরীর হাজির হতে বলা হয়েছে। ফলে ক্যারিয়ারের নতুন অধ্যায়ের শুরুতেই ভালো ঝামেলায় পড়লেন সালাহ।




ফিফার প্রস্তাব নিয়ে বাংলাদেশের অবস্থান জানালেন বাফুফে সভাপতি

ক্রীড়া ডেস্ক : ফিফার প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানিয়েছেন, প্রকল্পটিতে বাংলাদেশ কোনো আগাম সমর্থন দেয়নি। বরং বাফুফের নির্বাহী কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করার আগেই ফিফা প্রস্তাবটি বাতিল করে দেয়।

সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত এই প্রকল্পে বাংলাদেশ সমর্থন জানিয়েছিল। সেই দাবির প্রেক্ষিতেই নিজেদের অবস্থান পরিষ্কার করেন তাবিথ।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা কোনো অগ্রিম সমর্থন বা নিশ্চিতকরণ দিইনি। কোনো ব্যক্তির জন্যও দিইনি, কোনো প্রতিষ্ঠানের পক্ষেও দিইনি। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের যে প্রোগ্রাম নিয়ে সদস্য অ্যাসোসিয়েশনগুলোর মতামত চাওয়া হয়েছিল, আমাদের নির্বাহী কমিটি সেটি বিবেচনা করার আগেই ফিফা তা বাতিল ঘোষণা করেছে।”

কী ছিল ফিফার প্রস্তাবে?
প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পটি ছিল বিশ্বকাপের বাণিজ্যিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ। পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপের প্রায় ২০ শতাংশ মালিকানা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার কথা ছিল।

এর বিনিময়ে ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলো ভবিষ্যতে সর্বোচ্চ ৪০ মিলিয়ন ডলার পর্যন্ত আর্থিক সুবিধা পেতে পারত। বর্তমানে সদস্য অ্যাসোসিয়েশনগুলোর জন্য এই সুবিধার পরিমাণ প্রায় ১০ মিলিয়ন ডলার।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে বিশ্বজুড়ে ফিফার সদস্য দেশগুলোর আর্থিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা ছিল। তবে একই সঙ্গে বিশ্বকাপের মালিকানা ও ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিয়ে প্রশ্নও উঠেছিল। শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিল হলেও বিষয়টি নিয়ে আলোচনা থামেনি। বিশেষ করে ফিফা ও উয়েফার অবস্থানের পার্থক্য আন্তর্জাতিক ফুটবল প্রশাসনে নতুন বিতর্ক তৈরি করেছে।

তাবিথ আউয়ালের মতে, উয়েফার শক্ত অবস্থানের কারণে বিষয়টি এখন শুধু ফুটবল প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে ভূরাজনৈতিক বিষয়ও যুক্ত হচ্ছে। তিনি বলেন, ‘ইস্যুটা উয়েফার একটি শক্ত ভূমিকার কারণে ভূরাজনৈতিক রূপ নিচ্ছে। এ কারণে আমি মনে করি, নির্বাহী কমিটির পাশাপাশি আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলতে হবে। সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেই আমরা ভবিষ্যতে আমাদের অবস্থান জানাব।’

বাফুফে সভাপতির বক্তব্যে স্পষ্ট, আন্তর্জাতিক ফুটবলের বড় কোনো বিষয়ে তাৎক্ষণিকভাবে অবস্থান নেওয়ার বদলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে চায় বাংলাদেশ।

তাবিথের ভাষ্য অনুযায়ী, কোনো আন্তর্জাতিক প্রস্তাবের ক্ষেত্রে বাফুফের নির্বাহী কমিটিতে আলোচনা ও সিদ্ধান্তের পরই আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়। তাই কমিটির সিদ্ধান্তের আগে বাংলাদেশের সমর্থনের খবরকে বাফুফের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই।




বাংলাদেশের ক্যাম্পে যোগ দিলেন অ্যাডাম আব্বাস

ক্রীড়া ডেস্ক : বর্তমানে বাংলাদেশ সিনিয়র জাতীয় ফুটবল দলে খেলছেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। পাশাপাশি বয়সভিত্তিক দলেও আসছেন প্রবাসী ফুটবলাররা। এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলন করছে। সেই ক্যাম্পে যোগ দিয়েছেন ইংলিশ প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস।

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে উঠেছেন অ্যাডাম আব্বাস। সেখানে চার বছর তিনি ছিলেন। মূলত ম্যানইউতেই তার ফুটবলের হাতেখড়ি। ম্যানইউ থেকে পরবর্তীতে বার্নলি অনূর্ধ্ব-১৮ দলে খেলেন। ইনজুরির জন্য বার্নলির সঙ্গে চুক্তি নবায়ন হয়নি।

অ্যাডামের নানা-নানি বাংলাদেশি। তার মা ব্রিটিশ নাগরিক। বাবা জ্যামাইকান। অ্যাডামের শারীরিক গড়নেও বাবার জ্যামাইকান ধাঁচ রয়েছে। যা ফুটবলের জন্য বেশ সহায়ক।

অ্যাডাম আব্বাস আক্রমণভাগে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নিজে গোলের পাশাপাশি গোলের ভালো যোগানদাতাও। বাংলাদেশের যুব ফুটবল দলে ফরোয়ার্ড পজিশনে অ্যাডামকে ভাবছে কোচিং স্টাফ।




আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য

ক্রীড়া ডেস্কঃ ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে কেন্দ্র করে বড় ধরনের সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পুলিশের একটি ফাঁস হওয়া নিরাপত্তা নথি থেকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ওই নথিতে বিশ্বকাপ চলাকালে তারকা ফুটবলার ও রেফারিদের ওপর একাধিক মৃত্যুঝুঁকি ও আত্মঘাতী হামলার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ ও স্প্যানিশ ওয়েবসাইট ‘ইনফরমাসিওন ডট ইএস’-এর প্রতিবেদনে জানানো হয়, টুর্নামেন্ট চলাকালে সবচেয়ে বেশি হুমকির মুখে ছিলেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা দল। জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে এক ব্যক্তি ফোন করে হুমকি দেন যে, তিনি আরও দুজনকে সঙ্গে নিয়ে গ্রেনেড ও এআর-১৫ রাইফেলসহ স্টেডিয়ামে হামলা চালাবেন। ওই ব্যক্তি সরাসরি মেসিকে হত্যার হুমকি দিয়েছিলেন।

অনুরূপ ঘটনা ঘটে মিশর বনাম আর্জেন্টিনা ম্যাচের আগেও। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক সন্দেহভাজন পোস্ট করেন যে, তিনি শরীরের চারদিকে বোমা বেঁধে আটলান্টা স্টেডিয়ামে ঢুকে মেসির ওপর আত্মঘাতী হামলা চালাবেন। ওই ম্যাচের সময় স্টেডিয়ামের ডাস্টবিনগুলোতে তিনটি বোমা রাখা আছে বলে পুলিশের কাছে একটি ফোন আসে, যার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়।

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও ছিলেন লক্ষ্যবস্তুর তালিকায়। ফিফার এক কর্মী জানান, এক রহস্যময় ব্যক্তি রোনালদোর হোটেলের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছিলেন। এমনকি এক ভক্ত পুলিশের চোখ এড়িয়ে রোনালদোর হোটেলের লিফটে ওঠার চেষ্টা করেন। পরে জিজ্ঞাসাবাদের মুখে ওই ব্যক্তি জানান, তিনি কেবল একটি সেলফি তুলতে চেয়েছিলেন।

খেলোয়াড়দের পাশাপাশি ম্যাচ রেফারিরাও উগ্র সমর্থকদের তোপের মুখে পড়েন। আর্জেন্টিনা-মিশর ম্যাচের সিদ্ধান্তের জেরে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাটেক্সিয়ারকে হোয়াটসঅ্যাপে ৬ হাজারেরও বেশি হুমকিবার্তা পাঠানো হয়। একই সঙ্গে ভিডিও রেফারি (ভিএআর) উইলি দেলাজোদকেও খুনের হুমকি দেন ক্ষুব্ধ মিশরীয় সমর্থকরা।

নথিতে আরও উঠে এসেছে যে, ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে খেলোয়াড়দের ওপরও নেমে আসে মৃত্যুঝুঁকি। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সুযোগ নষ্ট করায় নরওয়ের আলেকজান্ডার সরলথ ও কলম্বিয়ার ঝন জামিনতন কাম্পাজকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় কলম্বিয়ান ফুটবলার কাম্পাজ ভয়ে নিজ দেশের জাতীয় দলের সঙ্গে ফিরে যেতেও অস্বীকৃতি জানান। এই ঘটনাটি ১৯৯৪ সালে আত্মঘাতী গোল করার অপরাধে কলম্বিয়ান ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার হত্যাকাণ্ডের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়।

নিরাপত্তার এই নাজুক পরিস্থিতির কারণে ইংল্যান্ডের মিডিয়া সেন্টারকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছিল। তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী, স্নাইপার-প্রতিরোধী পর্দা এবং ড্রোন হামলা ঠেকাতে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছিল। এসব হুমকির কারণে ওই আসরটিকে ইতিহাসের অন্যতম সুরক্ষিত বিশ্বকাপ হিসেবে বর্ণনা করা হয়েছে।




ভিসা আবেদনে তথ্য গোপন, দুই বছর নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক : ভিসা আবেদনের সময় বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার হামজা নাজারকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি আর্থিক জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবি জানায়, বোর্ডের মাধ্যমে বিদেশ সফরের জন্য ভিসা আবেদনের সময় হামজা নাজার যে তথ্য ও নথিপত্র জমা দিয়েছিলেন, সেগুলো নিয়ে তদন্ত চালানো হয়। তদন্তে উঠে আসে, আবেদনপত্রে তিনি সম্পূর্ণ ও সঠিক তথ্য দেননি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্যও উপস্থাপন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

ঘটনার সত্যতা যাচাই করতে পিসিবি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত চলাকালে হামজা নাজারকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেয়া হয়। তার বক্তব্য, জমা দেয়া নথি এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ বিশ্লেষণের পর কমিটি একটি প্রতিবেদন তৈরি করে বোর্ডের কাছে জমা দেয়। সেই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পিসিবি জানিয়েছে, আগামী দুই বছর হামজা নাজার ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটে অংশ নিতে পারবেন না। পাশাপাশি তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও গুনতে হবে।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ভিসা আবেদনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ায় ভুল তথ্য প্রদান, তথ্য গোপন করা কিংবা বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়ার বিষয়কে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। এ ধরনের আচরণ পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে প্রত্যাশিত সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি রক্ষা করা বোর্ডের অন্যতম দায়িত্ব। কোনো খেলোয়াড় বা সংশ্লিষ্ট ব্যক্তির আচরণের কারণে দেশের ক্রিকেট কিংবা কোটি সমর্থকের আস্থার ক্ষতি হোক, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।




ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

ক্রীড়া ডেস্ক : দাপুটে এক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। শুক্রবার দক্ষিণ আফ্রিকার ইরেনে কাউন্ট্রি ক্লাব মাঠে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা লড়াইয়ে জায়গা করে নিয়েছে টাইগাররা।

এই জয়ে চার ম্যাচে দুই জয় থেকে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল ইউএসএসএ। ডেভিড টীগারের ৫৭ বলে ৭২ এবং লুডউইচ স্কুল্ডের ৫৭ বলে ৫১ রানের ইনিংসে একসময় দলটির সংগ্রহ ছিল ১ উইকেটে ১২৬ রান। তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের বোলাররা। শেষ ৯ উইকেট মাত্র ৪০ রানের মধ্যে হারিয়ে ১৬৬ রানে অলআউট হয় ইউএসএসএ।

বাংলাদেশের হয়ে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৪টি উইকেট নেন। আমিনুল ইসলাম বিপ্লব ও রহনতদৌলা বর্ষণ দুটি করে এবং ইকবাল হোসেন ইমন ও সামিউন বশির রাতুল একটি করে উইকেট শিকার করেন।

১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন (৮) ও হাবিবুর রহমান সোহান (০) দ্রুত ফিরলেও এরপর ইনিংস সামাল দেন শাহাদাত হোসেন দিপু ও ইফতিখার হোসেন ইফতি। ইফতি ১৭ রান করে বিদায় নেওয়ার পর ইরফান শুক্কুরকে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন দিপু।

শুক্কুর ৩৯ বলে অপরাজিত ৫৮ এবং দিপু ৫৬ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেললে ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ইমার্জিং দল।

অন্যদিকে, টুর্নামেন্টে চারটি ম্যাচের সবকটিতে হেরে কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিয়েছে ইউএসএসএ। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে এবং বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে।




কবে ফিরছেন শরিফুল জানাল বিসিবি

ক্রীড়া ডেস্ক : চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না শরিফুল ইসলাম। তবে বাংলাদেশ দলের জন্য সুখবর পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়েও দ্রুত উন্নতি করছেন বাঁহাতি এই পেসার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সিরিজের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে জায়গা পেতে পারেন তিনি।

জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ের গ্রেড-১ চোটে আক্রান্ত হয়ে দেশে ফিরতে হয়েছিল শরিফুলকে। বিশ্রাম শেষে গত ২৯ জুলাই থেকে মিরপুরে বোলিং অনুশীলন শুরু করেন তিনি। ধাপে ধাপে তার বোলিংয়ের চাপ বা ওয়ার্কলোড বাড়ানো হচ্ছে।

বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, ফিটনেস পরীক্ষার নির্ধারিত সময়ও এগিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, ‘টেস্ট ম্যাচের জন্য যে পরিমাণ বোলিং ওয়ার্কলোড দরকার, সেটি পূরণ না হলে তাকে ছাড়তে পারছি না। ফিটনেস কোনো সমস্যা নয়, মূল বিষয় হলো ওয়ার্কলোড। আবহাওয়া অনুকূলে থাকলে ১০ আগস্টই তার ফিটনেস পরীক্ষা নেওয়া হতে পারে। না হলে ১১ বা ১২ আগস্ট নেওয়া হবে।’

তিনি আরও জানান, শরিফুল এখন শতভাগ তীব্রতায় বোলিং করতে পারছেন। বোলিংয়ে কোনো সমস্যা হচ্ছে না। সে ভালো বোলিং করছে এবং ইনটেনসিটিও শতভাগ।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচেই জাতীয় দলে ফিরতে পারেন ২৫ বছর বয়সী এই বাঁহাতি পেসার।




দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে তদন্তের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে সিউল পুলিশ।

পুলিশ কেএফএর কার্যালয়ে তল্লাশির পর বেশ কিছু নথি জব্দ করেছে। সাবেক কোচ হং মিয়ং-বোর নিয়োগ কাজে বাধা দেওয়ার অভিযোগের তদন্ত চলছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।

৫৭ বছর বয়সী হং গত জুনে পদত্যাগ করেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ৪৮ দলের বিশ্বকাপে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে হেরে বিদায় নেয় দক্ষিণ কোরিয়া।

২০২৪ সালে হংকে নিয়োগ দেওয়ার পর থেকেই কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে দলটি শেষ ৩২-এর নকআউট পর্বে উঠতে ব্যর্থ হওয়ার পর সেই সমালোচনা আরও তীব্র হয়েছে।

সিউল পুলিশ জানিয়েছে, আর্থিক অপরাধ তদন্তকারীরা হং মিয়ং-বোকে নিয়োগের সময় কাজে বাধা দেওয়ার মতো কোনো অভিযোগ ছিল কি না, তা খতিয়ে দেখছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেএফএর ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যন্তরীণ নিয়ম লঙ্ঘন করে হংকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় অনুচিতভাবে হস্তক্ষেপ করেছিলেন কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ২০২৬ বিশ্বকাপের দলটিকে “সোনালি প্রজন্ম” হিসেবে আখ্যায়িত করেছিল। সাবেক টটেনহ্যাম হটস্পার তারকা সন হিউং-মিন, বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার কিম মিন-জে এবং সাবেক প্যারিস সেইন্ট-জার্মেই মিডফিল্ডার লি কাং-ইনকে নিয়ে গড়া দলটির কাছ থেকে ছিল অনেক প্রত্যাশা।

জুলাইয়ের শেষ দিকে আইনপ্রণেতাদের একটি কমিটির সামনে হাজির করা হয় হংকে। সেখানে তিনি দলের বাজে পারফরম্যান্সের পুরো দায় নিজের কাঁধে নেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং এক বিবৃতিতে দলের ব্যর্থতার জন্য নেতৃত্বের পর্যায়ে নিয়োগ পাওয়া অযোগ্য ব্যক্তিদের দায়ী করেন। তার বক্তব্যে দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে আনুগত্য ও গোষ্ঠীবাদ প্রভাব ফেলছে বলেও ইঙ্গিত ছিল।

এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে কেএফএ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধে সনকে বেঞ্চে রাখার হংয়ের সিদ্ধান্ত অনেক সমর্থককে হতবাক ও ক্ষুব্ধ করেছিল।

জুনে বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে হংকে সমর্থকদের “হং আউট!” স্লোগান ও দুয়োধ্বনি শুনতে হয়। তার পেছনে বিমানবন্দর থেকে বেরিয়ে আসা খেলোয়াড়দের অবশ্য সমর্থকরা করতালি দিয়ে স্বাগত জানান। কী ভুল হয়েছিল, তা বুঝতে নিজেরও সমস্যা হচ্ছে বলে স্বীকার করেছিলেন হং।

গত মাসের সংসদীয় শুনানিতে আইনপ্রণেতারা আরও অভিযোগ তোলেন যে হংয়ের বেতন ছিল ৩৮০ কোটি ওন (২৬ লাখ মার্কিন ডলার)। জাতীয় দলের কোচদের ক্ষেত্রে যা তুলনামূলকভাবে উচ্চপর্যায়ের বেতন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তখন হং দাবি করেছিলেন, এই অঙ্কটি সঠিক নয়। তবে প্রকৃত বেতনের পরিমাণ প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানান।




দুর্দান্ত কামব্যাক মেসির: জোড়া গোল ও রেকর্ড গড়ে মায়ামির জয়

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের পর মাঠে ফিরে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন লিওনেল মেসি। লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল এবং এক অ্যাসিস্টের সুবাদে এই ম্যাচে অনন্য এক রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল মায়ামি। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ফ্লোরিডার ক্লাবটি। ১২ মিনিটে দারুণ এক ভলিতে সমতা ফেরান মেসি। এরপর প্রথমার্ধে আরও একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করান তিনি। দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এই জোড়া গোলের সুবাদে লিগস কাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। ২০২৩ সাল থেকে টুর্নামেন্টটি নতুন রূপে শুরুর পর মাত্র ১২ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন তিনি। পেছনে ফেলেছেন লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার ১৩ গোলকে। এর মধ্যে ৫ ম্যাচেই জোড়া গোল করার কীর্তি গড়েছেন মেসি। ২০২৩ সালে মায়ামিতে যোগ দিয়েই দলকে শিরোপা এনে দেওয়া এই তারকা এবারও দলকে শিরোপার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।