এক দশকের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজের বহুল আলোচিত বিয়ে নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৮ আগস্ট পর্তুগালের মাদেইরা দ্বীপে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন এই তারকা জুটি।

প্রতিবেদন অনুযায়ী, মাদেইরার রাজধানী ফুঞ্চালের ঐতিহাসিক ক্যাথেড্রালে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর শহরের বিলাসবহুল পাঁচতারা সাভয় প্যালেস হোটেলে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রোনালদো ও জর্জিনা ২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন। দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর গত বছর তাদের বাগদান সম্পন্ন হয়। সম্প্রতি মায়োর্কায় অবকাশযাপনের সময় দুজনকে হীরার আংটি পরিহিত অবস্থায় দেখা গেলে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।
এর আগে সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, জীবনের সঠিক সময়ে তিনি জর্জিনাকে বিয়ে করতে চান। তিনি আরও বলেন, জর্জিনাই সেই নারী, যার সঙ্গে তিনি ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছেন।

তবে বিয়ের খবর নিয়ে ব্যাপক আলোচনা চললেও এখন পর্যন্ত রোনালদো কিংবা জর্জিনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে ভক্তদের অপেক্ষা করতে হচ্ছে এই বহুল প্রতীক্ষিত আয়োজনের বিষয়ে চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য।




রেসলিং থেকে অবসরের ঘোষণা দিলেন ব্রক লেসনার

ক্রীড়া ডেস্ক : রিংয়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন রেসলিং কিংবদন্তি ‘দ্য বিস্ট’ ব্রক লেসনার। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ভাঙা-গড়ার পর পেশাদার রেসলিং থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ডব্লিউডব্লিউইর ১০ বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন ও সাবেক ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন।

মঙ্গলবার জনপ্রিয় ‘দ্য প্যাট ম্যাকাফি শো’-তে হাজির হয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানান ৪৯ বছর বয়সী এই রেসলিং কিংবদন্তি। নিশ্চিত করেন, গত শনিবার ডব্লিউডব্লিউই সামারস্লামের মঞ্চে ওবা ফেমির বিরুদ্ধে অনুষ্ঠিত ‘হেল ইন আ সেল’ ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ লড়াই।

অবসরের আবেগঘন মুহূর্তে লেসনার বলেন, আমি আজ পুরো বিশ্বকে জানাতে এসেছি যে, আমি আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছি। শনিবারের রাতটি আমার জন্য অত্যন্ত আবেগের ছিল। রেসলিং রিং হোক কিংবা অন্য কোনো লড়াইয়ের আঙিনা— আমার পথচলা এখানেই শেষ।

চলতি বছরের রেসলম্যানিয়ায় ওবা ফেমির কাছে হেরে যাওয়ার পর রিংয়ের মাঝে নিজের বুট ও গ্লাভস খুলে রেখে প্রস্থান করেছিলেন লেসনার। সেই সময়ই তার বিদায়ের জল্পনা তুঙ্গে ওঠে। তবে লেসনারের মতে, ভেতরে তখনও লড়াইয়ের কিছু আগুন বাকি ছিল।

শেষপর্যন্ত নিজের ঘরের মাঠ মিনিয়াপোলিসে সামারস্লামের ম্যাচটি দিয়েই চিরবিদায়ের মহারণ সাজান তিনি।

পেশাদার রেসলিংয়ে বিশ্বজয়ের আগেই অপেশাদার রিঙে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন এই মার্কিন তারকা। ২০০০ সালে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের হয়ে এনসিএএ ডিভিশন ওয়ান জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দুইবার অল-আমেরিকান ও বিগ টেন চ্যাম্পিয়ন হন তিনি।

২০০২ সালে ডব্লিউডব্লিউইতে নেমেই একের পর এক তাণ্ডব শুরু করেন। মাত্র ২৫ বছর বয়সে মহা-তারকা দ্য রককে হারিয়ে সর্বকনিষ্ঠ হিসেবে জেতেন বিশ্ব শিরোপা।

ক্যারিয়ারে ১০টি ওয়ার্ল্ড টাইটেল ছাড়াও দুটি রয়্যাল রাম্বল, ২০০২ সালের ‘কিং অব দ্য রিং’ এবং ২০১৯ সালের ‘মানি ইন দ্য ব্যাংক’ জয়ের নজির গড়েন তিনি। তবে ২০১৪ সালের রেসলম্যানিয়ায় ‘দ্য আন্ডারটেকার’-এর টানা ২১ ম্যাচের ঐতিহাসিক অপরাজিত স্ট্রাইক চুরমার করে দেওয়াকেই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও আলোচিত অর্জন মনে করা হয়।

রিংয়ের বাইরেও সাফল্য ধরা দিয়েছে এই মহাতারকার হাতে। ২০০৪ সালে এনএফএলে মিনেসোটা ভাইকিংসের হয়ে আমেরিকান ফুটবল খেলার চেষ্টা করলেও মূল দলে জায়গা হয়নি। তবে ২০০৭ সালে মিক্সড মার্শাল আর্টসে (এমএমএ) নাম লেখানোর পর নিজের মাত্র চতুর্থ ম্যাচেই র‌্যান্ডি কুতুরকে হারিয়ে ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন সেজে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন। ২০১৬ সালে ইউএফসি ২০০-তে মার্ক হান্টের বিপক্ষে শেষবার খাঁচায় লড়াইয়ে নেমেছিলেন তিনি।

বিদায়বেলায় নিজের শিকড়কে ভোলেনি এই মহাতারকা। কৃতজ্ঞতা প্রকাশ করে লেসনার বলেন, আমি সাউথ ডাকোটার এক অতি সাধারণ কৃষক পরিবারের সন্তান ছিলাম। বুনেছিলাম বড় স্বপ্ন, আর কেবল কঠোর পরিশ্রম করে গেছি। এই জীবনে যা কিছু অর্জন করতে পেরেছি, তার জন্য সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞ।




অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারে: হান্নান সরকার

ক্রীড়া ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর অবস্থানে অস্ট্রেলিয়া তো এমনি এমনি হয়নি। ঘরের মাঠে গত আড়াই বছরে ১৫ টেস্টের মধ্যে জিতেছে ১১টিতেই। অজিদের তাদের ডেরায় হারাতে তাই করতে হবে বিশেষ কিছুই। হান্নান সরকারের মতে, ‘অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারে।’

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে দলে থাকা কোনো ক্রিকেটারেরই অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। এর মধ্যে ইনজুরির কারণে পেসার নাহিদ রানাকে না পাওয়ায় বড় ধাক্কা খেয়েছে দল। এ অবস্থায় পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে থাকছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ এবং অভিষেকের অপেক্ষায় থাকা মুশফিক হাসান।

মিরপুরে মঙ্গলবার (৪ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হান্নান বলেন, ‘৭০ রানে ৭ উইকেট! আমার মনে হয় এটা কঠিন। অসম্ভবই বলব। কারণ, এই কন্ডিশনে আমাদের যারা বোলিং করছে, তারা কখনো খুব বেশি বোলিং করেছে আমি বলব না। যেমন ইবাদত, খালেদ, তাসকিন যারাই আছে, এমনকি মুশফিকের কথা যদি বলি। পেস বোলারদের কথাই বিশেষ করে বলতে হচ্ছে।’

হান্নান উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান ব্যাটিং লাইনআপের কথাও। বাংলাদেশ সিরিজের দলে থাকা ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, অ্যালেক্স ক্যারিরা এ বছরের শুরুতে অ্যাশেজে ভালো ব্যাটিং করেছেন। হেড ঘরের মাঠে অ্যাশেজে সর্বোচ্চ ৬২৯ রান করেছেন। তিনটি ফিফটির তিনটিকেই সেঞ্চুরিতে পরিণত করেছেন। হান্নান বাস্তবতা মেনে নিচ্ছেন। একই সঙ্গে তার আশা, তাসকিনরা চাইলে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিতে পারেন।

মিরপুরে আজ সাংবাদিকদের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ বলেন, ‘৭০ রানে ৭ উইকেট অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইনআপ, সেই ব্যাটিং লাইনআপের বিপক্ষে আমার মনে হয় যে অস্ট্রেলিয়াকে আউট করা, ৭০ রানে আউট করা খুবই কঠিন। তবে ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। যদি এটা হয় তাহলে স্বপ্নপূরণের মতোই মনে হবে আমার কাছে।’

ডারউইন ও ম্যাকের মতো অচেনা দুই ভেন্যুতে বাংলাদেশ এবার খেলছে টেস্ট সিরিজ। এই ভেন্যুতে ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার কাছে ইনিংসে হেরেছিল বাংলাদেশ। এই ডারউইনে সর্বসাকল্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ ম্যাচ হয়েছে। অচেনা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই বাংলাদেশ দল আগেভাগেই চলে গেছে। ডারউইনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় দেখা গেছে, কতটা কঠোর অনুশীলন করছেন ক্রিকেটাররা। ব্যাটার, পেসার, স্পিনার প্রত্যেকেই নেটে নিজেদের সেরাটা দিচ্ছেন।

হান্নানের মতে অস্ট্রেলিয়ায় ভালো করতে হলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ বলেন, ‘এ ধরনের পেস কন্ডিশনে কিন্তু বোলিং করার আলাদা একটা অভিজ্ঞতা প্রয়োজন। কোন লেংথে করতে হবে এবং কোন লেংথে থেকে কীভাবে ব্যাটারকে বিট করতে হবে। তাই ঐতিহ্যগত লেংথ আর এই কন্ডিশনের লেংথ কিন্তু আলাদা হয়। তাই এখানে মানিয়ে নেওয়াটা জরুরি।’

২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাঠে দুই টেস্ট বাংলাদেশ খেলেছিল খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে। সেই দলে ছিলেন হান্নান-হাবিবুল বাশার সুমনরা ছিলেন। সেই সুমন বর্তমানে বিসিবির প্রধান নির্বাচক। সেবার দুটি টেস্টই বাংলাদেশ হেরেছিল ইনিংসে। ডারউইন টেস্ট শেষ হয়েছিল চার দিনে। আর কেয়ার্নস টেস্টের ফল এসেছিল তিন দিনেই। আর সবশেষ মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন তাইজুল। সেই সিরিজে ১১ ও ৯ উইকেট নিয়েছেন রানা ও মিরাজ। যে রানা এবার নেই অস্ট্রেলিয়া সিরিজে।

প্রত্যেক দিনের পরিস্থিতি যাচাই করে বাংলাদেশের খেলা উচিত বলে মনে করেন হান্নান। আজ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মনে হয় যে পাঁচ দিন পর্যন্ত খেলা নিব, এটা চিন্তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক দিনেরটা আলাদাভাবে চিন্তা করা। উইকেটটা কেমন আচরণ করছে,সেটা দেখার পরে সেই দিনটা কীভাবে আমরা কাজে লাগাতে চাই। উদাহরণ হিসেবে আমরা ধারণা করছি হয়তো খুব বাউন্স হবে। দেখা গেল ডারউইনের উইকেটে একদম ট্রু বাউন্স যেখানে এক্সট্রা বাউন্সটা নেই, সেখানে হয়তো আমরা নরমাল শটস খেলতে পারি।’

বোলারদের ফাঁদে যেন ব্যাটাররা না পড়েন, সেদিকেও সতর্ক করেছেন হান্নান। মিরপুরে আজ তিনি বলেন, ‘আমি ছাড়ার যে বিষয়টা বললাম, এখানে বিশ্বমানের বোলার যারা তারা কিন্তু লোভনীয় বল করে। মানে একদম মনে হয় যে হাফভলি বল। কিন্তু আসলে হাফভলি না। একটু দূরে ফেলা হয় এবং বাড়তি বাউন্সের সঙ্গে মুভমেন্ট থাকে। সেই জায়গায় বল ছাড়াটা, ওই ড্রাইভিং স্লটের বলটা ছাড়াটা খুব জরুরি। যদি আমি প্রচুর শট খেলতে থাকি, টেস্ট ক্রিকেটে যেটা হয়—একটা বোলার কিন্তু চায় তাকে তিনটা চারে মেরে ব্যাটার আউট হয়ে যাক। ব্যাটাররা যদি সেই লোভটা সামলাতে না পারে, তাহলেই কিন্তু একটা-দুইটা চার মেরে শটস খেলে আউট হয়ে যাওয়ার ভয়টা চলে আসে। সেই জায়গা থেকে আমাদেরকে রান করার ব্যাপারে ভাবতে হবে।’

২০২৩ সালের ডিসেম্বরে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছিল অস্ট্রেলিয়া। তখন থেকে শুরু করে নিজেদের ডেরায় ১৫ টেস্টের মধ্যে অজিরা জিতেছে ১১ ম্যাচ। অজিরা এই সময়ে হেরেছে তিন টেস্ট। এক টেস্ট ড্র হয়েছে।

ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকেতে ২২ আগস্ট দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।




মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সাব্বির

ক্রীড়া ডেস্ক : মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে আলোচিত তারকা হলেন সাব্বির রহমান রুম্মন।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যানকে তরুণদের সঙ্গে সুযোগ দেওয়া হয়েছে এই সিরিজে। দলের নেতৃত্বে থাকছেন এসএম মেহেরব হোসেন অহিন।

স্কোয়াডে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার। এই সিরিজের মাধ্যমে তাদের আন্তর্জাতিক পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ তৈরি হবে।

মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ৮ আগস্ট এবং দ্বিতীয় ও শেষ ম্যাচ ১০ আগস্ট। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশ হাই পারফরম্যান্স টি-টোয়েন্টি স্কোয়াড: জিসান আলম, জাওয়াদ আবরার, এসএম মেহেরব হোসেন অহিন (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।




নাহিদ রানা ঢাকায়, তাসকিনের জন্য কী ‘ওষুধ’ অস্ট্রেলিয়ার চিকিৎসকের

ক্রীড়া ডেস্ক : নাহিদ রানার সাম্প্রতিক চোট সাইড স্ট্রেইন হলেও তাঁর শিনবোনেও ব্যথা আছে। ওদিকে অনেক দিন ধরে কাঁধের সমস্যায় ভোগা তাসকিন আহমেদকে যন্ত্রণা দিচ্ছে গোড়ালির বেড়ে যাওয়া হাড়ও।

বাংলাদেশ দলের দুই পেসার তাঁদের সমস্যাগুলো নিয়ে সম্প্রতি পার্থে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। এরপর তাসকিন চলে গেছেন ডারউইনে, আজ সেখানে টেস্ট দলের সঙ্গে অনুশীলনও করেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরের দলে না থাকা নাহিদ আজ ফিরে এসেছেন দেশে।

সাইড স্ট্রেইনের সমস্যা সময়ের সঙ্গে সঙ্গে সেরে যাবে। নাহিদের অস্ট্রেলিয়া যাওয়ার মূল উদ্দেশ্য ছিল শিনবোনের ব্যথা। ওষুধের ব্যবস্থাপত্র নিয়ে তিনি দেশে ফিরলেও ব্যথার বিষয়ে পার্থের চিকিৎসকের চূড়ান্ত মতামত এখনো পায়নি বিসিবির মেডিক্যাল বিভাগ। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এক–দুই দিনের মধ্যে অস্ট্রেলিয়ায় করানো স্ক্যান রিপোর্ট হাতে পাবেন তাঁরা। এরপরই জানা যাবে নাহিদের ব্যথার কারণ, ঠিক হবে নিরাময়প্রক্রিয়া।

ওয়ার্কলোড ম্যানেজ করে কাঁধের ব্যথা নিয়ে খেলে যাচ্ছেন তাসকিন। তবে বেশ কিছুদিন ধরে তিনি বেশি ভুগছেন ডান পায়ের গোড়ালির হাড় বেড়ে যাওয়ার ব্যথায়। এ ধরনের সমস্যা থেকে মুক্তির সম্ভাব্য একটি উপায় অস্ত্রোপচার। কিন্তু অস্ত্রোপচারে সমস্যার সমাধান সব সময় তো হয়ই না, খেলোয়াড়দের ক্ষেত্রে অনেক সময় ক্যারিয়ারটাই পড়ে যেতে পারে হুমকির মুখে।

আর এ ধরনের অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে অনেক সময় বছরখানেক সময় লেগে যায়। তাসকিন একজন পেস বোলার, ৩১ বছর বয়সে এসে গোড়ালির অস্ত্রোপচার তাঁর জন্য ভালো কিছু না–ও বয়ে আনতে পারে।

গোড়ালির বেড়ে যাওয়া হাড় কেটে ফেলার ব্যাপারে তাই পুরোনো সিদ্ধান্তেই আছেন তাসকিন—অস্ত্রোপচারের ঝুঁকিপূর্ণ পথে যাবেন না। অস্ট্রেলিয়ার চিকিৎসকের পরামর্শও একই। ব্যথামুক্ত থেকে খেলা চালিয়ে যেতে এত দিনের মতো বিকল্প পন্থাতেই থাকতে হবে তাসকিনকে।

কাঁধ আর গোড়ালির ব্যথার কারণে এমনিতেই তাসকিন বিশ্রাম নিয়ে খেলেন। এ কারণে ম্যাচের মধ্যেও দুই স্পেলের মাঝের সময়ে তাঁর ফিল্ডিং পজিশন নিয়ে অনেক সময় কৌশলী থাকতে হয় অধিনায়ককে। এ ছাড়া নরম জুতা পরা, গোড়ালিকে আরাম দিতে জুতার ভেতর হিল কুশন ব্যবহার, প্রয়োজনে জুতার ভেতরের কাঠামো বিশেষভাবে বদলে ফেলা—এসবই ‘ওষুধ’ হিসেবে থাকছে তাসকিনের জন্য।




ফিফা সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি উয়েফার

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা ইস্যুতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে উয়েফা। পাশাপাশি, এই বিতর্কিত প্রস্তাবের সঙ্গে সম্পর্কিত কোনো নথিপত্র যাতে নষ্ট না করা হয়, সে বিষয়েও তাকে সতর্ক করা হয়েছে।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জশুয়া কুশনার, গ্রেগ মাফি, জেপি মরগান এবং ওপেন ইকোনমিক্স-এর কাছেও চিঠি পাঠিয়েছে। এতে তাদের জানানো হয়েছে, স্থগিত হয়ে যাওয়া ওই প্রস্তাবের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কারণে সংস্থাটি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

ইএসপিএন ইনফান্তিনোর উদ্দেশ্যে পাঠানো নথিপত্র সংরক্ষণ সংক্রান্ত একটি চিঠির একটি কপি সংরক্ষণ করেছে। চিঠতে প্রমাণাদি ধ্বংস করা থেকে বিরত থাকার আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে।

ব্যাপক সমালোচনার মুখে ইনফান্তিনো বিশ্বকাপের মালিকানার একাংশ বিক্রির প্রস্তাবটি বাতিল করেছিলেন। ইনফান্তিনো কুশনার পরিবারসহ বিভিন্ন বেসরকারি বিনিয়োগকারীর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি কোম্পানি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তবে মঙ্গলবার সেই ঘোষণার পর থেকেই এর বিরুদ্ধে তীব্র আপত্তি ও সমালোচনা বাড়তে থাকে।

এর আগে শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে ইনফান্তিনো জানান, এই প্রস্তাবটি আর এগোবে না। এর আগের দিন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা-র ৫৫টি সদস্য দেশ ওই প্রস্তাবের প্রতিবাদে বিশ্বকাপ ও ফিফার অন্যান্য সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পরই তার এই ঘোষণাটি এল।

ফিফার দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই পরিকল্পনার সমালোচনা করেন; তাদের মধ্যে একজন প্রেসিডেন্টের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন এবং অন্যজন জানান, এই প্রকল্পের বিষয়ে কর্মীদের বিভ্রান্ত করা হয়েছিল। ফিফার বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্ট যেমন বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপ পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি অঙ্গপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা ইনফান্তিনো করেছিলেন। এই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ২০২৭ সালের মার্চে ফিফা প্রেসিডেন্ট হিসেবে তার প্রত্যাশিত পুনর্নির্বাচন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।




রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে বাংলাদেশের শিমুর স্বর্ণ জয়

ক্রীড়া ডেস্ক : প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের আরচ্যার সীমা আক্তার শিমু। টঙ্গীর আরচ্যারি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিমু ও মালয়েশিয়ার মোহাম্মদ দানিশের জুটিতে গড়া ‘আজালিয়া’ দল ৬-০ সেটে প্রতিপক্ষ ‘ব্লুবেল’ দলকে পরাজিত করে এই গৌরব অর্জন করে।

একই ইভেন্টের ব্রোঞ্জপদক নির্ধারণী লড়াইয়ে প্রিমরোজ দল ডালিয়া দলকে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করেছে।

এদিকে প্রতিযোগিতার রিকার্ভ অনূর্ধ্ব ১৮ মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘লিলি’ দল। ফাইনালে লিলি দলের দুই প্রতিযোগী অ্যাঞ্জেলা ফিলিপ অ্যালেক্সিস এবং রুদ্র কুমার ৬-০ সেটে জয়লাভ করেন মোনা আলশারা ও দ্যানেশ বালাজি চেরালের বিপক্ষে। এই বিভাগে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জপদক জিতেছে ‘পিওনি’ দল।




বিশ্বকাপ ফাইনালের ১৩ দিন পর মাঠে মেসি, নেমেই হতবাক করলেন

ক্রীড়া ডেস্ক : স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ১-০ ব্যবধানে পরাজয়ের হতাশা কাটিয়ে ১৩ দিন পর আবারও মাঠে ফিরলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে প্রত্যাবর্তনের ম্যাচে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে দর্শকদের বিস্মিত করেন তিনি। শেষ পর্যন্ত মেজর লিগ সকারে (এমএলএস) কলাম্বাস ক্রুর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।

ঘরের মাঠ নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৫৩তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের পরিবর্তে মাঠে নামেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। ষষ্ঠ বিশ্বকাপ শেষে প্রথমবার মাঠে নামায় দর্শকদের উষ্ণ অভ্যর্থনা পান তিনি। মাঠে নামার মাত্র তিন মিনিট পরই গোল করার দারুণ সুযোগ পান মেসি। পেনাল্টি বক্সের ডান পাশে লুইস সুয়ারেজের বাড়ানো বল থেকে বাঁ পায়ের শক্তিশালী শট নিলেও বল অল্পের জন্য পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। নিশ্চিত গোলের সেই সুযোগ নষ্ট হওয়ায় গ্যালারিতে উপস্থিত সমর্থকেরা হতবাক হয়ে যান।

ওই সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচে ৩-১ ব্যবধানে এগিয়ে যেতে পারত ইন্টার মায়ামি। এর আগে প্রথমার্ধে লুইস সুয়ারেজের নৈপুণ্যে দুই গোলের লিড নেয় স্বাগতিকরা। প্রথমে নিজেই গোল করেন উরুগুইয়ান এই ফরোয়ার্ড। পরে নোয়াহ অ্যালেনকে দিয়ে দলের দ্বিতীয় গোলটি করান তিনি।

তবে বিরতিতে দুই গোলের ব্যবধান ধরে রাখতে পারেনি মায়ামি। প্রথমার্ধেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর আত্মঘাতী গোলে ব্যবধান কমায় কলাম্বাস। এরপর ৮৪তম মিনিটে ব্রাইস মেন্দেজের ফ্রি-কিক থেকে সমতা ফেরায় সফরকারীরা। ফলে পূর্ণ তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় ইন্টার মায়ামিকে।

মেসির ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দে পলও এদিন শুরুর একাদশে ছিলেন। বিশ্বকাপের পর বিশ্রামে থাকায় শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে তারা কেউ খেলেননি। এমএলএস অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় সম্ভাব্য নিষেধাজ্ঞা থেকেও তারা অব্যাহতি পান। চলতি সপ্তাহেই অনুশীলনে ফেরেন মেসি ও দে পল। মেসি সর্বশেষ গত ২৪ মে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলেছিলেন।

ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে ইন্টার মায়ামি। এখন দলটির লক্ষ্য লিগস কাপ। আগামী বুধবার নু স্টেডিয়ামে অ্যাতলেটিকো দে সান লুইসকে আতিথ্য দেবে তারা। এরপর নকআউট পর্বে ওঠার লড়াইয়ে মন্টেরে ও লিওঁনের মুখোমুখি হবে মেসির দল।




অস্ট্রেলিয়া সফরের জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : প্রায় আড়াই দশক পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০০৩ সালের সফরের পর এই প্রথম সেখানে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে অংশ নেবে টাইগাররা। শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল।

সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ১৩ আগস্ট ডারউইনে মাঠে গড়াবে প্রথম টেস্ট। দুই ম্যাচের এই সিরিজের শেষ লড়াই শুরু হবে ২২ আগস্ট, ম্যাকাইয়ে।

যদিও বহুল প্রতীক্ষিত এই সফরের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ শিবির। সাইড স্ট্রেনের চোটে আক্রান্ত হওয়ায় পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন গতিময় পেসার নাহিদ রানা। তার অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

প্রথম টেস্টের দলে নেই উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস এবং বাঁহাতি পেসার শরীফুল ইসলামও। দুজনই চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন। সবকিছু ঠিক থাকলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তাদের মাঠে দেখা যেতে পারে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সেই লড়াইয়ে একমাত্র জয়ের স্মৃতি ২০১৭ সালে মিরপুরে। অন্য পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই ইনিংস ব্যবধানে হার মানতে হয়েছে টাইগারদের। তাই দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মাটিতে এবার অতীতের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় রচনার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।




টানা পঞ্চমবার সাফের সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ক্রীড়া ডেস্ক : টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন।

শনিবার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফের কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংস্থাটির সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের এই সাবেক তারকা ফুটবলার।

জানা যায়, সাফের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। ফলে নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে গঠনতন্ত্র অনুযায়ী কোনো ভোটাভুটি ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে বিজয়ী ঘোষণা করে কংগ্রেস।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা যদি শূন্য পদের সমান বা কম হয়, তবে কংগ্রেসের অনুমোদনে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। সেই ধারা বলেই আগামী এক মেয়াদের জন্য নিজের চেয়ার সুরক্ষিত করেছেন ৭১ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক।

২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির পদটি নিজের দখলে রেখেছেন কাজী সালাউদ্দিন। তবে বয়সজনিত কারণে এবার তার প্রার্থিতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

কিন্তু গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত সংস্থার এক বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন করে ৭০ বছরের বয়সসীমার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়। মূলত এই সংশোধনের মাধ্যমেই আবারও সাফের সর্বময় কর্তার আসনে বসার সুযোগ পেলেন সালাউদ্দিন।