আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান

ডেস্ক নিউজঃ এবারের বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনা শিরোপা জিতলে অবাক হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই তারকা ক্রিকেটারের মতে, এবারের আসরে স্পেন ও ফ্রান্স সবচেয়ে শক্তিশালী দল। ২০২২ সালের তুলনায় বর্তমান আর্জেন্টিনা দল অনেকটাই দুর্বল হওয়ায় তাদের টানা দ্বিতীয় শিরোপা জয়ে ভাগ্যের ব্যাপক সহায়তা লাগবে বলে মনে করেন তিনি।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর খেলা শেষে টুর্নামেন্টের গতিপথ নিয়ে নিজের এমন পর্যালোচনার কথা জানিয়েছেন সাকিব। কট্টর আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত এই ক্রিকেটার জানান, প্রিয় দল চ্যাম্পিয়ন হোক—সেটি তিনি মন থেকেই চান। তবে বাস্তবতার নিরিখে এবার তাদের হাতে শিরোপা উঠলে সেটি তার কাছে বিস্ময়করই মনে হবে। কারণ হিসেবে তিনি লিওনেল মেসির ওপর দলের অতিমাত্রায় নির্ভরশীলতার বিষয়টি উল্লেখ করেন। বয়সের ভারে থাকা মেসির ওপর পুরো দলের এই নির্ভরতাকে তিনি দলগত দিক থেকে ‘দুঃখজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে ব্যক্তিগতভাবে মেসির ছন্দে থাকাটা উপভোগ করছেন বলেও জানান এই অলরাউন্ডার।

সার্বিক বিশ্বকাপ পরিস্থিতি নিয়ে সাকিব জানান, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দলগুলোর দারুণ পারফরম্যান্সের কারণে এবারের আসরটি বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছে। তবে শিরোপার মূল দাবিদার হিসেবে তিনি ইউরোপের দুটি দেশকে এগিয়ে রাখছেন। তার মতে, এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে সেরা দুই দল হলো স্পেন ও ফ্রান্স। মেক্সিকোসহ আরও কয়েকটি দল ভালো করলেও শেষ পর্যন্ত শিরোপা ফ্রান্স বা স্পেনের কারও হাতেই উঠবে বলে তিনি জোরালো সম্ভাবনা দেখছেন।

এদিকে, এর আগে গ্যালারিতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জার্সি গায়ে সাকিবের উপস্থিতি নিয়ে ভক্তদের মাঝে বেশ আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছিল। এ বিষয়ে অবস্থান পরিষ্কার করে তিনি জানান, সেদিন মাঠে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচ ছিল। রবিন নামের এক পরিচিত ব্যক্তি তাকে ওই ম্যাচের টিকিট ও জার্সি উপহার দিয়েছিলেন। কেবল সেই কারণেই তিনি ব্রাজিলের জার্সি গায়ে মাঠে গিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন।

টুর্নামেন্টে স্পেন ও ফ্রান্সকে ফেভারিট মানলেও একজন নিখাদ সমর্থক হিসেবে ফাইনালে প্রিয় দলকেই দেখতে চান এই বিশ্বসেরা অলরাউন্ডার। ২০২২ সালের কাতার বিশ্বকাপের মতো এবারও শিরোপার চূড়ান্ত লড়াইয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা মুখোমুখি হবে—এমনটাই প্রত্যাশা সাকিব আল হাসানের।




দুই মাইলফলকের সামনে মেসি, সেঞ্চুরির দ্বারপ্রান্তে স্কালোনি

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে আজ শুক্রবার দিবাগত রাত ৪টায় নবাগত কেপ ভার্দের হচ্ছে বর্তমানচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:

২০১০ সালে স্লোভাকিয়ার পর কেপ ভার্দে প্রথম দল, যারা নিজেদের প্রথম বিশ্বকাপেই নকআউট পর্বে উঠেছে। এ ছাড়া ২০০৬ সালে ঘানার পর, প্রথম আফ্রিকান দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে মাত্র ৪ হাজার বর্গকিলোমিটার আয়তন ও ৬ লাখ জনসংখ্যার দেশটি।

১৯৯৮ সালে চিলির পর, প্রথম দল হিসেবে তিনটি ম্যাচ ড্র করে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে কেপ ভার্দে। দলটির জন্য আরেকটি ঐতিহাসিক ঘটনা- নিজেদের প্রথম বিশ্বকাপেই নকআউট পর্বে শিরোপাধারীদের মুখোমুখি হওয়া তৃতীয় দল তারা। এর আগে ১৯৩৮ সালে ইতালির বিপক্ষে নরওয়ে ২-১ গোলে ও ২০০৬ সালে ব্রাজিলের বিপক্ষে ঘানা ৩-০ গোলে হেরেছিল।

বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে এবার বিশ্বমঞ্চে জায়গা করে নেয় কেপ ভার্তে। নকআউটে উঠতে পারা ক্ষুদ্রতম দেশ তারাই।

এই শতাব্দীতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা তৃতীয় দল আর্জেন্টিনা। তাদের আগে এই কৃতিত্ব আছে ব্রাজিল (২০০৬ সালে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের কাছে হেরেছিল) ও ফ্রান্স (২০২২ সালে ফাইনালে আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরেছিল)।

বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে নিজেদের সবশেষ সাত ম্যাচের প্রতিটিতেই জিতেছে আর্জেন্টিনা, তবে এমন প্রতিপক্ষের কাছে প্রথম ম্যাচেই হেরেছিল তারা, ১৯৯০ সালে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে। বিশ্বকাপে আর্জেন্টিনার সবশেষ ১৩টি নকআউট ম্যাচের সাতটিই গড়িয়েছে অতিরিক্ত সময়ে। এমনকি আলবিসেলেস্তেদের চেয়ে আর কোনো দলের এত বেশি ম্যাচ অতিরিক্ত সময়ে যায়নি (মোট ১১টি, যা জার্মানি ও ইতালির সমান)।

বিশ্বকাপে নিজের সবশেষ সাত ম্যাচেই গোল করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। এমন কীর্তি গড়া প্রথম ফুটবলার তিনি। এই সাত ম্যাচে ১১টি গোল করেছেন তিনি। আর নকআউটে নিজের সবশেষ পাঁচ ম্যাচে মোট ৯টি গোলে সম্পৃক্ত ছিলেন তিনি (পাঁচ গোল, চার অ্যাসিস্ট)।

বিশ্বকাপের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ গোলদাতা মেসি। প্রথম ফুটবলার হিসেবে বিশ্ব মঞ্চে ২০ গোলের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র একটি গোল।বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডধারীও মেসি। এটি হবে তার ৩০তম ম্যাচ।

আসন্ন ম্যাচটি হবে আর্জেন্টিনার কোচ হিসেবে লিওনেল স্কালোনির ১০০তম ম্যাচ, অর্থাৎ আর্জেন্টিনার হয়ে ডাগআউটে সেঞ্চুরি করবেন তিনি। আগের ৯৯ ম্যাচের ৭২টিতে তিনি জিতেছেন, ড্র ১৮টি, হার কেবল ৯টি।




হৃদয়ভাঙা পরাজয়ে বিশ্বকাপ অধ্যায়ের ইতি মদরিচের!

ক্রীড়া ডেস্ক : বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার লুকা মদরিচের সম্ভাব্য শেষ বিশ্বকাপ অভিযান শেষ হলো হৃদয়ভাঙা এক পরাজয়ে। শেষ বত্রিশের লড়াইয়ে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া।

৪০ বছর বয়সেও মাঠে ছিলেন দলের অন্যতম ভরসা মদরিচ। পুরো ম্যাচে তিনি সর্বোচ্চ ৬৬ বার বল স্পর্শ করেন, তিনটি সফল ট্যাকল করেন এবং দ্বিতীয়ার্ধে দুটি দারুণ আক্রমণাত্মক বল বাড়ান। তবে শেষ মুহূর্তে ইয়োশকো গভার্দিওলের সমতাসূচক গোলটি অফসাইডের কারণে বাতিল হওয়ায় স্বপ্নভঙ্গ হয় ক্রোয়েশিয়ার।

ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ জানান, এটি সম্ভবত মদরিচের শেষ বিশ্বকাপ। তবে তিনি যোগ করেন, ‘আগামী চার বছরে কী হবে, তা শুধু সৃষ্টিকর্তাই জানেন। দেখা যাক, পরে ক্রোয়েশিয়ায় এ নিয়ে আমরা কথা বলব।’

মদরিচের প্রশংসা করে দালিচ আরও বলেন, ‘লুকা অসাধারণ খেলেছে। বরাবরের মতোই সে ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। তার জন্য এভাবে শেষ হওয়ায় আমার খুব খারাপ লাগছে। শেষ মুহূর্ত পর্যন্ত সে নিজের চরিত্র, নেতৃত্ব ও অসাধারণ সামর্থ্যের প্রমাণ দিয়েছে।’

২০১৮ সালে ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের রানার্সআপ এবং ২০২২ সালে তৃতীয় স্থান এনে দেওয়া মদরিচ এবার খেললেন নিজের পঞ্চম বিশ্বকাপ। এবারের আসরে দলের চারটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি।

মদরিচকে নিয়ে তার সাবেক ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ‘আমি বহু বছর লুকার সঙ্গে খেলেছি। আমাদের বয়সও প্রায় সমান। আমার কাছে সে ফুটবলের একজন কিংবদন্তি, এবং এখনও সে কিংবদন্তিই আছে।’

২০১৮ সালে বিশ্বের সেরা ফুটবলারের সম্মাননা জিতেছিলেন মদরিচ। ক্লাব ফুটবলে তিনি ছয়বার ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার শিরোপা এবং চারবার স্পেনের শীর্ষ লিগের শিরোপা জিতেছেন। দীর্ঘ ২৩ মৌসুমের পেশাদার ক্যারিয়ারে তিনি মূলত দিনামো জাগরেব, টটেনহ্যাম হটস্পার ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। সর্বশেষ মৌসুমে ইতালির একটি শীর্ষ ক্লাবের জার্সিতেও বল স্পর্শ, সফল পাস, সামনের দিকে বল বাড়ানো, বল নিয়ে অগ্রসর হওয়ার দূরত্ব এবং বল পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে দলের সেরা ছিলেন তিনি।

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেসও মদরিচের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘মদরিচ এমন একজন ফুটবলার, যিনি দীর্ঘ ক্যারিয়ার পার করেও তরুণের মতো খেলেন, আর সবচেয়ে বড় বিষয় হলো—তিনি অসাধারণভাবে খেলার পরিস্থিতি বুঝতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রায়ই কৌশল, কারিগরি দক্ষতা কিংবা শারীরিক সক্ষমতা নিয়ে আলোচনা করি। কিন্তু মাঠে কখন বল থামিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সেই বুদ্ধিমত্তার কথা খুব কমই বলা হয়। মদরিচ সেই বিরল উদাহরণগুলোর একজন। ম্যাচের পরিস্থিতি বুঝে তিনি নিজের খেলার গতি ঠিক করেন এবং প্রায় প্রতিবারই সঠিক সিদ্ধান্ত নেন।’




ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়, বললেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক : সর্বশেষ দুই আসরেই ফাইনাল খেলেছে ফ্রান্স, একবার তো হয়েছে চ্যাম্পিয়নও। এবারও বিশ্বকাপের সবচেয়ে বড় ফেবারিট হিসেবে আসছে ফ্রান্সের নাম। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে শেষ ৩২–এ উঠেছিল তারা, এই পর্বেও ফ্রান্স হারিয়েছে সুইডেনকে।

সব ম্যাচেই দিদিয়ের দেশমের দাপট দেখানো পারফরম্যান্স ছিল। সবারই তাই ফ্রান্সের প্রতি একটা আলাদা সমীহ আছে। তবে এ ক্ষেত্রে একটু ব্যতিক্রম স্পেন তারকা লামিনে ইয়ামাল। শেষ ৩২–এ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে তিনি স্পষ্ট করেই বলেছেন, ফ্রান্সের চেয়ে স্পেনই ভালো দল।

তাঁর কথাগুলো ছিল এমন, ‘হারানো অসম্ভব এমন কোনো দল নেই। ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়। ইউরোর পর থেকে ওরা আমাদের হারাতেও পারেনি। এখানে কেউ ফেবারিট নয়, কেউ আমাদের চেয়ে এগিয়েও নেই…যেকোনো টুর্নামেন্টে নামার আগে আমি সব সময় জয়ের কথাই ভাবি। এখন আমার মাথায় একটাই চিন্তা, আমি বিশ্বকাপ জিততে যাচ্ছি।’

২০২৪ সালের ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। পরে তারা নেশন্স লিগেও হারিয়েছে ফ্রান্সকে। এখন তাই তাদের নিয়ে খুব ভাবার কারণও নেই ইয়ামালের। বরং বিশ্বজয়ের স্বপ্নেই তিনি বিভোর।




এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হয়েছে। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬–২৭-এর প্রিলিমিনারি স্টেজের আনুষ্ঠানিক ড্র সম্পন্ন হয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী রাজশাহী স্টার্স এফসি নিজেদের প্রতিপক্ষ কারা, তা জানতে পেরেছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে রাজশাহী স্টার্স এফসি শুধু একটি ক্লাব হিসেবেই নয়, বরং বাংলাদেশের নারী ফুটবলের মর্যাদা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার দায়িত্বও বহন করবে।

এএফসি উইমেন্স চ্যালেঞ্জ লিগে দেশের প্রথম প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নামছে নাবিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় পরিচালিত রাজশাহী স্টার্স এফসি বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন দলটি।

ড্র অনুযায়ী, প্রিলিমিনারি স্টেজের গ্রুপ ‘এ’-তে রাজশাহী স্টারস এফসির প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি। আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এই গ্রুপের সব ম্যাচ।

রাজশাহী স্টার্স এফসি ইতোমধ্যে আন্তর্জাতিক মানের প্রস্তুতি পরিকল্পনা গ্রহণ করেছে। দলটির টেকনিক্যাল স্টাফ, খেলোয়াড় ও ব্যবস্থাপনা আগামী কয়েক সপ্তাহে নিবিড় অনুশীলন, প্রীতি ম্যাচ এবং প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে প্রতিযোগিতার জন্য নিজেদের সর্বোচ্চভাবে প্রস্তুত করবে।

ক্লাব কর্তৃপক্ষ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), ক্লাবের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, সমর্থক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে দেশের সকল ফুটবলপ্রেমীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছে।

রাজশাহী স্টার্স এফসি বিশ্বাস করে, এই অংশগ্রহণ বাংলাদেশের নারী ফুটবলের আন্তর্জাতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের নারী ফুটবলারদের জন্য নতুন অনুপ্রেরণার দ্বার উন্মোচন করবে।

ড্র-পরবর্তী প্রতিক্রিয়ায় রাজশাহী স্টার্স এফসি-এর প্রেসিডেন্ট মোখছেদুল কামাল বাবু বলেন, ‘আমরা রাজশাহী স্টার্স এফসি হিসেবে নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাঠে নামব। দেশের সম্মান রক্ষায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করাই আমাদের অঙ্গীকার।’




কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার পরিকল্পনায় হঠাৎ বদল

ক্রীড়া ডেস্ক : নকআউটের লড়াই শুরু হয়ে গেছে। বিশ্বকাপ ঢুকে পড়েছে সেই অধ্যায়ে, যেখানে এক ভুলেই শেষ হয়ে যেতে পারে সব। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাও এখন সেই পরীক্ষা দেওয়ার অপেক্ষায়।

এর মধ্যেই আর্জেন্টিনা দলের ভ্রমণসূচিতে সামান্য পরিবর্তন এসেছে। আজ বুধবার কানসাসে নিজেদের শেষ অনুশীলন করবে আর্জেন্টিনা দল। বাংলাদেশ সময় গভীর রাতে শুরু হবে সেই সেশন। সেটিই হবে মায়ামিতে রওনা দেওয়ার আগে তাদের শেষ প্রস্তুতি।

অনুশীলন শেষে বিশ্রামের পর কানসাস সিটি থেকে মায়ামির উদ্দেশে রওনা দেবে দল। সেখানে পৌঁছে শুরু হবে শেষ পর্বের প্রস্তুতি। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।

প্রথম সূচি অনুযায়ী ম্যাচের আগের দিন ভ্রমণের কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনায় বদল আনা হয়েছে। স্কালোনির দল এখন শেষ অনুশীলন সেশনটি করবে মায়ামিতে। সেই সেশনেই ম্যাচের আগে দলকে শেষ ছোঁয়া দেবেন কোচ লিওনেল স্কালোনি। হার্ড রক স্টেডিয়াম আর্জেন্টিনার জন্য অপরিচিত নয়। ২০১৪ কোপা আমেরিকায় এখানেই শিরোপা জয়ের স্মৃতি আছে দলের। সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা হয়ে থাকতে পারে।

তবে সব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। একাদশ নিয়ে স্কালোনির মাথায় ঘুরছে তিনটি সংশয়।

প্রথম সংশয় লেফট ব্যাকে। নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে লড়াই চলছে। দ্বিতীয়টি সেন্টার ব্যাকে। ক্রিস্টিয়ান রোমেরো পুরোপুরি ফিট কি না, তা এখনো নিশ্চিত নয়। তিনি না পারলে নিকোলাস ওতামেন্দিই থাকবেন একাদশে।

সবচেয়ে বড় প্রশ্ন আক্রমণে। লিওনেল মেসির সঙ্গী কে হবেন? লাওতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ—এই দোটানা এখনো কাটেনি। আপাতত এগিয়ে আছেন লাওতারো।
সব মিলিয়ে প্রস্তুতির শেষ প্রহরে দাঁড়িয়ে আর্জেন্টিনা। সামনে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ। যে ম্যাচ হতে পারে অনেক কিছুর শুরু, কিংবা হঠাৎ করেই সবকিছুর শেষ।




ইংল্যান্ডকে স্তব্ধ করে প্রথমার্ধে এগিয়ে কঙ্গো

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের নকাউটের লড়াইয়ে শুরু থেকেই ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছে ডিআর কঙ্গো।ম্যাচ শুরুর মাত্র ৭ম মিনিটেই বেনি সিপেঙ্গার দুর্দান্ত গোলে আফ্রিকার দলটি এগিয়ে যায়। এই চমৎকার গোলের উৎস অবশ্য অধিনায়ক শানসেল এমবেম্বা, তাঁর অ্যাসিস্ট থেকেই লিড নিল কঙ্গো। এরপর ইংল্যান্ড অনেক আক্রমণ করেছে কিন্তু গোলে দেখা পায়নি।

শক্তিমত্তার বিচারে কঙ্গোকে নিতান্তই পুচকেই বলা যায়। তাদের বিপক্ষে সহজ জয়ই পাবে ইংল্যান্ড, এমনটাই আশা ফুটবলপ্রেমীদের। কিন্তু ম্যাচের শুরুতেই পুরো ফুটবলবিশ্বকে স্তব্ধ করে দিল কঙ্গো।

ইতিহাস কিন্তু এখন ইংল্যান্ডের বিপক্ষে কথা বলছে! পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে, সেই ১৯৬৬ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। এরপর দীর্ঘ ৬০ বছর কেটে গেছে, কিন্তু বিশ্বকাপে প্রথমে গোল হজম করার পর আর কোনো ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারেনি থ্রি-লায়নরা।

যে কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে ইউরোপ ও আফ্রিকার এই দুটি দল। ফলে ইংল্যান্ডের চমকে যাওয়াটা অস্বাভাবিক নয়। তবে এবারের বিশ্বকাপে দ্বিতীয়বার আফ্রিকার দলের মুখোমুখি হয়েছে তারা। গ্রুপ পর্বে ঘানার সঙ্গে খেলেছিল হ্যারি কেনরা। কিন্তু জিততে পারেননি। ম্যাচ ড্র হয়েছিল। এবার কী হবে?




ব্রাজিলের বিপক্ষে নরওয়ের জয়ের সম্ভাবনা ‘খুবই সামান্য’, বলছেন হালান্ড

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপ ফুটবলের শেষ ১৬-র লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের জয়ের সম্ভাবনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। শক্তিশালী সেলেসাওদের বিপক্ষে নরওয়ের জয়ের সুযোগকে ‘খুবই সামান্য’ বা ‘অসম্ভবপ্রায়’ বলে উল্লেখ করেছেন ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন।

গত মঙ্গলবার শেষ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে মাত্র ছয় গজ দূর থেকে করা হালান্ডের জয়সূচক গোলেই দীর্ঘ ২৮ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় নরওয়ে।

ম্যাচ শেষে পরবর্তী প্রতিপক্ষ ব্রাজিলকে নিয়ে কথা বলতে গিয়ে হালান্ড বেশ বাস্তববাদী সুর টানেন। তিনি জানান, বিশ্বমঞ্চে টিকে থাকতে হলে এখন তাদের সেরা দলগুলোর মুখোমুখি হতে হবে এবং ব্রাজিলের মতো প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়াটা ভীষণ কঠিন হবে। নরওয়ে শেষ পর্যন্ত সফল হবে কি না তা নিশ্চিত না করলেও, দলের সবাই এই কঠিন চ্যালেঞ্জের জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এদিকে দুই দলের এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশ আর্লিং হালান্ডের সঙ্গে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েসের মাঠের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের দ্বৈরথ বিশ্বমঞ্চে নতুন মাত্রা পাবে। অন্যদিকে ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে দুই দেশের ফুটবল ভক্তদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ ও তর্ক-বিতর্ক।

ফুটবল ইতিহাসের পাতায় অবশ্য নরওয়ের একটি দারুণ স্মৃতি রয়েছে। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে মার্সেইতে অনুষ্ঠিত একমাত্র দেখায় ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল এই নর্ডিক দেশটি। দীর্ঘ প্রায় তিন দশক পর আবারও বিশ্বমঞ্চের নকআউট পর্বে সেই একই প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে হালান্ডের নরওয়ে পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।




জাপানের বিরুদ্ধে বিতর্কিত উদযাপন, মুখ খুললেন ব্রাজিলের কুনহা

ক্রীড়া ডেস্কঃ ২০২৬ ফিফা বিশ্বকাপে জাপানের বিরুদ্ধে এক রোমাঞ্চকর জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড মাথেউস কুনহা। ম্যাচের শেষ মুহূর্তে ব্রাজিলের নাটকীয় জয়ের পর জাপানি তারকা কান্তো শিওগাইয়ের দিকে করা একটি ইশারাকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়। তবে এবার সেই ভাইরাল অঙ্গভঙ্গি নিয়ে নীরবতা ভেঙে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।

ম্যাচের অতিরিক্ত সময়ে ব্রাজিল জয়সূচক গোলটি করার পরপরই টেলিভিশনের ক্যামেরায় দেখা যায়, কুনহা নিজের জার্সির ব্রাজিলের লোগো বা ক্রেস্টের দিকে আঙুল তুলছেন এবং অন্য হাতটি উঁচিয়ে একটি বিশেষ ইশারা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল ভক্তদের অনেকেই এটিকে অসম্মানজনক বলে আখ্যা দেন। মূলত ম্যাচের আগে জাপানের ফুটবলার কেন্টো শিওগাই একটি মন্তব্য করেছিলেন যে, ব্রাজিল এখন আর ফুটবলের পরাশক্তি নয়। ধারণা করা হচ্ছে, শিওগাইয়ের সেই মন্তব্যের জবাব দিতেই কুনহা এমন উদযাপন করেছিলেন।

ম্যাচ শেষে বিষয়টি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম এবং মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের এই উদযাপনের ব্যাখ্যা দেন কুনহা। তিনি জানান, এই উদযাপনের উদ্দেশ্য ছিল ব্রাজিলের ফুটবল ঐতিহ্যকে সম্মান জানানো। কুনহা বলেন, সব সম্মান রেখেই বলছি, ব্রাজিলের মতো একটি সফল ও বিজয়ী দল সম্পর্কে যখন একজন জাপানি ফুটবলার এমন কথা বলেন, তখন তা মেনে নেওয়া কঠিন। যদি কোনো ব্রাজিলিয়ান আমাদের নিয়ে সমালোচনা করতেন, তবে আমরা হয়তো সেটি মেনে নিতাম। কিন্তু বাইরের কেউ যখন এমন কথা বলেন, তখন আমরা সবাই একজোট হয়ে তার বিরুদ্ধে দাঁড়াই। তাই এই উদযাপনটি ছিল মূলত আমাদের এই জার্সিটির মর্যাদা, যারা আমাদের আগে এই জার্সি পরেছেন তাদের সম্মান এবং আজ আমরা যে অবস্থানে এসেছি তার পেছনের লড়াইকে মনে করিয়ে দেওয়ার জন্য।

পরবর্তীতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কুনহা জাপানি তারকা শিওগাইকে উদ্দেশ্য করে বেশ কিছু পোস্টও শেয়ার করেন। একটি পোস্টে তিনি লেখেন, এখন তোমরা আমাদের সম্পর্কে কিছুটা হলেও জানতে পারলে। অন্য একটি পোস্টে তিনি যোগ করেন, আমরা কারও চেয়ে শ্রেষ্ঠও নই, আবার কারও চেয়ে নিকৃষ্টও নই। এই পোস্টগুলোর একটিতে তিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কেন্ড্রিক ল্যামারের জনপ্রিয় গান ‘হাম্বল’ যুক্ত করেছিলেন।

বিতর্কিত এই উদযাপনের পাশাপাশি মাঠের ভেতরে কুনহার একটি মানবিক রূপও ক্যামেরায় ধরা পড়েছে। ম্যাচ শেষের বাঁশি বাজার পর যখন পুরো ব্রাজিল দল উদযাপনে মেতে উঠেছিল, তখন কুনহা সতীর্থদের ছেড়ে জাপানি মিডফিল্ডার আও তানাকার দিকে এগিয়ে যান। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার বেদনায় তানাকা তখন মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন। কুনহা তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন, যা ফুটবলপ্রেমীদের মন জয় করেছে।




আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ষোলোতে নরওয়ে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ফুটবলে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে নরওয়ে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল নরওয়ে। আইভরি কোস্ট একটি গোল পরিশোধ করলেও দ্বিতীয় গোল পরিশোধ করা আগে শেষ বাঁশি বাজে।

যুক্তরাষ্ট্রের ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে নকআউট পর্বের ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল নরওয়ে। ম্যাচের ৩৯তম মিনিটে নরওয়ের পক্ষে একমাত্র গোলটি করেন তরুণ ফরোয়ার্ড আন্তোনিও নুসা।

দুই দলের পারফরম্যান্স বিবেচনায় প্রথমার্ধে নরওয়েই ছিল বেশি আক্রমণাত্মক, সংগঠিত এবং কার্যকর। বলের দখল, সুযোগ সৃষ্টি এবং রক্ষণভাগের দৃঢ়তায় তারা আইভরি কোস্টের চেয়ে এগিয়ে ছিল। অন্যদিকে আইভরি কোস্টকে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে হলে আক্রমণে আরও ধারালো ফুটবল খেলতে হবে।

প্রথমার্ধে নরওয়ে ৬টি শট নিলেও আইভরি কোস্ট নিয়েছে ৫টি। তবে তাদের চারটি শটই লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতায় ফিরতে পারেনি দলটি। এই ম্যাচের বিজয়ী দল আগামী ৫ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।

৬০ মিনিটে বদলি হয়ে মাঠে নামেন দিয়ালো। পরে এই সুপার সাবের গোলেই ম্যাচের দৃশ্যপট বদলেছে। ৭৪ মিনিটে তার চোখধাঁধানো এক গোলে ম্যাচে ফেরে আইভরি কোস্ট। পেপের সঙ্গে ওয়ান-টু পাস খেলে এগিয়ে যান দিয়ালো। এরপর মোলার উলফে ও বের্গেকে কাটিয়ে দুর্দান্ত এক দৌড়ে বক্সে ঢুকে দর্শনীয় এক শট নেন তিনি।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে অগ্রসর হচ্ছে তখনই নাটকীয় মোড় নেয় ৮৬ মিনিটে। যার নায়ক আর্লিং হাল্যান্ড। ববের দারুণ এক থ্রু পাস ধরে বক্সে ঢুকে পড়েছিলেন বার্গ। এরপর নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন আর্লিং হাল্যান্ডের সামনে। খুব কাছ থেকে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন নরওয়ের তারকা স্ট্রাইকার। তার পর তো বাকিটা ইতিহাস!