শততম ম্যাচে রেকর্ডের ঝড় তুললেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ফুটবলে নতুন এক ইতিহাস গড়লেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। তার অসাধারণ পারফরম্যান্সে ফ্রান্স শুধু জয়ই পায়নি, বরং একের পর এক রেকর্ডও নতুনভাবে লিখেছে।

এমবাপ্পে এখন বিশ্বকাপে ১৬ গোল করে ইতিহাসের যৌথ দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতায় উঠে এসেছেন। তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সমান হয়েছেন। তার ওপরে আছেন লিওনেল মেসি, যার গোল ১৮টি।

তিনি আরও একটি বিরল কৃতিত্ব অর্জন করেছেন—বিশ্বকাপে টানা তিনটি বা তার বেশি ম্যাচে দুই বা তার বেশি গোল করা মাত্র চতুর্থ পুরুষ খেলোয়াড় তিনি। এর আগে এই কীর্তি ছিল ১৯৫৪ সালে সান্দোর ককিস, ১৯৩০ সালে গুইলিয়ের্মো স্তাবিলে এবং সাম্প্রতিক সময়ে মেসির।

বিশ্বকাপে এটি এমবাপ্পের ষষ্ঠবারের মতো এক ম্যাচে একাধিক গোল করার ঘটনা—এর মধ্যে পাঁচটি ডাবল এবং একটি হ্যাটট্রিক।

আরও একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান হলো, তার শেষ তিনটি বিশ্বকাপ গোলের মধ্যে দুটি এসেছে বক্সের বাইরে থেকে, যেখানে শুরুতে এমন গোল ছিল খুবই কম।

এই ম্যাচের মাধ্যমে তিনি ফ্রান্সের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। মাত্র ২৭ বছর ১৮৪ দিন বয়সে তিনি ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সে এই মাইলফলকে পৌঁছানো খেলোয়াড়দের একজন।

তার সতীর্থ মাইকেল ওলিসে একটি ম্যাচে দুইটি সহায়তা করে নজর কেড়েছেন। তিনি চলতি বিশ্বকাপে সর্বাধিক সহায়তাদাতাদের তালিকায় শীর্ষে চলে এসেছেন।

অন্যদিকে ওসমান দেম্বেলে দীর্ঘ সময় পর বড় টুর্নামেন্টে গোলের দেখা পান, যা ছিল তার বহু ম্যাচ পর প্রথম গোল।

ফ্রান্স টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ ধারাবাহিকতা।

আরও একটি পরিসংখ্যান বলছে, ফ্রান্স টানা চারটি বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতেছে—যা তাদের স্থায়ী শক্তিমত্তার প্রমাণ।

এছাড়া বিশ্বকাপে এশীয় দলের বিপক্ষে ফ্রান্সের অপরাজিত থাকার রেকর্ড আরও দীর্ঘ হলো, যা এখন ছয় ম্যাচে পৌঁছেছে।

সব মিলিয়ে, এমবাপ্পের রেকর্ড গড়া পারফরম্যান্স এবং ফ্রান্সের দলগত সাফল্য এবারের বিশ্বকাপকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।




বিশ্বকাপে ঝড় তুলেছে নরওয়ের ‘ভাইকিং রো’ উদযাপন, নেপথ্যে হাজার বছরের ইতিহাস

ক্রীড়া ডেস্ক : চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে যেমন চমক দেখাচ্ছে নরওয়ে, তেমনই মাঠের বাইরে বিশ্বজুড়ে ঝড় তুলেছে তাদের এক অনন্য উদযাপন— ‘ভাইকিং রো’ বা ভাইকিংদের নৌকা বাওয়ার অনুকরণে তৈরি উদযাপন। সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করার পর নরওয়ের খেলোয়াড়রা মাঠের মাঝেই পিচে বসে এই ‘নৌকা বাওয়ার’ ভঙ্গিটি প্রদর্শন করেন।

১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে জায়গা করে নেওয়া লাল জার্সিধারী নরওয়েজিয়ান ফুটবল ভক্তরা ইতোমধ্যে স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে চলন্ত সিঁড়ি, এমনকি নিউ ইয়র্কের টাইমস স্কয়ারেও এই ভাইকিং রো করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছেন। তবে সোমবারের শেষ বাঁশি বাজার পর খেলোয়াড় ও সমর্থকদের একসঙ্গে করা এই উদযাপন ছিল সবচেয়ে আবেগঘন ও আনন্দময়।

দলের এই ঐতিহাসিক জয়ের পর অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং ম্যাচে জোড়া গোল করা তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড পুরো স্কোয়াডকে গ্যালারির সামনে একত্রিত করেন। তবে উদযাপন শুরু করার আগে তারা কিছুটা অপেক্ষা করছিলেন কোচ স্টেল সোলবাকেনের জন্য, যিনি ম্যাচ শেষ হতেই গ্যালারির সিঁড়ি বেয়ে ওপরে উঠে তার স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলেন। কোচ ফিরে এসে হালান্ডের ঠিক পেছনে জায়গা করে নিতেই খেলোয়াড়রা ভাইকিংদের ঐতিহাসিক লম্বা নৌকার (লংবোট) মতো সারিবদ্ধভাবে বসে পড়েন এবং ওডেগার্ড ড্রাম বাজিয়ে পুরো উদযাপনের ছন্দ ও আবহ তৈরি করেন।

ঐতিহাসিক তথ্যানুযায়ী, এই ব্যতিক্রমী উদযাপনটি নরওয়ের প্রাচীন ভাইকিং ঐতিহ্য থেকে অনুপ্রাণিত। আনুমানিক ৭০০ থেকে ১১০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ভাইকিং যুগে স্ক্যান্ডিনেভিয়ার এই যোদ্ধারা বিশাল আকৃতির দীর্ঘ নৌকায় চড়ে ব্রিটেন, আয়ারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাতেন। সমুদ্রে নৌকা বেয়ে তাদের এই ঐতিহাসিক ও রোমাঞ্চকর অভিযান নরওয়েজিয়ান সংস্কৃতির অন্যতম প্রধান পরিচয়। ফুটবল মাঠের এই ‘রোয়িং’ বা দাঁড় টানার গতি মূলত সেই ঐতিহাসিক সমুদ্রযাত্রার প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের জাতীয় ঐক্যের প্রতীক।

এই ভাইরাল ট্রেন্ডটি নিয়ে নরওয়ের ফুটবলাররাও নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মিডফিল্ডার প্যাট্রিক বার্গ জানান, শুরুতে অনেকেই ভেবেছিলেন এই ট্রেন্ডটি হয়তো বেশিদিন টিকবে না বা মাঝপথেই হারিয়ে যাবে। কিন্তু এটি এখন তাদের বিশ্বকাপ অভিযানের একটি বিশাল অংশ হয়ে উঠেছে। অসলো থেকে শুরু করে নিউ ইয়র্ক এবং এখন পুরো বিশ্ব যেভাবে এই ভাইকিং রো সম্পর্কে জেনেছে, তা সমর্থকদের সঙ্গে দলের এক দারুণ আত্মিক শক্তি তৈরি করেছে।

অন্যদিকে ফরোয়ার্ড আলেকজান্ডার সরলথ গর্বিত কণ্ঠে জানান, স্টেডিয়ামে যখন হাজার হাজার মানুষের এই নৌকা বাওয়ার আওয়াজ প্রতিধ্বনিত হয়, তখন পরিবেশটা সত্যিই জাদুকরি মনে হয়। টুর্নামেন্টে নরওয়ে কত দূর যাবে তা নিশ্চিত না হলেও, নিজেদের সেরা ফর্মে থাকলে যেকোনো অলৌকিক কিছু ঘটানো সম্ভব বলে মনে করেন তিনি।

বর্তমানে গ্রুপ ‘আই’-তে গোল ব্যবধানে ফ্রান্সের পেছনে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে এবং আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে এই দুই পরাশক্তি মুখোমুখি হতে চলেছে।




এক ম্যাচে ৪ বিশ্বরেকর্ড, গিনেস বুকে নাম লেখালেন মেসি

ক্রীড়া ডেস্ক : ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি বিশ্বমঞ্চে আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে তার জোড়া গোলের ওপর ভর করে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই আসরের শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

তবে পুরো ম্যাচের আলো কেড়ে নিয়েছেন ৩৯ বছর ছুঁইছুঁই মেসি, যিনি এই ম্যাচের মাধ্যমে একাধিক অনন্য বিশ্বরেকর্ড নিজের নামে করে নিয়েছেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। টেক্সাসে অনুষ্ঠিত অস্ট্রিয়া ম্যাচের প্রথমার্ধে ট্রেডমার্ক বাঁ-পায়ের ফিনিশিংয়ে নিজের ১৭তম গোলটি করে ক্লোসাকে ছাড়িয়ে যান তিনি। এরপর ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা নিয়ে যান ১৮-তে। এর ফলে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক এখন লিওনেল মেসি।

এই ঐতিহাসিক কীর্তির পাশাপাশি গিনেস বুক অনুযায়ী আরও তিনটি বড় রেকর্ড গড়েছেন তিনি। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি ২৮টি ম্যাচ খেলার রেকর্ড, সবচেয়ে বেশি ১৮টি ম্যাচ জেতার রেকর্ড এবং টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ২,৪৮৯ মিনিট খেলার কীর্তি এককভাবে এখন এই মহাতারকার দখলে।

যদিও ম্যাচের শুরুটা মেসির জন্য মোটেও সহজ ছিল না। খেলার নবম মিনিটে লাউতারো মার্টিনেজ বক্সের ভেতরে ফাউলের শিকার হলে ভিএআর প্রযুক্তির সহায়তায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্টেডিয়ামজুড়ে তখন হাজারো ভক্তের গর্জন, কিন্তু মেসির নেওয়া দুর্বল স্পট-কিকটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এর আগেও ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে পেনাল্টি মিসের তেতো স্বাদ পেয়েছিলেন তিনি। তবে প্রথমার্ধের ৩৮ মিনিটে থিয়াগো আলমাদার দারুণ এক ডামির সহায়তায় নিখুঁত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন অধিনায়ক। দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া সমতায় ফেরার চেষ্টা করলেও এমিলিয়ানো মার্টিনেজ ও রক্ষণভাগের দৃঢ়তায় সফল হতে পারেনি। ম্যাচের একদম শেষ দিকে ইনজুরি টাইমে হুলিয়ান আলভারেজের আক্রমণ থেকে বল পেয়ে ক্লোজ-রেঞ্জ শটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন মেসি।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমে মেসি তার অনুভূতি প্রকাশ করে জানান, এই জয় অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ ছিল, যা দলকে আগামী দিনগুলোর জন্য মানসিক স্বস্তি দেবে। টানা দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে নকআউট নিশ্চিত করতে পেরে তিনি ভীষণ খুশি। ম্যাচজুড়ে মেসির এমন জাদুকরি পারফরম্যান্সের পর গ্যালারিতে শুধু তার নামেই স্লোগান ওঠে।

সতীর্থ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ অধিনায়কের প্রশংসা করে বলেন, লিওকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তিনি গত ২০ বছর ধরে বিশ্বের সেরা এবং ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়। জুনের এই তীব্র উত্তাপের মাঝে টেক্সাসের মাঠে মেসি যেন আবারও প্রমাণ করলেন, বয়স কেবলই একটা সংখ্যা মাত্র।




মেসির ম্যাজিকে অষ্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক : মেসির ম্যাজিকে অষ্ট্রিয়াকে হারিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে অসাধারণ এক গোল করলেন মেসি। আর্জেন্টিনাও এগিয়ে গেলের ২-০ ব্যবধানে। এবার বিশ্বকাপে ২ ম্যাচে ৫ গোল দিলেন মেসি। এখন পর্যন্ত মেসিই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা।

পেনাল্টি মিসের পর অসাধারণ এক গোল করলেন আর্জেন্টিনার নির্ভরযোগ্য খেলোয়ার লিওনেল মেসি।৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে ডামি করেন থিয়াগো আলমাদা। এরপর মেসির বাঁ পায়ের শট চলে যায় অস্ট্রিয়ার জালে। এই গোলে প্রথমার্ধেই ১-০ তে এগিয়ে গেল আর্জেন্টিনা।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে এককভাবে সিংহাসনে বসলেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপে মেসির এখন ২৮ ম্যাচে গোলসংখ্যা ১৭টি।

এদিকে লিওনেল মেসি এবার এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড মেসির দখলে। সোমবার আর্জেন্টিনা গ্রুপ জে-তে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মেসি একটি পেনাল্টি মিস করেন। এটি ছিল বিশ্বকাপে তার ক্যারিয়ারের তৃতীয় পেনাল্টি মিস। শুটআউটের পেনাল্টি এই হিসাবের মধ্যে নেই।

১৯৬৬ সাল থেকে ফিফা বিশ্বকাপে পেনাল্টির রেকর্ড রাখা শুরু হয়। সেই থেকে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করেননি। মেসিই প্রথম। এর আগে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া গিয়ান বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছিলেন। সেটিই ছিল সর্বোচ্চ। এখন মেসি সেই রেকর্ড ভেঙে এগিয়ে গেছেন।

মেসির বয়স এখন ৩৮ বছর। এই ম্যাচে তিনি আরেকটি ইতিহাস গড়তে নেমেছিলেন। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য তার মাত্র একটি গোল দরকার ছিল। কিন্তু পেনাল্টি শটটি পোস্টের বাইরে চলে যায়। ফলে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজের সমান ১৬ গোলেই আটকে আছেন।




আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের যে ভবিষ্যদ্বাণী করল এআই

ক্রীড়া ডেস্ক : ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয়ায় জয়েরআত্মবিশ্বাস বেড়েছে আর্জেন্টিনা শিবিরে। সোমবার রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।

ছন্দে থাকা প্রিয় দলকে নিয়ে সমর্থকদের মধ্যেও উন্মাদনা বাড়ছে প্রতি ঘণ্টায়। অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স কেমন হবে, ফলাফল কী হবে- সেসব নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল বিরাজ করছে।

প্রতিটি বিশ্বকাপ ম্যাচের আগেই বেশকিছু ভবিষ্যদ্বাণী সামনে আসে। অনেক ক্ষেত্রে সেসব ভবিষ্যদ্বাণী মিলেও যায়। যেমন আর্জেন্টিনা-আলজেরজ্যামর গত ম্যাচে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইয়ের ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। ঐ ম্যাচে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানে জয়ের পূর্বাভাস সঠিকভাবে দেওয়ার পর এবার অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে এআই। এআইয়ের বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টিনা ২-১ গোলে হারাবে অস্ট্রিয়াকে।

মূলত দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে এই ভবিষ্যদ্বাণী করে থাকে এআই। সেই বিশ্লেষণে একটা বিষয় পরিষ্কার, আলজেরিয়া ম্যাচের মতো সহজ জয় পেতে যাচ্ছে না আর্জেন্টিনা। কিন্তু অস্ট্রিয়ার দুর্বলতাও আমলে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। জর্ডানকে ৩-১ গোলে হারালেও রক্ষণে কিছু দুর্বলতা দেখা গেছে দলটির। এছাড়া বিশ্বচ্যাম্পিয়নদের সামনে শক্তির দিক দিয়েও কিছুটা পিছিয়ে তারা।

অবশ্য অস্ট্রিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ডেভিড আলাবার অভিজ্ঞতা, রোমানো স্মিডের সৃজনশীলতা এবং রালফ র‍্যাংনিকের কৌশলগত পরিকল্পনা আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ হতে পারে। তাই ম্যাচে আর্জেন্টিনার আধিপত্য থাকলেও অস্ট্রিয়ার গোল করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পূর্বাভাস সত্যি হলে শেষ পর্যন্ত জিতবে মেসিরাই।

এদিকে, এই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা সুপার কম্পিউটারও। এই কম্পিউটারের মতে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ; পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ আর অস্ট্রিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনা আছে ১৭.০ শতাংশ।

যদি এই ম্যাচে অস্ট্রিয়া আর্জেন্টিনাকে হারায় এবং জর্ডান আলজেরিয়ার বিপক্ষে জিততে না পারে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে আর্জেন্টিনা।




সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে

ক্রীড়া ডেস্কঃ লিওনেল মেসির ১৮ বছর পুরনো এক ঐতিহাসিক রেকর্ড ভেঙে ফুটবল ইতিহাসের পাতায় নতুন কীর্তি গড়লেন স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর ৩৪৩ দিন বয়সে ফিফা বিশ্বকাপে নিজের প্রথম গোল করার গৌরব অর্জন করেছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। এর মাধ্যমে তিনি আর্জেন্টাইন কিংবদন্তি মেসির চেয়ে ঠিক ১৪ দিন কম বয়সে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেয়ে ইতিহাস গড়েছেন, এর আগে ২০০৬ বিশ্বকাপে মেসি যখন প্রথম গোল করেছিলেন তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। একই সাথে ব্রাজিলের মহানায়ক পেলের পর ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দেশের হয়ে প্রথম গোল করার অনন্য রেকর্ডও ছুঁয়েছেন ইয়ামাল।

আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত রবিবারের এই হাইভোল্টেজ ম্যাচে ইয়ামালের রেকর্ড গড়া গোলের ওপর ভর করে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র করার ধাক্কা সামলে এই জয়ে টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইয়ামালরা। ম্যাচের ১১তম মিনিটেই স্পেনের হয়ে গোল উৎসবের সূচনা করেন ইয়ামাল।

অপটার (Opta) পরিসংখ্যান অনুযায়ী, এই গোলের পর লামিন ইয়ামাল বিশ্বের একমাত্র ফুটবলার যিনি ফুটবল ইতিহাসের সবচেয়ে কম বয়সে ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরো—উভয় বড় টুর্নামেন্টেই গোল করার অনন্য নজির স্থাপন করলেন। শুধু তাই নয়, ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের কিংবদন্তি পেলে দেশের হয়ে প্রথম ওপেনিং গোল করার কীর্তি গড়েছিলেন। পেলের দীর্ঘ ৬৮ বছর পর ইয়ামালই প্রথম অনূর্ধ্ব-১৮ ফুটবলার যিনি বিশ্বকাপের ম্যাচে দেশের হয়ে প্রথম গোলটি করলেন।

স্পেন জাতীয় দলে এই কিশোর তারকার প্রভাব কতটা, তা ফুটে ওঠে আরেকটি পরিসংখ্যানে। ইয়ামাল শুরুর একাদশে থাকা ২১টি ম্যাচের একটিতেও হারেনি স্পেন; যার মধ্যে ১৫টিতেই জয় এবং ৬টি ড্র। এই ২১ ম্যাচে স্পেনের করা ৬০টি গোলের মধ্যে ১৬টি গোলেই সরাসরি অবদান রেখেছেন ইয়ামাল, যার মধ্যে রয়েছে ৫টি গোল ও ১১টি অ্যাসিস্ট।

সূত্র: দ্যা স্টেটস ম্যান




বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক ফুটবলের ঐতিহ্যকে নষ্ট করছে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে ফিফার চালু করা ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতির কড়া সমালোচনা করেছেন উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা। তাঁর মতে, এই নিয়ম ফুটবলে নতুন কিছু যোগ করছে না; বরং খেলাটির ঐতিহ্যগত কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার গরম আবহাওয়ার কথা বিবেচনায় রেখে চলমান বিশ্বকাপে প্রতি অর্ধে একবার করে হাইড্রেশন ব্রেকের ব্যবস্থা করেছে ফিফা। এই বিরতির সময় খেলোয়াড়রা পানি পান করার পাশাপাশি কোচিং স্টাফের কাছ থেকে কৌশলগত নির্দেশনাও নিতে পারছেন।

তবে নতুন এই নিয়ম নিয়ে ফুটবল অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সমালোচকদের দাবি, দুই অর্ধের ৯০ মিনিটের ম্যাচ কার্যত চার ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, যা খেলার স্বাভাবিক ছন্দে প্রভাব ফেলছে। পাশাপাশি এই বিরতি সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলগুলোকে অতিরিক্ত বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ করে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এর আগে ভার্জিল ফন ডাইকও হাইড্রেশন ব্রেক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। নেদারল্যান্ডস অধিনায়কের মতে, এটি মূলত বাণিজ্যিক উদ্দেশ্য পূরণের একটি উপায়।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিয়েলসা বলেন, ‘ফুটবল দীর্ঘদিন ধরে দুই অর্ধের খেলা হিসেবে পরিচিত ছিল। এখন সেটিকে চার ভাগে ভাগ করা হচ্ছে। এতে নতুন কিছু যোগ হচ্ছে না, বরং খেলার নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মানুষ ফুটবলের প্রেমে পড়েছিল এর স্বতন্ত্র চরিত্রের কারণে। কিন্তু এখন সেই বৈশিষ্ট্য বদলে দেওয়া হচ্ছে। ভিএআরের মতো প্রযুক্তি খেলাকে আরও নিখুঁত করতে সাহায্য করেছে, তবে এই বিরতির পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে বলে মনে হয়।’

বিয়েলসা দাবি করেন, এটি কেবল তাঁর ব্যক্তিগত মত নয়; ফুটবল সংশ্লিষ্ট অনেকের মধ্যেই একই ধরনের উদ্বেগ রয়েছে।




২৪ মিনিটেই সৌদি আরবের জালে স্পেনের ৩ গোল

ক্রীড়া ডেস্ক : সৌদি আরবের বিপক্ষে অবিশ্বাস্য শুরু পেয়েছে স্পেন। ম্যাচে ২৪ মিনিটেই ৩-০ গোলের লিড পেয়েছে স্প্যানিশরা। ম্যাচের ১০ মিনিটে গোলের শুরু করেন লামিনে ইয়ামাল। এরপর জোড়া গোল করেন ওয়াইরসাবাল।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ৭১ মিনিটের সময় বদলি হিসেবে নেমেছিলেন ইয়ামাল। তবে সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পান তিনি।  প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করলেন ইয়ামাল।

ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক গোলে স্পেনকে শুরুতেই এগিয়ে দেন ইয়ামাল। এরপর ম্যাচের ২১ ও ২৪ মিনিটে সৌদি আরবের জালে দুইবার বল পাঠান মিকেল ওয়াইরসাবাল।

সৌদি আরব কিছু বুঝে ওঠার আগেই স্কোরলাইন ৩-০ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের মুঠোয় নিয়ে নিল স্পেন।




তারা ছুটছেন সময়ের বিপরীতে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে এখন চলছে সময়ের বিরুদ্ধে এক মহাকাব্যিক লড়াই। ২০২৬ সালের এই মহাযজ্ঞকে কেন্দ্র করে ধারণা করা হয়েছিল, এবার বুঝি গতির ঝড়ে সব রেকর্ড ভেঙে চুরমার করবে নতুন প্রজন্মের দুরন্ত ফুটবলাররা। কিন্তু মাঠের লড়াই শুরুর পর দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। কাতার বা পূর্বের আসরগুলোর গণ্ডি পেরিয়ে এবার উত্তর আমেরিকা এবং মেক্সিকোর স্টেডিয়ামগুলো সাক্ষী হচ্ছে এক অভাবনীয় দৃশ্যের; যেখানে নতুনদের গতির চেয়েও বড় হয়ে উঠেছে অভিজ্ঞতার গভীরতা। বয়সের কাঁটা চল্লিশ পেরিয়ে গেলেও যে অদম্য ফুটবলাররা এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের এই জেদ যেন সময়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে।

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লুকা মদ্রিচ; এই কিংবদন্তিরা যেন প্রমাণ করে দিচ্ছেন যে, ফুটবল খেলাটা কেবল পেশির লড়াই নয়, বরং এটা মস্তিষ্কের এক গভীরতর শিল্প। ৩৮ বছর বয়সী মেসি যখন কানসাস সিটির মাঠে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের ষষ্ঠ বিশ্বকাপ শুরু করেন, তখন মনে হয় সময় যেন তার জন্য থমকে দাঁড়িয়েছে। অন্যদিকে, ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোও সমান তালে লড়ে যাচ্ছেন। হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচে তিনি যখন মাঠে নামেন, তখন গ্যালারিতে থাকা দর্শকদের চোখেমুখে কেবল বিস্ময়। দীর্ঘ দুই দশকের সেই চিরন্তন দ্বৈরথ এখনো জীবন্ত, যা প্রমাণ করে যে জন্মসাল কেবলই সংখ্যা মাত্র।

এই প্রবীণ সেনানীদের তালিকায় সবার উপরে রয়েছেন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন। ৪৩ বছর বয়সী এই গোলরক্ষক হাইতির বিপক্ষে ম্যাচে নিজের গোলপোস্টকে এক অভেদ্য দুর্গে পরিণত করেছিলেন। নতুনদের দ্রুতগতির আক্রমণ যখন প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়ায়, ঠিক তখনই গর্ডনের মতো ফুটবলাররা তাদের অভিজ্ঞতাকে পুঁজি করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। এই বয়সে এসেও যেভাবে তিনি চিতার ক্ষিপ্রতায় বল ঠেকিয়ে যাচ্ছেন, তা বর্তমান ফুটবল বিশ্বের তরুণদের জন্য এক বড় শিক্ষা।

মধ্যমাঠে লুকা মদ্রিচের কথা আলাদা করে বলতেই হয়। ৪০ বছর বয়সে নিজের পঞ্চম বিশ্বকাপে এসে তিনি ক্রোয়েশিয়ার প্রাণভোমরা হিসেবে দায়িত্ব পালন করছেন। মাঠে নামার পর থেকে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত তার দৌড়ঝাঁপ, ক্ষুরধার পাসিং এবং খেলার গতির নিয়ন্ত্রণ দেখে বোঝার উপায় নেই যে তিনি দীর্ঘ ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। তার এই লড়াই কেবল নিজের দলের জন্য নয়, বরং এই বয়সে এসেও সর্বোচ্চ পর্যায়ে কীভাবে ফিটনেস ধরে রাখতে হয়, তার এক জলজ্যান্ত দৃষ্টান্ত।

সেরা গোলদাতা এবং অভিজ্ঞতার অনন্য সমন্বয়ে বসনিয়ার এডিন জেকোর নামটিও উঠে এসেছে সামনের সারিতে। ৪০ বছর বয়সেও তিনি তার দেশের সর্বকালের সেরা গোলদাতা হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন। দলের প্রতিটি আক্রমণে তিনি যখন লিড নিচ্ছেন, তখন মনে হয় বসনিয়ার পুরো ভারটাই তার কাঁধে। তার প্রতিটি গোল যেন বয়সের সীমাবদ্ধতাকে ধুলোয় মিশিয়ে দেয়। মাঠের প্রতিটি ঘাসে তার অভিজ্ঞতার ছাপ স্পষ্ট, যা প্রতিপক্ষের তরুণ রক্ষণভাগকে সারাক্ষণ চাপে রাখে।

গোলের নিচে মেক্সিকোর গুইলার্মো ওচোয়ার উপস্থিতি তো ইতিহাস হয়ে গেছে। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক যদিও এবারের আসরে বেঞ্চে থাকছেন, তবুও তিনি প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে থাকার অনন্য রেকর্ড গড়েছেন। তার এই অর্জন তরুণ গোলরক্ষকদের জন্য এক প্রেরণা। এছাড়া জার্মানির ম্যানুয়েল নয়্যার কিংবা উরুগুয়ের ফার্নান্দো মুসলেরার মতো অভিজ্ঞরা যখন গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকেন, তখন পুরো দল যেন এক অদ্ভুত আত্মবিশ্বাস খুঁজে পায়, যা কেবল অভিজ্ঞতার মাধ্যমেই অর্জন করা সম্ভব।

মাঠের দ্রুতগতির লড়াই, প্রচণ্ড গরম এবং দীর্ঘ ভ্রমণের ক্লান্তি; সবকিছুকেই যেন তুচ্ছ করে দিয়েছেন এই ফুটবল নক্ষত্ররা। তরুণদের গতি এবং তেজ অবশ্যই প্রশংসনীয়, কিন্তু যখনই মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন জয়-পরাজয়ের ব্যবধান কেবল একটি পাসের দূরত্বে থাকে, তখনই কোচরা বারবার ফিরে তাকান অভিজ্ঞদের দিকে। তারা জানেন, এই প্রবীণদের মাথায় খেলার যে মানচিত্র আঁকা আছে, তা নতুন প্রজন্মের কারো পক্ষেই আয়ত্ত করা এখনো সম্ভব হয়নি।

বিশ্বকাপের এই আসর তাই কোনো সাধারণ টুর্নামেন্ট নয়; এটি সময় এবং অভিজ্ঞতার এক অগ্নিপরীক্ষা। এই কিংবদন্তিরা প্রমাণ করছেন যে, ফুটবল কেবল দৌড়ঝাঁপের খেলা নয়, বরং এটি মেধা, ধৈর্য এবং সাহসের সমন্বিত এক শিল্পকর্ম। তারা কোনো দয়া বা অনুকম্পা নিয়ে মাঠে নামেননি, বরং নিজেদের সামর্থ্য এবং নৈপুণ্যের প্রমাণ দিয়েই তারা দলের অপরিহার্য অংশ হয়ে আছেন। মাঠের সবুজ ঘাসে আজ যখন নতুন প্রজন্মের সাথে তাদের লড়াই জমে ওঠে, তখন ফুটবল বিশ্ব যেন এক নতুন সুর শুনতে পায়; যেখানে বয়স পরাজিত, আর অজেয় কেবল ফুটবল।

সূত্র: মার্কা




বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করেছে টাইগ্রেসরা। একইসঙ্গে প্রথমবারের মতো এক আসরে একাধিক ম্যাচ জয়ের রেকর্ডও গড়েছে বাংলাদেশ।

সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে। ব্যাটিংয়ে শুরুটা ভালো না হলেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে রাখেন। তবে ধারাবাহিক উইকেট পতনে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল।

শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝড়ো ইনিংস দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। ২২ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে তিনি ৫টি চার মারেন।

জবাবে ১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রানেই থেমে যায়। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা।

নাহিদা আক্তারের নেতৃত্বে স্পিনাররা মাঝের ওভারগুলোতে পাকিস্তানের রান তোলার গতি আটকে দেন। রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলা ছিলেন বেশ কৃপণ। ফলে চাপ বাড়তে বাড়তে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান।