শ্রীলঙ্কার জালে ৪ গোলের ‘বাংলা ঝাল’, সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : অধিনায়ক হিসেবে অভিষেকেই গোল ও সতীর্থের গোলের পেছনে অবদান রেখে আলোচনায় হামজা চৌধুরী। তার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। শমিত সোম, হামজা, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে ৪-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। চার ফুটবলারের গোলে একপেশে হয়ে ওঠা ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ছিল লাল-সবুজের প্রতিনিধিদের।

বুধবার (১১ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথমার্ধে শমিত ও হামজার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ফারহানের দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্য এবং শেষ দিকে রাকিবের গোলে ব্যবধান আরও বাড়ে।

এর আগে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে থমাস ডুলির দল। শেষ চারের লড়াইয়ের আগে এই ম্যাচে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগও কাজে লাগিয়েছেন ফুটবলাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন আনেন কোচ ডুলি। ভুটানের বিপক্ষে খেলতে না পারা হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে শুরু থেকেই মাঠে রাখেন তিনি। চোটের কারণে ছিটকে যাওয়া বিশ্বনাথ ঘোষের পরিবর্তে একাদশে জায়গা পান মোহাম্মদ ইব্রাহিম। এ ম্যাচেই প্রথমবার জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন হামজা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটে ডান দিক দিয়ে উঠে রাকিবের বাড়ানো বল বক্সে পৌঁছালেও তা কাজে লাগানোর মতো কেউ ছিলেন না। চতুর্থ মিনিটে তার আরেকটি আক্রমণ থেকে ফ্রি কিক পায় স্বাগতিকরা। তবে সেটি থেকে হামজার নেওয়া শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

অষ্টম মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। হামজার ক্রস বিপদমুক্ত করতে গিয়ে ভুল করেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বল এক ডিফেন্ডারের গায়ে লেগে শমিত সোমের সামনে চলে আসে। প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে জাল খুঁজে নিতে ভুল করেননি এই মিডফিল্ডার।

এগিয়ে যাওয়ার পরও আক্রমণের গতি কমায়নি বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে রাকিবের ধারাবাহিক আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে শ্রীলঙ্কার রক্ষণভাগ। তার বাড়ানো কয়েকটি বল থেকে গোলের সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেননি সতীর্থরা। ২৬ মিনিটে রাকিবের পাস পেয়ে ব্যাকহিলে গোলের চেষ্টা করেন হামজা। কিন্তু এবারও সফল হননি তিনি।

প্রথমার্ধে শ্রীলঙ্কাও পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করে। ৩৮ মিনিটে ডান দিক থেকে বিপজ্জনক ক্রস পাঠালেও বলের নাগাল পাননি কোনো লঙ্কান ফুটবলার। ফলে বাংলাদেশের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণকে বড় কোনো পরীক্ষার মুখে পড়তে হয়নি।

বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা। ৪৩ মিনিটে ইব্রাহিমের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে গতি বাড়িয়ে এগিয়ে যান তিনি। পথে এক ডিফেন্ডারকে পেছনে ফেলে নেওয়া জোরালো শট গোলরক্ষক সুজন পেরেরার শরীরে লেগে দিক পরিবর্তন করে জালে ঢোকে। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল পেলেন হামজা। বাংলাদেশের জার্সিতে এটি তার পঞ্চম গোল, যার সব কটিই এসেছে জাতীয় স্টেডিয়ামে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। ৫৩ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচের অন্যতম সেরা গোলটি করেন ফারহান আলী ওয়াহিদ। বক্সের বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে এগিয়ে যান ইংল্যান্ডপ্রবাসী এই ফুটবলার। দুর্দান্ত নিয়ন্ত্রণে একে একে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। গোলটি দেখে বিস্ময় প্রকাশ করেন হামজাও। পরে সতীর্থরা ফারহানকে কাঁধে তুলে উদ্‌যাপন করেন।

তিন গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার কঠিন চ্যালেঞ্জে পড়ে শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। তবে ৭৬ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে হয় সাদ উদ্দিনকে। গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে যান তিনি। সতীর্থকে সান্ত্বনা দিতে এগিয়ে যান হামজা। সাদের পরিবর্তে রহমত শাহ এবং কাজেম শাহর বদলি হিসেবে জামাল ভূঁইয়া মাঠে নামেন।

৮৩ মিনিটে ব্যবধান কিছুটা কমানোর সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। বক্সের বাইরে থেকে সুকির নেওয়া জোরালো শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। তবে এরপর আর গোলের দেখা পায়নি সফরকারীরা।

ম্যাচের শেষ দিকে নিজের নামও স্কোরশিটে তোলেন রাকিব হোসেন। পুরো ম্যাচে একের পর এক আক্রমণ তৈরি করলেও গোল বা অ্যাসিস্টের দেখা পাচ্ছিলেন না তিনি। এবার নিজেই বল নিয়ে এগিয়ে গিয়ে এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন। সামনে গোলরক্ষককে পেয়ে ঠান্ডা মাথায় তার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এই ফরোয়ার্ড।

রাকিবের গোলে বাংলাদেশের জয় ৪-০ ব্যবধানে পূর্ণতা পায়। চারজন আলাদা ফুটবলারের গোল পাওয়া দলের আক্রমণভাগের জন্যও ইতিবাচক বার্তা দিয়েছে। তবে বড় জয়ের আনন্দের মধ্যেও সাদ উদ্দিনের চোট নিয়ে কিছুটা উদ্বেগ থাকছে বাংলাদেশের শিবিরে।




এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ চারে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অন্য সেমিফাইনালে লড়বে ভারত ও আফগানিস্তান।

সোমবার মালয়েশিয়াকে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। এরপর মঙ্গলবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। তাতেই নিশ্চিত হয় সেমিফাইনালে দুই দলের লড়াই।

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের এক নম্বর টার্ফে প্রথমে ব্যাট করে নেপালের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১৭৪ রানে অলআউট হয় নেপাল। তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে পাকিস্তানের যুবারা।

অন্যদিকে, ‘বি’ গ্রুপে তিন ম্যাচের দুটিতে জয় নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ফলে সেমিফাইনালে ২০২৪ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে প্রতিপক্ষ হিসেবে থাকছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান।

মঙ্গলবার একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়েছে ভারত। তিন ম্যাচে দুই জয় নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়েছে দলটি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ চ্যাম্পিয়ন আফগানিস্তান।

আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় পাশাপাশি দুটি মাঠে শুরু হবে যুব এশিয়া কাপের দুই সেমিফাইনাল। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।




চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ইয়ামালকে পাচ্ছে না স্পেন

খেলাধুলা ডেস্কঃ আসন্ন উয়েফা নেশনস লিগের ম্যাচে বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল স্পেনের হয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না। রবিবার (৮ নভেম্বর) আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ের ম্যাচে তার ডান হাঁটুতে অস্বস্তি অনুভূত হয়েছিল। ১৯ বছর বয়সী এই ফুটবলার মেত্রোপলিতানো স্টেডিয়ামে বার্সার হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন।

হান্সি ফ্লিকের দল পিছিয়ে থেকেও যেভাবে জয় তুলে নিয়েছে, তাতে বড় ভূমিকা ছিল ইয়ামালের। তিনিই ফারমিন লোপেজের জয়সূচক গোলটিতে সহায়তা করেছিলেন। ম্যাচ চলাকালীন সমস্যা অনুভব করলেও সোমবার সকালে তার মেডিকেল পরীক্ষা করানো হয়। জানা গেছে, পরীক্ষায় বড় কোনো আঘাত ধরা পড়েনি।

তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তিনি সোমবার লাস রোজাসে স্পেনের ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন না; বরং বার্সেলোনাতেই তার সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যাবেন। ‘স্পোর্ত’-এর প্রতিবেদন অনুযায়ী, এই উইঙ্গার শুক্রবার লুইস দে লা ফুয়েন্তের দলে যোগ দিতে পারেন এবং রবিবার মেত্রোপলিতানোতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তাকে পাওয়া যেতে পারে। এই ম্যাচটি গ্রুপে শীর্ষস্থান নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

এদিকে ফ্লুতে আক্রান্ত হওয়ায় রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবালও দলের সঙ্গে দেরিতে যোগ দেবেন। তিনিও ইংল্যান্ডের ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।




চোটে ছিটকে গেলেন গুয়েহি, ইংল্যান্ড দলে ড্যান বার্ন

খেলাধুলা ডেস্কঃ নেশন্স লিগে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার মার্ক গুয়েহি। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্ডার ড্যান বার্ন।

গত শনিবার নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে চোটের কারণে বিরতির সময় মাঠ ছাড়েন গুয়েহি। ওই ম্যাচে ম্যানচেস্টার সিটি পরাজিত হয়। ম্যাচ শেষে সিটির কোচ এনজো মারেসকা জানান, চোটের কারণে নিজেই মাঠ ছাড়ার অনুরোধ করেছিলেন এই সেন্টারব্যাক।

রবিবার তার চোটের অবস্থা জানতে স্ক্যান করানোর খবর প্রকাশিত হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, চলতি সপ্তাহে ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে পারবেন না ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার।

২০২৫ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই থমাস টুখেলের দলের গুরুত্বপূর্ণ সদস্য গুয়েহি। সর্বশেষ বিশ্বকাপে ইংল্যান্ডের প্রায় সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। কেবল একটি ম্যাচে খেলেননি। এছাড়া সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠিত নেশন্স লিগের চারটি ম্যাচেই শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন সাবেক ক্রিস্টাল প্যালেস অধিনায়ক।

গুয়েহির পরিবর্তে দলে ডাক পাওয়া ৩৪ বছর বয়সী ড্যান বার্নের আন্তর্জাতিক অভিজ্ঞতাও রয়েছে। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন তিনি। টুখেলের অধীনে বিশ্বকাপের দলেও ছিলেন এই নিউক্যাসল ডিফেন্ডার। তবে বিশ্বকাপে দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন।

সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে গোড়ালির চোটের কারণে ইংল্যান্ড দলে ছিলেন না বার্ন। ফলে বেশ কিছুদিন পর আবারও জাতীয় দলের জার্সিতে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি।

আগামী বৃহস্পতিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। এরপর শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদে বিশ্বকাপজয়ী স্পেনের বিপক্ষে মাঠে নামবে টুখেলের দল।

গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে গুয়েহির অনুপস্থিতি ইংল্যান্ডের রক্ষণভাগে প্রভাব ফেলতে পারে। তবে তার জায়গায় অভিজ্ঞ ড্যান বার্নকে দলে অন্তর্ভুক্ত করে রক্ষণভাগের বিকল্প শক্তি বাড়ানোর চেষ্টা করছে ইংল্যান্ড।




ভুটানের ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে হারায় চাপ ছিল ভুটানের ওপর। সেমিফাইনালের রেসে টিকতে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে পয়েন্টের বিকল্প ছিল না। দলটি জিততে না পারলেও লঙ্কানদের কাছ ছিনিয়ে নিয়েছে এক পয়েন্ট। তাতে পাকিস্তানের পর সাফে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।

রবিবার রাতে পল্টনের জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের খেলায় ২-২ গোলে ড্র করেছে ভুটান ও শ্রীলঙ্কা। এই ড্রয়ে দুই দলেরই আশা বেঁচে থাকল। এই গ্রুপে তিন পয়েন্ট পেয়ে বাংলাদেশ সেরা চারের একটি স্পট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শেষ খেলায় নিশ্চিত হবে সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গী হবে কোন দল।

এদিন শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল শ্রীলঙ্কা। ১৩তম মিনিটে অলিভার কেলার্টের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর একাধিক আক্রমণ করেও গোল পাচ্ছিল না দলটি। উল্টো ৩৪তম মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে এক মিনিট পরই দূরপাল্লার শটে সমতা ফেরান কেলার্ট। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে ওয়াসিম রাজিকের হেডে ২–১ ব্যবধানে এগিয়ে যায় শ্রীলঙ্কা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েও শুরুতে কাজে লাগাতে পারেনি ভুটান। ৬৮তম মিনিটে পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন চেনচো গিয়েলশেন।

তবে ৭৬তম মিনিটে দুর্দান্ত এক গোলে সেই আক্ষেপ ঘোচান ভুটানের এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২–২ সমতায় শেষ হয় ম্যাচ।

এখন এই গ্রুপের শেষ খেলায় বাংলাদেশের জয়ের আশায় থাকবে ভুটান। কেননা বাংলাদেশ জিতলেই শেষ চারের টিকিট পেতে পারে তারা। লঙ্কানদের সামনে সহজ সমীকরণ, ড্র করলেই গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে উঠবে।




সাফ চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচের টিকিটের দামে অর্ধেক ছাড়

খেলাধুলা ডেস্কঃ ঢাকায় চলমান সাফ চ্যাম্পিয়নশিপে দর্শক উপস্থিতি বাড়াতে টিকিটের দামে ছাড় দিয়েছে আয়োজক কমিটি। রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া দুটি ম্যাচের টিকিটে ৫০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করা হয়েছে।

দ্বিতীয় দিনের সূচিতে বিকেল সাড়ে ৩টায় ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। আর রাত ৮টায় ‘এ’ গ্রুপের লড়াইয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। এই দুই ম্যাচের টিকিটের দাম অর্ধেক কমানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

এবারের আসরে শুরু থেকেই দর্শক উপস্থিতি প্রত্যাশা অনুযায়ী ছিল না। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে গ্যালারিতে দর্শক ছিল কম। তবে স্বাগতিক বাংলাদেশের ম্যাচে পরিস্থিতি বদলায়। ভুটানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন প্রায় সাড়ে ১২ হাজার দর্শক, যা স্টেডিয়ামের মোট আসনসংখ্যার প্রায় অর্ধেক।

টুর্নামেন্টে দর্শক উপস্থিতি আরও বাড়ানোর লক্ষ্যেই টিকিটের দামে এই ছাড় দেওয়া হয়েছে। টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিএসএর প্রতিনিধি সজীব শনিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবারের দুটি ম্যাচের টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় কার্যকর থাকবে। এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি দর্শক মাঠে এসে খেলা উপভোগ করবেন বলে আশা আয়োজকদের।

এদিকে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিটের দাম কমানো হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।




টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি

খেলাধুলা ডেস্কঃ টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন লিওনেল মেসি।

লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুইবার এ পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

২০২৬ মৌসুমে ২৬ গোল করে গোল্ডেন বুট জিতেছেন মেসি।

মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তার দল ইন্টার মায়ামি। ম্যাচটিতে কোনো গোল না পেলেও দুটি গোলে সরাসরি অবদান রাখেন তিনি।

ঘরের মাঠে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মায়ামিকে।

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির ধারেকাছেও যেতে পারেননি প্রতিদ্বন্দ্বীরা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। আর ন্যাশভিল এসসির স্যাম সারিজের গোলসংখ্যা ২১।

গত মৌসুমে মেসি ২৯ গোল করেছিলেন, যা এমএলএসের এক মৌসুমে চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ড। এবার সেই সংখ্যা ছুঁতে না পারলেও টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে লিগে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন তিনি।

ইন্টার মায়ামির আক্রমণভাগেও সবচেয়ে বড় অবদান ছিল মেসির। চলতি মৌসুমে দলটি লিগে সর্বোচ্চ ৮০টি গোল করেছে। এর মধ্যে ২৬টি গোল করেছেন মেসি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি গোল। অর্থাৎ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মায়ামির মোট ৮০ গোলের মধ্যে ৪৩টিতেই সরাসরি অবদান রয়েছে তার।




ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ, দক্ষিণ আফ্রিকায়ও যাচ্ছেন না সাদমান

খেলাধুলা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। গোড়ালির গুরুতর চোটে শুধু চলতি সিরিজ নয়, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম।

গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি তার হাড়েও হালকা চিড় ধরা পড়েছে।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে স্লাইড করতে গিয়ে ভারসাম্য হারিয়ে গোড়ালিতে গুরুতর আঘাত পান সাদমান। তাৎক্ষণিকভাবে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর উন্নত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বিসিবি নিশ্চিত করেছে, গোড়ালির লিগামেন্টে বড় ধরনের চোটের কারণে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে।

এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্ট তো বটেই, এমনকি আগামী ১০ ও ১১ নভেম্বর দুই ভাগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়তে চলা বাংলাদেশ দলের স্কোয়াডেও তার থাকা হচ্ছে না। টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে ১৫ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত এবং ২৩ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাদমানের শতভাগ ফিট হয়ে মাঠে ফেরা প্রায় অসম্ভব।

এদিকে সাদমানের এই আকস্মিক অনুপস্থিতিতে ওপেনিং পজিশনে বিকল্প খুঁজতে হচ্ছে জাতীয় দলের নির্বাচকদের। খালি হওয়া জায়গাটিতে নতুন কোনো ওপেনারকে দলে অন্তর্ভুক্ত করার জোর প্রস্তুতি চলছে এবং খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য চূড়ান্ত টেস্ট স্কোয়াড ঘোষণা করা হতে পারে।




চালকের আসনে ক্যারিবীয়রা, চাপে বাংলাদেশ

খেলাধুলা ডেস্কঃ সিলেট টেস্টে ক্রমেই কঠিন হয়ে উঠছে বাংলাদেশের পথ। প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিং ছাড়া স্বাগতিক ব্যাটাররা বড় কোনো প্রতিরোধ গড়তে পারেননি। এবার দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের খেলায় মাত্র ২ উইকেট হারিয়েই ২৫০ রানের বেশি সংগ্রহ করেছে সফরকারীরা। ফলে ম্যাচে বড় লিড নিয়ে চালকের আসনে রয়েছে ক্যারিবীয়রা।

চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫৯ রান তুলেছে রোস্টন চেজের দল। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ পেরিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ২২৯ রানে। উইকেটে দারুণভাবে থিতু হয়ে ব্যাট করছেন কাভেম হজ ও অভিষিক্ত কেভিন উইকহ্যাম। দুজনের ব্যাটে তৃতীয় উইকেটে ইতোমধ্যে যোগ হয়েছে ১৫৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। হজ ৯৩ এবং উইকহ্যাম ৬৩ রান নিয়ে ব্যাট করছেন।

দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের চাপে রাখে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শেষ করেছিল সফরকারীরা। সেখান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে দুই ওপেনার ব্রেন্ডন কিং ও জশুয়া ডা সিলভা। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৮৫ রান।

অবশেষে এই জুটি ভাঙেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ৩৬ রান করা ডা সিলভা। এতে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। তবে ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের লিড পৌঁছে যায় ৫৫ রানে।

একপ্রান্তে উইকেট হারালেও আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন ব্রেন্ডন কিং। নতুন ব্যাটার কাভেম হজকে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। নিজের টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতকও তুলে নেন এই ওপেনার। তবে দ্বিতীয় উইকেটে ৩৪ রান যোগ হওয়ার পর তাকে থামান মেহেদী হাসান মিরাজ। ৬১ রান করা কিংকে স্লিপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান এই অফস্পিনার।

এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু হজ ও অভিষিক্ত উইকহ্যামের দৃঢ় ব্যাটিংয়ে সেই আশা ক্রমেই কঠিন হয়ে উঠছে। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররা দারুণ বোলিং করলেও দ্বিতীয় ইনিংসে সেই ধার দেখা যাচ্ছে না। অন্যদিকে স্পিনার তাইজুল ও মিরাজ দুটি উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তি দিলেও বড় জুটি ভাঙতে পারছেন না।  ম্যাচে ফিরতে হলে দ্রুত উইকেট নেওয়ার বিকল্প নেই স্বাগতিকদের।




শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারের হতাশা কাটিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে টাইগার যুবারা।
ওমানের আল আমেরাতে টসের পর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই গুটিয়ে যায় বাংলাদেশ। ইনিংসের শেষ ২ বল বাকি থাকতে ২৪৫ রানে অলআউট হয় দলটি। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন আহসান আল মুমিন।
এ ছাড়া ৮৩ বলে ৫৯ রান করেন এসকে জারিফ সিয়াম। আব্দুল্লাহ আল মুহি ৩০ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে সেথমিকা সেনেরিরত্নে চারটি, গিমহান মেন্ডিস তিনটি ও কউশিকা কুমারাসিংহে দুটি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। এরপর এক প্রান্তে নিয়মিত উইকেট হারালেও আরেক প্রান্তে দারুণ ব্যাটিং করেন সেনুজা ওয়েকুনাগদার। তার ব্যাটে জয়ের স্বপ্নই দেখছিল লঙ্কানরা। তবে ৮৫ রানে এই ব্যাটাড় ফেরার পর আর কেউ বড় রান করতে পারেননি। শেষপর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ৪৫ রানের জয় পায় বাংলাদেশ।

টাইগারদের পক্ষে দুটি করে উইকেট পান রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক।