মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা

ক্রীড়া ডেস্কঃ একেই বলে মাস্টারক্লাস, একেই বলে দুর্দান্ত-দারুণ। এমন সুন্দর শুরু করা যায়, সেটা কোনো দিন ভেবেছিলেন কি লিওনার্দো দ্য ভিঞ্চিও। তিনি ভেবেছেন কিনা জানি না তবে তার নামের সাথে যার নামের শুরুটার মিল আছে কিছুটা, সেই লিওনেল মেসি দেখালেন পায়ের জাদুতে কি সুন্দর হয়ে উঠতে পারে ফুটবলের মোনালিসা।

মেসি নিজে হ্যাট্রিক করে দলকে জেতালেন দারুণ নৈপুণ্যে। যদিও ম্যাচের শেষ দিকে মেসিকে তুলে নেয়া হয়। তবে ততক্ষণে যা করার করে ফেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

আলজেরিয়ার বিপক্ষে ৭৬তম মিনিটে নিজের হ্যাট্রিক পূরণ করেন লিওনেল মেসি, দল এগিয়ে যায় ৩-০ গোলে। এর আগে ম্যাচের ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই ম্যাচেই বিশ্বকাপে মেসি ১৬তম গোলের মাইলফলক ছুঁয়েছেন। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ১৬ গোল করা মিরোস্লাভ ক্লোসাকে।

ম্যাচের ১৭তম মিনিটেই নিজের প্রথম গোল পান মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করলেন অসাধারণ এক গোল। বিশ্বকাপে মেসির করা ১৪তম গোলটি নিয়েই যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের প্রথমার্ধের পুরোটা জুড়ে ছিলেন লিওনেল মেসি। খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে শুরু হয় উল্লাস, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্‌যাপন থেমে যায়। এরপর বাতিল হয় আলজেরিয়ার একটি গোলও।

এই ম্যাচের মধ্য দিয়ে ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন মেসি। এর আগে এই মাইলফলকের দেখা পেয়েছেন শুধু পর্তুগাল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল-মুতওয়া।

তবে বিশ্বকাপে দেশের হয়ে ২০০ তম ম্যাচ খেলার অভিজ্ঞতায় মেসিই প্রথম! এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ছেলেদের বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি আসরে খেলার রেকর্ড গড়েছেন এই কিংবদন্তি।




রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপে প্রায় দুই দশকের অপেক্ষার অবসান হলো। অসংখ্য রেকর্ড, বিশ্বকাপ শিরোপা, গোল আর জাদুকরী পারফরম্যান্সের পর অবশেষে নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার তিন গোলই এসেছে অধিনায়ক মেসির পা থেকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এর ফলও পেয়ে যায় দ্রুত। প্রথমার্ধের ১৭ মিনিটে মিডফিল্ড থেকে রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে নেন জোরালো শট।

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

প্রথম গোলের পরও থামেননি তিনি। ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ২–০ গোলে এগিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি।

এরপর আসে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। ম্যাচের ৭৬ মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণে বল পান মেসি। মাঝমাঠ থেকে বল এগিয়ে দেন  এনসো ফের্নান্দেস। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের দুর্দান্ত শটে জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। সঙ্গে সঙ্গেই পূর্ণ হয় তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।

গোলের পর দুই হাত আকাশের দিকে তুলে উদযাপন করেন মেসি। সতীর্থরা ছুটে এসে তাকে ঘিরে ধরেন, আর গ্যালারিজুড়ে শুরু হয় ‘মেসি, মেসি’ ধ্বনি।

বিশ্বকাপে এটি ছিল মেসির ষষ্ঠ আসর। ২০০৬ সালে জার্মানিতে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন তিনি। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন। ২০১৪ সালে দলকে ফাইনালে তুলেছিলেন, ২০২২ সালে আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপ জেতান। তবে এত সাফল্যের মাঝেও বিশ্বকাপে কখনো হ্যাটট্রিক করা হয়নি তার।

২০২২ বিশ্বকাপে সাত গোল করে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করলেও কোনো ম্যাচে তিন গোল করতে পারেননি। সেই অপূর্ণতাই পূরণ হলো এবার।

৩৯ বছর বয়সেও বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিক শুধু আর্জেন্টিনাকে জয়ের পথে এগিয়ে নেয়নি, বিশ্বকাপ ইতিহাসে তার নতুন রেকর্ড আরও এক মাইলফলক।




টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মারামারি

ক্রীড়া ডেস্ক : উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান শুরুর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে নিউইয়র্কের ম্যানহাটন এলাকা। কাল সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবেন লিওনেল মেসিরা। তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে টাইমস স্কয়ারে দুই দেশের সমর্থকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ‘জে’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার আগে টাইমস স্কয়ারে একটি পতাকা মিছিলের আয়োজন করেছিলেন আর্জেন্টিনার ভক্তরা। ওই কর্মসূচি চলাকালীন আলজেরিয়ার সমর্থকদের সঙ্গে তাদের তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি ও নীল-সাদা পতাকায় সজ্জিত সমর্থকদের সঙ্গে আলজেরিয়ার সমর্থকদের ধাক্কাধাক্কি ও লাথালাথি চলছে। ব্রুট অফিশিয়াল নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম প্রকাশিত হয়। ভিডিওচিত্রে দেখা যায়, অনেক অপ্রাপ্তবয়স্ক ও সাধারণ দর্শকের উপস্থিতিতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাস্থলে থাকা কয়েকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে সংঘর্ষ থামান।

এই অপ্রীতিকর ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এছাড়া কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও স্থানীয় কর্তৃপক্ষ বা পুলিশ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

টাইমস স্কয়ারের এই সমাবেশটি ছিল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকদের অন্যতম বড় জমায়েত। এছাড়া কানসাস সিটিতেও ভক্তদের বড় একটি দল জড়ো হয়েছেন বলে জানা গেছে, যেখানে বর্তমানে লিওনেল স্কালোনির শিষ্যরা অবস্থান করছেন। কাল আলজেরিয়ার বিপক্ষেই গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই বছরের বিশ্বকাপ যাত্রা শুরু হবে।




আলজেরিয়া ম্যাচে শুরু থেকেই খেলবেন মেসি

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ধরে রাখার মিশনে আগামীকাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনার শেষ নেই। সবচেয়ে স্বস্তির খবর হলো, আলজেরিয়া ম্যাচের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন আর্জেন্টাইন প্রাণভোমরা লিওনেল মেসি। এতে করে আলজেরিয়া ম্যাচের শুরু থেকেই খেলবেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলার।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

কয়েক দিন আগেও চোটে ছিলেন মেসি। এতে কিছুটা হলেও দুশ্চিন্তায় ছিলেন মেসি ভক্তরা। তবে তাদের দুশ্চিন্তা অনেকটাই কমেছে। গত রবিবার থেকে পূর্ণদমে অনুশীলন শুরু করেছেন তিনি। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে আইসল্যান্ডের বিরুদ্ধে সাব হয়ে নেমেছিলেন মেসি। পেনাল্টি থেকে গোলও করেছিলেন। ম্যাচের পর মেসি জানিয়েছিলেন, অনেকটাই সুস্থ। কোনও সমস্যা হচ্ছে না। অনুশীলনেও সেটাই দেখা গেগে। পুরনো ছন্দের মেসিকে দেখা গেছে।

আলজেরিয়া ম্যাচের পর আগামী ২২ জুন রাত ১০.৩০ মিনিটে অস্ট্রিয়া ও ২৮ জুন সকাল ৭.৩০ মিনিটে জর্ডনের বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন মেসিরা। আরও এক বার বিশ্বকাপ জেতার লক্ষ্যে নামছে আর্জেন্টিনা। আরও এক বার মেসির ওপরেই ভরসা তাদের।




রোনালদোর অবাক করা কাণ্ড!

ক্রীড়া ডেস্ক : মাঠের পারফরম্যান্স ছাড়িয়ে ব্যক্তিগত জীবনে ক্রিশ্চিয়ানো রোনালদোর উদারতা ও মানবিক গুণাবলী বরাবরই আলোচনায় থাকে। এবার সেই অভিজ্ঞতার কথা জানালেন তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ আলভারো মোরাতা। বর্তমানে পর্তুগাল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন রোনালদো। এরই মধ্যে এক সাক্ষাৎকারে মোরাতা জানান, রিয়াল মাদ্রিদে খেলার সময় তরুণ ফুটবলারদের প্রতি রোনালদোর আচরণ ছিল অত্যন্ত আন্তরিক ও সহযোগিতামূলক।

মোরাতা স্মৃতিচারণ করে বলেন, প্রাক-মৌসুম প্রস্তুতির সময় রোনালদো প্রায়ই তাকে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করতেন এবং অনেক সময় তারা একসাথে কেনাকাটা করতে যেতেন। শুধু তাই নয়, সতীর্থদের তিনি আইপ্যাড, মোবাইল ফোন ও দামী পারফিউম উপহার দিতেন বলেও জানান মোরাতা। তিনি বলেন, প্রথমবার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সময় তিনি রোনালদোর মানসিকতার সাথে মানিয়ে নিতে হিমশিম খেতেন, কিন্তু ব্যক্তিগতভাবে রোনালদো তাকে সবসময় অত্যন্ত সম্মান ও ভালোবাসার সাথে দেখেছেন।

মাঠের বাইরের রোনালদো সম্পর্কে মোরাতা বলেন, বাইরে থেকে তাকে যেমন মনে হয়, ব্যক্তিগত পর্যায়ে তিনি তার চেয়েও অনেক বেশি সংবেদনশীল ও বুদ্ধিদীপ্ত। রোনালদো সব বিষয়েই বেশ পড়াশোনা করেন এবং জীবন সম্পর্কে তার গভীর জ্ঞান রয়েছে বলে মন্তব্য করেন এই স্প্যানিশ তারকা।

মোরাতার ভাষায়, রোনালদোর জীবনধারা যে কাউকেই অবাক করার মতো। রাত জেগে লম্বা ভ্রমণের ক্লান্তি কাটিয়েও রোনালদো ঠিকই তার কঠোর অনুশীলন, বরফ-ঠান্ডা জলে স্নান ও সাইক্লিং চালিয়ে যেতেন। রোনালদোর এই অদম্য জীবনযাত্রা ও পেশাদারিত্বের সাক্ষী হওয়ার পর মোরাতা নিঃসঙ্কোচে তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেছেন।




কয় গোল হতে পারে ব্রাজিল-মরক্কো ম্যাচে?

ক্রীড়া ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সপ্তাহান্তেই বিশ্বফুটবলের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং মরক্কো। গ্রুপ সি-এর এই হাইভোল্টেজ ম্যাচটি স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যা ৬টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে ব্রাজিল মাঠে নামলেও, ২০২২ সালের কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো যে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে, তা বলাই বাহুল্য। সাম্প্রতিক পারফরম্যান্স এবং দলের শক্তিমত্তার বিচারে ব্রাজিল বাজি ধরার ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকলেও, মরক্কোর লড়াই করার ক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই ফুটবল বিশ্লেষকদের।

এই ম্যাচকে ঘিরে ফ্যানডুয়েল স্পোর্টসবুকের সর্বশেষ অডস অনুযায়ী ব্রাজিলকে জেতার জন্য এগিয়ে রাখা হয়েছে। তবে ফুটবল বিশেষজ্ঞ জন আইমার ম্যাচটির ধরণ নিয়ে ভিন্নধর্মী বিশ্লেষণ তুলে ধরেছেন। তার মতে, গোল সংখ্যা খুব একটা বেশি হওয়ার সম্ভাবনা কম এবং তিনি মূলত আন্ডার ২.৫ গোল বা মোট গোলের সংখ্যা আড়াইয়ের কম হওয়ার দিকেই মত দিয়েছেন।

অতীতে দুই দলের খেলার পরিসংখ্যান এবং সাম্প্রতিক ম্যাচের গোল করার প্রবণতা বিশ্লেষণ করেই এমনটা মনে করছেন তিনি। মরক্কোর রক্ষণভাগের দৃঢ়তা এবং ব্রাজিলের ম্যাচ জয়ের তীব্র মানসিকতা এই লড়াইকে এক রোমাঞ্চকর পর্যায়ে নিয়ে যেতে পারে।

সূত্র: সিবিএস স্পোর্টস




জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে এসআইসহ তিনজন প্রত্যাহার

ক্রীড়া ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে খুলশী থানায় নিয়ে গিয়েও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ নাঈমের। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিনজনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

ক্রিকেটার নাঈম হাসান রাতে সাংবাদিকদের জানান, ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের ফ্লাইটে চট্টগ্রাম আসার কথা ছিল তার। তবে বিলম্ব হওয়ায় রাত ১০টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম পৌঁছান। এরপর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশা করে বাসার উদ্দেশে রওনা দেন। অটোরিকশাটি এক্সপ্রেসওয়ে থেকে নামার পর লালখান বাজার এলাকায় পুলিশের এক সদস্য গাড়ি থামার সংকেত দেন।

নাঈম হাসান বলেন, গাড়ি থামাতেই কয়েকজন ডিবি পুলিশ পরিচয়ে চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেন। এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তখন তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেন, পরিচয়পত্রও দেখান। তবু তাকে ঘটনাস্থলে থাকা খুলশী থানার এসআই শফিকুল ইসলাম হাতে থাকা লাঠি দিয়ে কোমরে আঘাত করতে থাকেন। পুলিশের ওই এসআইয়ের সঙ্গে সাদা পোশাকে থাকা (পুলিশের সোর্স সোহেল) এক ব্যক্তিও হাতে থাকা পাইপ দিয়ে তাকে পেটান।

তিনি বলেন, পুলিশের গাড়ি থাকলেও সেখানে তাকে তোলা হয়নি। মারধরের এক পর্যায়ে তাকে থানায় নিয়ে যান এসআই শফিকুল। এরপর ওসির কক্ষে নেওয়া হয় তাকে। ওসির কক্ষেও তাকে হেনস্তা করা হয়েছে বলে দাবি করে নাঈম হাসান বলেন, ওসিকে তিনি যখন ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন তখন ওসি বারবার বলেন চোখ নিচু করে কথা বলতে। এর মধ্যেই একটি ফোন পেয়ে ওসি শান্ত হন।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘চোরাচালানের তথ্য ছিল অটোরিকশাটির বিরুদ্ধে। তবে এই তথ্য কতটুকু সঠিক যাচাই করা হচ্ছে। আর অভিযান চালানোর আগে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অভিযান কিংবা তল্লাশিতে পুলিশের কিছু নিয়ম-কানুন রয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’

তিনি বলেন, ‘অভিযান চালানোর নিয়ম রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, আপাতদৃষ্টিতে এখানে ভুলত্রুটি রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘অভিযানের বিষয়ে এসআই শফিকুল ইসলাম আমাকে কিছু জানাননি। থানায় নিয়ে আসার পর ক্রিকেটার নাঈমের পরিচয় জানি। দুঃখ প্রকাশ করে সসম্মানে থানা থেকে তাকে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে জড়িত ব্যক্তিদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা থানা থেকে যাবেন না জানান। পরে এ ঘটনায় মামলা হয়েছে।’

ওসি বলেন, ‘এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও অভিযানে থাকা আরেক কনস্টেবলকে তাৎক্ষণিক ক্লোজড করা হয়েছে।’




কানাডায় বিশ্বকাপ উদ্বোধনে নোরার সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়

ক্রীড়া ডেস্ক : মেক্সিকো সিটির পর এবার উত্তর আমেরিকার আরেক আয়োজক কানাডায় হলো বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত তারকা অফিশিয়াল থিম সংয়ে পারফর্ম করার পাশাপাশি সরাসরি উদ্বোধনী মঞ্চ মাতালেন।

শুক্রবার (১২ জুন) কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বমঞ্চে সুরের জাদু দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় ডিজে এবং ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও গায়িকা নোরা ফাতেহি এবং ফরাসি হিপ-হপ তারকা ভেজেড্রিমের সঙ্গে যৌথভাবে পারফর্ম করেন তিনি।

টরন্টোতে কানাডা বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ম্যাচের ঠিক ৯০ মিনিট আগে শুরু হয় এই জমকালো অনুষ্ঠান। সেখানে এই ত্রয়ী তাঁদের নতুন রিলিজ হওয়া ফিফা অফিশিয়াল ট্র্যাক ‘সির সির’ পরিবেশন করেন। মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গানটি ইউটিউবে ২০ মিলিয়নের (২ কোটি) বেশি ভিউ পেয়ে বিশ্ব রেকর্ড গড়েছে। এর আগে শাকিরার অফিশিয়াল ফিফা থিম সং প্রথম দিনে ৮ দশমিক ২ মিলিয়ন ভিউ পেয়েছিল, যা এবার টপকে গেল সির সির।

সঞ্জয়ের জন্ম বাংলাদেশের চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে। এরপর শৈশবের একটি বড় সময় চট্টগ্রামে কাটিয়ে পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই ডিজে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ইলেকট্রনিক মিউজিকের সঙ্গে বাংলা সুরের ফিউশন ঘটিয়ে প্রশংসিত হয়েছেন।

কানাডায় সঞ্জয়সহ উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন গায়িকা আলেসিয়া কারা, মাইকেল বুবলে ও ইলিয়ানার তারকারা।




মিরাজকে নিয়েই শেষ ওয়ানডের দল ঘোষণা বিসিবির

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে জয় এনে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। তবে দলকে জয় এনে দেওয়ার পর হাসপাতালে যেতে হয়েছিল মিরাজ।

শুক্রবার (১২ জুন) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিরাজ। টাইগার অধিনায়ককে নিয়েই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১১ জুন) মাথায় আঘাত নিয়েই বাংলাদেশের জয় নিশ্চিত করেন মিরাজ। সতর্কতার স্বার্থে ম্যাচ শেষ হওয়ার পরই হাসপাতালে পাঠানো হয় তাকে। দুইবার স্ক্যান করানো হলেও সেখানে খারাপ কিছু ধরা পড়েনি। ১২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পর বাসায় ফিরেছেন মিরাজ। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মিরাজ বাসায় ফিরেছে। ১২ ঘণ্টার মতো পর্যবেক্ষণে ছিল। তার মাথায় একটা বাউন্সারে আঘাত লেগেছিল, তারপর একটু বমি হয়। যেটা কিছুটা চিন্তার ছিল। এরপরও সে খেলা চালিয়ে যায়। খেলার পর দ্রুতই বিসিবির ডাক্তার, ফিজিওরা সিদ্ধান্ত নেন তাকে এভারকেয়ারে পাঠানো হবে।’
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা।



বিশ্বকাপের চ্যাম্পিয়নরা কি পরিমাণ অর্থ পাবে, বাকিরা পাবে কতো?

ক্রীড়া ডেস্ক : বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াইয়ে নামছে দলগুলো, তবে মাঠের এই লড়াই শুধু শ্রেষ্ঠত্বের ট্রফির জন্যই নয়, এর সাথে জড়িয়ে আছে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারও। আজ ১১ জুন থেকে পর্দা উঠছে ফুটবলের মহাযজ্ঞের। ইতিহাসে এবারই প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের জমজমাট আসর। আর এই মহোৎসবে অংশগ্রহণকারী দলগুলোর জন্য ট্রফির পাশাপাশি পানির মতো টাকা ঢালছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা।

আসরে অংশ নেওয়া প্রতিটি দেশের জন্যই থাকছে বড় অঙ্কের অর্থ। মূল টুর্নামেন্ট শুরুর আগেই প্রস্তুতি পর্বের খরচ সামলাতে অংশগ্রহণকারী প্রতিটি ফুটবল ফেডারেশনকে প্রাথমিক অবস্থায় ১.৫ মিলিয়ন মার্কিন ডলার করে দিচ্ছে ফিফা। এরপর মাঠের লড়াইয়ে দলগুলো যত সামনের দিকে এগোবে, তাদের উপার্জনের খাতা তত ভারী হতে থাকবে। গ্রুপ পর্বের বৈতরণী পার করে নকআউট পর্বের প্রতিটি ধাপে পা রাখার সাথে সাথেই দলগুলোর অ্যাকাউন্টে যোগ হবে মিলিয়ন মিলিয়ন ডলার।

পুরস্কারের এই বিশাল অঙ্কের তালিকায় সবচেয়ে বড় জ্যাকপটটি পাবেন অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামের মহাকাব্যিক ফাইনালে যে দলটি সোনালী ট্রফি উঁচিয়ে ধরবে, তারা পুরস্কার হিসেবে ঘরে তুলবে রেকর্ড ৫০ মিলিয়ন মার্কিন ডলার। রানার্স-আপ বা দ্বিতীয় স্থান অর্জনকারী দলটিও খুব বেশি পিছিয়ে থাকছে না, সান্ত্বনা পুরস্কার হিসেবে তাদের পকেটে ঢুকবে ৩৩ মিলিয়ন ডলার। এছাড়া টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল দুটি পাবে যথাক্রমে ২৯ মিলিয়ন এবং ২৭ মিলিয়ন ডলার।

ফিফার এই বিশাল আর্থিক বরাদ্দের ছোঁয়া পাবে কোয়ার্টার ফাইনাল ও শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোও। পঞ্চম থেকে অষ্টম স্থানে থাকা প্রতিটি দল পাবে ১৯ মিলিয়ন ডলার করে। নকআউটের প্রথম রাউন্ড অর্থাৎ নবম থেকে ষোড়শ স্থান পর্যন্ত প্রতিটি দলের ভাগ্যে জুড়বে ১৫ মিলিয়ন ডলার। এমনকি গ্রুপ পর্বের বাধা টপকাতে না পারা ১৭ থেকে ৩২ নম্বর দলগুলো পাবে ১১ মিলিয়ন ডলার করে এবং একদম তলানির ৩৩ থেকে ৪৮তম স্থান পাওয়া দলগুলোর প্রত্যেকে পাবে ৯ মিলিয়ন ডলার করে। সব মিলিয়ে এবারের মেগা টুর্নামেন্টে অংশ নেওয়া দেশগুলোর পেছনে ফিফা মোট ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল বাজেট ঘোষণা করেছে।

সূত্র: মার্কা