ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে?

ক্রীড়া ডেস্কঃ এবারের ফুটবল বিশ্বকাপে ম্যাচ সংখ্যা বেড়ে যাওয়ায় গোলের সম্ভাবনাও বাড়ছে, আর সেই সঙ্গে আরও জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ নিয়ে আলোচনা। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবার কার পায়ে উঠবে এই সম্মানজনক ট্রফি- সেই প্রশ্নেই এখন উত্তেজনা তুঙ্গে।

এবারের বিশ্বকাপ আসরে ম‍্যাচ বেড়েছে ৪০টি, আর সেই কারণেই গোলের রেকর্ড ভাঙার সম্ভাবনাও অনেক বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই বাস্তবতায় বিশ্ব ফুটবলের সেরা ফরোয়ার্ডরা রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে-কে জিতবেন গোল্ডেন বুট?

ফিফার তৈরি শীর্ষ গোলদাতাদের তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপের মতো তারকারা। পাশাপাশি উঠে এসেছেন তরুণ সেনসেশন লামিনে ইয়ামালও।

কিলিয়ান এমবাপে (ফ্রান্স)

আন্তর্জাতিক ফুটবলে ৯৮ ম্যাচে ৫৬ গোল করা এমবাপে বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল। বয়স ২৭ হলেও ইতিমধ্যে বিশ্বকাপে দুইবার গোল্ডেন বুট জয়ের সম্ভাবনায় থাকা এই ফরোয়ার্ড এবারও অন্যতম ফেভারিট। ক্লাব ও জাতীয় দলে তার গোল করার ধারাবাহিকতা তাকে আলাদা অবস্থানে রাখছে।

হ্যারি কেইন (ইংল্যান্ড)

ইংল্যান্ড অধিনায়ক কেইন আন্তর্জাতিক ফুটবলে ১১৩ ম্যাচে ৭৯ গোল করেছেন। বায়ার্ন মিউনিখে দারুণ ফর্মে থাকা এই স্ট্রাইকারের সামনে এবার ইতিহাস গড়ার সুযোগ—দুইবার গোল্ডেন বুট জেতা প্রথম খেলোয়াড় হওয়ার সম্ভাবনা।

মিকেল ওইয়ারসাবাল (স্পেন)

স্পেনের এই ফরোয়ার্ড এখন দুর্দান্ত ফর্মে আছেন। দেশের হয়ে শেষ ১৩ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি। যদিও বিশ্বকাপে আগে তার অভিজ্ঞতা নেই, তবে সতীর্থ পেদ্রি, ইয়ামাল ও উইলিয়ামসের কারণে তার সুযোগ তৈরি হতে পারে।

আর্লিং হলান্ড (নরওয়ে)

আন্তর্জাতিক ফুটবলে ৫০ ম্যাচে ৫৫ গোল- এমন পরিসংখ্যানই বলে দেয় কেন তিনি ‘গোল মেশিন’। ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন হলান্ড। প্রতিপক্ষ যেই হোক, গোল করার ক্ষমতায় তিনি অন্যতম শীর্ষে।

লিওনেল মেসি (আর্জেন্টিনা)

আন্তর্জাতিক ফুটবলে ১৯৯ ম্যাচে ১১৭ গোল করা মেসি বিশ্বকাপে ১৩ গোল করেছেন। বয়স বাড়লেও তার ফর্ম এখনও স্থির। আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্রবিন্দু হিসেবে এবারও তিনি বড় ভূমিকা রাখতে পারেন।

ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল)

২২৬ ম্যাচে ১৪৩ গোল করা রোনালদো এখনও জাতীয় দলে ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপগুলোতে তিনি গোল্ডেন বুটের আরেকটি সুযোগ খুঁজছেন।

লামিনে ইয়ামাল (স্পেন)

মাত্র ১৯ বছরের আগে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাওয়া এই তরুণ উইঙ্গার ইতিমধ্যে আলোচনায়। গতি, ড্রিবলিং ও শট—সব মিলিয়ে তিনি বড় চমক হয়ে উঠতে পারেন।

উসমান দেম্বেলে, ভিনিসিউস জুনিয়র ও রাফিনিয়া

ফ্রান্স ও ব্রাজিলের এই তিন উইঙ্গারও আছেন আলোচনায়। বিশেষ করে দেম্বেলে ও ভিনিসিউস ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। রাফিনিয়াও বার্সেলোনার আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম জমজমাট প্রতিযোগিতা। অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভার এই মিশেলে শেষ পর্যন্ত কে হাসবেন- তা এখনই বলা কঠিন।




মেসি, ম্যারাডোনা নাকি পেলে, সেরা ১০ বিশ্বকাপ কিংবদন্তির তালিকা প্রকাশ

ক্রীড়া ডেস্কঃ মেসি, ম্যারাডোনা নাকি পেলে বিশ্বকাপের ইতিহাসে কারা সত্যিকারের সেরা? প্রায় এক শতাব্দীজুড়ে ২২টি আসর পেরিয়ে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে হাজারো তারকা খেললেও, তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ১০ জন কিংবদন্তিকে বেছে নিয়েছে বিবিসি স্পোর্ট।

এই তালিকায় আছে ভিন্ন যুগের ভিন্ন স্টাইলের ফুটবলাররা, যারা বিশ্বকাপকে নিজেদের কীর্তিতে রঙিন করে তুলেছেন।

তালিকার দশম স্থানে আছেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট। ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে তার হ্যাটট্রিক ইংল্যান্ডকে একমাত্র বিশ্বকাপ শিরোপা এনে দেয়। ঘরের মাঠে সেই স্মরণীয় জয় আজও ইংলিশ ফুটবলের সবচেয়ে বড় অর্জন হিসেবে বিবেচিত।

নবম স্থানে আছেন ব্রাজিলের ক্যাফু। তিনি একমাত্র ফুটবলার যিনি টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলেছেন। ১৯৯৪ সালে ব্রাজিলের শিরোপাজয়ী দলে ছিলেন তিনি, ১৯৯৮ সালে ফাইনালে হেরেছিলেন এবং ২০০২ সালে অধিনায়ক হিসেবে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করেন।

অষ্টম স্থানে ইতালির পাওলো রসি। ১৯৮২ বিশ্বকাপে তার অবিশ্বাস্য প্রত্যাবর্তন ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় অধ্যায়। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির কারণে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এসে তিনি ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে ৬ গোল করেন এবং ইতালিকে শিরোপা এনে দেন। একই সঙ্গে তিনি গোল্ডেন বুট ও গোল্ডেন বল দুই পুরস্কারই জেতেন।

সপ্তম স্থানে ফ্রান্সের জিনেদিন জিদান। ১৯৯৮ বিশ্বকাপে স্বাগতিক ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ এনে দিতে ফাইনালে তার দুই হেড গোল আজও ইতিহাসে অমর। তবে তার বিশ্বকাপ ক্যারিয়ারে উজ্জ্বলতার পাশাপাশি বিতর্কও ছিল ২০০৬ ফাইনালে লাল কার্ড দেখেই বিদায় নিতে হয়েছিল তাকে।

ষষ্ঠ স্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। মাত্র ১৯ বছর বয়সেই ২০১৮ বিশ্বকাপে আলো ছড়ান তিনি, হন নতুন প্রজন্মের পোস্টার বয়। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করে তিনি দেখিয়ে দেন যে বিশ্বমঞ্চে তিনি এখনো সবচেয়ে ভয়ঙ্করদের একজন।

পঞ্চম স্থানে পশ্চিম জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ‘ডের কাইজার’ নামে পরিচিত এই ডিফেন্ডার খেলোয়াড় হিসেবে ১৯৭৪ সালে বিশ্বকাপ জেতেন এবং পরে কোচ হিসেবে ১৯৯০ সালে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন যা খুব কম মানুষের পক্ষেই সম্ভব।

চতুর্থ স্থানে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। দীর্ঘ অপেক্ষার পর ২০২২ বিশ্বকাপে তিনি আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন। পুরো টুর্নামেন্টে তার নেতৃত্ব, গোল, অ্যাসিস্ট এবং ফাইনালের অসাধারণ পারফরম্যান্স তাকে আধুনিক ফুটবলের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়।

তৃতীয় স্থানে ব্রাজিলের রোনালদো। ইনজুরির লড়াই পেরিয়ে ২০০২ বিশ্বকাপে তিনি দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। টুর্নামেন্টে আট গোল করে ব্রাজিলকে শিরোপা জেতান এবং ১৯৯৮ ফাইনালের ব্যর্থতার পর নিজেকে নতুন করে প্রমাণ করেন।

দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপে তার একক নৈপুণ্য ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়। ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ ও পরের অবিশ্বাস্য ড্রিবলিং গোল তাকে অমর করে রেখেছে। পুরো টুর্নামেন্টে তার নেতৃত্বে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়।

আর তালিকার শীর্ষে আছেন ব্রাজিলের পেলে। তিনবার বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার তিনি। ১৭ বছর বয়সে ১৯৫৮ বিশ্বকাপে বিশ্বকে চমকে দেন, পরে ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপেও ব্রাজিলকে শিরোপা এনে দিয়ে ফুটবল ইতিহাসে নিজের অবস্থান চিরস্থায়ী করেন।

সূত্র: বিবিসি




ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন

ডেস্ক নিউজঃ বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এসময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনর রশিদ উপস্থিত ছিলেন।




৪৮ দলের বিশ্বকাপ: কোন গ্রুপে সবচেয়ে কঠিন লড়াই?

ক্রীড়া ডেস্ক : ২০২৬ সালের বিশ্বকাপ এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় আসর। ৪৮টি দল, ১২টি গ্রুপ এবং তিনটি আয়োজক দেশ—সব মিলিয়ে টুর্নামেন্টটি কেবল ফুটবল নয়, এক বিশাল বৈশ্বিক মহাযজ্ঞে পরিণত হয়েছে। গ্রুপ পর্বেই এবার দেখা যাচ্ছে অস্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতা, যেখানে ফেভারিট দলগুলোর পাশাপাশি একাধিক ডার্ক হর্স তৈরি করছে অঘটনের সম্ভাবনা।

এবার গ্রুপ পর্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ‘কোনো গ্রুপই সহজ নয়’। প্রতিটি গ্রুপেই অন্তত একটি করে দল রয়েছে, যারা বড় দলকে চাপে ফেলতে পারে বা অঘটন ঘটাতে পারে।

গ্রুপ A: আয়োজক মেক্সিকোর চাপ ও প্রত্যাশা

আয়োজক দেশ হিসেবে মেক্সিকো স্বাভাবিকভাবেই বাড়তি চাপ ও প্রত্যাশার মধ্যে রয়েছে। উদ্বোধনী ম্যাচ তাদের জন্য বড় সুযোগ হলেও সাম্প্রতিক বিশ্বকাপে নকআউট পর্বে যেতে না পারার ব্যর্থতা এখনো প্রশ্ন হয়ে আছে।

এ গ্রুপে দক্ষিণ কোরিয়া ধারাবাহিকভাবে বড় মঞ্চে ভালো পারফর্ম করে আসছে। অন্যদিকে চেক প্রজাতন্ত্রের মতো ইউরোপিয়ান দল বড় ম্যাচে অঘটন ঘটাতে সক্ষম। ফলে এই গ্রুপে কোনো ম্যাচই সহজ নয়।

গ্রুপ B: কানাডার স্বপ্ন, সুইস বাধা

নিজেদের মাটিতে বিশ্বকাপে প্রথমবারের মতো বড় সাফল্যের লক্ষ্য নিয়ে নামছে কানাডা। তবে ইউরোপের অভিজ্ঞ শক্তি সুইজারল্যান্ড এই গ্রুপের ফেভারিটদের অন্যতম।

কাতার ও বসনিয়া-হার্জেগোভিনা প্রতিপক্ষ হিসেবে পরিচিত। বিশেষ করে মধ্যম শক্তির দলগুলো এখানে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।

গ্রুপ C: ব্রাজিলের সামনে কঠিন পরীক্ষা

ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দল ব্রাজিল এবারও শিরোপার অন্যতম দাবিদার। কিন্তু গ্রুপ পর্বেই তাদের সামনে কঠিন বাধা।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এখন আর কোনো আন্ডারডগ নয়, তারা এখন বিশ্ব ফুটবলের প্রতিষ্ঠিত শক্তি। স্কটল্যান্ডের শারীরিক ফুটবল এবং হাইতির অপ্রত্যাশিত আক্রমণ এই গ্রুপকে আরও অনিশ্চিত করে তুলেছে।

গ্রুপ D: যুক্তরাষ্ট্রের হোম চ্যালেঞ্জ

আয়োজক দেশ যুক্তরাষ্ট্র শক্তিশালী তরুণ স্কোয়াড নিয়ে খেলছে। তবে তাদের পথ সহজ নয়।

তুরস্ক ইউরোপের উদীয়মান শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ে, দুটি দলই শারীরিক ও দ্রুতগতির ফুটবলে ভয়ঙ্কর প্রতিপক্ষ।

গ্রুপ E: জার্মানির পুনর্জাগরণের মঞ্চ

দুই বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানি এবার ঘুরে দাঁড়াতে চায়। কিন্তু আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্ট এবং লাতিন আমেরিকার ধারাবাহিক দল ইকুয়েডর তাদের জন্য বড় বাধা।

এছাড়া কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপে এসে ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচিত হচ্ছে।

গ্রুপ F: সবচেয়ে ভারসাম্যপূর্ণ লড়াই

নেদারল্যান্ডস এখানে ফেভারিট হলেও জাপান সাম্প্রতিক বিশ্বকাপে বড় দলকে হারানোর ইতিহাস তৈরি করেছে।

সুইডেন ও তিউনিসিয়া শৃঙ্খলাবদ্ধ ফুটবলের জন্য পরিচিত। ফলে এই গ্রুপে পয়েন্ট হারালেই বিদায়ের ঝুঁকি।

গ্রুপ G: বেলজিয়ামের শেষ অধ্যায়?

বেলজিয়াম-এর ‘গোল্ডেন জেনারেশন’-এর জন্য এটি শেষ বড় সুযোগ হতে পারে। তবে মিশর ও ইরান বড় অঘটনের ক্ষমতা রাখে। নিউজিল্যান্ডের মতো দলও এখানে সহজ প্রতিপক্ষ নয়।

গ্রুপ H: ইউরোপ-দক্ষিণ আমেরিকার শক্তির লড়াই

স্পেন ও উরুগুয়ে—দুটি বিশ্বকাপজয়ী শক্তি একই গ্রুপে। এখানে সৌদি আরব ইতিমধ্যেই বড় অঘটনের ইতিহাস লিখেছে। কেপ ভার্দেও নিজেদের প্রমাণ করতে প্রস্তুত।

গ্রুপ I: সম্ভাব্য ‘গ্রুপ অব ডেথ’

বিশেষজ্ঞদের মতে সবচেয়ে কঠিন গ্রুপ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এখানে ফেভারিট হলেও তাদের পথ সহজ নয়।

সেনেগাল আফ্রিকার সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। নরওয়ে-তে আছেন আরলিং হালান্ডের মতো বিশ্বমানের তারকা। ইরাকও লড়াইয়ের মাধ্যমে চমক দিতে পারে।

গ্রুপ J: আর্জেন্টিনার নতুন ইতিহাসের মিশন

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে। ১৯৬২ সালের পর কেউ এই কীর্তি করতে পারেনি।

অস্ট্রিয়া ও জর্ডান এই গ্রুপে কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষ করে প্রতিটি ম্যাচেই চাপ থাকবে আর্জেন্টিনার ওপর।

গ্রুপ K: পর্তুগাল বনাম কলম্বিয়ার লড়াই

পর্তুগাল ও কলম্বিয়া—দুটি দলই আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত। উজবেকিস্তান প্রথমবার বিশ্বকাপে এসে নতুন ইতিহাস লিখতে চায়। কঙ্গোও দীর্ঘদিন পর ফিরে এসেছে, যা গ্রুপটিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

গ্রুপ L: ইংল্যান্ডের কঠিন পথ

ইংল্যান্ড ফেভারিট হলেও তাদের গ্রুপ মোটেও সহজ নয়।

ক্রোয়েশিয়া বড় টুর্নামেন্টে সবসময়ই শক্ত প্রতিপক্ষ। ঘানা আফ্রিকার অন্যতম বিপজ্জনক দল, আর পানামা প্রতিবারই উন্নতি করছে।

৪৮ দলের এই বিশ্বকাপ ফুটবলকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। এখন আর কোনো গ্রুপই সহজ নয়। প্রতিটি ম্যাচই হয়ে উঠতে পারে টার্নিং পয়েন্ট।

এবার বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ হবে ফেভারিটদের চাপ সামলানো এবং ডার্ক হর্সদের উত্থান। আর সেই অপ্রত্যাশিত গল্পগুলোই হয়তো আবারও বিশ্বকে মনে করিয়ে দেবে, বিশ্বকাপ কেন সত্যিই ‘The Greatest Show on Earth’।




বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্কঃ ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই মেসির গোল, আর সেই প্রত্যাবর্তন ম্যাচে আর্জেন্টিনার বড় জয়। লিওনেল মেসির জাদুকরী ফেরাকে সামনে রেখে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বটা দারুণভাবে শেষ করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল আর্জেন্টিনার।

ম্যাচের ৭০তম মিনিটে আর্জেন্টিনার ডাগআউট থেকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন এক তরুণ তারকা। তিনি মাঠে নেমেই মাঝমাঠ থেকে দুর্দান্ত এক পাস বাড়ান লাওতারো মার্টিনেজের উদ্দেশ্যে। মার্টিনেজ গোল প্রায় দিয়েই দিচ্ছিলেন, কিন্তু আইসল্যান্ডের ডিফেন্ডার ডি-বক্সের ভেতরে তাঁকে অবৈধভাবে ফাউল করায় মাঠের রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর সেই পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথার নিখুঁত শটে গোল করতে কোনো ভুল করেননি অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের শেষভাগে আর্জেন্টিনার হয়ে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিতকারী শেষ গোলটি আসে লাওতারো মার্টিনেজের পা থেকে।

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হওয়ার আগে আর্জেন্টিনার জার্সিতে এটিই আর্জেন্টাইন জাদুকরের করা শেষ গোল। আর এই গোলের মাধ্যমে বিশ্বকাপের মূল মঞ্চে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোল করার অনন্য রেকর্ড গড়ার প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিলেন এলএমটেন।

দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার ফাঁকা পোস্টে বল পাঠাতে ব্যর্থ না হলে আলবিসেলেস্তেদের জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো।

এই ম্যাচে আর্জেন্টিনা উপহার দিয়েছে তাদের চিরায়ত ছোট পাসের সুন্দর ফুটবল। একইসঙ্গে দ্রুত কাউন্টারে ওঠায়ও মুন্সিয়ানা দেখিয়েছে স্ক্যালোনির দল।

এই জয়েই প্রস্তুতি শেষ আর্জেন্টিনার। আগামী ১৭ জুন কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অবশ্য ২০২২ সালের কাতার বিশ্বকাপেই পেনাল্টি থেকে ৪টি গোল করে যৌথভাবে বিশ্বকাপে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে রেখেছিলেন মেসি। তবে আসন্ন ২০২৬ বিশ্বকাপে পেনাল্টি থেকে আর একটি মাত্র গোল করলেই ফুটবল ইতিহাসের সব রেকর্ড ভেঙে তা এককভাবে নিজের করে নেওয়ার এক সুবর্ণ সুযোগ রয়েছে মেসির সামনে। আলাবামার এই জয় নিশ্চিতভাবেই বিশ্বকাপে নামার আগে বিশ্বচ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস আকাশচুম্বী করে দিল।




২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৫ সালের কার্ডিফের স্মরণীয় জয়ের পর এবার আবারও শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারাল টাইগাররা। বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পায় মেহেদী হাসান মিরাজের দল।

আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ২৮৪ রান তোলে বাংলাদেশ। পরে বৃষ্টির কারণে ম্যাচ থেমে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রানে। এরপর প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর বাংলাদেশকে জয়ী ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

অস্ট্রেলিয়া রান তাড়ায় নামলে শুরুতেই আঘাত হানে টাইগার পেসাররা। ইনিংসের প্রথম বলেই ম্যাট শর্টকে বোল্ড করেন তাসকিন আহমেদ। পরের ওভারে মার্নাস লাবুশেনকে এলবিডব্লিউ করে অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলেন মুস্তাফিজুর রহমান।

এরপর নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন সৈকতের আগুনে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। কুপার কনোলি (৩৫), অ্যালেক্স ক্যারি (৪৭) ও ম্যাট রেনশসহ (২) একের পর এক ব্যাটারকে ফিরিয়ে দেয় বাংলাদেশ।

নাহিদ রানা ৪১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলিং পারফরম্যান্স করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ইতিহাসে সেরা বোলিং ফিগার এটি। মোসাদ্দেকও বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি দুর্দান্ত ক্যাচ ধরে দলের জয়ে বড় অবদান রাখেন।

এর আগে ব্যাট হাতে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন মোসাদ্দেক। দীর্ঘ প্রায় চার বছর পর দলে ফিরে ছয় নম্বরে নেমে ৭০ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৭ চার ও ৩ ছক্কা।

বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত করেন ৬৭ রান এবং তানজিদ হাসান তামিম করেন ৫৪ রান। শেষ দিকে তাসকিন আহমেদ ১৫ বলে ২০ রান যোগ করেন।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস নেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া ম্যাট রেনশ ও লিয়াম স্কট নেন ২টি করে উইকেট।

এই জয়ের মাধ্যমে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয়, এবং ২০০৫ সালের কার্ডিফের পর প্রথম সাফল্য। একই মাঠে আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।




মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল

ক্রীড়া ডেস্কঃ ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর জন্য এক অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের খেলা দেখতে রাত জাগা, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা পরিবারের সবাইকে নিয়ে টিভির সামনে বসার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

তবে শুধু টেলিভিশনেই নয়, এবার মোবাইল ফোন, ট্যাব কিংবা ল্যাপটপ থেকেও সহজেই উপভোগ করা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। ফলে ঘরের বাইরে থাকলেও খেলা মিস হওয়ার সুযোগ নেই।

রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশন বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কিনে দেশের দর্শকদের জন্য এই সুযোগ নিশ্চিত করেছে চ্যানেলগুলো।

এদিকে টিভি সম্প্রচারের পাশাপাশি বেশ কয়েকটি ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মও বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইসে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে।

মোবাইলে বিশ্বকাপ দেখতে চাইলে ব্যবহার করা যাবে মাই রবি, টফি এবং গ্রামীনফোনের বায়োস্কোপ অ্যাপ। এসব প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা।

বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের মূল্য এবার ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকারও বেশি।

তাই টেলিভিশন কিংবা মোবাইল—যে মাধ্যমই হোক না কেন, ফুটবলের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করার সুযোগ থাকছে দেশের কোটি সমর্থকের সামনে।




গরম আবহাওয়ায় বদলে যেতে পারে বিশ্বকাপের হিসাব-নিকাশ

ক্রীড়া ডেস্কঃ ফুটবল বিশ্বকাপ শুধু শিরোপার লড়াই নয়, এটি বিভিন্ন দেশের ফুটবল সংস্কৃতি, কৌশল ও দর্শনেরও মিলনমেলা। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দলগুলো নিজেদের স্বতন্ত্র খেলার ধরণ নিয়ে মাঠে নামে। আর এ কারণেই এবারের বিশ্বকাপ হতে পারে ভিন্ন ভিন্ন ফুটবল দর্শনের এক আকর্ষণীয় সংঘর্ষ।

বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দলগুলোর দিকে তাকালে দেখা যায়, বলের নিয়ন্ত্রণভিত্তিক ফুটবলই এখন সবচেয়ে জনপ্রিয় ধারা। বিশেষ করে ইউরোপের শীর্ষ দলগুলো প্রতিপক্ষের চেয়ে বেশি সময় বল নিজেদের দখলে রাখতে পছন্দ করে। গরম আবহাওয়ায় বলের পেছনে কম ছুটতে হওয়ায় এই কৌশল কার্যকর হতে পারে।

স্পেন এখনও বলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই নিজেদের খেলা সাজায়, যদিও আগের তুলনায় তারা এখন বেশি সরাসরি আক্রমণে যায়। নেদারল্যান্ডসও একই ধরনের দর্শনে বিশ্বাসী, তবে তারা তুলনামূলকভাবে কিছুটা সতর্ক।

ফ্রান্স ও পর্তুগাল মাঝামাঝি অবস্থানে রয়েছে। তারা বলের দখল রাখতে চায়, আবার প্রয়োজন হলে দ্রুত আক্রমণ ও ব্যক্তিগত নৈপুণ্যের ওপরও নির্ভর করে। ২০১৮ সালে ফ্রান্স এই কৌশলেই বিশ্বকাপ জিতেছিল।

জুলিয়ান নাগেলসমানের অধীনে জার্মানি এখনও কিছুটা রহস্যময় দল। তবে সুযোগ পেলে তারা প্রতিপক্ষকে চাপে রাখতে উচ্চগতির চাপ প্রয়োগ ও আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে।

অন্যদিকে ইংল্যান্ড এবার কিছুটা ভিন্ন পথে হাঁটছে। তারা বেশি শারীরিক শক্তিনির্ভর ও দ্রুত পাল্টা আক্রমণভিত্তিক ফুটবলের দিকে ঝুঁকেছে। বলের নিয়ন্ত্রণভিত্তিক দলগুলোর ছন্দ নষ্ট করাই হতে পারে তাদের প্রধান লক্ষ্য।

এবারের বিশ্বকাপে আবহাওয়া বড় ভূমিকা রাখতে পারে। তাপমাত্রা বেশি থাকায় খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ পড়বে। পাশাপাশি কিছু মাঠ ফুটবলের জন্য বিশেষভাবে নির্মিত নয়। ফলে বল নিয়ন্ত্রণ ও দ্রুত পাসের খেলা বাধাগ্রস্ত হতে পারে।

এ কারণে দক্ষিণ আমেরিকার দলগুলো কিছুটা সুবিধা পেতে পারে। গরম আবহাওয়া ও কঠিন মাঠে খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে। উল্লেখযোগ্যভাবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত আগের প্রতিটি বিশ্বকাপেই দক্ষিণ আমেরিকার দল শিরোপা জিতেছে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সম্ভবত তাদের অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরেই কৌশল সাজাবে। তবে ৩৮ বছর বয়সী মেসির ওপর চাপ কমাতে দলটি আরও সুসংগঠিত ও রক্ষণভিত্তিক ফুটবলের দিকেও ঝুঁকতে পারে।

ব্রাজিলও একই ধরনের পথ অনুসরণ করতে পারে। শক্তিশালী রক্ষণভাগের পাশাপাশি দ্রুতগতির আক্রমণভাগকে কাজে লাগিয়ে তারা ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা করবে।

অন্যদিকে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা ও মধ্য আমেরিকার তুলনামূলক কম আলোচিত দলগুলো রক্ষণ সামলে সুযোগ পেলেই পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে আঘাত করতে চাইবে।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপ শুধু সেরা দল খোঁজার মঞ্চ নয়, বরং বিভিন্ন ফুটবল দর্শন ও কৌশলের পরীক্ষাগারও হতে যাচ্ছে। বলের নিয়ন্ত্রণভিত্তিক ফুটবল হয়তো শুরুতে আধিপত্য দেখাবে, কিন্তু একটি দুর্দান্ত পাল্টা আক্রমণই পুরো হিসাব বদলে দিতে পারে। আর সেই অনিশ্চয়তাই বিশ্বকাপকে করে তোলে সবচেয়ে আকর্ষণীয়।




মেক্সিকোতে কঠোর নিরাপত্তার মধ্যে অনুশীলনে ইরানের ফুটবলাররা

ক্রীড়া ডেস্কঃ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বিশ্বকাপে নিজেদের বেস ক্যাম্প মেক্সিকোর তিজুয়ানায় প্রথম অনুশীলন করেছে ইরান জাতীয় ফুটবল দল। সোমবার দলটির এই প্রথম অনুশীলনকে ঘিরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

মূলত টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বর্তমান উত্তেজনার কারণেই তাদের ঘিরে এমন বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ইরানের এই হাই-প্রোফাইল অনুশীলন সেশনটি সাধারণ দর্শক ও মিডিয়ার জন্য সম্পূর্ণ বন্ধ দরজার আড়ালে আয়োজন করা হয়েছিল। তবে তা সত্ত্বেও স্থানীয় ফুটবল অনুরাগী ও মেক্সিকান ভক্তরা ইরানের ফুটবলারদের এক নজর দেখার জন্য ট্রেনিং সেন্টারের আশেপাশে ভিড় জমান।

অনুশীলন কেন্দ্রে পৌঁছানোর পর বেশ কিছু সমর্থক খেলোয়াড়দের কাছাকাছি যাওয়ার সুযোগ পান। সেখানে ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন পর্তুগিজ ক্লাব পোর্তোর সাবেক তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমি। তিনি হাসিমুখে উপস্থিত ভক্তদের অটোগ্রাফ দেন এবং তাদের সঙ্গে থাকা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে স্বাক্ষর করেন।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বের শুরু থেকেই ইরান দলের ওপর বিশেষ নজর ছিল ফুটবল মহলের। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইরান দলের মূল বেস ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে। কিন্তু যাতায়াত ও লজিস্টিক প্রক্রিয়া গোছানোর মাঝপথেই সেই পরিকল্পনা ভেস্তে যায়। ফলে অ্যারিজোনার প্রকল্প ওখানকার মতো বাদ দিতে হয়।

যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তি এবং টুর্নামেন্টের অন্যান্য লজিস্টিক জটিলতার সুরাহা হওয়ার আগ পর্যন্ত ইরান দল অন্তর্বর্তীকালীন সময় হিসেবে তুরস্কে একটি বিশেষ প্রস্তুতি ক্যাম্প পরিচালনা করেছিল। পরে তুরস্ক থেকেই ইরান দলকে মেক্সিকোর ভিসা দেওয়া হয়। দলটি তুরস্ক থেকে স্পেনে যাত্রাবিরতি দিয়ে গতকাল মেক্সিকোতে পৌঁছায়।

এরইমধ্যে ইরানের ফুটবলার, কোচ ও কয়েকজন সাপোর্ট স্টাফকে বিশ্বকাপ খেলার ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দলটির শীর্ষ কর্মকর্তাদের ভিসা দেয়নি ট্রাম্পের সরকার। এ নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে ফিফার কাছে চিঠিও দিয়েছে ইরান।

বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ক্যাম্প করার সিদ্ধান্ত থেকে সরে এসে মেক্সিকোর সীমানায় মূল বেস ক্যাম্প স্থাপন করার এই সিদ্ধান্তটি মূলত তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের প্রভাব এড়ানোর একটি কৌশলগত বিকল্প। এর ফলে ইরান দল লজিস্টিক ও পরিচালনাগত ঝামেলা অনেকটাই কমিয়ে শান্তিতে মাঠের খেলায় মনোযোগ দিতে পারবে বলে মনে করা হচ্ছে।




বিশ্বকাপে বেশি গোল করবেন মেসি না রোনালদো? ভবিষ্যদ্বাণী এমবাপ্পের

ক্রীড়া ডেস্ক : ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র ৩ দিন বাকি। ১১ জুন উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় এই আসরের। বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যেই চলছে নানা আলোচনা। কে হবেন সর্বোচ্চ গোলদাতা, তা নিয়েও চলছে জোর জল্পনা। এমন সময় নিজের পছন্দের কথা জানিয়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর সেখানে লিওনেল মেসির চেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকেই এগিয়ে রেখেছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে এমবাপ্পের কাছে জানতে চাওয়া হয়, আসন্ন বিশ্বকাপে কোন ফুটবলার সবচেয়ে বেশি গোল করতে পারেন। একের পর এক তুলনায় তিনি স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে ফ্লোরিয়ান ভির্টজ, মেমফিস ডিপাই, মোহাম্মদ সালাহ ও আর্লিং হালান্ডের চেয়ে এগিয়ে রাখেন।

এরপর নিজের ক্লাব সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রকে বেছে নেন তিনি। এমনকি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের চেয়েও ভিনিসিয়ুসকে এগিয়ে রাখেন। তবে ভিনিসিয়ুস ও মেসির মধ্যে একজনকে বেছে নিতে হলে এমবাপ্পে মেসির পক্ষেই মত দেন।

কিন্তু মেসি ও রোনালদোর তুলনা আসতেই সিদ্ধান্ত বদলে ফেলেন ফরাসি অধিনায়ক। তাঁর বিশ্বাস, ২০২৬ সালের বিশ্বকাপে মেসির চেয়ে বেশি গোল করবেন রোনালদো। আর শেষ ধাপে যখন রোনালদো ও এমবাপ্পের মধ্যে তুলনা করা হয়, তখন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকেই এগিয়ে রাখেন।

এবারের বিশ্বকাপ এমবাপ্পের তৃতীয় আসর। ২০১৮ সালে তিনি ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ২০২২ সালে ফ্রান্সকে ফাইনালে তুললেও শিরোপা জেতাতে পারেননি। অন্যদিকে, মেসি ও রোনালদো দুজনই রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তাই অনেকের মতে, এটিই হতে পারে তাঁদের শেষ বিশ্বকাপ।

বিশ্বকাপের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছেন মেসি। আর্জেন্টিনার হয়ে ২৬টি বিশ্বকাপ ম্যাচে তিনি করেছেন ১৩ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮ গোল। অন্যদিকে, পর্তুগালের হয়ে ২২টি ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৮।

তবে রোনালদোর সামনে এবার একটি বিশেষ চ্যালেঞ্জও রয়েছে। বিশ্বকাপের নকআউট পর্বে এখনো কোনো গোল করতে পারেননি তিনি। ২০২৬ বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ থাকবে পর্তুগাল অধিনায়কের সামনে।