টেস্ট দল থেকে সৌম্যের বাদ পড়ার কারণ জানালেন প্রধান নির্বাচক

ক্রীড়া ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে লাল বলে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় ২৮ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। শুক্রবার (২৩ অক্টোবর) প্রথম টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। এই টাইগার ওপেনারের সঙ্গে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। এই দুই ক্রিকেটারের বাদ পড়ার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

তিনি বলেন, ‘ওয়ানডে (ত্রিদেশীয়) সিরিজ সৌম্যর ভালো যায়নি। ২ ম্যাচ আগেই কিন্তু জিম্বাবুয়েতে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল। এই সিরিজের দলে নেই কারণ এখন প্রথম শ্রেণির খেলা খেলছে। এখানে একাদশে পরিবর্তনের সুযোগ কম। সৌম্যর একাদশে খেলার সুযোগ কম, ফলে আমরা চাই সে প্রথম শ্রেণির ম্যাচ খেলুক। আমরা চাই প্রথম শ্রেণির ম্যাচ তারা খেলুক, সে কারণেই তৃতীয় ওপেনার রাখিনি।’

সৌম্যকে দলে ফেরানোর প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমাদের মনে হয়েছিল তখন সে সেরা অপশন ছিল। বাকিরা সেভাবে অত প্রস্তুত ছিল না। সেখান থেকেই সৌম্যকে ফেরানো। এখানে প্রস্তুতি ম্যাচেও অনেককে দেখেছি আমরা। দক্ষিণ আফ্রিকাতে তৃতীয় ওপেনার হিসেবে অবশ্যই কেউ না কেউ যাবেন। সেটা কে হবে পরে ঠিক করব। এখন আমাদের চিন্তা তৃতীয় ওপেনার হিসেবে যাকে বিবেচনা করছি, আমরা চাই তারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলুক। এই দলে থাকলে সৌম্য প্রথম শ্রেণির ক্রিকেটটা মিস করত, তাই সৌম্য নেই।’

খালেদকে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার বাড়তি সুযোগ দেওয়া নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘এখন যারা খেলছে এবাদত, শরীফুল, হাসান, তাসকিনও ফিরেছে। এখানে খালেদের সুযোগটা কম। সামনে দক্ষিণ আফ্রিকাতে বা পরের ম্যাচেও খালেদ ফিরতে পারে। আমরা প্রথম শ্রেণির ক্রিকেটকে অনেক গুরুত্ব দিচ্ছি। যারা একাদশে খেলবে না, তাদেরকে আমরা চাই তারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলুক।’




উইন্ডিজের বিপক্ষে ড্রয়ে শেষ বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বিসিবি একাদশ। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৭১ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে দ্বিতীয় দিনে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ক্যারিবীয়রা। ওপেনার জন ক্যাম্পবেল ৭৮ বলে ৬৫ রান করেন। আরেক ওপেনার ব্রেন্ডন কিংয়ের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪০ রান। তিন নম্বরে ব্যাট করতে নামা ত্যাগনারায়ণ চন্দরপল করেন ৯০ বলে ৩১ রান।

এ ছাড়া আমির জাঙ্গু ৬৮ বলে ৪৪, কাভেম হজ ২৪ বলে ১৩ এবং জশুয়া ডি সিলভা ২১ বলে ১১ রান করেন। কেভিন উইকহ্যাম ১০৭ বলে ৬৭ এবং অধিনায়ক রোস্টন চেইজ ৬৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন।

বিসিবি একাদশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ হোসাইন। তিনি শিকার করেন ৪ উইকেট। অনিক দেব বর্মণ নেন একটি উইকেট।

শেষ পর্যন্ত দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়।




ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান তাড়া করে জয়ের রেকর্ড লঙ্কানদের

ক্রীড়া ডেস্ক : ৪৩০ রানের বিশাল লক্ষ্য। জিততে হলে ওয়ানডে ক্রিকেটে রান তাড়ার ইতিহাসে গড়তে হতো নতুন রেকর্ড। হ্যারি ব্রুকের রেকর্ড গড়া দ্বিশতকে ইংল্যান্ডের তোলা ৪২৯ রানও শেষ পর্যন্ত যথেষ্ট হলো না। পবন রথনায়েকের দুর্দান্ত সেঞ্চুরি, দাসুন শানাকা ও আভিষ্কা ফার্নান্দোর ঝোড়ো ব্যাটিংয়ের পর জানিথ লিয়ানাগের বিধ্বংসী ইনিংসে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ৪৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৩০ রান করে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করে জয়ের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৪৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে শ্রীলঙ্কা। একের পর এক ব্যাটারের কার্যকর ইনিংসে কঠিন লক্ষ্যও নাগালে চলে আসে তাদের।

শ্রীলঙ্কার জয়ে সবচেয়ে বড় অবদান পবন রথনায়েকের। ১০৬ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। দাসুন শানাকা মাত্র ৫০ বলে ৯৭ রান করে ইংলিশ বোলারদের ওপর তাণ্ডব চালান। একই রান করেন আভিষ্কা ফার্নান্দোও। তবে তাঁর ৯৭ রান আসে ৮৩ বলে।




ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ফাইনালে ভারতের কাছে ১২ গোলের ব্যবধানে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের নারী হ্যান্ডবল দলকে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ২৮-১৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা জিতেছে দলটি।

গত ১৮ অক্টোবর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত ছাড়াও অংশ নেয় নেপাল ও মালদ্বীপ। শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নেয় দুই দল। তবে শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত ভারতের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ।

শিরোপা জিততে না পারলেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সামনে এসএ গেমস থাকায় এই প্রতিযোগিতাকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এসএ গেমস সামনে রেখে প্রায় তিন মাসের প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ দল। প্রাথমিকভাবে ৯০ জন খেলোয়াড়কে বিবেচনায় নেওয়ার পর চূড়ান্ত দলে জায়গা পান ১৭ জন। এই টুর্নামেন্টে অর্জিত অভিজ্ঞতা আগামী প্রতিযোগিতায় কাজে লাগাতে চায় দলটি।




ভুল শুধরে ভারতের বিপক্ষে লড়তে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে ৪৭-১৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ৩৪ গোলের সেই ব্যবধান দুই দলের শক্তির পার্থক্যটাই স্পষ্ট করে দিয়েছিল। এবার সেই ভারতের বিপক্ষেই শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুর ৩টায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে দুই দল। আগের ম্যাচের ভুল শুধরে ব্যবধান কমিয়ে লড়াই করাই স্বাগতিকদের লক্ষ্য।

ফাইনালের আগে আজ অনুশীলনে ভারতের দ্রুত আক্রমণ সামলানো ও বলের দখল ধরে রাখার কৌশল নিয়ে কাজ করেছেন স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া। তার মতে, ভারতকে ফাস্ট ব্রেকের সুযোগ কম দিতে পারলেই প্রতিদ্বন্দ্বীতা গড়ার সম্ভাবনা বাড়বে।

আলোনসো বলেন, ‘আমার চোখে, ভারত পুরো ৬০ মিনিট দ্রুত গতিতে খেলার মতো সক্ষম ছিল। আর ফাস্ট ব্রেকে যখন ওরা ছুটে আসছিল, আমরা ওদের আক্রমণ থামাতে পারিনি। তাই আমার কাছে মূল বিষয় হলো ভারতকে যেন ফাস্ট ব্রেকে যাওয়ার সুযোগ না দেওয়া হয়।’

ভারতকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল মেনেও নিজেদের উন্নতির ব্যাপারে আশাবাদী কোচ।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমার বিশ্বাস আগের ম্যাচের চেয়ে আমরা আরও ভালো করতে পারব। আর আমরা ভারতের সঙ্গে সমানতালে লড়াই করতে পারব বলেই মনে করি। তাই সেটাই আমার লক্ষ্য- আরও ভালো খেলা এবং নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া।’

ভারতের সঙ্গে ব্যবধান কমাতে আক্রমণে ভুল কমানোর ওপরও জোর দিচ্ছেন আলোনসো। তার বিশ্বাস, পুরো ৬০ মিনিট লড়াই করতে পারলে ফলাফলেও তার প্রভাব পড়বে। তবে সে জন্য বাংলাদেশের আরও অনুশীলন ও আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রয়োজন বলে মনে করেন তিনি।

আগের ম্যাচের ভুল শুধরে ভালো খেলার প্রত্যাশা বাংলাদেশের খেলোয়াড় মাসুদা আক্তারেরও।

তিনি বলেন, ‘আমরা যদি এই ভুলগুলো সংশোধন করতে পারি অবশ্যই কালকে আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারব।’

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে অবশ্য বাস্তবতাই তুলে ধরেছেন মাসুদা, ‘আমরা সবাই যদি সবার সেরাটা দিতে চেষ্টা করি, অবশ্যই একটা ভালো রেজাল্ট করব। হয়তোবা ভারতের বিপক্ষে আগের ম্যাচে যেভাবে খেলেছি তার থেকে ভাল কিছুই হবে। কম গোলের ব্যবধানে হয়তোবা কোনো একটা কিছু করা যায়।’

দলের আরেক খেলোয়াড় আছিয়া আক্তারের চাওয়াও একই। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় সমন্বয়ে নিজেদের সেরাটা দেওয়া। ভারতের শক্তিমত্তা জানা থাকলেও লড়াইয়ে পিছিয়ে থাকতে চান না তারা। শিরোপার মঞ্চে বাংলাদেশের পরীক্ষা তাই শুধু ভারতের বিপক্ষে নয়, আগের ম্যাচের ভুলগুলো কাটিয়ে ওঠারও।




আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : পারভেজ হোসেন ইমনের লড়াকু ফিফটির পরও আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪১.২ ওভারে সব উইকেট হারিয়ে এই রান তোলে।

ইনিংসের শুরু থেকেই আফগান বোলারদের সামনে ধুঁকতে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দলীয় ৬ রানেই মাত্র এক রান করে ক্যাচ দেন তানজিদ হাসান। পরের বলেই বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন সৌম্য সরকার।

এরপর নাজমুল হোসেন শান্ত ২৩ বলে ১৫ রান করে আউট হন। অধিনায়ক তাওহীদ হৃদয়ও দুই বল খেলে কোনো রান না করেই ফেরেন। মাত্র ২৮ রানেই চার উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ।

সেই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। পঞ্চম উইকেটে দুজনের ৯৩ রানের জুটি বাংলাদেশকে লড়াইয়ে ফেরার আশা দেখায়। ৮২ বলে ৪১ রান করে মোহাম্মদ নবীর বলে আউট হন সাইফ।

সাইফের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। মাত্র ২ রান করে বিলাল সামির বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপরও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ইমন। তার ব্যাটে আসে বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ একটি ফিফটি।

তবে ইমনের লড়াইও শেষ পর্যন্ত দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। ৭০ রানে অষ্টম ব্যাটার হিসেবে আউট হন তিনি। এরপর আলিস আল ইসলাম ও মুস্তাফিজুর রহমান কোনো রান না করেই বিদায় নিলে ১৬০ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। তাসকিন আহমেদ ২ রানে অপরাজিত থাকেন।




রোনালদোর বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবেক ম্যানইউ কোচ

ক্রীড়া ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি অভিযোগ তুলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগ। তার অভিযোগ, ইউনাইটেডে থাকাকালে তাঁর কোচিংয়ের সময় রোনালদো তাকে ব্যক্তিগতভাবে হতাশ করেছিলেন।

সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেন ডাচ এই কোচ।

২০২২ সালের গ্রীষ্মে এরিক টেন হাগ যখন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন, তখন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোও সেখানে ছিলেন। দায়িত্ব নেওয়ার আগেই রোনালদোকে নিয়ে নিজের পরিকল্পনা সাজাতে পর্তুগাল উড়ে গিয়েছিলেন টেন হ্যাগ।

এ বিষয়ে তিনি বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আমি রোনালদোকে অনেক শ্রদ্ধা করতাম। কিন্তু ম্যানেজার হিসেবে আমাকে একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হয়েছিল।

২০২২ সালের অক্টোবরে টটেনহ্যামের বিপক্ষে বদলি হিসেবে নামতে অস্বীকৃতি জানানোয় চেলসির বিপক্ষে ম্যাচে রোনালদোকে স্কোয়াডের বাইরে রাখেন টেন হ্যাগ। এরপর নভেম্বরে বিস্ফোরক এক সাক্ষাৎকারে রোনালদো জানান, তিনি ক্লাব কর্তৃক প্রতারিত বোধ করছেন। এমনকি কোচ টেন হ্যাগকে তিনি সম্মান করেন না। এরপর পরবর্তীতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই ইউনাইটেড ছাড়েন রোনালদো।

২০২১ সালে ওলে গুনার সোলশারের অধীনে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন ৩৬ বছর বয়সী রোনালদো। তবে টেন হ্যাগের অধীনে ২০২২-২৩ মৌসুমে ১৬ ম্যাচে মাত্র ৩টি গোল করতে সক্ষম হন তিনি।

রোনালদোর ফিটনেস ও পরিশ্রম নিয়ে টেন হ্যাগ বলেন, তাকে দিয়ে অতিরিক্ত প্রেসিং করানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না। কিন্তু সে কোথাও ঠিকমতো দৌড়াত না। কারণ, সে নিজের সঠিক প্রস্তুতি নেয়নি। প্রতিটি শীর্ষ দলই বড় তারকাকে লুফে নেয়। কিন্তু সেই তারকাকে দলের জন্য পরিশ্রম করতে হবে।

সাক্ষাৎকারে টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডে তার তিন বছরের কার্যকাল নিয়ে নানা আক্ষেপের কথাও প্রকাশ করেন। তিনি জানান, ক্লাবে যোগ দেওয়ার পর তিনি ফ্রেঙ্কি ডি ইয়ং, হ্যারি কেইন এবং ডেকান রাইসের মতো খেলোয়াড়দের সই করাতে চেয়েছিলেন। এছাড়া, ২০২৪ সালের আগস্টে স্কট ম্যাকটমিনেকে নাপোলিতে বিক্রির সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন তিনি।

গোল স্কোরিংয়ের সমস্যাকে ইউনাইটেডে নিজের তিন বছরের সবচেয়ে বড় সংকট হিসেবে উল্লেখ করে টেন হ্যাগ বলেন, প্রথম মৌসুমেই আমি বলেছিলাম, আমাদের সেন্টার-হাফ, সেন্ট্রাল-মিডফিল্ডে সমস্যা রয়েছে এবং বিশেষ করে আমাদের একজন ট্যাক্টিশিয়ান ও গোলের জন্য খেলোয়াড় দরকার।

উল্লেখ্য, ২০২৩ সালে কারাবাও কাপ এবং ২০২৪ সালে এফএ কাপ জেতানো এরিক টেন হ্যাগকে ২০২৪ সালের অক্টোবরে বরখাস্ত করে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, সম্প্রতি আন্তর্জাতিক ক্যাম্প ছেড়ে যাওয়ার দায়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ৩০ দিনের স্থগিতাদেশ ও ২৫৫ ইউরো জরিমানার মুখোমুখি হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।




মালদ্বীপের জালে ৩৩ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ভালো শুরুর পরও প্রথমার্ধে বাংলাদেশের সঙ্গে অনেকটাই পিছিয়ে পরে মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অতিথিরা। কিন্তু এই অর্ধে সমানতালে লড়লেও ম্যাচ জেতার জন্য সেটি যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত প্রথমার্ধে বাংলাদেশের ১২ গোলের লিডই ব্যবধান গড়ে দেয়।

তাতে মালদ্বীপকে হারিয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ফাইনালে নাম লেখায় স্বাগতিক বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ ব্যবধানে হারায় বাংলাদেশ। 

প্রথমার্ধে লাল সবুজের মেয়েরা এগিয়ে ছিল ১৭-৫ গোলে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ১৭ গোলের জবাবে মালদ্বীপ করে ১৫টি। ৮ গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার।

বাংলাদেশ প্রতিযোগিতা শুরু করে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে। পরের ম্যাচে অবশ্য শক্তিশালী ভারতের কাছে মেয়েরা হার মানে ৪৭-১৩ ব্যবধানে। ফাইনালে উঠতে রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার জিততে হত বাংলাদেশকে। এমন ম্যাচে অবশ্য মালদ্বীপকে সহজেই হারিয়েছে আনা আলোনসো ফ্রাগুয়ার দল।

আগামী বৃহস্পতিবার পরিবর্তিত সময় অনুযায়ী বেলা ৩টায় আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। আর ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচটি আগামীকাল দুপুর ২টায় যেখানে মালদ্বীপ খেলবে নেপালের সঙ্গে।




বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম

ক্রীড়া ডেস্ক : দর্শক ধারণক্ষমতায় ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে ভিয়েতনাম। দেশটির রাজধানী হ্যানয়ে নির্মাণাধীন ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন ১ লাখ ৩৫ হাজার দর্শক।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের আগস্টের মধ্যে স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হলে ২০২৮ সালেই এটি চালু হতে পারে। তবে প্রকল্পের কাজ সময়মতো শেষ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ভিয়েতনামের বৃহৎ আন্তর্জাতিক ক্রীড়া নগরী প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে এই স্টেডিয়াম। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি নির্মাণে বিনিয়োগ করা হয়েছে ২০০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ হাজার ৭৩০ কোটি টাকা।

স্টেডিয়ামটির নকশায় তুলে ধরা হয়েছে ভিয়েতনামের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য। দেশটির ঐতিহ্যবাহী ডং সন ব্রোঞ্জের ঢোলের আদলে তৈরি করা হচ্ছে এর স্থাপত্য। আধুনিক নির্মাণশৈলীর সঙ্গে স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির সমন্বয় ঘটানোই এ নকশার মূল উদ্দেশ্য।

খেলাধুলার পাশাপাশি বড় আকারের কনসার্ট ও অন্যান্য আয়োজনের উপযোগী করে তৈরি করা হচ্ছে স্টেডিয়ামটি। এতে থাকবে স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা যায় এমন ছাদ। ফলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আবহাওয়াজনিত বাধা মোকাবিলা করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এতে একসঙ্গে প্রায় ১ লাখ ৩২ হাজার দর্শক বসতে পারেন। হ্যানয়ের নির্মাণাধীন ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়ামের পরিকল্পিত ধারণক্ষমতা এর চেয়ে ৩ হাজার বেশি। নির্মাণকাজ শেষ হলে দর্শক ধারণক্ষমতার দিক থেকে ভারতের এই স্টেডিয়ামকে ছাড়িয়ে যাবে ভিয়েতনামের নতুন ক্রীড়া স্থাপনাটি।




আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারের ক্ষত না শুকাতেই আইসিসির শাস্তি পেল বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় (স্লো ওভার রেট) বাংলাদেশ দলকে জরিমানা গুণতে হচ্ছে।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচে নির্ধারিত সময়ে ওভার শেষ করার ক্ষেত্রে আইসিসির দেওয়া সকল নিয়ম ও সময়ছাড় বিবেচনা করার পরও বাংলাদেশ বোলিংয়ে ১ ওভার পিছিয়ে ছিল।

সংস্থাটির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা বাংলাদেশের প্রথম একাদশের সকল ক্রিকেটারের ম্যাচ ফির ৫ শতাংশ অর্থ কেটে নেওয়া হয়েছে।

ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের দেওয়া এই স্লো ওভার রেটের অভিযোগ ও শাস্তি সরাসরি মেনে নেওয়ায় বিষয়টি নিষ্পত্তিতে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।