ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা

খেলাধুলা ডেস্কঃ ভারতে নভেম্বরে  আসন্ন পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য ১৮ সদস্যের চূড়ান্ত জাতীয় দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)।

প্রাথমিক ক্যাম্পের নিবিড় অনুশীলন ও মূল্যায়নের পর অভিজ্ঞ এবং উদীয়মান তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে চূড়ান্ত দল গঠন করেছে টিম ম্যানেজমেন্ট। এশিয়ার শীর্ষ হকি দলগুলোর বিরুদ্ধে শক্তিশালী পারফরম্যান্স উপহার দেওয়াই এই দলের মূল লক্ষ্য।

১৮ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ হকি দল

আশরাফুল হক, বিপ্লব কুজুর, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, সোহানুর রহমান সবুজ, হোজাইফা হোসেন, রোমান সরকার, তৈয়ব আলী, খালেদ মাহমুদ রাকিন, আবদুল্লাহ, রকিবুল হাসান (রকি), পুষ্কর খিসা মিমো, ফরহাদ আহমেদ শিটুল, মাহবুব হোসেন, ওবায়দুল হোসেন জয়, আশরাফুল ইসলাম, আবেদ উদ্দিন ও রাসেল মাহমুদ (জিমি)।




মেসির উপহার পেয়ে স্বপ্নপূরণের অনুভূতি গিলবার্তো মোরার

খেলাধুলা ডেস্কঃ নিঃসন্দেহে ২০২৬ সালের অক্টোবর গিলবার্তো মোরার জীবনের অন্যতম স্মরণীয় মাস হয়ে উঠছে। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি তাঁকে ‘মেসি +১০’ প্রচারণার অংশ হিসেবে বেছে নিয়েছেন। অ্যাডিডাসের এই বৈশ্বিক প্রচারণায় বিশ্বের বিভিন্ন প্রান্তের ১০ জন উদীয়মান ফুটবল প্রতিভাকে একত্র করা হয়েছে। এর মাধ্যমে আর্জেন্টাইন তারকার পছন্দের তরুণ প্রতিভাদের তালিকায় জায়গা পেয়েছেন মেক্সিকোর ক্লাব জোলোস দে তিহুয়ানার মিডফিল্ডার মোরা।

এই সম্মানের সঙ্গে ছিল বিশেষ একটি উপহার। তাঁকে দেওয়া হয়েছে অ্যাডিডাসের ‘ফুটবল ই ফামিলিয়া’ সংস্করণের এক জোড়া এফ৫০ ফুটবল বুট।

গোলাপি, সাদা ও কালো রঙের সমন্বয়ে তৈরি বুটটির জিব্বায় রয়েছে মেসির আনুষ্ঠানিক লোগো, যা তরুণ ফুটবলারটির কাছে উপহারটিকে আরও বিশেষ করে তুলেছে।

এই প্রচারণার জন্য নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত মেক্সিকান ক্লাব তিজুয়ানা জোলোর খেলোয়াড় মোরা ইনস্টাগ্রামে মেসি ও অ্যাডিডাসকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এই সুযোগ তাঁর কাছে কতটা অর্থবহ, তা-ও তুলে ধরেছেন।

মোরা লিখেছেন, ‘মেসি +১০-এর অংশ হতে পারা সম্মানের বিষয়। আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ @leomessi ও @adidasfootball। তোমার দেওয়া বুট পরে খেলা আমার স্বপ্ন পূরণের মতো হবে।’

এই স্বীকৃতি তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর একটি। এর মধ্যেই গত ১৪ অক্টোবর ১৮ বছরে পা রেখেছেন গিলবার্তো মোরা। বয়স ১৮ হওয়ায় তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।

এর মধ্যে ইউরোপের কোনো ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। মোরার ভবিষ্যৎ নিয়ে এমন সম্ভাবনায় উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।




স্ত্রী-কন্যাকে নিয়ে বেহালা প্লেয়ার্স কর্নারের পুজোয় সৌরভ, দিলেন সতর্কবার্তা

খেলাধুলা ডেস্কঃ মহা অষ্টমীতে নিজের পাড়ার দুর্গাপূজার মন্ডপে হাজির হন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দক্ষিণ কলকাতার বেহালা প্লেয়ার্স কর্নারের দুর্গাপূজায় স্ত্রী ডোনা গাঙ্গুলি ও মেয়ে সানা গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন তিনি।

মণ্ডপে অষ্টমীর সন্ধিপূজায় অংশ নেন সৌরভ। ঠাকুরের সামনে প্রণাম করে আশীর্বাদ নেন। সৌরভকে কাছে পেয়ে ক্লাব কর্মকর্তাদেরও খুশি দেখা যায়।

সৌরভ বলেন, ‘এ বছর বাইরে বেরিয়ে পূজা দেখা হয়নি। পুজোর বাকি দিনগুলো নিজের বাড়িতেই থাকি। সময় পেলে নিজের পাড়ার পূজায় উপস্থিত থাকব।’

প্রতিমা দর্শনে গিয়ে চোর বাগানের মর্মান্তিক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু নিয়ে গভীর দুঃখপ্রকাশ করেন সৌরভ। পূজার ভিড়ে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। ভিড়ের মধ্যে সাবধানে ও সতর্কতার সঙ্গে প্রতিমা দেখার পরামর্শ দেন।

অন্যদিকে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি বলেন, ‘পূজায় যাতে সবাই ভালোভাবে সময় কাটায় সেই প্রার্থনা করব। ওপরওয়ালার কাছে আমি প্রার্থনা করব যে, সকলে যেন সুস্থ ও নিরাপদে থাকেন। চলতি বছরটা যাতে সবার ভালো কাটে।’




যে নিয়ম পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে একদিনের ক্রিকেট

খেলাধুলা ডেস্কঃ ওয়ানডে ক্রিকেটের শর্তাবলীতে একটি পরিবর্তনের ফলে রিভার্স সুইংয়ের মাত্রা বেড়ে গেছে, যা ইনিংসের শেষ ওভারগুলোতে ব্যাটিং করাকে আরও কঠিন করে তুলেছে। গত বছরের জুলাইয়ে প্রবর্তিত এই নিয়ম অনুযায়ী, ইনিংসের ৩৪ ওভার শেষে দুই প্রান্ত থেকে ব্যবহৃত দুটি সাদা বলের মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার সুযোগ পান অধিনায়ক, যা ইনিংসের বাকি সময়জুড়ে ব্যবহৃত হয়।

এর আগে পুরো ইনিংসে প্রতি প্রান্ত থেকে একটি করে দুটি নতুন বল ব্যবহার করা হতো। এই পরিবর্তনের উদ্দেশ্য ছিল ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনা। এতে বোলাররা রিভার্স সুইং করানোর আরও বেশি সুযোগ পান। রিভার্স সুইংয়ের ক্ষেত্রে পুরোনো বলটি বাতাসে অপ্রত্যাশিতভাবে দিক পরিবর্তন করে। এরই মধ্যে এই পরিবর্তনের প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে। নিয়ম পরিবর্তনের পরবর্তী তথ্য অনুযায়ী, শেষ ১০ ওভারে ফাস্ট বোলারদের করা ফুল-লেংথ ডেলিভারিগুলোর অর্ধেকই এক ডিগ্রির বেশি সুইং করেছে; অথচ আগের ১৮ মাসে এই হার ছিল ৩৫ শতাংশ।

শেষ পাঁচ ওভারে পেস বোলারদের ইকোনমি রেট ৮.৪০ রান প্রতি ওভার থেকে কমে ৭.৯৫-এ নেমে এসেছে এবং তাদের বোলিং গড় ১৯.২ থেকে কমে ১৮.৩ হয়েছে। এই পরিবর্তনটি খেলার কৌশলেও প্রভাব ফেলেছে; ফাস্ট বোলাররা এখন পুরোনো বলের মুভমেন্টকে কাজে লাগাতে আগের চেয়ে অনেক বেশি ফুল-লেংথ ডেলিভারি ব্যবহার করছেন। হেডিংলিতে শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের পরাজয়ের পর, দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলের ক্রমবর্ধমান গুরুত্বের বিষয়টি তুলে ধরেন।

ম্যাককালাম তার খেলোয়াড়দের জানান, খেলার ধরন বদলে গেছে এবং এতে বল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শ্রীলঙ্কা যেভাবে পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়েছে, তা তাদের ১৬ রানের জয় নিশ্চিত করতে সাহায্য করেছে। পরিসংখ্যান থেকে বোঝা যায়, এই পরিবর্তনের প্রভাব সুদূরপ্রসারী; বেশ কয়েকটি আন্তর্জাতিক দল ইনিংসের শেষ পর্যায়ে (ডেথ ওভারে) রান তোলার গতি কমিয়ে ফেলেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে এই সময়ে রান তোলার হার প্রতি ওভারে ২.৩৯ রান করে কমে গেছে।

বিবিসি স্পোর্টের সাংবাদিক ম্যাথিউ হেনরির মতে, এই পরিবর্তনের দৃশ্যমান প্রভাব পড়েছে। শেষ ১০ ওভারে ফাস্ট বোলারদের করা ফুল-লেংথ ডেলিভারিগুলোর অর্ধেকই এক ডিগ্রির বেশি সুইং করেছে। তিনি জানিয়েছেন, যদি রিভার্স সুইং বেড়ে যায়, তবে দলগুলোকে ইনিংসের শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ের ওপর নির্ভর না করে শুরুর দিকেই বেশি রান তোলার কৌশল নিতে হতে পারে।

তবে এই নিয়মের অর্থ এই নয়, ব্যাটিং সব ক্ষেত্রেই অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। দলগুলোকে তাদের কৌশল মানিয়ে নিতে হবে, বিশেষ করে প্রথম ৩৪ ওভারের মধ্যে, যখন উভয় বলই ব্যবহারের মধ্যে থাকে। সামনে ওয়ানডে বিশ্বকাপ আসায় পুরোনো বল সামলানোর সক্ষমতা ম্যাচ নির্ধারণের ক্ষেত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এর উদ্দেশ্য ছিল আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিপরীতে বোলারদের লড়াই করার আরও ভালো সুযোগ করে দেওয়ার পাশাপাশি প্রাথমিক লক্ষণগুলো থেকে বোঝা যাচ্ছে, এই পরিবর্তনটি সেই লক্ষ্য অর্জনে সফল হচ্ছে।

এই নিয়ম চালু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো দলগুলোর ইনিংসের শেষ ওভারগুলোতে রান তোলার গতি কমে গেছে।




বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী ফিফা সভাপতি, জানালেন পরিকল্পনা

ক্রীড়া ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বাংলাদেশ ফুটবলপ্রেমীদের দেশ, এখানকার মানুষের প্রাপ্য ফুটবলকে আরও এগিয়ে নেওয়া। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে ফিফার।

রবিবার ঢাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের এ আশাবাদের কথা জানান তিনি। ইনফান্তিনো বলেন, বাংলাদেশের মানুষ ফুটবলকে ভালোবাসে। বিমানবন্দরে নামার পর থেকে মানুষের সঙ্গে কথা বলেই সেই আবেগ অনুভব করা যায়।

তিনি বলেন, আজ ঢাকায়, বাংলাদেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত। সুন্দর এই দেশটি আমার কাছে আরও গুরুত্বপূর্ণ, কারণ এটি ফুটবলের প্রতি দারুণ আবেগী একটি দেশ। এখানকার সবাই ফুটবল ভালোবাসে, খেলাটিকে ভালোবাসে। এখানে আসার পর প্রথম মুহূর্ত থেকেই তা অনুভব করা যায়।

বাফুফে সভাপতি ও তার বোর্ডের প্রশংসা করে ফিফা সভাপতি বলেন, বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বাফুফে সভাপতি ও তার দল দারুণ কাজ করছেন। বাংলাদেশের মানুষের এটাই প্রাপ্য। ছেলেদের ফুটবল, মেয়েদের ফুটবল, নারী ও পুরুষ খেলোয়াড়, স্কুলে বিনিয়োগ, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র ও পরিকল্পনা—এসব নিয়ে আমরা আলোচনা করেছি। বাংলাদেশের ফুটবলের জন্য এসব ভালো প্রকল্প বাস্তবায়ন করব।

বাংলাদেশের ফুটবলের আন্তর্জাতিক প্রভাবের উদাহরণ দিতে গিয়ে গত জুনে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচের কথাও উল্লেখ করেন ইনফান্তিনো। তার ভাষ্য, ওই ম্যাচ দেখতে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি সমর্থকেরা সান মারিনোতে গিয়েছিলেন। বাংলাদেশ ২-১ গোলে জেতার পর সেখানে বড় উদ্‌যাপন হয়েছিল।

ফিফা সভাপতি বলেন, এটি দেখায়, ফুটবল কীভাবে বিশ্বকে এক করে এবং সর্বত্র বড় প্রভাব ফেলে। বাংলাদেশে যারা ফুটবলের জন্য অসাধারণ কাজ করছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সামনে আরও অনেক কিছু আসছে।




নতুন অধিনায়ক নাহিদাকে অভিনন্দন জানালেন জ্যোতি

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতি। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন নাহিদা আক্তার। নতুন দায়িত্বের জন্য নাহিদাকে অভিনন্দন জানিয়ে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জ্যোতি।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়ে জ্যোতি লেখেন, ‘টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদাকে আন্তরিক অভিনন্দন।’

তিনি আরও লেখেন ‘নতুন এই দায়িত্বে তার জন্য রইলো অনেক শুভকামনা। আমি বিশ্বাস করি, সে নিজের সামর্থ্য ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলে আমাদের ভূমিকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের লাল-সবুজ পতাকার প্রতি আবেগ একই আছে, আমাদের লক্ষ্যও একই—বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’

নাহিদার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে জ্যোতি লেখেন, ‘একজন সতীর্থ হিসেবে নাহিদার পাশে আছি, থাকবো। দলের সাফল্যের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করতে আমি সবসময় প্রস্তুত। আমরা একসঙ্গে অনেকটা পথ পাড়ি দিয়েছি। সামনে বাংলাদেশের জার্সিতে একসঙ্গে আরও অনেক সাফল্যের গল্প লিখতে চাই।’




দুই টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল ঢাকায়

খেলাধুলা ডেস্কঃ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। রবিবার বাংলাদেশে এসেছে ক্যারিবীয়রা। সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা। বাংলাদেশে ষষ্ঠবারের মতো টেস্ট সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ প্রায় সাড়ে পাঁচ বছর আগে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এবার পুরনো হিসাব চুকানোর সুযোগ বাংলাদেশের সামনে।

পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই সিরিজে ভালো করার বিকল্প নেই বাংলাদেশের। বর্তমানে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।

ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে হলে ঘরের মাঠের এই সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি জয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শান্তদের জন্য। দুই দল এখন পর্যন্ত ১১টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে দুবার; ২০০৯ সালে এবং ২০১৮-১৯ মৌসুমে। ক্যারিবীয়দের জয় আট সিরিজে, অন্য একটি সিরিজ ড্র হয়েছে।

আগামী ২৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ম্যাচটি চলবে ১ নভেম্বর পর্যন্ত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ নভেম্বর পর্যন্ত চলবে ম্যাচটি।




বিসিসিআইয়ের প্রধান হতে আবেদনই করেননি পার্থিব প্যাটেল

খেলাধুলা ডেস্কঃ বেশ কয়েক দিন ধরে ভারতের পরবর্তী নির্বাচক কমিটির প্রধান হিসেবে পার্থিব প্যাটেলের নিয়োগ প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছিল। আগারকার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার আগেই গুরুত্বপূর্ণ এই পদে পার্থিব প্যাটেলের আসার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল।

তবে বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিজেও এই দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন। গুজরাট টাইটানসের কোচ হিসেবে কর্মরত পার্থিব প্যাটেল ‘ওয়েস্ট জোন’ (পশ্চিম অঞ্চল) থেকে নির্বাচক হওয়ার জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনই জমা দেননি। অথচ আগারকারের উত্তরসূরি হিসেবে তিনিই ছিলেন সবচেয়ে এগিয়ে। তার আবেদন না করার বিষয়টি অনেককেই অবাক করেছে।

এখন শোনা যাচ্ছে, অজিত আগারকারের জায়গায় বিসিসিআই-এর প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ওয়াসিম জাফর। জানা গেছে, বিসিসিআই-এর প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পার্থিব প্যাটেলকে আকৃষ্ট করতে পারেনি। ‘দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, ‘কিছু আর্থিক বিষয়’ তার এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছে।

বিসিসিআই তাকে বছরে ৩ কোটি টাকা বেতনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু এই দায়িত্ব গ্রহণ করলে গুজরাট টাইটানসের কোচিং ভূমিকা এবং ধারাভাষ্যকার হিসেবে তার যে আয় হয়, তা থেকে তাকে বঞ্চিত হতে হতো। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, প্রধান নির্বাচকের দায়িত্ব নিলে তিনি গুজরাট টাইটানসের সহকারী কোচ বা ব্যাটিং কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে পারতেন না, এমনকি ধারাভাষ্যকার হিসেবেও কাজ করতে পারতেন না।

পার্থিব প্যাটেল গুজরাট টাইটানসের কোচিং এবং ধারাভাষ্যকার হিসেবে বছরে প্রায় ৭ থেকে ৯ কোটি টাকা আয় করেন। ফলে বিসিসিআই-এর প্রস্তাব গ্রহণ করলে তাকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো। আর ঠিক এই কারণেই তিনি ভারতের নির্বাচক কমিটির প্রধান হওয়ার সুযোগটি হাতছাড়া করেছেন। বর্তমানে সাউথ জোন (দক্ষিণ অঞ্চল) থেকে আসা নির্বাচক প্রজ্ঞান ওঝা নির্বাচক প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। খুব শিগগিরে ওয়েস্ট জোন থেকে নতুন একজন নির্বাচক প্যানেলে যুক্ত হতে পারেন। এক্ষেত্রে সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর এবং রমেশ পাওয়ারের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। এরই মধ্যে বিসিসিআই নির্বাচক পদের প্রার্থীদের রোহিত শর্মার ভবিষ্যৎ এবং বৈভব সূর্যবংশীর পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

এদিকে ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বিসিসিআই-এর নির্বাচকদের দেওয়া বেতন নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, বর্তমান পারিশ্রমিক যথেষ্ট আকর্ষণীয় নয়, যা সাবেক শীর্ষস্থানীয় ক্রিকেটারদের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসতে পারে।

এই সাবেক অলরাউন্ডারের মতে, ভারত দলের নির্বাচক প্রক্রিয়ার দায়িত্বে অভিজ্ঞ ব্যক্তিদের আনতে হলে বোর্ডকে আরও ভালো আর্থিক সুবিধা দিতে হবে। অশ্বিনের ধারণা, প্রধান নির্বাচকের পারিশ্রমিক ভারতীয় পুরুষ দলের প্রধান কোচের বেতনের সমতুল্য হওয়া উচিত। অশ্বিনের বিশ্বাস, ভালো পারিশ্রমিক দেওয়া হলে সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলের মতো কিংবদন্তি ক্রিকেটারদের নির্বাচক পদের জন্য আকৃষ্ট করা সম্ভব হতে পারে।




বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক : শুরুতে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়েছিল জিম্বাবুয়ে। প্রথম সাত ওভারের মধ্যেই ২৪ রানে ৩ উইকেট হারায় দলটি। তবে ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের দেড়শ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা। মাঝের ওভারগুলোতে বাংলাদেশ আবারও ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ দিকে নিউম্যান নিয়ামহুরি ও ওয়েলিংটন মাসাকাদজার ব্যাটিংয়ে ৮ উইকেটে ২৭১ রান তুলেছে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিততে বাংলাদেশকে করতে হবে ২৭২ রান।

টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে শুরুতেই চাপে ফেলেন তাসকিন। তার গতিময় বোলিংয়ে প্রথম সাত ওভারের মধ্যে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি।

সেই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন টেলর ও আরভিন। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েন ১৫০ রানের দুর্দান্ত জুটি। তাঁদের ব্যাটিংয়ে ১৭৪ রানে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ৩৭তম ওভারে সাইফ হাসান এই জুটি ভাঙেন। তাঁর বলে পয়েন্টে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টেলর। ১০টি চারের সাহায্যে ১০১ বলে ৮১ রান করেন তিনি।

সেঞ্চুরি থেকে ১৯ রান দূরে থামলেও ব্যক্তিগত এই ইনিংসেই ওয়ানডেতে জিম্বাবুয়ের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান টেলর। ছাড়িয়ে যান দেশটির সাবেক ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ারকে।

টেলর ফেরার পর দ্রুতই আরেকটি উইকেট তুলে নেন সাইফ। মাত্র ৪ রান করা জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে ফিরিয়ে দেন তিনি। এরপর রিশাদ হোসেনের বলে ১৭ রান করা ওয়েসলি মাধেভেরেও আউট হলে ২২০ রানে ৬ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে স্বাগতিকেরা।

বাংলাদেশকে ম্যাচে ফেরানোর দায়িত্ব এবার কাঁধে তুলে নেন শরিফুল ইসলাম। তার বলে ৫ রান করে ফেরেন ব্র্যাড ইভান্স। এর আগে শরিফুলের শিকার হন দলের হয়ে সর্বোচ্চ রান করা আরভিন। ৯টি চারের সাহায্যে ১০৬ বলে ৯৩ রান করে আউট হন এই ব্যাটার।

৪৬তম ওভারে ২৩৪ রানে ৮ উইকেট হারালে জিম্বাবুয়ের বড় সংগ্রহ গড়ার সম্ভাবনা অনেকটাই কমে আসে। কিন্তু শেষ চার ওভারে বাংলাদেশের বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালান নিয়ামহুরি ও মাসাকাদজা। দ্রুত রান তুলে দুজনই ২১ রানে অপরাজিত থাকেন। তাদের অবিচ্ছিন্ন জুটিতে শেষ চার ওভারে আসে ৩৭ রান, যার মধ্যে শেষ তিন ওভার থেকেই যোগ হয় ২৬ রান।

এতে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৭১ রানের লড়াকু সংগ্রহ পায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। শরিফুল ইসলাম ও সাইফ হাসান পেয়েছেন ২টি করে উইকেট। এখন প্রথম ম্যাচে জয় তুলে নিতে বাংলাদেশকে করতে হবে ২৭২ রান।




ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি পারভেজ ইমন

ক্রীড়া ডেস্ক : ডান হিপ জয়েন্টের চোটের কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন।

শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে লিটনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডান হিপ জয়েন্টে অস্বস্তি অনুভব করায় তাঁর এমআরআই পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্টে চোট ধরা পড়ায় সিরিজের কোনো ম্যাচেই খেলতে পারবেন না এই উইকেটকিপার-ব্যাটার।

লিটনের চোট বাংলাদেশের জন্য বড় ধাক্কা। ত্রিদেশীয় সিরিজে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল তাঁর। তবে টুর্নামেন্টের শুরুতেই চোটের কারণে ছিটকে যেতে হলো তাঁকে।

লিটনের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। তাঁর অধিনায়কত্বে সিরিজে নিজেদের সামর্থ্য প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

এদিকে লিটনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বিসিবি তাঁর অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। লিটনের অনুপস্থিতিতে দলের ব্যাটিং লাইনআপে অবদান রাখার পাশাপাশি নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।