পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

ডেস্ক নিউজঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার (২২ মার্চ) পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে, তিনি দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

এ সময় সেনাপ্রধান দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।




শিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান: ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান

ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দুই দিনব্যাপী এই উচ্চপর্যায়ের সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের জীবনসঙ্গীরা যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ডা. জুবাইদা রহমান শিশুদের কল্যাণ নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে দেওয়া ভাষণে ডা. জুবাইদা রহমান বলেন, ‘একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের সঠিক যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর। বাংলাদেশের নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল সমাজ গঠনে বদ্ধপরিকর।’ তিনি দেশে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার কার্ড’-এর মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন, যা তৃণমূল পর্যায়ে পারিবারিক স্বচ্ছলতা ও শিশুদের বিকাশে সহায়ক ভূমিকা রাখছে।

পেশায় চিকিৎসক ডা. জুবাইদা রহমান মানসম্মত স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধের ওপর জোর দিয়ে বলেন, ‘ডিজিটাল যুগে শিক্ষাব্যবস্থাকে রূপান্তর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। বাংলাদেশ সরকার বর্তমানে শিক্ষকদের ট্যাবলেট কম্পিউটার সরবরাহ ও শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া কনটেন্ট চালুর মাধ্যমে শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য দূর করতে কাজ করছে।’

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, ‘দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালুর মাধ্যমে দেশে নারী শিক্ষার যে বিপ্লব শুরু হয়েছিল, বর্তমান সরকার তা স্নাতকোত্তর পর্যন্ত বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া পদক্ষেপগুলো নারী কর্মসংস্থানের যে ভিত্তি গড়ে দিয়েছিল, তার সুফল আজ দেশ ভোগ করছে।’

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, নারী উদ্যোক্তা মেহনাজ মান্নান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। সম্মেলনের ফাঁকে তিনি শীর্ষস্থানীয় ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রদর্শনী পরিদর্শন করেন। আজ বুধবার হোয়াইট হাউসে আয়োজিত সমাপনী অধিবেশনের মাধ্যমে তার এই সফর শেষ হওয়ার কথা রয়েছে।




স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ডাক টিকিট অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, বুধবার সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে আগমন করেন। দপ্তরে পৌঁছে তিনি প্রথমে বেশ কিছু জরুরি দাপ্তরিক কার্য সম্পাদন করেন। এরপর সকাল সাড়ে ৯টায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অতিরিক্ত প্রেস সচিব রুমন জানান, আজ বুধবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রিসভার বৈঠক সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে চলতি সপ্তাহের বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে।

২০০৮ সালের পর দীর্ঘ দেড় যুগ পেরিয়ে এবার এক ভিন্ন রাজনৈতিক ও সামাজিক আবহে সারা দেশে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। এবার ১৮ বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।




২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

ডেস্ক নিউজঃ  আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।

সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাক-আউট পালন করা হবে। সূত্র: বাসস




ঈদের পর অফিস খুলতেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ সাত দিনের দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার থেকে খুলেছে সরকারি ও বেসরকারি সব অফিস। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে দাফতরিক কার্যক্রম।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত হয়ে কাজ শুরু করেছেন। বর্তমানে তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করছেন।

দিনভর বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

বেলা ১১টায় দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও বিভাগীয় প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আজকের কার্যসূচিতে আরও রয়েছে- বিদেশে দক্ষ জনবল পাঠানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিশেষ বৈঠক। এছাড়া ফ্যামিলি কার্ডের সার্বিক বিষয় নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত প্রধানমন্ত্রীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে।

দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসেই প্রধানমন্ত্রীর এমন ব্যস্ত সূচি সচিবালয়ে ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে।




দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী

ডেস্ক নিউজঃ দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হবে দেশের প্রতিরক্ষা সক্ষমতা।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে ইতোমধ্যে কয়েক দফা মহড়ার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

এবারের কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই আয়োজনের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাহিনীগুলোর প্রস্তুতি ও সক্ষমতা তুলে ধরা হবে। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।

প্যারেডে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেবেন। ঘোড়ায় চড়ে প্যারেড কমান্ডারের প্রবেশের মধ্য দিয়ে শুরু হবে মূল কুচকাওয়াজ।

এবারের কুচকাওয়াজে থাকবে সাজোয়া, আর্টিলারি, সিগনালস, ইস্ট বেঙ্গল, এয়ার ডিফেন্স, সার্ভিসেস, প্যারা কমান্ডো, নৌবাহিনী ও আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্টের অংশগ্রহণ।

আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে অবতরণ করবেন। একইসঙ্গে বিমান বাহিনীর বিভিন্ন কৌশলগত প্রদর্শনীও থাকবে। সবশেষে মিগ-২৯ যুদ্ধবিমান রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্রদর্শনীর সমাপ্তি ঘটাবে।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন পর ফিরে আসা এই কুচকাওয়াজ স্বাধীনতা দিবসের আয়োজনকে আরও বর্ণিল ও তাৎপর্যপূর্ণ করে তুলবে।




২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা করা যাবে না

ডেস্ক নিউজঃ ‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই ২৫ মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না।

উল্লেখ্য, জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি গত ৮ মার্চ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।

গত ৮ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।




বাংলাদেশিদের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজঃ বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছে ঢাকার মার্কিন দূতাবাস। মূলত সরকারি কল্যাণ সুবিধার ওপর চাপ কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার (২৩ মার্চ) এক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করাই এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, “আমাদের দায়িত্ব হলো নিশ্চিত করা যে অভিবাসীরা অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন এবং যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি না করেন।”

বার্তায় আরও বলা হয়, যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি, সেই বিবেচনায় বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তর।

এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি থেকে। এর ফলে অভিবাসন সংক্রান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া ও নীতিমালার পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ তৈরি হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

তবে এই স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য। অনভিবাসী ভিসা—যেমন পর্যটক বা শিক্ষার্থী ভিসা—এর আওতার বাইরে রয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে যাওয়ার প্রক্রিয়ায় সাময়িক জটিলতা তৈরি হলেও শিক্ষার্থী ও ভ্রমণকারীদের ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।




বৃষ্টি ও ঈদ ছুটির প্রভাবে ঢাকায় কমেছে দূষণ

ডেস্ক নিউজঃ ঈদের আগমুহূর্তে রাজধানী ঢাকার বায়ুমানে এসেছে স্বস্তিদায়ক পরিবর্তন। সাধারণত “বায়ুদূষণে শীর্ষে ঢাকা” শিরোনামের খবর প্রায়ই দেখা গেলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে। সাম্প্রতিক বৃষ্টি ও ঈদুল ফিতরের ছুটির কারণে দূষণের শীর্ষ তালিকায় নেই ঢাকা; বরং তালিকার অনেক নিচে নেমে গেছে শহরটির অবস্থান।

বুধবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ সূচক থেকে এ তথ্য জানা গেছে। সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল ৮৮ নম্বরে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল দিল্লি, যার স্কোর ২০২। তালিকায় এরপর রয়েছে লাহোর (১৫৮), সিউল, উলানবাত্তার, কাঠমাণ্ডু, সাংহাই এবং হ্যানয়।

অন্যদিকে একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল বাতাম, যার স্কোর ছিল শূন্য। নির্মল বায়ুর তালিকায় আরও রয়েছে সিডনি, সিয়েটল, ক্যানবেরা এবং কোপেনহেগেন।

আইকিউএয়ারের তথ্যে দেখা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বায়ুমানে ভিন্নতা ছিল। এর মধ্যে সবচেয়ে দূষিত এলাকা ছিল শাহবাগ, যেখানে স্কোর ১৪৪। এছাড়া গুলশান-১-এ ৭৫, বাড্ডা-এ ১০২, নিকেতন-এ ৭৫, বারিধারা-এ ৯৩, হাজারীবাগ-এ ৯৭ এবং মিরপুর-এ ৭৭ রেকর্ড করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার বায়ুমান আবারও খারাপ হতে পারে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, বায়ুর মান ০-৫০ হলে ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সতর্কতামূলক, ১৫১-২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

বিশ্ব স্বাস্থ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতিবছর বিশ্বজুড়ে বায়ুদূষণজনিত কারণে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত।




জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন

ডেস্ক নিউজঃ রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঈদের দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠেয় এই প্রধান জামাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে। প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ময়দানে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন, যেখানে নারীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশ পথ ও নামাজের বিশেষ ব্যবস্থা।

ডিএসসিসি প্রশাসক ঈদগাহের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে জানান যে, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে ইবাদত নিশ্চিত করতে পুরো প্যান্ডেলজুড়ে পর্যাপ্ত ফ্যান, লাইট এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ব্যবস্থা করা হয়েছে।

বর্তমান সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকায় ময়দানে স্থাপন করা হয়েছে বৃষ্টি নিরোধক সামিয়ানা এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। যদি আবহাওয়া কোনো কারণে প্রতিকূল হয়ে পড়ে, তবে ঈদের প্রধান জামাত বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতীয় ঈদগাহের প্যান্ডেলের ভেতরে প্রায় ১৪০ জন মুসল্লি একসঙ্গে অজু করার সুবিধা পাবেন এবং প্রবেশপথসহ ময়দানের বিভিন্ন স্থানে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও সচল থাকবে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্যান্ডেলে প্রবেশের জন্য ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য ৪টি পৃথক ফটক এবং বের হওয়ার জন্য ৭টি ফটক নির্মাণ করা হয়েছে। পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সার্বক্ষণিক সক্রিয় থাকবে।

প্রশাসক মো. আবদুস সালাম আরও জানান যে, এই জামাতে প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিক ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন। পবিত্র ও শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায়ের স্বার্থে মুসল্লিদের কোনো প্রকার ধারালো সরঞ্জাম বা দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। প্রশাসক নগরবাসীকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে জাতীয় ঈদগাহের এই সুশৃঙ্খল পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য উদাত্ত আহ্বান জানান।