মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন

ডেস্ক নিউজঃ ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার অস্ত্রোপচার সফল হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসকেরা।

শুক্রবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য বিএনপির এই নেতাকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সন্ধ্যার আগেই প্রথম দফায় তার অপারেশন সম্পন্ন হয়। এরপর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সন্ধ্যার পর আবারও দ্বিতীয় দফায় তার অস্ত্রোপচার হয়।

এর আগে, জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান। মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত অবহিত করা হয়।

মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সৈয়দ সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।




দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

ডেস্ক নিউজঃ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে কাতারে আটকে পড়া  ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে ট্রানজিটে থাকা যাত্রী ও দূতাবাসের কর্মীরাও ছিলেন।

রাগীব সামাদ জানান, ফ্লাইট বাতিল হওয়ায় তারা দেশে ফিরতে পারছিলেন না। তাই বাংলাদেশ সরকার কাতার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপদে ফিরিয়ে আনতে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

এর আগে ১১ মার্চ জারি করা এক জরুরি বার্তায় দূতাবাস জানায়, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ সহজ করতে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে ফিরতে চাওয়া যাত্রীদের মধ্যে পরিবার, নারী, শিশু ও বয়স্কদের এই বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে।

দূতাবাস আরও জানায়, আগ্রহী যাত্রীদের তালিকা তৈরির জন্য তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ‘গুগল ফর্ম’–এর লিংক প্রকাশ করা হয়েছে। এই বিশেষ ব্যবস্থায় দেশে আসার জন্য আটকেপড়া বাংলাদেশিদের যত দ্রুত সম্ভব ওই ফর্মের মাধ্যমে নিজেদের তথ্য জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।




সংসদের দর্শক সারিতে ড. ইউনূস-জুবাইদা রহমান-জাইমা রহমান-তিন বাহিনীর প্রধানরা

ডেস্ক নিউজঃ দীর্ঘ দেড় বছরের অন্তর্বর্তীকালীন শাসনব্যবস্থা পেরিয়ে গণতান্ত্রিক অভিযাত্রার এক নতুন সোপানে পদার্পণ করল বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম ঐতিহাসিক অধিবেশন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংসদকে ঘিরে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা।

অধিবেশনের শুরুতে এক নজিরবিহীন সাংবিধানিক পরিস্থিতির অবতারণা হয়। বিগত সরকারের পতনের পর স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম প্রস্তাবকালে ১৯৭৩ সালের উদাহরণ টেনে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নাম প্রস্তাব করেছিলেন। বর্তমান সংকটকালীন প্রেক্ষাপটে প্রবীণ এই সংসদ সদস্যের হাত ধরেই শুরু হলো সংসদের যাত্রা।

অধিবেশনের দর্শক সারিতে আজ দেখা গেছে বিশিষ্টজনদের এক অনন্য সমাহার। সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত থেকে এই মাহেন্দ্রক্ষণ প্রত্যক্ষ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ বিদেশি কূটনীতিক ও দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সংসদ কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত নির্বাচন। সংবিধানের বিধান অনুযায়ী ফল ঘোষণার ৩০ দিনের মাথায় আজ এই অধিবেশন শুরু হলো।



আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে বাংলাদেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হলো।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ কথা বলেছেন তিনি।

পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন– সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে বাংলাদেশে আবারও গণতান্ত্রিক যাত্রা শুরু হলো। সরকার এই সংসদকে তর্ক-বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায়।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি। এ সময় খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ।




সংসদের স্পিকার পদে নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।  

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নাম প্রস্তাব করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম। এই প্রস্তাব সমর্থন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।

সংসদের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন সংসদের সামনে স্পিকার নির্বাচনের বিষয়টি পেশ করেন। পরে এটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়। প্রথমে সংসদীয় নেতা তারেক রহমান তার বক্তব্যে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারি দলের সংসদ সদস্যরা।

এদিকে, তারেক রহমানের প্রস্তাবে সমর্থন জানিয়ে বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এ বিষয়ে আগে আলোচনা করলে খুশি হতেন তারা।




ত্রয়োদশ সংসদের সভাপতিত্ব করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের শুরু হওয়া প্রথম অধিবেশনের সংসদ সদস্যদের সমর্থনে সভাপতিত্বের দায়িত্ব পেয়েছেন তিনি।

সভাপতির নাম ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে তা পূর্ণ সমর্থণ জ্ঞাপন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতি নির্বাচনের এই প্রস্তাবটি বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করবেন।




ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

ডেস্ক নিউজঃ  ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার কিছু পরে স্পিকারের চেয়ার খালি রেখে সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

পবিত্র কোরআন তিলাওয়াত শেষে সংসদ নেতা অধিবেশনের এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন।

কোনো একজন সংসদ সদস্য তা সমর্থন করবেন। তারপর ওই সদস্য (যার নাম প্রস্তাব করা হবে) সভাপতিত্ব করবেন।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।




রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধীদল

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে সরকারি ও বিরোধীদল।

সরকার বলছে, প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতারা।

বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার কোনো অধিকার নেই। কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা বোধগম্য নয়।

আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সংসদে সরকারি দল বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ ও পুরনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।’

এদিকে, সংসদে জামায়াত দায়িত্বশীল ভূমিকা রাখতে চায় উল্লেখ করেন নেতারা বলেন, বাধ্য না হলে কোনো বিষয় আদালত পর্যন্ত নেওয়া হবে না।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত। সবকিছুতে বিরোধিতা নয়; আবার না বুঝে সমর্থনও নয়।

দেশে বহু বছর কার্যকর সংসদের অভাব মানুষ হাড়ে হাড়ে অনুভব করেছে। একতরফা সরকার, গৃহপালিত বিরোধী দল ও আংশিক নির্বাচনের কারণে জাতীয় সংসদ প্রায় অকার্যকর ছিল। তবে গণ-অভ্যুত্থানের পর ক্ষমতার পালাবদলের সঙ্গে দীর্ঘদিন পর প্রাণ ফিরছে সংসদে।

এবারের গণতান্ত্রিক যাত্রায় জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে অভিজ্ঞ বিএনপি। আর প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামী ও ছাত্রদের নেতৃত্বে গঠিত দল এনসিপি।

সবার আশা, সংসদ সদস্যরা প্রাণবন্ত সংসদ উপহার দেবেন। জনপ্রত্যাশা পূরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নতুন মাইলফলকে পৌঁছাবে।




মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ: শাহজালালে আরও ২৪ ফ্লাইট বাতিল, মোট ৪১৯

ডেস্ক নিউজঃ মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকটের কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বুধবার (১১ মার্চ) রাত ১২টার পর আরও ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত দুই সপ্তাহে সর্বমোট ৪১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো।

আকাশসীমা বন্ধের কারণে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে আকাশপথে পণ্য পরিবহনেও এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এর ফলে এসব গন্তব্যে যাতায়াতকারী বিভিন্ন এয়ারলাইনস তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে।

আজ বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে—কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাইদুবাইয়ের ২টি ফ্লাইট।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ১১ মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৯টিতে। এর মধ্যে সর্বোচ্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল গত ২ মার্চ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। পরিস্থিতি অনুকূলে এলে এয়ারলাইনসগুলো পুনরায় ফ্লাইট চালু করার উদ্যোগ নেবে।




সংসদ বসছে কাল, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত আজ

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তবে আজ অনুষ্ঠিত হবে সরকারি দলের সংসদীয় সভা। সেখানে সিদ্ধান্ত হতে পারে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে।

বুধবার (১১ মার্চ) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা হবে।

সেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এছাড়া এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে বলেন, আজ বুধবার বিএনপির সংসদীয় দলের বৈঠকে নতুন স্পিকার নির্বাচনসহ অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, সব ঠিক হবে।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এ দুটি পদে ক্ষমতাসীন দল থেকেই সদস্য নির্বাচিত হয়ে থাকেন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী এই পদটি নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আজ বিরোধী দলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।

বিএনপি সূত্রে জানা গেছে, স্পিকার পদে দলের স্থায়ী কমিটির দুই সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের ব্যাপারে আলোচনা বেশি।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর দেড় বছর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি।

সংবিধান অনুযায়ী, কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সে অনুযায়ী, আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে বিএনপি। স্পিকার পদে দলের স্থায়ী কমিটির দুই সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের ব্যাপারে আলোচনা বেশি।

আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি।