ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

ডেস্ক নিউজঃ নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সবাইকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অসুস্থ শিক্ষার্থীদের বরাত দিয়ে ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে ভবনে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় বের হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়। ধোঁয়ার কারণে কয়েকজন শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ পর্যন্ত মোট ৪৮ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে বলে জানান এই চিকিৎসক। তিনি বলেন, তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। আরও রোগী আসার সম্ভাবনা রয়েছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে। এদের মধ্যে একজনকে বর্তমানে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদান করছেন। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

জানা গেছে, রাতে মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ দ্বিতীয় তলার লাইব্রেরি কক্ষে আগুন লাগে এবং মুহূর্তেই তা পুরো ভবনে ঘন ও বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি করে। ঘুমন্ত অবস্থাতেই শিক্ষার্থীরা তীব্র শ্বাসকষ্ট ও ‘ইনহেলেশন বার্ন’ (শ্বাসনালি পুড়ে যাওয়া)-এ আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক, স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে পৌঁছে। পরে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পাঁচতলা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লেগেছিল। আর সেখানে লাইব্রেরি ছিল বলে জানিয়েছেন হাসপাতালে আসা শিক্ষার্থীরা। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে।




আজও তিন জেলার শিল্পাঞ্চলে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজঃ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানোহয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তিনি আরও বলেন, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে তাদের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।




জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

তুরস্কের আন্তালিয়ায় পৌঁছানোর পরদিন আগামীকাল বুধবার জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তারেক রহমান। এ ছাড়া সম্মেলনের সাইড লাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

সফর শেষে শুক্রবার প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।




পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ডেস্ক নিউজঃ ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি। তার পক্ষে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি আইনি প্রতিষ্ঠান থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠিয়ে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। তবে ওই ইমেইলে প্রতিষ্ঠানটিকে শেখ হাসিনার দেওয়া কোনো অনুমোদনপত্র বা স্বাক্ষর ছিল না।

আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। তাতে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে।’

সাইদুর রহমান বলেন, ‘অনুরোধটি সঠিক কি না, সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষের অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না।’

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির পাঠানো ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এর আগে, সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্স এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দাবি করা হয়, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।




পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

ডেস্ক নিউজঃ পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। আজ সোমবার দুপুরে মজুরি বোর্ডের সভায় এই প্রস্তাব দেওয়া হয়।তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে রাজধানীর সেগুনবাগিচায় আজ মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করেন। প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করে পরবর্তী করণীয় এবং মজুরি প্রস্তাব আরও উন্নত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হন। তাদের সুপারিশ অনুমোদিত হলে নতুন কাঠামো অনুযায়ী আগামী জানুয়ারি থেকে মজুরি পাবেন পোশাকশ্রমিকরা।




শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফেরত আনা হবে।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার পাসপোর্ট এবং এনআইডির আবেদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি শুনেছি পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে। পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদনের সত্যতা যাচাই করে আইনগত ভিত্তি খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে।

বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে পতিত শক্তি অস্থিরতা সৃষ্টি করতে মাঝেমধ্যে কিছু স্থাপনা ও বাসে আক্রমণ করছে তাদের কঠোরভাবে দমন করা হবে।

ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছেন। এ সংক্রান্ত একটি চিঠির বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর এই প্রথম দেশে ফেরার জন্য আবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী।




শেখ হাসিনার পাসপোর্টের আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর

ডেস্ক নিউজঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করাকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেছেন, ‘শেখ হাসিনা কখনোই দেশে ফিরবেন না।’

আজ সোমবার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এগুলো ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্টান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।’

আমিনুল ইসলাম বলেন, ‘তার যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুক।’ এ সময় আগামীকাল মঙ্গলবার শেখ হাসিনার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন বলেও জানান চিফ প্রসিকিউটর।

সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ আবেদন সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে এটিই তার এ ধরনের প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার আইনজীবীরা তার বাংলাদেশি নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়েছেন। তাদের দাবি, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান।

তবে গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।




প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশে তাদের ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশে ট্রানশন গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান এবং দেশের সম্ভাবনাময় খাতগুলোতে আরও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিনিধিরা বর্তমান সরকারের ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ জানান।

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য নাহিয়ান রহমান রচি, এনবিআর এর প্রথম সচিব মো. তারেক হাসান এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের উপপরিচালক মো. আবু বাক্কার সিদ্দিক উপস্থিত ছিলেন।

ট্রানশনের প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্য আরিফ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশে তাদের ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশে ট্রানশন গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান এবং দেশের সম্ভাবনাময় খাতগুলোতে আরও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিনিধিরা বর্তমান সরকারের ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ জানান।

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য নাহিয়ান রহমান রচি, এনবিআর এর প্রথম সচিব মো. তারেক হাসান এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের উপপরিচালক মো. আবু বাক্কার সিদ্দিক উপস্থিত ছিলেন।

ট্রানশনের প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সদস্য আরিফ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।




গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ করছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিদল আন্তর্জাতিক র‌্যাংকিং এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রপতি সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।




নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইয়াশার পার্টির এই নেতাকে এখন জোট সরকার গঠনের দিকে এগোতে হচ্ছে। আর সম্ভাব্য সেই জোট সরকারে দেশটির ‘বিতর্কিত’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্ত করতে আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।

এমনকি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদকেও সরকারে চান তিনি। তবে এ জন্য শরিকদের সামনে রেখেছেন চারটি শর্ত।

পিবিএস- এর প্রতিবেদন অনুযায়ী রোববার (৮ নভেম্বর) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পর এ আহ্বান জানান আইজেনকোট। 

তিনি বলেন, আমি মনেপ্রাণে আশা করি যে, যে সরকারই গঠিত হোক না কেন, তা আমাদের জনগণের সকল অংশের মধ্যে ঐক্য, সংযোগ এবং নিরাময় আনবে — কারণ আমাদের অস্তিত্বই এর ওপর নির্ভরশীল, এবং আমাদের দেশ একটাই।

তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকট মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ পরিস্থিতিতে আবার নির্বাচন আয়োজন করে সময় নষ্ট করার সুযোগ নেই।

আইজেনকট বলেন, লিকুদ ও রিলিজিয়াস জায়নবাদী পার্টির নেতারা যদি সত্যিই জাতীয় ঐক্য চান, তাহলে তার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিতে তাদের আপত্তি থাকার কথা নয়। কারণ, দেশের স্বার্থে এখন রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

তিনি আরও বলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন বিদায়ী সরকারের ওপর পার্লামেন্ট নেসেটের ৭৪ জন সদস্য আস্থা হারিয়েছেন। তাদের এই অবস্থানকে জনগণের মতামতের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।

তবে, সম্ভাব্য জোটের শরিকদের জন্য চারটি শর্ত দিয়েছেন আইজেনকট। প্রথম শর্ত, ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত মূল্যবোধ মেনে নিতে হবে। তৃতীয়ত, সামরিক, জাতীয় অথবা বেসামরিক সেবার মাধ্যমে সবার দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে।

এর মাধ্যমে সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার কথাও বলেছেন তিনি।

চতুর্থ শর্তে আইজেনকোট বলেছেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে, সংগঠনটির সামরিক শক্তি ও শাসনক্ষমতা ধ্বংস করার প্রতিশ্রুতিও দিতে হবে।

নির্বাচনের পর ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলেও এতে নেতানিয়াহুর ক্ষমতা স্থায়ীভাবে শেষ হয়ে যায়নি কিংবা নতুন জোট সরকার গঠন নিশ্চিত হয়নি।

সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। পরে প্রয়োজনে আরও সময় চাইতে পারবেন তিনি।