সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

রোববার (০৮ নভেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনায়  গভীরভাবে শোকাহত।

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।

 

শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।




শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পৃথক অভিযানে ৯০ পিস ই-সিগারেট/ভেপসহ প্রায় ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

 

গত ৬ ও ৭ নভেম্বর পরিচালিত এসব অভিযানে ই-সিগারেট/ভেপ ছাড়াও ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

 

রোববার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ নভেম্বর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকায় আসা যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ৯০ পিস ই-সিগারেট/ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

 

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই যাত্রীর পাসপোর্টে গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার এন্ট্রি রয়েছে। একই বছরে পুনরায় ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবার তা জব্দ করা হয়।

 

অপরদিকে, গত ৭ নভেম্বর কাতার থেকে ঢাকায় আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করা হয়।

 

যাত্রীর ব্যাগেজে ই-সিগারেট/ভেপ বহনের এ ঘটনা চোরাচালানের নতুন প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
রাজস্ব সুরক্ষার পাশাপাশি নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ প্রবেশ প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।




সমবায় আন্দোলনকে যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির

এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে, সমবায় কাঠামোর আমূল পরিবর্তন করে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আইনের কারণেই সমবায় আন্দোলন এগিয়ে যেতে পারছে না। আইন পর্যালোচনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

ছোট বেলায় নিজ শহরে সমবায়ের সমৃদ্ধ কার্যক্রম দেখেছেন বলে জানান রাষ্ট্রপতি। কিন্তু, ক্রমেই সেই জৌলুশ হারিয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমান তার স্বনির্ভর বাংলাদেশ উদ্যোগের সঙ্গে সমবায় আন্দোলনকে একীভূত করতে চেয়েছিলেন।

এছাড়াও, মিল্কভিটার মতো সফল সমবায় প্রতিষ্ঠানকে পণ্য বাজারজাতে আরও অভিনবত্ব আনার পরামর্শও দেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো নষ্ট হয়ে গেছে। কয়েকটা মাত্র গ্রামে সফলভাবে কাজ করতে পেরেছে।

বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি নিয়ে রাষ্ট্রপতি বলেন, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান যে দীর্ঘ পথ র‍্যালিতে অতিক্রম করেছেন এবং যে সমস্ত কথাগুলো তিনি জাতির সামনে তুলে ধরেছেন, সেগুলোকে সামনে নিয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই; তাহলে অনেক প্রতিবন্ধকতাকে এড়িয়ে যেয়ে আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, আমাদের জ্বালানি সংকট, যুদ্ধ, বিগত দিনগুলোতে অর্থ পাচারের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, এর মধ্য থেকে যদি আমরা উপরে উঠতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

যে সব ষড়যন্ত্র, চক্রান্ত আছে দেশকে পেছনে ফেলার, সেগুলোকে কাটিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য আমাদের এগিয়ে যেতে হবে, যোগ করেন রাষ্ট্রপতি।




৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

ডেস্ক নিউজঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার আওতায় আনার বড় ধরনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পর্যায়ে ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের এই নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
শনিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরিকল্পনার কথা জানান।
ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক নীতি-নির্ধারণী সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ইসি সচিব আখতার আহমেদ অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের এনআইডি নিবন্ধনের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, ৬ থেকে ১৬ বছর বয়সীদের ডেটাবেজ তৈরির সুবিধার্থে এই নিবন্ধন কার্যক্রম সরাসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে শুরু করা যেতে পারে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে একটি বিশদ কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি কার্যকর সুপারিশমালা তৈরির জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি অনুবিভাগ) মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।
বর্তমানে দেশে ১৭ বছর বয়স পূর্ণ হলে জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ দেয় নির্বাচন কমিশন এবং ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়। তবে বিভিন্ন নাগরিক সেবা ও পরিচয় নিশ্চিতের স্বার্থে এর চেয়ে কম বয়সীদেরও এনআইডির আওতায় আনার দাবি জানিয়ে আসছিল বিভিন্ন পক্ষ। সেই দাবির আলোকেই অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধনের বিষয়টি নিয়ে এবার সক্রিয়ভাবে এগোচ্ছে কমিশন।
এদিকে ইসির সর্বশেষ হালনাগাদকৃত পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।



কপ-৩১ সম্মেলন জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, মোকাবিলায় ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে বিশ্বনেতাদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে এবারের সম্মেলনেও অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়ে তাই বাংলাদেশের প্রত্যাশা অনেক।

জানা গেছে, আনতালিয়ায় সোমবার (৯ নভেম্বর) শুরু হয়ে ১২ দিনব্যাপী এ সম্মেলন চলবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশের ঝুঁকি। উপকূলে লবণাক্ততা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা ও তাপপ্রবাহের মতো সংকট মোকাবিলায় প্রয়োজন বিপুল অর্থ ও কার্যকর পরিকল্পনা। এমন বাস্তবতায় এবারের জলবায়ু সম্মেলনকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রথমবারের মতো জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বে আন্তর্জাতিক পরিসরে দেশের জলবায়ু সংকট ও প্রত্যাশার বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করছে পরিবেশ মন্ত্রণালয়। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব সক্ষমতা, অভিযোজন পরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরবে ঢাকা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, শব্দদূষণ, বায়ুদূষণ ও পানিদূষণ মোকাবিলার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি এবং প্রকৃতিভিত্তিক সমাধানের বিষয়গুলো তুলে ধরা হবে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তন ও প্রতিবেশী দেশগুলোর দূষণের কারণে বাংলাদেশ যেসব ক্ষতির মুখে পড়ছে, সেসবের ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করা হবে। বাংলাদেশ যে পরিমাণ সহায়তা পাওয়ার যোগ্য তা আদায়ে দরকষাকষি গুরুত্বপূর্ণ। এ জন্য আলোচনায় দেশের দাবিগুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরতে বিশেষজ্ঞদের প্রস্তুত করা হচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের দাবি আদায়ে প্রয়োজন সমন্বিত অবস্থান। নেপাল ও ভুটানের সঙ্গে আঞ্চলিক জোটের মাধ্যমে দাবি তুলে ধরতে পারলে দরকষাকষিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা সময় সংবাদকে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নের ক্ষেত্রে কোনো দেশের অর্থনৈতিক সক্ষমতার চেয়ে দেশটি কতটা ঝুঁকির মধ্যে রয়েছে, তা বেশি গুরুত্ব পাওয়া উচিত। জাতিসংঘের জলবায়ু আলোচনার প্রক্রিয়ায় বাংলাদেশকে এ বিষয়টি তুলে ধরতে হবে। এ জন্য বাংলাদেশ, নেপাল ও ভুটানকে নিয়ে যে জোট রয়েছে, সেটিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। এতে অভিযোজন ও অনুদানভিত্তিক অর্থায়নের পক্ষে বাংলাদেশের দাবি আরও জোরালোভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

বর্তমানে কপ-৩১ থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের জন্য কার্যকর অর্থায়ন ও বাস্তবভিত্তিক সহায়তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান প্রত্যাশা।




রাজধানীর ঝুঁকিপূর্ণ ওয়ার্ড এখনও নিরাপদ হয়নি

ডেস্ক নিউজঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গুর ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলো এখনও নিরাপদ নয়। সঠিক সময়ে পদক্ষেপ নিতে না পারায় এ অবস্থা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ দাবি করছে ডেঙ্গু নিয়ন্ত্রণে এসেছে। এখনও দুই সিটি করপোরেশন পুরনো পদ্ধতিতে মশা নিয়ন্ত্রনের ওপর আস্থা রাখছে। সকালে লার্ভিসাইডিং ও সান্ধ্যকালীন ফগিংয়ে জোর দেওয়া হয়েছে। এ কারণে বিপুল অর্থ বরাদ্দ দিয়েও ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এডিস মশা নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশন নানা কর্মসূচি নিয়েছে। চলছে মশার ওষুধ ছিটানো, লার্ভা ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযান। কিন্তু এসব উদ্যোগের পরও ডেঙ্গুর ভয়াবহতা কমছে না। চলতি বছরের ৭ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫১০ জন। মৃত্যু হয়েছে ৪৫৮ জনের। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৭৪ জন।

তবে সংখ্যাগত এই পরিসংখ্যান ঢাকার বাস্তব চিত্র নয় বলে মনে করেন সংস্থা দুটির স্বাস্থ্য বিভাগ। তাদের মতে, ঢাকার বাইরে থেকে রোগী এসে ঢাকায় চিকিৎসা গ্রহণকালে মৃত্যু হওয়াতে সংখ্যাটা ঢাকায় দেখায়।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী আমাদের সময়কে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আমরা বিশেষভাবে নজর দিচ্ছি জনসম্পৃক্ততা এলাকা ও হাসপাতালগুলোতে অ্যাক্টিভ কেইস সার্ভিলেন্সে (পরিস্থিতিকেন্দ্রিক সক্রিয় অনুসন্ধান)। ডেঙ্গুর উৎসগুলো চিহ্নিত করে ধ্বংস করার ওপর জোর দিয়েছি।

ঝুঁকিতে ডিএসসিসির ৫৭ ওয়ার্ড : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৫৭টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ তালিকায়। এর মধ্যে উচ্চ ঝুঁকিতে রয়েছে ২৯টি আর মাঝারি ঝুঁকিতে ২৮টি। গত বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ ২০২৬’-এর ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

ঝুঁকিপূর্ণ এলাকার বিষয়ে দক্ষিণ সিটির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং সপ্তাহে অন্তত একদিন জমে থাকা পানি অপসারণের অভ্যাস গড়ে তোলা জরুরি।

অন্যদিকে ডিএনসিসিও সকালে নিয়মিত লার্ভিসাইডিং ও সান্ধ্যকালীন ফগিং কার্যক্রমের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। তবুও উত্তর সিটির ১৫টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে একটি ওয়ার্ড অতি ঝুঁকিপূর্ণ আর মাঝারি ঝুঁকিতে রয়েছে ১৪টি ওয়ার্ড।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার আমাদের সময়কে বলেন, এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রথম কাজ। ঘরবাড়ি, নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, পার্কিং এলাকা, ছাদের পানির ট্যাংক, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানিতে মশা জন্মাতে পারে। এসব স্থান নিয়মিত পর্যবেক্ষণ না করলে সড়ক ও নালা পরিষ্কার করেও মশার বিস্তার ঠেকানো কঠিন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ আমাদের সময়কে বলেন, এখন বৃষ্টি নেই। তাই ডেঙ্গু পরিস্থিতি কিছুটা ভালো। আবার বৃষ্টি হলেই বিস্তার বাড়তে পারে। ডিসেম্বরে মোটামুটি ভালো উন্নতি ঘটতে পারে। এটি পুরোপুরি বৃষ্টির ওপর নির্ভর করছে।

নগরবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি রাজউক, ভবনমালিক, নির্মাণপ্রতিষ্ঠান এবং নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। তবে নাগরিক সচেতনতার কথা বলে সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।




পলাতক হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ : পলাতক শেখ হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে; তার অপরাধের জন্য তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা মানুষ হত্যা করে পালিয়েছেন, এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে হুংকার দিচ্ছেন। কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের সেই হুংকার বুঝে গেছে। কাজেই আপনাদের এখন দেশে আসতেই হবে। গোপনে নয়, এখনই চলে আসেন, প্রয়োজনে আমরা টিকিট দিয়ে দেব।’

তিনি বলেন, বিগত বছরগুলোতে যারা দেশের মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট এবং গুম-খুন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ নারী-শিশুর রক্ত ঝরিয়েছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। পলাতকদের হ্যান্ডকাফ পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি বলেন, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করেছিল। দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তৈরি হয়েছিল অস্থিরতা ও বিভাজন। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর সিপাহি-জনতা বন্দি জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশের বিভাজনের রাজনীতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। যতবার দেশ হুমকির মুখে পড়েছে, ততবার জিয়াউর রহমান ও তার পরিবার জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করেছেন। দেশের সংকটে জিয়া পরিবার বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে এবং দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে।

স্থানীয় নেতাকর্মী ও জনগণের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তাদের যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা প্রতিহত করতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।




জাতীয় শাহজালালে ১৮০ ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি

ডেস্ক নিউজঃ সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৮০টি ফ্লাইট বাতিল হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাতিল হওয়া ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা ছিল ২৩ হাজার ৮৫ জন। আজ শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিজ্ঞপ্তিতে জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ১০৩টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি রয়েছে। বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫১টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারের ২১টি।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি।




শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

ডেস্ক নিউজঃ বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার সময় ছাড়া শিক্ষানবিশ লাইসেন্সধারীরা সড়কে মোটরযান চালাতে পারবেন না মর্মে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

পাশাপাশি গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিআরটিএর ফেসবুক পেজে এক বার্তায় এ নির্দেশনা জানানো হয়।

বিআরটিএর বার্তায় বলা হয়েছে, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় গাড়ি চালাতে পারবেন। এ সময় গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন থাকতে হবে।

সাধারণত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানো শেখার জন্য শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স নিতে হয়। এ সময় চালককে শিক্ষানবিশ চালক হিসেবে চিহ্নিত করতে গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ লেখা বোর্ড বা চিহ্ন রাখতে হয়। ‘L’ হলো ইংরেজি Learner শব্দের সংক্ষিপ্ত রূপ।

এই চিহ্ন দেখে অন্য গাড়ির চালকেরা বুঝতে পারেন, সংশ্লিষ্ট গাড়িটি একজন শিক্ষানবিশ চালাচ্ছেন। ফলে তাঁরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারেন।

শিক্ষানবিশ চালকদের প্রশিক্ষণের সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ম মেনে গাড়ি চালানোয় সচেতনতা বাড়াতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।




তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শুরু

ডেস্ক নিউজঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে র‌্যালি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকাল সোয়া ৩টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলটির স্থায়ী কমিটির সদস্য, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেলে, ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম ও ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।