ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ

ডেক নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নানা অব্যবস্থাপনা, চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পড়ে থাকা এবং চিকিৎসক-নার্সদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের ময়লার ভাগাড়ে ক্যানুলা, সিরিঞ্জসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাওয়ার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব অব্যবস্থাপনা দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। রোগীদের চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ ও ওয়াশরুমের অবস্থাও তদারকি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার হঠাৎ পরিদর্শনে এসে হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এর আগে হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা, সিরিঞ্জ ও চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সময়মতো হাসপাতালে উপস্থিত না হওয়ার বিষয়েও ক্ষোভ জানান স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পরিদর্শনের হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হয়েছে কেন, তা জানতে চান মন্ত্রী। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ওই রোগীকে স্যালাইন কেনার জন্য এক হাজার টাকা দেন।

এ ছাড়া হাসপাতালে অগ্নিকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার কারণ জানতে চান স্বাস্থ্যমন্ত্রী। জবাবে ছুটির কারণে প্রতিবেদন দিতে দেরি হয়েছে বলে জানানো হয়।

এর আগে সকালে আকস্মিক পরিদর্শনে জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে বড় পরিসরে টেন্ডার আহ্বান করা হবে বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, এ খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার টেন্ডার হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে ক্যানসার চিকিৎসার জন্য রেডিওথেরাপি মেশিন সরবরাহ, পাঁচটি রোবটিক সার্জারি ব্যবস্থা আনা এবং পাঁচ হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মিডওয়াইফ নিয়োগের মাধ্যমে স্বাভাবিক প্রসবের হার বাড়ানো এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তর করে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে সামনে রেখে ঢাকা-নারিতা রুটে ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ অক্টোবর থেকে এ রুটে সপ্তাহে একটির পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বর্তমানে ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি সোমবার একটি সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান। নতুন সূচি অনুযায়ী, সোমবারের পাশাপাশি প্রতি বৃহস্পতিবারও ফ্লাইট চলাচল করবে। এতে দুই দেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৯ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, চলতি মাসের শেষ দিকেই ঢাকা-নারিতা রুটে দ্বিতীয় ফ্লাইট যুক্ত হচ্ছে। আগামী ২৯ অক্টোবর থেকে নতুন ফ্লাইটটি নিয়মিত পরিচালিত হবে।

তিনি জানান, ফ্লাইটের সংখ্যা বাড়ায় জাপানপ্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, গবেষক ও ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এর আগে দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে উড়োজাহাজের সংকট, পরিচালন ব্যয় ও বাণিজ্যিক বিবেচনায় ২০২৫ সালের ১ জুলাই থেকে রুটটিতে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তী সময়ে চলতি বছরের জুলাইয়ে ঢাকা-নারিতা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করে বিমান। এবার প্রধানমন্ত্রীর জাপান সফরকে সামনে রেখে রুটটিতে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা একটি থেকে বাড়িয়ে দুটি করা হচ্ছে।




সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক

জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়েছে। যেখানে দেশের প্রথিতযশা সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নিয়েছেন।

আজ শনিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শুরু হয়।

এর আগে শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে ৮টি বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অংশীজনদের সঙ্গে সকল আলোচনা ও খসড়া তৈরির কাজ শেষ করা হবে।

২০২৭ সালের জানুয়ারি মাসে সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে।

গণভোটের আলোকে সংস্কার প্রক্রিয়া না থাকায় বিরোধী দলগুলো এই বিশেষ সংশোধন কমিটির বৈঠকে অংশ নেয়নি। তবে শেষ পর্যন্ত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল অংশগ্রহণের জন্য অপেক্ষা করা হবে বলে জানান কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।




কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে। এ বিষয়ে বিএনপি ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ সামনে এনেছে বলেও দাবি করেন তিনি।

দেশে নতুন করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিরোধীদের অপপ্রচার ও উসকানিতে কান না দিয়ে সরকার পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সরকারের অর্জন তুলে ধরে রিজভী বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। এটি সরকারের সঠিক নীতির প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




গ্রেপ্তার হলে বাতিল হবে মার্কিন ভিসা, দূতাবাসের সতর্কবার্তা

ডেস্ক নিউজঃ কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এমনকি গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে বলেও জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেয় মার্কিন দূতাবাস।

পোস্টে বলা হয়, ‘আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।’

এর আগে আরেকটি পোস্টে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত কার্যক্রম সম্পর্কে তথ্য জানিয়েছিল দূতাবাস।

ওই পোস্টে বলা হয়, বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে পর্যটন, অবকাশযাপন, কেনাকাটা, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং সভা ও সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

তবে বি১/বি২ ভিসা সাধারণত যুক্তরাষ্ট্রে চাকরি বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার অনুমতি দেয় না।




রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, অনুমোদনের অপেক্ষায় পাওয়ার স্টার্টআপ

ডেস্ক নিউজঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব ধরনের কারিগরি পরীক্ষা ও প্রস্তুতিমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। মূল্যায়নের পূর্ণাঙ্গ প্রতিবেদন ইতোমধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে হস্তান্তর করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরপরই ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক ধাপ ‘সি স্টেজ’ বা পাওয়ার স্টার্টআপে প্রবেশ করবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৫ অক্টোবরের দিকেই পরীক্ষামূলক পাওয়ার স্টার্টআপ শুরু করার প্রস্তুতি রয়েছে। তবে পুরো বিষয়টি বায়েরার আনুষ্ঠানিক অনুমোদনের ওপর নির্ভরশীল।

এদিকে প্রকল্পের সামগ্রিক অগ্রগতি মূল্যায়নে বাংলাদেশ সফররত রাশিয়ার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার রাতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা মন্ত্রীকে প্রথম ইউনিটের রিয়্যাক্টরের ক্রিটিক্যাল পর্যায়সহ বিভিন্ন কারিগরি অগ্রগতির বিষয়ে অবহিত করেন। শুক্রবার ঢাকায় নিযুক্ত রাশিয়ার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোসাটমের প্রথম উপমহাপরিচালক এবং প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে প্রতিনিধিদলটি ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রূপপুর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের ওই বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। দ্বিপক্ষীয় আলোচনায় কেন্দ্রের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী দিনে যৌথভাবে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রথম ইউনিটের কারিগরি অগ্রগতির বিষয়ে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, বি-২ ধাপের সব জটিল পরীক্ষা ও ফিজিক্স টেস্ট শতভাগ সফল হয়েছে। বুধবার এর আনুষ্ঠানিক প্রতিবেদন বায়েরার কাছে জমা দেওয়া হয়েছে। রুশ প্রতিনিধিদলও সরকারের উচ্চপর্যায়ে প্রথম ইউনিটের ক্রিটিক্যাল পর্যায়ের সফলতার বিষয়টি তুলে ধরেছে। এখন শুধু নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদনের অপেক্ষা। এটি মিললেই ইউনিটটি ‘সি স্টেজে’ উন্নীত হয়ে পাওয়ার স্টার্টআপের প্রক্রিয়ায় চলে যাবে।

তিনি আরও উল্লেখ করেন, পাওয়ার স্টার্টআপের প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে। পরবর্তী প্রতিটি ধাপের ফলাফল সন্তোষজনক হওয়ার সঙ্গে সংগতি রেখে উৎপাদনক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে।

প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রত্যাশা, ইউনিটটির উৎপাদনক্ষমতা ধাপে ধাপে ৩০ থেকে ৩৫ শতাংশে উন্নীত করা সম্ভব হলেই কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু করা যাবে। সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রাথমিকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পুরো প্রক্রিয়াটি প্রতিটি ধাপের নিখুঁত সাফল্য ও সংশ্লিষ্ট সব সংস্থার চূড়ান্ত ছাড়পত্রের ওপর নির্ভর করছে।




এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনে বড় অগ্রগতি অর্জন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি সংশোধন আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্তি করেছে সংস্থাটি।

তবে বিপুলসংখ্যক আবেদন নিষ্পত্তির পরও এখনো অপেক্ষমাণ রয়েছে ১ লাখ ২৮ হাজার ১০টি আবেদন। অন্যদিকে, বিভিন্ন কারণে বাতিল হয়েছে ১৩ লাখ ৫৫ হাজার ১৫৭টি আবেদন।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ১৮ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য বিশ্লেষণে দেখা যায়, এনআইডি সংশোধন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও আবেদন নিষ্পত্তি, অযৌক্তিক আবেদন বাছাই এবং জালিয়াতি প্রতিরোধ-এই তিনটি বিষয়কে ঘিরে এখন বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। আবেদন নিষ্পত্তিতে সময়সীমা নির্ধারণ, মাঠপর্যায়ে কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি এবং ঊর্ধ্বতন পর্যায়ে নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা বলছেন, ২০২৪ সাল পর্যন্ত জমা পড়া এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। ২০২৫ সালের আবেদনগুলোর নিষ্পত্তিও প্রায় শেষ পর্যায়ে। তবে প্রতি মাসে গড়ে ৮০ থেকে ৯০ হাজার নতুন আবেদন জমা পড়ায় কিছু আবেদন অপেক্ষমাণ থাকছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে সংশোধনের অযোগ্য আবেদন এবং একই বিষয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুনরায় আবেদন করার প্রবণতা।

‘ঘ’ ক্যাটাগরিতে অপেক্ষমাণ প্রায় ৭০ হাজার আবেদন

ইসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ‘ঘ’ ক্যাটাগরিতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ৬৮ হাজার ২৬৯টি আবেদন। এছাড়া ২০২৫ সালের একই ক্যাটাগরিতে অপেক্ষমাণ আবেদন রয়েছে ৯৮৩টি। সব মিলিয়ে ‘ঘ’ ক্যাটাগরিতে নিষ্পত্তির অপেক্ষায় থাকা আবেদনের সংখ্যা ৬৯ হাজার ২৫২টি।

অঞ্চলভিত্তিক হিসাবে ঢাকা অঞ্চলে ১০ হাজার ৬১৫টি, ফরিদপুরে ৫ হাজার ১৪০টি, খুলনায় ৫ হাজার ৮৭১টি, ময়মনসিংহে ৮ হাজার ৩৩২টি এবং রংপুরে ৪ হাজার ৪৭৭টি আবেদন অপেক্ষমাণ রয়েছে।

এছাড়া সিলেটে ৬ হাজার ৪৬৯টি, রাজশাহীতে ৬ হাজার ৮৭৫টি, বরিশালে ৪ হাজার ২২৬টি, চট্টগ্রামে ৬ হাজার ৬৮৮টি এবং কুমিল্লায় ১০ হাজার ৫৫৯টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

এই পরিসংখ্যান বলছে, অপেক্ষমাণ আবেদনের চাপ অঞ্চলভেদে ভিন্ন। ঢাকা ও কুমিল্লা অঞ্চলে অপেক্ষমাণ আবেদনের সংখ্যা তুলনামূলক বেশি। ফলে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে অঞ্চলভিত্তিক তদারকি ও কার্যকর ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আবেদন নিষ্পত্তিতে সময়সীমা, কমানো হয়েছে প্রশাসনিক ধাপ

এনআইডি সংশোধন কার্যক্রমে গতি আনতে আবেদন নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে ইসি। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে নিষ্পত্তির সুযোগ বাড়ানো হয়েছে। সিনিয়র ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট পরিচালকেরা নিয়মিতভাবে কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আবেদন নিষ্পত্তির মূল লক্ষ্য হচ্ছে নির্ভুলভাবে কাজ করা। এমনভাবে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে, যাতে পরবর্তী সময়ে সংশোধনের প্রয়োজন না পড়ে।

তিনি বলেন, অতীতে অযৌক্তিক আবেদনগুলো সব ক্ষেত্রে যথাযথভাবে যাচাই করা হয়নি। এখন যুক্তিসংগত নয়—এমন আবেদন বাতিল করা হচ্ছে এবং প্রতিটি আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গত বছর বিশেষ কর্মসূচির মাধ্যমে বিপুলসংখ্যক আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলেও জানান তিনি।

ইসি সচিবের ভাষ্য, সংশোধন আবেদনের মধ্যে এমন অনেক আবেদন রয়েছে, যেগুলোর ক্ষেত্রে সংশোধনের প্রয়োজন আর নেই। আবার বিদেশে অবস্থানরত ভোটারদের কিছু আবেদনেও স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে দেওয়া তথ্যের অসংগতি পাওয়া যায়। এসব বিষয় যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

জন্মতারিখ সংশোধনে নতুন নজরদারি

এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে অনলাইনে যাচাইযোগ্য শিক্ষাসনদকে গুরুত্ব দিয়ে নতুন করে তদারকি জোরদার করেছে নির্বাচন কমিশন।

সম্প্রতি এ বিষয়ে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে চিঠি দিয়েছে ইসি। গত ১৩ আগস্ট জারি করা পরিপত্র অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষাসনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করতে পারবেন। তবে এক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ প্রযোজ্য নয়।

নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অধীনস্থ কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি দৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত তিনটি আবেদন যাচাই করে প্রতিবেদন পাঠাতে হবে।

গত ১৩ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ের প্রতিবেদন ২১ সেপ্টেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে প্রতি মাসের প্রতিবেদন পরের মাসের প্রথম সপ্তাহের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এর মাধ্যমে জন্মতারিখ সংশোধনে সিদ্ধান্তের যথার্থতা ও কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে চায় কমিশন।

অযোগ্য আবেদন বাতিল, বয়সের অসংগতিতে কঠোর যাচাই

এনআইডি সংশোধনের অপেক্ষমাণ আবেদন ও বাতিলের কারণ ব্যাখ্যা করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, অনেক আবেদন রয়েছে যেগুলো সংশোধনযোগ্য নয়। বয়স সংশোধনের ক্ষেত্রে কখনো দেখা যায়, বাবা ও সন্তানের বয়সের ব্যবধান মাত্র ১০ বছর। আবার কোনো কোনো ক্ষেত্রে সংশোধনের পর দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার হওয়ার সময় বয়স ১৮ বছরের কম ছিল। এ ধরনের অসংগতি থাকলে আবেদন বাতিল করা হয় বলে জানান তিনি।

সাইফুল ইসলাম বলেন, কোনো আবেদন একটি ক্যাটাগরিতে বাতিল হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি অন্য ক্যাটাগরিতে আবার আবেদন করেন। এতে একই ধরনের আবেদনের পুনরাবৃত্তি ঘটে এবং অপেক্ষমাণ আবেদনের সংখ্যা বেশি বলে মনে হতে পারে।

তিনি আরও জানান, অপেক্ষমাণ আবেদনগুলো নিষ্পত্তির জন্য নিয়মিত বৈঠক করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সেবার মানসিকতা ও দায়িত্ববোধের পাশাপাশি নিয়মিত তদারকিও নিষ্পত্তির অগ্রগতিতে ভূমিকা রেখেছে।

জালিয়াতি রোধে কঠোর অবস্থান, আসছে প্রযুক্তিগত উদ্যোগ

এনআইডি-সংক্রান্ত জালিয়াতি প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। জালিয়াতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করা হচ্ছে। কমিশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকলে তভদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, জালিয়াতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তবে শুধু অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে জালিয়াতির ঘটনা ঘটার আগেই তা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি প্রযুক্তিগত ব্যবস্থা চালুর সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।

ইসি সচিবের আশা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করা গেলে এনআইডি-সংক্রান্ত জালিয়াতির ঘটনা আরও কমিয়ে আনা সম্ভব হবে।

এদিকে, সাধারণ মানুষকে প্রতারক চক্রের প্রলোভনে পা না দিতে সতর্ক করছে এনআইডি বিভাগ। এ বিষয়ে হেল্পডেস্ক থেকেও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক মো. সাইফুল ইসলাম।

নির্ভুল নিবন্ধনই দীর্ঘমেয়াদি সমাধান

প্রতি মাসে ৮০ থেকে ৯০ হাজার নতুন আবেদন জমা পড়ার বাস্তবতায় কেবল নিষ্পত্তির গতি বাড়িয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। নিবন্ধনের সময় তথ্য যাচাই জোরদার করা, আবেদনকারীদের সঠিক তথ্য দেওয়ার বিষয়ে সচেতন করা এবং সংশোধনের প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করাই হবে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা মনে করেন, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তির সাফল্যের পর এখন নির্বাচন কমিশনের সামনে বড় পরীক্ষা-অবশিষ্ট আবেদন দ্রুত নিষ্পত্তির পাশাপাশি ভবিষ্যতে সংশোধনের প্রয়োজন কমিয়ে নির্ভুল ও নির্ভরযোগ্য জাতীয় পরিচয় নিবন্ধন ব্যবস্থা গড়ে তোলা।




সচিবালয়ে বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজঃ সম্প্রতি সচিবালয়ে একটি মন্ত্রণালয়ের অধীন হঠাত্ একযোগে ১১টি উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) পরিবর্তনের উদ্যোগ নিয়ে প্রশ্ন ওঠেছে। প্রচলিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করে আকস্মিকভাবে একটি জুম মিটিং করে প্রকল্প পরিচালক পরিবর্তনের প্রস্তাব তৈরি করা হয়। বর্তমান প্রকল্প পরিচালকদের কর্মদক্ষতা, প্রকল্পের অগ্রগতি কিংবা তাদের পরিবর্তনের প্রয়োজনীয়তা যথাযথভাবে মূল্যায়ন না করেই নতুন পরিচালকদের নাম প্রস্তাব করা হয়। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট মন্ত্রী প্রস্তাবটি আটকে দেন।

এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সচিবালয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, মূলত ক্ষমতাসীন দলের একটি অঙ্গসংগঠনের এক শীর্ষ নেতাসহ দুই জন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে একটি তালিকা ধরিয়ে দিয়ে পিডি পরিবর্তনের জন্য চাপ দিয়েছিলেন। সূত্র জানায়, পিডি পদে পছন্দের কর্মকর্তাদের বসানোর জন্য কোটি কোটি টাকা লেনদেনের গোপন চুক্তিও হয়। এমনকি কয়েক জন কর্মকর্তার কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, যারা সচিবকে পিডি পরিবর্তনের জন্য চাপ দিয়েছিলেন, তারা প্রায় প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের পিএসের রুমে বসে থাকেন। সচিব কিংবা মন্ত্রীর রুমে কোন ফাইল যাচ্ছে তার ওপর নজর রাখেন। সচিবের রুমে ফাইল ঢোকার আগে তারা সেটা দেখতেন, তাদের জানার বাইরে কোনো ফাইল যাচ্ছে কি না। কোনো ফাইল তাদের পছন্দ না হলেই সেটি আর আলোর মুখ দেখত না। এছাড়া ব্যক্তিগত পদায়ন ও বদলি-বাণিজ্যের তদবির তো আছেই। এসব কার্যক্রম দেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা অসন্তুষ্ট। শুধু কর্মকর্তারা নন, সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবও খুবই বিরক্ত ও বিব্রত। কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছেন না। জানতে চাইলে একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে বলেন, একটা মানুষ প্রায় প্রতিদিন সকাল থেকে অফিস ছুটি হওয়া পর্যন্ত এখানে বসে থাকেন। আমরা সবই দেখি এবং বুঝি। কিন্তু কিছু বলতে পারছি না। কিছু বলতে গেলে তো আমাদেরই চাকরি যাওয়ার ভয় আছে। কারণ তারা তো ক্ষমতার সর্বোচ্চ শিখরে।

এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কোনো কিছু না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে একটি উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনে যান মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) এবং ব্যক্তিগত কর্মকর্তা (পিও)। পরে বিষয়টি জানতে পেরে চরম বিরক্ত ও ক্ষুব্ধ হন মন্ত্রী। ক্ষুব্ধ মন্ত্রী প্রথমে মৌখিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেন তার এপিএসকে। এক সপ্তাহ পর সরানো হয় ব্যক্তিগত কর্মকর্তাকে। ঐ সফরে কয়েক জন সরকারি কর্মকর্তাও গিয়েছিলেন বলে জানা গেছে। গত সপ্তাহের এই ঘটনায়ও সচিবালয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। একইভাবে সম্প্রতি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় মন্ত্রণালয়ের প্রভাবশালী প্রতিমন্ত্রীর পিএস ও এপিএসকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এক কর্মকর্তা বলেন, তাদের দুই জনের বিরুদ্ধেও তদবির ও বদলিবাণিজ্যের অভিযোগ ওঠেছিল।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে ক্ষমতায় থাকা বিএনপি সরকারের প্রতিশ্রুতি ছিল প্রভাবমুক্ত, স্বচ্ছ একটি প্রশাসনিক কাঠামো গড়ে তোলার। কিন্তু সচিবালয়ের ভেতরে বদলি-বাণিজ্য, তদবির ও প্রভাব বিস্তারের অদৃশ্য রাজনীতি যেন অনেকটা আগের ছন্দেই চলছে। কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রভাবশালী পিএস, এপিএস ও ঘনিষ্ঠ সহকারীদের ঘিরে গড়ে ওঠা অঘোষিত এই ক্ষমতার বলয় নিয়ে নানা অভিযোগ রয়েছে। বদলি, পদায়ন ও পদোন্নতি থেকে শুরু করে টেন্ডার নিয়ন্ত্রণ, নিয়োগে প্রভাব, ফাইল নিষ্পত্তি ও কমিশন আদায়ের মতো বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নিয়মিতই সামনে আসছে। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার মধ্যেও সচিবালয়ে প্রতিদিন ভিড় করছেন তদবিরকারী, দালাল ও সুবিধাভোগী চক্রের লোকজন।

গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে এসব নিয়ে বিস্তর সমালোচনা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়েও প্রশাসনের ভেতরে একই ধরনের অভিযোগ ওঠে। এখন বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এলেও প্রশাসনের সেই চিরচেনা সংস্কৃতি বদলের বার্তা এখনো স্পষ্ট নয়। প্রশাসনের ভেতর দীর্ঘদিনের অনানুষ্ঠানিক প্রভাব কাঠামো ও সুবিধাভোগী চক্র ভাঙা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

সরেজমিন দেখা যায়, সচিবালয়ে বর্তমানে বিভিন্ন ধরনের সুপারিশ, তদবির ও ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট কাজের জন্য প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘোরাঘুরি করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সচিবালয়ের বিভিন্ন ভবনের করিডর, মন্ত্রীর দপ্তরের সামনে কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কক্ষের আশপাশে অপেক্ষা করতে দেখা যায় তাদের।

সংশ্লিষ্টদের অভিযোগ, প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে এক ধরনের অনানুষ্ঠানিক তদবির সংস্কৃতি দীর্ঘদিন ধরেই গড়ে উঠেছে। রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত যোগাযোগ কিংবা প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে অনেকেই বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। বিশেষ করে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপদেষ্টাদের পিএস, এপিএস এবং ঘনিষ্ঠ স্টাফদের আশপাশে এসব তদবিরকারীদের আনাগোনা বেশি দেখা যায়।

সচিবালয় সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক ক্ষেত্রে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে ফাইল দ্রুত করানো, নির্দিষ্ট ব্যক্তিকে সুবিধা পাইয়ে দেওয়া বা প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়। এতে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মকর্তারাও নানা ধরনের অঘোষিত চাপের মুখে পড়েন।

বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ঠিকাদারদের অভিযোগ, ফাইল ছাড়, বদলি কিংবা গুরুত্বপূর্ণ পদায়নে এসব ব্যক্তিদের ‘সবুজ সংকেত’ ছাড়া অনেক ক্ষেত্রে কাজ এগোচ্ছে না। তবে ব্যতিক্রমও আছে কয়েকজন মন্ত্রীর ক্ষেত্রে। জানা গেছে, কয়েক জন মন্ত্রী অনাকঙ্ক্ষিত বিতর্ক ও সমালোচনা এড়াতে এবং নিজের ও মন্ত্রণালয়ের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে পিএস ও এপিএস নিয়োগ দেননি। তাদের কাজ মন্ত্রণালয়ের নিয়মিত কর্মকর্তারাই করছেন।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক নিয়োগে স্বচ্ছতা, পিএস-এপিএসদের ক্ষমতার সীমা নির্ধারণ, সম্পদের বাধ্যতামূলক হিসাব এবং প্রশাসনিক সিদ্ধান্তে ডিজিটাল ট্র্যাকিং না আনলে একই চিত্র বারবার ফিরে আসবে। এ বিষয়ে সাবেক সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার ইত্তেফাককে বলেন, এই সময়ে প্রশাসনিক কাজে রাজনৈতিক হস্তক্ষেপ, নিয়োগ কিংবা বদলি বাণিজ্যের অভিযোগ থাকাটা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, বাংলাদেশে প্রতিটি সরকারের সময়ই ক্ষমতার কেন্দ্র ঘিরে একটি ‘অদৃশ্য প্রভাব বলয়’ ছিল, যারা রাষ্ট্রীয় সিদ্ধান্তে অনানুষ্ঠানিক প্রভাব খাটিয়েছেন। কিন্তু বর্তমান সরকারকে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হতে হবে। প্রধানমন্ত্রী যদি প্রশাসনকে সুশৃঙ্খলভাবে রাখতে চান, তাহলে এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। সাবেক এই সচিবের মতে, প্রশাসনের ভেতরে যদি অদৃশ্য প্রভাব বলয় গড়ার সুযোগ কেউ পায়, তাহলে গণঅভ্যুত্থান, পরিবর্তন কিংবা নির্বাচনি প্রতিশ্রুতি সবই শেষ পর্যন্ত জনগণের কাছে আস্থাহীনতায় পরিণত হবে।




বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারতের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

ডেস্ক নিউজ : বৈশ্বিক ক্ষুধা সূচকে (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স- জিএইচআই) ২০২৬-এ ১২২টি দেশের মধ্যে ৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সূচকে বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ২। এর অর্থ এই তালিকায় বাংলাদেশ ক্ষুধা পরিস্থিতির ‘মাঝারি’ শ্রেণিতে রয়েছে। 

সূচকে অন্তর্ভুক্ত ১২২টি দেশের মধ্যে ২৪ দশমিক ১ স্কোর নিয়ে ভারতের অবস্থান ১০০ তম। অন্যদিকে ২৫ দশমিক ৫ স্কোর নিয়ে ১০৬ তম অবস্থানে রয়েছে পাকিস্তান।

দক্ষিণ এশিয়ার গড় স্কোরের তুলনায় বাংলাদেশ তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর গড় স্কোর যেখানে ২৩ দশমিক ৫, সেখানে বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ২। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলংকা ও নেপাল। তবে বৈশ্বিক গড় স্কোরের (১৮ দশমিক ১) তুলনায় বাংলাদেশ এখনো কিছুটা পিছিয়ে রয়েছে।

বৈশ্বিক ক্ষুধা সূচকে স্কোর নির্ধারণ করা হয় শূন্য থেকে ১০০-এর মধ্যে। স্কোর ১০-এর কম হলে ক্ষুধার মাত্রা কম, ১০ থেকে ১৯ দশমিক ৯ হলে মাঝারি, ২০ থেকে ৩৪ দশমিক ৯ হলে গুরুতর, ৩৫ থেকে ৪৯ দশমিক ৯ হলে আশঙ্কাজনক এবং ৫০ বা তার বেশি হলে অত্যন্ত আশঙ্কাজনক হিসাবে বিবেচনা করা হয়। এ হিসাবে বাংলাদেশের ১৯ দশমিক ২ স্কোর মাঝারি মাত্রার ক্ষুধা পরিস্থিতি নির্দেশ করে।

মূলত চারটি সূচকের ওপর ভিত্তি করে জিএইচআই স্কোর নির্ধারণ করা হয়। এগুলো হলো— জনসংখ্যার মধ্যে অপুষ্টির হার, শিশুমৃত্যুর হার, বয়সের তুলনায় শিশুদের উচ্চতা কম হওয়া এবং উচ্চতার তুলনায় শিশুদের ওজন কম হওয়া।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সূচকে বাংলাদেশে মোট জনসংখ্যার ৮ দশমিক ২ শতাংশ মানুষ অপুষ্টির শিকার। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বয়স অনুযায়ী উচ্চতা না বাড়া বা খর্বকায়তার হার ২৪ দশমিক ০ শতাংশ। তবে এটি একটি বড় অগ্রগতি, কারণ ২০০০ সালে এই হার ছিল ৫৪ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ গত ২৬ বছরে এই হার ৩০ দশমিক ৯ শতাংশ পয়েন্ট কমেছে।

পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে উচ্চতা অনুযায়ী ওজন না বাড়া বা কৃশতার হার ১২ দশমিক ৯ শতাংশ। পাঁচ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মারা যাচ্ছে দেশের ৩ দশমিক ০ শতাংশ শিশু।




সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদি আরবে একাধিক হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় দুই বাংলাদেশি হতাহত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।

বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে। সূত্র: বাসস