ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ

ডেস্ক নিউজঃ ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে।

২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও যারা অর্থ পাননি, তাদের অপেক্ষমাণ আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা হবে না। সংশ্লিষ্ট রোগীদের নতুন নীতিমালার আলোকে পুনরায় আবেদন করতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে গত ৫ অক্টোবর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে ক্যান্সারসহ উল্লিখিত সাত রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় আইডিএসডিপি (IDSDP) সফটওয়্যারে যেসব আবেদনের বিপরীতে অর্থ বিতরণ সম্ভব হয়নি, সেসব অপেক্ষমাণ আবেদন জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট উপজেলা ইউনিটে স্থানান্তর করে সহায়তা প্রদানের প্রস্তাব করেছিল সমাজসেবা অধিদপ্তর।

তবে ২০২৫-২৬ অর্থবছরের অপেক্ষমাণ আবেদনগুলো সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০১৯-এর আলোকে করা হয়েছিল।

অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরে অনুদানের পরিমাণ ও রোগের আওতা বৃদ্ধি করে ‘ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’ প্রণয়ন করা হয়েছে।

এ কারণে আগের অর্থবছরের অপেক্ষমাণ আবেদন স্থানান্তর না করে সংশ্লিষ্ট রোগীদের নতুন নীতিমালার আলোকে নতুন করে আবেদন আহ্বানের মাধ্যমে অনুদানের অর্থ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।




বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা

ডেস্ক নিউজঃ বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ নির্মাণ ও সরবরাহের চুক্তির আওতায় প্রথম চালানে ১৮টি কোচ পাঠিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান রাইটস লিমিটেড। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। এলএইচবি ধরনের এসব কোচ বাংলাদেশে সরবরাহের জন্য তৈরি করা হচ্ছে ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ কারখানায়।

রাইটস লিমিটেডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ অক্টোবর পাঠানো প্রথম চালানে রয়েছে সাত ধরনের কোচের মধ্যে চার ধরনের মোট ১৮টি কোচ। এর মধ্যে ১১টি শীতাতপনিয়ন্ত্রণবিহীন শোভন চেয়ার কার, তিনটি শীতাতপনিয়ন্ত্রিত চেয়ার কার, দুটি শীতাতপনিয়ন্ত্রিত স্লিপার কোচ এবং দুটি শীতাতপনিয়ন্ত্রিত পাওয়ার কার রয়েছে। পাওয়ার কারগুলোতে গার্ডের জন্য পৃথক কক্ষ ও মালপত্র রাখার জায়গার ব্যবস্থা করা হয়েছে।

রেল খাতে আন্তর্জাতিক প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞ প্রতিষ্ঠান রাইটস জানিয়েছে, এ পর্যন্ত তারা ২৮০টির বেশি রেল ইঞ্জিন, ১ হাজার ৮৫টির বেশি কোচ এবং একাধিক ডিজেলচালিত ইউনিটের ট্রেনসেট সরবরাহ করেছে। নবরত্ন মর্যাদাপ্রাপ্ত ভারতের এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও পশ্চিম এশিয়ার ৫৫টির বেশি দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

বাংলাদেশে ভারতীয় কোচ সরবরাহের ধারাবাহিকতা
রেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের রেল কোচ কারখানা ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে সহযোগিতা শুরু হয় ২০১৫-১৬ অর্থবছরে। সে সময় ভারতের ওই কারখানা থেকে বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ধরনের ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করা হয়েছিল।

আগের সেই সহযোগিতার ধারাবাহিকতায় ২০২৪ সালে রাইটসের মাধ্যমে নতুন করে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচের ক্রয়াদেশ দেয় বাংলাদেশ রেলওয়ে। চুক্তি অনুযায়ী, সাত ধরনের কোচ তৈরি করে সরবরাহ করা হবে। নতুন চালানের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সহযোগিতা আরও এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালনাগত প্রয়োজন এবং যাত্রীদের ভ্রমণ আরামদায়ক করার বিষয়টি বিবেচনায় নিয়ে কোচগুলোর নকশায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। এসব উন্নয়নের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা এ ধরনের এলএইচবি কোচে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

যাত্রীসুবিধায় নতুন সংযোজন
নতুন কোচগুলোতে বিশেষভাবে নকশা করা হেলানো যায় এমন আসন রাখা হয়েছে। আসনগুলোতে স্টেইনলেস স্টিলের হাতল ও পা রাখার জায়গা রয়েছে। এর ফলে যাত্রীরা নিজেদের সুবিধা অনুযায়ী বিভিন্ন কোণে আসন হেলিয়ে বসতে পারবেন।

যাত্রীসেবার মান উন্নত করতে শীতাতপনিয়ন্ত্রিত কোচে পাখা, সমন্বিত সিসিটিভি নজরদারি ব্যবস্থা, জরুরি সংকেত দেওয়ার সুবিধা এবং আংশিক খোলা যায় এমন জানালা যুক্ত করা হয়েছে। পাশাপাশি শিশুর যত্ন নেওয়ার জন্য পৃথক কক্ষ ও প্রার্থনার জন্য একটি কক্ষের ব্যবস্থাও রয়েছে।

বাংলাদেশের রেল পরিচালনার বাস্তবতা বিবেচনায় কোচগুলোর কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপ সামলানোর বিষয়টি মাথায় রেখে ছাদ আরও মজবুত করা হয়েছে। ব্যস্ত সময়ে কোচের ছাদে মানুষ উঠে ভ্রমণ করলেও যাতে তা বাড়তি ওজন বহন করতে পারে, সেই বিষয়টি নকশায় বিবেচনা করা হয়েছে।

সংঘর্ষে নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থায় পরিবর্তন
নতুন কোচগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সংঘর্ষের সময় যাত্রীদের সুরক্ষা বাড়ানোর উপযোগী কাঠামোগত নকশা। কোচগুলো ইউরোপীয় মানদণ্ড ইএন ১৫২২৭ অনুসরণ করে তৈরি করা হয়েছে। নির্ধারিত নিরাপত্তার মান পূরণে কোচের বাইরের মূল কাঠামোর নকশায় পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সংঘর্ষের ধাক্কা সামলানোর সক্ষমতা বাড়বে এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।

বাংলাদেশ রেলওয়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোচগুলোর বিদ্যুৎ ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। ভারতীয় রেলওয়ের প্রচলিত কোচে ৭৫০ ভোল্টের বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহৃত হলেও বাংলাদেশে সরবরাহের জন্য তৈরি কোচগুলো ৪১৫ ভোল্টের বিদ্যুৎ ব্যবস্থায় চলার উপযোগী করে নির্মাণ করা হয়েছে।

নতুন এই চালানের মধ্য দিয়ে ২০০টি কোচ সরবরাহের চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো। কোচগুলোতে যাত্রীসুবিধা, নিরাপত্তা ও বাংলাদেশের পরিচালনাগত চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে।




টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলাসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। এছাড়া আগুন নেভাতে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে কারখানার ভবনের ৪ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে কারখানার ক্যামিকেল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।




দেশে ই-বর্জ্য থেকে ৫০ কোটি ডলারের মূল্যবান ধাতু পুনরুদ্ধার করা সম্ভব: গবেষণা

ডেস্ক নিউজঃ বাংলাদেশে ফেলে দেওয়া ইলেকট্রনিক পণ্য বা ই-বর্জ্য থেকে প্রতিবছর প্রায় ৫০ কোটি ডলার মূল্যের মূল্যবান ধাতু পুনরুদ্ধার করা সম্ভব। তবে বর্জ্য সংগ্রহের দুর্বল ব্যবস্থা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের সীমিত সক্ষমতার কারণে এই বিপুল সম্পদের বড় অংশই নষ্ট হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

অন্যদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাধ্যমে পরিবেশ অধিদপ্তর পরিচালিত পৃথক এক গবেষণায় দেখা গেছে, দেশে উৎপন্ন ই-বর্জ্যের প্রায় ৯৭ শতাংশই আনুষ্ঠানিক পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।

২০১৭ সালের ওই গবেষণার হিসাব অনুযায়ী, দেশে উৎপন্ন ই-বর্জ্যের মাত্র ৩ শতাংশ আনুষ্ঠানিকভাবে পুনঃপ্রক্রিয়াজাত ও রপ্তানি করা হতো। ফলে বিপজ্জনক বর্জ্যের পাশাপাশি সোনা, রুপা, তামা ও টিনের মতো মূল্যবান ধাতুও পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছিল না।

বুয়েটের সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্টের গবেষণায় দেখা গেছে, এক টন পরিত্যক্ত র‍্যাম (RAM) থেকে সর্বোচ্চ ৬০০ গ্রাম সোনা পাওয়া সম্ভব। এ ছাড়া পরীক্ষাগারে বিশেষ প্রক্রিয়ায় ই-বর্জ্য থেকে ৯৯ শতাংশের বেশি তামা, ৯৪ শতাংশের বেশি রুপা এবং প্রায় ৮৬ শতাংশ টিন পুনরুদ্ধার করা যায়।

তবে এসব মূল্যবান ধাতু বড় পরিসরে পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও নিয়ন্ত্রণব্যবস্থার সক্ষমতা বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি।

২০১৮ সালে দেশে প্রায় ৪ লাখ টন ই-বর্জ্য উৎপন্ন হয়েছিল। প্রতিবছর এই বর্জ্যের পরিমাণ প্রায় ২০ শতাংশ হারে বাড়ছে। বুয়েটের গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ দেশে বছরে ই-বর্জ্য উৎপাদনের পরিমাণ ৪৬ লাখ ২০ হাজার টনে পৌঁছাবে।

সাভারে অবস্থিত ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানা জেআর রিসাইক্লিং সলিউশনের মালিক এম এ হোসেন বলেন, পরিবেশগত বিধিবিধান মেনে একটি ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করতে ১০ থেকে ১৫ কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ (ডাইফ) বিভিন্ন সংস্থা থেকে প্রায় ২২টি লাইসেন্স ও অনুমোদন নিতে হয়।

তিনি জানান, তার কারখানায় ই-বর্জ্য থেকে তামা, পিতলসহ বিভিন্ন ধাতু পুনরুদ্ধার করা হয়। তবে সোনা উত্তোলনের সক্ষমতা নেই।

তিনি বলেন, “ই-বর্জ্য থেকে সোনা পুনরুদ্ধারের প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। এ জন্য অন্তত ৫০০ কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন, যা আমাদের পক্ষে সম্ভব নয়।”

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে মাত্র ১৬টি বাণিজ্যিক ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান নিবন্ধন পেয়েছে। এর মধ্যে ১৪টি ঢাকা ও আশপাশের এলাকায় এবং দুটি চট্টগ্রামে অবস্থিত।

এম এ হোসেনের হিসাবে, ঢাকা ও আশপাশের এলাকায় পরিবেশগত বিধিবিধান মেনে পরিচালিত প্রায় ১৪টি প্রতিষ্ঠান দেশের মোট ই-বর্জ্যের মাত্র ৩ থেকে ৫ শতাংশ পুনঃপ্রক্রিয়াজাত করে। বাকি বর্জ্য চলে যায় শত শত অনানুষ্ঠানিক কারখানায়। সেখানে শ্রমিকেরা ইলেকট্রনিক পণ্য খুলে যন্ত্রাংশ আলাদা করেন এবং অ্যাসিড ব্যবহার ও তার পুড়িয়ে ধাতু সংগ্রহ করেন।

এদিকে, দেশের কয়েকটি প্রতিষ্ঠিত ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ই-বর্জ্য সংগ্রহব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে।

ওয়ালটন গ্রুপের পরিবেশ, স্বাস্থ্য, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান রাজু বলেন, সারা দেশে ওয়ালটনের ৭০০টি প্লাজা আউটলেটের মাধ্যমে পুরোনো পণ্য বদলে নতুন পণ্য কেনার (এক্সচেঞ্জ) অফার দিয়ে পরিত্যক্ত ইলেকট্রনিক পণ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও জানান, সংগৃহীত পুরোনো ইলেকট্রনিক পণ্যগুলো কারখানায় পাঠানো হয়। সেখানে প্লাস্টিক ও ধাতব অংশ আলাদা করে বিশেষায়িত পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানায় পাঠানো হয়।

২০২৫ সালে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), টেলিভিশন ও রেফ্রিজারেটরসহ ৬৬ হাজার ৭২২টি পুরোনো ইলেকট্রনিক পণ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাত করেছে ওয়ালটন।

বিদেশ থেকেও ই-বর্জ্য আমদানি করছে বাংলাদেশ
দেশে উৎপন্ন ই-বর্জ্য ব্যবস্থাপনায় হিমশিম খাওয়ার মধ্যেই বিদেশ থেকে নিষিদ্ধ ই-বর্জ্য আমদানি হচ্ছে বাংলাদেশে।

টিআইবির তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৭ লাখ ডলার ব্যয়ে দেশে ১৪ হাজার ৯৮৫ টন ই-বর্জ্য আমদানি করা হয়েছে। অথচ দেশের ই-বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক বিধিমালা ও আমদানি নীতি অনুযায়ী এ ধরনের বর্জ্য আমদানি নিষিদ্ধ।

আমদানি করা এসব বর্জ্যের প্রায় ২৭ শতাংশ বস্ত্র ও তৈরি পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট। অনেক ক্ষেত্রে বস্ত্রকলের যন্ত্রপাতির খুচরা যন্ত্রাংশ হিসেবে ঘোষণা দিয়ে এসব বর্জ্য আমদানি করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ আল আমিন বলেন, সংশ্লিষ্ট সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশের (এসআরও) আওতায় স্ক্র্যাপ আমদানি নিষিদ্ধ নয়। ফলে স্ক্র্যাপ হিসেবে ঘোষণা দিয়ে আনা চালানে ই-বর্জ্য শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, “তবে ভুল বা বিভ্রান্তিকর বিবরণ দিয়ে আমদানি করা ই-বর্জ্যের চালান আটকাতে আমাদের কর্মকর্তারা সতর্ক রয়েছেন।”

ভুল তথ্য দিয়ে আমদানি করা ই-বর্জ্য শনাক্তে উন্নত স্ক্যানিং যন্ত্রপাতি এবং কাস্টমস কর্মকর্তাদের বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে টিআইবি।

একই সময়ে বাংলাদেশ থেকে প্রায় ৪ হাজার ৪০ টন প্রিন্টেড সার্কিট বোর্ডের (পিসিবি) স্ক্র্যাপ ও ইলেকট্রনিক যন্ত্রাংশ রপ্তানি করা হয়েছে।

এম এ হোসেন বলেন, “আমাদের দেশে ই-বর্জ্য থেকে সোনা পুনরুদ্ধারের প্রযুক্তি নেই। এ কারণে আমরা জাপান ও কোরিয়ায় মাদারবোর্ড রপ্তানি করি।”

আমদানি-রপ্তানির নথিভুক্ত তথ্য অনুযায়ী, ওই সময়ে বাংলাদেশ ই-বর্জ্য রপ্তানির তুলনায় আমদানি করেছে বেশি।

স্বাস্থ্যঝুঁকিতে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা
দেশের পরিত্যক্ত ইলেকট্রনিক পণ্যের বড় অংশই সংগ্রহ করে অনানুষ্ঠানিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মাধ্যমে হাজারো মানুষের জীবিকার সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি এসব বর্জ্য ভাগাড়ে জমা হওয়াও কমছে। তবে এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই যথাযথ নিবন্ধন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে এবং ই-বর্জ্য প্রক্রিয়াজাতকরণে বিপজ্জনক পদ্ধতি ব্যবহার করছে।

অনানুষ্ঠানিকভাবে ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণের প্রধান কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ঢাকার নিমতলী, এলিফ্যান্ট রোড, মোহাম্মদপুর ও টঙ্গী এবং চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোড।

টিআইবির গবেষণায় দেখা গেছে, অনানুষ্ঠানিক এসব প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদের দিয়ে কোনো ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী ছাড়াই ই-বর্জ্য প্রক্রিয়াজাত করা হয়। এতে শ্রমিকদের পাশাপাশি আশপাশের বাসিন্দারাও বিষাক্ত পদার্থের সংস্পর্শে এসে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা বুয়েটের এক স্বাস্থ্যঝুঁকি মূল্যায়নে দেখা গেছে, বাতাসে ছড়িয়ে পড়া ক্রোমিয়াম ও সিসার সংস্পর্শে বিভিন্ন বয়সী শ্রমিকদের ক্যানসার ও ক্যানসারবহির্ভূত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি। এ ছাড়া স্ক্র্যাপ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলোর আশপাশের পানিতে সিসার দূষণ শিশুদেরসহ স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

খোলা জায়গায় ই-বর্জ্য পোড়ানোর ফলে ডাই-অক্সিন, ফিউরানসহ বিভিন্ন ক্ষতিকর দূষক বাতাসে ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে, পরিত্যক্ত ইলেকট্রনিক পণ্য থেকে সিসা, ক্রোমিয়াম, পারদ ও ক্যাডমিয়ামের মতো বিষাক্ত ধাতু মাটি ও ভূগর্ভস্থ পানিতে মিশে যেতে পারে।

এসব দূষিত পদার্থ মাছ, গবাদিপশু ও কৃষিপণ্যের মাধ্যমে খাদ্যশৃঙ্খলেও প্রবেশ করতে পারে।

বিধিমালা থাকলেও বাস্তবায়নে ঘাটতি
ই-বর্জ্য ব্যবস্থাপনায় ২০২১ সালে ‘বিপজ্জনক বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা’ প্রণয়ন করে বাংলাদেশ। এতে বর্ধিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) নীতির আওতায় ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী, আমদানিকারক ও পরিবেশকদের পরিত্যক্ত পণ্য ব্যবস্থাপনায় ভূমিকা রাখার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, প্রথম বছরে ১০ শতাংশ ই-বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা পঞ্চম বছরে ৫০ শতাংশে উন্নীত হওয়ার কথা। তবে টিআইবির গবেষণায় দেখা গেছে, এ কাঠামোর আওতায় কোনো বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী, আমদানিকারক বা পরিবেশক প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরে নিবন্ধন করেনি।

এদিকে, সৌর প্যানেল, বৈদ্যুতিক যানবাহন ও ব্যাটারি থেকে তৈরি হওয়া নতুন ধরনের বর্জ্য ব্যবস্থাপনায়ও বাড়তি চ্যালেঞ্জ দেখা দিয়েছে। বিদ্যমান বিধিমালায় এসব পণ্যের সব ধরনের বর্জ্য ব্যবস্থাপনার বিষয় যথাযথভাবে অন্তর্ভুক্ত নেই।

টিআইবির পরিবেশ ও জলবায়ু অর্থায়নবিষয়ক সমন্বয়ক নাবিল হক বলেন, বিদ্যমান বিধিমালায় সব ধরনের ই-বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সুস্পষ্ট বিধান নেই। এ কারণে বিধিমালা সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ২০২১ সালে বিধিমালা প্রণয়ন করা হলেও সরকার এখনো দেশে ই-বর্জ্যের পরিমাণ ও ধরন সম্পর্কে নির্ভরযোগ্য জাতীয় তথ্যভান্ডার তৈরি করতে পারেনি। পাশাপাশি ই-বর্জ্য সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং নিষিদ্ধ ই-বর্জ্য আমদানি বন্ধ করতেও ব্যর্থ হয়েছে।

ই-বর্জ্যকে শিল্পে রূপ দেওয়ার উদ্যোগ
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন এসকাপ) এক প্রতিবেদনে ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণের ব্যয় উৎপাদনকারী ও আমদানিকারকদের বহনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি ও অন্যান্য প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এর লক্ষ্য হলো ‘দূষণকারীই ব্যয় বহন করবে’ নীতি কার্যকর করা এবং পরিবেশসম্মত উপায়ে ই-বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে আর্থিকভাবে লাভজনক করে তোলা।

এদিকে, ই-বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে ১২ দফা কর্মপরিকল্পনা প্রস্তাব করেছে টিআইবি। এতে বিধিমালা সংস্কার, জাতীয় পর্যায়ে ই-বর্জ্যের তথ্যভান্ডার তৈরি, উৎপাদনকারীদের দায়বদ্ধতা নিশ্চিত, অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের মূলধারায় অন্তর্ভুক্ত করা, কাস্টমসের নজরদারি জোরদার এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দেশের ই-বর্জ্যের বড় অংশ সংগ্রহকারী অনানুষ্ঠানিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সংগ্রহব্যবস্থা ভেঙে না দিয়ে সেগুলোকে আনুষ্ঠানিক ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করেছে সংস্থাটি।

অন্যদিকে, বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. মাহবুব জামিল বলেন, পরিবেশে নিঃসৃত বিপজ্জনক কঠিন ও তরল বর্জ্য পর্যবেক্ষণের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, “যৌথ তদারকি দল ইতোমধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় পরিদর্শন শুরু করেছে। এ সময় বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিবেশগত বিধিবিধান মেনে চলছে কি না, তা যাচাই করা হচ্ছে।”

পরিদর্শন শেষ হলে প্রয়োজনীয় সুপারিশসহ একটি সমন্বিত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি।

সৌজন্যে : টিবিএস।




তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ

ডেস্ক নিউজঃ তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।

এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন আরও জানান, বৈঠকে নেদারল্যান্ডসের মন্ত্রী বলেছেন, বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের এখনই উপযুক্ত সময়। পানিসম্পদ ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র। ফলে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

নেদারল্যান্ডসের মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার পানিসম্পদ ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং অভিযোজনক্ষম নদীব্যবস্থাপনার ক্ষেত্রে দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে মুক্ত বাণিজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হয়। নেদারল্যান্ডসের মন্ত্রী মুক্ত বাণিজ্যের বিষয়ে তার আগ্রহের কথা জানান।

এ সময় ইইউর সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করে।

বৈঠকে নেদারল্যান্ডসের মন্ত্রী বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে চান। এ সময় তিনি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক পরিকল্পনার প্রশংসা করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ বলেছে, এ সংকটের মূল উৎস মিয়ানমারে এবং এর টেকসই সমাধানও সেখানেই নিহিত। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

এ সংকট সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

পাশাপাশি কৃষিখাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। নেদারল্যান্ডস বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। দেশটির অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে এ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

উপ-প্রেস সচিব জানান, বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করা এবং মানবাধিকার সুরক্ষার বিষয়েও আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি অতীতে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। এ অভিজ্ঞতার আলোকে তাঁর সরকার দেশে মানবাধিকার সুরক্ষা ও সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকের শেষ পর্যায়ে তারেক রহমানকে নেদারল্যান্ডস সফরের আমন্ত্রণ জানান স্যোয়ার্ড স্যোয়ার্ডসমা।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইওরিস ভ্যান বোমেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়া এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী সময়ে ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

একই সঙ্গে কৃষি, পাটশিল্প, জ্বালানি, বন্দর ও পানি ব্যবস্থাপনায় ডাচ প্রযুক্তি ও বিনিয়োগ কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে নেদারল্যান্ডসের পক্ষ থেকেও কৃষি ও শিল্পপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, বন্দর অবকাঠামো এবং পানি ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরা হয়।

বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। দুই দেশের সম্পর্ককে প্রচলিত বাণিজ্যের গণ্ডি ছাড়িয়ে প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ এবং টেকসই বিনিয়োগের মাধ্যমে আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও সম্ভাবনাময় বাজারের সঙ্গে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত উৎকর্ষ ও অভিজ্ঞতার সমন্বয় ঘটানো গেলে উভয় দেশই উপকৃত হবে।

এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার। এ বাজারে দীর্ঘমেয়াদি প্রবেশাধিকার নিশ্চিত করা এবং বাণিজ্য সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক ও নীতিগত সহযোগিতা জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে ইইউর সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে কারিগরি আলোচনা এগিয়ে নেওয়া এবং শুল্কবহির্ভূত বাধা দূর করার ওপর গুরুত্ব দেন তিনি।

নেদারল্যান্ডসের মন্ত্রীর সঙ্গে আলোচনায় কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

বাণিজ্যমন্ত্রী বলেন, নেদারল্যান্ডসের উন্নত বীজপ্রযুক্তি, গবেষণা ও আধুনিক কৃষি ব্যবস্থাপনার অভিজ্ঞতা বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে আলু ও অন্যান্য সবজির গুণগত মান ও উৎপাদনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন এবং নতুন বাজার সৃষ্টিতে যৌথ উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।

তিনি সিলেটসহ দেশের সম্ভাবনাময় অঞ্চলগুলোতে বিশেষায়িত সবজি চাষ সম্প্রসারণ, কৃষকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণে আধুনিক সরবরাহব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পাটশিল্পে সহযোগিতার প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির ফলে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের সামনে নতুন বাজার সৃষ্টি হচ্ছে। উন্নত পাটবীজ উদ্ভাবন, উৎপাদনশীলতা বৃদ্ধি, যৌথ গবেষণাগার স্থাপন এবং বহুমুখী পাটপণ্য উৎপাদনে ডাচ প্রযুক্তিগত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পরিবেশবান্ধব প্যাকেজিং ও মিশ্র তন্তুর কাপড় উৎপাদনের মাধ্যমে পাটশিল্পে উচ্চমূল্য সংযোজনের সম্ভাবনা রয়েছে।

বৈঠকে নেদারল্যান্ডসের মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমা বাংলাদেশের সঙ্গে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক এবং সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। কৃষিপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্পের আধুনিকায়ন, সামুদ্রিক পরিবহন ও পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশের বিদ্যমান সার কারখানাগুলোর আধুনিকায়ন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে ডাচ প্রযুক্তিপ্রতিষ্ঠান স্ট্যামিকার্বনের সহযোগিতার সম্ভাবনা নিয়েও দুই মন্ত্রী আলোচনা করেন। একই সঙ্গে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং জ্বালানি সক্ষমতা বৃদ্ধির বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

বন্দর ব্যবস্থাপনা ও সামুদ্রিক পরিবহন খাতে লালদিয়া টার্মিনালসহ বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়ন, আধুনিক লজিস্টিকস ব্যবস্থা গড়ে তোলা এবং ডাচ প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বিনিয়োগ ও প্রযুক্তিগত অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নদী ও খাল খনন, বন্যা নিয়ন্ত্রণ এবং সমন্বিত পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের গবেষণা সংস্থা ডেল্টারেসের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টিও উঠে আসে।

ডাচ বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রে মেধাস্বত্ব ও পেটেন্ট সুরক্ষা, কাস্টমস প্রক্রিয়ার আধুনিকায়ন এবং ব্যবসা পরিচালনার প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে। এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় দক্ষতা বৃদ্ধি, তরুণ ও নারী কর্মীদের প্রশিক্ষণ এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এবং বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলসহ উভয় দেশের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।




ফেব্রুয়ারিতে রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ডেস্ক নিউজঃ হিজরি বছরের হিসাব অনুযায়ী প্রতি বছরই রমজান মাস এবং ঈদুল ফিতরের সময় পরিবর্তিত হয়। খ্রিষ্টীয় ক্যালেন্ডারের চেয়ে ইসলামী ক্যালেন্ডার প্রায় ১১ দিন ছোট এবং এটি সাধারণত ৩৫৪ দিনের হয়ে থাকে। ফলে প্রতি বছরই রমজান মাস গ্রেগরিয়ান বছরের চেয়ে প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। 
এই হিসেব অনুসারে ২০২৭ সালে কবে নাগাদ পবিত্র রমজান শুরু হতে পারে এবং ঈদুল ফিতরের চাঁদ দেখা যেতে পারে, সে বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ২০২৭ সালের রমজান মাসের চাঁদ দেখার জন্য ওই বছরের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় আকাশে নজর রাখা হবে। ওই দিন সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তবে সেদিন রাতেই মধ্যপ্রাচ্যের মুসলমানরা বছরের প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন এবং পরদিন ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে প্রথম রোজা পালন শুরু হবে।
তবে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশে সাধারণত এর একদিন পর রোজা শুরু হয়ে থাকে। সেই হিসেবে, বাংলাদেশে রমজানের চাঁদ দেখার জন্য ৮ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় আকাশে নজর রাখা হতে পারে। ওই দিন সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তবে সেদিন রাতেই এ দেশের মুসলমানরা বছরের প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন এবং পরদিন ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে প্রথম রোজা পালন শুরু হবে।



ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ঢাকা ও শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত প্রস্তাবিত ৮১ কিলোমিটার রেলপথের পুরোটাই এলিভেটেড (উড়াল) হবে। এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, নতুন এ কর্ডলাইন (সোজা ও সংক্ষিপ্ত রেললাইন) নির্মিত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে। একইসঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতের সময় দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত কমে আসবে বলে আশা করা হচ্ছে।

উপদেষ্টা জানান, পুরো রেলপথ এলিভেটেড হওয়ায় প্রায় ৩২২ একর জমি সাশ্রয় হবে। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা।

জমি অধিগ্রহণের পর প্রকল্পটি বাস্তবায়নে চার বছর লাগবে বলে প্রাথমিক পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।




অবরোধ ও নিরাপত্তা পরিস্থিতিতে বন্ধ সাজেক ভ্যালি, ভোগান্তিতে পর্যটকেরা

নিজস্ব প্রতিবেদকঃ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। স্থানীয় দুটি সংগঠনের অবরোধ কর্মসূচি ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশ্রাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এর আগে ১১ অক্টোবর সকাল ৬টা থেকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন, সশস্ত্র তৎপরতা বন্ধ এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংগঠন দুটি এ কর্মসূচি পালন করে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে সংগঠনগুলোর অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অবরোধের কারণে সাজেক সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে পর্যটকবাহী যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন পর্যটকেরা। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার পর অবরোধ কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়। তবে অবরোধ স্থগিত হলেও পর্যটনকেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে।

পাহাড়, মেঘ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত সাজেক ভ্যালি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক সেখানে ভ্রমণ করেন। পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকায় ভ্রমণপ্রত্যাশীদের পাশাপাশি স্থানীয় পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরাও ক্ষতির মুখে পড়তে পারেন।

এদিকে, ১৩ অক্টোবর বিকেল ৫টার পর সাজেক ভ্যালি পুনরায় চালুর বিষয়ে জেলা প্রশাসনের নতুন কোনো নির্দেশনা প্রকাশিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে পর্যটনকেন্দ্রটি এখনো বন্ধ রয়েছে বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সাজেক ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের যাত্রার আগে জেলা প্রশাসনের সর্বশেষ নির্দেশনা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।




সরকারি উদ্যোগে বাড়বে ইলিশের উৎপাদন

ডেস্ক নিউজঃ জাতীয় মাছ ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সরকার জোরালো উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আইনের যথাযথ বাস্তবায়ন, জাটকা নিধন বন্ধে কার্যকর পদক্ষেপ, মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান জোরদার, নদীর নাব্যতা ফিরিয়ে আনা, গবেষণা বৃদ্ধি, সরকারিভাবে জেলেদের জন্য বিশেষ বরাদ্দ ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ)-এর পরিমাণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

পাশাপাশি ইলিশ মাছের উৎপাদন বাড়াতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত ও নাব্যতা বজায় রাখা, ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ, মোহনা ও উপকূলীয় পরিবেশের সুরক্ষা, বৈজ্ঞানিকভাবে মৎস্য আহরণ ব্যবস্থাপনা এবং আধুনিক তথ্য ও প্রযুক্তির ব্যবহারকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন,  এসবের পাশাপাশি জেলেদের অংশগ্রহণ নিশ্চিত করে তাদের জীবিকা ও সংরক্ষণ কার্যক্রমের মধ্যে সমন্বয় ঘটাতে পারলেই বাড়বে ইলিশের উৎপাদন।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তন, ইকোসিস্টেম এবং ন্যাচারাল সাকসেশনের কারণে ইলিশের মতো বিভিন্ন প্রাণিজ ও উদ্ভিদ উৎপাদনে উত্থান-পতন হতে পারে। এতে বিচলিত হওয়ার কিছু নেই। সরকার ইলিশের উৎপাদন বাড়াতে নতুন করে প্রকল্প চালু করতে যাচ্ছে। এতে আইনের প্রয়োগ এবং কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। খুব শিগ্গিরই প্রকল্পটি চালু হবে। একই সাথে সরকার এবার ভিজিএফ কার্ড বা জেলেদের জন্য বরাদ্দের সংখ্যা বৃদ্ধি করেছে।

ইলিশ গবেষকরা বলছেন, ভারতের গুজরাটের উৎপাদন বৃদ্ধির কারণ নির্ধারণে আরও গবেষণা এবং বাংলাদেশ-গুজরাটের নদী ও মোহনা পরিবেশের তুলনামূলক বিশ্লেষণও প্রয়োজন। এসব পদক্ষেপ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক প্রজনন ও চলাচলের পরিবেশ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের ইলিশ সম্পদের স্থায়িত্ব নিশ্চিত করার একটি শক্তিশালী ভিত্তি তৈরি হতে পারে।

মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ ব্যবস্থাপনা শাখার উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, সরকার ইলিশ উৎপাদন বাড়াতে নতুন করে নানান উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে’র মেয়াদ শেষ হলেও নতুন করে প্রকল্প প্রণয়ন করা হয়েছে, খুব শিগগিরই নতুন প্রকল্প অনুমোদিত হলে এর কাজ শুরু হবে। ‘মা ইলিশ ও জাটকা সংরক্ষণের মাধ্যমে ইলিশের টেকসই উন্নয়ন প্রকল্প’ নামে এই প্রকল্পের মাধ্যমে ইলিশ উৎপাদন ও সংরক্ষণে এবার আইনের যথাযথ বাস্তবায়ন, মোবাইল কোর্ট পরিচালনা, কর্মসংস্থানে গুরুত্ব দেওয়া এবং ভিজিএফ এর সংখ্যা বাড়ানো হয়েছে। ভিজিএফ সুবিধা প্রস্তাবিত প্রকল্পে ৬ লাখ ২০ হাজার থেকে বাড়িয়ে ৬ লাখ ৪৬ হাজার করা হয়েছে।

চলতি বছরও ইলিশ আহরণ কমের দিকে উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, ইকোসিস্টেম এবং ন্যাচারাল সাকসেশনের কারণে ইলিশের উৎপাদন এবারও নিচের দিকে। তবে সরকারি নানা উদ্যোগের কারণে আগামী বছরগুলোতে ইলিশের উৎপাদন বাড়তে পারে বলে তিনি আশাবাদী।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইলিশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি আমাদের সবার দায়িত্ব। সম্মিলিতভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে পারলে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং জেলেরা দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবে।

তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ ও জিআই পণ্য। ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। যেকোনো মূল্যেই হোক নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরা বন্ধ করতে হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ রানা ইলিশের উৎপাদন কমে যাওয়ার পেছনে একক কোনো কারণ দায়ী নয় বলে উল্লেখ করেন।

তিনি বলেন, জাটকা আহরণ, প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা, ছোট ফাঁসের জাল ব্যবহার, নদীর নাব্য হ্রাস, পানি দূষণ, পানি প্রবাহের পরিবর্তন, অপরিকল্পিত অবকাঠামো এবং সমুদ্রে অতিরিক্ত মাছ ধরার চাপ সব মিলিয়েই ইলিশসম্পদের ওপর চাপ তৈরি করছে।

মৎস্য অধিদপ্তরের বরাতে তিনি বলেন, দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১২ শতাংশ আসে ইলিশ থেকে। ২০২৩-২৪ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫.২৯ লাখ টন, যার আনুমানিক মূল্য ২০ হাজার ৬৮০ কোটি টাকা। ২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশে ইলিশের উৎপাদন কমে প্রায় ৫ লাখ টন হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৫ দশমিক ৫ শতাংশ কম, কয়েক বছর ধারাবাহিকভাবে উৎপাদন বাড়ার পর সর্বশেষ হিসাবে তা কমে যাওয়ায় ইলিশসম্পদ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন দেখা দিয়েছে।

সরকারি নথিতে শিল্প ট্রলারের জন্য ৪০ মিটার গভীরতার বাইরে মাছ ধরার বিধান রয়েছে উল্লখ করে তিনি বলেন, বিভিন্ন সময় নির্ধারিত গভীরতা অঞ্চলের ভেতরে ট্রলিংয়ের অভিযোগ রয়েছে। সূক্ষ্ম ফাঁসের জাল বা অনুপযুক্ত জাল ব্যবহারের ক্ষেত্রে একসঙ্গে ছোট-বড় বিভিন্ন আকারের মাছ ধরা পড়তে পারে। এতে ইলিশের ছোট বয়সের মাছসহ অন্যান্য মাছও প্রজননক্ষম হওয়ার আগেই আহরিত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মা ইলিশ রক্ষায় কার্যকর বাস্তবায়ন জরুরি বলে মনে করেন ড. মাসুদ রানা। তিনি বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা উৎপাদন বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। একটি প্রজননক্ষম মা ইলিশ নদীতে ডিম ছাড়ার সুযোগ পেলে তার মাধ্যমে পরবর্তী প্রজন্মের বিপুলসংখ্যক ইলিশ জন্ম নেওয়ার সুযোগ তৈরি হয়। শুধু নিষেধাজ্ঞা নয়, নদীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় টহল, নৌযান পর্যবেক্ষণ এবং নিয়মিত অভিযান চালাতে হবে। নদীতে পানি দূষণ, বর্জ্য ফেলা, নাব্য হ্রাস এবং অন্যান্য মানবসৃষ্ট কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা জরুরি।

তার মতে, কোথায় ইলিশ বেশি ডিম ছাড়ছে, কোন সময় বেশি আসে এবং কোন পরিবেশগত পরিবর্তন তার প্রজননে প্রভাব ফেলছে এসব তথ্যের ভিত্তিতে ব্যবস্থাপনা পরিকল্পনা করা উচিত।

স্যাটেলাইট ও জিআইএস প্রযুক্তির মাধ্যমে ইলিশের বিচরণ, প্রজনন ও নার্সারি ক্ষেত্র চিহ্নিত করা, এআই ও মেশিন লার্নিং ব্যবহার করে পানির তাপমাত্রা, লবণাক্ততা, নদীর প্রবাহ, ক্লোরোফিল ও অন্যান্য পরিবেশগত তথ্য বিশ্লেষণ করে ইলিশের গতিবিধি ও সম্ভাব্য সমাগমের পূর্বাভাস দেয়া, নদী ও মোহনায় ইন্টারনেট অব থিংকস (আইওটি) সেন্সরের মাধ্যমে পানির গুণাগুণ রিয়েল-টাইমে পর্যবেক্ষণ, ডিএনএ ও হাইড্রোএকাউট্রিক প্রযুক্তির মাধ্যমে ইলিশের উপস্থিতি ও মজুত নির্ণয় এবং ড্রোন ও এআই-ভিত্তিক নজরদারির মাধ্যমে অবৈধ আহরণ নিয়ন্ত্রণ করা যেতে পারে।

পাশাপাশি জিপিএস-ভিত্তিক নৌযান পর্যবেক্ষণ, জাটকা ও মা ইলিশ রক্ষায় স্মার্ট ফিশিং গিয়ার, ডিজিটাল ক্যাচ ডেটাবেজ এবং জলবায়ু পরিবর্তনভিত্তিক পূর্বাভাস ব্যবস্থা চালু করা হলে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র কার্যকরভাবে সুরক্ষিত রাখা সম্ভব হবে। এসব প্রযুক্তিকে সমন্বিত করে একটি ‘স্মার্ট হিলসা ম্যানেজমেন্ট’ গড়ে তুলতে পারলে ইলিশের প্রাকৃতিক মজুত সংরক্ষণ, অবৈধ আহরণ নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদে টেকসই উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

ভারতের গুজরাট রাজ্যের নর্মদা নদীর মোহনা ও ভরুচ অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে ইলিশ উৎপাদনে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ করা গেছে, যা বাংলাদেশের ইলিশ সম্পদ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। গুজরাটে উৎপাদন বৃদ্ধির সম্ভাব্য কারণগুলোর মধ্যে অতিবৃষ্টির ফলে নর্মদা নদীতে মিঠাপানির প্রবাহ বৃদ্ধি, মোহনা অঞ্চলে লবণাক্ততার পরিবর্তন, ইলিশের চলাচল অনুকূল পরিবেশ সৃষ্টি এবং মৌসুমি মাছের প্রাপ্যতা বিশেষভাবে উল্লেখযোগ্য। গুজরাটের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ নদী অববাহিকার স্বাভাবিক পানিপ্রবাহ এবং মোহনার পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে উল্লেখ করেন ড. মাসুদ রানা।

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক মৎস্য ও অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক মো. আব্দুল ওহাব বলেন, দেশে ইলিশের উৎপাদন দুই বছর ধরে কমছে। ২০১৬ সালে ৩ লাখ ৯৬ হাজার টন ইলিশ উৎপাদনের মধ্য দিয়ে উত্থান শুরু হয়। এরপর প্রতি অর্থবছরে উৎপাদন ১০ থেকে ২০ হাজার টন করে বাড়ে। গত দু’বছর ধরে উৎপাদন কমের দিকে। দেশে টেকসই উৎপাদন প্রতিবছর সাড়ে ৫ থেকে ৬ লাখ টন ইলিশ আহরণ করলে সেটি টেকসই উৎপাদনের সীমার মধ্যে থাকবে।

তার বিবেচনায় ইলিশের উৎপাদন কমার পেছনে সবচেয়ে বড় দুটি কারণ হলো প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা এবং নির্বিচার জাটকা নিধন। মা ইলিশ রক্ষার জন্য অক্টোবরে যে ২২ দিনের নিষেধাজ্ঞা আছে, সেটি এখনো ঠিক আছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে সময়টা কিছুটা পিছিয়ে নেওয়া প্রয়োজন কি না, তা গবেষণা করে দেখা উচিত।

তিনি বলেন, অতীতে ইলিশের উৎপাদন বেড়েছিল কয়েকটি উদ্যোগের সম্মিলিত প্রভাবে। এর মধ্যে ছিল ২২ দিন মা ইলিশ রক্ষা, ৮ মাস জাটকা ধরা নিষিদ্ধ রাখা, মার্চ ও এপ্রিলে অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ রাখা, সাড়ে ৬ সেন্টিমিটারের কম ফাঁসের জাল নিষিদ্ধ করা এবং বন্ধের সময়ে জেলেদের চালসহ বিভিন্ন সহায়তা দেওয়া। এছাড়া পাঁচটি অভয়াশ্রম নির্ধারণ করা হয়েছিল ২০০৫ সালে। অভয়াশ্রমগুলোর পুনর্মূল্যায়ন ও সীমানা পুনর্নির্ধারণ এখন জরুরি।

অধ্যাপক মো. আব্দুল ওহাব বলেন, পদ্মা-মেঘনা অববাহিকায় ইলিশ ডিম ছাড়ার পর মার্চ-এপ্রিলে জাটকা ঝাঁকে ঝাঁকে সাগরের দিকে যেতে থাকে। এ সময় নদ-নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার করে এবং উপকূলীয় সাগরে আর্টিসানাল ট্রলারের (যেগুলো ৪০ মিটারের কম গভীরতায় মাছ ধরে) মাধ্যমে ব্যাপক হারে জাটকা নিধন করা হয়। এতে ইলিশ পূর্ণ আকারে বেড়ে ওঠার সুযোগ পায় না। জাটকা নিধনে ‘জিরো টলারেন্স’ এর পরামর্শ দেন সরকারকে। পাশাপাশি দখলদূষণের ফলে নদীর বাস্তুতন্ত্র নষ্ট এবং নাব্যতা সংকটের কারণেও ইলিশ ঠিকমতো বড় হচ্ছে না।

মৎস্যবিজ্ঞানীদের বক্তব্যের প্রতিফলন পাওয়া যায় উপকূলের জেলেদের মুখ থেকেও। বিষখালী নদীতে ইলিশ মাছ ধরা কয়েকজন জেলের নাম হলো মো. লিটন হোসেন, মো. কাইয়ুম এবং নিরু খান।

তাদের বক্তব্য, ইলিশের ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরই ছাঁকনির মতো সূক্ষ্ম জাল দিয়ে সেগুলো ধরে ফেলা হয়। জাটকানিধনের প্রথম ধাপে একেবারে ছোট বাচ্চা, যা স্থানীয়ভাবে ‘চাপিলা মাছ’ নামে বাজারে বিক্রি হয়, পরে ধাপে তুলনামূলক বড় ফাঁসের কারেন্ট জালে নির্বিচারে ধরা হয়। শেষের ধাপে বড় ট্রলিং ট্রলার এবং কাঠের রূপান্তরিত ট্রলিং ট্রলারে ব্যবহৃত নিষিদ্ধ বেহুন্দি জালে ঝাঁকে ঝাঁকে ধরা হয়। এতে ইলিশ পূর্ণ আকারে বেড়ে ওঠার সুযোগই পাচ্ছে না। চাঁদপুরের পদ্মা-মেঘনা ছাড়াও নোয়াখালীর হাতিয়া, ভোলাসহ দক্ষিণাঞ্চল থেকে জেলেরা ছোট ইলিশ ধরে আনছেন।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের করা এক গবেষণায় উঠে এসেছে, ইলিশের খাদ্যতালিকায় ২৭ প্রজাতির উদ্ভিদকণা (জুপ্ল্যাংকটন) ও ১২ প্রজাতির প্রাণিকণা (ফাইটোপ্ল্যাংটন) রয়েছে। এসব প্ল্যাংকটনের পরিমাণ মেঘনা নদীতে ৬৮ শতাংশ কমেছে। এর বড় কারণ নদীদূষণ। ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম এক গবেষণা করে দেখিয়েছেন, পদ্মা ও মেঘনার মোহনায় ইলিশের জন্য প্রয়োজনীয় খাদ্য প্ল্যাংকটন আশঙ্কাজনকভাবে কমে আসছে, যার প্রভাব পড়ছে ইলিশের আকৃতিতেও।

উল্লেখ্য, ইলিশ শুধু জাতীয় অর্থনীতির জন্য নয়, উপকূলীয় জেলে, মৎস্যনির্ভর জনগোষ্ঠী এবং উপকূলের সাধারণ মানুষের জীবিকার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রায় ছয় লাখ মানুষ সরাসরি ইলিশ আহরণে নিয়োজিত, আর পরিবহন, বাজারজাতকরণ, জাল ও নৌকা তৈরি, বরফ উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণসহ নানা কার্যক্রমে আরও প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছে।

ইলিশে উচ্চমাত্রায় ওমেগা-৩ ফ্যাটি এসিড, প্রোটিন, ভিটামিন ও খনিজ রয়েছে, যা মানবদেহের জন্য অপরিহার্য। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রকাশিত ওয়ার্ল্ড স্টেট অব ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ২০২৪ প্রতিবেদন অনুযায়ী, মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। একইসঙ্গে চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশ পঞ্চম স্থানে এবং  ইলিশ আহরণে প্রথম স্থান দখল করে আছে। এছাড়া ২০১৭ সালের ১৭ আগস্ট ইলিশ মাছকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।