জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
ডেস্ক নিউজঃ আগামী ২১ সেপ্টেম্বর সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সংক্ষিপ্ত সফর শেষে তিনি দেশে ফিরবেন।
নিউইয়র্কে তার সম্মানে যে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেটিও আর হচ্ছে না বলে একাধিক সূত্র জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর বক্তৃতা দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে তিনি নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। নিউইয়র্কে অবস্থানের সময় প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠক, বাংলাদেশ আয়োজিত আলোচনা এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে পৃথকভাবে আলোচনা করবেন। জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকের মধ্যে রয়েছে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণ। পাশাপাশি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সমস্যাসহ একাধিক বিষয়ে আলোচনার আয়োজন করেছে বাংলাদেশ।
কূটনৈতিক একটি সূত্রে জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য যেসব দেশের নেতাদের বৈঠক হতে পারে, সে তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ পে্লনকোভিচ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান আল সৌদ।
এছাড়াও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গে্লাবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে।
জানা গেছে, প্রধানমন্ত্রী এ সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও যোগ দেবেন।
এর আগে প্রধানমন্ত্রীর সফর দীর্ঘ করার পরিকল্পনা ছিল। কয়েকটি প্রতিবেদনে ২১ থেকে ২৯ বা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান এবং সানফ্রান্সিসকো সফরের কথা বলা হয়েছিল। পরবর্তী সিদ্ধান্তে সানফ্রান্সিসকো সফরও বাদ দেওয়া হয়েছে। সফর সংক্ষিপ্ত করার ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যয় কমানো ও সময় ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে সংশি্লষ্ট সূত্রে জানা গেছে।
সংবর্ধনা বাতিলের কারণ নিয়ে একাধিক তথ্য এসেছে। এর মধ্যে অন্যতম হলো—সরকারি অর্থ ব্যয় করে বড় ধরনের নাগরিক সংবর্ধনা নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী আগ্রহী নন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ জানিয়েছেন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে সংবর্ধনার বিষয়ে আলোচনা হয়েছিল। তবে তারেক রহমান সরকারি অর্থ ব্যয় করে এমন সংবর্ধনা নিতে চাননি। পরে দলীয় নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।
এদিকে ভিন্ন একটি সূত্র জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর ম্যানহাটনের ম্যারিয়ট মারকুইস হোটেলে দলীয় উদ্যোগে একটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল। কিন্তু প্রধানমন্ত্রী ওই দিনই দেশে ফিরে গেলে তার উপস্থিতিতে নির্ধারিত সংবর্ধনা আয়োজন করা সম্ভব হচ্ছে না।
মধ্যপ্রাচ্যেই আটকা শ্রমবাজার
ডেস্ক নিউজ : বিদেশে বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান বাড়লেও শ্রমবাজারে কোনো বৈচিত্র্য আসেনি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেই আটকে আছে বাংলাদেশের শ্রমবাজার। গত বছর মোট কর্মী রপ্তানির দুই-তৃতীয়াংশই গেছে সৌদি আরবে। আর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের উপসাগরীয় সহযোগিতা পরিষদ-জিসিসিভুক্ত ছয় দেশে গেছে ৮১ শতাংশ কর্মী। যা বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের একক দেশ ও অঞ্চল নির্ভরতার চিত্রকেই ফুটিয়ে তুলছে।
এই নির্ভরতা দেশের শ্রমবাজারে চরম ঝুঁকি তৈরি করছে। আঞ্চলিক সংঘাত, নীতি পরিবর্তন, ভিসা সীমিতকরণ কিংবা শ্রমবাজারে নতুন শর্ত আরোপ কর্মী রপ্তানির পুরো ব্যবস্থাকেই চাপে ফেলে। এজন্য বিকল্প শ্রমবাজার খোঁজার তাগিদ দিচ্ছেন খাতসংশ্লিষ্টরা। তবে কর্মীদের কারিগরি ও ভাষাগত দক্ষতার অভাব বিকল্প শ্রমবাজারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে ১১ লাখ ৩২ হাজার ৩৬৮ জনশক্তি বিদেশে গেছে। এর মধ্যে সৌদি আরবেই যায় ৭ লাখ ৫৫ হাজার ১৯৪ জন। যা বিদেশগামী মোট কর্মীর ৬৭ শতাংশ। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার দ্বিতীয় অবস্থানে থাকলেও সেখানে গেছে মাত্র ১ লাখ ৭ হাজার ৬০২ জন। এরপর সিঙ্গাপুরে ৭০ হাজার ৮৩২, কুয়েতে ৪২ হাজার ৭৪৮ এবং মালদ্বীপে ৪০ হাজার ১৫৯ জন কর্মী গেছে। শীর্ষ পাঁচ গন্তব্যের মধ্যেও মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার ও কুয়েতের অবস্থান শক্তিশালী।
চলতি বছরেও বাংলাদেশের শ্রমবাজারের চিত্র প্রায় একই। ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৫ লাখ ৪০ হাজার ৩৭০ জন কর্মী বিদেশে গেছে। এর মধ্যে শুধু সৌদি আরবেই গেছে ২ লাখ ৯৭ হাজার ২৬৯ জন। এরপর সিঙ্গাপুরে ৫৫ হাজার ৯৫৯ জন, কাতারে ৪৭ হাজার ৯৮১ জন, মালদ্বীপে ২৪ হাজার ২৬০ জন এবং কুয়েতে গেছে ২০ হাজার ৪৩২ জন।
গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১৪১টি দেশে বাংলাদেশি কর্মী গেলেও প্রায় ৯০ শতাংশ কর্মীই গেছে সৌদি আরব, কাতার, সিঙ্গাপুর, কুয়েত ও মালদ্বীপে। বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের বড় অংশ উপসাগরীয় অঞ্চলনির্ভর। ২০২৫ সালে বাংলাদেশের প্রায় ৮১ শতাংশ কর্মী জিসিসিভুক্ত ছয় দেশ- সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন গেছে। সে বছর মোট রেমিট্যান্সের প্রায় ৪৬ শতাংশ এসেছে এসব দেশ থেকে। ফলে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে কোনো বড় পরিবর্তন হলে তার প্রভাব শুধু কর্মসংস্থানে নয়, রেমিট্যান্স প্রবাহেও পড়ার শঙ্কা রয়েছে।
একক বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা শ্রমবাজারে চরম ঝুঁকি তৈরি করছে। সংশ্লিষ্ট দেশের নীতি পরিবর্তন, ভিসা সীমিত করলে কিংবা শ্রমবাজারে নতুন শর্ত আরোপ করলে কর্মী পাঠানোর পুরো ব্যবস্থাই চাপে পড়ে। চলতি বছরের শুরুতে সৌদি আরব কর্মী ভিসার যাচাইবাছাই কঠোর করে ফেলে। সে সময় ভুয়া বা প্রকৃত চাহিদাবিহীন চাকরির আবেদনের অভিযোগে কয়েক হাজার বাংলাদেশি কর্মীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সৌদিমুখী কর্মী পাঠানোর গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। ওই মাসে বাংলাদেশ থেকে মোট ৬২ হাজার ৪৩৬ জন কর্মী বিদেশে যায়, যা জানুয়ারির তুলনায় ৩৬ শতাংশ কম।
আবার মার্চে আটকে থাকা ভিসা ছাড়পত্রের কারণে কর্মী পাঠানো বেড়ে যায়। ওই মাসে সৌদি আরব একাই বাংলাদেশের মোট বিদেশগামী কর্মীর প্রায় ৭৭ শতাংশ গ্রহণ করে। একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরতার চিত্রই বাংলাদেশের শ্রমবাজার সংবেদনশীলতা ফুটিয়ে তুলছে। এজন্য বিকল্প বাজার খোঁজার তাগিদ দিচ্ছেন খাতসংশ্লিষ্টরা। সরকারও নতুন বাজারে প্রবেশের কথা বলছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউরোপের বিভিন্ন দেশসহ এশিয়া, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের দেশগুলোর সঙ্গে কর্মী নিয়োগসংক্রান্ত চুক্তি বা সমঝোতা নিয়ে কাজ চলছে। তবে এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ কর্মীদের ভাষাগত ও কারিগরি দক্ষতা।
২০২৫ সালে বিদেশে যাওয়া কর্মীদের ৪৩ দশমিক ৪৭ শতাংশ ছিল কম দক্ষ, ৩৪ দশমিক ৪৬ শতাংশ আধা-দক্ষ, ১৯ দশমিক ১৩ শতাংশ দক্ষ এবং মাত্র ২ দশমিক ৯৪ শতাংশ পেশাজীবী। অর্থাৎ মোট কর্মীর ৭৭ শতাংশ কম দক্ষ বা আধা-দক্ষ। এসব কর্মীর বড় অংশ এখনো নির্মাণ, পরিচ্ছন্নতা, গৃহস্থালি, ডেলিভারি, সাধারণ শ্রমিকসহ তুলনামূলক কম মজুরির কাজে বেশি নিয়োজিত। বিপরীতে ইউরোপ ও অন্যান্য উন্নত অর্থনীতির দেশে স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, কারিগরি পেশা, নির্মাণের বিশেষায়িত কাজসহ দক্ষ কর্মীর চাহিদা বেশি। ফলে বাংলাদেশ সেসব বাজারে প্রয়োজনীয় মাত্রায় প্রবেশ করতে পারছে না।
বৈদেশিক কর্মসংস্থানের এই চিত্রকে বাংলাদেশের শ্রমবাজারের বড় দুর্বলতা হিসেবে দেখছেন অভিবাসনসংশ্লিষ্টরা। তাদের মতে, একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা কর্মী রপ্তানির পুরো কাঠামোকেই হুমকির মুখে ফেলছে। এজন্য নতুন শ্রমবাজার অনুসন্ধান, দ্বিপক্ষীয় শ্রমচুক্তি, দক্ষতা উন্নয়ন, ভাষা প্রশিক্ষণ, অভিবাসন ব্যয় কমানো এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, শ্রমবাজারে একক দেশের ওপর নির্ভরতা অত্যন্ত ক্ষতিকর। বিশ্বের অনেক দেশেই বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। জাপান, মালয়েশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মীর চাহিদা বাড়ছে। আমাদের এখন বাজার অনুসন্ধান করতে হবে। পাশাপাশি যেসব দেশে কর্মী চাহিদা রয়েছে সেসব দেশের সার্ভিস সেন্টার কিংবা কনস্যুলেট অফিস ঢাকায় স্থাপনের উদ্যোগ নিতে হবে।
রূপপুরের হাত ধরে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ প্রতীক্ষার পর পারমাণবিক শক্তির ব্যবহারকারী দেশগুলোর কাতারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং ও স্টার্টআপ কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে দেশের পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ২০২৬ সালের ২৮ এপ্রিল পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং শুরু হয়। এর আগে প্রথম ইউনিটের জ্বালানি লোডিংয়ের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) কমিশনিং লাইসেন্স দেয়। জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনা ও কারিগরি যাচাইয়ের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি লোডিং শুরু হওয়ার পর ১২ মে প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপনের কাজ সম্পন্ন হয়। এরপর রিঅ্যাক্টরকে ধাপে ধাপে স্টার্টআপ ও পরীক্ষামূলক কার্যক্রমের দিকে নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে কমিশনিং পর্যায়ে প্রবেশ করে।
দুই ইউনিটে উৎপাদন হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটি মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। প্রকল্পে রাশিয়ার ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে।
প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার পর বিভিন্ন ধরনের পরীক্ষা, নিরাপত্তা যাচাই এবং কমিশনিং কার্যক্রমের মধ্য দিয়ে ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদনের দিকে এগোচ্ছে প্রকল্পটি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী, উৎপাদন শুরু হওয়ার পর ধাপে ধাপে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ বাড়ানো হবে।
বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা দীর্ঘদিন ধরে গ্যাস, তেল ও কয়লাভিত্তিক কেন্দ্রের ওপর নির্ভরশীল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে জাতীয় বিদ্যুৎ উৎপাদনে একটি নতুন উৎস যুক্ত হবে। একই সঙ্গে বিপুল পরিমাণ বিদ্যুৎ তুলনামূলক কম কার্বন নিঃসরণকারী পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনের সুযোগ তৈরি হবে।
বিশ্ব পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশকে যুক্ত করার ক্ষেত্রে রূপপুর প্রকল্পই মূল ভূমিকা রাখছে। ২০২৬ সালের এপ্রিল মাসে প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরুর ঘটনাকে দেশের জ্বালানি খাতে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
নির্মাণ থেকে উৎপাদনের পথে
রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে। দ্বিতীয় ইউনিটের নির্মাণ শুরু হয় ২০১৮ সালে। দীর্ঘ নির্মাণ, যন্ত্রপাতি স্থাপন, পরীক্ষা ও নিয়ন্ত্রক যাচাই শেষে প্রথম ইউনিট এখন কমিশনিং ও স্টার্টআপ পর্যায়ে রয়েছে।
প্রকল্পটির বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতা রয়েছে। রোসাটম প্রকল্পটির সাধারণ নকশাকার ও প্রধান ঠিকাদার হিসেবে কাজ করছে। রূপপুরের দুটি ইউনিটে ব্যবহৃত ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর প্রযুক্তিকে তৃতীয় প্রজন্মের উন্নত পারমাণবিক প্রযুক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।
এদিকে প্রথম ইউনিটে জ্বালানি লোডিং ও পরবর্তী কমিশনিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, ২০২৬ সালের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে।
সব মিলিয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। পারমাণবিক জ্বালানি লোডিং, রিঅ্যাক্টর স্টার্টআপ এবং কমিশনিংয়ের ধারাবাহিক ধাপ পেরিয়ে এখন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার অপেক্ষা। সফলভাবে এই ধাপগুলো সম্পন্ন হলে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় যুক্ত হবে নতুন ও বড় একটি পারমাণবিক শক্তির উৎস।
তিতাসের ৫ কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট গ্যাস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাস-২৯, ৩০ ও ৩১ এবং বাখরাবাদ-১১ নম্বর কূপ থেকে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সব মিলিয়ে পাঁচটি কূপ থেকে দৈনিক সর্বোচ্চ প্রায় সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহের সম্ভাবনা রয়েছে।
বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাসক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়ানো গেলে আমদানি করা গ্যাসের ওপর নির্ভরতার চাপ কমানো সম্ভব হবে।
আগামীকাল উৎপাদনে যাচ্ছে তিতাস-২৮
বিজিএফসিএলের কর্মকর্তারা জানান, তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামীকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী কূপটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই এটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে।
বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, তিতাস-২৮ নম্বর কূপ থেকে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এর মাধ্যমে দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর পাশাপাশি আমদানি-নির্ভরতার চাপ কমানো সম্ভব হবে।
‘তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন’ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন বলেন, তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ প্রায় এক মাস আগে শেষ হয়েছে। কূপটির গভীরতা প্রায় ১৩ হাজার ফুট। উদ্বোধনের পরপরই এটি জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।
তিনি জানান, প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে তিতাসসহ বেশ কয়েকটি কূপ খননের কাজ শুরু হয়েছে। এর মধ্যে তিতাস-২৮ নম্বর কূপ আগামীকাল উৎপাদনে যাবে। অন্য কূপগুলোর কাজও দ্রুত শেষ করে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে।
তিতাস-২৯ ও ৩০ থেকে মিলতে পারে ৩০ মিলিয়ন ঘনফুট
বিজিএফসিএলের গভীর অনুসন্ধান গ্যাস কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মাহমুদুল নবাব জানান, তিতাস-২৯ নম্বর কূপের মূল খননকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে কূপটির লগিংসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম চলছে। এসব কাজ শেষ করে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কূপটি উৎপাদনের জন্য প্রস্তুত করা সম্ভব হবে।
তিনি বলেন, তিতাস-২৯ নম্বর কূপ থেকে দৈনিক প্রায় ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া তিতাস-৩০ নম্বর কূপের কাজও আগামী তিন থেকে চার মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। কূপটি থেকে দৈনিক প্রায় ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার প্রত্যাশা করছে বিজিএফসিএল।
তিতাস-৩১ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা
বিজিএফসিএলের গভীর অনুসন্ধান গ্যাস কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মাহমুদুল নবাব জানান, তিতাস-৩১ নম্বর গভীর অনুসন্ধান কূপের খননকাজ চলতি বছরের ১৯ এপ্রিল শুরু হয়েছে। এরই মধ্যে কূপটির খনন গভীরতা প্রায় ৪ হাজার ৯২০ মিটারে পৌঁছেছে। কূপটির লক্ষ্যমাত্রা গভীরতা ৫ হাজার ৬০০ মিটার, যা প্রায় ১০০ মিটার কমবেশি হতে পারে।
তিনি বলেন, গভীরতার কারণে কূপটির খনন ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে তুলনামূলক বেশি সময় লাগছে। কোনো ধরনের ভূতাত্ত্বিক জটিলতা দেখা না দিলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে তিতাস-৩১-এর কাজ শেষ করার আশা রয়েছে।
কূপটি সফলভাবে সম্পন্ন হলে সেখান থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে বলে জানান তিনি।
বাখরাবাদ-১১ থেকে মিলতে পারে ১০ মিলিয়ন ঘনফুট
বিজিএফসিএলের কর্মকর্তারা জানান, তিতাস-৩১-এর কাজ শেষ হওয়ার পর বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ১১ নম্বর গভীর কূপের খননকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। কূপটির লক্ষ্যমাত্রা গভীরতা ৪ হাজার ৫০০ মিটার, যা প্রায় ১০০ মিটার কমবেশি হতে পারে।
সফলভাবে খনন ও পরীক্ষা সম্পন্ন হলে বাখরাবাদ-১১ নম্বর কূপ থেকে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঁচ কূপ থেকে সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা
বিজিএফসিএলের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, তিতাস-২৯, ৩০ ও ৩১ নম্বর কূপ থেকে সর্বোচ্চ প্রায় ৪৫ মিলিয়ন ঘনফুট এবং বাখরাবাদ-১১ থেকে প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে তিতাস-২৮ নম্বর কূপ থেকে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হলে পাঁচটি কূপ থেকে সর্বোচ্চ প্রায় ৬৭ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।
তবে এসব কূপ থেকে গ্যাসের প্রকৃত উৎপাদন খনন, পরীক্ষা ও উৎপাদন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
তিতাসে নতুন মজুত আবিষ্কারের সম্ভাবনা
তিতাস গ্যাসক্ষেত্রের মজুত প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে এর মজুত আনুমানিক দেড় ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) বলে ধারণা করা হচ্ছে। তবে তিতাস-৩১ একটি অনুসন্ধানমূলক কূপ হওয়ায় এর মাধ্যমে নতুন গ্যাসের মজুত আবিষ্কারের সম্ভাবনা রয়েছে।
প্রাথমিকভাবে কূপটির মাধ্যমে আরও প্রায় দুই টিসিএফ গ্যাসের মজুত যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ মজুদের পরিমাণ নিশ্চিত করতে কূপটির খনন শেষ হওয়ার পর বিভিন্ন স্তরে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। পরীক্ষার ফল পাওয়ার পরই নতুন মজুতের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইল ঢাকা
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে ভুটানের সমর্থন চাওয়া হয়েছে।
শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতিকালে এ সহযোগিতা চাওয়া হয়। জার্মানির উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।
ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তারা।
সংক্ষিপ্ত আলাপকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান।
জিএমসি উন্নয়নে বাংলাদেশের আগ্রহ
আলাপকালে ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) উন্নয়নে বাংলাদেশের আগ্রহের কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি জোগানের মাধ্যমে এ উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশ অবদান রাখতে আগ্রহী বলে জানান তারা।
এ ছাড়া বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়। ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটানের স্বীকৃতি দেওয়ার পর থেকে গড়ে ওঠা দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন তারা।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের জন্য আইন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্ব কেবল মামলা পরিচালনা বা জয়লাভের মধ্যে সীমাবদ্ধ নয়; ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাও তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব।
শুক্রবার বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের জন্য আয়োজিত নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। জাতিসংঘ ও ইউএনডিপির সহায়তায় ‘বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিসের জন্য প্রসিকিউটরিয়াল এথিক্সের নীতি ও অনুশীলনকে শক্তিশালী করা’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, দুর্নীতি, ঘুষ গ্রহণ, দায়িত্বে অবহেলা, নথি গোপন করা কিংবা বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের অনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে সর্বাবস্থায় শূন্য সহনশীলতা বজায় রাখার অঙ্গীকার থাকতে হবে। এসব অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো স্থান থাকবে না।
তিনি উপস্থিত আইন কর্মকর্তাদের সততা, স্বাধীনতা, মানবিক মর্যাদা ও সমতার ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ন্যায়বিচারের সঙ্গে মানুষের মর্যাদা জড়িত
প্রশিক্ষণ কর্মশালায় ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বিভিন্ন দেশে বিচার খাতে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ন্যায়বিচার শুধু আইন, আদালত, প্রক্রিয়া বা সাজা নিয়ে নয়; এর সঙ্গে মানুষের জীবন ও মর্যাদার বিষয়টি সরাসরি যুক্ত। সততা কোনো খণ্ডকালীন বিষয় নয়। প্রতিটি দিন, প্রতিটি সিদ্ধান্তে এর প্রতিফলন থাকতে হবে।
ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগে বলেন, ফৌজদারি বিচারব্যবস্থায় প্রসিকিউটরদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের একই সঙ্গে দৃঢ় ও সংযতভাবে দায়িত্ব পালন করতে হয়। প্রসিকিউটরদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে উচ্চ মানের সততা বজায় রাখতে হবে। একই সঙ্গে আইন ও আইনি ব্যবস্থার পরিবর্তন সম্পর্কে নিজেদের হালনাগাদ রাখতে হবে।
অংশ নেন ১৬০ আইন কর্মকর্তা
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি)-এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয় আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মশালায় সহযোগিতা করছে ইউএনডিপি বাংলাদেশ। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৬০ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল এতে অংশ নেন।
অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র রুল অব ল’, জাস্টিস ও সিকিউরিটি অ্যাডভাইজর রোমানা শোয়েগার, ইউএনওডিসি বাংলাদেশ অফিসের প্রধান শাহ মোহাম্মদ নাহিয়ান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হকসহ দেশি-বিদেশি ফৌজদারি বিচার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
রাজধানীর বাজারে মাছ-মাংস, ডিম ও সবজির দামে উত্তাপ
নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। একই সঙ্গে মাছ, মাংস ও ডিমের বাজারও চড়া রয়েছে। এতে বাড়তি খরচের চাপে পড়েছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, জাত ও মানভেদে বেগুন ১০০ থেকে ১৬০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা এবং করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল ও ঢ্যাঁড়স ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া আলু ৩০ টাকা, লতি ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা এবং শসা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া ৫০ থেকে ৫৫ টাকা কেজি এবং চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে মাছ, মাংস ও ডিমের বাজারেও স্বস্তি নেই। বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি জাতভেদে ৩১০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। আগে যেসব সবজি তুলনামূলক কম দামে কেনা গেছে, এখন সেগুলোই বাড়তি দামে কিনতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
সবজি বিক্রেতারা জানান, বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় নতুন করে বেশ কিছু সবজির দাম বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমতে পারে বলে জানান তারা।
নারী-পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ায় আবারও শীর্ষে বাংলাদেশ
ডেস্ক নিউজ : দক্ষিণ এশিয়ায় নারী-পুরুষ সমতায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২৬’-এ এই তথ্য উঠে এসেছে।
২০১৪ সালে শ্রীলঙ্কাকে পেছনে ফেলার পর থেকে টানা ১২ বছর ধরে এই অঞ্চলে এক নম্বর স্থান ধরে রেখেছে ঢাকা।
গতকাল বুধবার প্রকাশিত সূচকটির ২০তম সংস্করণ অনুযায়ী, বাংলাদেশে সার্বিক লিঙ্গ বৈষম্য কমে দাঁড়িয়েছে ৭১.২ শতাংশে, যা গত বছর ছিল ৭৭.৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশে লিঙ্গসমতার সূচক কমেছে ৬.২ শতাংশ পয়েন্ট।
অঞ্চলের দেশগুলোর মধ্যে মালদ্বীপ ৬৬.৯ শতাংশ সমতা নিয়ে ১১৯তম, নেপাল ৬৬.৯ শতাংশ নিয়ে ১২০তম, ভুটান ৬৬.৩ শতাংশ নিয়ে ১২১তম, শ্রীলঙ্কা ৬৪.৬ শতাংশ নিয়ে ১২৯তম এবং ভারত ৬৪.৫ শতাংশ সমতা নিয়ে ১৩১তম স্থানে রয়েছে।
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম লিঙ্গসমতা থাকা দেশ পাকিস্তান। বিশ্বেও দেশটির অবস্থান তৃতীয় সর্বনিম্ন। দেশটি তার লিঙ্গবৈষম্যের ৫৯.৫ শতাংশ কমাতে পেরেছে। তবে ২০২৫ সালের তুলনায় পাঁচ ধাপ এগিয়েছে পাকিস্তান।
প্রতিবেদন অনুযায়ী, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ ক্ষেত্রটিই বাংলাদেশের জন্য সবচেয়ে দুর্বল জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে। এ খাতে বৈষম্য দূর হয়েছে ৪১.৯ শতাংশ, যা আগের বছরে ছিল ৪৫.৭ শতাংশ।
কাজের ক্ষেত্রে অর্জিত আনুমানিক আয়, শ্রমশক্তিতে নারীদের মোট অংশগ্রহণ এবং উচ্চপদস্থ নেতৃত্বে নারী কর্মী কমে যাওয়ার কারণে এই পতন হয়েছে। এই তিনটি ক্ষেত্রে যথাক্রমে ১৫, ৫.৭ এবং ১.৩ শতাংশ পয়েন্ট সমতা কমেছে।
অন্যদিকে, রাজনৈতিক ক্ষমতায়ন খাতে গত বছর বিশ্বের ৩ নম্বরে থাকলেও এবার বাংলাদেশ নেমে গেছে ১২তম স্থানে। এই খাতে অর্জিত সমতার হার ৫০.৯ শতাংশ। বিশেষ করে সংসদে প্রতিনিধিত্বের সমতার হার পরিমাপের পুরো মেয়াদের মধ্যে সর্বনিম্নে (২.৪ শতাংশ) নেমে এসেছে।
এদিকে, বৈশ্বিক লিঙ্গসমতা সূচকে টানা ১৭তম বছরের মতো শীর্ষে রয়েছে আইসল্যান্ড। দেশটি তার লিঙ্গবৈষম্যের ৯৩ শতাংশ কমিয়েছে এবং ৯০ শতাংশের বেশি লিঙ্গসমতা অর্জন করা একমাত্র দেশ হিসেবে রয়েছে।
ফিনল্যান্ড ৮৭.২ শতাংশ এবং নরওয়ে ৮৫.৭ শতাংশ সমতা নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে এবং টানা তৃতীয় বছর ধরে দেশ দুটি একই অবস্থান ধরে রেখেছে। আর বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭৯তম।
ডব্লিউইএফের এই সূচকে চারটি প্রধান ক্ষেত্রে লিঙ্গবৈষম্য পরিমাপ করা হয়—অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও আয়ু এবং রাজনৈতিক ক্ষমতায়ন। ক্ষেত্রগুলোর অধীনে ১৪টি ১৪টি উপ-সূচকের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়।
নবম পে স্কেলের গেজেট জারির প্রক্রিয়া শেষ পর্যায়ে
ডেস্ক নিউজঃ সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এগিয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ভেটিংয়ের অধিকাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
অর্থ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভেটিংয়ের বাকি আনুষ্ঠানিকতাগুলোও দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এরপর প্রজ্ঞাপন জারির পরবর্তী কার্যক্রম শুরু হবে।
গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। এতে নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ বিভাগ জানিয়েছে, দেশের আর্থিক সক্ষমতা ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
মন্ত্রিসভায় অনুমোদনের পর দ্রুত গেজেট প্রকাশের কথা থাকলেও দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ ধাপে থাকায় এ নিয়ে উদ্বেগের কারণ নেই।
কোন গ্রেডে কত বাড়ছে
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা করা হয়েছে। আর প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামোর কার্যকর তারিখ ২০২৬ সালের ১ জুলাই নির্ধারণ করা হয়েছে। ফলে গেজেট প্রকাশে কিছুটা সময় লাগলেও কার্যকরের তারিখ পরিবর্তনের কথা নয়। তবে নতুন বেতন কাঠামোর মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
এর আগে ২০২৫ সালে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন গত ২২ জানুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। সেখানে সরকারি কর্মচারীদের বেতন ও বিভিন্ন ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়।
কমিশনের সুপারিশে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপের বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল। পাশাপাশি বৈশাখী ভাতা, যাতায়াত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সংস্কারের সুপারিশও ছিল।
পরে কমিশনের সুপারিশ ও সংশ্লিষ্ট প্রস্তাবের ভিত্তিতে নতুন বেতন কাঠামো মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। ৩১ আগস্ট তা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির আনুষ্ঠানিকতা শুরু হয়।
আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হলে গেজেট প্রকাশের জন্য পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এর মাধ্যমে নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।