জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮ প্রকল্প অনুমোদন

আবহাওয়া ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারা দেশে টেকসই পানি ব্যবস্থাপনা, নদী পুনঃখনন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবিকা গঠনের লক্ষ্যে ১৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল সোমবার সচিবালয়ে ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের ৬৫তম সভায় এই সিদ্ধান্ত হয়। 

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বাগেরহাট, নওগাঁ, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায়- ‘প্রাকৃতিক সম্পদ, নবায়নযোগ্য জ্বালানি ও নিরাপদ পানির মাধ্যমে জলবায়ু সহনশীল পরিবেশ গঠন’-প্রকল্প গ্রহণ করা হয়েছে।

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বড়াল নদী ও মির্জা মাহমুদ খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধনের জন্য প্রকল্প অনুমোদন করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলায় রজতরেখা নদী পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় আলাই নদী ও যমুনা নদীর তীর সংরক্ষণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলার চরশাহী ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ, দেবহাটা ও আশাশুনি উপজেলায় টেকসই প্রযুক্তির মাধ্যমে সুপেয় পানি সরবরাহের প্রথম পর্যায়ের প্রকল্প অনুমোদন করা হয়েছে। বাগেরহাট জেলার তিনটি উপজেলায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প নেওয়া হয়েছে।

পটুয়াখালী জেলার গলাচিপা পৌর এলাকায় সোলার প্যানেল পাম্প হাউজ স্থাপন করে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পটুয়াখালী পৌর এলাকায় রিভার্স ওসমোসিস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পানি বিশুদ্ধকরণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় জনগণের জন্য পরিবেশবান্ধব বিকল্প জীবিকা সহায়তা প্রকল্প গৃহীত হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্প নেওয়া হয়েছে। নোয়াখালীর চাটখিল পৌর এলাকায় খাল পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসনের জন্য প্রকল্প অনুমোদন করা হয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সকল উপজেলায় নিরাপদ পানি সরবরাহের জন্য পৃথক তিনটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সভায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকারের লক্ষ্য হলো জনগণকে নিরাপদ পানি সরবরাহ করা। তিনি আরো বলেন, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উপকূলীয়, পার্বত্য ও খরা-প্রবণ অঞ্চলে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নত হবে।

সভায় কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি-উল-হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

ডেস্ক নিউজঃ রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ধর্মীয় সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে সরকার।

সোমবার (১০ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রেস উইংয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ওই ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ডিএমপি যৌথভাবে শহরজুড়ে অভিযান চালাচ্ছে, যাতে এই ‘জঘন্য ও কাপুরুষোচিত সহিংসতা’র সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা যায়।

সরকার জানিয়েছে, রাজধানীর সব গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধর্মীয় সহাবস্থান, আন্তঃধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

এদিন সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং লেখক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র সীমানার ভেতরে ও বাইরে দুইটি ককটেল বিস্ফোরণ হয়। মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়া ধানমণ্ডি ২৭ নম্বরের প্রধান সড়কে মাইডাস সেন্টারের সামনে এবং ধানমণ্ডি-৯ নম্বরের ইবনে সিনা হাসপাতালের সামনেও দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।




২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

ডেস্ক নিউজঃ আগামী ২০২৬ সালে বাংলাদেশের সরকারি ও আধা-সরকারি অফিসগুলোতে মোট ২৮ দিনের ছুটি থাকবে। এই ছুটির মধ্যে সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে প্রতিটি ১৪ দিন করে, যা গত রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করেছে।

এছাড়া ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। মুসলিম কর্মচারীরা নিতে পারবেন ৫ দিন, হিন্দু ধর্মের কর্মচারী ৯ দিন, খ্রিষ্টান ধর্মের জন্য ৮ দিন, বৌদ্ধ ধর্মের জন্য ৭ দিন, আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ২ দিন। তবে প্রত্যেক কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী সর্বোচ্চ ৩ দিনের ঐচ্ছিক ছুটি বছরের শুরুতেই কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নিতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যারা সরকারের কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষিত অফিসে কর্মরত বা নিজস্ব আইন-কানুন অনুযায়ী পরিচালিত অফিসে কাজ করেন, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব নিয়মে ছুটি ঘোষণা করতে পারবে।

গত ৬ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেয়। মোট ছুটির মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হিসেবে গণ্য করা হয়েছে।




মেট্রো রেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

ডেস্ক নিউজঃ মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। সাম্প্রতিক দুর্ঘটনা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সংস্থাটির সর্বস্তরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএল-এর আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।

একইসঙ্গে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এ নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, ছুটি বাতিল সম্পর্কিত দুটি চিঠি ইস্যু করা হয়েছে। একটি চিঠিতে বিশেষ নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। আরেকটি চিঠিতে ডিএমটিটিসিএলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

তারা জানান, মেট্রোরেলের সব অবকাঠামো কেপিআইভুক্ত। সম্প্রতি রাজধানীতে আন্দোলনসহ প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি পালিত হচ্ছে। এ প্রেক্ষাপটে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।




সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজঃ সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার— জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, বর্তমানে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। “চালের দাম এখন মোটামুটি সহনীয়। কিন্তু যাতায়াত ব্যয় ও বাড়িভাড়া কিছুটা বেড়েছে,”— বলেন তিনি।

বাজার স্থিতিশীল রাখতে সরকারের উদ্যোগ

ড. সালেহউদ্দিন বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ইউরিয়া ও টিএসপি সার আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি সিদ্ধ চাল আমদানিরও উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সামগ্রিকভাবে খাদ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছে সরকার এবং বর্তমান পরিস্থিতি সন্তোষজনক বলে মনে করেন তিনি।

ব্রিফিংয়ে জানানো হয়, প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা, আর সিদ্ধ চাল ৫০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।

এ বছর সরকারের লক্ষ্যমাত্রা— ৫০ হাজার মেট্রিক টন ধান ও আতপ চাল এবং ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা।




২০২৬ সালে দুই ঈদের ছুটি ১১ দিন, দুর্গাপূজায় ২ দিন

ডেস্ক নিউজঃ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি হবে ২৮ দিন। এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ায় মূল ছুটি হবে ১৯ দিন।

সূত্রের খবর, চলতি বছরের মতো আগামী বছরও দুই ঈদ এবং শারদীয় দুর্গাপূজায় ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন। রোববার (৮ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘২০২৬ সালের ছুটির তালিকায় সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার পড়েছে, ফলে কার্যত সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মূল ছুটি ১৯ দিন হবে।’

এর আগে গত বছর ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী, ২০২৫ সালে মোট ছুটি ছিল ২৬ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ছিল ১২ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ছিল ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিন এবং নির্বাহী আদেশের মধ্যে চার দিনই সাপ্তাহিক ছুটি হিসেবে অন্তর্ভুক্ত ছিল।

ছুটি সংক্রান্ত এই অনুমোদন আগে থেকে ধারাবাহিকভাবে দেশের কাজকর্ম ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পনার সুযোগ দেবে। বিশেষত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় দীর্ঘ ছুটি থাকায় মানুষ পরিবার ও আতিথ্য-সংক্রান্ত প্রস্তুতি নিতে সুবিধা পাবেন। শারদীয় দুর্গাপূজার দুই দিনের ছুটিও সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমকে সমর্থন করবে।




ডেঙ্গুতে মৃত্যুর অর্ধেকের বেশি তরুণ

স্বাস্থ্য ডেস্কঃ দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০৭ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৭,০০০। উদ্বেগজনকভাবে, ডেঙ্গুতে মৃত্যুর মধ্যে ৫৩ শতাংশই তরুণ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধযোগ্য একটি রোগে এত মানুষের মৃত্যু ‘জাতির জন্য লজ্জা’র বিষয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)–এর তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে মৃত্যুবরণকারীদের ৫৩ শতাংশের বয়স ১৬ থেকে ৪০ বছরের মধ্যে, আর ১৫ শতাংশ হলো শিশু।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতির অবনতির পেছনে তিনটি মূল কারণ রয়েছে—জলবায়ু পরিবর্তন, অনিয়মিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম এবং জনসচেতনতার অভাব। তাদের মতে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে টেকসই ও কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ।

গতকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যদিও এ সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম মুশতাক হোসেন বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধের মূল উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। আমরা এক টন ময়লা সরাচ্ছি, কিন্তু দশ টন নতুন করে জমছে। নিয়মিত এ পরিষ্কার-পরিচ্ছন্নতা যথেষ্ট নয়—আমাদের হাজারো স্বেচ্ছাসেবক নিয়ে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে।’

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টিপাত এডিস মশার প্রজননের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।

তিনি বলেন, ‘বৃষ্টি থেমে গেলেও ডেঙ্গু অন্তত আরও দুই মাস চলবে—প্রথম মাসে সংক্রমণ বাড়বে, পরের মাসে ধীরে ধীরে কমবে।’

তার পূর্বাভাস অনুযায়ী, প্রাদুর্ভাব চলতে পারে জানুয়ারির মাঝামারি পর্যন্ত।

ডা. মুশতাক আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধযোগ্য রোগ, তবুও মানুষ মারা যাচ্ছে—এটি লজ্জাজনক। আমাদের প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও আধুনিক চিকিৎসা সুবিধা আছে, কিন্তু সমন্বিতভাবে কাজ না করার কারণেই মৃত্যু ঠেকানো যাচ্ছে না।’

স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) জানিয়েছে, ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ ছিল ডেঙ্গু শক সিনড্রোম, এর পরের অবস্থানে ছিল এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম।




ঢাকার নতুন ডিসি শফিউল আলম

ডেস্ক নিউজঃ মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ঢাকার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলিকৃতদের মধ্যে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা ও খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনা, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতারকে সাতক্ষীরা, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাট, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে ভোলার ডিসি পদে পদায়ন করা হয়েছে।




দেশের ১৫ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারি

ডেস্ক নিউজঃ দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলিকৃতদের মধ্যে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা ও খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনা, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতারকে সাতক্ষীরা, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাট, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে ভোলার ডিসি পদে পদায়ন করা হয়েছে।




মা-বাবার কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজ জেলা পাবনা সদরের আরিফপুর কবরস্থানে তার মা-বাবার কবর জিয়ারত করেছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি। 

এর আগে, এদিন সকালে পঞ্চমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় এসে পৌঁছান রাষ্ট্রপতি। সকাল ৯টা ৪০ মিনিটে‌ পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান।

এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি এবং রাজশাহী ডিআইজি মোহাম্মদ শাহজাহান তাকে স্বাগত জানান। পরে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।

এর আগে, এদিন সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা দেন।

সফরসূচি অনুযায়ী, এরপরে রাষ্ট্রপতির নিজ বাসভবনে অবস্থান, নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি। সফরের শেষ দিন রোববার সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো পাবনায় আসছেন‌ মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এপর্যন্ত ৪ বার জন্মস্থান পাবনা সফর করেন।

২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ১৫ মে পাবনাতে প্রথমবার সফর আছেন। এরপর ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বার, ২০২৪ সালের ১৬ জানুয়ারি তৃতীয় এবং ৯ জুন চতুর্থবারের মতো পাবনা সফর করেন তিনি।