দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার খবর দিলেন মৌসুমী

বিনোদন ডেস্ক : প্রথম বিয়ের কয়েক মাসের মাথায় চলতি বছরের শুরুর দিকেই ভেঙে যায় লাক্স তারকা মৌসুমী হামিদের সংসার। এবার দ্বিতীয় বিয়ের খবর সামনে আনলেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, সঙ্গে জানালেন সুখবরও। মা হতে চলেছেন তিনি।

গতকাল শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অনুষ্ঠানে প্রথমবার তার বেবিবাম্প দেখা যায়। এ সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার নতুন স্বামী আবদুল ওয়াদুদ সজীব। অনুষ্ঠানে সহকর্মীদের উদ্দেশে হাসিমুখে মৌসুমী বলেন, ‘আমি মা হতে চলেছি। এই দেখ, আমার সন্তান।’

তিনি জানান, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম আয়োজনে স্বামী-সন্তানের বিষয়টি সামনে এনেছেন তিনি। যাতে একসঙ্গে সবাইকে জানানো যায়। জীবনের নতুন এ অধ্যায়ে সবার কাছে দোয়াও চেয়েছেন মৌসুমী।

এ সময় মৌসুমী হামিদ আরও বলেন, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে- এই ভেবে এতদিন কাউকে কিছু জানাইনি। তাই চরকি কার্নিভ্যালেই সবাইকে একসঙ্গে সুখবরটি দিতে চেয়েছি। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি। জীবনের এক নতুন অনুভূতির মধ্যদিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।’

কবে বিয়ে করেছেন? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে। তবে এখন তিনি বিয়ের চেয়ে মাতৃত্বের আনন্দ নিয়েই থাকতে চান।

স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মৌসুমী বলেন, ‘আমরা ১৪ বছরের পুরোনো সেরা বন্ধু। আমাদের চিন্তাভাবনায় অনেক মিল ছিল। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’




‘ব্যাক টু অরিজিন’ থিমে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫

বিনোদন ডেস্ক : ‘শেকড়ের সঙ্গে সংযোগ, স্মৃতির সঙ্গে নতুনত্বের মেলবন্ধন’—এই ভাবনাকে ধারণ করে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’-এর পঞ্চম আসর। এবারের প্রতিপাদ্য ছিল ‘ব্যাক টু অরিজিন’, যেখানে নব্বইয়ের দশকের সংস্কৃতি, নস্টালজিয়া ও সৃজনশীল চেতনাকে নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটরদের উদ্ভাবনী ভাবনার সঙ্গে যুক্ত করা হয়। দেশের অন্যতম জনপ্রিয় পার্সোনাল কেয়ার ব্র্যান্ড মেরিল-এর টাইটেল স্পনসরশিপে আয়োজিত এই অনুষ্ঠান ভবিষ্যতের প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি ও উদ্‌যাপনের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে আবারও নিজস্ব অবস্থানকে শক্তিশালী করেছে।

এবারের আয়োজনে দেশের উদীয়মান ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি দিতে মোট ২৪টি ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়। নিজেদের প্রতিভা, সৃজনশীলতা ও ব্যতিক্রমী কাজের মাধ্যমে যারা নতুন সম্ভাবনা তৈরি করছেন এবং দর্শক ও সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন, তাদেরই এই আয়োজনের মাধ্যমে সম্মান জানানো হয়। প্রতিটি ক্যাটাগরি ভিন্ন ভিন্ন ক্ষেত্রের সৃজনশীল ক্রিয়েটরদের উদযাপন করেছে। মেরিল বিশ্বাস করে, নতুন কিছু সৃষ্টি করার শক্তি আসে নিজের গল্প, অভিজ্ঞতা এবং শেকড় বা অরিজিনের সঙ্গে গভীর সংযোগ থেকে।

মেরিলের পক্ষ থেকে অ্যাসপায়ারিং, কমেডি, কনটেন্ট ক্রিয়েশন (এন্টারটেইনমেন্ট), ক্রিয়েটিভ কনটেন্ট প্রোডাকশন, ড্যান্স, ফ্যাশন ডিজাইনার, ইনস্পায়ারিং চিলড্রেন এবং পডকাস্ট—এই আটটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আয়োজনকে আরও প্রাণবন্ত করতে মেরিল তৈরি করেছিল বিশেষ এক্সপেরিয়েন্স জোন। যেখানে ছিল দুটি নান্দনিক ফটো বুথ। ৯০-এর দশকের আবহে দর্শনার্থীরা তুলে রাখতে পেরেছেন নিজেদের বিশেষ মুহূর্ত। পাশাপাশি মেরিল প্রোডাক্ট এক্সপেরিয়েন্স জোনে অতিথিরা মেরিলের নতুন পণ্যগুলো সম্পর্কে পেয়েছেন কাছ থেকে জানার সুযোগ।

প্রজন্মের পর প্রজন্ম ধরে মেরিল বাংলাদেশের মানুষের ঘরে ও মনে বিশ্বাস এবং যত্নের প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে। মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেরিল সবসময়ই আত্মপ্রকাশ, আত্মবিশ্বাস ও নিজস্বতার উদ্‌যাপনে বিশ্বাসী। ‘মার্ভেল অব টুমরো’র এবারের ‘ব্যাক টু অরিজিন’ থিমের মাধ্যমে মেরিল আবারও এই বার্তাই তুলে ধরেছে—আগামীর পথচলার সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো নিজের শেকড়, পরিচয় ও মূল্যবোধের সঙ্গে সংযুক্ত থাকা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় ডিজিটাল ব্যাক্তিত্ব রাফসান সাবাব ও আমিন হান্নান। মেরিলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তি, গণমাধ্যমকর্মীরা উপস্থিতে সরব হয়ে উঠেছিলো অনুষ্ঠান প্রাঙ্গণ।




আগামীকাল নির্বাচন, কে লড়ছেন কোন পদে

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী শুক্রবার (০৩ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

একটি প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহ-সভাপতি পদে রয়েছেন নূতন ও ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন কমল।

এই প্যানেলের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে লড়ছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।

অন্যদিকে দ্বিতীয় প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। সহ-সভাপতি পদে রয়েছেন রোজিনা ও ডিএ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন জাদু আজাদ।

এই প্যানেলের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী রাজ, ফরহাদ, কাবিলা, ইয়ামিন হক ববি, কায়েস আরজু, শিরিন শিলা, শিপন মিত্র, হাসান জাহাঙ্গীর, ফাল্গুনী রহমান জলি, ফিরোজ শাহী ও জেসমিন আক্তার।

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু।

উল্লেখ্য, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদেই নির্বাচনে অংশ নিচ্ছেন না। ফলে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি।




‘তুমি আমাদের গর্ব’ জয়ার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে চঞ্চল

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের মুন্সিয়ানায় তিনি যেমন বাংলাদেশের দর্শকের ভালোবাসা অর্জন করেছেন, তেমনই পশ্চিমবঙ্গেও গড়ে তুলেছেন নিজের শক্ত অবস্থান। একের পর এক প্রশংসিত কাজের পাশাপাশি দুই দেশ থেকেই অর্জন করেছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার।

আজ ১ জুলাই (বুধবার) জয়া আহসানের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার পাশাপাশি সহকর্মী ও কাছের মানুষের ভালোবাসাতেও সিক্ত হচ্ছেন। জয়ার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নিজের ফেসবুকে স্ত্রী ও সন্তানকে নিয়ে জয়ার সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে ফুল দিয়ে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায় চঞ্চল ও তার পরিবারকে।

ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।’ একইসঙ্গে যোগ করেছেন কালো রঙের হৃদয়ের একটি ইমোজি। চঞ্চলের এই পোস্টে মন্তব্য করে জয়াকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও অসংখ্য ভক্ত-অনুরাগী।

উল্লেখ্য, জয়া আহসানের আসল নাম জয়া মাসউদ। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মা ছিলেন শিক্ষক। ছোটবেলা থেকেই নাচ, গান ও ছবি আঁকার প্রতি ছিল তার গভীর আগ্রহ। সেই শিল্পচর্চার ধারাবাহিকতায় অভিনয়েই গড়ে ওঠে তার উজ্জ্বল ক্যারিয়ার।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় জয়ার। এরপর ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘খাঁচা’, ‘দেবী’ এবং ‘বিউটি সার্কাস’র মতো সিনেমায় অভিনয় করে নিজেকে দেশের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

অন্যদিকে পশ্চিমবঙ্গেও তার অভিনয় সমানভাবে প্রশংসিত হয়েছে। ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘বিজয়া’, ‘বিনিসুতোয়’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দশম অবতার’, ‘কড়ক সিং’র মতো সিনেমাতে অভিনয় করে মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন।

অভিনয়ে অসামান্য অবদানের জন্য বাংলাদেশে পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন জয়া আহসান। পশ্চিমবঙ্গে কাজের স্বীকৃতিস্বরূপ তিনবার ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার পেয়েছেন তিনি।

বর্তমানে পশ্চিমবঙ্গে মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এ সিনেমা আগামী ১০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলির মতো শক্তিমান অভিনয়শিল্পীরা।




‘আমি হয়রানির শিকার, সরকারের সহযোগিতা চাই’

বিনোদন ডেস্ক : সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় অভিনেতা কমল পাটেকার। ব্যক্তিগত শত্রুতার জেরে তাকে হয়রানি করতে মাঝরাতে তার বাসায় পুলিশ পাঠানো হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এই ঘটনাটি বিনোদন পাড়াসহ সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গত রোববার (১৮ জুন) রাতে কমল পাটেকারের আকস্মিক পুলিশি অভিযানের ঘটনাটি ঘটে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়াই একদল পুলিশ অভিনেতার বাসভবনে কড়া নাড়ে। তল্লাশির নামে গভীর রাতে তার পরিবারকে চরম মানসিক হেনস্তা ও আতঙ্কের মধ্যে ফেলা হয়। পরবর্তীতে জানা যায়, তার নামে নাকি জুলাইয়ের একটি মামলায় সদ্য নাম যুক্ত হয়েছে যাত্রাবাড়ি থানায়। তবে এর বেশি বিস্তারিত জানা যায়নি।

এই ঘটনায় কান্নাজড়িত কণ্ঠে অভিনেতা কমল বলেন, ‘আমি কখনোই রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। সবসময় রাজনৈতিক অনুষ্ঠান এড়িয়ে চলতাম। শুটিং আর এফডিসি ব্যতীত আমাকে কেউ কখনও দেখেনি। ৫ আগস্টের পর প্রধান উপদেষ্টা দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। এরপর নির্বাচন হয়ে নতুন সরকার এসেছে। এতদিনে কখনও হয়রানির শিকার হয়নি। আমি যদি জুলাই বিরোধী হতাম তাহলে এতদিনে মামলা হয়নি কেন? কিন্তু হুট করে নির্বাচনের আগ মুহূর্তে কেউ একজন জুলাইয়ের সময়ের একটি মামলায় নাকি আমার নাম অজ্ঞাত হিসেবে যুক্ত করেছেন। আমি নাকি জুলাইয়ের বিপক্ষে ছিলাম। কে বা কারা দিয়েছেন তা এখনও জানি না। মামলার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কারণ, কেউ প্রমাণ দিতে পারবে না যে, আমি জুলাইয়ের বিপক্ষে ছিলাম। তাছাড়া এতদিন পর এসে নির্বাচনের দুই দিন আগে নাম যুক্ত হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখছি। আমি সরকারের সহযোগিতা চাই। এর সুস্থ তদন্তের দাবি করছি। আমাকে হয়রানি করতে এবং নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে কেউ ষড়যন্ত্র করছে।’

মিথ্যা ষড়যন্ত্রের বিচার চেয়ে এই অভিনেতা বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে কখনও শুটিং ছাড়া ঘর ছাড়া ছিলাম না। কিন্তু গত দুই দিন ধরে বাড়িতে ঘুমাতে পারছি না। আল্লাহর কাছে বিচার চাই এই নোংরামির। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলব- আপনি বিষয়টা দেখবেন। আমাদের মতো সাধারণ শিল্পীদের মিথ্যা হয়রানি করে কেউ ফায়দা নিচ্ছে। আপনার সহযোগিতা কামনা করছি। আমার ক্যারিয়ারে দাগ নেই।’

দীর্ঘ সময় ধরে সমিতির বিভিন্ন পদে বিপুল ভোটে জয় লাভ করেছেন কমল পাটেকর। পাঁচ বার কোষাধ্যক্ষ এবং একবার দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে আরমান-মুক্তি পরিষদ থেকে কোষাধ্যক্ষ পদে নির্বাচনে লড়ছেন।

আমৃত্য অভিনয় চালিয়ে যেতে চান কমল। বিদেশে বিলাসী জীবন কাটানোর সুযোগ পেয়েও অভিনয় ভালোবেসে নিজ দেশেই থেকে চান তিনি। কিন্তু শেষ জীবনে এসে শিল্পীদের স্বার্থ রক্ষার নির্বাচনে অংশ নিয়ে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন কমল। সেসঙ্গে শিল্পীদের পাশে চেয়েছেন তিনি।

সহশিল্পীর সঙ্গে ঘটে যাওয়া এই অপমানের তীব্র নিন্দা জানিয়েছেন বিনোদন জগতের তারকারা। সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন নোংরা খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধীকে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, দুই বাংলার জনপ্রিয় খল অভিনেতা কমল পাটেকার। আশির দশকে শুরু তার চলচ্চিত্র ক্যারিয়ার। অভিনেতা কমল এ পর্যন্ত কাজ করেছেন ২ হাজারেরও অধিক সিনেমায়। তার অভিনীত কয়েকটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে।




বিটিভিতে প্রথম জানাজা, বনানীতে দাফন

বিনোদন ডেস্ক : বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৩০ জুন)। জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বনানী কবরস্থানে গুণী এই শিল্পীকে দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার।

আজ সোমবার মুস্তাফা মনোয়ারের ছেলে সাদাত মনোয়ার বলেন, ধানমন্ডির তাকওয়া মসজিদ থেকে গোসল সেরে দুপুর ১২ টায় মরহুমের নিজ বাসভবনে আনা হয়েছে। এখানে বিকেল পর্যন্ত মরদেহ থাকবে। তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা জানানোর পর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।

তিনি আরও জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় মুস্তাফা মনোয়ারের মরদেহ প্রথমে নেওয়া হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিটিভি থেকে সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এখানেই রাখা হবে।

শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সেখানে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে মরদেহ আধা ঘণ্টার জন্য নেওয়া হবে তার প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। দীর্ঘদিন সেখানে শিক্ষকতা করায় তার সহকর্মী ও শিক্ষার্থীরা যেন শেষ বিদায় জানাতে পারেন, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারুকলার আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল বিকেলের মধ্যে বনানী কবরস্থানে তাকে চিরশায়িত করা হবে।




বিশ্বকাপের পর আবারও একসঙ্গে সঞ্জয় দেব-নোরা

বিনোদন ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি। সেই জুটিই এবার ফিরলেন নতুন গান ‘চ্যাম্পিয়ন’ নিয়ে।

গতকাল শনিবার গানটি প্রকাশ হয়েছে ইউটিউবের পাশাপাশি বিশ্বখ্যাত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে। বিশ্বকাপের আবহকে ঘিরেই এটি প্রকাশের পরিকল্পনা সঞ্জয় দেব ও নোরা ফাতেহি’র।

ডালাস থেকে গণমাধ্যমকে সঞ্জয় দেব জানান, ‘চ্যাম্পিয়ন’ শুধু খেলাধুলাকে কেন্দ্র করে তৈরি কোনো গান নয়। এটি বিজয়, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতিটি অর্জন উদযাপনের বার্তা বহন করবে।

তার ভাষায়, ‘এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক। “চ্যাম্পিয়ন” সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।’

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সঞ্জয় দেব। তিনি জানান, প্রায় দুই মাস ধরে চলেছে গানটির কাজ।

‘চ্যাম্পিয়ন’-এর মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। মাত্র দুই দিনের সফরে গিয়ে এক দিনেই ভিডিওটির পুরো শুটিং শেষ করেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি। সঞ্জয়ের মতে, জানজিবারের সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে আলাদা মাত্রা দিয়েছে।

এদিকে গানটি প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে প্রচারণা। সম্প্রতি নোরা ফাতেহি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই চ্যাম্পিয়নের জন্য প্রস্তুত তো?’ তার এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে গানটি নিয়ে কৌতূহল ও আগ্রহ বেড়েছে।




যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’

বিনোদন ডেস্ক : দেশের প্রেক্ষাগৃহে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পর এবার যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করলো ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘রইদ’।

উত্তর আমেরিকার দর্শকদের জন্য শুক্রবার (২৬ জুন) থেকে যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যের ৩১টি শহরে একযোগে মুক্তি পেল সিনেমাটি। আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, এই প্রদর্শনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি দর্শকরাও সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

পরিচালক মেজবাউর রহমান সুমন নির্মিত ‘রইদ’ গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির কয়েক সপ্তাহ পরও দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে ছবিটির প্রদর্শনী চলছে।

সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।

এর আগে গত ৫ জুন অস্ট্রেলিয়ায় ‘রইদ’-এর প্রদর্শনী শুরু হয়। যুক্তরাষ্ট্রে মুক্তির মাধ্যমে সিনেমাটির আন্তর্জাতিক প্রদর্শনীর পরিধি আরও বিস্তৃত হলো।




জীবন কোনোদিনই সরল ছিল না: জয়া

বিনোদন ডেস্ক : পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই এক নতুন চরিত্র, ভিন্ন গল্প আর অভিনয়ের নিপুণ জাদু। ঢালিউড থেকে টলিউড, এমনকি বলিউড সবখানেই নিজের অভিনয়শক্তির দ্যুতি ছড়াচ্ছেন এই গুণী অভিনেত্রী। এবার তার অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ পেয়েছে।

শুক্রবার (২৬ জুন) ট্রেলারটি সামাজিক মাধ্যমে নিজেও শেয়ার করেছেন জয়া। সঙ্গে জীবনের জটিল সমীকরণ নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পোস্টে জয়া আহসান লিখেছেন, জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ। 

সম্পর্কের নানা দিক তুলে ধরে তিনি আরও লেখেন, এই অনন্ত খোঁজের খেলায় কোনও প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়! এরকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।

২০২৩ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ ছিল সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন, ভাঙন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার এক মর্মস্পর্শী গল্প। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসছে এর পরবর্তী অধ্যায়। নতুন সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের।’

গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটি আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় আগের কিস্তির জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলী ও কৌশিক সেনের পাশাপাশি এবার নতুনভাবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায় এবং অম্বরীশ ভট্টাচার্য।

প্রথম কিস্তির মতো এই নতুন অধ্যায়টিও দর্শকদের হৃদয়ে কতটা নাড়া দিতে পারে, তা জানার জন্য আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।




স্থগিত কনসার্টের টিকিট বৈধ, আসছেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক : গত বছরের ডিসেম্বরে স্থগিত হওয়া পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৪ জুলাই ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামে দর্শক-শ্রোতাদের মাতাবেন পাকিস্তানের এই গায়ক।

এ প্রসঙ্গে ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’র পরিচালক কাজী রাফসান গণমাধ্যমকে বলেন, ‘গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুযোগ পেলেই এই আয়োজন আবারও ফিরিয়ে আনব। গত কয়েক মাসে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং অপেক্ষা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ২৪ জুলাই আমরা গত বছরের অসমাপ্ত অধ্যায়টি পূর্ণতা দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু একটি আন্তর্জাতিক কনসার্ট নয়; এটি আমাদের দর্শকদের প্রতি দেওয়া একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন। যারা গত বছর টিকিট কিনেছিলেন, তাদের আস্থা ও ধৈর্যের প্রতি সম্মান জানিয়ে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নতুন টিকিট ইস্যু করা হবে।’

তবে কোথায় বসবে আতিফ শো তা এখনও চূড়ান্ত হয়নি। ভেন্যুর বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়ে আয়োজকরা।

আয়োজকদের পক্ষে থেকে বলা হয়েছে, যারা গত বছর টিকিটের টাকা ফেরত নেননি তারা www.mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘Re-Apply’-এর মাধ্যমেঅতিফের সুরের জাদু উপভোগ করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে। এমনকি কোনো অর্থ ছাড়াই হোম ডেলিভারির মাধ্যমে টিকিট পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজকরা।

বলা দরকার, টিকিট ফেরত দিয়ে যারা এখনও রিফান্ড পাননি, তাদের জন্য সুখবর। তারাও চাইলে mainstage.show ওয়েবসাইটের মাধ্যমে রিফান্ড আবেদনটি প্রত্যাহার করে নিজের টিকিটটি পুনরুদ্ধার করতে পারেন। আবেদন পাওয়ার পর তা যাচাই করে সম্পূর্ণ বিনামূল্যে নতুন টিকিট ইস্যু করে তা পৌঁছে দেওয়া হবে।