‘কেউ আমার সঙ্গে এটা নিয়ে কথাও বলেনি, আমি নিজেই সারপ্রাইজড’: হাবিব

বিনোদন ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহৃত হয়েছে হাবিব ওয়াহিদের গাওয়া জনপ্রিয় গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্মিত ও আনন্দিত হয়েছেন এই সংগীতশিল্পী। 

মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত ওই ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির আবহসংগীত হিসেবে ব্যবহার করা হয়েছে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘মহাজাদু’, যা গেয়েছেন হাবিব ওয়াহিদ।

বিষয়টি কীভাবে জানতে পেরেছেন জানতে চাইলে হাবিব বলেন, সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়েই বিভিন্নজনের পাঠানো লিংক দেখতে পান। কৌতূহলবশত লিংক খুলে ভিডিওটি দেখেন এবং সেখানে নিজের গান ব্যবহৃত হতে দেখে বিস্মিত হন।

হাবিবের ভাষ্য, তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তার গান ব্যবহার করা হয়েছে, যা তাকে অনুপ্রাণিত করেছে। দুটি দেশের সম্পৃক্ততা থাকা এমন একটি কূটনৈতিক সফরের ভিডিওতে নিজের গান স্থান পাওয়াকে তিনি সম্মানের বলে মনে করছেন।

তবে এ বিষয়ে আগে থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলেও জানান এই সংগীতশিল্পী। তিনি বলেন, কেউ তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেননি। ফলে ভিডিওটি দেখে তিনি নিজেও চমকে গেছেন।

ভিডিওটিতে কেন ‘মহাজাদু’ গানটি বেছে নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলেও জানান হাবিব। তাঁর মতে, হয়তো সংশ্লিষ্টদের গানটি ভালো লেগেছে বলেই এটি ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও হাবিব নিজে ফেসবুকে খুব বেশি সক্রিয় নন। তিনি জানান, মোবাইলে ফেসবুক ব্যবহার না করায় মানুষের প্রতিক্রিয়া সরাসরি দেখতে পারেননি। তবে পরিচিতজনদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা শুনছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি বলেও উল্লেখ করেন হাবিব। এ কারণেই পুরো বিষয়টি তার কাছে আরও বেশি বিস্ময়ের বলে মনে হয়েছে।

ফেসবুক ব্যবহার সীমিত রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মোবাইলে ফেসবুক ব্যবহার করলে মনোযোগে ব্যাঘাত ঘটে এবং অজান্তেই অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই কাজের প্রয়োজন ছাড়া তিনি সাধারণত মোবাইলে ফেসবুক ব্যবহার করেন না।

বর্তমান ব্যস্ততা সম্পর্কে হাবিব জানান, তিনি নতুন গান নিয়েই কাজ করছেন। সম্প্রতি প্রকাশিত তার গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের ভালো সাড়া পেয়েছে এবং আপাতত সেটি নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।




স্ত্রী ইকরার আত্মহত্যা: ২ দিনের রিমান্ডে অভিনেতা জাহের আলভী

বিনোদন ডেস্ক : ঢাকার মিরপুরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, আসামি আলভী তার স্ত্রী ইকরাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতেন এবং ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিতেন। বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য নারীর সঙ্গে ছবি যুক্ত করে ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে আলভী ইকরাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত ১৮ জুন অভিনেতা আলভী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১ মার্চ সকালে মিরপুরের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আলভীর স্ত্রী ইকরার মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।




সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

বিনোদন ডেস্ক : প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার লাশ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম লাশ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানান, দীর্ঘ ৩০ বছর পর দেহাবশেষ উত্তোলন করলে তা থেকে কোনো কার্যকর আলামত পাওয়ার সম্ভাবনা নেই। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কাও রয়েছে। এসব বিবেচনায় আদালতে আদেশ বাতিলের আবেদন করা হয়, যা আদালত গ্রহণ করেন।

আবেদনে বলা হয়, সালমান শাহকে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে এবং সেখানেই তার কবর রয়েছে। এ অবস্থায় দেহাবশেষ উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। বাদী ও নিহতের মা নীলা চৌধুরীর পক্ষ থেকেও এ বিষয়ে আপত্তি জানানো হয়।

এর আগে চলতি বছরের ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ আদালতে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল ও ময়নাতদন্তের অনুমতি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত কবর থেকে দেহাবশেষ উত্তোলনের অনুমতি দেন।




আপত্তিকর কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ  মাধ্যমে নিজের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইতিমধ্যে আইনজীবী ও ডিজিটাল টিমকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশও দিয়েছেন।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও সংগ্রামের প্রসঙ্গে জাহিদ হাসান বলেছিলেন, ‘আমি কষ্টে মরে যাচ্ছি, তবু মুখে হাসি রাখার চেষ্টা করি।’ তবে সেই বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট উপেক্ষা করে কয়েকটি ফেসবুক পেজ ভিন্ন একটি ঘটনার ভিডিওর সঙ্গে এটি জুড়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর শিরোনামে প্রচার করে।

বিশেষ করে প্রয়াত অভিনেতা শামস সুমনের জানাজার একটি ভিডিওর সঙ্গে ওই বক্তব্য যুক্ত করে প্রকাশিত কনটেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন অভিনেতা।

জাহিদ হাসান বলেন, ‘যা দেখছি, সভ্যতা-ভব্যতার সব সীমা অতিক্রম করছে এসব ভুঁইফোড় ফেসবুক পেজ। দিন দিন এদের দৌরাত্ম্য বাড়ছে। এভাবে তো চলতে পারে না।’

তিনি জানান, তার আইনজীবী ও ডিজিটাল টিম ইতিমধ্যে সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোর তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে।কারা পরিকল্পিতভাবে এসব বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দিচ্ছে, সে বিষয়েও প্রয়োজনীয় তথ্য জোগাড় করা হয়েছে। শিগগিরই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পুলিশের সাইবার অপরাধ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গেও কথা বলেছেন বলে জানান জাহিদ হাসান। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে পুলিশের সাইবার অপরাধ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন।

এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এভাবে ছাড় দেওয়ার কোনো মানে হয় না।’

শুধু আইনগত পদক্ষেপই নয়, এ ঘটনায় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেছেন এই অভিনেতা।




সৌদিতে শুটিংয়ে গিয়ে হলিউড অভিনেতার ইসলাম গ্রহণ

বিনোদন ডেস্ক : হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ।

টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ জনপ্রিয় চরিত্র গাস ফ্রিং-এর ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতা সৌদিতে অবস্থানকালে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে সৌদি গেজেট-এর এক প্রতিবেদনে।

তুর্কি আল-শেখ জানান, এসপোসিতো ইসলাম ধর্মের বিশ্বাসের ঘোষণা ‌‘শাহাদাহ’ পাঠ করেন। পরে তিনি একটি মসজিদে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন।

চলচ্চিত্র ও টেলিভিশনে কয়েক দশকের ক্যারিয়ারে এসপোসিতো নিজের অভিনয় দক্ষতার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন। ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সাউল’, ‘দ্য ম্যান্দালোরিয়ান’-সহ বেশ কয়েকটি হলিউড প্রযোজনায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

বিশেষ করে ‘গাস ফ্রিং’ চরিত্রটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এই চরিত্রের জন্য তিনি একাধিক পুরস্কারের মনোনয়নও পেয়েছেন।

তুর্কি আল-শেখের ভাষ্য অনুযায়ী, সৌদিতে কাজ করার সময় মুসলিমদের সঙ্গে পরিচয় এবং সেখানকার ইতিবাচক অভিজ্ঞতা এসপোসিতোর ওপর প্রভাব ফেলে। এরপরই তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, সৌদিতে শুটিংয়ের সময় পাওয়া আতিথেয়তা ও স্থানীয় মানুষের প্রতি এসপোসিতো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি মসজিদের ভেতরে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজে অংশ নিচ্ছেন এই অভিনেতা।

‘সেভেন ডগস’ সৌদি আরবে নির্মিত বড় প্রযোজনাগুলোর একটি। দেশটি নিজেদের বিনোদন ও চলচ্চিত্র খাত সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পী ও নির্মাণ প্রতিষ্ঠানকে আকৃষ্ট করতে কাজ করছে।




মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২৬ চলমান। ক্রীড়ার এই মহাযজ্ঞের উত্তাপে কাঁপছে গোটা দুনিয়া। সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। মাঠে দল না থাকলেও সমর্থনে ভাগ হয়ে গেছে দুই পরাশক্তি-ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় রঙিন চারপাশ।

এই ফুটবল আবহে শোবিজ অঙ্গনের তারকারাও সরব। প্রিয় দল-খেলোয়াড় নিয়ে মন্তব্য করছেন, দিচ্ছেন নানা প্রতিক্রিয়া। তবে সবার থেকে একটু ভিন্নভাবে নিজের ভালোবাসা প্রকাশ করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

শনিবার (২০ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি শেয়ার করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি–এর একটি স্কেচ। নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তুলেছেন মেসির চুল, দাড়ি, চোখ-এমনকি তার স্বাভাবিক হাসিটিও।

আর এই পোস্টের ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘আমি মেসির একটা ছবি আঁকব-এটা দেখে মেসি ভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।’

স্কেচটি পোস্ট করার পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। সেইসঙ্গে ভক্ত-সমর্থকরা প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেতাকে। কেউ লিখেছেন, ‘আপনি দুই বাংলার খ্যাতিমান অভিনেতা, পাশাপাশি একজন প্রতিভাবান চিত্রশিল্পীও।’ আবার কেউ তুলনা টেনেছেন, ‘মেসি যেমন ফুটবলে সেরা, আপনি তেমন অভিনয়ে।’

অভিনয়ের পাশাপাশি গান ও আঁকাআঁকিতেও সমান দক্ষ চঞ্চল চৌধুরী। নিয়মিতই প্রিয়জন ও বিশিষ্ট ব্যক্তিদের ছবি এঁকে সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। ইতোমধ্যে সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়–সহ অনেকের প্রতিকৃতি তার ডিজিটাল তুলিতে ধরা পড়েছে।




‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’

বিনোদন ডেস্ক : ঈদের তারকাবহুল সিনেমার ভিড়ে বক্স অফিসে এখন চলছে ছকভাঙা গল্পের নীরব জয়জয়কার। মুক্তির প্রথম সপ্তাহে শাকিব খানের তারকা-প্রভাবে আজমান রুশোর ‘রকস্টার’ প্রেক্ষাগৃহে ঝড় তুললেও, দুর্বল চিত্রনাট্যের কারণে দ্রুতই এর আবেদন কমতে শুরু করেছে।

ঠিক তখনই গল্প ও নির্মাণের মুন্সিয়ানা দেখিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। ফলস্বরূপ, ঈদের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও মাল্টিপ্লেক্সে দর্শক চাহিদার পাশাপাশি আয়ের দৌড়েও ‘রকস্টার’কে পেছনে ফেলে দিয়েছে এই সিনেমাটি।

মুক্তির ২১তম দিনে দেশের মাল্টিপ্লেক্সগুলোর অনলাইন বুকিংয়ের তথ্য অনুযায়ী, ‘রকস্টার’-এর ২২টি শো থেকে টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ২৯ হাজার টাকার। অন্যদিকে, প্রবল দর্শক আগ্রহের কারণে প্রতিদিন ২৮টি শো নিয়ে দাপট দেখাচ্ছে ‘রইদ’। শুধু তাই নয়, ২১তম দিনে ছবিটির আয় হয়েছে ২ লাখ ২৬ হাজার টাকা, যা শাকিব খানের ‘রকস্টার’-এর চেয়ে প্রায় দ্বিগুণ।

শুরুতে বিপুল সাড়া পাওয়ায় মোট আয়ের অঙ্কে ‘রকস্টার’ কিছুটা এগিয়ে থাকলেও, নির্মাণব্যয়ের দিক থেকে লগ্নিকৃত টাকা তুলে আনার ক্ষেত্রে বাজিমাত করেছে ‘রইদ’। তা ছাড়া দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির প্রদর্শনী হচ্ছে দেদার, যা থেকে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ভিন্নধর্মী গল্পের সিনেমা ‘রইদ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ। অন্যদিকে অ্যাকশন-ড্রামা ঘরানার ‘রকস্টার’ ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে কাজী সাবির ও তারিক আনাম খানকে।




দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান, জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা

বিনোদন ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের এ দুঃসংবাদ দিলেন তিনি।

পোস্টে জোভান লিখেন, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক এক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।

দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে-তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।

বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করার পরামর্শ দিয়ে অভিনেতা বলেন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো।

সবশেষ গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এই অভিনেতা।

অভিনেতার এই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ফারহান আহমেদ জোভান। বিভিন্ন সময় ব্যক্তিগত অভিজ্ঞতা ও সচেতনতামূলক বার্তা শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।




কাজের চাপে অসুস্থ জেনিফার লোপেজ, ভর্তি হয়েছিল হাসপাতালে

বিনোদন ডেস্ক : তারকাখ্যাতি ও সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা কঠোর পরিশ্রম এবং ত্যাগের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ। তিনি জানিয়েছেন, টানা ৯৮ দিন কোনো ছুটি ছাড়াই কাজ করার ফলে অতিরিক্ত চাপ ও মানসিক ক্লান্তিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

৫৬ বছর বয়সী জেনিফার লোপেজ জানান, ‘এনাফ’  সিনেমার শুটিং চলাকালে তিনি একসঙ্গে চারটি সিনেমা এবং তার ‘জেএলও’ অ্যালবামের কাজ করছিলেন। দিনের দীর্ঘ সময় শুটিংয়ের পর রাতভর স্টুডিওতে গান রেকর্ড করতেন। এমনকি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও চলত মিউজিক ভিডিওর শুটিং।

জানা যায়, টানা ৯৮ দিন বিরতিহীনভাবে কাজ করার পর শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেনিফার। তিনি বুকে অস্বস্তি অনুভব করেন, চোখে ঝাপসা দেখতে শুরু করেন এবং একপর্যায়ে শরীর অবশ হয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে সহকারীর সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক ক্লান্তির কারণেই তার এই শারীরিক অবস্থা তৈরি হয়েছিল।

পডকাস্টে জেনিফার আরও বলেন, ‘সেলেনা’ চলচ্চিত্রের পর তার জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। ওই সময় থেকেই প্যানিক অ্যাটাকের মতো মানসিক সমস্যার মুখোমুখি হতে শুরু করেন তিনি। একবার ভক্তদের ভিড়ে ঘিরে ধরার ঘটনায় তিনি তীব্র অস্বস্তি অনুভব করেছিলেন।

এই অভিজ্ঞতার পর থেকেই ব্যক্তিগত জীবনকে আরও গোপন রাখার চেষ্টা করেন জেনিফার লোপেজ। অতিরিক্ত জনসমাগম ও পাপারাজ্জিদের এড়াতে এখন বেশিরভাগ সময় ঘরেই কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।




নিজ ঘর থেকে তরুণ অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন দুনিয়ায় ফের নক্ষত্রপতন। মাত্র ২২ বছর বয়সেই জীবনের যুদ্ধ থামিয়ে দিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগাল। রবিবার (১৪ জুন) মুম্বাইয়ের কাছে নালাসোয়ারা পূর্ব এলাকায় নিজের আবাসন থেকেই উদ্ধার হয় তার ঝুলন্ত মরদেহ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তরুণী অভিনেত্রী আত্মহত্যা করেছেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি টেলিভিশন তথা বিনোদনজগতে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে নালাসোয়ারা পূর্বের আচোলে গ্রামের সাঁই সন্তোষী বিল্ডিংয়ে সঞ্চিতার নিজস্ব বাসভবনে। আচোলে থানার সহকারী পুলিশ পরিদর্শক বিনোদ বাঘ জানিয়েছেন, রবিবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সঞ্চিতা নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এরপর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং দ্রুত ভাসাই-ভিরার মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা সঞ্চিতাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অভিনেত্রীর বাবা মাচ্ছিন্দ্র উগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ সোমবার (১৫ জুন) আচোলে থানায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (বিএনএসএস)-এর ১৯৪ ধারা অনুযায়ী একটি অপমৃত্যুর (এডিআর) মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। ঠিক কী কারণে এই চরম পদক্ষেপ নিলেন ২২ বছরের এই প্রতিভাবান অভিনেত্রী, তা এখনো স্পষ্ট নয়। তবে পারিবারিক বা পেশাগত কোনো মানসিক অবসাদ এর পেছনে ছিল কি না, তা খতিয়ে দেখতে সমস্ত দিক থেকে তদন্ত শুরু করেছে পুলিশ।

খুব অল্প সময়ের মধ্যেই বিনোদন দুনিয়ায় নিজের মাটি শক্ত করছিলেন সঞ্চিতা। টেলিভিশনের পাশাপাশি ওটিটি এবং বড় পর্দাতেও কাজ শুরু করেছিলেন তিনি। জি টিভির অন্যতম দীর্ঘমেয়াদি সফল ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ ‘দিয়া ট্যান্ডন’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এ ছাড়া ‘ওয়াগলে কি দুনিয়া’ ধারাবাহিকে ‘রুচিতা জেইটলি’ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। পরবর্তীতে দঙ্গল টিভির ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ধারাবাহিকে সোরাব বেদীর বিপরীতে ‘সুকুন’ চরিত্রে মূল নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি। শুধু ছোট পর্দা নয়, মনোজ বাজপেয়ী অভিনীত ওটিটি ফিল্ম ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’ এবং ভিকি কৌশল অভিনীত ঐতিহাসিক ছবি ‘ছাবা’-তে তারারানীর অল্প বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্চিতা।

ক্যারিয়ারের এমন সাফল্যের মাঝেই তার এই আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না সহকর্মী ও অনুরাগীরা। ঘটনার বিশদ তদন্ত জারি রেখেছে পুলিশ।