ম্যাচ শুরুর আগেই ব্রাজিলকে পড়শির শুভকামনা

বিনোদন ডেস্ক : রাত পোহালেই বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে হট ফেভারিট দল ব্রাজিল। তাই প্রিয় দলকে আগেই শুভকামনা জানিয়েছেন সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শি।

শনিবার (১৩ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে নতুন একটি ছবি আপলোড করেন পড়শি। ছবিতে দেখা যাচ্ছে, ব্রাজিলের জার্সি পরে আছেন গায়িকা। হাতে ধরে রেখেছেন ফুটবল। ক্যাপশনে পড়শি লেখেন, ‘শুভকামনা ব্রাজিল।’

ক্যাপশনে ব্রাজিলের পতাকা ও হ্যাশট্যাগ করে ফিফা ওয়ার্ল্ড কাপ লিখেছেন তিনি। গায়িকার এমন পোস্টের পরই মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা।
কজন লেখেন, ‘ব্রাজিল মানেই আগুন। আমার ভালোবাসার মানুষটাও ব্রাজিল’। আরেকজন মন খারাপ করে লেখেন, ‘এটা কোনো কথা তুমিও ব্রাজিল।’
রোববার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে জয়ের জন্য মাঠে লড়াই করবে ব্রাজিল দল। বিশ্বকাপের ১ম রাউন্ডে দলটির ম্যাচ আছে আরও দুটি।



হলিউড সিনেমার পোস্টার হুবহু নকলের অভিযোগ, ট্রোলের মুখে আলিয়ার ‌‘আলফা’

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘আলফা’-এর নতুন পোস্টার প্রকাশ পেতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। অ্যাকশনধর্মী ও টানটান উত্তেজনায় ভরপুর টিজার প্রকাশের পর শুক্রবার সিনেমাটির অফিশিয়াল পোস্টারটি সামনে আনেন নির্মাতারা। তবে পোস্টারটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটি বড় অংশ অভিযোগ তুলেছেন যে, হলিউডের বিখ্যাত সায়েন্স ফিকশন সিনেমা ‘ডিউন’-এর পোস্টার হুবহু নকল করে এটি তৈরি করা হয়েছে।

যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) স্পাই ইউনিভার্সের এই নতুন পোস্টারটিতে আলিয়া ভাট, শর্বরী বাগ, ববি দেওল এবং অনিল কাপুরকে অত্যন্ত রুক্ষ এবং বিধ্বংসী লুকে দেখা গেছে। পুরো পোস্টারটিতে মরুভূমির আবহ এবং ধূসর-বাদামি রঙের (সেপিয়া টোন) একটি বিশেষ মিশ্রণ ব্যবহার করা হয়েছে, যা সিনেমাটিতে একটি ভিন্নধর্মী ও ভবিষ্যৎ পৃথিবীর আবহ তৈরি করেছে। নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘দ্য আলফা গ্যাং’।

তবে এই ব্যাকগ্রাউন্ড এবং কালার গ্রেডিং দেখেই দর্শকরা সিনেমাটির সঙ্গে টিমোথি শালামে ও জেনডায়া অভিনীত হলিউড ব্লকবাস্টার ‘ডিউন’-এর প্রচারণামূলক পোস্টারের মিল খুঁজে পান।

পোস্টারটি প্রকাশের পরপরই এক্স (সাবেক টুইটার) সহ বিভিন্ন মাধ্যমে ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে। অনেক ব্যবহারকারী হলিউডের জনপ্রিয় এই সিনেমার পোস্টারের গঠন, রঙের ব্যবহার এবং সামগ্রিক আবহের সঙ্গে ‘আলফা’-এর হুবহু মিল নিয়ে কড়া সমালোচনা করছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, অন্তত নিজেদের কিছু মৌলিক কাজ করুন। নকল করেই তো সব চলছে। অন্য এক নেটিজেন উপহাস করে লিখেছেন, আমার মনে হয় তারা এই পোস্টার বানাতে চ্যাটজিপিটি ব্যবহার করেছে। হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল ডিউন-এর অভিনেতাদের সরিয়ে আলফার অভিনেতাদের বসিয়ে দিতে। আবার কেউ কেউ রসিকতা করে বলছেন, ডিউন সিনেমার প্রযোজকরাই হয়তো ভবিষ্যতে এসে আলফার পোস্টার কপি করেছিলেন!

শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ সিনেমাটি মূলত ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের সপ্তম কিস্তি। সিনেমার সাম্প্রতিক টিজারে দেখা গেছে, এটি ‘সীতা’ (আলিয়া ভাট) নামের এক নারীর উত্থানের গল্প, যাকে তার বাবা (ববি দেওল) একজন পেশাদার হত্যাকারী বা অ্যাসাসিন হিসেবে গড়ে তোলেন। আগামী ৩ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।




সিনেমায় নিজেকে ‘ফ্লপ অভিনেতা’ সম্বোধন, ভক্তদের ক্ষোভ নিয়ে মুখ খুললেন অক্ষয়

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই নেটদুনিয়ায় একটি নির্দিষ্ট সংলাপ নিয়ে তুমুল চর্চা চলছে। ট্রেলারে অক্ষয়কে ‘ফ্লপ অভিনেতা’ বলে সম্বোধন করা হয়েছে, যা নিয়ে তার ভক্তদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

সম্প্রতি মুম্বাইয়ে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। তিনি ভক্ত ও দর্শকদের এই সংলাপটিকে ব্যক্তিগতভাবে না নিয়ে সিনেমার চরিত্রের খাতিরে দেখার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, নির্মাতারা কেন তার জন্য এই নির্দিষ্ট শব্দটি বেছে নিলেন? জবাবে অক্ষয় কুমার বলেন, এটিকে ছবির গল্প এবং চরিত্রের প্রেক্ষাপট থেকেই বোঝা উচিত, তার বাস্তব জীবনের ক্যারিয়ারের ওপর কোনো ব্যক্তিগত মন্তব্য হিসেবে নয়। তিনি আরও বলেন, এই ধরনের অভিব্যক্তি বা সংলাপ প্রায়শই একটি চরিত্রের অংশ বা আখ্যানের প্রয়োজনে তৈরি করা হয়।

রসিকতার সুরে অক্ষয় বলেন, আমাদের কখনো বলা হয় না যে বাস্তব জীবনের কোনো খোঁচা বা কটাক্ষ হিসেবে এই সংলাপগুলো ব্যবহার করতে হবে। আমি নিশ্চিত আপনারা অত্যন্ত বুদ্ধিমান দর্শক। যখনই কোনো সিনেমা দেখবেন, তখন তা সিনেমার চরিত্রের আলোকেই বিচার করবেন। আমার জন্য খারাপ লাগার কারণে আপনাদের ধন্যবাদ, তবে দয়া করে এটিকে এত গুরুত্ব সহকারে নেবেন না।

চার মিনিট ১০ সেকেন্ডের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ট্রেলারটিতে দেখা গেছে, কমেডি ও অ্যাকশনের এক দারুণ মিশ্রণ। এবার সিনেমার পটভূমি চেনা শহর ছাড়িয়ে চলে গেছে গভীর জঙ্গলে, যেখানে একগুচ্ছ ভুল বোঝাবুঝির কারণে একদল অভিনেতা এক বড়সড় বিপদে জড়িয়ে পড়েন। গল্পের কেন্দ্রে রয়েছেন অক্ষয় কুমার, যিনি এমন এক অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন, যার পর পর কয়েকটি সিনেমা ফ্লপ হওয়ায় তিনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। জ্যাকলিন ফার্নান্দেজের বিপরীতে একটি নতুন প্রজেক্টে সুযোগ পাওয়ার পর তার ভাগ্য বদলাতে শুরু করে। তবে সিনেমার শুটিং করতে গিয়ে পুরো ক্রু যখন ভারত সীমান্তের কাছাকাছি একটি গ্রামে পৌঁছায়, তখন গল্পে নতুন মোড় নেয়। গ্রামের সাধারণ মানুষ এই অভিনেতাদের বাস্তব জীবনের আসল সেনা বা বীর ভেবে ভুল করে এবং জ্যাকি শ্রফের নেতৃত্বাধীন একটি বিপজ্জনক গ্যাংয়ের হাত থেকে তাদের রক্ষা করার অনুরোধ জানায়। এই চরম বিভ্রান্তি থেকেই তৈরি হয় একের পর এক হাসির পরিস্থিতি, যেখানে অক্ষয়ের চরিত্রটিকে বারবার সবাইকে মনে করিয়ে দিতে দেখা যায় যে তিনি কেবল একজন অভিনেতা, বাস্তব জীবনের কোনো হিরো নন।

আহমেদ খান পরিচালিত এবং ফিরোজ এ নাদিয়াদওয়ালা, রাকেশ ডাং ও বেদান্ত বিকাশ বালি প্রযোজিত বহু প্রতীক্ষিত এই সিনেমাটি আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।




শিল্পকলায় আজ থেকে ‘নতুন নাটকের উৎসব ২০২৬’

বিনোদন ডেস্ক : দেশীয় নাট্য সংস্কৃতির বিকাশ ও নতুন সৃষ্টির লক্ষ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে আট দিনব্যাপী নতুন নাটকের উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এই বিশেষ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। নতুন নাটক তৈরি এবং দর্শকদের নাটকের প্রতি আরও বেশি আকৃষ্ট করাই এই উৎসবের মূল উদ্দেশ্য।

এবারের উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের মোট আটটি নাট্যদল তাদের নতুন নাটক মঞ্চায়ন করবে। উদ্বোধনী দিনে দিনাজপুর নাট্য সমিতির বিশেষ নাটক প্রদর্শিত হবে। এছাড়া বান্দরবানের একটি ঐতিহ্যবাহী দলসহ দেশের নামকরা বেশ কয়েকটি নাট্য সংগঠন এই উৎসবে অংশ নিচ্ছে, যা নাটকপ্রেমীদের মাঝে আলাদা উদ্দীপনা তৈরি করেছে।

জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যায় মূল নাটক মঞ্চায়নের আগে থাকবে ঐতিহ্যবাহী বাংলা নাটকের গান পরিবেশনা। ঢাকা ও ঢাকার বাইরের আটটি দল এই সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবে।

এছাড়া উৎসবের অংশ হিসেবে আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত তরুণ ও উদীয়মান নাট্যনির্দেশকদের কাজের দক্ষতা বাড়াতে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়েছে।




স্পাই ইউনিভার্সে নতুন মিশন ‘আলফা’, চমকে দিলেন আলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস আবারও তাদের স্পাই ইউনিভার্সে নতুন মাত্রা যোগ করল। প্রকাশ পেল তাদের নতুন সিনেমা ‘আলফা’র টিজার, যেখানে প্রথমবারের মতো এক ভয়ংকর ও প্রশিক্ষিত নারী ঘাতকের ভূমিকায় দেখা গেছে আলিয়া ভাটকে।

টিজারে অ্যাকশন, আবেগ ও রহস্যের মিশ্রণে গড়া এই চরিত্র ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। পরিচালনা করেছেন শিব রাওয়াইল এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

টিজারে দেখা যায়, ছোটবেলা থেকেই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হয় আলিয়ার চরিত্রকে। তার ১৮তম জন্মদিনেই তাকে প্রথম হত্যার দায়িত্ব দেওয়া হয়, যা থেকেই শুরু হয় তার বিপজ্জনক যাত্রা। চরিত্রটির সঙ্গে যুক্ত রয়েছে ‘আলফা’ নামের একটি গোপন প্রোগ্রাম, যেখানে ভবিষ্যৎ যোদ্ধাদের তৈরি করা হয়।

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ববি দেওল এবং অনিল কাপুর। পাশাপাশি আরেক প্রধান চরিত্রে রয়েছেন শর্বরী ওয়াঘ, যার ভূমিকা নিয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

নির্মাতারা জানিয়েছেন, ‘আলফা’ মূলত নারীকেন্দ্রিক একটি অ্যাকশন থ্রিলার, যেখানে দুই নারী চরিত্রের শক্তি ও মানসিক দৃঢ়তাকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। ভিএফএক্স ও পোস্ট-প্রোডাকশনের কারণে মুক্তির তারিখ পরিবর্তন করে সিনেমাটি ৩ জুলাই ২০২৬-এ বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, যশ রাজ ফিল্মস স্পাই ইউনিভার্স শুরু হয় ‘এক থা টাইগার’ দিয়ে, এরপর ‘পাঠান’, ‘ওয়ার’ এবং ‘টাইগার’ সিরিজের মাধ্যমে এটি বলিউডের অন্যতম সফল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে। এবার সেই ইউনিভার্সে যুক্ত হচ্ছে আলিয়ার ‘আলফা’, যা ঘিরে ইতোমধ্যেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।




৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে, লন্ডনে কেমন আছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বর্তমানে জীবনের এক কঠিন অধ্যায় অতিক্রম করছেন। দীর্ঘ অভিনয়জীবন ও সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকার পর এখন তার সময় কাটছে চিকিৎসা, হাসপাতাল এবং পরিবারের সদস্যদের সান্নিধ্যে।

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত বছর থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। সেখানে মেয়ের বাসায় অবস্থান করে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা সম্ভব হলেও জটিলতার ঝুঁকির কারণে পুরো টিউমার সরানো যায়নি।

পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত। এরপর থেকেই তার চিকিৎসা ও পর্যবেক্ষণ চলমান রয়েছে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতার জন্য প্রার্থনা করে যাচ্ছেন।

অস্ত্রোপচারের শেষে শুরু হয় দীর্ঘ চিকিৎসাযাত্রা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপি নেওয়ার পাশাপাশি বর্তমানে চলছে দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি। পরিবার-ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় এরই মধ্যে প্রায় ৬০টি কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে। এরপর তিন মাসের প্রথম ধাপের ওরাল থেরাপি শেষ করে তিনি এখন দ্বিতীয় ধাপের আরও তিন মাসের ওরাল থেরাপি নিচ্ছেন।

তবে এত দীর্ঘ চিকিৎসার পরও ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি বলে জানিয়েছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। বুধবার (১০ জুন) সকালে তিনি বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাইয়ের শারীরিক অবস্থা মোটামুটি আগের মতোই রয়েছে। উন্নতিও নেই। বর্তমানে যে থেরাপি চলছে, তা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। এরপর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা কী, তা নতুন করে জানাবেন এবং পরবর্তী করণীয় কী, তা জানাবেন।

চিকিৎসকের বরাতে লিটন এরশাদ জানালেন, অস্ত্রোপচারের পর ক্যানসার যে স্থানে ছিল, এখনো সেখানেই রয়েছে। যদিও তা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। এটিকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন চিকিৎসকেরা। তাদের আশা, দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি শেষ হলে শারীরিক অবস্থার কিছু উন্নতি দেখা যেতে পারে।

তবে প্রতিদিনের বাস্তবতা সহজ নয়। লিটন এরশাদ জানান, কাঞ্চন ভাই এখন ধীরে ধীরে কথা বলতে পারেন, কিন্তু কথাবার্তায় জড়তা রয়েছে। অনেক সময় কয়েক মিনিট কথা বলার পর তিনি পুরো বাক্য শেষ করতে পারেন না। একটি পূর্ণ বাক্য শেষ করতেও কষ্ট হয় তার। খাবারদাবার মোটামুটি স্বাভাবিক থাকলেও নিয়মিত সময়মতো খাওয়ার অভ্যাসটিও আগের মতো নেই।

একসময় চলচ্চিত্রের শুটিং, সামাজিক কর্মসূচি আর নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে যার দিন-রাত কেটে যেত, সেই মানুষটির সময় এখন কাটছে হাসপাতালের ফলোআপ আর মেয়ের লন্ডনের বাড়ির চারদেয়ালের মধ্যে। স্বভাবতই এই পরিবর্তন তাকে অস্থির করে তোলে। তবু পরিবারের ভালোবাসাই হয়ে উঠেছে তার সবচেয়ে বড় শক্তি।

মেয়ে, জামাতা এবং নাতি–নাতনিদের সঙ্গেই কাটছে তার বেশির ভাগ সময়। কখনো তাদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়া, কখনো পারিবারিক আড্ডা—এই ছোট ছোট মুহূর্তই কিছুটা স্বস্তি এনে দিচ্ছে তার দীর্ঘ চিকিৎসাজীবনে। সম্প্রতি পরিবারের সঙ্গে কাটানো কিছু হাসিমুখের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ভেবেছিলেন, হয়তো দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। কিন্তু বাস্তবতা হলো, সুস্থতার পথ এখনো দীর্ঘ।




মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে তানিয়া বৃষ্টি নিজেই বললেন ‘ভালো আছি’

বিনোদন ডেস্ক : ছোটপর্দার আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন তানিয়া বৃষ্টি। গত কয়েক মাস ধরেই তার শারীরিক অবস্থা খারাপ। এরইমধ্যে হঠাৎ তার অসুস্থতা ও মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। বিষয়টি জানতে পেরে গুঞ্জনের অবসান ঘটিয়ে ভালো আছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

মঙ্গলবার (৯ জুন) দেশের একটি সংবাদমাধ্যমকে তানিয়া বৃষ্টি জানিয়েছেন, জীবিত আছেন তিনি, ভালো আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে বিশ্রামে আছেন। বলেন, ‘মহান আল্লাহর রহমতে ভালো আছি। বাসাতেই আছি আমি। পরিপূর্ণ বিশ্রামে আছি।’

তানিয়া বৃষ্টি জানান-এখন চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। নির্ধারিত সময় অনুযায়ী চেকআপও করাচ্ছেন। তিনি বলেন, ‘আমার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তার রয়েছেন, সেখানে নিয়মিত চেকআপ করাতে হয়। আমি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছি।’

আগামী ২০ জুন কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। এ জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তানিয়া বৃষ্টি। তিনি বলেন, ‘দুটি সার্জারি হয়েছে, তৃতীয় সার্জারি করাতে কিছুটা সময় লাগবে। মাথায় নতুন করে কোনো জটিলতা যেন না হয়, এ কারণে বাসায় বেশি থাকি। এখন খুব একটা বাইরে বের হই না।’

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ অভিনেত্রী। পরে জানা যায়, মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়েছে। ওই মাসেই অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। তারপর থেকে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তারপর গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান উন্নত চিকিৎসার জন্য। সেখান থেকে এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফেরেন। এরপর থেকে বাসায় বিশ্রামে রয়েছেন।

এ অভিনেত্রী ওই সময় দেশে ফেরার পর সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, চিকিৎসকের পরামর্শ মোতাবেক আরও একটি অস্ত্রোপচার করাতে হবে। কিন্তু সেটি এখনই করা যাবে না। এ জন্য কিছুটা সময়ের প্রয়োজন। চিকিৎসকরা জানিয়েছেন, তৃতীয় সার্জারিও করাতে হবে। যেহেতু কিছুটা সময় লাগবে, তাই এখন বিশ্রামে থেকে সেই প্রস্তুতি নিচ্ছেন।

প্রসঙ্গত, ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। পরে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোয়েন্দাগিরি’ সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।




২৭ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বিনোদন ডেস্ক : বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির প্রায় ২৭ বছর পর নতুন রূপে ফিরছে পর্দায়। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে নির্মিত এই রিমেকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান।

তিনি জানান, প্রায় তিন মাস আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। ইতোমধ্যে এটি সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রও পেয়েছে। এখন সব কিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

রিমেক নির্মাণের অভিজ্ঞতা নিয়ে কামরুজ্জামান বলেন, ‘এ ধরনের ছবি রিমেক করাটা একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা কাজটা করেছি। ছবিটি দেখার পর বাকিটা সবাই বলবেন।’

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছিলেন বাসু চ্যাটার্জি।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। নতুন সংস্করণে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিনকে।

এ ছাড়া ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমায় আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ অনেকে।

এটি আরিয়ান সারোয়ারের দ্বিতীয় সিনেমা হলেও প্রথমবার তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘শুটিংয়ের আগে পুরো ছবিটি দেখেছি একাধিকবার।

ফেরদৌস ভাইকে অনুসরণ করেছি, তবে অনুকরণ নয়, পরিচালকের নির্দেশনা ও আমার মতো করে চরিত্রটা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তবে অভিনয়জীবনের শুরুতে এটা বড় একটা প্রাপ্তি এমন চরিত্রে অভিনয় করতে পারা।’

‘হঠাৎ বৃষ্টি’ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমাগুলোর একটি। মূল ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। আর নতুন রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।




বিয়ের সাজে অপু বিশ্বাস, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

বিনোদন ডেস্ক : প্রায়ই ভিন্ন ভিন্ন কারণে আলোচনায় থাকেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বিশেষ করে ব্যক্তিজীবন নিয়ে তাকে ঘিরে আলোচনা শেষ নেই। এবার অভিনেত্রীকে নিয়ে চর্চা শুরু হয়েছে তার সর্বশেষ ফেসবুক পোস্ট ঘিরে।

শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে বিয়ের সাজে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন অপু। যার ক্যাপশনে তিনি লিখেন, সৌকর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।

ছবিগুলোতে তাকে গাঢ় বেগুনি রঙের শাড়িতে দেখা যায়, যেখানে সূক্ষ্ম জরি ও নকশার কাজ রয়েছে। পুরো সাজে গলা, কান ও হাতে মানানসই গয়না যুক্ত করে তাকে অভিজাত ও বিয়ের সাজের আদলে নিজেকে উপস্থাপন করতে দেখা যায়।

তার এই পোস্টে ভক্ত-অনুরাগীদের প্রশংসা যেমন এসেছে, তেমনি দেখা গেছে নানা আলোচনা-সমালোচনাও। অনেকেই তার লুক ও স্টাইলের প্রশংসা করলেও কেউ কেউ সম্প্রতি শাকিব খান ও শবনম বুবলীর সন্তানের প্রসঙ্গ টেনে মন্তব্য করছেন।

এর আগে, শুক্রবার শবনম বুবলী এক ফেসবুক পোস্টে জানান, তার ও শাকিব খানের সংসারে কন্যাসন্তানের জন্ম হয়েছে। তবে এ বিষয়ে শাকিব খানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে, যেখানে শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের প্রসঙ্গও উঠে আসছে। অপুর ব্যক্তিজীবন এবং শাকিব খানের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে আগে থেকেই দর্শক ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।




শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শারলিন খান

বিনোদন ডেস্ক : ঢালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ঘর আলো করে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের মা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করেছেন বুবলী।

শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে ট্যাগ করা এক পোস্টে কন্যাসন্তানের খবর নিশ্চিত করেন বুবলী। জানিয়েছেন, তাদের মেয়ের নাম রেখেছেন শার্লিন খান।

পোস্টের ক্যাপশনে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

বুবলী বলেন, আমার মেয়ে এখন বেশ ভালো ও সুস্থ আছে। গত ১১ মে (সোমবার) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার জন্ম হয়। বোনকে পেয়ে বেশ খুশি শেহজাদ।

খুব শিগগির কাজে ফিরবেন জানিয়ে তিনি বলেন, কাজে ফেরার তাগাদা তো আছেই। প্রযোজকরা অনেক টাকা লগ্নি করেছেন। মাতৃত্বকালীন সময়টাতে অনেকগুলো কাজ ঝুলে গেছে। তাই কিছুদিন বিশ্রাম শেষে খুব শিগগির কাজে ফিরব, যাতে কোনো নির্মাতাই ক্ষতিতে না পড়েন। আশা করছি, এ সময়টুকু তারা বিবেচনায় রাখবেন।

উল্লেখ্য, শাকিব-বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীর। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে তার জন্ম হয়। পরে সোশ্যাল মিডিয়ায় ছেলের জন্মের বিষয়টি জানান দেন শাকিব-বুবলী দুজনেই।