শুটিং সেটে আঘাত পেলেন শ্রদ্ধা, সোশ্যাল মিডিয়ায় প্রার্থনার ঢল

বিনোদন ডেস্কঃ সময়টা ভালো যাচ্ছে না শ্রদ্ধা কাপুরের। তার ভাই সিদ্ধান্ত কাপুরের বিরুদ্ধে মুম্বাইয়ে ২৫২ কোটি টাকার মামলা হয়েছে। এ বার বিপাকে পড়লেন তিনি। শনিবার (২২ নভেম্বর) শুটিং সেটে আহত হয়েছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান টাইমস’ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের মহারাষ্ট্রের বরেণ্য তামাশা শিল্পী বীথাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকারের জীবনভিত্তিক সিনেমা ‘এথা’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন শ্রদ্ধা কাপুর। চরিত্রের প্রস্তুতিতে মাসখানেক কঠোর অনুশীলনও করেছিলেন তিনি।

গত সপ্তাহে পরিচালক লক্ষ্মণ উতরেকর ‘এথা’র শুটিং শুরু করেন। কয়েক দিন সবকিছু স্বাভাবিকভাবে চললেও এক নাচের দৃশ্যেই বিপত্তি ঘটে। বীথাবাঈয়ের বিখ্যাত লোকনৃত্য ‘লাবণী’র স্টেপ অনুশীলন করার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান শ্রদ্ধা। এতে তার বাঁ পায়ের আঙুল ভেঙে যায়। সঙ্গে সঙ্গে বন্ধ করতে হয় শুটিং।

শুটিংয়ে লাবণী নৃত্যের সাজপোশাকে প্রস্তুত ছিলেন শ্রদ্ধা। লাবণী এমনিতেই দ্রুত লয়ের নাচ। সেই সঙ্গে ভারী শাড়ি, প্রচুর পরিমাণে গয়না ছিল গায়ে। সঙ্গে ছিলে ভারী কোমরবন্ধনী। সব মিলিয়ে ওজন প্রায় ১৫ কেজি। নাচতে নাচতে কোমরবন্ধনী খুলে পড়ে যায় এবং তাতেই শ্রদ্ধার পায়ে চোট লাগে।

এই ঘটনার পর তড়িঘড়ি মুম্বােই ফিরে আসেন অভিনেত্রী। যদিও প্রযোজকের টাকা ‘নষ্ট’ করতে নারাজ তিনি। তাই মুম্বাই ফিরেই যত ‘ক্লোজ শট’ রয়েছে সেটার শুটিং চালিয়ে যাচ্ছেন।




ক্যাটরিনার সঙ্গে গোপন প্রথম সাক্ষাতের কথা প্রকাশ করলেন ভিকি

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ব্যক্তিজীবন বরাবরই ছিল আড়ালে। প্রেম থেকে বিয়ে—সবই হয়েছে নিভৃতে। সন্তানের জন্মের পর এবার স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে প্রথমবার খোলামেলা কথা বললেন ভিকি।

সম্প্রতি তিনি ‘টু মাচ উইথ টুইঙ্কল অ্যান্ড কাজল’ অনুষ্ঠানে অংশ নিয়ে জানান, কীভাবে তার জীবনে আসেন ক্যাটরিনা। ভিকির জানায়, তাদের প্রথম দেখা হয়েছিল একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে তিনি সঞ্চালকের ভূমিকায় ছিলেন, আর ক্যাটরিনা মঞ্চে পারফর্ম করছিলেন। ব্যাকস্টেজে অভিনেতা সুনীল গ্রোভার তাদের পরিচয় করিয়ে দেন।

প্রথম দেখার অভিজ্ঞতা স্মরণ করে ভিকি বলেন, “মঞ্চে ‘ছিকনি চমেলি’ গানে ওর সঙ্গে নাচ করেছিলাম। পরে ব্যাকস্টেজে দেখা হতেই ক্যাটরিনা আমাকে শেখাতে শুরু করল, কীভাবে সঞ্চালনা করতে হয়—যদিও তখন আর কিছুই করার ছিল না, শুধু ‘গুড নাইট’ বলাটাই বাকি।”

এটাই ছিল প্রথম আলাপ। এরপর আরেকটি পুরস্কার অনুষ্ঠানে দ্বিতীয়বার দেখা হয় তাদের। সেখানেই এক স্ক্রিপ্টেড পর্বে মজার ছলে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলেন ভিকি। তিনি বলেন, “আমি মঞ্চে বলেছিলাম, ‘ক্যাটরিনা, তুমি কেন ভিকির মতো একজন ভালো মানুষকে বিয়ে করছ না?’ তখন আমরা কেউই কাউকে ডেট করছিলাম না। কিন্তু মুহূর্তটাই ভাইরাল হয়ে যায়।”

মজার সেই পর্ব থেকেই ধীরে ধীরে বাস্তব জীবনে শুরু হয় তাদের সম্পর্ক। কিছুদিন গোপনে প্রেমের পর ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা। পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিবাহ।

এরপর থেকে সংসার গুছিয়ে নিয়েছেন ভিকি-ক্যাটরিনা। সম্প্রতি তাদের সংসারে এসেছে নতুন সদস্যও। এখন আর আগের মতো লুকোচুরি নয়, ব্যক্তিজীবন নিয়েও খোলামেলা হতে দেখা যায় ভিকি কৌশলকে।




স্থগিত হলো জেমস–আলী আজমতের বহুল প্রতীক্ষিত কনসার্ট

বিনোদন ডেস্কঃ জনপ্রিয় রকস্টার জেমস ও পাকিস্তানের সুফি-রক ঘরানার শিল্পী আলী আজমতের কনসার্ট অনুমতি না পাওয়া কারণে স্থগিত করা হয়েছে।

‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই আয়োজনটি স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত করেছে।

শুক্রবার কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন সামাজিক মাধ্যম ফেসবুকে একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, “কিছু অনিবার্য পরিস্থিতির কারণে আজকের শো ‘আলী আজমত এক্স জেমস-লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ স্থগিত করা হয়েছে।”

আয়োজক প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে, তারা দ্রুততম সময়ের মধ্যে কনসার্টটি আয়োজনের চেষ্টা করছেন। প্রয়োজনীয় সরকারি অনুমতির অভাবেই অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে।

অ্যাসেন কমিউনিকেশন বিজ্ঞপ্তিতে টিকিট ক্রেতা, স্পন্সর এবং স্টল মালিকদের ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে। কনসার্টের নতুন তারিখ ও স্থান সম্পর্কে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে। টিকিট ক্রেতারা নতুন তারিখে সেই টিকিট ব্যবহার করতে পারবেন অথবা ফেরত নিতে পারবেন।

১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট ৯টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। শুরু থেকেই জুনুনের সঙ্গে আছেন আলী আজমত। ব্যান্ডের পাশাপাশি তিনি এককভাবে গেয়েছেন বলিউডেও।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্টটি আয়োজন করেছিল অ্যাসেন কমিউনিকেশন।




“চিলিকে পেছনে ফেলে বিশ্বে দ্বিতীয় সুন্দরী মিথিলা”

বিনোদন ডেস্কঃ ১২১টি দেশের প্রতিযোগীদের নিয়ে থাইল্যান্ডে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। প্রতিযোগীদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করেছে আয়োজক সংস্থা। একই সঙ্গে চলছে ভোটও। ১৯ নভেম্বর পর্যন্ত ভোট চলবে ভোট। বিশ্বের ১৩০ প্রতিযোগীদের মধ্যে কার মাথায় মুকুট উঠছে, তা নিয়ে চলছে জোর জল্পনা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এরইমধ্যে মডেলিং ও অভিনয় দিয়ে বেম জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা চমক দেখিয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত মিথিলা ২ লাখ ৮১ হাজারেরও বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। তিনি চিলির সুন্দরী ইন্না মলকে পেছনে ফেলে দিয়েছেন। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার আহতিসা মানালো। তাকে পেছনে ফেলতে মিথিলার আরও ২৯ হাজার ভোট প্রয়োজন। মিথিলা তার দেশবাসীর কাছে ভোট দিয়ে জয় অর্জনের আহ্বান জানিয়েছেন।

আশা করা যাচ্ছে, আজকালের মধ্যেই তিনি ভোট পেয়ে ফিলিপাইনের সুন্দরী আহতিসা মানালোকে ছাড়িয়ে এক নম্বরে পৌঁছাবেন। এছাড়াও ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ (প্রথম), ‘মিস কনজেনিয়ালিটি’ (দ্বিতীয়), ‘বেস্ট ইভিনিং গাউন’ (দ্বিতীয়) ও ‘বেস্ট স্কিন’ (তৃতীয়) বিভাগেও এগিয়ে আছেন মিথিলা। তাই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয়ী হতে হলে তাকে আরও প্রায় ২৯ হাজার ভোট পেতে হবে। তাই তিনি ভোট চাইছেন দেশবাসীর কাছে। জানিয়েছেন তাকে ভোট দেয়ার পদ্ধতিও।

মিথিলা জানান, অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে মুঠোফোনে ‘মিস ইউনিভার্স’র অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ ইনস্টল করে অ্যাকাউন্ট খুলুন বা লগইন করুন। এক্ষেত্রে ইমেল/সোশ্যাল লগইন অপশন থাকতে পারে। অ্যাপে প্রবেশ করে Vote বাটনে ক্লিক করুন। People’s Choice সেকশনে সিলেক্ট করে Tangia Zaman Methila -কে নির্বাচন করুন। এই সেকশনে ফ্রি ভোট পাওয়ার অপশন আছে সেগুলো ক্লেইম করে ব্যবহার করুন এবং বাংলাদেশকে ভোট দিন।

একাধিক ফ্রি ভোট পেতে একটি বিজ্ঞাপনের ভিডিও দেখুন এবং বিনামূল্যে ভোট সংগ্রহ করুন। এরপর বাংলাদেশকে ভোট দিন। এর আগে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ মুকুটজয়ী মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা।




“মুক্তির আগেই সাড়া ফেলে দিল বিজয়ের শেষ ছবি: আয় ৪০০ কোটি!”

বিনোদন ডেস্কঃ থালাপতি বিজয় অভিনীত ‘শেষ’ ছবি জননায়ক  মুক্তির দুই মাস আগেই বাণিজ্য জগতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। অ্যাকশন-রাজনৈতিক থ্রিলার ঘরানার এই ছবিটি প্রি-রিলিজ ব্যবসাতে রেকর্ড গড়েছে।

ইন্ডিয়া টু ডে’র খবর বলছে, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত তামিল ছবিগুলির মধ্যে অন্যতম হলো জননায়ক। স্যাকনিলকের রিপোর্ট অনুসারে, ছবিটি কেবল তামিলনাড়ু অঞ্চলের সিনেমা হলগুলোর স্বত্বই বিক্রি হয়েছে ১০০ কোটি রুপির বেশি দামে। অন্যদিকে, বিদেশের স্বত্ত্ব থেকে এসেছে প্রায় ৮০ কোটি রুপি।

এছাড়াও, সিনেমার গান নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। জানা গেছে, অডিও স্বত্ব বিক্রি হয়েছে প্রায় ৩৫ কোটি রুপিতে। অন্যদিকে, ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনেছে অ্যামাজন প্রাইম ভিডিও, যার দর দাঁড়িয়েছে ১১০ কোটি রুপি। সবমিলিয়ে, ছবির প্রি-রিলিজ আয় ইতিমধ্যেই ৩২৫ কোটি রুপি ছাড়িয়ে গেছে। যেহেতু স্যাটেলাইট স্বত্ব ও অন্যান্য কিছু অঞ্চলের স্বত্ব এখনও চূড়ান্ত হয়নি, তাই বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সব মিলিয়ে এই আয় খুব সহজেই ৪০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে যেতে পারে।

এইচ বিনোথ পরিচালিত এবং কেভিএন প্রোডাকশনস প্রযোজিত এই ছবিতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল (তামিল ছবিতে তাঁর অভিষেক), মামিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন এবং প্রিয়ামণি।

‘জননায়ক’ ছবিটি বিজয়ের অভিনেতা হিসেবে শেষ ছবি বলে মনে করা হচ্ছে। এরপর তিনি সম্পূর্ণভাবে রাজনীতিতে মনোনিবেশ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। আগামী বছর ৯ জানুয়ারি তামিল ও তেলুগু উভয় ভাষাতেই সিনেমাটি মুক্তি পেতে চলেছে।




“সালমানের ট্যুরে সোনাক্ষীর অনুপস্থিতি: নতুন ইঙ্গিত বলিউডে?”

বিনোদন ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী সোনাক্ষী সিনহার বন্ধুত্ব বহুদিনের। সালমানের বিভিন্ন দেশি-বিদেশি কনসার্ট ও প্রমোশনাল সফরে প্রায়ই দেখা গেছে সোনাক্ষীকে। তারই ধারাবাহিকতায় সালমানের আসন্ন ‘এশিয়ান ট্যুর’-এও সোনাক্ষীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ প্রকাশিত পোস্টারে দেখা যায়, তার জায়গায় স্থান পেয়েছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া।

এই পরিবর্তন ঘিরে বলিউডে শুরু হয়েছে নানা গুঞ্জন। একাংশের দাবি, সোনাক্ষী সিনহা নাকি অন্তঃসত্ত্বা, তাই এবার সফরে যেতে পারছেন না। অনেকে বলছেন, সম্প্রতি একটি পডকাস্টে সোনাক্ষীকে বারবার বালিশে ভর দিয়ে বসতে দেখা গেছে, যা থেকে সন্দেহের সূত্রপাত। আবার অনেকে তার ঢিলেঢালা পোশাক পরাকে গোপনীয়তার ইঙ্গিত হিসেবেও দেখছেন।

তবে এসব গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি সোনাক্ষী বা তার স্বামী অভিনেতা জাহির ইকবাল। এর আগেও একাধিকবার এমন খবর ছড়ালেও প্রতিবারই তা অস্বীকার করেছেন তারা।

তবুও সালমান খানের ঘনিষ্ঠ সফরসঙ্গী হিসেবে সোনাক্ষীর হঠাৎ বাদ পড়া এবং নতুন করে জল্পনার ঝড়—সব মিলিয়ে বলিউড মহলে চলছে নানান আলোচনা।




দিলারা জামানকে নিয়ে সাত পর্বের ধারাবাহিক

বিনোদন ডেস্কঃ অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘দাদীর ভাগ’। একজন দাদিকে ঘিরে এগিয়েছে নাটকের গল্প।

অভিনেতা জামিল হোসেনের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন বিদ্যুৎ রায়, পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম। নাটকটি শিগগিরই প্রচার পাবে ‘জামিলস জু’ নামের ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ রায় বলেন, “‘দাদীর ভাগ’ নাটকটি ছোট ধারাবাহিক হলেও একটা বড় ধারাবাহিক হয়ে ওঠার সমস্ত উপাদানই এর মধ্যে আছে। এই ধরনের নাটকের চিত্রনাট্য লিখতে গিয়ে বেশ স্বস্তিবোধ করেছি। আশা করছি দর্শকরা এই নাটকটি ভালোভাবে গ্রহণ করবে।”

দিলারা জামান বলেন, “দাদীর ভাগ নাটকের গল্প খুব সুন্দর। মৃত্যুর আগে দাদা সব সম্পত্তি দাদিকে লিখে দেয়। সেই সম্পত্তি ভাগাভাগি নিয়েই গল্প। কাজটা করে ভীষণ ভালো লেগেছে। সবাই এত আন্তরিক ছিল যে আমাকে কোনো রকম কষ্ট পেতে দেয়নি।”

ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জামিল হোসেন, মুনমুন আহমেদ মুন, নরেশ ভূঁইয়া, রেশমা আহমেদ, মম শিউলী, আমিন আজাদ, সূচনাসহ অনেকে।




‘সুফল’ নয়, কেলেঙ্কারি: বন অধিদপ্তরের বিশাল প্রকল্পে দুর্নীতির জাল ফাঁস করল দুদক

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনজ সম্পদ উন্নয়নের উদ্দেশ্যে ২০১৮ সালে বন অধিদপ্তর শুরু করেছিল প্রায় দেড় হাজার কোটি টাকার ‘টেকসই বন ও জীবিকা’ বা ‘সুফল’ প্রকল্প। লক্ষ্য ছিল দেশের বিভিন্ন জেলায় বনভূমি বৃদ্ধি ও মানুষের জীবিকা উন্নয়ন। কিন্তু মাঠপর্যায়ে গিয়ে দেখা গেছে, প্রকৃত কাজের তুলনায় কাগজে-কলমে তৈরি হয়েছে সাফল্যের গল্প।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি এই প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে। তদন্তে উঠে এসেছে—ভুয়া বিল-ভাউচারে কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়েছে, অনেক জায়গায় কেবল চারা লাগানোর নামেই টাকা গায়েব, আবার কিছু কর্মকর্তা বদলি ও পদায়নের মাধ্যমে কোটি টাকার বাণিজ্য করেছেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, অভিযান শেষে কমিশনের টিম একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছে। সেটি বিশ্লেষণ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, প্রকল্পটি ২০১৮ সালের ১ জুলাই শুরু হয়ে ২০২৩ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হলেও প্রকল্পের উল্লেখযোগ্য অংশ এখনো বাস্তবায়িত হয়নি। উদাহরণ হিসেবে বলা যায়, ২০২২-২৩ অর্থবছরে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা বিট এলাকায় ৫১০ হেক্টর বনভূমিতে বনায়নের পরিকল্পনা ছিল, কিন্তু বাস্তবে বনায়ন হয়েছে মাত্র ১৬০ হেক্টরে। একইভাবে ২০২৩-২৪ অর্থবছরের ৩৬২ হেক্টরের মধ্যে অনিয়ম ধরা পড়েছে উল্লেখযোগ্য অংশে।

সরকারি নথিতে দেখানো হয়েছে যে, প্রকল্পের আওতায় দেশের ২৪টি জেলায় মোট ১ লাখ ৩ হাজার ৯৬০ হেক্টর এলাকায় বনায়ন হয়েছে। এর মধ্যে শুধু কক্সবাজারেই ২০ হাজার ১৩৬ হেক্টর এবং বাকি ৮৩ হাজার ৮২৪ হেক্টর বন বিভাগের বিভিন্ন জেলায় ছড়ানো। উদাহরণস্বরূপ—ঢাকা বন বিভাগে ২,৮১০ হেক্টর, চট্টগ্রাম উত্তর বিভাগে ৯,২৭৩ হেক্টর, দক্ষিণে ৮,৬৭০ হেক্টর, চট্টগ্রাম শহরাঞ্চলে ৯,২১০ হেক্টর, ভোলায় ৮,৪২০ হেক্টর, পটুয়াখালীতে ৮,৩২০ হেক্টর, রাজশাহীর সামাজিক বন বিভাগে ১৭৭ হেক্টর, দিনাজপুরে ২,০৩০ হেক্টর, মৌলভীবাজারে ২৯০ হেক্টর, চট্টগ্রামে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগে ২,৬২০ হেক্টর, কক্সবাজার উত্তরে ৮,৪৬৮ হেক্টর, দক্ষিণে ১১,৬৬৮ হেক্টর, ময়মনসিংহে ৪,৪৪৩ হেক্টর, টাঙ্গাইলে ২,৭১৩ হেক্টর, নোয়াখালীর উপকূলীয় বিভাগে সবচেয়ে বেশি ১৯,৯৯০ হেক্টর, সিলেটে ৪,৬৪৮ হেক্টর এবং ঢাকার বন্যপ্রাণী বিভাগে ২০৫ হেক্টর বনায়নের কথা বলা হয়েছে।

তবে মাঠপর্যায়ে বাস্তব চিত্র ভিন্ন। শেরপুরের নকশী সীমান্ত ফাঁড়ির কাছাকাছি রংটিয়া রেঞ্জ এলাকায় সরেজমিনে দেখা গেছে, বনায়নের জায়গায় টিকে আছে মাত্র একটি চাপালিশ গাছ। অথচ সরকারি প্রতিবেদনে ওই জায়গায় বিশাল বাগান তৈরির কথা বলা হয়েছে। আশ্চর্যের বিষয়—গাছগুলোতে বন্য হাতির আক্রমণের কোনো চিহ্ন নেই, বরং অক্ষতভাবে দণ্ডায়মান।

দুদকের সূত্র বলছে, এই প্রকল্পে কেবল অর্থ নয়, বদলি বাণিজ্য ও সিন্ডিকেট গঠন করে কর্মকর্তারা নিজেদের মধ্যে সুবিধা বণ্টন করেছেন। একাধিক জেলার কর্মকর্তাদের সঙ্গে বন অধিদপ্তরের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুদকের প্রাথমিক তদন্তে পাওয়া এসব নথি যাচাই-বাছাইয়ের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বন সংরক্ষণ ও উন্নয়নের নামেই যে প্রকল্প নেওয়া হয়েছিল, তা এখন পরিণত হয়েছে দুর্নীতি ও অনিয়মের বনে।




২০২৪ সালের সেরা গীতিকার এ্যাওয়ার্ড পেলেন সিনিয়র সাংবাদিক ও গীতিকবি রোস্তম মল্লিক

বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন ( বিসিআরএ) এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রদত্ত দেশের গুনী শিল্প সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের কর্মের স্বীকৃতি ও সম্মাননা অনুষ্ঠান আগামী ৮ নভেম্বর ২০২৫ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা ঢাকায় অনুষ্ঠিত যাচ্ছে।

অনুষ্ঠানে ২০২৪ সালের সেরা গীতিকার হিসাবে এ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হয়েছেন দেশের বিশিষ্ট গীতিকবি রোস্তম মল্লিক। উল্লেখ্য যে, গীতিকবি রোস্তম মল্লিক ৪ হাজার গান লিখেছেন।




বাবা নয়, শুটিংয়ে শাহরুখকে ‌‘স্যার’ বলে ডাকেন আরিয়ান

সম্প্রতি ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজ দিয়ে বলিউডে অভিষেক ঘটে শাহরুখপুত্র আরিয়ান খানের। সিরিজে স্বল্প সময়ের উপস্থিতি ছিল কিং খানের। ছেলের পরিচালনায় বাবা, শুটিং সেটেও কি শাহরুখকে ‘বাবা’ বলেই ডাকতেন আরিয়ান?

এ প্রশ্নের জবাব মিলেছে কোরিওগ্রাফার মুদাসসের খানের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। তিনি জানান, ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজে কাজ করার সময় কাছ থেকে দেখেছেন শাহরুখ ও আরিয়ানকে। তার কথায়, শাহরুখ স্যার তখন ভ্যানিটিতে ছিলেন, ফোনে কথা বলছিলেন। আমি আর আরিয়ান অপেক্ষা করছিলাম। কথাবার্তা শেষ হলে আরিয়ান তাকে বলল, স্যার, গানের বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম।

তিনি বলেন, কাজের জায়গায় আরিয়ান কখনো ‘বাবা’ শব্দটি ব্যবহার করেন না। পুরো সময় পেশাদার আচরণ বজায় রাখেন এবং শাহরুখকে ‘স্যার’ বলেই সম্বোধন করেন। আমি আরিয়ানের জায়গায় থাকলে নিশ্চয়ই ‘বাবা’ বলতাম, কিন্তু ওর বিনয়ী ব্যবহার সত্যিই প্রশংসনীয়।

আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’–এ অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা প্রমুখ। এতে বলিউডের তিন খানের (শাহরুখ, সালমান, আমির) স্বল্প উপস্থিতি দর্শক নজর কেড়েছিল।