রেকর্ড গড়ল ‘পাসুরি’, প্রথম পাকিস্তানি গান হিসেবে বিলিয়ন ভিউ

বিনোদন ডেস্ক : প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে সে দেশের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’। ২০২২ সালের এই মেগা হিট গানটি এখনো শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়, এই মাইলফলক যেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

গত রবিবার ইনস্টাগ্রামে এক পোস্টে কোক স্টুডিও এই মাইলফলকের ঘোষণা দেয়। সেখানে তারা ‘পাসুরি’ গানের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখে, প্রতিটি মানুষ যারা প্লে বোতামটি চেপেছেন, গানটির সঙ্গে গেয়েছেন এবং পাসুরিকে নিজেদের করে নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।

আলি শেঠি এবং শে গিলের কণ্ঠে চমৎকার এই ডুয়েট গানটি ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের এই চূড়ায় পৌঁছাতে গানটির সময় লেগেছে চার বছর সাত মাসের কিছুটা কম। তবে মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী গানটির অভূতপূর্ব জনপ্রিয়তা বিবেচনা করলে এই অর্জন মোটেও অপ্রত্যাশিত ছিল না। মুক্তি পাওয়ার বছরই এটি অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া পাকিস্তানি গান হিসেবে রেকর্ড গড়েছিল। স্পটিফাইতে বর্তমানে এটি শেঠি ও গিল উভয়েরই সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান, যার স্ট্রিম সংখ্যা প্রায় ৪০ কোটি ৫০ লাখ (৪০৫ মিলিয়ন)।

মাইলফলক অর্জনের পর কোক স্টুডিও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল প্রকাশ করেছে। সেখানে আলি শেঠি ও শে গিলের পাশাপাশি গানটির সংগীত প্রযোজক জুলফিকার খান (জুলফি) এবং আব্দুল্লাহ সিদ্দিকীকে এই অর্জনের জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে দেখা যায়।

মুক্তির পর থেকেই ‘পাসুরি’ বৈশ্বিক আলোড়ন সৃষ্টি করে। পাকিস্তান ও ভারতের পাশাপাশি উপমহাদেশের বাইরেও অসংখ্য শিল্পী গানটির কভার সংস্করণ গেয়েছেন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিরিজ ‘মিস মার্ভেল’-এর সাউন্ডট্র্যাকেও গানটি যুক্ত করা হয়েছিল। পাকিস্তানি-আমেরিকান এক কিশোরীর জীবন নিয়ে তৈরি এই সিরিজে পাকিস্তানি সংস্কৃতির প্রভাব ফুটিয়ে তুলতে গানটি ব্যবহৃত হয়।

এ ছাড়া ‘কোক স্টুডিও আফ্রিকা’ পাসুরি গানের একটি রিমিক্স সংস্করণ তৈরি করেছিল। নাইজেরিয়ান আফ্রোবিটসের সমন্বয়ে তৈরি এই সংস্করণে আলি শেঠির সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছিলেন মারওয়ান মুসা এবং রিকাডো ব্যাংকস।

তবে অন্য অনেক জনপ্রিয় পাকিস্তানি গানের মতোই ‘পাসুরি’ নিয়েও নিজস্ব সংস্করণ বা রিমেক করার চেষ্টা করেছিল বলিউড। ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে হিন্দি সংস্করণে তৈরি এই রিমেকটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। সংগীত অনুরাগীরাও ভালোভাবে নেয়নি বিষয়টি।




মৃত্যুর আগে শাবনূরকে ঘিরে গুঞ্জনে সালমান শাহ কী বলেছিলেন

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। নব্বইয়ের দশকে পর্দায় তাদের রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে পর্দার জনপ্রিয়তার পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও সে সময় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যে অন্যতম ছিল—শাবনূরকে বিয়ে করেছেন সালমান শাহ।

শাবনূরকে ঘিরে সেই গুঞ্জনের গুরুত্বপূর্ণ একটি নথিভুক্ত পালটা বক্তব্য পাওয়া যায় সালমান শাহর নিজের কাছ থেকেই। মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে, ১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। মূলত প্রযোজক সমিতির নিষেধাজ্ঞা ও নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে অবস্থান পরিষ্কার করতেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই শাবনূরকে বিয়ে করার গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয়।

সালমান শাহ সেই দাবি সরাসরি অস্বীকার করেন। তিনি জানান, কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় তার সঙ্গে শাবনূরের বিয়ের গুজব ছড়ানো হচ্ছে। শাবনূরকে তিনি ছোট বোনের মতো জানেন ও স্নেহ করেন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে নিজের বৈবাহিক অবস্থান স্পষ্ট করে সালমান শাহ বলেন, তিনি বিবাহিত।

তবে সালমান শাহর মৃত্যুর পর শাবনূরকে ঘিরে নানা ধরনের আলোচনা ও অভিযোগ থেমে থাকেনি। ২০২০ সালে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে তার প্রসঙ্গ আসার পরও শাবনূর প্রকাশ্যে নিজের অবস্থান জানিয়েছিলেন এবং তার সঙ্গে সালমান শাহর মৃত্যুর যোগসূত্রের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছিলেন।




বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

বিনোদন ডেস্ক : ভিয়েতনামের নান্দনিক নগরীতে বসেছিল বিশ্বসুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। বিশ্বের শতাধিক সুন্দরীকে পেছনে ফেলে ‌‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর কাঙ্ক্ষিত মুকুট নিজের মাথায় তুলে নিয়েছেন ডমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা। জমকালো এই আয়োজনে বিদায়ী মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি নতুন বিশ্বসুন্দরীর মাথায় জয়ের মুকুট পরিয়ে দেন।

প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সেরাদের হারিয়ে প্রথম রানার-আপ হয়েছেন মিস ওয়ার্ল্ড স্পেনের এলিসাবেথ রেনেস এবং দ্বিতীয় রানার-আপ খেতাব অর্জন করেছেন মিস ওয়ার্ল্ড মালয়েশিয়ার তানুসিয়া শেঠি। ভিয়েতনামের খান হোয়া প্রদেশের সেরা সৌন্দর্যমণ্ডিত শহর না ট্রাং-এ আয়োজিত এই মহতী আসরে পুরো বিশ্ব রূপ, মেধা ও মানবসেবার এক অপূর্ব রূপকার্থের সাক্ষী হয়।

বিশ্বমঞ্চে সেরা ছয়ের তালিকায় নিজেদের স্থান নিশ্চিত করে নজর কেড়েছেন ৬টি অঞ্চলের প্রতিনিধিত্বকারী প্রতিযোগী। তারা হলেন—পিপলস চয়েস বিজয়ী মিস ওয়ার্ল্ড ইরিত্রিয়ার স্নিথ হাবতেয়াব, ইউরোপ মহাদেশের প্রতিনিধিত্বকারী স্পেনের এলিসাবেথ রেনেস, ‘বিউটি উইথ আ পারপাস’ বিজয়ী মালয়েশিয়ার তানুসিয়া শেঠি, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের মিস ওয়ার্ল্ড ভিয়েতনামের লে নগুয়েন বাও এনগোক, আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের বিজয়ী ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা এবং আফ্রিকা মহাদেশের প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার রোমান্দা হোমবির।

১৯৫১ সালে যুক্তরাজ্যে প্রখ্যাত সংগঠক এরিক মরলি কর্তৃক প্রবর্তিত এই প্রতিযোগিতাটি বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে খ্যাত। কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, চূড়ান্ত বিজয়ী নির্বাচনে প্রাথমিক চ্যালেঞ্জ, বন্ধ দরজার ভেতরে ব্যক্তিত্ব যাচাইয়ের সাক্ষাৎকার এবং সরাসরি মঞ্চে উপস্থিত বুদ্ধি ও সাধারণ জ্ঞানের ওপর ভিত্তি করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ বছরের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় মোট ১১১ জন প্রতিযোগী অংশ নেন। তাদের আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবিয়ান, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া—এই চারটি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়েছিল। প্রারম্ভিক বিভিন্ন চ্যালেঞ্জের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সিলেকশন কমিটি প্রথমে শীর্ষ ৪০ জন রূপসীকে কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচন করে। পরবর্তীতে ধাপে ধাপে প্রতিভাবানদের মধ্য থেকে বেছে নেওয়া হয় শীর্ষ ২০ এবং সেখান থেকে শীর্ষ ১২ জন প্রতিযোগীকে। সেখান থেকেই চূড়ান্ত লড়াইয়ের মধ্য দিয়ে উঠে আসেন সেরা ৬ ফাইনালিস্ট, যা থেকে পরবর্তীতে বিজয়ী ও রানার-আপদের নাম ঘোষণা করা হয়।

এবারের আসরটি ছিল বেশ কিছু নতুনত্ব ও চমকে ভরা। প্রথমবারের মতো এই বিশ্বমঞ্চে পদার্পণ করে আত্মপ্রকাশ করেছে ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান এবং মালদ্বীপের প্রতিযোগীরা। অন্যদিকে, বিশেষ ব্যক্তিগত ও প্রযুক্তিগত কারণে ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান এবং টোগোর নাদিরাতু আফোলাবি শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তের রূপসীদের এই মহামিলনমেলার সফল সমাপ্তির পর পরবর্তী আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়েছে। মিস ওয়ার্ল্ডের আগামী ৭৪তম সংস্করণটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায়।




কবে মুক্তি পাবে ‘পঞ্চায়েত সিজন ৫’?

বিনোদন ডেস্ক : ‘পঞ্চায়েত’-এর নতুন সিজনের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এলো সুখবর। ‘পঞ্চায়েত সিজন ৫’-এর শুটিং শেষ হয়েছে। এখন চলছে এডিটিংয়ের কাজ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরেই দর্শকদের সামনে আসতে পারে জনপ্রিয় এই সিরিজের নতুন সিজন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক দীপক কুমার মিশ্র জানিয়েছেন, ‘পঞ্চায়েত ৫’-এর এডিটিংয়ের কাজ চলছে। যদিও এখনো নির্দিষ্ট মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি, তবে অক্টোবর অথবা নভেম্বর নাগাদ সিরিজটি স্ট্রিমিং হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ফলে আর খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না ফুলেরা গ্রামের পরিচিত চরিত্রদের আবার পর্দায় দেখার জন্য।

‘পঞ্চায়েত ৪’-এর শেষে ফুলেরা গ্রামের রাজনীতিতে বড় পরিবর্তন দেখা যায়। পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হন প্রধানজি। ফলে নতুন সিজনে তাঁর জীবনে কী পরিবর্তন আসে, সেটিই গল্পের অন্যতম আকর্ষণ হতে চলেছে।

দীপক কুমার মিশ্র জানিয়েছেন, নির্বাচন শেষ হলেও ফুলেরা গ্রামের গল্প শেষ হচ্ছে না। বরং নির্বাচনের ফলাফলের পর চরিত্রগুলোর জীবনে কী ধরনের পরিবর্তন আসে, সেটিই তুলে ধরা হবে নতুন সিজনে।

বিশেষ করে নির্বাচনে পরাজিত হওয়ার পর একজন প্রধান কীভাবে নিজের গ্রামে স্বাভাবিক জীবনযাপন করেন, কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন এবং পরবর্তী সময়ে কী করেন এসব বিষয়ও দেখা যাবে ‘পঞ্চায়েত ৫’-এ।

শুধু প্রধানজির জীবনেই পরিবর্তন আসছে না। নতুন সিজনে আরও এগিয়ে যাবে সচিবজি অর্থাৎ অভিষেক ত্রিপাঠীর গল্পও।

গ্রাম, চাকরি, রাজনীতি ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে এতদিন যে চরিত্রকে দর্শক দেখেছেন, এবার তাঁর জীবনেও নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছেন পরিচালক।




সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে চলচ্চিত্র প্রদর্শনী

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহকে স্মরণ করতে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

তিন দিনের এই আয়োজনে বড় পর্দায় দেখানো হবে প্রয়াত এই নায়কের জনপ্রিয় ও কালজয়ী তিন সিনেমা। বিএফডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে চলবে এই উন্মুক্ত প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৪টায় সালমান শাহ অভিনীত একটি করে সিনেমা দর্শকদের জন্য প্রদর্শন করা হবে।

আয়োজনের প্রথম দিন ৬ সেপ্টেম্বর পর্দায় উঠবে সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। পরদিন ৭ সেপ্টেম্বর দেখানো হবে নায়ক-নায়িকার ক্যারিয়ারের অন্যতম সফল চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’।

তিন দিনের আয়োজনের শেষ দিন ৮ সেপ্টেম্বর দর্শকরা উপভোগ করতে পারবেন সালমান শাহ অভিনীত আরেক জনপ্রিয় সিনেমা ‘তোমাকে চাই’।

নব্বইয়ের দশকে অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন সালমান শাহ। তার অভিনীত সিনেমা ও অনবদ্য স্টাইল আজও বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে সমান জনপ্রিয়। তাই প্রিয় নায়কের সিনেমাগুলো বড় পর্দায় দেখার এই আয়োজন সালমান শাহর ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছে বিএফডিসি।

চলচ্চিত্রপ্রেমী ও সালমান শাহর অনুরাগীদের জন্য বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত এই তিন দিনের প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।




আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ

বিনোদন ডেস্ক : জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুইটি হত্যা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে হাজির হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার সশরীরে আদালতে গিয়ে জামিন আবেদন করেন তিনি। তবে শুনানি শেষে তার আবেদন ফিরিয়ে দেন হাইকোর্ট।

রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে করা। ২০২৫ সালের ২ মে মামলাটি দায়ের হয়। এতে শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় আসামি করা ১৪ অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।

এ মামলায় সাংবাদিকদের মধ্যেও ১৫ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা ও এটিএন নিউজের মুন্নী সাহা। শিক্ষকদের মধ্যে জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান ও মুনতাসির মামুনসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ইমরান এইচ সরকার ও লাকী আক্তারকেও মামলার আসামি করা হয়েছে।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া অন্য একটি হত্যা মামলাতেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করেন তিনি। কিন্তু শুনানি শেষে আদালত তার জামিন আবেদন ফিরিয়ে দেন।




‘ক্রাইম পেট্রোল’-এ অজয় দেবগন, কত কোটি টাকা নিচ্ছেন অভিনেতা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অজয় দেবগন দীর্ঘদিন ধরে রুপালি পর্দায় দাপট দেখিয়ে আসছেন। এখনো নিয়মিত দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। তবে এবার ছোটপর্দাতেও নতুন ভূমিকায় অবতীর্ণ এ অভিনেতা।

‘ক্রাইম পেট্রোল ২০২৬’-এর সঞ্চালকের ভূমিকায় বসেছেন তিনি। ৩১ আগস্ট থেকে শুরু হয়েছে অনুষ্ঠানের নতুন সিজন।

অজয় দেবগনের আগমন অবশ্য এ জনপ্রিয় ক্রাইম শোর জন্য বড়সড় বদল। দীর্ঘদিন অনুষ্ঠানটির অন্যতম পরিচিত মুখ ছিলেন অনুপ সোনি। তার সঙ্গে ‘ক্রাইম পেট্রোল’-এর এমনই একটি যোগ তৈরি হয়েছিল যে, সঞ্চালকের আসনে নতুন কাউকে দেখার কৌতূহল দর্শকদের মধ্যে থাকাটাই স্বাভাবিক।

আর টেলিভিশনে অজয়ের এই নতুন ইনিংস নিয়ে আগ্রহের আরও একটি কারণ রয়েছে। ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালকের দায়িত্ব এর আগে একাধিক পরিচিত মুখ সামলেছেন। তবে অনুপের সঙ্গে অনুষ্ঠানের সম্পর্ক সবচেয়ে বেশি আলোচিত হয়। তার জায়গায় অজয়ের মতো বড়মাপের তারকাকে নিয়ে আসা তাই নিঃসন্দেহে নির্মাতাদের বড় পদক্ষেপ।

যদিও  এ অভিনেতার সামনে এখনো বড়পর্দাতে প্রচুর ব্যস্ততা রয়েছে। তার বহুপ্রতীক্ষিত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ মুক্তি পাওয়ার কথা আগামী ২ অক্টোবর। অর্থাৎ একদিকে টেলিভিশনে অপরাধের গল্প শোনাবেন অজয়, অন্যদিকে সিনেমার পর্দায় ফিরবেন তার অন্যতম জনপ্রিয় চরিত্র নিয়ে।

এখন প্রশ্ন হচ্ছে—‘ক্রাইম পেট্রল’-এ ১৫ পর্বের জন্য কত পারিশ্রমিক পাচ্ছেন অভিনেতা। জানা গেছে, ১৫ পর্বের জন্য নাকি প্রায় ৯০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। অর্থাৎ প্রতি পর্বে গড়ে প্রায় ৬ কোটি টাকা। তবে এ অঙ্ক নিয়ে এখনই নিশ্চিত হওয়ার উপায় নেই।

৯০ কোটির অঙ্ক যদি সত্যি হয়, তাহলে টেলিভিশনে অজয়ের অভিষেক যে শুধু অভিনব নয়, বেশ মূল্যবানও হতে চলেছে! এর মধ্যেই তার পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

যদিও অজয় দেবগন ও সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের কেউ এখনো তার নির্দিষ্ট পারিশ্রমিকের অঙ্ক প্রকাশ্যে নিশ্চিত করেননি। তবে ৯০ কোটি টাকার দাবি আপাতত জল্পনার স্তরেই রয়েছে।




বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র‌্যাপার বাদশার

বিনোদন ডেস্ক : বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার ঘোষণা দিলেন ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে কয়েক সপ্তাহ ধরে তাদের সম্পর্ক নিয়ে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন দুজন।
সোমবার (৩১ আগস্ট) রাতে এই জুটি তাদের নিজ নিজ ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের বিবৃতি শেয়ার করে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এর আগে চলতি বছরের মার্চ মাসে এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বিবৃতিতে বাদশা বলেন, ‘আমি এবং ইশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাওয়ার এবং নিজেদের নিজ নিজ পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই কঠিন সময়ে আমরা সবার কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে তিনি আরও যুক্ত করেন, এই বিষয়ে এটিই আমাদের একমাত্র বক্তব্য। আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো অনুমান বা জল্পনা-কল্পনা না করার জন্য আমরা সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।’
চলতি বছরের জুলাই মাস থেকেই বাদশা ও ইশা রিখির সম্পর্কের টানাপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়াতে শুরু করে। সে সময় ইশা রিখি বাদশা ও নিজের বেশ কিছু ভিডিও এবং ছবির একটি কোলাজ পোস্ট করেছিলেন।

ক্যাপশনে ভাঙা হৃদয় ও হাতজোড় করার ইমোজি দিয়ে তিনি লিখেছিলেন, প্রতিটি ঝড়ই একটি শিক্ষা এবং প্রতিটি প্রার্থনাই একটি আশা। তার এই পোস্টের পরই অনুরাগী ও নেটিজেনদের মনে তাদের বিবাহিত জীবন নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। এমনকি সম্প্রতি ইশার মা পুনম রিখিও কর্মফল নিয়ে একের পর এক পোস্ট শেয়ার করে সে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিলেন।

এর আগে, গত জুন মাসে ইনস্টাগ্রামের একটি ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে বাদশার সঙ্গে নিজের বিয়ের খবর প্রথম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিলেন ইশা রিখি। সালমান খানের সঞ্চালনায় আসন্ন ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হিসেবে ইশা রিখির অংশ নেওয়ার জোর গুঞ্জনের মধ্যেই তাদের এই বিবাহবিচ্ছেদের খবরটি সামনে এলো।

উল্লেখ্য, এটি বাদশার দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে তিনি জেসমিন মসিহকে বিয়ে করেছিলেন। ২০২০ সালে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে এবং বিচ্ছেদ চূড়ান্ত হয়। বাদশা ও জেসমিনের সংসারে জেসেমি গ্রেস মসিহ সিং নামে ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।




রাজ-সাবিলার নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’

বিনোদন ডেস্ক : ‘বনলতা এক্সপ্রেস’-এ জুটি বেঁধে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই জুটিই এবার ফিরছে আরও ভিন্নধর্মী গল্প নিয়ে। তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটির নাম ‘কানাভুলা প্যারাডক্স’। সময় ভ্রমণ, রোমান্স আর রহস্য- তিনের মিশেলে তৈরি হবে সিনেমাটি।

‘কানাভুলা প্যারাডক্স’ দিয়ে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের। সিনেমার মুখ্য চরিত্রে থাকছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। নির্মাতারা বলছেন, সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের এক ভিন্নধর্মী যাত্রায় দর্শকদের নিয়ে যেতে চান তারা। পরিচিত গল্প বলার ছক থেকে বেরিয়ে নতুন ধরনের সিনেমার অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সিনেমাটির গল্পের মূল অনুপ্রেরণা নেওয়া হয়েছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত একই নামের উপন্যাস ‘কানাভুলা প্যারাডক্স’ থেকে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে সিনেমাটির শুটিং। এরপর ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে পরিচালক হিসেবে আয়মান আসিব স্বাধীন এই প্রথম হলেও নির্মাণের জগতে একেবারে নতুন নন। এর আগে তানিম নূর পরিচালিত ওয়েব সিরিজ ‘কাইজার’ এবং ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা হিসেবে কাজ করেছেন তিনি। সুস্ময় সরকারও ওই তিনটি কাজের সঙ্গে ছিলেন গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে।

‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে দর্শকের ভালোবাসা ও সাফল্য পাওয়া প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ এবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে। ‘কানাভুলা প্যারাডক্স’ হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির তৃতীয় চলচ্চিত্র।




‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

বিনোদন ডেস্ক : বক্স অফিসে আধিপত্য ধরে রেখে নতুন ইতিহাস সৃষ্টি করেছে টম হল্যান্ড অভিনীত সুপারহিরো সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিশ্বজুড়ে আয়ের তালিকায় জেমস ক্যামেরনের বহুল আলোচিত ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-কে টপকে সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ছবিটি।

দীর্ঘ প্রতীক্ষিত এই সিনেমাটি বৈশ্বিক বক্স অফিসে ২৩৩ কোটি (২.৩৩ বিলিয়ন) মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করেছে।

রবিবার পাওয়া স্টুডিওগুলোর আনুমানিক হিসাব অনুযায়ী, টানা পঞ্চম সপ্তাহান্তেও উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান ধরে রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহ থেকে এ সপ্তাহে ছবিটি আয় করেছে ২ কোটি ২২ লাখ (২২.২ মিলিয়ন) মার্কিন ডলার। এর ওপর ভর করেই বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২.৩৩ বিলিয়ন ডলার, যা জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর মোট আয় ২.৩২ বিলিয়ন ডলারকে ছাড়িয়ে যেতে সাহায্য করেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, মুক্তির চতুর্থ সপ্তাহের তুলনায় পঞ্চম সপ্তাহে ছবিটির আয় মাত্র ৪৪ শতাংশ কমেছে, যা প্রেক্ষাগৃহে এর ধারাবাহিক জনপ্রিয়তারই প্রমাণ।

আন্তর্জাতিক বক্স অফিসের নতুন এই পরিসংখ্যান অনুযায়ী সর্বকালের সেরা পাঁচ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ (২৯২ কোটি ডলার)। দ্বিতীয় স্থানে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (২৭৯ কোটি ডলার)। ২৩৩ কোটি ডলার আয় নিয়ে তৃতীয় স্থান দখল করেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। চতুর্থ স্থানে নেমে এসেছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ (২৩২ কোটি ডলার) এবং ২২৫ কোটি ডলার আয় নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কালজয়ী চলচ্চিত্র ‘টাইটানিক’।

কেবল বৈশ্বিক বাজারেই নয়, উত্তর আমেরিকার ঘরোয়া বক্স অফিসেও অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে নতুন এই স্পাইডার-ম্যান সিনেমাটি। এখন পর্যন্ত ঘরোয়া বাজার থেকে ছবিটি ৮৯ কোটি ১ লাখ (৮৯১ মিলিয়ন) মার্কিন ডলার ঝুলিতে পুরেছে, যা আরেকটি ঐতিহাসিক রেকর্ডের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে ছবিটিকে। উত্তর আমেরিকার বাজারে সর্বকালের সেরা আয়কারী ছবি ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’-এর ৯৩ কোটি ৬ লাখ (৯৩৬ মিলিয়ন) ডলারের রেকর্ড ভাঙতে আর সামান্য আয়ের প্রয়োজন সিনেমাটির। সংশ্লিষ্টদের ধারণা, এই মাইলফলক অতিক্রম করতে পারলে প্রথম কোনো সিনেমা হিসেবে উত্তর আমেরিকার বাজারে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার আয়ের ইতিহাস গড়তে পারে এই ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজি।

এই চলচ্চিত্রের অভূতপূর্ব সাফল্যের ওপর ভর করে মাত্র ৩০ বছর বয়সে টম হল্যান্ডও এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। জো সালদানা ও স্কারলেট জোহানসনের পর তিনি এখন হলিউড ইতিহাসের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী তারকা। একই সঙ্গে সর্বকালের সেরা আয়ের তালিকায় থাকা অভিনেতাদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। ‘স্পাইডার-ম্যান’ হিসেবে তার দীর্ঘ ও সফল যাত্রাই মূলত তাকে এই অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেছে।