দিলারা জামানকে নিয়ে সাত পর্বের ধারাবাহিক

বিনোদন ডেস্কঃ অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘দাদীর ভাগ’। একজন দাদিকে ঘিরে এগিয়েছে নাটকের গল্প।

অভিনেতা জামিল হোসেনের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন বিদ্যুৎ রায়, পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম। নাটকটি শিগগিরই প্রচার পাবে ‘জামিলস জু’ নামের ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ রায় বলেন, “‘দাদীর ভাগ’ নাটকটি ছোট ধারাবাহিক হলেও একটা বড় ধারাবাহিক হয়ে ওঠার সমস্ত উপাদানই এর মধ্যে আছে। এই ধরনের নাটকের চিত্রনাট্য লিখতে গিয়ে বেশ স্বস্তিবোধ করেছি। আশা করছি দর্শকরা এই নাটকটি ভালোভাবে গ্রহণ করবে।”

দিলারা জামান বলেন, “দাদীর ভাগ নাটকের গল্প খুব সুন্দর। মৃত্যুর আগে দাদা সব সম্পত্তি দাদিকে লিখে দেয়। সেই সম্পত্তি ভাগাভাগি নিয়েই গল্প। কাজটা করে ভীষণ ভালো লেগেছে। সবাই এত আন্তরিক ছিল যে আমাকে কোনো রকম কষ্ট পেতে দেয়নি।”

ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জামিল হোসেন, মুনমুন আহমেদ মুন, নরেশ ভূঁইয়া, রেশমা আহমেদ, মম শিউলী, আমিন আজাদ, সূচনাসহ অনেকে।




‘সুফল’ নয়, কেলেঙ্কারি: বন অধিদপ্তরের বিশাল প্রকল্পে দুর্নীতির জাল ফাঁস করল দুদক

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনজ সম্পদ উন্নয়নের উদ্দেশ্যে ২০১৮ সালে বন অধিদপ্তর শুরু করেছিল প্রায় দেড় হাজার কোটি টাকার ‘টেকসই বন ও জীবিকা’ বা ‘সুফল’ প্রকল্প। লক্ষ্য ছিল দেশের বিভিন্ন জেলায় বনভূমি বৃদ্ধি ও মানুষের জীবিকা উন্নয়ন। কিন্তু মাঠপর্যায়ে গিয়ে দেখা গেছে, প্রকৃত কাজের তুলনায় কাগজে-কলমে তৈরি হয়েছে সাফল্যের গল্প।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি এই প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে। তদন্তে উঠে এসেছে—ভুয়া বিল-ভাউচারে কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়েছে, অনেক জায়গায় কেবল চারা লাগানোর নামেই টাকা গায়েব, আবার কিছু কর্মকর্তা বদলি ও পদায়নের মাধ্যমে কোটি টাকার বাণিজ্য করেছেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, অভিযান শেষে কমিশনের টিম একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছে। সেটি বিশ্লেষণ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, প্রকল্পটি ২০১৮ সালের ১ জুলাই শুরু হয়ে ২০২৩ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হলেও প্রকল্পের উল্লেখযোগ্য অংশ এখনো বাস্তবায়িত হয়নি। উদাহরণ হিসেবে বলা যায়, ২০২২-২৩ অর্থবছরে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা বিট এলাকায় ৫১০ হেক্টর বনভূমিতে বনায়নের পরিকল্পনা ছিল, কিন্তু বাস্তবে বনায়ন হয়েছে মাত্র ১৬০ হেক্টরে। একইভাবে ২০২৩-২৪ অর্থবছরের ৩৬২ হেক্টরের মধ্যে অনিয়ম ধরা পড়েছে উল্লেখযোগ্য অংশে।

সরকারি নথিতে দেখানো হয়েছে যে, প্রকল্পের আওতায় দেশের ২৪টি জেলায় মোট ১ লাখ ৩ হাজার ৯৬০ হেক্টর এলাকায় বনায়ন হয়েছে। এর মধ্যে শুধু কক্সবাজারেই ২০ হাজার ১৩৬ হেক্টর এবং বাকি ৮৩ হাজার ৮২৪ হেক্টর বন বিভাগের বিভিন্ন জেলায় ছড়ানো। উদাহরণস্বরূপ—ঢাকা বন বিভাগে ২,৮১০ হেক্টর, চট্টগ্রাম উত্তর বিভাগে ৯,২৭৩ হেক্টর, দক্ষিণে ৮,৬৭০ হেক্টর, চট্টগ্রাম শহরাঞ্চলে ৯,২১০ হেক্টর, ভোলায় ৮,৪২০ হেক্টর, পটুয়াখালীতে ৮,৩২০ হেক্টর, রাজশাহীর সামাজিক বন বিভাগে ১৭৭ হেক্টর, দিনাজপুরে ২,০৩০ হেক্টর, মৌলভীবাজারে ২৯০ হেক্টর, চট্টগ্রামে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগে ২,৬২০ হেক্টর, কক্সবাজার উত্তরে ৮,৪৬৮ হেক্টর, দক্ষিণে ১১,৬৬৮ হেক্টর, ময়মনসিংহে ৪,৪৪৩ হেক্টর, টাঙ্গাইলে ২,৭১৩ হেক্টর, নোয়াখালীর উপকূলীয় বিভাগে সবচেয়ে বেশি ১৯,৯৯০ হেক্টর, সিলেটে ৪,৬৪৮ হেক্টর এবং ঢাকার বন্যপ্রাণী বিভাগে ২০৫ হেক্টর বনায়নের কথা বলা হয়েছে।

তবে মাঠপর্যায়ে বাস্তব চিত্র ভিন্ন। শেরপুরের নকশী সীমান্ত ফাঁড়ির কাছাকাছি রংটিয়া রেঞ্জ এলাকায় সরেজমিনে দেখা গেছে, বনায়নের জায়গায় টিকে আছে মাত্র একটি চাপালিশ গাছ। অথচ সরকারি প্রতিবেদনে ওই জায়গায় বিশাল বাগান তৈরির কথা বলা হয়েছে। আশ্চর্যের বিষয়—গাছগুলোতে বন্য হাতির আক্রমণের কোনো চিহ্ন নেই, বরং অক্ষতভাবে দণ্ডায়মান।

দুদকের সূত্র বলছে, এই প্রকল্পে কেবল অর্থ নয়, বদলি বাণিজ্য ও সিন্ডিকেট গঠন করে কর্মকর্তারা নিজেদের মধ্যে সুবিধা বণ্টন করেছেন। একাধিক জেলার কর্মকর্তাদের সঙ্গে বন অধিদপ্তরের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুদকের প্রাথমিক তদন্তে পাওয়া এসব নথি যাচাই-বাছাইয়ের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বন সংরক্ষণ ও উন্নয়নের নামেই যে প্রকল্প নেওয়া হয়েছিল, তা এখন পরিণত হয়েছে দুর্নীতি ও অনিয়মের বনে।




২০২৪ সালের সেরা গীতিকার এ্যাওয়ার্ড পেলেন সিনিয়র সাংবাদিক ও গীতিকবি রোস্তম মল্লিক

বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন ( বিসিআরএ) এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রদত্ত দেশের গুনী শিল্প সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের কর্মের স্বীকৃতি ও সম্মাননা অনুষ্ঠান আগামী ৮ নভেম্বর ২০২৫ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা ঢাকায় অনুষ্ঠিত যাচ্ছে।

অনুষ্ঠানে ২০২৪ সালের সেরা গীতিকার হিসাবে এ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হয়েছেন দেশের বিশিষ্ট গীতিকবি রোস্তম মল্লিক। উল্লেখ্য যে, গীতিকবি রোস্তম মল্লিক ৪ হাজার গান লিখেছেন।




বাবা নয়, শুটিংয়ে শাহরুখকে ‌‘স্যার’ বলে ডাকেন আরিয়ান

সম্প্রতি ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজ দিয়ে বলিউডে অভিষেক ঘটে শাহরুখপুত্র আরিয়ান খানের। সিরিজে স্বল্প সময়ের উপস্থিতি ছিল কিং খানের। ছেলের পরিচালনায় বাবা, শুটিং সেটেও কি শাহরুখকে ‘বাবা’ বলেই ডাকতেন আরিয়ান?

এ প্রশ্নের জবাব মিলেছে কোরিওগ্রাফার মুদাসসের খানের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। তিনি জানান, ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজে কাজ করার সময় কাছ থেকে দেখেছেন শাহরুখ ও আরিয়ানকে। তার কথায়, শাহরুখ স্যার তখন ভ্যানিটিতে ছিলেন, ফোনে কথা বলছিলেন। আমি আর আরিয়ান অপেক্ষা করছিলাম। কথাবার্তা শেষ হলে আরিয়ান তাকে বলল, স্যার, গানের বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম।

তিনি বলেন, কাজের জায়গায় আরিয়ান কখনো ‘বাবা’ শব্দটি ব্যবহার করেন না। পুরো সময় পেশাদার আচরণ বজায় রাখেন এবং শাহরুখকে ‘স্যার’ বলেই সম্বোধন করেন। আমি আরিয়ানের জায়গায় থাকলে নিশ্চয়ই ‘বাবা’ বলতাম, কিন্তু ওর বিনয়ী ব্যবহার সত্যিই প্রশংসনীয়।

আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’–এ অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা প্রমুখ। এতে বলিউডের তিন খানের (শাহরুখ, সালমান, আমির) স্বল্প উপস্থিতি দর্শক নজর কেড়েছিল।




বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকায় নেই শিল্পীরা

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করছেন। এর মধ্যে আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি।

সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন। নিজ নিজ নির্বাচনী এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্যতার পাশাপাশি দলীয় জরিপে এগিয়ে থাকা অনেকের নাম থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার তালিকায় দেখা যায়নি কোনো শোবিজ শিল্পীকে।

অথচ বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় অভিনয় অঙ্গনের মানুষের চেয়ে সংগীতাঙ্গনের মানুষের নামই বেশি উচ্চারিত হয়েছে। যাদের নিয়ে বেশ আলোচনা ছিল তাদের মধ্যে অন্যতম কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা ও অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

এ ছাড়া বিভিন্ন সময়ে আলোচনায় উঠে এসেছে সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্‌সি, চলচ্চিত্র অভিনয়শিল্পী হেলাল খান ও শিবা সানু বিএনপির হয়ে নির্বাচনে লড়তে পারেন। কিন্তু মনোনয়ন তালিকায় কোথাও তাদের কারো নাম পাওয়া যায়নি।




আসছে ‘গডজিলা মাইনাস জিরো’

ফিরে আসছে দানব রাজা গডজিলা—আরও ভয়ংকর, আরও বিশাল আকারে। ২০২৩ সালে মুক্তি পাওয়া বহুল প্রশংসিত ছবি ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর পর থেকেই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সিক্যুয়েলের জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।

সোমবার তোহো স্টুডিয়োর অফিশিয়াল এক্স হ্যান্ডল ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নতুন সিনেমা ‘গডজিলা মাইনাস জিরো’-এর টিজার। টিজার মুক্তি পেয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। ভক্তদের ধারণা, এবার আরও বৃহৎ পরিসর ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে গডজিলা ফিরবে এক নতুন মহিমায়।

প্রথম ছবির মতোই সিক্যুয়েলটির দিকনির্দেশনা, চিত্রনাট্য ও ভিএফএক্সের দায়িত্বে আছেন তাকাশি ইয়ামাজাকি। তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন শিরোগামি—এই দু’জনই ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর জন্য পেয়েছিলেন ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার। প্রযোজনা করছে তোহো স্টুডিয়ো ও রোবট, যারা আগের ছবিরও প্রযোজক ছিল।

‘গডজিলা মাইনাস ওয়ান’ মুক্তির পর বিশাল সাড়া ফেলেছিল বিশ্বজুড়ে। জাপান ছাড়াও আমেরিকায় মুক্তি পেয়ে ছবিটি বক্স অফিসে বিপুল সাফল্য অর্জন করেছিল। যুদ্ধোত্তর জাপানের প্রেক্ষাপটে নির্মিত সেই ছবিতে দেখানো হয়, কীভাবে বিধ্বস্ত এক জাতি নতুন করে মুখোমুখি হয় দানবীয় হুমকির।

তবে ‘গডজিলা মাইনাস জিরো’ সরাসরি আগের ছবির সিক্যুয়েল হবে নাকি সম্পূর্ণ নতুন গল্প নিয়ে আসবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি তোহো




সাগর জাহানের নতুন ধারাবাহিক ‘বিদেশ ফেরত’

বিদেশ থেকে ফিরে আসা মানুষের জীবন আর প্রেম-বিয়ের নানা টানাপড়েন নিয়ে তৈরি হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘বিদেশ ফেরত’।

নাটকটি দেখা যাবে আরটিভিতে। প্রতি সপ্তাহের মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায় নাটকটি প্রচারিত হবে। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান।

নাটকের চিত্রনাট্যে দেখা যাবে- পরাণপুর গ্রামের বকুল মালয়েশিয়ায় তিন বছর কাটিয়ে হাতে শুধু একটি পানির বোতল নিয়ে গ্রামে ফেরেন। গ্রামে আগে মানুষ তাকে ‘ফাটাফাটি বকুল’ নামে ডাকত। বিদেশ থেকে ফেরার পর গ্রামবাসী এখন তাকে ঠাট্টা করে ডাকে ‘বোতল বকুল’। বকুলকে ভালোবাসে লায়লা, কিন্তু বকুল লায়লাকে বিয়ে করতে চায় না। তাই এক ফন্দি এঁটে গ্রামে সালিশ বসিয়ে বকুল-লায়লার বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিয়ের দিন মালয়েশিয়া থেকে হাজির হয় তরুণী আদিলাহ। সে দাবি করে বকুল তার স্বামী। আর এতে গ্রামজুড়ে শুরু হয় কানাঘুষা ও নতুন ঝামেলা। শুধু বকুল নয়, আমেরিকা ফেরত ‘জ্যাকস’, যার আসল নাম জাকির। তাদের প্রবাসজীবনের ব্যর্থতা, সামাজিক চাপ আর প্রেমঘটিত হাস্যকর পরিস্থিতিতেই এগিয়ে যাবে ধারাবাহিক নাটক ‘বিদেশ ফেরত’।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসাইন, মুনমুন আহমেদ, সাদ্দাম মাল, মুকিত জাকারিয়া, সাদিয়া কানিজ, আরফান আহমেদসহ অনেকে।