‘‘জামাত-ই- ইসলামীর সাথে জাতীয় পার্টির জোটবদ্ধ নির্বাচন ও বৈঠক করার খবরটি অসত্য’’- জিএম কাদের

এসএম বদরুল আলমঃ ‘‘জামাত-ই- ইসলামীর সাথে জাতীয় পার্টির জোটবদ্ধ নির্বাচন করার জন্য বৈঠক করেছে মর্মে কিছু প্রচার মাধ্যমে প্রকাশিত খবরটি অসত্য।’’

আবার কোন কোন মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে ‘‘সুযোগ পেলে জাতীয় পার্টি বিএনপি অথবা জামাত-ই-ইসলামীর সাথে জোটবদ্ধ নির্বাচন করবে’’- প্রচারিত এ সংবাদটিও ভিত্তিহীন। আজ এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই কথা বলেন।

তিনি আরো বলেন জাতীয় পার্টি এখনো কোন জোটের সাথে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহন করে নাই।




ঢাকা-১৫ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের প্রায় লক্ষাধিক লোকের বিশাল শোডাউন

এসএম বদরুল আলমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঢাকা-১৫ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন-এর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়।

সরকারি আয়ুর্বেদিক কলেজ থেকে শুরু হয়ে এই মহাশোভাযাত্রা শেওড়াপাড়া তালতলা প্রদক্ষিণ করে শেওড়াপাড়া কেন্দ্রীয় মঞ্চে এসে শেষ হয়। পুরো এলাকাজুড়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দলসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলের সারিতে যোগ দেন।

প্রায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি ঢাকায় এক নজিরবিহীন রাজনৈতিক সমাবেশে পরিণত হয়। শোভাযাত্রার পুরো পথজুড়ে “ধানের শীষের জয়ধ্বনি” ও “গণতন্ত্র মুক্তির লড়াইয়ে শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্ব”–এর স্লোগানে মুখরিত ছিল বাতাস।

শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, “দীর্ঘ ১৭ বছর এই এলাকার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। জনগণ এবার পরিবর্তন চায়, ভোটের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চায়। আমি এই আসনকে একটি গ্রীন ঢাকা, ক্লিন ঢাকা হিসেবে গড়ে তুলতে চাই। উন্নয়ন ও নাগরিক সেবায় এই আসনকে মডেল সিটি করব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমরা ভোট চাই জনগণের বিশ্বাসে, জনগণের শক্তিতে। কিন্তু জামায়াত ইসলামের আমির ড. শফিকুর রহমান ভোটে বিশ্বাসী নন। তারা গণভোট বিলম্বিত করতে বিভিন্ন পাঁয়তারা করছে। আমি স্পষ্ট করে বলছি—যদি তারা এ ধরনের তালবাহানা করে, তাহলে জনগণ তাদের মন থেকে চিরতরে মুছে ফেলবে।”

শফিকুল ইসলাম মিল্টন বলেন, “ঢাকা-১৫ হবে ঐক্যের প্রতীক। আমি রাজনীতি করি মানুষের জন্য, উন্নয়নের জন্য। এই এলাকার রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানে আমূল পরিবর্তন আনবো। আমি চাই তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের রাজনীতি।”

তিনি আরও যোগ করেন যে, বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনের এই ধারা অব্যাহত রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জনগণের ঐক্য এখন অপরিহার্য।

শোভাযাত্রা ঘিরে এলাকাজুড়ে উৎসবের আমেজ দেখা যায়। নারীরা ছাদে দাঁড়িয়ে হাত নাড়েন, তরুণরা শ্লোগানে মাতেন, বৃদ্ধরা বলেন—“এবার ভোট চাই, পরিবর্তন চাই।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টন এখন জনমতের শীর্ষে অবস্থান করছেন এবং তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে।

একজন প্রবীণ নেতা বলেন, “মিল্টন ভাই শুধু রাজনীতিক নন, তিনি এলাকার উন্নয়নের প্রতীক। তরুণদের হৃদয়ে তাঁর নাম এখন আশার আলো।”

শফিকুল ইসলাম খান মিল্টনের এই মহাশোডাউন প্রমাণ করেছে—ধানের শীষের পক্ষে ঢাকায় এখনো ব্যাপক গণজোয়ার রয়েছে। জনগণ এবার পরিবর্তনের স্বপ্নে উজ্জীবিত, আর এই পরিবর্তনের নেতৃত্বে রয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন, যিনি দৃঢ়ভাবে বলছেন— “গণতন্ত্র ফিরিয়ে আনব, মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দেব। এটা শুধু প্রতিশ্রুতি নয়, এটি আমার অঙ্গীকার।”




দফতর সম্পাদক মাহমুদ আলমের বাবা হাফেজ জাহাঙ্গীর আলমের ইন্তেকালে জাতীয় পার্টি চেয়ারম্যান- এর শোক বার্তা।

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলমের বাবা হাফেজ জাহাঙ্গীর আলম (৭৬) ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।”

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মরহুম জাহাঙ্গীর আলমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

পৃথক এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মরহুম জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বাদ এশা জানাযা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।




মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সোমবার বেলা ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড আয়োজিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘মুক্তিযুদ্ধের দিনগুলোকে মুছে দিতে চাওয়া হচ্ছে, কিন্তু সেই ইতিহাস কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। আমরা বুকের ভেতর মুক্তিযুদ্ধকে বয়ে বেড়াচ্ছি। এটি আমাদের অস্তিত্বের অংশ।’

তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের সময়ে মা-বোনদের পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দিয়েছিল বা হাজার হাজার নিরীহ মানুষকে হত্যায় সহযোগিতা করেছিল, তাদের সঙ্গে কোনো আপস হতে পারে না। এরা বারবার মুখ বদলে সামনে আসছে এবং দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়।

নির্বাচন প্রসঙ্গে ফখরুল সতর্ক করে বলেন, ‘নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ ডেকে আনা। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’

সভায় বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মদ খান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় তরুণ পার্টির মতবিনিময় সভায় ঐক্যের আহ্বান

এসএম বদরুল আলমঃ ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় তরুণ পার্টির উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তরুণ পার্টির আহবায়ক জাকির হোসেন মৃধা। সভায় প্রধান বক্তা ছিলেন মোড়ল জিয়াউর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় তরুণ পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মহিন উদ্দিন মন্ডল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়কবৃন্দ— এডভোকেট সাদেকুর মিয়া, মোঃ মান্নান হাওলাদার, খবীর গাজী, এডভোকেট এনামুল হক, মোঃ তৌহিদ খান, আবুজার ইসলাম ও শ্রী উজ্জ্বল শাহা।

এছাড়া মহানগর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আরিফুর রহমান আরমান, মোঃ আবদুল হালিম হাওলাদার, মাহবুব তালুকদার, শরীফ হোসেন, আমির হোসেন, রুহুল আমিন, মিরাজ হোসেন, জাকির হোসেন, মাহবুবর রহমান, মিনারা সুলতানা, সোহেব মুন্সি, আরিফ হোসেন, তরিকুল ইসলাম, নুরে আলম, নাহিদ ইসলাম, জব্বার আহমেদ, এরশাদ চৌধুরী, সাইদুল হক, রমজান আলী ও মেজ্জামেল হক।

বক্তারা বলেন, দেশের রাজনীতিতে তরুণদের ভূমিকা এখন সময়ের দাবি। জাতীয় তরুণ পার্টিকে আরও সংগঠিত, সক্রিয় ও ঐক্যবদ্ধ করে তোলার মাধ্যমে জাতীয় পার্টির ভিত্তিকে আরও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা ঐক্য ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে দলীয় কর্মকাণ্ডে নব উদ্যমে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।




সাবেক যুবলীগ সদস্য পারভেজ গাজি এখন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। একসময় আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত পারভেজ গাজি এখন বিএনপি-ঘরানার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি তিনি মিরপুর থানা কৃষক দলের নবগঠিত কমিটির ৩নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

‎দলীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পারভেজ গাজি, পিতা: মো:মনোহর গাজি, মাতা:পারভীন বেগম, বিএনপি ঘরানার রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন। কৃষক দলের স্থানীয় কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেওয়ার পর থেকেই এ নিয়ে মিরপুরের রাজনীতিতে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

‎বাংলাদেশের রাজনীতিতে দলবদল নতুন কিছু নয়, তবে পারভেজ গাজির মতো পরিচিত নেতার অবস্থান পরিবর্তন রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। ক্ষমতার পরিবর্তনের পর অনেকে নতুন দলে যোগ দিয়ে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার চেষ্টা করছেন।

‎‎মিরপুরের এই দলবদল ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে, যা আগামীর নির্বাচনী মাঠে প্রভাব ফেলতে পারে।




জাবি শিক্ষিকার বিরুদ্ধে মানহানির মামলা করলেন জামায়াত নেতা জাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রেজিস্টার ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মো. জাহিদুল ইসলাম। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট আবু তালেব।

অধ্যাপক জাহিদুল ইসলাম বর্তমানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী। তিনি অভিযোগ করেন, একটি টেলিভিশন টকশোতে ড. নাহরিন ইসলাম তার সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা তার ব্যক্তিগত মর্যাদা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

মামলায় বলা হয়, গত ২৫ অক্টোবর গাজী টেলিভিশনের ‘রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড’ নামের এক আলোচনায়, যা সঞ্চালনা করেন কাজী জেসিন, সেখানে ড. নাহরিন ইসলাম জামায়াত নেতা জাহিদুল ইসলামকে নিয়ে ‘মানহানিকর’ বক্তব্য দেন। তিনি দাবি করেন, বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারের বরাতে জাহিদুল ইসলাম নাকি বলেছিলেন, “আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের ওপর জামায়াতের হক রয়েছে”—এমন মন্তব্যের মাধ্যমে বোঝানো হয়, জামায়াত নেতারা নারীলোভী।

তবে প্রকৃতপক্ষে বিবিসি বাংলার ওই সাক্ষাৎকারে জাহিদুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের সমর্থকেরা হয়রানির শিকার হলেও জামায়াতের পক্ষ থেকে কারও ক্ষতি করা হয়নি। বরং তাদের ধারণা ছিল, আওয়ামী লীগের সাধারণ ভোটাররা তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠবে।

অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, “ড. নাহরিন ইসলাম সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এতে শুধু আমার নয়, আমার দলের সম্মানও ক্ষুণ্ন হয়েছে। তাই বাধ্য হয়ে আইনি পদক্ষেপ নিতে হয়েছে।”

দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা এই মামলায় আদালত অভিযোগটি গ্রহণ করে পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।




বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় ভাগ চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচন করতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি। দলটির পক্ষ থেকে এমন কথা বলা হলেও আসন সমঝোতায় বিএনপির সঙ্গে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনা চলছে বলে দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

উভয় দলের একাধিক সূতের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে এনসিপির অনানুষ্ঠাকিভাবে যোগাযোগ চলছে। এনসিপি ২০ আসন সমঝোতা করতে চায়।

তার মধ্যে ঢাকায় চারটি আসন চাচ্ছে দলটি। দুই দলের মধ্যে বোঝাপড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজনে প্রার্থী তুলে নেবে। এ ছাড়া বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও হিস্যা চায়।বিএনপির একটি সূত্র বলছে, কেবল আসন সমঝোতা নয়, এনসিপির নেতারা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান।

তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে তিনজনকে মন্ত্রী করার কথাও অনানুষ্ঠানিক আলোচনায় তুলেছেন। বিএনপির দিক থেকে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি। তবে বিএনপি চায় না এনসিপি জামায়াতের সঙ্গে কোনো নির্বাচনী জোটে বা সমঝোতায় যাক।এনসিপি-সংশ্লিষ্ট কোনো কোনো সূত্র জানায়, এনসিপির ব্যাপারে জামায়াতেরও আগ্রহ রয়েছে।

জামায়াত বিএনপির চেয়েও বেশি ছাড় দিতে চায়। কিন্তু এনসিপির নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারও কারও মত হচ্ছে, নতুন এই দলটি ‘ডানপন্থী’ তকমা গায়ে লাগাতে চাইছে না। তারা নিজেদের মধ্যপন্থী হিসেবে পরিচিত করতে আগ্রহী।এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘এই মুহূর্তে এনসিপি নির্বাচনী জোট নিয়ে চিন্তা করছে না। অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।

আমরা পর্যবেক্ষণ করছি। নির্বাচনী আবহটাকে আমরা সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর জন্য কাজে লাগাচ্ছি।’তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা এককভাবেই নির্বাচন করতে চাই। কোনো জোট বা সমঝোতা হয় কি না, তা দেখার জন্য নির্বাচনের তফসিল ঘোষণা বা এর শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এদিকে নির্বাচনী জোট বা সমঝোতা নিয়ে ২ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে, এ রকম দলের সঙ্গে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয়, তাহলে সেটা আমরা বিবেচনায় রাখব।’

আজ বুধবার নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তার দল ৩০০ আসনেই প্রার্থী দেবে এবং তারা এককভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেসব আসন থেকে প্রার্থী হবেন, এনসিপি সেসব আসনে প্রার্থী নাও দিতে পারে।

তিনি বলেন, আমাদের সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে।




বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপিতে যোগ দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তিনি। এসময় মীর স্নিগ্ধের হাতে বিএনপির সদস্য ফরম তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,  আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির  আহবায়ক আমিনুল হক ও স্নিগ্ধের পিতা  মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।




এনসিপিকে ‌‘শাপলা কলি’ দিয়ে ইসির বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ‘শাপলা কলি’, বাংলাদেশ আম জনগণ পার্টি পেয়েছে ‘হ্যান্ডশেক’ আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পেয়েছে ‘কাঁচি’ প্রতীক।

ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব রাজনৈতিক দলের নিবন্ধন বা প্রতীক বরাদ্দ নিয়ে কারো আপত্তি থাকলে ১২ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় দলিলপত্রসহ লিখিতভাবে ইসির সিনিয়র সচিবের কাছে জমা দিতে হবে।